Tag: Malda

Malda

  • Kaliachak Chapter 1: সত্য ঘটনা অবলম্বনে তৈরি সিনেমা ‘কালিয়াচক চ্যাপ্টার ১’, প্রকাশ্যে এল মোশন পোস্টার

    Kaliachak Chapter 1: সত্য ঘটনা অবলম্বনে তৈরি সিনেমা ‘কালিয়াচক চ্যাপ্টার ১’, প্রকাশ্যে এল মোশন পোস্টার

    মাধ্যম নিউজ ডেস্ক: বড় পর্দায় এবার আসছে ‘কালিয়াচক চ্যাপ্টার ১’ (Kaliachak Chapter 1)। ২০২১ সালে ঘটা মামদার কালিয়াচক হত্যাকাণ্ডের বাস্তব ঘটনার উপর নির্ভর করে এই সিনেমা নির্মাণ করা হয়েছে। মূলত এটি ক্রাইম থ্রিলার ঘরানার ছবি। সামাজিক মাধ্যমে প্রকাশিত হল মোশন পোস্টার।

    প্রযোজকের বক্তব্য (Kaliachak Chapter 1)

    সামাজিক মাধ্যমে এই ‘কালিয়াচক চ্যাপ্টার ১’ ছবির (Kaliachak Chapter 1) পোস্টার প্রকাশ হলে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রযোজক অসীম আকতার বলেন, “মানুষ নিজের পরিবারের প্রতি যাতে যত্নশীল হয়, সেই জন্যই কালিয়াচকের নির্মম হত্যাকাণ্ডের মতো বিষয়কে বেছে নিয়েছি। কালিয়াচক নাম শুনলেই সকলের মনে ভয় হয়। অনেকেই মনে করেন এই এলাকায় প্রচুর চোরাকারবার, বেআইনি কাজ হয়। এলাকায় মাফিয়াদের রাজ চলে। গ্যাংস্টারদের বসবাস রয়েছে। তাই কালিয়াচককে একটু অন্যরকম ভাবে উপস্থাপনের চেষ্টা করবো সিনেমায়”।

    কে কে থাকছেন অভিনয়ে

    সিনেমার (Kaliachak Chapter 1) পরিচালক রাতুল মুখোপাধ্যায়। তিনি বলেন, “আশা করি বেশ মনোরঞ্জক অডিও-ভিজ্যুয়াল সফর হবে। তবে আপাতত এটা আমার শেষ থ্রিলার। প্রচুর মাথা খাটাতে হয়। তবে কাজে আনন্দ আছে।“ এই সিনেমাতে টলিপাড়া থেকে যেমন অনেকে রয়েছেন, তেমনি মালদার কিছু স্থানীয় অভিনেতাও রয়েছেন। অভিনয় করছেন রূপাঞ্জন মিত্র, পার্থসারথি, দেবপ্রসাদ হালদার, দেবপ্রতিম মিত্র। এছাড়া জেলার শিল্পীদের বিশেষ ভূমিকায় দেখা যাবে এই সিনেমায়। ছবির সঙ্গীত পরিচালক ভিকি সিংহ এবং গীতিকার তাপস সরকার এবং সায়ন্তন। ১১ অক্টোবর এই সিনেমার টিজার প্রকাশ্যে আসবে বলে জানা গেছে।

    সত্য ঘটনা অবলম্বনে সিনেমা

    গত তিন বছর আগে, মালদার কালিয়াচকে মর্মান্তিক হাড়হিম করা হত্যাকাণ্ডে রাজ্য তোলপাড় হয়ে গিয়েছিল। মাত্র ১৯ বছরের মহম্মদ আসিফ খুন করে পরিবারের চার সদস্যকে। পুলিশ জানিয়েছিল, আসিফ খুব মাথা ঠান্ডা করে খুন করে। হ্যাকিংয়ে খুব দক্ষ ছিল সে। তবে খুনের পরেও কোনও রকম অনুশোচনা ছিল না তার মধ্যে। পরে খুনের কথা স্বীকার করে  আসিফ। এই ঘটনার বাস্তবতা জায়গা করে নিচ্ছে এবার বড় পর্দায় (Kaliachak Chapter 1)। দর্শক মহলে সিনেমাকে ঘিরে তীব্র উত্তেজনা। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Malda: গঙ্গায় উঠল প্রায় ৫০ কেজি ওজনের কাতলা! কত দামে বিক্রি হল জানেন?

    Malda: গঙ্গায় উঠল প্রায় ৫০ কেজি ওজনের কাতলা! কত দামে বিক্রি হল জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: এক-দু’ কেজি নয়, প্রায় ৫০ কেজি। গঙ্গার এই কাতলা মাছ কেনার জন্য সাত সকালে রীতিমতো হুড়োহুড়ি পড়ে গেল মালদার (Malda) নেতাজি পৌর বাজারের মাছ বাজারে। ৮০০-৯০০ টাকা কেজি দাম! কিন্তু তাতে কী! ওই দামেই দেদার বিক্রি হচ্ছে গঙ্গার ওই বিশালাকার কাতলা মাছ। জানা গিয়েছে, মানিকচকের গঙ্গায় ধরা পড়ে মাছটি। আর মাছ বাজারে আসতেই সবার চোখ ছানাবড়া। মাছ তো নয়, যেন গিলে খেতে আসছে। এমন অভিজ্ঞতাই বা কজনের হয়। তাই মাছ বাড়ি নিয়ে যাওয়ার লোভ সামলাতে পারেননি অনেকেই। কেনার হিড়িক পড়ে যায় ক্রেতাদের মধ্যে। মাছ ব্যবসায়ীদের দাবি, এই প্রথম বাজারে প্রায় ৫০ কেজি ওজনের মাছ এসেছে। বিশালাকৃতির ওই কাতলা মাছ দেখতে এবং ছবি তুলতেও ভিড় জমান বহু মানুষ।

    কী বলছেন মাছ বাজারের (Malda) ব্যবসায়ীরা?

    এক ব্যবসায়ী কায়ূম মোল্লা জানালেন, রাজমহল গঙ্গায় এই মাছ ধরা পড়েছে। এই মাছের দাম গোটা ধরলে মোটামুটি ৬৫০ থেকে ৭০০ টাকা কেজি। কেটে ৮০০, ৯০০ এমনকি হাজার টাকা কেজি দরে বিক্রি হবে বলে তাঁরা মনে করছেন। বিরাট চাহিদা আছে দেখেই কাটা হল। খরিদ্দাররা এ বলে আমি নেব, ও বলে আমি নেব। হুড়োহুড়ি লেগে গেছে। তিনি আরও জানান, এই নেতাজি মার্কেটে (Malda) সব ধরনের মাছ পাওয়া যায়। ইলিশের আমদানি কম আছে বলে দামটা একটু বেশি চলছে। তবে কাতলা মাছ এত বড় সাইজের তাঁরা আগে কখনও দেখেননি। আরেক বিক্রেতা ইমরান বললেন, মাছের ওজন দাঁড়াল ৪৮ কেজি। তিনি জানান, এর আগে ৩৫ থেকে ৪০ কেজি ওজনের মাছ এসেছিল। এত বড় মাছ এই প্রথম। তাছাড়া গঙ্গার মাছের বরাবরই বিশাল চাহিদা থাকে। এবারেও তার অন্যথা হয়নি। তার ওপর এতো বড় মাছ।

    কী বললেন ক্রেতারা (Malda)?

    এমন বিরাট মাছ দেখে ক্রেতারা (Malda) যে কতখানি উল্লসিত, তা তাঁদের চোখমুখই বলে দিচ্ছিল। এক ক্রেতা জানান, এমনিতেই গঙ্গার মাছের প্রতি তাঁদের বরাবর আলাদা একটা টান আছে। তার ওপর এতো বড় মাছ দেখে তাঁদের চোখ জুড়িয়ে গেছে। এমন বিরল অভিজ্ঞতা যাতে চিরস্থায়ী হয়, তার জন্য তাঁরা এই ঘটনা মোবাইলে ক্যামেরাবন্দিও করছেন। এই মাছের স্বাদ কেমন হবে, তা ভেবেও অনেকে রোমাঞ্চিত। সব মিলিয়ে গোটা বাজার জুড়ে যেন উৎসবের আমেজ।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ

  • Malda: মালদার ২ মহিলাকে নির্যাতন! রিপোর্ট তলব জাতীয় মানবাধিকার কমিশনের

    Malda: মালদার ২ মহিলাকে নির্যাতন! রিপোর্ট তলব জাতীয় মানবাধিকার কমিশনের

    মাধ্যম নিউজ ডেস্ক: মালদায় দুই মহিলাকে বিবস্ত্র করে মারধরের ঘটনায় এবার রিপোর্ট তলব করল জাতীয় মানবাধিকার কমিশন। ২ সপ্তাহের মধ্যে জেলা পুলিশ সুপারকে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।  জেলার এসপি-র পাশাপাশি রাজ্যের মুখ্যসচিব ও ডিরেক্টর জেনারেল অফ পুলিশকেও বিষয়টি লিখিতভাবে জানিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন।

    জামিনে মুক্ত দুই নির্যাতিতা

    গত ১৮ জুলাই মালদার বামনগোলার পাকুয়াহাটে চোর সন্দেহে দুই মহিলাকে বিবস্ত্র করে জুতোপেটা করার অভিযোগ ওঠে। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টে নালাগোলা ফাঁড়ি ভাঙচুরকাণ্ডে নির্যাতিতাদেরই গ্রেফতার করে পুলিশ। যদিও ঘটনার দিন তারা ফাঁড়ির এলাকায় যাননি, ভাঙচুরেও যুক্ত ছিলেন না বলে দাবি করেন তাঁরা। ৭দিন পর গতকাল জামিনে জেল থেকে ছাড়া পান ২ নির্যাতিতা। ওই ঘটনায় গত ২৩ জুলাই জাতীয় মানবাধিকার কমিশনে অভিযোগ দায়ের করেন উত্তর মালদা সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি তথা মালদা জেলা আদালতের আইনজীবী উজ্জ্বল দত্ত। সেই অভিযোগের ভিত্তিতেই এবার জেলা পুলিশ সুপারের কাছে রিপোর্ট তলব করল জাতীয় মানবাধিকার কমিশন।

    আরও পড়ুন: পিংলায় ছাত্রীকে ধর্ষণ করে খুন! দোষীদের ফাঁসির সাজা ঘোষণা করল আদালত

    আজ, বুধবার সকালে জামিনে মুক্ত দুই নির্যাতিতাকে মুক্তি দেয় জেল কর্তৃপক্ষ। জেল থেকে বেরিয়েই দুই নির্যাতিতার দাবি, ১৮ জুলাই ভরা হাটে চুরির মিথ্যা অপবাদে তাঁদের মারধর করা হয়। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে দুই নির্যাতিতার পরিবার। তাঁদের দাবি, ঘটনার দিন হাটে লেবু বিক্রি করতে গিয়েছিলেন তাঁরা। অভিযোগ, সেই সময় চোর সন্দেহে তাঁদের মারধর ও জুতোপেটা করা হয়। ভিডিয়োতে অনেকে মিলে ওই দুই মহিলাকে মারধর করতে দেখা যায়। সেই মারধরের সময়ই ওই দুই মহিলার শরীর থেকে পোশাক খুলে যায়। কিন্তু তাতেও বন্ধ হয়নি শারীরিক হেনস্থা। পরে ওই দুই মহিলাকে মারধরে অভিযোগে ৫ জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের নাম মনোরঞ্জন মন্ডল, বিজয় মন্ডল, মিনতি টুডু, বাসন্তী মার্ডি এবং রেবতী বর্মন। আদালতে পেশ করা হলে তাদের পুলিশ হেফাজতে পাঠান বিচারক।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Siliguri: সালিশি সভায় আদিবাসী মহিলাকে বিবস্ত্র করে মার, গ্রেফতার ৪, এলাকায় শোরগোল

    Siliguri: সালিশি সভায় আদিবাসী মহিলাকে বিবস্ত্র করে মার, গ্রেফতার ৪, এলাকায় শোরগোল

    মাধ্যম নিউজ ডেস্ক: হাওড়া, মালদার ছায়া এবার শিলিগুড়িতে। সালিশি সভায় পঞ্চায়েত সদস্যের উপস্থিতিতে এক আদিবাসী মহিলাকে বিবস্ত্র করে নিগ্রহের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি (Siliguri) মহকুমার বাগডোগরা থানার ভুজিয়াপানি গ্রাম পঞ্চায়েত এলাকায়। এই ঘটনায় পুলিশ চারজনকে গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম প্রদীপ সরকার, গৌরী সরকার, শিবা বাল্মিকী, ললিতা বাল্মিকী। মঙ্গলবার শিলিগুড়ি আদালতে তাদের তোলা হয়। পাশাপাশি গোটা ঘটনা নিয়ে রিপোর্ট তৈরি করতে আদিবাসী কল্যাণ সমিতির রাজ্য নেতৃত্ব এদিন ঘটনাস্থলে গিয়ে নির্যাতিতার সঙ্গে কথা বলে।

     ঠিক কী হয়েছিল?

    ভুজিয়াপানির বাসিন্দা প্রদীপ সরকারের সঙ্গে এলাকার এক মহিলার পরকীয়া সম্পর্ক ছিল। এনিয়ে গত ১৯ জুলাই এলাকায় সালিশি সভা বসে। সেখানে প্রদীপ সরকারের স্ত্রী ও অপর এক মহিলার সঙ্গে হাতাহাতি হয়। তাদের ছাড়াতে গেলে হাতাহাতিতে জড়িয়ে পড়েন ওই নির্যাযিতা মহিলাও। ঘটনার পরের দিন আবার ওই ঘটনা নিয়ে সালিশি সভা ডাকা হয়। উপস্থিত ছিলেন কংগ্রেসের স্থানীয় পঞ্চায়েত সদস্য বুলবুলি সিংহ। শিলিগুড়ির (Siliguri) এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

     কী বললেন নির্যাতিতা মহিলা?

    নির্যাতিতা আদিবাসী মহিলা বলেন, সালিশি সভার প্রথম দিন প্রদীপ সরকারের সঙ্গে যে মহিলার পরকীয়া চলছিল, তার সঙ্গে গৌরিদেবীর হাতাহাতি শুরু হয়। গৌরিদেবী প্রদীপ সরকারের স্ত্রী।  আমি হাতাহাতি থামাতে গেলে আমাকে মারধর করা হয়। তারপর সবাই মিটমাট করে দিলে বাড়ি চলে আসি। পরের দিন আবার সালিশি সভা ডাকা হয়। আমি যাইনি। আমাকে ডেকে নিয়ে যাওয়া হয়। পৌঁছতেই অভিযুক্ত মহিলা আমার উপর ঝাঁপিয়ে পড়ে মারধর শুরু করে। পঞ্চায়েত সদস্যের সামনে এই ঘটনা ঘটে। তারপর আরও কয়েকজন আমাকে মারধর করে। সকলের সামনেই আমাকে বিবস্ত্র করেই হামলা চলে। আমি মাটিতে পড়ে যেতেই সকলে চলে যায়। কয়েকজন এসে আমাকে গামছা চাপা দিয়ে লজ্জা নিবারণ করে। খবর পেয়ে আমার ছেলে বাড়ি থেকে নাইটি নিয়ে যায়। সেই নাইটি পরে বাড়িতে ফিরে আসি। বাড়িতে ফেরার পর রবিবার রাতে আমার নড়ার ক্ষমতা ছিল না। সেই সঙ্গে লজ্জায় বাড়ির বাইরে বের হইনি। বাড়িতে শুয়েই ছিলাম। সোমবার স্থানীয় কয়েকজনের পরামর্শে আমি পুলিশে অভিযোগ দায়ের করি। 

    কী বললেন পঞ্চায়েত সদস্য?

    কংগ্রেসের পঞ্চায়েত সদস্য বুলবুলি সিংহ সালিশি সভা ও আদিবাসী  মহিলাকে নিগ্রহের ঘটনা স্বীকার করেছেন। তবে তিনি বলেন, ওই মহিলাকে মারধর করা হলেও বিবস্ত্র করা হয়নি।

    নিন্দায় সরব আদিবাসি কল্যাণ সমিতি

    এই খবর পেয়ে এদিন ওই নির্যাতিতা মহিলার সঙ্গে দেখা করে গোটা ঘটনা শোনে আদিবাসি কল্যাণ সমিতির নেতৃত্ব। সমিতির অন্যতম সদস্য মন্টু বরাইক বলেন,  আদিবাসী কল্যাণ সমিতির  রাজ্য নেতৃত্ব এই ঘটনার রিপোর্ট চেয়ে পাঠিয়েছে। হাওড়া, মালদার পর শিলিগুড়িতে এধরনের ঘটনা ঘটায় আমরা উদ্বিগ্ন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Malda: মালদায় বিজেপি প্রার্থীর স্বামীকে বেধড়ক মার, অভিযুক্ত তৃণমূল

    Malda: মালদায় বিজেপি প্রার্থীর স্বামীকে বেধড়ক মার, অভিযুক্ত তৃণমূল

    মাধ্যম নিউজ ডেস্ক: আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে আবারও উত্তপ্ত মালদার মানিকচক। মনোনয়নপত্র প্রত্যাহার না করায় গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রার্থীর স্বামীকে প্রাণে মেরে ফেলার চেষ্টার অভিযোগ। অভিযোগ উঠেছে একই গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রার্থীর স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদার (Malda) মানিকচক ব্লকের এনায়েতপুর গ্রাম পঞ্চায়েতের মোহনা-১ নম্বর কলোনি এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

    ঠিক কী ঘটনা ঘটেছে?

    জানা যায় মানিকচক ব্লকের এনায়েতপুর গ্রাম পঞ্চায়েতের ১৩৮ নম্বর বুথের বিজেপি প্রার্থী হয়েছেন সামিনা খাতুন। বিজেপি প্রার্থীর স্বামী রেজাউল হকের অভিযোগ, মনোনয়নপত্র জমা করার পর থেকেই তাঁকে প্রাণে মারার হুমকি দেওয়া হত। শুক্রবার রাতে আমাকে ফোন করে একই বুথের তৃণমূল প্রার্থী সালমা সুলতানের স্বামী তথা তৃণমূল নেতা এমডি আনোয়ার আলি ডেকে পাঠায়। এরপর এমডি আনোয়ার আলি সহ ছয়-সাতজন মিলে আমাকে বেধড়ক মারধর করে। আমাকে প্রাণে মারার চেষ্টা করা হয়। কিন্তু কোনওমতে সেখান থেকে পালিয়ে প্রাণ রক্ষা হয় আমার। রাতেই বিজেপি প্রার্থীর স্বামীকে উদ্ধার করে মানিকচক গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার সকালে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে মালদা (Malda) মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

    কী বললেন তৃণমূল নেতৃত্ব?

    এই বিষয়ে মালদা (Malda) জেলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি শুভময় বসু বলেন, পঞ্চায়েতে সব আসনে বিজেপি প্রার্থী দিতে পারেনি। জেলায় বিজেপির কোনও সংগঠন নেই। তাই, এই সমস্ত মিথ্যা অভিযোগ তুলে মানিকচকে বাজার গরম করতে চাইছে বিজেপি। আসলে বিরোধীদের পায়ের তলার মাটি সরে গিয়েছে। তাই তারা ভয় পাচ্ছে। মালদা জেলায় সব থেকে শান্তিপূর্ণভাবে মনোনয়ন পর্ব মিটেছে। তাই এই সমস্ত অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। এই ধরনের কোনও হামলার ঘটনা ঘটেনি। নিজেরা হেরে যাওয়ার ভয়ে এই ধরনের মিথ্যা নাটক করছেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Malda: মালদায় তৃণমূল কর্মীকে পিটিয়ে খুন, প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ

    Malda: মালদায় তৃণমূল কর্মীকে পিটিয়ে খুন, প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ

    মাধ্যম নিউজ ডেস্ক: মুর্শিদাবাদের নবগ্রামের পর এবার মালদা (Malda)। তৃণমূল কর্মীকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল কংগ্রেসের বিরুদ্ধে। শুক্রবার ঘটনাটি ঘটেছে মালদার সুজাপুর এলাকায়। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম মোস্তফা শেখ। তিনি সুজাপুরের প্রাক্তন প্রধানের স্বামী। কংগ্রেস নেতৃত্ব হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেছে। দলীয় নেতা খুনের প্রতিবাদে শনিবার দুপুরে ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। এই ঘটনায় মূল অভিযুক্ত আব্দুল মান্নানকে গ্রেফতার করেছে পুলিশ।

    ঠিক কী ঘটনা ঘটেছে?

    গতকাল সন্ধ্যের নামাজের পর মোস্তফাসাহেব বাড়ি ফেরার সময় তৃণমূলের দলীয় কার্যালয়ের সামনে তাকে পিটিয়ে খুন করা হয় বলে অভিযোগ। মৃতের পরিবারের অভিযোগ, শুক্রবার সন্ধ্যেবেলা তিনি যখন বাড়ি ফিরছিলেন সেই সময় সদ্য তৃণমূল ত্যাগী কর্মী সমর্থকেরা তাঁকে আক্রমণ করে এবং পিটিয়ে খুন করে। ওই ঘটনার পরপরই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। জানা গিয়েছে, টিকিট না পেয়ে তৃণমূল কর্মীরা কংগ্রেসে যোগ দিয়েছেন। তাঁরা নিজেদের তৃণমূল কার্যালয়টিকে কংগ্রেসের কার্যালয় হিসেবে ব্যবহার করার উদ্যোগ নেয়। মোস্তাফাসাহেব তাতে বাধা দেন বলে অভিযোগ। এরপরই তাঁর উপর হামলা হয়।

    কী বললেন মন্ত্রী?

    শনিবার ঘটনাস্থলে যান মন্ত্রী সাবিনা ইয়াসমিন। তৃণমূল কর্মীর মৃত্যুর প্রতিবাদে শনিবার ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন এলাকার তৃণমূল কর্মী সমর্থকেরা। সাবিনা ইয়াসমিন অভিযোগ করেন, তৃণমূলের টিকিট না পেয়ে কয়েকদিন আগেই ওই এলাকার বেশ কিছু বিক্ষুব্ধ কর্মী সমর্থক কংগ্রেসে যোগদান করেন। প্রতিহিংসাবশত তারাই তৃণমূলের ওই কর্মীকে পিটিয়ে খুন করেছে। পঞ্চায়েত ভোটের আগে কংগ্রেস সন্ত্রাস সৃষ্টি করতে চাইছে। ঘটনায় যুক্ত দুষ্কৃতীদের কঠোর শাস্তি দাবি করেন তিনি। এদিকে ওই ঘটনার পর পরই এলাকায় মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। পঞ্চায়েত ভোটের আগে এমন ঘটনায় মালদার (Malda) রাজনৈতিক আবহাওয়া অনেকটাই উত্তপ্ত হল, তা বলাবাহুল্য।

    কী বললেন কংগ্রেস নেতৃত্ব?

    যদিও অভিযোগ অস্বীকার করেছে কংগ্রেস। কংগ্রেস নেতা মুত্তাকিন আলম বলেন, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফলে এই ঘটনা ঘটেছে। জেলায় কংগ্রেস এতটা শক্তিশালী নয় যে শাসকদলের বিরুদ্ধে এমন ঘটনা ঘটাবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • TMC: পঞ্চায়েতের টিকিট ১ লক্ষ টাকায়, তৃণমূল ছেড়ে বিজেপিতে প্রধান-উপপ্রধান

    TMC: পঞ্চায়েতের টিকিট ১ লক্ষ টাকায়, তৃণমূল ছেড়ে বিজেপিতে প্রধান-উপপ্রধান

    মাধ্যম নিউজ ডেস্ক: এতদিন চাকরি দেওয়ার ক্ষেত্রে টাকা নেওয়ার অভিযোগ উঠছিল তৃণমূল (TMC) নেতাদের বিরুদ্ধে। এবার প়ঞ্চায়েতে প্রার্থী বাছাইয়ে টাকার খেলা চলছে। এক লক্ষ টাকা দিলেই গ্রাম পঞ্চায়েতের প্রার্থী তালিকায় নাম উঠছে। এমনই অভিযোগ মালদার মালতীপুর বিধানসভার গৌরহণ্ড গ্রাম পঞ্চায়েতে। আর এই অভিযোগ তুলে তৃণমূলের প্রধান ডলি মণ্ডল ও উপপ্রধান পঞ্চানন দাস বিজেপিতে যোগদান করলেন। তাঁদের সঙ্গে প্রায় ৫০০ জন কর্মী, সমর্থক নাম লেখালেন গেরুয়া শিবিরে।

    কী বললেন দলত্যাগী নেতানেত্রীরা?

    গৌরহণ্ড পঞ্চায়েতের প্রধান ডলি মণ্ডল বলেন, গত ৫ বছরে আমি কতটা কাজ করেছি, তার উপর ভিত্তি করে আমায় প্রার্থী করা উচিত ছিল। কিন্তু, প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে তৃণমূল (TMC) নেতারা লক্ষ লক্ষ টাকা চাইছে। অত টাকা দিয়ে প্রার্থী হওয়ার ইচ্ছা নেই। উন্নয়নমূলক কাজ করতেও এই দল টাকা দাবি করে।  উপ প্রধান পঞ্চানন দাস বলেন, একসময় আমি বিজেপি করতাম। পরে, তৃণমূলে যোগ দিয়েছিলাম। কিন্তু, দলটা করতে পারছিলাম না। ভাল মানুষ কখনও তৃণমূল দল করতে পারবে না। যারা দুর্নীতিগ্রস্ত, তোলাবাজ তারা এই পার্টির সম্পদ।

    কী বললেন তৃণমূল (TMC) নেতৃত্ব?

    তৃণমূলের চাঁচল-২ নম্বর ব্লক কমিটির সাধারণ সম্পাদক আব্দুল হাই বলেন,তৃণমূলে স্বচ্ছভাবমূর্তির মানুষদের টিকিট দেওয়া হচ্ছে। টিকিট পাবে না বলেই দল ছেড়েছেন তাঁরা। বিজেপি টিকিটের প্রলোভন দেখিয়ে যোগদান করিয়ে ভোটের বাজার গরম করাচ্ছে। তাঁদের দলত্যাগে তৃণমূলে কোনও প্রভাব পড়বে না।

    ফের তৃণমূলে (TMC) ভাঙন?

    পঞ্চায়েত ভোটের আগে তৃণমূল কংগ্রেসে বড়সড় ভাঙন মানিকচকে। মালদা জেলা পরিষদের তৃণমূল (TMC) সদস্য, তৃণমূল পরিচালিত মানিকচক পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, তৃণমূলের প্রাক্তন প্রধান, বর্তমান পঞ্চায়েত সদস্য সহ প্রায় ৪০০ জন তৃণমূল ছেড়ে কংগ্রেসের যোগদান করেন। সোমবার বিকেল পাঁচটা নাগাদ কংগ্রেসের দলীয় কার্যালয়ে  মালদা জেলা কংগ্রেসের নেতা মোত্তাকিন আলমের নেতৃত্বে এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। যোগদান করেন মালদা জেলা পরিষদের সদস্যা সাবিনা ইয়াসমিন, মানিকচক পঞ্চায়েত সমিতির তৃণমূল কর্মাধ্যক্ষ আশারুজ্জামানের‌ মতো নেতারা।

     কী বললেন দলত্যাগী নেতা?

    দলত্যাগী নেতা মোয়াজ্জেম হোসেন বলেন, আমাকে দল তাড়িয়ে দেয়নি বা লিখিতভাবে সাসপেন্ডও করেনি। তবে আমি ষড়যন্ত্রের শিকার। নাম না উল্লেখ করলেও তিনি যে বিধায়ক সাবিত্রী মিত্রের রোষের মুখে পড়েছেন তা তিনি বুঝিয়ে দিয়েছেন।

    কী বললেন তৃণমূল (TMC) নেতৃত্ব?

    মানিকচক ব্লক তৃণমূলের (TMC) সভাপতি মহাফিজুর রহমান বলেন, যারা আজ তৃণমূল ছেড়ে কংগ্রেসের যোগ দিয়েছেন, তাঁরা আসলে লোভী। তাঁরা বুঝতে পেরেছেন, তৃণমূলে টিকিট পাওয়া যাবে না। তাই টিকিট পাওয়ার লোভে তাঁরা কংগ্রেসের যোগ দিয়েছেন।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Malda: তৃণমূল নেতার রহস্যজনক মৃত্যু, চার তৃণমূল নেতার নামে পুলিশে অভিযোগ

    Malda: তৃণমূল নেতার রহস্যজনক মৃত্যু, চার তৃণমূল নেতার নামে পুলিশে অভিযোগ

    মাধ্যম নিউজ ডেস্ক: হবিবপুর (Malda) ব্লকের তৃণমূলের অঞ্চল চেয়ারম্যানের রহস্যজনক মৃত্যুতে চার তৃণমূল নেতার নামে পুলিশে অভিযোগ দায়ের করেছে পরিবার। অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করার দাবি জানায় পরিবার। মৃতের পরিবারের জন্য ক্ষতিপূরণের দাবিতে মৃতদেহ নিয়ে এলাকায় গ্রামবাসীদের বিক্ষোভের ঘটনাও ঘটে। মৃত্যুর ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা মালদার  ঋষিপুর কালীতলা এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় মোতায়েন বিশাল পুলিশ বাহিনী।

    মালদায় (Malda) কী হয়েছিল?

    ১১ দিনের লড়াই শেষ। কলকাতার একটি হাসপাতালে মৃত্যু হল মালদার হবিবপুর ব্লকের ঋষিপুর অঞ্চলের তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান শিবানন্দ শর্মার। আজ বৃহস্পতিবার নিথর মৃতদেহ গ্রামে ফিরতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে। প্রথমিক ভাবে বলা হয়, পথ দুর্ঘটনায় আহত হয়েছিলেন শিবানন্দ। কিন্তু পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল যে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে পরিকল্পনা করে তাঁকে খুন করার চেষ্টা করা হয়েছিল। এই ঘটনার পর আহত ওই তৃণমূল নেতাকে উদ্ধার করে প্রথমে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে এবং তারপরে কলকাতার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল এবং এরপর কলকাতায় তাঁর মৃত্যু হয় বলে জানা গিয়েছে।

    পরিবারের বিক্ষোভ

    জানা যায়, বুধবার ময়না তদন্তের পর বৃহস্পতিবার তৃণমূল নেতার দেহ গ্রামে (Malda) ফিরতেই পরিবারের লোকজন এবং গ্রামবাসী বাড়িতে মৃতদেহ রেখে এলাকায় বিক্ষোভ করতে থাকে। এরপর বিক্ষোভের ঘটনাস্থলে পৌঁছায় হবিবপুর থানার পুলিশ। খবর পেয়ে পৌছায় তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি রহিম বক্সি। জেলা সভাপতিকে পেয়ে, তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে এলাবাসী। জেলা সভাপতি সেই পরিবারের পাশে  থাকার বার্তা দেন এবং সঠিক ভাবে তদন্ত করা হবে বলে আশ্বাস দিলে, তবেই মৃতদেহ বাড়ি থেকে বের করা হয় বলে জানা যায়।

    পরিবারের বক্তব্য

    পরিবারের মধ্যে শিবানন্দের স্ত্রী বলেন, আমার স্বামীকে বাড়ি (Malda) থেকে ডেকে নিয়ে গিয়ে তৃণমূলের লোকেরাই খুন করেছে। আমি এই হত্যার বিচার চাই। আরও বলেন, প্রশাসনকে সঠিক ভাবে তদন্ত করে দোষীদের শাস্তি দিতে হবে। স্বামীর অবর্তমানে আমার এই ছোট ছোট ছেলে মেয়েকে নিয়ে সংসার চালাবো কী কিরে? এই প্রশ্নও রাখেন প্রশাসনের সামনে। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Malda: তৃণমূলের চেয়ারম্যানকে দলের মিটিংয়ে ডেকে খুনের চেষ্টার অভিযোগ

    Malda: তৃণমূলের চেয়ারম্যানকে দলের মিটিংয়ে ডেকে খুনের চেষ্টার অভিযোগ

    মাধ্যম নিউজ ডেস্ক: মালদায় (Malda) তৃণমূলের চেয়ারম্যানকে দলের মিটিংয়ে ডেকে এনে খুনের চেষ্টার অভিযোগ উঠল। অভিযোগ তৃণমূলেরই সম্পাদক, অঞ্চল সভাপতি, পঞ্চায়েত সদস্য সহ অন্যান্য নেতাদের বিরুদ্ধে। তৃণমূলের এই গোষ্ঠী কোন্দলে উত্তেজনা মালদার হবিবপুরের ঋষিপুরে।

    মালদায় (Malda) কেন খুনের চেষ্টা?

    ঋষিপুর অঞ্চলের দলের চেয়ারম্যান (Malda) শিবানন্দ শর্মাকে দলের মিটিং-এর জন্য কানতুর্কা গ্রামে ডাকা হয়। সেখানে রাতেই যান তৃণমূলের চেয়ারম্যান শিবানন্দ। কানতুর্কার মিটিং-এ শিবানন্দ এবং অঞ্চল সভাপতির মধ্যে বাদানুবাদ হয় বলেই শোনা যায়। এরপর মিটিং থেকে ফেরার সময় তিনি নাকি বাইক দুর্ঘটনার শিকার হন। এই ঘটনার পরই ঘটনাস্থলে শিবানন্দের ভাই ছুটে যান। গুরুতর আহত অবস্থায় তাঁকে মালদা মেডিক্যালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় ঋষিপুর অঞ্চলের সম্পাদক, সভাপতি, পঞ্চায়েত সদস্য সহ চার তৃণমূল নেতার বিরুদ্ধে ষড়যন্ত্র করে খুনের চেষ্টার অভিযোগ করেছে শিবানন্দর পরিবার। হবিবপুর থানায় অভিযোগ দায়ের হয়। তদন্ত শুরু করেছে পুলিশ। উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই চেয়ারম্যান ও অঞ্চল সভাপতির সঙ্গে দলীয় বিবাদ চলছিল।

    শিবানন্দের ভাইয়ের আশঙ্কা খুনের প্রচেষ্টা হয়েছে

    শিবানন্দের ভাই রমানন্দ শর্মা বলেন, দাদা মিটিং (Malda) থেকে আসার সময় বাইক দুর্ঘটনার কথা বলা হলেও যে বাইকে করে আসছিলেন, সেই বাইকের কোনও ক্ষতি হয়নি। তপন মজুমদার, দিলীপ সিংহ, নিমাই বর্মন, সৌগত সরকারের মতো তৃণমূল নেতারাও সঙ্গে ছিল। কিন্তু কারও ক্ষতি হয়নি। কেবলমাত্র যে পিছনে বসেছিল, সেই দিলীপ সিংহের হাতে সামান্য লেগেছে। আশপাশে কারও কিছু না হওয়ার ফলে আমার মনে হয়, দাদার কি দুর্ঘটনা ঘটেছে, না খুনের চেষ্টা? দাদা রাজনীতি করতে গিয়ে কিছু হয়ে গেলে তাঁর ছোট ছোট ছেলেমেয়েদের কী হবে? আমি চাই দাদা সুস্থ হয়ে বাড়িতে ফিরুক।

    পরিবারের মাসির বক্তব্য গোষ্ঠী কোন্দল

    শিবানন্দের মাসি পুতুল চক্রবর্তী বলেন, ঘটনার দিন শিবাকে বাড়ি (Malda) থেকে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল। শিবানন্দ নিজে তৃণমূল দল করে। এই রাজ্যে মা মাটির সরকারের আমলে রাজনীতি করতে গিয়ে কি প্রাণ বিসর্জন দিতে হবে? তিনি আরও বলেন, কেউ কেউ বলছেন পড়ে গেছে, আবার কেউ বলছেন দুর্ঘটনা হয়েছে। বুঝতেই পারছি না! আর তাই আমার সন্দেহ হচ্ছে! তিনি আরও বলেন, মনে হয় ওকে নেশা করিয়ে পিছন থেকে কিছু একটা দিয়ে আঘাত করা হয়েছে। তৃণমূল দলের লোকেরাই এই কাজ করিয়েছে। এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বেরই ফল বলে মনে করছেন পুতুল চক্রবর্তী। থানায় এই নিয়ে অভিযোগ দায়ের করা হয়েছে বলে তিনি জানান।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Malda: আর্থিক সঙ্কটকে দূরে ঠেলে নিজের প্রতিভায় মাধ্যমিকে উজ্জ্বল টোটো চালকের মেয়ে

    Malda: আর্থিক সঙ্কটকে দূরে ঠেলে নিজের প্রতিভায় মাধ্যমিকে উজ্জ্বল টোটো চালকের মেয়ে

    মাধ্যম নিউজ ডেস্ক: একজন টোটো চালকের মেয়ে এবছর মাধ্যমিকের ফলাফলে সবাইকে চমকে দিয়েছে। মালদা (Malda) জেলার রতুয়ার ওই টোটো চালকের মেয়ে, উত্তর মালদা সহ নিজের ব্লকেও মাধ্যমিকে নজরকাড়া ফল করে তাক লাগিয়ে দিয়েছে। পরিবার, স্কুলের শিক্ষক এবং এলাকার মানুষ স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত।

    স্বপ্ন উচ্চ শিক্ষা নিয়ে সমাজের জন্য বিশেষ কিছু করা

    মালদার (Malda) রতুয়ার ১ নং ব্লকের কাহালা অঞ্চলের লক্ষ্মীপুর প্রত্যন্ত গ্রামের এই কৃতী ছাত্রীর নাম তাপসী মণ্ডল, বাবা কৃষ্ণ মণ্ডল। মাধ্যমিকে তাপসীর প্রাপ্ত নম্বর হল ৬৭১। সে যে স্কুলে পড়াশুনা করত, সেই স্কুলের নাম নরোত্তমপুর কাহালা বি বি হাই স্কুল। তাপসীর এই ফলাফলেই পরিষ্কার, শহরের তুলনায় গ্রাম্য অঞ্চলের ছেলেমেয়েরাও মেধা তালিকায় পিছিয়ে নেই। মাধ্যমিক পরীক্ষায় শহরের থেকে দূরে গ্রামের দুঃস্থ ও মেধাবীদের জীবন সংগ্রামের প্রধান অস্ত্র পড়াশুনা। আর তাকেই হাতিয়ার করে সমাজের বুকে বিশেষ জায়গা করে নেওয়ার নানান দৃষ্টান্ত এবছর মাধ্যমিকের ফলাফলে লক্ষ করা যাচ্ছে। সেরকমই একটি প্রতিভার পরিচয় মিলল মালদা জেলার মধ্যেও। পরিবারের অর্থনৈতিক সঙ্কটকে কখনও প্রতিবন্ধকতা মনে না করে, কেবলমাত্র পড়াশুনাকে নিজের প্রতিভা হিসাবে তুলে ধরতে সক্ষম হয়েছে তাপসী। এবার তার স্বপ্ন উচ্চ শিক্ষা নিয়ে সমাজের জন্য বিশেষ কিছু করা।

    কৃ্তী ছাত্রীর এখন কীভাবে স্বপ্ন পূরণ হবে?

    স্থানীয় সূত্রে জানা গেছে, তাপসী মণ্ডল খুব ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী ছাত্রী। তাঁর পরিবার ভীষণ হতদরিদ্র এবং দুঃস্থ। এলাকার মানুষ বলেছেন, শহরের ভালো স্কুলগুলো বাছাই করে ভালো ছাত্রদের নিয়ে থাকে। কিন্তু প্রত্যন্ত গ্রাম্য এলাকার (Malda) স্কুলের দিকে সবার নজর একটু কম থাকে। তবুও এই স্কুলে তাপসী নিজের যোগ্যতায় ভালো ফল করেছে। এলাকার মানুষ ওকে অভিনন্দন জানিয়েছেন। স্থানীয় এক ব্যক্তি বলেন, বাবা খুব পরিশ্রম করে সংসার চালান। এই অবস্থায় বাড়িতে তাপসীর পড়াশুনার জন্য খুব কষ্ট করে অর্থের ব্যবস্থা করতে হত। বাবা নিজে টোটো চালিয়ে যা রোজগার করেন, তাতে পরিবারের পেট চলে না বললেই চলে। নুন আনতে পান্তা ফুরায়, এমন অবস্থায় অনেক কষ্ট করে মেয়েকে পড়াশোনা করিয়েছেন কৃষ্ণবাবু। আর সেই মতো মেয়েও রতুয়া ১ নং ব্লক সহ গোটা উত্তর মালদায় খুব ভালো ফল করেছে। আর তাতেই খুশি গোটা এলাকা। তাপসী মণ্ডলের ইচ্ছা, আগামীতে বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা করে ডাক্তার হওয়ার। কিন্তু পরিবারের আর্থিক অবস্থা ঠিক না থাকায় ভালো ফল করেও আগামী দিনের পড়াশোনা নিয়ে চিন্তিত। এই কৃ্তী ছাত্রীর এখন কীভাবে স্বপ্ন পূরণ হবে, সেটা নিয়েই চিন্তায় পরিবার।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share