Tag: Medical Education

  • IIT Kharagpur: চিকিৎসাশিক্ষায় নয়া দিগন্ত, স্নাতকোত্তর চিকিৎসা পাঠক্রম চালু করছে খড়্গপুর আইআইটি

    IIT Kharagpur: চিকিৎসাশিক্ষায় নয়া দিগন্ত, স্নাতকোত্তর চিকিৎসা পাঠক্রম চালু করছে খড়্গপুর আইআইটি

    মাধ্যম নিউজ ডেস্ক: চিকিৎসাশিক্ষার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ করতে চলেছে খড়্গপুর আইআইটি। ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে স্নাতকোত্তর চিকিৎসা পাঠক্রম চালু করতে চলেছে এই প্রতিষ্ঠান(IIT Kharagpur)। ছ’টি বিষয়ে চিকিৎসাবিজ্ঞানে স্নাতকোত্তর (এমডি) পাঠক্রমের জন্য মোট ১২টি আসন বরাদ্দ করা হয়েছে। জাতীয় চিকিৎসা কমিশনের স্বীকৃত এই পাঠক্রম চালু হলে খড়্গপুর আইআইটি দেশের প্রথম প্রযুক্তিবিদ্যা প্রতিষ্ঠান হিসেবে স্নাতকোত্তর স্তরে চিকিৎসাশিক্ষা দানের নজির গড়বে (Postgraduate Medical Courses)।

    ভর্তির সুযোগ (IIT Kharagpur)

    প্রতিষ্ঠানের তরফে জানানো হয়েছে, খড়্গপুর আইআইটির ডঃ বি সি রায় বহুবিশেষজ্ঞ চিকিৎসা ও গবেষণা কেন্দ্রে এই পাঠক্রমগুলি পড়ানো হবে। ছ’টি বিষয়ে দু’টি করে আসন থাকবে। বিষয়গুলি হল জেনারেল মেডিসিন, রেডিয়োলজি, ফিজিয়োলজি, প্যাথলজি, কমিউনিটি মেডিসিন এবং বায়োকেমিস্ট্রি। ভর্তির জন্য ২০২৬ সালের স্নাতকোত্তর চিকিৎসা প্রবেশিকা পরীক্ষার (নীট-পিজি) কাউন্সেলিং প্রক্রিয়ার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। দ্বিতীয় পর্যায়ের কাউন্সেলিং থেকেই এই ছ’টি বিষয়ে ভর্তির সুযোগ পাবেন যোগ্য পড়ুয়ারা।

    প্রচলিত মেডিক্যাল কলেজগুলির গণ্ডি ছাড়িয়ে প্রযুক্তিবিদ্যা প্রতিষ্ঠানের মাধ্যমে চিকিৎসাশিক্ষার পরিসর আরও বিস্তৃত করার ক্ষেত্রে এই উদ্যোগকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। শুধু চিকিৎসাবিদ্যার পাঠদান নয়, গবেষণা ও প্রযুক্তির সঙ্গে চিকিৎসাশিক্ষার মেলবন্ধন ঘটানোও এই কর্মসূচির অন্যতম লক্ষ্য। কৃত্রিম বুদ্ধিমত্তা, ইঞ্জিনিয়ারিং এবং জৈবচিকিৎসা বিজ্ঞানের মতো ক্ষেত্রগুলিতে চিকিৎসাবিজ্ঞানের পড়ুয়াদের গবেষণার সুযোগ তৈরি হবে।

    চিকিৎসার ছবির বিশ্লেষণ, কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে রোগ নির্ণয়, গণনাভিত্তিক প্যাথলজি, আণবিক রোগ নির্ণয় এবং জৈবচিকিৎসা সংক্রান্ত যন্ত্রপাতি উদ্ভাবনের মতো বিষয়গুলিকে আন্তর্বিভাগীয় গবেষণার সম্ভাবনাময় ক্ষেত্র হিসেবে চিহ্নিত করেছে প্রতিষ্ঠানটি। পাশাপাশি অণুপ্রবাহী প্রযুক্তি, জৈবপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং গণনাবিজ্ঞানের মতো বিষয়ে প্রতিষ্ঠানের গবেষণাগার ও বিশেষজ্ঞদের সহযোগিতাও পাবেন পড়ুয়ারা।

    খড়্গপুর আইআইটির অধিকর্তা সুমন চক্রবর্তী জানিয়েছেন, চিকিৎসার ব্যবহারিক প্রশিক্ষণের সঙ্গে প্রযুক্তিগত গবেষণার সমন্বয় ঘটানোই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। তাঁর কথায়, “আমরা চাই, আমাদের চিকিৎসাশিক্ষায় উত্তীর্ণ পড়ুয়ারা শুধু দক্ষ চিকিৎসক হিসেবেই নিজেদের প্রতিষ্ঠিত করবেন না, বরং উদ্ভাবক হিসেবেও আত্মপ্রকাশ করবেন। মানবজাতির সামনে থাকা গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসংক্রান্ত সমস্যাগুলির সমাধানে তাঁদের ভূমিকা থাকবে। ২০২৬-২৭ শিক্ষাবর্ষের প্রথম ব্যাচ এই নতুন যাত্রার পথিকৃৎ হয়ে থাকবে। চিকিৎসাবিজ্ঞানের ভবিষ্যৎ ক্রমশ তাঁদের হাতেই গড়ে উঠবে, যাঁরা গভীর চিকিৎসাগত জ্ঞানের সঙ্গে বৈজ্ঞানিক আবিষ্কার ও প্রযুক্তিগত উদ্ভাবনের মেলবন্ধন ঘটাতে (IIT Kharagpur) পারবেন।”

    চিকিৎসা ও স্বাস্থ্যবিজ্ঞান সংক্রান্ত পাঠক্রম

    উল্লেখ্য, খড়্গপুর আইআইটি গত দুই দশকেরও বেশি সময় ধরে চিকিৎসা ও স্বাস্থ্যবিজ্ঞান সংক্রান্ত পাঠক্রম চালিয়ে আসছে। ২০০১ সালে প্রতিষ্ঠিত চিকিৎসাবিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয়ের মাধ্যমে এমবিবিএস উত্তীর্ণদের জন্য তিন বছরের চিকিৎসাবিজ্ঞান ও প্রযুক্তিতে স্নাতকোত্তর পাঠক্রম চালু রয়েছে। এ ছাড়াও চিকিৎসার ছবির বিশ্লেষণ, জৈবচিকিৎসা প্রকৌশল এবং নিউক্লিয়ার মেডিসিন সংক্রান্ত বিভিন্ন পাঠক্রম রয়েছে প্রতিষ্ঠানটিতে।

    চিকিৎসা প্রযুক্তি ও জৈবচিকিৎসা গবেষণার ক্ষেত্রে দেশের অন্যান্য আইআইটিও ইতিমধ্যে নিজেদের পরিসর বাড়িয়েছে। যেমন, গুয়াহাটি আইআইটিতে জৈবচিকিৎসা বিজ্ঞান ও প্রকৌশল বিষয়ে চার বছরের স্নাতক পাঠক্রম রয়েছে। যোধপুর আইআইটিতে চালু রয়েছে চিকিৎসা প্রযুক্তি বিষয়ে স্নাতকোত্তর পাঠক্রম। কানপুর আইআইটিও চিকিৎসা শিক্ষার জন্য পৃথক প্রতিষ্ঠান গড়ে তুলেছে। সেখানে ভবিষ্যতে ডিএম এবং এমসিএইচ-এর মতো উচ্চতর বিশেষজ্ঞ চিকিৎসা পাঠক্রম চালুর পরিকল্পনা রয়েছে।

    তবে জাতীয় চিকিৎসা কমিশনের স্বীকৃত ক্লিনিক্যাল স্নাতকোত্তর চিকিৎসাশিক্ষা চালুর ক্ষেত্রে খড়্গপুর আইআইটির এই পদক্ষেপ বিশেষ তাৎপর্যপূর্ণ। ১৯৫১ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি ছিল দেশের প্রথম আইআইটি। চলতি বছরের মার্চ মাসে অধিকর্তা সুমন চক্রবর্তী জানিয়েছিলেন, প্রাথমিকভাবে স্নাতকোত্তর চিকিৎসাশিক্ষায় ২০টি আসনের অনুমোদন চাওয়া হয়েছিল। শেষ পর্যন্ত ছ’টি বিষয়ে ১২টি আসনে পাঠক্রম চালুর অনুমতি মিলেছে (Postgraduate Medical Courses)।

    ২০২৬ সালের নীট-পিজি কাউন্সেলিংয়ের দ্বিতীয় পর্যায়ে প্রার্থীরা এই ছ’টি বিষয়ে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। আসন বিন্যাস, যোগ্যতার শর্ত এবং কাউন্সেলিংয়ের সময়সূচি মিলবে চিকিৎসা কাউন্সেলিং কমিটির সরকারি (IIT Kharagpur) ওয়েবসাইটে।

     

LinkedIn
Share