Tag: mumbai terror attack

mumbai terror attack

  • 26/11 Anniversary: ২৬/১১ মুম্বই হামলার ১৮ বছর! ৬০ ঘণ্টার সেই রক্তক্ষয়ী অভিযানের পর কতটা বদলেছে ভারতের নিরাপত্তা ব্যবস্থা?

    26/11 Anniversary: ২৬/১১ মুম্বই হামলার ১৮ বছর! ৬০ ঘণ্টার সেই রক্তক্ষয়ী অভিযানের পর কতটা বদলেছে ভারতের নিরাপত্তা ব্যবস্থা?

    মাধ্যম নিউজ ডেস্ক: ২০০৮ সালের ২৬ নভেম্বর। রাতের মুম্বই আচমকাই পরিণত হয়েছিল মৃত্যুপুরীতে। সমুদ্রপথে পাকিস্তান থেকে ভারতে ঢুকে ১০ জন সশস্ত্র লস্কর-ই-তইবা জঙ্গি একযোগে হামলা চালিয়েছিল দেশের বাণিজ্যিক রাজধানীতে। টানা প্রায় ৬০ ঘণ্টার সেই ভয়াবহ সন্ত্রাসবাদী হামলায় প্রাণ হারিয়েছিলেন ১৬৬ জন। আহত হয়েছিলেন ৩০০-রও বেশি মানুষ। দেখতে দেখতে কেটে গিয়েছে ১৮ বছর। কিন্তু তাজ হোটেলের আগুন, ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাসে (CSMT) নির্বিচারে গুলি চালানো কিংবা নারিম্যান হাউসের রুদ্ধশ্বাস পরিস্থিতির স্মৃতি আজও মুছে যায়নি।

    ২৬/১১-র ১৮তম বর্ষপূর্তিতে ফের ফিরে আসছে সেই ভয়াবহ স্মৃতি। একই সঙ্গে সামনে আসছে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন—সেই হামলার পর ভারতের নিরাপত্তা ও গোয়েন্দা ব্যবস্থায় যে পরিবর্তন এসেছিল, তা কি ভবিষ্যতের এমন বিপদ মোকাবিলায় যথেষ্ট?

    ৬০ ঘণ্টার রক্তক্ষয়ী অভিযান, কেঁপে উঠেছিল মুম্বই

    ২০০৮ সালের ২৬ নভেম্বর রাতে শুরু হওয়া হামলা শেষ হয়েছিল ২৯ নভেম্বর সকালে। মুম্বইয়ের একাধিক গুরুত্বপূর্ণ স্থানে পরিকল্পিতভাবে আঘাত হেনেছিল জঙ্গিরা। হামলার লক্ষ্য ছিল ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস, তাজ মহল প্যালেস হোটেল, ট্রাইডেন্ট হোটেল, নারিম্যান হাউস, লিওপোল্ড ক্যাফে এবং কামা অ্যান্ড অ্যালব্লেস হাসপাতাল।

    জঙ্গিরা শুধু নির্বিচারে গুলিই চালায়নি, বিভিন্ন ভবনে অবস্থান নিয়ে পণবন্দি করেছিল সাধারণ মানুষকে। উঁচু ভবনের অবস্থান ও স্থাপত্যকে কাজে লাগিয়ে নিরাপত্তারক্ষীদের সঙ্গে দীর্ঘক্ষণ সংঘর্ষ চালিয়ে যায় তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কার্যত নজিরবিহীন চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছিল নিরাপত্তা বাহিনীকে।

    শেষ পর্যন্ত মুম্বই পুলিশ, সশস্ত্র পুলিশ বাহিনী, ভারতীয় নৌবাহিনীর মেরিন কমান্ডো এবং ন্যাশনাল সিকিউরিটি গার্ডের (NSG) যৌথ অভিযানে অবসান ঘটে প্রায় ৬০ ঘণ্টার সেই অবরোধের।

    ২৬/১১-র আগেও একাধিকবার রক্তাক্ত হয়েছে মুম্বই

    সন্ত্রাসবাদী হামলার অভিজ্ঞতা মুম্বইয়ের কাছে নতুন ছিল না। ১৯৯৩ সালের ১২ মার্চ শহরের ১২টি জায়গায় ধারাবাহিক বিস্ফোরণে মৃত্যু হয়েছিল ২৫৭ জনের। আহত হয়েছিলেন কয়েক হাজার মানুষ।

    এরপর ২০০৬ সালের ১১ জুলাই শহরের লোকাল ট্রেনে ধারাবাহিক বিস্ফোরণে প্রাণ হারান ১৮৮ জন। ২০১১ সালের ১৩ জুলাই দাদর, জাভেরি বাজার এবং অপেরা হাউসে তিনটি বিস্ফোরণে মৃত্যু হয় আরও ২৭ জনের।

    তবে ২৬/১১-র হামলা ছিল অন্য মাত্রার। সমুদ্রপথে অনুপ্রবেশ, একাধিক জায়গায় একই সময়ে হামলা, জিম্মি পরিস্থিতি তৈরি এবং দীর্ঘক্ষণ নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ—সব মিলিয়ে ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তার একাধিক দুর্বলতা সামনে এনে দিয়েছিল এই ঘটনা।

    নিরাপত্তা ব্যবস্থায় বড়সড় পরিবর্তন, তবুও অধরা ষড়যন্ত্রকারীরা

    ২৬/১১-র অন্যতম বড় শিক্ষা ছিল উপকূলীয় নিরাপত্তার দুর্বলতা। সমুদ্রপথে কীভাবে জঙ্গিরা এত সহজে মুম্বইয়ে প্রবেশ করল, গোয়েন্দা তথ্য থাকা সত্ত্বেও কেন হামলা প্রতিরোধ করা গেল না এবং বিভিন্ন নিরাপত্তা সংস্থার মধ্যে সমন্বয়ের অভাব কেন তৈরি হল—এই প্রশ্নগুলি সামনে আসে।

    এর পরেই দেশের উপকূলীয় নজরদারি, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং সন্ত্রাসবাদ মোকাবিলায় বিভিন্ন সংস্থার পারস্পরিক সমন্বয় জোরদার করার উদ্যোগ নেওয়া হয়। জাতীয় নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে দ্রুত প্রতিক্রিয়া জানানোর সক্ষমতা বাড়ানোর বিষয়টিও বিশেষ গুরুত্ব পায়।

    একমাত্র কাসভ জীবিত ধরা পড়েছিল

    তবে হামলার সঙ্গে যুক্ত প্রত্যেক ষড়যন্ত্রকারীকে এখনও বিচারের আওতায় আনা সম্ভব হয়নি। ১০ জন হামলাকারীর মধ্যে একমাত্র জীবিত অবস্থায় ধরা পড়েছিল মহম্মদ আজমল কাসভ। বিচারপ্রক্রিয়া শেষে ২০১২ সালের নভেম্বরে তার ফাঁসি হয়।

    অন্যদিকে, হামলার আগে মুম্বইয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় রেইকি চালানো অন্যতম মূল ষড়যন্ত্রকারী ডেভিড কোলম্যান হেডলি পরে আমেরিকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভারতীয় আদালতে সাক্ষ্য দেয়।

    তাহাউর হুসেন রানাকে প্রত্যর্পণ

    ২৬/১১ ষড়যন্ত্রে অভিযুক্ত তাহাউর হুসেন রানাকে ২০২৫ সালে আমেরিকা থেকে ভারতে প্রত্যর্পণ করা হয়। কিন্তু হামলার নেপথ্যে থাকা একাধিক মূল চক্রী এবং পাকিস্তানে বসে জঙ্গিদের পরিচালনা করা হ্যান্ডলাররা এখনও ভারতের নাগালের বাইরে বলে অভিযোগ।

    মামলায় জমা দেওয়া চার্জশিটেও উল্লেখ করা হয়েছিল, বিপুল প্রশিক্ষণ, প্রস্তুতি এবং বিস্তারিত পরিকল্পনার পরেই এই হামলা চালানো হয়েছিল। অর্থাৎ, এটি কোনও বিচ্ছিন্ন জঙ্গি হামলা ছিল না, বরং দীর্ঘ প্রস্তুতিতে তৈরি একটি সুসংগঠিত সন্ত্রাসবাদী অভিযান।

    শহিদদের স্মরণে শ্রদ্ধা, স্মৃতিতে অমলিন তুকারাম ওম্বলে

    প্রতি বছর ২৬ নভেম্বর মুম্বইয়ে শহিদদের স্মরণে একাধিক কর্মসূচির আয়োজন করা হয়। মুম্বই পুলিশ সদর দফতরে নিহত পুলিশকর্মী ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। একইভাবে CSMT, কামা হাসপাতাল-সহ হামলায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন জায়গাতেও চলে স্মরণ অনুষ্ঠান।

    বিশেষভাবে স্মরণ করা হয় সহকারী পুলিশ সাব-ইনস্পেক্টর তুকারাম ওম্বলেকে। দক্ষিণ মুম্বইয়ের গিরগাঁও চৌপাট্টিতে লাঠি হাতে জঙ্গিদের মোকাবিলা করতে গিয়ে প্রাণ দিয়েছিলেন তিনি। জীবনের ঝুঁকি নিয়ে আজমল কাসভকে জীবিত ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন এই পুলিশকর্মী। তাঁর স্মৃতিতে তৈরি ‘প্রেরণা স্থল’-এ প্রতি বছর শ্রদ্ধা জানাতে ভিড় করেন সাধারণ মানুষ।

    ১৮ বছর পরেও প্রাসঙ্গিক ২৬/১১-র শিক্ষা

    ২৬/১১ শুধু ১৬৬টি প্রাণের অকালমৃত্যুর ঘটনা নয়, ভারতের নিরাপত্তা ইতিহাসেরও এক গুরুত্বপূর্ণ মোড়। এই হামলা বুঝিয়ে দিয়েছিল, সন্ত্রাসবাদ মোকাবিলায় শুধু অস্ত্র বা বাহিনীর শক্তি যথেষ্ট নয়। প্রয়োজন নির্ভুল গোয়েন্দা তথ্য, উপকূলীয় নজরদারি, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং বিভিন্ন নিরাপত্তা সংস্থার মধ্যে নিরবচ্ছিন্ন সমন্বয়।

    ১৮ বছর পরেও মুম্বইয়ের সেই ক্ষত পুরোপুরি শুকোয়নি। বরং বিশ্বজুড়ে সন্ত্রাসবাদের পরিবর্তিত কৌশল এবং নতুন নিরাপত্তা চ্যালেঞ্জের প্রেক্ষাপটে ২৬/১১-র শিক্ষা আরও বেশি প্রাসঙ্গিক। শহিদদের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি তাই এই দিনটি ভারতের নিরাপত্তা প্রস্তুতি ও সতর্কতা পর্যালোচনারও এক গুরুত্বপূর্ণ উপলক্ষ।

  • Lashkar-e-Taiba Attack: ২৬/১১-র ধাঁচে সামুদ্রিক পথে জঙ্গি হামলার হুমকি লস্করের! পশ্চিম উপকূলে বাড়ল নজরদারি

    Lashkar-e-Taiba Attack: ২৬/১১-র ধাঁচে সামুদ্রিক পথে জঙ্গি হামলার হুমকি লস্করের! পশ্চিম উপকূলে বাড়ল নজরদারি

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতে আবারও জঙ্গি হামলা চালানো হবে! যে ঘটনা মনে করাবে ২৬/১১-এর ভয়ঙ্কর স্মৃতি। পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবা-র (Lashkar-e-Taiba) ডেপুটি চিফ সইফুল্লাহ কাসুরির একটি বিতর্কিত ভিডিও বার্তা ঘিরে নতুন করে উদ্বেগ ছড়িয়েছে নিরাপত্তা মহলে। গোয়েন্দা সূত্রে খবর, ভিডিওতে তিনি ভারতের বিরুদ্ধে ২৬/১১-র ধাঁচে (Lashkar-e-Taiba Attack) সামুদ্রিক পথে বড়সড় জঙ্গি হামলার হুমকি দিয়েছে। ২০০৮ সালের সেই হামলায় জঙ্গিরা আরব সাগর পেরিয়ে মুম্বইয়ে ঢুকে একাধিক স্থানে নৃশংস আক্রমণ চালিয়েছিল। ফলে এবারও সমুদ্রপথ ব্যবহার করে অনুপ্রবেশের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা।

    ভারতের বিরুদ্ধে “জল সন্ত্রাস”

    ভিডিও বার্তায় কাসুরি দাবি করেছে, ২০২৫ সালে পাকিস্তান “আকাশে আধিপত্য” দেখিয়েছে এবং ২০২৬ সালে তারা “সমুদ্রে আধিপত্য” প্রতিষ্ঠা করবে। তার কথায়, স্থল, জল ও আকাশ— কোনও ক্ষেত্রেই ভারতের জন্য নিরাপদ স্থান থাকবে না। কাসুরি ভারতের সন্ত্রাসবিরোধী পদক্ষেপের বিরুদ্ধে হুঁশিয়ারি দেয় এবং সাম্প্রতিক ভারতীয় সামরিক অভিযানের সমালোচনা করে। গোয়েন্দা সূত্রের খবর, চলতি বছরের ২২ এপ্রিল পাহেলগাঁওে সংঘটিত জঙ্গি হামলার নেপথ্য কারিগর হিসেবেও কাসুরির নাম উঠে এসেছে। ওই ঘটনার পর ভারত ‘অপারেশন সিঁদুর’ নামে পাল্টা সামরিক অভিযান চালায়, যেখানে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে হামলা করা হয়। ভিডিওতে কাসুরি মুরিদকে ও বহাওয়ালপুরে ভারতের জঙ্গি ঘাঁটি উড়িয়ে দেওয়ার ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করে কাসুরি। এই দুই স্থানকে দীর্ঘদিন ধরেই লস্কর-ই-তৈবার কার্যকলাপের কেন্দ্র বলে মনে করা হয়। তিনি ভারতের বিরুদ্ধে “জল সন্ত্রাস”-এর অভিযোগ তোলে এবং কাশ্মীরে চাপ বাড়ালে অন্যত্র অশান্তি ছড়ানোর হুমকিও দেয় লস্করের সেকেন্ড-ইন-কমান্ড। এমনকী,  ভারতীয় ধর্মীয় স্থানগুলিও সম্ভাব্য লক্ষ্য হতে পারে বলে ইঙ্গিত দেন— যা নিয়ে নিরাপত্তা মহলে গভীর উদ্বেগ তৈরি হয়েছে।

    পশ্চিম উপকূলে কড়া নজরদারি

    প্রসঙ্গত, ২০০৮ সালের নভেম্বর মাসে পাক সন্ত্রাসবাদীদের হামলায় রক্তাক্ত হয়েছিল বাণিজ্যনগরী। মুম্বইয়ের তাজ হোটেলের পাশাপাশি ছত্রপতি শিবাজি টার্মিনাস, ওবেরয় ট্রাইডেন্টের মতো আটটি জায়গায় হামলা চালায় আজমল কসাব ও তার দলবল। ২০২ সালের ২১ নভেম্বর কসাবের ফাঁসি হয়। এই হামলার অন্যতম চক্রী ডেভিড কোলম্যান হেডলি আমেরিকায় ৩৫ বছরের কারাদণ্ড ভোগ করছে। এই হামলায় নিহত হন ১৬৪ জন মানুষ। আহত হন তিনশো’রও বেশি। জানা গিয়েছিল, করাচি থেকে সমুদ্র পার করে মুম্বই এসে হামলা চালায় ১০ পাক জঙ্গি। হামলার পিছনে লস্কর-ই-তৈবার (Lashkar-e-Taiba Attack) যোগ ছিল। ভারত বরাবরই অভিযোগ করে এসেছে যে পাকিস্তানের কিছু গোয়েন্দা সংস্থা জঙ্গি সংগঠনগুলিকে মদত দেয়। যদিও পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করে। কাসুরির বক্তব্যে পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে সমন্বয়ের ইঙ্গিত পাওয়া গিয়েছে। সম্ভাব্য সামুদ্রিক হুমকির প্রেক্ষিতে ভারতের পশ্চিম উপকূলে নজরদারি বাড়ানো হয়েছে। উপকূলরক্ষী বাহিনী ও বিভিন্ন গোয়েন্দা সংস্থা অতীতের অনুপ্রবেশ রুটগুলিতে বিশেষ সতর্কতা জারি করেছে। যদিও গোয়েন্দাদের মতে, এই হুমকির কিছু অংশ প্রচারমূলকও হতে পারে, তবু কোনও ঝুঁকি নিতে রাজি নয় প্রশাসন।

LinkedIn
Share