Tag: Nadia

Nadia

  • Nadia: নিজের ডায়াবেটিস ধরা পড়ার সুবর্ণজয়ন্তীতে ভুরিভোজের আয়োজন করলেন নদিয়ার বৃদ্ধ!

    Nadia: নিজের ডায়াবেটিস ধরা পড়ার সুবর্ণজয়ন্তীতে ভুরিভোজের আয়োজন করলেন নদিয়ার বৃদ্ধ!

    মাধ্যম নিউজ ডেস্ক: মধুমেহ হল মধুময়। নিজের ডায়াবেটিস ধরা পড়ার সুবর্ণ জয়ন্তীতে এলাহি আয়োজন করলেন নদিয়ার (Nadia) পলাশীপাড়া থানার পলশন্ডা গ্রামের ৭৪ বছরের নিতাই প্রামাণিক। পেশায় তিনি গৃহশিক্ষক। বিয়ে করেননি। পরিবারের অন্যান্যদের সঙ্গে তিনি থাকেন। প্রায় ৫০ বছর ধরে মধুমেহ রোগ বয়ে নিয়ে বেড়াচ্ছেন তিনি। আর এই রোগের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যেই তিনি মহাভোজের আয়োজন করেছেন। আর গৃহশিক্ষকের এই উদ্যোগ দেখে হতবাক সকলে।

    মেনুতে কী কী ছিল? (Nadia)

    পরিবার সূত্রে জানা গিয়েছে, বছর যখন ২৪ তখনই সুগার (Nadia) ধরা পড়ে তাঁর। তারপর থেকেই ক্রমাগত ইনসুলিন এবং ওষুধের ওপর থাকতে হয় তাঁকে। মনে চাইলেও ভালো-মন্দ খেতে পারেন না। আর তাই তাঁর ইচ্ছা ছিল, নিজে যখন খেতে পারেন না, অন্যান্যদের বছরের প্রথমেই বাড়িতে পাত পেড়ে খাওয়াবেন। তাঁর আমন্ত্রণে অসংখ্য ডায়াবেটিস রোগীসহ অনান্যরা সাড়া দেন। হাজির হন তাঁর বাড়িতে। শুধু এলাকার লোকই নয়, দূরদূরান্ত থেকে অসংখ্য লোক এসেছিলেন। তাঁরা বলেন, রোগের ৫০ বছর উপলক্ষে এই ধরনের ভোজনের আয়োজন আগে কেউ করেছে বলে জানা নেই। এটা রেকর্ড হয়ে থাকবে। এই ধরনের ঘটনার আমরা সাক্ষী হতে পেরে খুবই খুশি। জানা গিয়েছে, নিতাইবাবুর মেনুতে ছিল ডিমের ডেভিল, মটরশুঁটির কচুরি, ছোলার ডাল, ফ্রায়েড রাইস, পনির, চিংড়ি দিয়ে ফুলকপির তরকারি, চাটনি, দই, রসগোল্লা, কমলাভোগ।

    আরও পড়ুন: শীতের সকালে তিব্বতে জোরালো ভূমিকম্প! তীব্রতা ৭.১, কেঁপে উঠল কাঠমান্ডু থেকে কলকাতা

    কী বার্তা দিলেন নিতাইবাবু?

    এমন এক কঠিন ব্যাধি নিয়েও যে অর্ধশতবর্ষ অতিক্রম করা যায় তার জ্বলন্ত প্রমাণ নিতাইবাবু (Nadia) নিজে। আর সেই ইচ্ছেতেই তিনি এমন আয়োজন করেছেন। শুধু সুস্থ মানুষরাই নয় অসংখ্য ডায়াবেটিস রোগীরাও কব্জি ডুবিয়ে খেলেন। নিতাইবাবু বলেন, “আসলে ৫০ বছর ধরে আমি সুগারের রোগী। এই রোগকে ভয় পাওয়ার কিছু নেই। নিয়মিত ব্যায়াম আর খাওয়া-দাওয়া নিয়ন্ত্রণ করলে এই রোগ কিছুই করতে পারবে না। এই বার্তা দিতেই আমি এই আয়োজন করেছিলাম। নতুন বছরের শুরুতে সকলে মিলে একসঙ্গে খেতে পেরেও আমার ভালো লাগছে। আমি সারাদিনে ১২০ গ্রাম চালের ভাত খাই। আর তিন ঘণ্টার বেশি পেট খালি রাখি না। নিয়ম মেনে চললে সুগার নিয়ে দীর্ঘদিন বেঁচে থাকা সম্ভব। আমি নিজেই তার জ্বলন্ত প্রমাণ।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Passport: খামে তেহট্টের ঠিকানায় একসঙ্গে ৫৫টি পাসপোর্ট! পোস্ট অফিসের জল গড়াল থানায়

    Passport: খামে তেহট্টের ঠিকানায় একসঙ্গে ৫৫টি পাসপোর্ট! পোস্ট অফিসের জল গড়াল থানায়

    মাধ্যম নিউজ ডেস্ক: জাল পাসপোর্ট (Passport) নিয়ে রাজ্যজুড়ে তোলপাড় চলছে। সীমান্ত এলাকায় পোস্ট অফিসের মাধ্যমে জাল পাসপোর্ট চক্রের হদিশ মিলেছে। ইতিমধ্যেই সমরেশ বিশ্বাস সহ কয়েকজনকে পুলিশ গ্রেফতার করেছে। এই আবহে এবার টিটাগড় পোস্ট অফিসের বাক্সে মিলল খাম খোলা অবস্থায় ৫৫টি পাসপোর্ট। পোস্ট অফিসের কর্মীদের নজরে আসতেই চক্ষু চড়কগাছ হওয়ার জোগাড়।

     ঠিক কী ঘটনা ঘটেছে?(Passport)

    জানা গিয়েছে, টিটাগড় (Titagar) পোস্ট অফিসের বাইরে থাকা বাক্সে কে বা কারা ওই পাসপোর্টগুলি (Passport) একটি খামের মধ্যে রেখে চলে গিয়েছে। পোস্ট অফিসের কর্মীরা সেই খাম নিয়ে এসে দেখেন খামের মুখটি ঠিক মতো করে সিল করা নেই। এরপর সিল করতে গিয়ে একটি পাসপোর্ট বেরিয়ে আসে। খাম খুলতেই বাকি ৫৪টি পাসপোর্ট বেরিয়ে আসে। খবর দেওয়া হয় পুলিশে। পাসপোর্টগুলি জাল না আসল তা তদন্ত সাপেক্ষ। তবে, সব পাসপোর্ট প্রাপকের ঠিকানা নদিয়ার তেহট্ট এলাকা। সেখানকার বিভিন্ন গ্রামের ঠিকানা দেওয়া রয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে, পাসপোর্টগুলি সবই পুরানো। ফলে, একসঙ্গে এত পাসপোর্ট কেন পাঠানো হচ্ছিল, এর পিছনে কী উদ্দেশ্য রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। বিশেষ করে তেহট্ট এলাকায় যাদের নামে পাসপোর্টগুলি রয়েছে, তাদের ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে। কারণ, যেভাবে জাল পাসপোর্ট চক্র রাজ্যজুড়ে সক্রিয় হয়ে উঠেছে, সেই চক্রের সঙ্গে টিটাগড়ের ঘটনার কোনও যোগ রয়েছে কি না তা পুলিশ খতিয়ে দেখার চেষ্টা করছে। তবে, এই ঘটনার বিষয়ে পোস্ট অফিসের কর্মীরা কেউ মুখ খুলতে চাননি। তাঁরা শুধু জানিয়েছেন, সমস্ত কিছু পুলিশ প্রশাসনের পাশাপাশি ওপর মহলে জানানো হয়েছে। 

    আরও পড়ুন: ‘‘ভাষা নিয়ে আরও সংযত হোন’’, মানচিত্র বিতর্কে বাংলাদেশকে সতর্ক করল দিল্লি

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • ONGC: রাজ্যের অসহযোগিতা, থমকে রানাঘাটের ওএনজিসি-র খনন প্রকল্প, মমতাকে তোপ বিজেপির

    ONGC: রাজ্যের অসহযোগিতা, থমকে রানাঘাটের ওএনজিসি-র খনন প্রকল্প, মমতাকে তোপ বিজেপির

    মাধ্যম নিউজ ডেস্ক: নদিয়ার (Nadia) রানাঘাটে মাটির নীচে রয়েছে জ্বালানির ভান্ডার। কয়েক বছর আগে ওএনজিসির (ONGC) অনুসন্ধানে মিলেছিল খনিজ তেলের এই সন্ধান। কিন্তু এখনও কেন কাজ শুরু হল না প্রশ্ন বিজেপি সাংসদের? রাজ্য সরকারের অসহযোগিতার কারণে পিছিয়ে যাচ্ছে কাজ, এমনই দাবি সাংসদের। পাল্টা দাবি তৃণমূল বিধায়কেরও। রানাঘাটে বিপুল পরিমাণ খনিজ তেলের সন্ধান নিয়ে এখন রাজনৈতিক তরজা তুঙ্গে।

    স্থানীয় বাসিন্দারা কী বললেন? (ONGC)

    গোটা রাজ্যের বিভিন্ন জায়গায় অনুসন্ধান চালিয়ে রানাঘাটে খনিজ তেল ও গ্যাসের ভান্ডারের (ONGC) সন্ধান পায় ওএনজিসি। মূলত রানাঘাট এবং ধানতলা থানার অন্তর্গত চাপরা এলাকার একাধিক জমিতে ডেনামাইট ফাটিয়ে পরীক্ষা করতে থাকে প্রাকৃতিক গ্যাস কর্পোরেশন সংস্থার তরফে। যে যেসব জমিতে তারা এই পরীক্ষা চালায় সেই জমির এক মালিক সাধন বিশ্বাস বলেন, আমরা শুনেছি এই এলাকা থেকে অনুসন্ধান চালানোর পর এখানে খনিজ তেলের সন্ধান মিলেছে। আমরাও চাই যদি কেন্দ্রীয় সরকারের তরফে খনিজ তেল সংগ্রহের কাজ দ্রুত শুরু করুক। এলাকার স্থানীয় বাসিন্দা পিন্টু রায় এবং নীরাঞ্জন মল্লিকরা বলেন, যদি ভারত সরকারের তরফে দ্রুত এই খনিজ তেল সংগ্রহের কাজ শুরু হয়, তাহলে আমরাও অর্থনৈতিকভাবে উপকৃত হব এবং কর্মসংস্থান বাড়বে।

    আরও পড়ুন: মাওবাদী নির্মূল কবে? সময়সীমা বেঁধে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

    কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী কী বললেন?

    সংসদে রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের প্রশ্নের জবাবে এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী। তিনি জানিয়েছেন, এখনও পর্যন্ত অনুসন্ধানের (ONGC) কাজ যতটা এগিয়েছে, তার ওপর ভিত্তি করে উন্নয়ন পরিকল্পনা প্রস্তুত করে ফেলেছে কেন্দ্র। পরিবেশগত এবং অন্যান্য ছাড়পত্র সংগ্রহের কাজ চলছে। আর সেই ক্ষেত্রেই রাজ্য সরকারের অসহযোগিতার কারণে অনেকটাই পিছিয়ে পড়ছে এই খনিজ তেল ও গ্যাস উৎপাদনের কাজ।

    বিজেপি সাংসদ কী বললেন?

    অন্যদিকে, রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারও পেট্রোলিয়াম মন্ত্রীর প্রতিক্রিয়া সমর্থন করে বলেন, ‘‘আমরা যত দ্রুত সম্ভব এই কাজ (ONGC) শুরু করার চেষ্টা করছি। ইতিমধ্যেই সংসদে গোটা বিষয়টি পেট্রোলিয়াম মন্ত্রীকে জানিয়েছি। তিনি বলছেন কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। এ বিষয়ে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যথেষ্ট তৎপরতা মিলেছে। তবে রাজ্য সরকারের তরফে কোনও সহযোগিতা পাওয়া যাচ্ছে না। আসলে রাজ্যের এই সরকার চায় না দেশের উন্নয়ন হোক। মমতা বন্দ্যোপাধ্যায় চান না গোটা ভারতবর্ষ অর্থনৈতিক দিক থেকে শক্তিশালী হয়ে উঠুক। মুখ্যমন্ত্রীর কাছে আমার অনুরোধ, রাজনীতিকে দূরে সরিয়ে রাজ্যের স্বার্থে এবং জেলার কর্মসংস্থানের স্বার্থে সাহায্যের হাত বাড়িয়ে দিন।’’ তবে বিজেপির তোলা অভিযোগ অস্বীকার করে তৃণমূল। এ বিষয়ে তৃণমূল বিধায়ক ব্রজ কিশোর গোস্বামীর দাবি, সাংসদ এবং বিজেপি যে অসহযোগিতার দাবি করছেন তা পুরোটাই ভিত্তিহীন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Nadia: “জোর করে জমির ফসল কেটে নিয়ে যাচ্ছে বাংলাদেশিরা”! আতঙ্কে নদিয়ার সীমান্ত এলাকার চাষিরা

    Nadia: “জোর করে জমির ফসল কেটে নিয়ে যাচ্ছে বাংলাদেশিরা”! আতঙ্কে নদিয়ার সীমান্ত এলাকার চাষিরা

    মাধ্যম নিউজ ডেস্ক: চিন্ময় প্রভুর গ্রেফতারের পর ফের উত্তাল বাংলাদেশ। চলছে সংখ্যালঘু হিন্দুদের ওপর লাগামছাড়া অত্যাচার। এই আবহের মধ্যে এবার নদিয়া (Nadia) সীমান্ত এলাকায় বাংলাদেশিদের অত্যাচার শুরু হয়েছে। কেটে নিয়ে যাচ্ছে জমির ফসল। জিরো পয়েন্টে চাষ করতে গিয়ে প্রাণের ঝুঁকির সম্মুখীন হতে হচ্ছে ভারতের চাষিদের।

    জিরো পয়েন্টে চাষ করে আতঙ্কে চাষিরা (Nadia)

    নদিয়ার (Nadia) গেদে সীমান্তে বিএসএফ জওয়ানদের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। তবে, সমস্যায় রয়েছেন ভারতীয় চাষিরা। শেখ হাসিনার পতন এবং মহম্মদ ইউনূসের তদারকি সরকার দায়িত্বগ্রহণ করার পর থেকে অশান্ত হয়ে উঠেছে গোটা বাংলাদেশ। অভিযোগ উঠেছে অরাজনৈতিকভাবে বাংলাদেশ প্রশাসন সেখানকার সংখ্যালঘুদের ওপর অত্যাচার চালাচ্ছে। গ্রেফতার করার পাশাপাশি বাড়িঘর এবং মন্দির ভাঙচুর করা হচ্ছে। এরপরই দেখা গিয়েছে, বাংলাদেশিরা ভারতের পতাকা মাটিতে ফেলে তার ওপর দিয়ে হেঁটে যাচ্ছে। পাশাপাশি ভারত সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন কটূক্তি করছে বাংলাদেশিরা। যার কারণে বর্তমানে ভারত এবং বাংলাদেশের মধ্যে তিক্ততা অনেকটাই বেড়েছে।

    অন্যদিকে, বাংলাদেশে এই পরিস্থিতির কারণে বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় জওয়ানদের বাড়তি নজরদারির নির্দেশিকা জারি করা হয়েছে। ভারত-বাংলাদেশ সীমান্তগুলির মধ্যে একটি গুরুত্বপূর্ণ সীমান্ত হল নদিয়ার গেদে। মূলত এই সীমান্তবর্তী এলাকার জিরো পয়েন্ট এলাকায় দীর্ঘদিন ধরে চাষ করে আসছেন বাংলার কৃষকরা। বিএসএফ জওয়ানরা কাঁটাতার এলাকায় পাহারা দিলেও তাঁরা জিরো পয়েন্টের দিকে যেতে চান না। অথচ সেই জিরো পয়েন্টেই জমি রয়েছে ভারতবাসীদের। সেখানেই দীর্ঘদিন ধরে তাঁরা চাষ আবাদ করেন। সেই কারণেই বাংলাদেশের এই পরিস্থিতির মধ্যে অনেকটা সমস্যায় পড়েছেন। আতঙ্কে রয়েছেন তাঁরা।

    আরও পড়ুন: চালিয়ে খেলছে শীত! কলকাতায় ১৩ ডিগ্রির ঘরে পারদ, বঙ্গে তাপমাত্রা নামল ১০-এর নিচে

     জোর করে জমির ফসল কেটে নিয়ে যাচ্ছে বাংলাদেশিরা!

    নদিয়ার (Nadia) গেদে সীমান্তবর্তী এলাকার কৃষক ভজন বিশ্বাস। তিনি বলেন, “জিরো পয়েন্টে আমার জমি রয়েছে। বাংলাদেশের এই ঘটনার পর আমাদের জমির ফসল ওরা (Bangladeshis )জোর করে কেটে নিয়ে চলে যাচ্ছে। বাধা দিলে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানোর ভয় দেখাচ্ছে। চরম আতঙ্কে রয়েছি।” সুকান্ত বিশ্বাস নামে অন্য চাষি বলেন, “বিএসএফরা জিরো পয়েন্টে যেতে চায় না। ফলে, আমরা ঝুঁকি নিয়ে সেখানে চাষ করি। বাংলাদেশিরা এসে এখন যা খুশি তাই করছে।  তাই বিএসএফের কাছে অনুরোধ যাতে তারা বাড়তি নিরাপত্তা দিয়ে কৃষকদের বিষয়টি নজর দেয়। ”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Bangladesh: অশান্ত বাংলাদেশ! গেদে সীমান্তে রেল লাইনে বাঁশের ব্যারিকেড বিএসএফের

    Bangladesh: অশান্ত বাংলাদেশ! গেদে সীমান্তে রেল লাইনে বাঁশের ব্যারিকেড বিএসএফের

    মাধ্যম নিউজ ডেস্ক: বন্ধ রয়েছে ভারত এবং বাংলাদেশের রেলপথে যাতায়াতের একমাত্র ভরসা মৈত্রী এক্সপ্রেস। বাংলাদেশের (Bangladesh) বর্তমান পরিস্থিতিতে আবার কবে চালু হবে মৈত্রী এক্সপ্রেস, তা স্পষ্ট নয়। চরম সমস্যায় দুই দেশের নাগরিকরা। রেল পথে বাংলাদেশ থেকে ভারতে এবং ভারত থেকে বাংলাদেশ যাওয়ার জন্য দুই দেশের তত্ত্বাবধানে চালু হয়েছিল মৈত্রী এক্সপ্রেস। মূলত কলকাতা থেকে রওনা দিত এই ট্রেন। নদিয়ার গেদে সীমান্ত হয়ে পৌঁছত বাংলাদেশে।

    রেল লাইনে বাঁশের ব্যারিকেড, কড়া নজরদারি বিএসএফের (Bangladesh)

    দিন কয়েক আগে বাংলাদেশে (Bangladesh) হিন্দু সন্ন্যাসী চিন্ময় প্রভুকে গ্রেফতার করা হয়। এরপরেই উত্তাল হয়ে ওঠে গোটা বাংলাদেশ। সংখ্যালঘু হিন্দুদের ওপর অরাজনৈতিকভাবে নির্মম অত্যাচার করা হয়। মন্দির এবং বাড়িঘর ভাঙচুর করা হয়। পাশাপাশি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখা যায় ভারতের জাতীয় পতাকা অবমাননা করার ছবি। যার আঁচ এসে পৌঁছায় ভারতে। বাংলাদেশের ঘটনা নিয়ে রীতিমতো নিন্দার ঝড় ওঠে ভারতে। বিভিন্ন রাজনৈতিক দল এবং বিভিন্ন সংগঠনকে রাস্তায় নেমে প্রতিবাদ করতেও দেখা যায়। ভারতীয়দের দাবি, যারা ভারতের জাতীয় পতাকার অবমাননা করে সেই সমস্ত ভারতবিদ্বেষী বাংলাদেশিরা কীভাবে ভারতে এসে বিনা মূল্যে চিকিৎসা পরিষেবা পেতে পারে। ভারত সরকারকে আরও কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান সকলে। বিএসএফ সূত্রে খবর, বহুদিন ধরে রয়েছে এই মৈত্রী এক্সপ্রেস। বর্তমানে বাংলাদেশে যে পরিস্থিতি চলছে, যাতে তার মধ্যে নিরাপত্তা বজায় থাকে সেই কারণে রেললাইনের ওপর বাঁশ দিয়ে ব্যারিকেড দিয়ে দেওয়া হয়েছে। তাছাড়া বাংলাদেশ থেকে রেল লাইন ধরে যাতে কেউ না আসতে পারে, তারজন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। আর সীমান্তে কড়া নজরদারি চালাচ্ছে বিএসএফ।

    আরও পড়ুন: ভীত বাংলাদেশ! ত্রিপুরার উপ-দূতাবাস বন্ধ করল ঢাকা, অমিল ভিসা পরিষেবা

    স্থানীয় বাসিন্দারা কী বললেন?

    গেদে সীমান্তবর্তী এলাকার (Bangladesh) বাসিন্দা সাধন মণ্ডল, কার্তিক চন্দ্র ঘোষদের দাবি, মৈত্রী এক্সপ্রেস বন্ধ হওয়ার কারণে অনেকটাই সমস্যায় পড়েছেন সীমান্তবর্তী এলাকার নাগরিকরাও। তারা বৈধ পাসপোর্ট এবং ভিসা নিয়ে বিভিন্ন কাজে অনায়াসে রেলপথে যাতায়াত করতেন বাংলাদেশ থেকে ভারতে। কিন্তু মৈত্রী এক্সপ্রেস বন্ধ হয়ে যাওয়ার কারণে সেই সমস্যা অনেকটাই বেড়েছে তাদের। তারাও চাইছেন বাংলাদেশের এই পরিস্থিতির যত দ্রুত সম্ভব সামাল দিক বাংলাদেশ প্রশাসন। তবে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি মিটে গিয়ে দুই দেশের আভ্যন্তরীণ আলোচনার মধ্য দিয়ে আবার কবে শুরু হয় ট্রেন পরিষেবা, তা নিয়েই দিন গুনছে সাধারণ মানুষ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Kali Puja 2024: নদিয়ার মাজদিয়ার ১১২ বছরের ‘ডাকাতে কালী’র কাহিনি আজও যেন গায়ে কাঁটা দেয়!

    Kali Puja 2024: নদিয়ার মাজদিয়ার ১১২ বছরের ‘ডাকাতে কালী’র কাহিনি আজও যেন গায়ে কাঁটা দেয়!

    মাধ্যম নিউজ ডেস্ক: ডাকাতি করে এসে ডাকাতরা করত মা কালীর পুজোl তাই নাম ডাকাতে কালীl এই পুজোর বয়স ১১২ বছরের মতো l ভীষণ জাগ্রত এই কালী। পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে ইতিহাস। নদিয়ার মাজদিয়ার ঘোষপাড়ায় এই ডাকাতে কালীতলায় ধুমধাম করে পুজো (Kali Puja 2024) হচ্ছে এবারেও l প্রাচীন এই পুজোকে ঘিরে রয়েছে দারুণ কাহিনিl

    তরতাজা যুবক সিদ্ধান্ত নিয়ে ফেলেন, তাঁরা ডাকাতি করবেন

    স্থানীয় শিক্ষক সুকুমার ঘোষের কাছ থেকে জানা যায়, আজ থেকে প্রায় ১১২ বছর আগে ওই গ্রামের মানুষের দিন কাটছিল অভাব-অনটনের মধ্যে দিয়েl অনেকেই পাচ্ছিলেন না দুবেলা দুমুঠো খাবারl সেই করুণ অবস্থা দেখে ব্যথিত হয়ে পড়লেন গ্রামবাসীরা। ওই গ্রামের কয়েকজন তরতাজা যুবক সিদ্ধান্ত নিয়ে ফেলেন, তাঁরা ডাকাতি করবেনl ডাকাতি করেই জোগাড় করবেন গ্রামের মানুষের জন্য খাবারl তখন চলছে কড়া ব্রিটিশ শাসনl আচমকা ওই যুবকেরা খবর পেলেন, ঢাকার দিকে যাচ্ছে ব্রিটিশদের মালবাহী ট্রেনl ওই ট্রেনেই তাঁরা ডাকাতি করার সিদ্ধান্ত নেন। রাত হয়ে গিয়েছে। মাজদিয়ার ইছামতী ব্রিজের ওপর দিয়ে ব্রিটিশদের মালবাহী ট্রেনটি যাচ্ছিল কু-ঝিক ঝিক করেl হাতে লন্ঠনের লাল আলো দেখিয়ে ব্রিজের ওপরই দাঁড় করিয়ে দেওয়া হল ট্রেনটিকেl সময় নষ্ট না করে ট্রেনের বগি থেকে কাপড়ের বান্ডিল বেশ কয়েকটা ফেলে দেওয়া হল নদীর জলেl লুট করা হল খাদ্যসামগ্রীওl এরপর ডাকাতরা লাল আলো নিয়ে সরে যেতেই ট্রেন ছাড়ে। ট্রেন বেরিয়ে গেল ঠিকই, কিন্তু অল্প সময়ের মধ্যেই খবর পৌঁছে গিয়েছিল ব্রিটিশ বাহিনীর কাছেl শুরু হয়ে গেল খোঁজ-খোঁজl ডাকাতদলের লোকজন আশ্রয় নিয়েছিলেন জঙ্গলেl ব্রিটিশ বাহিনী নদীতে ফেলা কাপড়ের বান্ডিলের হদিশ পায়নি l সেই কাপড় তুলে ও লুট করা খাদ্যসামগ্রী ওই ডাকাতেরা গ্রামের মানুষের মধ্যে বিলি করেন। কিন্তু যারা করেছে এই কাজ, তাদের সন্ধানে ব্রিটিশ পুলিশদের খোঁজখবর চলছিল কড়াভাবেইl

    ‘মা, তুমি বাঁচিয়ে দাও, আমরা তোমার পুজো দেব’ (Kali Puja 2024)

    ডাকাতে কালীপুজো কমিটির সভাপতি সুমন ঘোষের সঙ্গে কথা বলে জানা গিয়েছে, ওই ডাকাতদলে ছিলেন দুলাল প্রামাণিক, হেমন্ত বিশ্বাস, ভরত সর্দার, কৃত্তিবাস মিত্র, অবিনাশ ক্যারিয়া, গিরীন্দ্রনাথ ঘোষ নামে কয়েকজন যুবকl ব্রিটিশবাহিনীর কাছে ধরা পড়ার ভয়ে জঙ্গলেই কাটতে লাগল তাঁদের সময়l সেই সময় তাঁরা স্মরণ করেছিলেন মা কালীকেl বলেছিলেন, ‘মা, তুমি বাঁচিয়ে দাওl আমরা তোমার পুজো দেবl ‘অলৌকিকভাবেই সেবার তাঁদের সন্ধান পায়নি বৃটিশের পুলিশl ফিরে যেতে হয় তাদেরl ব্রিটিশবাহিনীর ফিরে যাওয়ার পরদিনই ছিল অমাবস্যা,কালীপুজোl জঙ্গল থেকে বেরিয়ে একটি বেল ও নিমগাছের পাশেই বেদি বানিয়ে ডাকাতরা করেছিলেন মা কালীর পুজোর আয়োজনl

    ডাকাতি করা জিনিসপত্র তাঁরা বিলিয়ে দিতেন

    জোর করে ভূদেব মালাকার নামে একজন প্রতিমাশিল্পীকে ধরে এনে ঠাকুর বানানো হলl গ্রামের চক্রবর্তী পরিবারের লোককে দিয়ে বাধ্য করানো হল পুজো করতেl প্রতিমা বানিয়ে সঙ্গে সঙ্গে রং করিয়ে পাটে তোলা হলl সেই সময়ের ডাকাত হেমন্ত বিশ্বাসের পরিবারের সদস্য সুনীল বিশ্বাসের কাছ থেকে জানা যায় সেদিনের অনেক কাহিনি-ইl যদিও সেদিন যাঁরা ডাকাত বলে পরিচিত ছিলেন, তাঁদের মাজদিয়ার ঘোষপাড়ার মানুষ সম্মানের চোখেই দেখেন বলে জানালেন প্রাক্তন শিক্ষক সুকুমার ঘোষ। তাঁদের বক্তব্য, ‘ওঁরা ডাকাতি করতেন ঠিকই, তবে কোনও দিন মানুষ খুন করেননিl শুধু তাই নয়, ডাকাতি করা জিনিসপত্র তাঁরা বিলিয়ে দিতেন গ্রামের মানুষের মধ্যেইl তাঁরাই আবার ডাকাতির টাকা-পয়সা দিয়ে করতেন মায়ের পুজোl তাই এখানে মা কালী ডাকাতে কালী বলেই পরিচিতl যদিও সেদিনের সেই ডাকাতদের পরিবারের উত্তরসূরীরা কেউ শিক্ষক, কেউ পুলিশে, কেউ সেনাবহিনীতে কাজ করেনl ডাকাত হেমন্ত বিশ্বাসের পরিবারের সদস্য সুনীল বিশ্বাস একজন অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন। তাঁর কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, বছরে অন্য সময় তাঁরা ডাকাতি না করলেও ডাকাতি ছিল মাকে স্মরণ করার একটা পন্থা। তাইতো কালীপুজোর আগে ওঁদের ডাকাতি করা চাই-ইl নইলে যে মায়ের পুজো (Kali Puja 2024) হবে নাl

    কৃষ্ণনগর রাজবাড়ি, ট্রেজারিতেও ডাকাতি

    একবার ডাকাতি আটকাতে পুলিশ (Nadia) ওঁদের থানায় নিয়ে গিয়ে আটকে রাখল সন্দেহের বশে l থানার সামনে চাদর-কম্বল মুড়ি দিয়ে ওঁরা ষোল-সতেরো জন শুয়ে থাকলl পরদিনই কালীপুজোl কী হবে? অনেক রাত হয়ে গিয়েছেl গ্রামের কয়েকজন পুলিশের নজর এড়িয়ে ওঁদের চাদর-কম্বলের তলায় আশ্রয় নিলl ওঁরা বেড়িয়ে গেলেন ডাকাতি করতেl ডাকাতি সেরে ডাকাতির মালপত্র এক জায়গায় রেখে ওঁরা নিজেদের জায়গায় ফিরে এসে কম্বলের তলায় শুয়ে পড়েl যারা আগে থেকে ছিল, তারা বেরিয়ে আসেl পুলিশ বুঝতে পারেনিl পরদিন ওঁরা ছাড়া পেয়ে মায়ের পুজো দিলেনl বাকি সামগ্রী গ্রামের মানুষদের বিলিয়ে দেনl আসলে ওঁরা সব সময়ই মাকে স্মরণ করতেনl ডাকাতি করতেন গরিব মানুষদের জন্যl জানা যায়, ওঁরা কৃষ্ণনগর রাজবাড়ি, ট্রেজারিতেও ডাকাতি করেছেনl

    ‘কথা দে, আর তোরা ডাকাতি করবি না’ (Kali Puja 2024)

    বাংলাদেশের দর্শনাতে একবার ডাকাতি করতে যাওয়ার পর ঘটেছিল একটা অদ্ভুত ঘটনাl ওইখানেই কর আদায়ের দায়িত্বে ছিলেন যে রানি, তিনি বুঝতে পেরেছিলেন, ডাকাতদল হানা দিয়েছেl এখান থেকে ডাকাতরা ডাকাতি করতে গিয়ে অদ্ভুত ঘটনার সাক্ষী হন। দেখেন, ঢোকার মুখে যেন স্বয়ং মা দাঁড়িয়েl যিনি বলেন, তোরা কথা দে, আর তোরা ডাকাতি করবি নাl আসলে ওঁদের শিক্ষা দিতে ওই রানি নিজেই নগ্ন হয়ে মা কালীর রূপ নিয়েছিলেনl হ্যাঁ, সেদিনের পর থেকে ওঁরা ডাকাতি বন্ধ করে দেনl ‘পরবর্তীকালে গ্রামের ঘোষপাড়ায় চাঁদা তুলে মায়ের মন্দির গড়ে তোলেনl আজও ডাকাতদের সেই কালী-ই ডাকাতে কালী নামে পুজো হয়ে আসছেl আর যেখানে নিমগাছ তলায় (Nadia) প্রথম কালীপুজো করেছিলেন ডাকাতরা, সেই থানে গ্রামের মহিলারা আজও সকাল-সন্ধ্যায় পূজা দেন ভক্তি ভরে। এই কালী এখানকার মানুষের কাছে অত্যন্ত জাগ্রতl বহু মানুষ এখানে মায়ের পুজো দেনl পুজোর দিন হয় পাঁঠা বলিl

    জল-বাতাসা সহ মাকে মিষ্টিমুখ

    প্রথা মেনে ভাতৃদ্বিতীয়ার দিন কাঁধে করে পুরো মাজদিয়া বাজার ঘুরে ডাকাতে কালীকে বিসর্জন করা হত। সময়ের সাথে তাল মিলিয়ে এখন টানা গাড়িতে করে বিসর্জিত হয় ডাকাতে কালী মাথাভাঙা নদীতে। কালী মা বাজারের মধ্যে প্রতিটি দোকানের সামনে পৌঁছানো মাত্রই দোকানদাররা জল-বাতাসা সহ মাকে মিষ্টিমুখ করান। শোভাযাত্রায় হাজার হাজার পুরুষ-মহিলা পা মেলান। বলা যেতেই পারে, ডাকাতে কালী এখন এলাকার মানুষের কাছে একটা আবেগ (Kali Puja 2024)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Kali Puja 2024: ১৩ ফুটের মাতৃমূর্তি রূপসজ্জায় যেন জ্বলজ্বল করে! প্রথা মেনেই পূজিত হন আগমেশ্বরী মাতা

    Kali Puja 2024: ১৩ ফুটের মাতৃমূর্তি রূপসজ্জায় যেন জ্বলজ্বল করে! প্রথা মেনেই পূজিত হন আগমেশ্বরী মাতা

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ থেকে আনুমানিক তিনশো বছর আগে আগমেশ্বরী কালীপুজো (Kali Puja 2024) শান্তিপুরে শুরু করেছিলেন সার্বভৌম আগমবাগীশ। তিনি ছিলেন পণ্ডিত কৃষ্ণানন্দ আগমবাগীশের প্রপৌত্র। তিনি ছিলেন তন্ত্রসাধক। তাঁরা আগমশাস্ত্রজ্ঞ ছিলেন বা সেই শাস্ত্রে পাণ্ডিত্য লাভ করেছিলেন বলে তাঁদের আগমবাগীশ উপাধি দান করা হয়। সেই সময় শাক্ত ও বৈষ্ণবদের মধ্যে বিরোধ চলছিল বলেই শোনা যায়। তাই শান্তিপুরের অদ্বৈতাচার্য্যের পৌত্র মথুরেশ গোস্বামী শক্তি আর আর ভক্তির মিলনের আশায় তাঁর নিজ কন্যার সাথে বিবাহ দিয়েছিলেন সার্বভৌম আগমবাগীশের। এর ফল তো আশানুরূপ হয়নি, বরং জটিলতা আরও বৃদ্ধি পাওয়ায় মথুরেশ গোস্বামী তাঁর কন্যা সহ জামাতাকে নিয়ে চলে আসেন শান্তিপুরে। শান্তিপুরে এসে মথুরেশ গোস্বামী তাঁর বসতবাটী থেকে কিছুটা দূরে একটি পঞ্চমূণ্ডির আসন স্থাপন করে দেন তাঁর জামাতার তন্ত্রচর্চার জন্য। কারণ যেহেতু শান্তিপুরের গোস্বামীরা প্রত্যক্ষ ভাবে শক্তির উপাসনা করেন না তাই। সেখানেই সাধনা করে সিদ্ধিলাভ করেন সার্বভৌম আগমবাগীশ। মায়ের নির্দেশে তিনি গঙ্গা থেকে মাটি নিয়ে এসে মূর্তি নির্মাণ করে পুজো করেন। তার পরই মূর্তি বিসর্জন দিয়ে দেন। এই প্রাচীন প্রথা আজও হয়ে আসছে মা আগমেশ্বরীর (Agameshwari Mata) পুজোয়।

    নিরামিষ পদে মায়ের ভোগ রান্না (Kali Puja 2024)

    বর্তমানে এই পঞ্চমূণ্ডির আসন সংলগ্ন স্থানটি আগমেশ্বরীতলা নামেই পরিচিত। এইভাবে ঐতিহ্যের সাথে ও আধ্যাত্মিকতার এক উজ্জ্বলতম প্রকাশ দেখা যায় শান্তিপুরের আগমেশ্বরীর পুজোয়। এ তো গেল মাতা আগমেশ্বরীর ইতিহাসের কথা। কিন্তু সময়ের পরিবর্তনে বেশ কিছু সিদ্ধান্ত পরিবর্তন হয়। শান্তিপুরের বড় গোস্বামী বাড়ির বংশধরদের অবদান থাকলেও এখন আগমেশ্বরী মাতা পুজো সমিতি এই পুজো পরিচালনা করে। মায়ের ভোগের ক্ষেত্রে রয়েছে অনন্য নিয়ম। বৈষ্ণব মতে দক্ষিণা কালী রূপে পূজিত হোন দেবী আগমেশ্বরী (Kali Puja 2024)। তাই বড় গোস্বামী বাড়ির গৃহবধূরা নিরামিষ পদে মায়ের ভোগ রান্না করেন। ভক্তদের প্রসাদের জন্য কয়েক কুইন্টাল ভোগ রন্ধনের ব্যবস্থা করা হয়।

    বিসর্জনের সময় রয়েছে বিশেষ আকর্ষণ

    এছাড়াও দেবী এতটাই জাগ্রত যে ভক্তদের মনস্কামনা অবশ্যই পূরণ হয়। আর সেই কারণে ভক্তদের দেওয়া দানে মাতা আগমেশ্বরীর মাতৃমূর্তি সোনা এবং রুপোর অলঙ্কারে মুড়ে ফেলা হয়। প্রায় ১৩ ফুট উচ্চতার মাতৃমূর্তি যেন রূপসজ্জায় জ্বলজ্বল করে। শুধু নদীয়া নয়, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য ভক্তবৃন্দ পুজোর দিন (Kali Puja 2024) সকাল থেকেই ছুটে আসেন শান্তিপুরে আগমেশ্বরী মাতার মন্দিরে। দেবীর বিসর্জনের সময় রয়েছে বিশেষ আকর্ষণ। মাতৃমূর্তির উচ্চতা বেশি হওয়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয় বিসর্জনের পথে যাওয়া প্রত্যেকটি রাস্তার আলোর। আর মাত্র দু’দিনের অপেক্ষা, এরপরেই মাতা আগমেশ্বরীর আরাধোনায় ব্রতী হবেন অসংখ্য ভক্তবৃন্দ।  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Suvendu Adhikari: রানিমার সঙ্গে কৃষ্ণনগরের নির্যাতিতার বাড়িতে শুভেন্দু, দিলেন আইনি সাহায্যের প্রতিশ্রুতি

    Suvendu Adhikari: রানিমার সঙ্গে কৃষ্ণনগরের নির্যাতিতার বাড়িতে শুভেন্দু, দিলেন আইনি সাহায্যের প্রতিশ্রুতি

    মাধ্যম নিউজ ডেস্ক: নদিয়ার (Nadia) কৃষ্ণনগরে মণ্ডপের সামনে তরুণীর মৃত্যুর কারণ নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। কৃষ্ণনগরের রানিমাকে সঙ্গে করে মৃতার পরিবারের সঙ্গে শনিবার দেখা করলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। প্রতিশ্রুতি দিলেন আইনি সাহায্যেরও। একইসঙ্গে নির্যাতিতার ময়না তদন্ত এবং পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন তিনি।

    তরুণীকে নির্যাতন করে খুন (Suvendu Adhikari)

    নির্যাতিতার পরিবারের লোকজনের সঙ্গে কথা বলার পর শুভেন্দু (Suvendu Adhikari) বলেন, ‘‘আমি দায়িত্ব নিয়ে বলছি ময়না তদন্তে আত্মহত্যা বলে লেখা থাকবে। কারণ, তৃণমূলের চিকিৎসকরা এই ময়না তদন্ত করেছে।  পুলিশ ঘটনার ধামাচাপা দেওয়ার চেষ্টা করবে। আমি এবং এখানকার সাধারণ মানুষ ও পরিবার এক যোগে বলতে চাই, নির্যাতন করে খুন করা হয়েছে। এই ঘটনায় একাধিক অভিযুক্ত এর সঙ্গে যুক্ত রয়েছে। পরিবার কেন্দ্রীয় এজেন্সি দিয়ে তদন্ত দাবি করেছে। আমরা সিনিয়র আইনজীবী দেওয়ার ব্যবস্থা করব। পরিবার কথা বললে তাঁরা যে আইনি সাহায্য চাইবে আমরা তাঁদের পাশে থাকব। ’’

     

    রানিমাকে সঙ্গে নিয়ে নির্যাতিতার বাড়িতে শুভেন্দু

    লক্ষ্মীপুজোর দিন, বুধবার সকালে নদিয়া জেলা স্টেডিয়ামের পাঁচিলের ধারে দুর্গাপুজোর ফাঁকা মণ্ডপে দ্বাদশ শ্রেণির এক ছাত্রীর আধপোড়া দেহ উদ্ধার হয়েছিল। পরিবারের অভিযোগ ছিল, খুন করা হয়েছে মেয়েকে। এদিন রানিমাকে সঙ্গে করে নির্যাতিতার বাড়িতে যান শুভেন্দু। তিনি (Suvendu Adhikari) বলেন, ‘‘খুনই করা হয়েছে তরুণীকে। ধামাচাপা দিতেই আত্মহত্যার তত্ত্ব খাঁড়া করা হচ্ছে।’’ প্রসঙ্গত, কৃষ্ণনগরের রামকৃষ্ণ মিশন আশ্রমপাড়া এলাকা থেকে ওই তরুণীর দেহ উদ্ধার হয়। যেখান থেকে এই দেহ উদ্ধার হয়েছে তার কিছু দূরেই পুলিশ সুপারের অফিস! তাই স্বাভাবিকভাবে আরও বেশি আতঙ্ক সৃষ্টি হয় এলাকাবাসীর মধ্যে।

     

    গঠিত হয়েছে সিট

    স্থানীয় সূত্রে খবর ছিল, রাস্তার ধারে পড়ে ছিল তরুণীর অর্ধনগ্ন এবং অর্ধদগ্ধ দেহ। এলাকাবাসী মনে করছে, ধর্ষণ করার পর খুন করা হয়েছে তাঁকে। আর প্রমাণ লোপাটের জন্য পুড়িয়ে দেওয়া হয় মুখ এবং শরীরের একাংশ। সাংবাদিক বৈঠকে এডিজি জানিয়েছিলেন, ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ইতিমধ্যে কৃষ্ণনগরের পুলিশ সুপারের নেতৃত্বে একটি স্পেশ্যাল ইনভেসটিগেশন টিম (সিট) গঠন করা হয়েছে। পাশাপাশি সিআইডিও ঘটনার তদন্ত করছে। ইতিমধ্যেই একের পর এক খবর উঠে আসছে গোটা ঘটনা নিয়ে। এদিন শুভেন্দু (Suvendu Adhikari) এসে পুলিশকে তুলোধনা করলেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Nadia: অন্য তরুণীর সঙ্গে সিনেমা হলে নির্যাতিতার প্রেমিক, কৃষ্ণনগরকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য

    Nadia: অন্য তরুণীর সঙ্গে সিনেমা হলে নির্যাতিতার প্রেমিক, কৃষ্ণনগরকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য

    মাধ্যম নিউজ ডেস্ক: নদিয়ার (Nadia) কৃষ্ণনগরে তরুণীর রহস্যমৃত্যুর ঘটনায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। সিসিটিভি ক্যামেরা সূত্রে পাওয়া তথ্য, অভিযুক্তের দাবি, পরিবারের দাবি-সব মিলিয়ে নানারকম তথ্য আসছে, যার প্রত্যেকটিই চাঞ্চল্যকর। প্রেমিকের সঙ্গে অন্য তরুণীর সম্পর্কের জেরেই কি মৃত্যু হয়েছে কৃষ্ণনগরের দ্বাদশ শ্রেণির ছাত্রীর? শুক্রবার দেহ উদ্ধারের ৩ দিন পর উঠে আসছে এমনই তথ্য। চিকিৎসকদের প্রতিনিধি দলের সদস্যরা নির্যাতিতার পরিবারের লোকজনের সঙ্গে এদিন কথা বলেন।

    অন্য তরুণীর সঙ্গে সিনেমা হলে নির্যাতিতার প্রেমিক! (Nadia)

    তদন্তকারীরা জানাচ্ছেন, ধৃত যুবক রাহুলের সঙ্গে নিহত তরুণীর (Nadia) ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। কিন্তু সম্প্রতি সম্পর্কে অবনতি হয়। অন্য এক তরুণীর সঙ্গে সম্পর্কে জড়ান রাহুল। তার জেরেই কি মৃত্যু হয়েছে তরুণীর? উঠছে প্রশ্ন। কৃষ্ণনগরে তরুণীর দগ্ধ, বিবস্ত্র দেহ উদ্ধারের ঘটনায় বৃহস্পতিবারই সিট গঠন করেছে রাজ্য পুলিশ। শুক্রবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবক রাহুল বসুর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল নিহত তরুণীর। রাহুলকে নিজের স্বামী বলে তিনি পরিচয় দিতেন বন্ধুমহলে। এমনকী তরুণীর ফোনেও রাহুলের নম্বর হাজব্যান্ড লিখে সেভ করা রয়েছে। তদন্তকারীরা জানতে পেরেছেন, সম্প্রতি তরুণীর সঙ্গে রাহুলের সম্পর্কে টানাপোড়েন চলছিল। তলানিতে পৌঁছেছিল সেই সম্পর্ক। এর পর তরুণীরই এক বান্ধবীর সঙ্গে সম্পর্কে জড়ান রাহুল। মঙ্গলবার ২ জন রানাঘাটে একটি প্রেক্ষাগৃহে সিনেমা দেখতে গিয়েছিলেন। বিকেল পর্যন্ত সেখানেই ছিলেন। পরে কৃষ্ণনগর ফেরেন। রাহুলই আত্মহত্যায় প্ররোচনা দিয়েছিলেন কিনা, খতিয়ে দেখছে পুলিশ।

    আরও পড়ুন: রাজ্যে নারী নিরাপত্তা তলানিতে, কেন্দ্রীয় হস্তক্ষেপ চেয়ে চিঠি দিলেন সুকান্ত

    মৃত্যুর আগের দিন ঠিক কী হয়েছিল?

    পুলিশের দাবি, মৃত্যুর আগের দিন কৃষ্ণনগর (Nadia) শহরের একাধিক রাস্তায় একা ঘুরে বেড়িয়েছিলেন তরুণী। ঘটনাস্থল থেকে কিছু দূরে কলেজ মাঠের কাছে রাত সাড়ে নটার পর থেকে তরুণীর গতিবিধি পাওয়া গিয়েছে। ধৃত রাহুলের উপস্থিতিও পাওয়া গিয়েছে কলেজ মাঠে। অথচ পুলিশের কাছে রাহুল দাবি করেছেন, তাঁদের সেদিন দেখা হয়নি। রাহুলের দাবি, ‘আমি খুন করিনি। ফোনে কথা হয়েছিল আমি কোথায়, আমার সঙ্গে সম্পর্ক রাখিস না, এইটুকু।’ কিন্তু দেখা গিয়েছে, রাত সাড়ে ৯ টা নাগাদ তরুণী ও রাহুল উভয়েরই মোবাইল টাওয়ার লোকেশন একই অঞ্চলেই ছিল।

    ময়না তদন্তে কী মিলল?

    বৃহস্পতিবার তরুণীর (Nadia) দেহের ময়নাতদন্তের পর জানা যায়, ধর্ষণের কোনও স্পষ্ট প্রমাণ মেলেনি। তবে মৃত্যুর আগেই তরুণীর গায়ে আগুন ধরানো হয়েছিল। ফরেন্সিক বিশেষজ্ঞরা বলছেন, সম্ভবত সেই আগুনেই তরুণীর দেহের পোশাক পুড়ে গিয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে ১টি বোতল ও ২টি দেশলাই বাক্স। তার মধ্যে ১টি খোলা অবস্থায় ছিল। প্রাথমিক ভাবে পুলিশ মনে করছে, প্রেমে প্রত্যাখ্যাত হয়ে আত্মঘাতী হয়েছেন তরুণী। কিন্তু সমস্ত সম্ভাবনা খোলা রেখে তদন্ত চালিয়ে যেতে চায় তারা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Nadia: কৃষ্ণনগরে তরুণীকে ধর্ষণ করে খুন! সিবিআই তদন্তের দাবিতে হাইকোর্টে নির্যাতিতার মা

    Nadia: কৃষ্ণনগরে তরুণীকে ধর্ষণ করে খুন! সিবিআই তদন্তের দাবিতে হাইকোর্টে নির্যাতিতার মা

    মাধ্যম নিউজ ডেস্ক: আরজি করকাণ্ডের আবহে নদিয়ার (Nadia) কৃষ্ণনগরে পুজো মণ্ডপের কাছে দ্বাদশ শ্রেণির ছাত্রীর অর্ধদগ্ধ দেহ উদ্ধার হয়। পরিবারের অভিযোগ, তাঁকে ধর্ষণ করে খুন করা হয়েছে। পুলিশ ঘটনা ধামাচাপা দিতে চাইছে। তাই, রাজ্য পুলিশের ওপর আস্থা রাখতে পারছেন না কৃষ্ণনগরের ‘নির্যাতিতা’ তরুণীর মা। তিনি চান সিবিআই মেয়ের মৃত্যুর তদন্ত করুক। আর্জি জানাতে বৃহস্পতিবারই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হওয়ার কথা জানিয়েছেন তিনি। 

    ঠিক কী ঘটেছিল? (Nadia)

    বুধবার সকালে কৃষ্ণনগরে (Nadia) এক তরুণীর দেহ উদ্ধার হয়। স্থানীয়েরাই দেহটি রাস্তায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরিবারের অভিযোগ, দ্বাদশ শ্রেণির ওই ছাত্রীকে ধর্ষণের পর খুন করা হয়েছে। আঙুল ওঠে তরুণীর প্রেমিকের দিকে। প্রাথমিক তদন্তে নেমে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, মেয়েটির সঙ্গে বেশ কয়েক মাস ধরে সম্পর্ক ছিল অভিযুক্ত যুবকের। ওই যুবক ভিনরাজ্যে একটি হোটেলে কর্মরত ছিলেন। দুই পরিবারের সম্মতিতে তাঁদের বিয়ে হবে বলেও স্থির হয়। ওই যুবকের বাড়িতে মাঝে মধ্যেই যেতেন ওই তরুণী। তার পরেও এমন ঘটনা কেন, সেটাই ভাবাচ্ছে তদন্তকারীদের। প্রায় ২৪ ঘণ্টা কাটলেও কৃষ্ণনগরে তরুণীর দগ্ধ দেহ উদ্ধারের ঘটনায় অনেক ধোঁয়াশাই কাটছে না।

    আরও পড়ুন: হাসিনার পরিবারের সঙ্গে যুক্ত আটটি জাতীয় দিবস বাতিল হচ্ছে বাংলাদেশে

    ময়না তদন্তের রিপোর্ট কী বলছে?

    পরিবারের দাবি মেনে বৃহস্পতিবার কল্যাণীর (Nadia) জওহরলাল নেহরু হাসপাতালে বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ‘নির্যাতিতার’ দেহের ময়নাতদন্ত হয়। যদিও, ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে ধর্ষণের প্রমাণ মেলেনি বলে জানা গিয়েছে। বিশেষজ্ঞরা এটাও মনে করছেন, অ্যাসিডে নয়, তরুণীকে জীবন্ত পুড়িয়ে খুন করা হতে পারে। কিছু নমুনা পরীক্ষার জন্য় বাইরে পাঠানো হচ্ছে। 

    পুলিশে আস্থা নেই, সিবিআই তদন্তের দাবি

    তার আগে মৃতার মা বলেন, ‘‘বুধবার সকাল থেকে রাত্রি পর্যন্ত যে ঘটনাপ্রবাহ দেখেছি, তার পরে আর পুলিশের ওপরে আস্থা রাখতে পারছি না। পুলিশ এক জনকে গ্রেফতার করেছে। কিন্তু এটা এক জনের কাজ হতে পারে না। বাকিদের ব্যাপারে পুলিশের কোন উৎসাহ নেই কেন?’’ তাঁর অভিযোগ, ’’পুলিশ একাধিক কাগজে সই করার জন্য চাপ দিয়েছে। এমনকী কাগজ না পড়িয়েই সই করানোর চেষ্টা করে। তাই, পুলিশের ওপর আমাদের আস্থা নেই। নিরপেক্ষ তদন্ত এবং যথোপযুক্ত সাজার জন্য মেয়ের খুনের তদন্ত করুক সিবিআই (CBI)। আইনজীবীর মাধ্যমে কলকাতা হাইকোর্টে আবেদন জানাব। প্রয়োজনে বাড়ি বিক্রি করে এই লড়াই চালাব।’’

    পুলিশ প্রশাসনের কী বক্তব্য?

    কৃষ্ণনগরের (Nadia) তরুণীকে ধর্ষণ করে খুনের ঘটনায় এদিন দুপুরে ঘটনাস্থলে পরিদর্শনে যান এডিজি সিআইডি সোমা দাস এবং সুপ্রতিম সরকার এডিজি (দক্ষিণবঙ্গ)। পাশাপাশি সঙ্গে ছিলেন জেলা পুলিশ সুপার কে অমরনাথ এবং অতিরিক্ত পুলিশ সুপার মিত কুমার সহ জেলার অন্যান্য আধিকারিকরা। কৃষ্ণনগরকাণ্ডে সিট (বিশেষ তদন্তকারী দল) গঠন করেছে রাজ্য পুলিশ। ওই ঘটনার তদন্তে সিআইডি (রাজ্য গোয়েন্দা বিভাগ)-র সাহায্যও নেওয়া হচ্ছে বলে বৃহস্পতিবার জানালেন এডিজি (দক্ষিণবঙ্গ) সুপ্রতিম সরকার। তিনি বলেন, কৃষ্ণগর জেলা পুলিশ সর্বস্তরে মৃত যুবতীর পরিবারের সঙ্গে রয়েছে। ইতিমধ্যেই তদন্ত দ্রুত গতিতে চলছে। অভিযুক্ত রাহুল বোসকে আমরা জিজ্ঞাসাবাদ শুরু করেছি এবং অনেক জিজ্ঞাসাবাদ বাকি রয়েছে। সেই কারণে আমরা অভিযুক্তকে সাত দিনের পুলিশ হেফাজতে নিয়েছি। তাকে আরও জিজ্ঞাসাবাদ চালানো হবে। পাশাপাশি, যুবতীর পরিবারের যে দাবি ছিল সেই অনুযায়ী ময়নাতদন্ত প্রক্রিয়া সম্পূর্ণ করার কাজ চলছে।

    হত্যার নেপথ্যে কী কারণ?

    ইতিমধ্যেই পুলিশ তদন্ত নেমে বিভিন্ন সিসিটিভি ফুটেজ এবং মোবাইল নেটওয়ার্ক লোকেশন ট্র্যাক করে খুনের কিনারা করার চেষ্টা চালাচ্ছে। সূত্রের খবর, ঘটনার একদিন আগে একটি বাইকের শোরুমে যায় অভিযুক্ত ও নির্যাতিতা। নির্যাতিতা বাইক কেনার কিছু টাকা বাড়ি থেকে জোগাড় করে দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু সেই কথা রাখতে না পারা নিয়ে তীব্র গোলমাল হয় বলে দু’জনের মধ্যে।

    অন্য একটি সূত্রের খবর, ওই তরুণী তাঁর প্রেমিকের কাছ থেকে ৪০ হাজার টাকা ধার নিয়েছিলেন। তরুণীর প্রেমিক হোটেলে কাজ পেয়ে বেঙ্গালুরুতে চলে যান। বাড়িতে না জানিয়ে দিন পনেরোর জন্য তরুণী প্রেমিকের কাছেও চলে গিয়েছিলেন। সে সময়ে তাঁর পরিবারের তরফে থানায় অভিযোগ দায়ের করা হয়।

    সম্পর্কে টানাপোড়েন নাকি টাকা পয়সা নিয়ে বিবাদের জেরে খুন, সবদিক খতিয়ে দেখছে পুলিশ।

     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share