Tag: Nandigram Martyrs’ Day

  • Suvendu Adhikari: ‘আগামী ১০০ বছর তৃণমূলকে দেখা যাবে না’, নন্দীগ্রামে দাঁড়িয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

    Suvendu Adhikari: ‘আগামী ১০০ বছর তৃণমূলকে দেখা যাবে না’, নন্দীগ্রামে দাঁড়িয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর এই প্রথম ১০ নভেম্বর নন্দীগ্রামে শহিদ স্মরণ অনুষ্ঠানে যোগ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। ২০০৭ সালের ভূমি আন্দোলনে প্রাণ হারানো শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে মঙ্গলবার নন্দীগ্রামে উপস্থিত হন তিনি। শহিদ পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে স্মৃতিসৌধে মাল্যদান করেন মুখ্যমন্ত্রী। এই মঞ্চ থেকেই তৃণমূল কংগ্রেস (Mamata Banerjee) ও বামেদের বিরুদ্ধে সরব হওয়ার পাশাপাশি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও একাধিক ইস্যুতে নিশানা করেন তিনি।

    এদিনের সভা থেকে তৃণমূলের ভবিষ্যৎ নিয়েও কড়া রাজনৈতিক বার্তা দেন শুভেন্দু। তিনি বলেন, “গত বছর বলেছিলাম, ২০২৬ সালে আসব, কিন্তু চোর তৃণমূলকে পাবেন না। দেখুন, সেই কথা মিলেছে কি না। আজ বলছি, আগামী ১০০ বছরে তৃণমূল আসবে না। ওদের নাম ও নিশান দুটোই মুছে গিয়েছে।”

    ২০০৭ সালের ১০ নভেম্বর জমি অধিগ্রহণের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছিল নন্দীগ্রাম। সেই আন্দোলনকে কেন্দ্র করে গুলিচালনা ও হিংসার ঘটনায় প্রাণ হারান একাধিক মানুষ। তাঁদের স্মৃতিতেই প্রতি বছর এই দিনটি শহিদ দিবস হিসেবে পালন করা হয়। শ্যামলী মান্না ও রেজাউল করিমের মতো আন্দোলনে প্রাণ হারানো ব্যক্তিদের স্মরণে এদিন বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়।

    মুখ্যমন্ত্রী জানান, ২০০৮ সাল থেকে শহিদ পরিবারগুলিকে সঙ্গে নিয়ে নিয়মিত এই দিনটি পালন করা হচ্ছে। বর্তমানে রাজ্যে ক্ষমতায় থাকলেও সরকারি উদ্যোগ বা অর্থসাহায্যের পরিবর্তে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির উদ্যোগেই এই কর্মসূচি আয়োজিত হয় বলে জানান তিনি। শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি আগামী উৎসবের শুভেচ্ছাও জানান মুখ্যমন্ত্রী।

    মামলা খোলার হুঁশিয়ারি (Suvendu Adhikari)

    ২০০৭ সালের নন্দীগ্রাম গুলিচালনার ঘটনার বিচার এখনও সম্পূর্ণ হয়নি বলে অভিযোগ করেন শুভেন্দু। তাঁর দাবি, ওই ঘটনায় ১১ জনের দেহের এখনও কোনও সন্ধান মেলেনি। অতীতের মামলাগুলি নতুন করে খতিয়ে দেখার পাশাপাশি প্রয়োজন হলে নতুন করে অভিযোগ দায়ের করা হবে বলেও জানান তিনি।

    এই প্রসঙ্গে লক্ষ্মণ শেঠের নাম উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, ওই ঘটনায় তাঁকে ১৮১ দিন জেল হেফাজতে থাকতে হয়েছিল। গোঘাটের অভয় দাস, গড়বেতার তপন ঘোষ এবং খেজুরির হিমাংশু দাস-সহ আরও কয়েকজনের বিরুদ্ধে পুরনো মামলা পুনরায় খোলার কথাও বলেন তিনি। প্রয়োজনে নতুন করে এফআইআর দায়ের করা হবে বলে হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী।

    শহিদ পরিবারের সদস্যদের বিভিন্ন সমস্যার সমাধানে পদক্ষেপ করা হয়েছে বলেও দাবি করেন শুভেন্দু। তাঁর বক্তব্য, শহিদদের মৃত্যুসংক্রান্ত শংসাপত্র নিয়ে যে জটিলতা ছিল, তা মেটানো হয়েছে। গত দুই থেকে তিন মাসে শহিদ পরিবারের ৯ জনের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। তিনি জানান, পরিবারগুলির জন্য চার লাখ টাকা করে আর্থিক সাহায্যের ব্যবস্থাও করেছে রাজ্য সরকার।

    মমতার হলফনামা নিয়ে সরব শুভেন্দু

    নন্দীগ্রামের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়েও রাজনৈতিক আক্রমণ অব্যাহত রাখেন মুখ্যমন্ত্রী। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নির্বাচনী হলফনামায় তথ্য গোপনের অভিযোগ তোলেন তিনি। শুভেন্দুর দাবি, হলফনামায় কোনও তথ্য গোপন করা নিয়মবিরুদ্ধ। যে আধিকারিক ওই হলফনামা যাচাই করে অনুমোদন করেছেন, তাঁর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন (Suvendu Adhikari) তিনি।

    অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালনকে কেন্দ্র করে অশান্তির অভিযোগ নিয়েও মুখ খোলেন মুখ্যমন্ত্রী। কারও নাম উল্লেখ না করে তিনি বলেন, “ওঁরা দু’জন পাড়া থেকে বেরোতে পারছেন না। তাই পাড়ার মধ্যেই এসব অশান্তি করছেন।” এই পরিস্থিতিতে পটুয়ারপাড়ার শিল্পীদের প্রতিমা বিক্রির কাজও ব্যাহত হচ্ছিল বলে দাবি করেন তিনি।

    পরেশরাম দাসকে ‘জমি মাফিয়া’ বলে আক্রমণ

    ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসের গ্রেফতারি নিয়েও এদিন মুখ খোলেন শুভেন্দু। সোমবার কলকাতা বিমানবন্দর থেকে তাঁকে গ্রেফতার করে বারুইপুর পুলিশের বিশেষ অভিযানকারী দল। ধর্ষণের মামলায় ষড়যন্ত্রে যুক্ত থাকার অভিযোগ-সহ একাধিক মামলার তদন্তের সূত্রে এই গ্রেফতারি বলে পুলিশ সূত্রে খবর।

    পরেশরামকে আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলেন, তিনি এলাকার বড় দুষ্কৃতী এবং জমি কারবারের সঙ্গে যুক্ত। সরকারি সেচ দফতরের জমি দখল করে সেখানে বৃদ্ধাশ্রম তৈরির অভিযোগও তোলেন শুভেন্দু। তাঁর দাবি, পরেশরামের বিরুদ্ধে পুলিশের কাছে নির্দিষ্ট অভিযোগ ছিল এবং সেই অভিযোগের ভিত্তিতেই বিমানবন্দর থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি ছিল বলেও দাবি করেন মুখ্যমন্ত্রী। তবে এই সমস্ত অভিযোগের বিষয়ে অভিযুক্তের বক্তব্য জানা যায়নি।

    বার্তা মুখ্যমন্ত্রীর

    নন্দীগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও বিরোধীদের নিশানা করেন শুভেন্দু। তাঁর অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকার কিছু দুষ্কৃতী সাধারণ মানুষকে ভয় দেখিয়ে এসেছে। এর জেরে পটুয়ারপাড়ার শিল্পীরা প্রতিমা বিক্রি করতে সমস্যায় পড়ছিলেন। এখন পরিস্থিতির পরিবর্তন হয়েছে বলে দাবি করে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় বাধা সৃষ্টি করলে কাউকে ছাড় দেওয়া হবে না।

    প্রসঙ্গ: কলকাতা পুরভোট

    অন্যদিকে, কলকাতা পুরসভার নির্বাচনী বিজ্ঞপ্তি জারির উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এই পরিস্থিতিতে পুরভোট নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, সুপ্রিম কোর্ট যদি নির্বাচন না করার নির্দেশ দেয়, তাহলে কলকাতা পুরসভার ২০৯টি ওয়ার্ডে সমন্বয়কারী নিয়োগ করা হবে। আর আদালত নির্বাচন করার অনুমতি দিলে দ্রুত সবক’টি ওয়ার্ডে ভোট করানো হবে। ওয়ার্ডের সীমানা পুনর্বিন্যাস নিয়েও কোনও সমস্যা নেই বলে (Mamata Banerjee) দাবি করেন তিনি।

    নন্দীগ্রামের শহিদ দিবসের মঞ্চ থেকে এদিন একদিকে ২০০৭ সালের ঘটনার বিচার নিয়ে নতুন করে পদক্ষেপের বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari), অন্যদিকে রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, বিরোধী নেতৃত্ব এবং পুরভোটের ভবিষ্যৎ নিয়েও নিজের অবস্থান স্পষ্ট করেছেন পালাবদলের সরকারের মুখ্যমন্ত্রী।

     

LinkedIn
Share