Tag: National Newborn Care Week

  • Infant Mortality Prevention: নবজাতক-মৃত্যুর হার কমেছে, তবু বিপদ কাটেনি! জন্মের প্রথম ২৮ দিন কেন সবচেয়ে গুরুত্বপূর্ণ?

    Infant Mortality Prevention: নবজাতক-মৃত্যুর হার কমেছে, তবু বিপদ কাটেনি! জন্মের প্রথম ২৮ দিন কেন সবচেয়ে গুরুত্বপূর্ণ?

    তানিয়া বন্দ্যোপাধ্যায় পাল

    মৃত্যুর হার কমছে। কিন্তু বিপদ কমেনি। বরং এমন নানান পরিস্থিতি তৈরি হচ্ছে, যাতে ভবিষ্যতে জটিলতা আরও বাড়তে পারে। তাই প্রথম থেকেই সতর্ক থাকার পরিকল্পনা। ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে তাই আগাম সতর্ক কেন্দ্র।

    শিশুমৃত্যু রুখতে ২০১৪ সাল থেকে লাগাতার নানান পরিকল্পনা ও কর্মসূচি পালন করছে কেন্দ্রের স্বাস্থ্য মন্ত্রক। গত কয়েক বছরে ভারতে উল্লেখযোগ্য হারে শিশুমৃত্যু কমেছে। কিন্তু সমস্যা পুরোপুরি নির্মূল হয়নি। তাই সদ্যোজাতের যত্নে কয়েকটি গুরুত্বপূর্ণ পরিকল্পনা নিতে চলেছে স্বাস্থ্য মন্ত্রক। নভেম্বর মাসের ১৫ থেকে ২১ তারিখ পর্যন্ত তাই দেশজুড়ে ন্যাশনাল নিউবর্ন কেয়ার উইক পালন করা হবে। যেখানে নবজাতকদের সুস্বাস্থ্য নিয়ে একাধিক কর্মসূচি পালন করা হবে।

    কেন জন্মের পরের ২৮ দিনে বাড়তি গুরুত্ব?

    স্বাস্থ্য মন্ত্রক থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ভারতে প্রতি ১০০০ জন শিশুর মধ্যে ১৮ জন নবজাতকের মৃত্যু হয়। শিশুমৃত্যুর পরিসংখ্যান খতিয়ে দেখে স্পষ্ট হয়েছে, শিশুর জন্মের পরের প্রথম ২৮ দিন সবচেয়ে জরুরি। এই ২৮ দিনের মধ্যেই শিশুমৃত্যুর ঘটনা বেশি ঘটে। যদিও ২০১৪ সালে ভারতে নবজাতক মৃত্যুর হার ছিল ২৬। অর্থাৎ, প্রতি ১০০০ জন শিশুর মধ্যে ২৬ জন নবজাতকের মৃত্যু হত।

    স্বাস্থ্যকর্তারা জানাচ্ছেন, মৃত্যুর হার কমলেও সতর্কতা আরও বেশি থাকা জরুরি। কারণ, জন্মের পরের প্রথম ২৮ দিন সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই সময়ে নবজাতকের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে। ফলে নানান সংক্রামক রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে সবচেয়ে বেশি। নবজাতকদের মৃত্যুর ঘটনা বিশ্লেষণ করে দেখা গিয়েছে, জন্মের পরের ৭২ ঘণ্টার মধ্যেই মৃত্যুর ঘটনা সবচেয়ে বেশি ঘটে।

    শিশুরোগ বিশেষজ্ঞদের একাংশ জানাচ্ছেন, শিশুর জন্মের পরের প্রথম ২৮ দিনকে বলা হয় নিওন্যাটাল পিরিয়ড। এই সময়ে শিশুর স্বাস্থ্যঝুঁকি সবচেয়ে বেশি থাকে। বিশেষত, অপরিণত অবস্থায় জন্মানো শিশুদের স্বাস্থ্যঝুঁকি আরও বেশি। মৃত্যুর আশঙ্কার পাশাপাশি এমন অনেক রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি তৈরি হয়, যার ভোগান্তি জীবনভর চলতে পারে। তাই এই সময়ে শিশুর স্বাস্থ্যের বাড়তি খেয়াল রাখা জরুরি।

    কেন ন্যাশনাল নিউবর্ন কেয়ার উইক পালন করা হবে?

    স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, দেশে শিশুমৃত্যুর ঘটনা খতিয়ে দেখে বোঝা গিয়েছে, বেশ কিছু ক্ষেত্রে খামতি থাকার জেরেই শিশুমৃত্যুর ঘটনা ঘটে। তাই সেই সব দিকে নজর রেখে দেশের ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ রাখতেই ন্যাশনাল নিউবর্ন কেয়ার উইক পালন করা হচ্ছে।

    এই কর্মসূচিতে কোন দিকে নজর দেওয়া হবে?

    হাসপাতালে প্রসবে বাড়তি গুরুত্ব!

    স্বাস্থ্য মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, সদ্যোজাতের স্বাস্থ্যঝুঁকি কমাতে হাসপাতালে প্রসবের দিকে বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে। জন্মের পরেই শিশুর পরিচর্যা জরুরি। তাই হাসপাতালে প্রসব হলে প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীরা সদ্যোজাতের পরিচর্যা করতে পারবেন। কারণ, সদ্যোজাতের রোগ প্রতিরোধ ক্ষমতা কম। সংক্রমণের ঝুঁকি মারাত্মক। তাই নানান ধরনের পরিচর্যা জরুরি।

    অপরিণত শিশুর বাড়তি যত্ন!

    অপরিণত অবস্থায় জন্মানো শিশুদের বিশেষ পরিবেশে ও বিশেষ পরিচর্যার প্রয়োজন হয়। নবজাতক মৃত্যুর ঘটনায় একটি বড় অংশ জুড়ে রয়েছে অপরিণত শিশুদের মৃত্যু। তাই অপরিণত শিশুর জন্ম ও তার পরবর্তী চিকিৎসার দিকে আরও বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।

    সদ্যোজাতকে স্তন্যপান করানোর গুরুত্ব!

    সদ্যোজাতকে স্তন্যপান করানোর বিষয়েও আরও বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। কারণ, শিশুর দীর্ঘ ও সুস্থ জীবনযাপনের জন্য মায়ের দুধ অপরিহার্য। মায়ের দুধ নবজাতকের একাধিক স্বাস্থ্যঝুঁকি কমাতে সাহায্য করে। তাই নবজাতকের যত্নের কর্মসূচিতে মায়েদের স্তন্যপান করানো নিয়ে সচেতনতা বাড়াতেও একাধিক কর্মসূচি চালানো হচ্ছে।

    সামগ্রিক সচেতনতা জরুরি!

    স্বাস্থ্যকর্তাদের একাংশ জানাচ্ছেন, শুধুই হাসপাতালের পরিকাঠামোগত উন্নতি নয়, সমাজের সামগ্রিক সচেতনতাও জরুরি। তবেই নবজাতকের মৃত্যু ঠেকানো যাবে। জন্মের পরে শিশু স্বাস্থ্যকেন্দ্র থেকে বাড়িতে যায়। সেই পরিবেশ স্বাস্থ্যকর হতে হবে। যারা শিশুর পরিচর্যা করবেন, তাঁদেরও স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন হতে হবে। তবেই এই সমস্যা আটকানো সম্ভব হবে।

    স্বাস্থ্য মন্ত্রকের তরফে তাই আশা কর্মী-সহ প্রথম সারির স্বাস্থ্যকর্মীদের এই বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। যাতে তাঁরা বাড়িতে গিয়ে গর্ভবতী মহিলাদের নবজাতকের যত্ন সম্পর্কে বোঝাতে পারেন। তবেই পরিস্থিতি সামাল দেওয়া সহজ হবে।

    নবজাতককে স্পর্শের বিষয়ে কেন বাড়তি গুরুত্ব?

    শিশুরোগ বিশেষজ্ঞদের একাংশ জানাচ্ছেন, নবজাতকদের স্বাস্থ্যসমস্যাগুলি বিশ্লেষণ করে দেখা গিয়েছে, স্পর্শের মাধ্যমে তারা নানান রোগে সংক্রামিত হতে পারে। তাই নবজাতকের সুস্বাস্থ্যের জন্য প্রত্যেকবার স্পর্শের আগে বাড়তি সতর্কতা অবলম্বনের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

    বিশেষজ্ঞরা জানাচ্ছেন, বাড়িতে অনেক সময় অপরিচ্ছন্ন হাতে নবজাতককে কোলে নেওয়া হয়। যা তার জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে। জন্মের পরের প্রথম ২৮ দিন তাকে বাড়তি যত্নে রাখতে হবে। কোলে নেওয়া বা স্পর্শ করার আগে হাত ও মুখ ভালোভাবে পরিষ্কার করতে হবে। পরিষ্কার জামাকাপড় পরতে হবে। সর্দি-কাশি বা হাঁচি হলে নবজাতকের ঘরে ঢোকাও উচিত নয়। কারণ, তাদের দ্রুত ফুসফুসের সংক্রমণে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক বেশি। শিশুমৃত্যুর নেপথ্যে নিউমোনিয়ার মতো ফুসফুসের সংক্রমণ অন্যতম গুরুত্বপূর্ণ কারণ। তাই এ বিষয়ে বিশেষ নজরদারি প্রয়োজন।

    শিশুরোগ বিশেষজ্ঞরা জানাচ্ছেন, গর্ভস্থ শিশুর ৩৭ সপ্তাহ পূর্ণ হওয়ার আগে জন্ম হলে তাকে অপরিণত অবস্থায় জন্মানো শিশু বলা হয়। তাদের ফুসফুসের গঠনও সম্পূর্ণ হয় না। ফলে তাদের সংক্রমণের ঝুঁকি আরও বেশি থাকে। তাই প্রাপ্তবয়স্কদের হাতের স্পর্শে বা গালের স্পর্শে তাদের শরীরে নানান ব্যাকটেরিয়া এবং ভাইরাস প্রবেশ করতে পারে। যা তাদের জন্য বিপজ্জনক। তাই সদ্যোজাতকে স্পর্শ করার আগে বাড়তি সতর্কতা জরুরি।

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও প্রত্যক্ষ সম্পর্ক নেই এবং প্রতিবেদনে উল্লিখিত কোনও তথ্য বা পরামর্শের দায় মাধ্যম নিচ্ছে না। এখানে দেওয়া কোনও উপদেশ অনুসরণ করার আগে অবশ্যই চিকিৎসক বা সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।

LinkedIn
Share