Tag: NavIC

  • ISRO NVS-03: আমজনতা থেকে সেনাবাহিনী, উপকৃত হবে কারা? এনভিএস-০৩ কেন ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ?

    ISRO NVS-03: আমজনতা থেকে সেনাবাহিনী, উপকৃত হবে কারা? এনভিএস-০৩ কেন ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ?

    সুশান্ত দাস

    মহাকাশ গবেষণায় আরও এক গুরুত্বপূর্ণ সাফল্য ভারতের। দীর্ঘদিন ধরে কার্যত অকেজো হয়ে পড়া দেশের নিজস্ব স্যাটেলাইটভিত্তিক নেভিগেশন ব্যবস্থা নেভিগেশন উইথ ইন্ডিয়ান কনস্টেলেশন বা সংক্ষেপে ‘নাবিক’-কে (NavIC) পুনরুজ্জীবিত করার পথে বড় পদক্ষেপ করল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো (ISRO)। শুক্রবার, ৩০ অক্টোবর রাত ১১টা ৫১ মিনিটে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে সফলভাবে উৎক্ষেপণ করা হল এনভিএস-০৩ (NVS-03) স্যাটেলাইট।

    ইসরোর দ্বিতীয় প্রজন্মের নেভিগেশন স্যাটেলাইট সিরিজের এই তৃতীয় উপগ্রহের সফল উৎক্ষেপণ দেশের নিজস্ব স্যাটেলাইট-নির্ভর পজিশনিং, নেভিগেশন এবং টাইমিং (PNT) পরিষেবা— অর্থাৎ ব্যক্তি বা বস্তুর অবস্থান নির্ণয়, নেভিগেশন ও সময় নির্ধারণের পরিষেবা ফের চালু করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

    চলতি বছরে এটি ইসরোর তৃতীয় মহাকাশ অভিযান। ইসরোর চেয়ারম্যান ভি নারায়ণন উৎক্ষেপণের পর সাংবাদিক বৈঠকে জানান, বর্তমানে ভারতের কাছে তিনটি কার্যকর নেভিগেশন স্যাটেলাইট রয়েছে। এনভিএস-০৩ সফলভাবে যুক্ত হওয়ায় ‘নাবিক’-এর পজিশনিং, নেভিগেশন এবং টাইমিং পরিষেবা পুনরায় চালু করার জন্য প্রয়োজনীয় ন্যূনতম সংখ্যক কার্যকর স্যাটেলাইট পাওয়া সম্ভব হবে।

    কেন গুরুত্বপূর্ণ ভারতের নিজস্ব ‘নাবিক’ ব্যবস্থা?

    ভারতের নিজস্ব নেভিগেশন ব্যবস্থা তৈরির ভাবনার পিছনে রয়েছে ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধের অভিজ্ঞতা। সেই সময় পাকিস্তানি সেনার গতিবিধি সম্পর্কে তথ্য পেতে সংঘর্ষপ্রবণ এলাকার মার্কিন জিপিএস (Global Positioning System) তথ্য ব্যবহারের চেষ্টা করেছিল ভারত। কিন্তু আমেরিকা সেই তথ্য দিতে অস্বীকার করে। এর ফলে যুদ্ধের মতো জরুরি পরিস্থিতিতে বিদেশি নিয়ন্ত্রণাধীন নেভিগেশন ব্যবস্থার উপর নির্ভরশীল থাকার ঝুঁকি স্পষ্ট হয়ে যায়।

    এই অভিজ্ঞতা থেকেই ভারত নিজস্ব আঞ্চলিক স্যাটেলাইট নেভিগেশন ব্যবস্থা তৈরির প্রয়োজনীয়তা অনুভব করে। ২০০৬ সালে সরকার ইন্ডিয়ান রিজিওনাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম (IRNSS) প্রকল্পে অনুমোদন দেয়। প্রাথমিক পরিকল্পনা ছিল সাতটি স্যাটেলাইট নিয়ে একটি নক্ষত্রমণ্ডল তৈরি করা। এর মধ্যে তিনটি স্যাটেলাইট থাকবে জিওস্টেশনারি অরবিটে এবং চারটি থাকবে ইনক্লাইন্ড জিওস্টেশনারি অরবিটে।

    ভূ-পৃষ্ঠ থেকে প্রায় ৩৫ হাজার কিলোমিটার উচ্চতায় পৃথিবীর বিষুবরেখার উপরে স্থির অবস্থানে থাকা কক্ষপথকে বলা হয় জিওস্টেশনারি অরবিট। অন্যদিকে, ইনক্লাইন্ড জিওস্টেশনারি অরবিটে হল এমন একটি কক্ষপথ, যা পৃথিবীর ঘূর্ণনের সঙ্গে সামঞ্জস্য রেখে আবর্তিত হলেও নিরক্ষরেখার তুলনায় কিছুটা হেলানো অবস্থায় থাকে।

    ২০১৩ সালের জুলাই মাসে আইআরএনএসএস-১এ উৎক্ষেপণের মাধ্যমে এই প্রকল্পের যাত্রা শুরু হয়। পরবর্তী ২০১৪ থেকে ২০১৬ সালের মধ্যে আরও ছয়টি স্যাটেলাইট উৎক্ষেপণ করে প্রাথমিক সাতটি উপগ্রহের নক্ষত্রমণ্ডল সম্পূর্ণ করে ইসরো। পরবর্তীকালে এই ব্যবস্থারই নামকরণ করা হয় ‘নাবিক’।

    কী কী কাজে ব্যবহার করা যায় ‘নাবিক’?

    ‘নাবিক’ শুধুমাত্র সাধারণ জিপিএস-এর বিকল্প নয়, এর রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ অসামরিক ও কৌশলগত ব্যবহার। এর মাধ্যমে যানবাহনের অবস্থান নির্ণয় ও ট্র্যাকিং, সামুদ্রিক নেভিগেশন, বিপর্যয় মোকাবিলা এবং সমুদ্রে মাছ ধরতে যাওয়া মৎস্যজীবীদের নিরাপত্তা সংক্রান্ত তথ্য পৌঁছে দেওয়া সম্ভব।

    এই ব্যবস্থায় মূলত দু’ধরনের পরিষেবা রয়েছে—

    • ● স্ট্যান্ডার্ড পজিশনিং সার্ভিস (এসপিএস): সাধারণ নাগরিক এবং অসামরিক ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত নেভিগেশন পরিষেবা।

    • ● রেসট্রিক্টেড সার্ভিস (আরএস): নির্দিষ্ট অনুমোদিত ব্যবহারকারীদের জন্য এনক্রিপ্টেড পরিষেবা। ভারতীয় সশস্ত্র বাহিনী-সহ কৌশলগত ক্ষেত্রে এই পরিষেবা ব্যবহার করা যায়।

    অর্থাৎ, দেশের সাধারণ নাগরিকের দৈনন্দিন নেভিগেশন থেকে শুরু করে সামরিক ক্ষেত্রে নির্ভুল অবস্থান নির্ণয়—দু’ক্ষেত্রেই ‘নাবিক’ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

    কেন প্রয়োজন হল দ্বিতীয় প্রজন্মের এনভিএস স্যাটেলাইট?

    প্রাথমিক আইআরএনএসএস স্যাটেলাইটগুলির উৎক্ষেপণ ২০১৬ সালের মধ্যেই সম্পূর্ণ হলেও সময়ের সঙ্গে সঙ্গে সেগুলির কার্যক্ষমতা কমতে শুরু করে। মহাকাশে থাকা স্যাটেলাইটগুলির মেয়াদ শেষ হওয়া এবং গুরুত্বপূর্ণ যন্ত্রাংশে ত্রুটি দেখা দেওয়ার কারণে ‘নাবিক’-এর পরিষেবা ক্রমশ দুর্বল হয়ে পড়ে।

    এই পরিস্থিতিতে পুরনো স্যাটেলাইটগুলির পরিবর্তে আরও উন্নত উপগ্রহ পাঠানোর পরিকল্পনা নেয় ইসরো। সেই পরিকল্পনার ভিত্তিতেই তৈরি হয় দ্বিতীয় প্রজন্মের নেভিগেশন স্যাটেলাইট বা এনভিএস (NVS) সিরিজ।

    নতুন প্রজন্মের স্যাটেলাইটগুলির অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি অ্যাটমিক ক্লক। পাশাপাশি, পুরনো এল৫ এবং এস ব্যান্ডের সঙ্গে নতুন করে যুক্ত করা হয়েছে এল১ ফ্রিকোয়েন্সি ব্যান্ড। এই এল১ ব্যান্ডের সংযোজন বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ, বিশ্বের অধিকাংশ সাধারণ নেভিগেশন ব্যবস্থা এবং স্মার্টফোনে এই ফ্রিকোয়েন্সি বহুল ব্যবহৃত হয়।

    ফলে এল১ সিগন্যাল যুক্ত হওয়ার কারণে ‘নাবিক’-এর সঙ্গে স্মার্টফোন এবং অন্যান্য বাণিজ্যিক নেভিগেশন ডিভাইসের সামঞ্জস্য বাড়তে পারে। সাধারণ মানুষের দৈনন্দিন ব্যবহারে দেশের নিজস্ব নেভিগেশন ব্যবস্থাকে আরও সহজলভ্য করে তোলার ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।

    কেন কার্যত অকেজো হয়ে পড়েছিল ‘নাবিক’?

    দ্বিতীয় প্রজন্মের স্যাটেলাইট পাঠানোর কাজ শুরু হলেও পুরনো স্যাটেলাইটগুলির একের পর এক যান্ত্রিক সমস্যার কারণে ‘নাবিক’-এর স্বাধীন পজিশনিং পরিষেবা কার্যত বন্ধ হয়ে যায়।

    ২০১৬ থেকে ২০১৭ সালের মধ্যে আইআরএনএসএস-১এ স্যাটেলাইটের তিনটি রুবিডিয়াম অ্যাটমিক ক্লক-ই বিকল হয়ে যায়। এর ফলে স্যাটেলাইটটি দিয়ে নির্ভুল অবস্থান নির্ণয়ের কাজ করা সম্ভব হয়নি। পরবর্তীকালে সেটিকে মূলত মেসেজিং পরিষেবার জন্য ব্যবহার করা হয়।

    অন্যদিকে, ২০২৬ সালের ১৩ মার্চ ইসরো জানায়, আইআরএনএসএস-১এফ স্যাটেলাইটের অনবোর্ড অ্যাটমিক ক্লক কাজ করা বন্ধ করে দিয়েছে। উল্লেখযোগ্য বিষয় হল, তার মাত্র তিন দিন আগেই স্যাটেলাইটটি তার নির্ধারিত ১০ বছরের কার্যক্ষমতার মেয়াদ সম্পূর্ণ করেছিল।

    একের পর এক স্যাটেলাইটে সমস্যা দেখা দেওয়ায় ‘নাবিক’-এর পিএনটি পরিষেবা দেওয়ার মতো কার্যকর উপগ্রহের সংখ্যা কমে দাঁড়ায় মাত্র তিনটিতে। সেগুলি হল আইআরএনএসএস-১বি, আইআরএনএসএস-১আই এবং এনভিএস-০১।

    কেন চারটি স্যাটেলাইট ছাড়া সম্ভব নয় নির্ভুল অবস্থান নির্ণয়?

    স্যাটেলাইট নেভিগেশন ব্যবস্থায় কোনও গ্রাহকের ত্রিমাত্রিক অবস্থান অর্থাৎ অক্ষাংশ, দ্রাঘিমাংশ ও উচ্চতা নির্ণয়ের জন্য অন্তত চারটি কার্যকর স্যাটেলাইটের সিগন্যাল প্রয়োজন। এর পাশাপাশি, নেভিগেশন রিসিভারের নিজস্ব ঘড়ির ত্রুটিও সংশোধন করতে হয়।

    সাধারণভাবে চারটি স্যাটেলাইটের সিগন্যাল ব্যবহার করে রিসিভার তার অবস্থান এবং সময় সংক্রান্ত ভুল হিসাব সংশোধন করতে পারে। কিন্তু ‘নাবিক’-এর ক্ষেত্রে পিএনটি পরিষেবা দেওয়ার মতো কার্যকর স্যাটেলাইটের সংখ্যা চারটির নীচে নেমে যাওয়ায় স্বাধীনভাবে অবস্থান নির্ণয়ের পরিষেবা ব্যাহত হয়।

    সেই জায়গাতেই এনভিএস-০৩-এর গুরুত্ব। ৩০ অক্টোবর জিএসএলভি-এফ১৮ (GSLV-F18) রকেটের মাধ্যমে সফল উৎক্ষেপণের পর এই স্যাটেলাইটটি কার্যকর হলে ‘নাবিক’-এর পিএনটি পরিষেবা পুনরুদ্ধারের জন্য প্রয়োজনীয় ন্যূনতম চারটি কার্যকর স্যাটেলাইটের সংখ্যা পূরণ হতে পারে।

    এরপর কী? প্রস্তুত এনভিএস-০৪ এবং এনভিএস-০৫

    এনভিএস-০৩-এর সফল উৎক্ষেপণই অবশ্য ‘নাবিক’-এর সম্পূর্ণ সক্ষমতা ফিরে পাওয়ার শেষ ধাপ নয়। ইসরোর পরিকল্পনায় রয়েছে আরও দুটি উন্নত নেভিগেশন স্যাটেলাইট—এনভিএস-০৪ এবং এনভিএস-০৫। ইসরো সূত্রে জানা গিয়েছে, এই দুটি স্যাটেলাইটও উৎক্ষেপণের জন্য প্রস্তুত করা হচ্ছে এবং শীঘ্রই মহাকাশে পাঠানো হবে। এই স্যাটেলাইটগুলি যুক্ত হলে ‘নাবিক’-এর পরিষেবার নির্ভরযোগ্যতা ও কার্যক্ষমতা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

    সব মিলিয়ে, এনভিএস-০৩-এর সফল উৎক্ষেপণ ভারতের মহাকাশ গবেষণার পাশাপাশি দেশের প্রযুক্তিগত ও কৌশলগত স্বনির্ভরতার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কার্গিল যুদ্ধের অভিজ্ঞতা থেকে যে নিজস্ব নেভিগেশন ব্যবস্থার প্রয়োজনীয়তা অনুভূত হয়েছিল, প্রায় আড়াই দশক পর সেই ব্যবস্থাকে আরও শক্তিশালী করে তোলার পথে এগোল ভারত। এবার নজর এনভিএস-০৩-এর কার্যকর হয়ে ওঠা এবং পরবর্তী দুই স্যাটেলাইটের উৎক্ষেপণের দিকে।

  • NVS-03 Launch: ন্যাভিককে পুনরুজ্জীবিত করতে শুক্রে ইসরোর-র এনভিএস-০৩ উৎক্ষেপণ, এবার নতুন কৌশলে নজর মহাকাশ বিজ্ঞানীদের

    NVS-03 Launch: ন্যাভিককে পুনরুজ্জীবিত করতে শুক্রে ইসরোর-র এনভিএস-০৩ উৎক্ষেপণ, এবার নতুন কৌশলে নজর মহাকাশ বিজ্ঞানীদের

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতের নিজস্ব স্যাটেলাইট-ভিত্তিক নেভিগেশন ব্যবস্থা ‘ন্যাভিক’ (NavIC)-কে ফের সক্রিয় ও শক্তিশালী করতে বড় পদক্ষেপ নিতে চলেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো (ISRO)। আগামী ৩০ অক্টোবর, শুক্রবার রাত ১১টা ৫১ মিনিটে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হবে নেভিগেশন স্যাটেলাইট এনভিএস-০৩ (NVS-03 Launch)। জিএসএলভি-এফ১৮ (GSLV-F18) রকেটের মাধ্যমে মহাকাশে পাঠানো হবে এই স্যাটেলাইট। ভারতের জিএসএলভি রকেটের এটি ২০তম উড়ান। প্রায় ৫০ মিটার লম্বা এবং উৎক্ষেপণের সময় প্রায় ৪২০ টন ওজনের এই রকেটের মাধ্যমে প্রায় ২,২৫০ কেজি ওজনের এনভিএস-০৩-কে জিওসিঙ্ক্রোনাস ট্রান্সফার অরবিটে স্থাপন করা হবে।

    কেন ভালভ নিয়ে বাড়তি সতর্কতা?

    গত বছর এনভিএস-০২ (NVS-02) স্যাটেলাইট উৎক্ষেপণের পর একটি গুরুত্বপূর্ণ ভালভ না খোলায় স্যাটেলাইটটির (ISRO NVS-03 Satellite) প্রপালশন ব্যবস্থা প্রত্যাশিতভাবে কাজ করতে পারেনি। এর ফলে স্যাটেলাইটটি নির্ধারিত কক্ষপথে পৌঁছতে ব্যর্থ হয় এবং কক্ষপথেই আটকে থাকে। এই সমস্যার পুনরাবৃত্তি ঠেকাতেই উৎক্ষেপণের আগেই এনভিএস-০৩ (NVS-03)-এর পাইরোটেকনিক ভালভ খুলে রাখার পরিকল্পনা করেছে ইসরো। উৎক্ষেপণের আগেই ভালভ খুলে রাখলে পরবর্তী সময়ে সেই ভালভ খোলার ক্ষেত্রে সম্ভাব্য যান্ত্রিক সমস্যা এড়ানো যেতে পারে বলে আশা করা হচ্ছে। তবে এর ফলে উৎক্ষেপণের সময় চাপের পরিবর্তন বা জ্বালানি ও গ্যাস লিকের মতো ঝুঁকি তৈরি হতে পারে কি না, তা-ও গুরুত্বপূর্ণ বিষয়। নতুন পদ্ধতির কার্যকারিতা নির্ভর করবে উৎক্ষেপণের সময় সংশ্লিষ্ট ব্যবস্থাগুলি কতটা নির্ভরযোগ্যভাবে কাজ করছে, তার উপর।

    কেন গুরুত্বপূর্ণ এনভিএস-০৩ উৎক্ষেপণ?

    ভারতের নিজস্ব আঞ্চলিক ন্যাভিগেশন ব্যবস্থা (Indian Regional Navigation Satellite System)-এর আধুনিক সংস্করণ হল ন্যাভিঅ্যাক (Navigation with Indian Constellation)। দেশের ভৌগোলিক সীমানার পাশাপাশি তার বাইরে প্রায় ১,৫০০ কিলোমিটার পর্যন্ত এলাকায় অবস্থান নির্ণয়, দিকনির্দেশ এবং সময় নির্ধারণের পরিষেবা দেওয়ার লক্ষ্যেই এই ব্যবস্থা তৈরি করা হয়েছে। এর ফলে আমেরিকার জিপিএস-সহ বিদেশি ন্যাভিগেশন ব্যবস্থার উপর নির্ভরতা কমানো সম্ভব।

    কী কী বিশেষত্ব রয়েছে এনভিএস-০৩ স্যাটেলাইটে?

    ভারতের নিজস্ব নেভিগেশন ব্যবস্থা ‘ন্যাভিক’-এর পরবর্তী প্রজন্মের স্যাটেলাইট সিরিজের অংশ এনভিএস-০৩। এই সিরিজের মূল লক্ষ্য, দেশের নেভিগেশন পরিষেবার ধারাবাহিকতা বজায় রাখা এবং ব্যবস্থাটিকে আরও কার্যকর করে তোলা। এনভিএস-০৩-এ থাকছে দেশীয় প্রযুক্তিতে তৈরি একটি পারমাণবিক ঘড়ি (Atomic Clock), পাশাপাশি সংগ্রহ করা অন্যান্য ঘড়িও। স্যাটেলাইটটিতে আগে ব্যবহৃত এল৫ ও এস ব্যান্ডের সিগন্যালের পাশাপাশি যুক্ত হচ্ছে এল১ সিগন্যাল। এর ফলে আরও বেশি ধরনের ব্যবহারকারীর যন্ত্রের সঙ্গে ন্যাভিকের সামঞ্জস্য বাড়তে পারে। বিশেষ করে সাধারণ নাগরিকদের নেভিগেশন পরিষেবা এবং কৌশলগত ক্ষেত্রে এই প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।

    কেন গুরুত্বপূর্ণ এই উৎক্ষেপণ?

    ভারতের নিজস্ব আঞ্চলিক নেভিগেশন ব্যবস্থা ন্যভিঅ্যাক বর্তমানে একাধিক সমস্যার মুখে। পুরনো হয়ে যাওয়া স্যাটেলাইট, পারমাণবিক ঘড়ির ত্রুটি এবং নতুন স্যাটেলাইট পাঠানোর ক্ষেত্রে ব্যর্থতার কারণে এই ব্যবস্থায় কার্যকর স্যাটেলাইটের সংখ্যা প্রয়োজনের তুলনায় কমে গিয়েছে। ফলে পর্যাপ্ত সংখ্যক কার্যকর স্যাটেলাইটের মাধ্যমে স্বতন্ত্র অবস্থান নির্ণয় পরিষেবা দেওয়ার ক্ষেত্রে সমস্যা তৈরি হয়েছে। কেন্দ্রীয় সরকারের বক্তব্য অনুযায়ী, মৌলিক অবস্থান নির্ণয়ের পরিষেবা দিতে কক্ষপথে অন্তত চারটি সচল উপগ্রহ প্রয়োজন। ২০১৬ সালের মার্চে উৎক্ষেপিত আইআরএনএসএস-১এফ (IRNSS-1F) স্যাটেলাইটের পারমাণবিক ঘড়িতে ত্রুটি দেখা দেওয়াও ন্যাভিকের সমস্যাগুলির অন্যতম কারণ। যদিও বিভিন্ন সামাজিক প্রয়োজনে স্যাটেলাইটটির কক্ষপথে থাকা অবস্থায় পরিষেবা দেওয়ার বিষয়টি নিয়ে ইসরো আশ্বাস দিয়েছে।

    কী ঘটেছিল এনভিএস-০২ তে

    এর আগে ২০২৫ সালের ২৯ জানুয়ারি জিএসএলভি এফ-১৫ (GSLV-F15) রকেটে উৎক্ষেপণ করা হয়েছিল এনভিএস-০২ কে। উপগ্রহটি সফলভাবে রকেট থেকে বিচ্ছিন্ন হয় এবং তার সৌরপ্যানেলও খুলে যায়। কিন্তু নির্দিষ্ট কক্ষপথে পৌঁছনোর জন্য প্রয়োজনীয় অরবিট-রেইজিং প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হয়নি। ইসরোর বিশেষজ্ঞ কমিটির তদন্তে জানা যায়, উপগ্রহের অরবিট-রেইজিং ইঞ্জিনের অক্সিডাইজার লাইনের পাইরো ভালভে প্রয়োজনীয় ড্রাইভ সিগন্যাল পৌঁছয়নি। ফলে ইঞ্জিন চালু করা যায়নি। মূল ও বিকল্প—দুই সংযোগপথের অন্তত একটি করে কন্ট্যাক্ট বিচ্ছিন্ন হয়ে যাওয়াই এর সম্ভাব্য কারণ বলে মনে করা হয়। এই ধরনের ত্রুটি যাতে ভবিষ্যতে না ঘটে, তার জন্য সংযোগ ব্যবস্থার নির্ভরযোগ্যতা ও বিকল্প ব্যবস্থার কার্যকারিতা বাড়ানোর সুপারিশ করেছে কমিটি। ইসরোর দাবি, সেই সুপারিশ অনুযায়ী প্রয়োজনীয় সংশোধন ইতিমধ্যেই করা হয়েছে।

    এনভিএস-০৩ সফল হলেও এখনই স্বস্তি নয়

    এনভিএস-০৩ সফলভাবে উৎক্ষেপণ করা গেলে ন্যভিঅ্যাক-এর উপগ্রহভিত্তিক পরিকাঠামো আরও শক্তিশালী হবে। কিন্তু শুধু উৎক্ষেপণ সফল হলেই যে ন্যাভিগেশন পরিষেবা পুরোপুরি ফিরে আসবে, তা নয়। উপগ্রহটিকে প্রথমে নির্ধারিত কক্ষপথে পৌঁছতে হবে, প্রয়োজনীয় কক্ষপথ পরিবর্তনের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এবং পরিষেবা দেওয়ার উপযুক্ত কি না, তা যাচাই করতে হবে।

    সামনে কী পরিকল্পনা ইসরোর?

    শুধু এনভিএস-০৩ উৎক্ষেপণ করলেই ন্যাভিকের সমস্ত সমস্যা মিটে যাবে না। ব্যবস্থাটিকে আরও নির্ভরযোগ্য করে তুলতে প্রয়োজন অতিরিক্ত কার্যকর স্যাটেলাইট। সরকারি সূত্র অনুযায়ী, এনভিএস-০৪ ও এনভিএস-০৫ স্যাটেলাইট তৈরির কাজও উন্নত পর্যায়ে রয়েছে। ফলে আগামী দিনে পরবর্তী স্যাটেলাইটগুলির সফল উৎক্ষেপণ এবং কক্ষপথে সেগুলির কার্যকারিতা নিশ্চিত করাই ন্যাভিককে আরও শক্তিশালী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হবে। এনভিএস-০৩-এর উৎক্ষেপণ সেই পুনর্গঠন প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে চলেছে।

     

     

     

     

  • NavIC: বন্ধ অ্যাটমিক ক্লক, সমস্যায় ‘নেভিক’ নেভিগেশন ব্যবস্থা! মহাকাশভিত্তিক দিকনির্ণয় নিয়ে নতুন ভাবনায় ইসরো

    NavIC: বন্ধ অ্যাটমিক ক্লক, সমস্যায় ‘নেভিক’ নেভিগেশন ব্যবস্থা! মহাকাশভিত্তিক দিকনির্ণয় নিয়ে নতুন ভাবনায় ইসরো

    মাধ্যম নিউজ ডেস্ক: দিন দিন কমছে কৃত্রিম উপগ্রহের সংখ্যা। ফলে মহাকাশভিত্তিক দিকনির্ণয় নিয়ে ঘোর সঙ্কটে ভারত! এই পরিস্থিতি চলতে থাকলে সেনার পক্ষে দূরপাল্লার ক্ষেপণাস্ত্রে শত্রুকে নিশানা করা হবে দুষ্কর। ভারতের স্বদেশি স্যাটেলাইট নেভিগেশন ব্যবস্থা ‘নেভিক’ বড় ধাক্কার মুখে পড়েছে। ইসরো জানিয়েছে (ISRO) আইআরএনএসএস-১এফ (IRNSS-1F) স্যাটেলাইটের শেষ কার্যকর অ্যাটমিক ক্লকটি গত ১৩ মার্চ অর্থাৎ শুক্রবার বিকল হয়ে গিয়েছে। এর ফলে স্যাটেলাইটটি আর সুনির্দিষ্ট ন্যাভিগেশন পরিষেবা দিতে পারবে না।

    স্যাটেলাইটের মেয়াদ শেষের পরেই ব্যর্থতা

    ২০১৬ সালের মার্চে উৎক্ষেপণ করা আইআরএনএসএস-১এফ (IRNSS-1F) স্যাটেলাইটটি ১০ মার্চ ২০২৬-এ তার নির্ধারিত ১০ বছরের মিশন লাইফ পূর্ণ করে। তার মাত্র তিন দিন পরই এতে থাকা শেষ রুবিডিয়াম অ্যাটমিক ক্লক কাজ করা বন্ধ করে দেয়। ইসরো জানিয়েছে, স্যাটেলাইটটি কক্ষপথে সক্রিয় থাকলেও এখন থেকে এটি শুধু ওয়ান-ওয়ে ব্রডকাস্ট মেসেজিং সার্ভিস প্রদান করবে।

    ‘নেভিক’ নেটওয়ার্কে বড় সমস্যা

    ভারতের আঞ্চলিক নেভিগেশন ব্যবস্থা ‘নেভিক’ (NavIC) নির্ভরযোগ্যভাবে কাজ করার জন্য কমপক্ষে ৪টি স্যাটেলাইটে পজিশন, নেভিগেশন এবং সময় পরিষেবা থাকা প্রয়োজন। আইআরএনএসএস-১এফ (IRNSS-1F) অকেজো হওয়ায় এখন পূর্ণাঙ্গ নেভিগেশন পরিষেবা দিতে সক্ষম স্যাটেলাইটের সংখ্যা কমে দাঁড়িয়েছে মাত্র ৩টি। ফলে ভারতের বিস্তীর্ণ অঞ্চল ও আশপাশের এলাকায় কভারেজ এবং নির্ভরযোগ্যতায় বড় ফাঁক তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

    অ্যাটমিক ক্লকই মূল সমস্যা

    স্যাটেলাইট নেভিগেশন ব্যবস্থায় অ্যাটমিক ক্লক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ঘড়ি স্যাটেলাইট থেকে সিগন্যাল পৃথিবীতে পৌঁছতে কত সময় লাগে তা মাপে। এতে সামান্য ত্রুটিও অবস্থান নির্ণয়ে শত শত কিলোমিটার পর্যন্ত ভুল তৈরি করতে পারে।  আইআরএনএসএস-১এফ (IRNSS-1F)-এ মোট তিনটি রুবিডিয়াম অ্যাটমিক ক্লক ছিল। এর মধ্যে দুটি আগেই বিকল হয়ে গিয়েছিল এবং শেষ ব্যাকআপ ক্লকটিই এতদিন সিস্টেমটি চালু রেখেছিল। ২০১৩ সাল থেকে নেভিক (NavIC) কর্মসূচিতে মোট ১১টি স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত ৮টি স্যাটেলাইট নেভিগেশন পরিষেবার জন্য অকার্যকর হয়ে গিয়েছে।

    পরিষেবায় প্রভাব পড়ার আশঙ্কা

    সরকারি সূত্রে জানা গেছে, নেভিক (NavIC) ব্যবস্থার উপর নির্ভরশীল বিভিন্ন পরিষেবা—যেমন রিয়েল-টাইম ট্রেন ট্র্যাকিং, দুর্যোগ ব্যবস্থাপনা, মৎস্যজীবীদের নেভিগেশন, সামরিক অপারেশন এসব ক্ষেত্রেই প্রভাব পড়তে পারে। বিশেষজ্ঞদের মতে, নতুন স্যাটেলাইট দ্রুত উৎক্ষেপণ না করা হলে ভারতের স্বদেশি নেভিগেশন ব্যবস্থার নির্ভরযোগ্যতা বড় চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।

LinkedIn
Share