মাধ্যম নিউজ ডেস্ক: ভারতের সামরিক অভিযানের আশঙ্কায় পাকিস্তানে নিজেদের অবস্থান বদল করতে বাধ্য হল দুই কুখ্যাত জঙ্গি নেতা হাফিজ সইদ ও মাসুদ আজহার। গত এক সপ্তাহের মধ্যে তাঁদের গোপনে নতুন ঠিকানায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে (Pakistan) বলে গোয়েন্দা সূত্রের দাবি। বর্তমানে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের নিয়ন্ত্রণাধীন কড়া নিরাপত্তাবেষ্টিত গোপন আস্তানায় রাখা (Security Fears) হয়েছে তাঁদের।
গোয়েন্দা সূত্রের খবর, লস্কর-ই-তইবার প্রধান হাফিজ সইদকে লাহোরের জোহর টাউন থেকে সরিয়ে রাওয়ালপিন্ডির গ্যারিসন গ্রাউন্ড এলাকায় নিয়ে যাওয়া হয়েছে। পাকিস্তানের সেনা সদর দফতরের কাছাকাছি এই এলাকায় নিরাপত্তার কড়াকড়ি অত্যন্ত বেশি। অন্যদিকে, জইশ-ই-মহম্মদের প্রধান মাসুদ আজহারকে রাখা হয়েছে সিন্ধ প্রদেশের নওয়াবশাহের একটি গোপন নিরাপদ আস্তানায়।
ভয়ে রয়েছেন জঙ্গি নেতারা! (Pakistan)
কেন আচমকা এই স্থান পরিবর্তন? গোয়েন্দা সূত্রের ব্যাখ্যা, ভারতের সাম্প্রতিক সামরিক অভিযান ‘অপারেশন সিঁদুরে’ পাকিস্তানের একাধিক গুরুত্বপূর্ণ জঙ্গি পরিকাঠামো ধ্বংস হওয়ার পর থেকেই আতঙ্কে রয়েছে ওই দুই জঙ্গি সংগঠন। নতুন করে ভারতের সম্ভাব্য সামরিক হামলার আশঙ্কার পাশাপাশি পাকিস্তানের মাটিতে গত কয়েক মাসে একাধিক ভারতবিরোধী জঙ্গি নেতার অজ্ঞাতপরিচয় বন্দুকধারীদের হাতে নিহত হওয়ার ঘটনাও উদ্বেগ বাড়িয়েছে। সেই কারণেই দুই নেতার নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে বলে দাবি গোয়েন্দাদের।
নিরাপত্তার কারণে লস্কর সদস্যদের সঙ্গে সরাসরি দেখা করাও বন্ধ করে দিয়েছেন হাফিজ সইদ। এখন তিনি মূলত অডিয়ো বার্তার মাধ্যমে সংগঠনের সদস্যদের সঙ্গে যোগাযোগ রাখছেন। তাঁর গতিবিধির উপরও কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
যদিও পাক সরকারের দাবি, সন্ত্রাসবাদে অর্থ জোগানের মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর লাহোরের কোট লাখপত জেলে সাজা কাটাচ্ছেন সইদ। তবে ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলির দাবি, এই বক্তব্যের আড়ালে প্রকৃত তথ্য গোপন করা হচ্ছে। তাঁদের মতে, জেলে থাকার পরিবর্তে নিরাপদ আস্তানায় বহাল তবিয়তেই রয়েছেন লস্কর প্রধান।
‘অপারেশন সিঁদুরে’র ধাক্কা
অন্যদিকে, ‘অপারেশন সিঁদুরে’র ধাক্কা এখনও সামলে উঠতে পারেনি জইশ-ই-মহম্মদ। বাহাওয়ালপুরে সংগঠনটির প্রধান ঘাঁটি মার্কাজ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই ঘটনার পর থেকেই সংগঠনটি নতুন করে (Pakistan) শক্তি সঞ্চয় এবং সাংগঠনিক কাঠামো পুনর্গঠনের চেষ্টা চালাচ্ছে বলে গোয়েন্দা সূত্রের খবর।
মাসুদ আজহারও এখন সংগঠনের সদস্যদের সঙ্গে সরাসরি যোগাযোগ এড়িয়ে চলছেন। তাঁর যোগাযোগ সীমাবদ্ধ রয়েছে হাতে গোনা কয়েকজন বিশ্বস্ত ব্যক্তির মধ্যে। এই তালিকায় সংগঠনের কয়েকজন শীর্ষ কমান্ডারও রয়েছেন বলে জানা গিয়েছে।
উল্লেখ্য, রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ ইতিমধ্যেই হাফিজ সইদ ও মাসুদ আজহার—দু’জনকেই আন্তর্জাতিক সন্ত্রাসবাদী হিসেবে চিহ্নিত করেছে। ২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বইয়ে ভয়াবহ জঙ্গি হামলা-সহ ভারতের একাধিক সন্ত্রাসবাদী হামলার ঘটনায় অভিযুক্ত হাফিজ সইদ। অন্যদিকে, পুলওয়ামা, পাঠানকোট এবং সংসদ হামলার নেপথ্যে অন্যতম প্রধান ষড়যন্ত্রকারী হিসেবে নাম রয়েছে (Security Fears) মাসুদ আজহারের।
সব মিলিয়ে গোয়েন্দা সূত্রের দাবি, আপাতত কারাগারে নয়, বরং পাকিস্তানের গোয়েন্দা সংস্থার প্রত্যক্ষ নিরাপত্তা ও নজরদারিতে গোপন আস্তানায় রয়েছেন ভারতের এই দুই মোস্ট ওয়ান্টেড জঙ্গি (Pakistan) নেতা।
