Tag: Neeraj Chopra

Neeraj Chopra

  • Commonwealth Games 2026: জোড়া সোনা, কমনওয়েলথ গেমসে জুডোয় ঐতিহাসিক সাফল্য ভারতের! রুপো জিতলেন নীরজ, ডেকাথলনে ব্রোঞ্জ

    Commonwealth Games 2026: জোড়া সোনা, কমনওয়েলথ গেমসে জুডোয় ঐতিহাসিক সাফল্য ভারতের! রুপো জিতলেন নীরজ, ডেকাথলনে ব্রোঞ্জ

    মাধ্যম নিউজ ডেস্ক: রীতিমতো চমক দিয়ে জুডোতে জোড়া সোনা জয় ভারতের। দেশের প্রথম জুডোকা হিসেবে কমনওয়েলথ গেমসে (Commonwealth Games 2026) সেরার মুকুট পরলেন ত্রিপুরার বাঙালি মেয়ে অস্মিতা দে। তার কয়েক মিনিটের মধ্যেই অপর সোনাটি জেতেন হর্ষ সিং। এছাড়াও এই ইভেন্টে মহিলাদের ৫৭ কেজি বিভাগে রুপো জিতলেন যামিনী মৌর্য। শুক্রবার সবার নজর অবশ্য ছিল জ্যাভেলিন থ্রোয়ে নীরজ চোপড়ার দিকে। কিন্তু, আশা জাগিয়েও সোনা হাতছাড়া ভারতীয় তারকার। প্রতিকূল আবহাওয়ার চ্যালেঞ্জ সামলে ৮৫.৮৩ মিটারের থ্রোয়ে রুপো জিতলেন তিনি। এদিন, জ্যাভলিনে ডাবল পোডিয়াম ভাগ করে নিল ভারত। ব্রোঞ্জ জিতে চমক দিলেন ভারতের যশবীর সিং (৮৫.৪১)।

    বাবাকে সোনা উৎসর্গ অস্মিতার

    গ্লাসগোয় জুডোর ম্যাটে এদিন যথার্থ অর্থেই আলো ছড়িয়েছেন ভারতীয়রা। মহিলাদের ৪৮ কেজি বিভাগে হাড্ডাহাড্ডি ফাইনালে অস্মিতা হারালেন কানাডার হিডি কোয়াচকে। নির্ধারিত সময়ের লড়াই ১-১ থাকার পর গোল্ডেন স্কোরে বাজিমাত (২-১) করেন তিনি। পুরস্কার প্রদানের সময় জাতীয় সংগীত বেজে উঠতেই আবেগে চোখ ছলছল করল দক্ষিণ ত্রিপুরা জেলার ছোট্ট শহর বিলোনিয়ায় বেড়ে ওঠা জুডোকার। বাবা অর্জুন কুমার ছিলেন সাইকেল মেকানিক। গত ডিসেম্বরেই মারা গিয়েছেন তিনি। গেমসের সোনা তাঁকেই উৎসর্গ করলেন কন্যা। অস্মিতার কথায়, ‘এই দিনটার অপেক্ষাতেই ছিলাম। অবশেষে স্বপ্ন সফল। জুডো থেকে দেশকে প্রথম কমনওয়েলথ গেমস সোনা এনে দিতে পেরে আমি ধন্য। মাত্র ৮ মাস আগে বাবাকে হারিয়েছি। এই সাফল্য তাঁকেই উৎসর্গ করছি।’

    সোনার ছেলে হর্ষ সিং

    পুরুষদের ৬০ কেজি বিভাগে সোনা জয়ের পথে হর্ষ সিং ১০-০ পয়েন্টে উড়িয়ে দেন অস্ট্রেলিয়ার জোসুয়া কাটজকে। কেরিয়ারে এই প্রথম কমনওয়েলথ গেমসে খেলতে নেমেছিলেন হর্ষ। আর অভিষেকেই বাজিমাত করলেন। অলিম্পিয়ান জোশুয়া কাটজ়কে এই বিভাগের অন্যতম সেরা এবং সোনা জয়ের সবচেয়ে বড় দাবিদার হিসেবে ধরা হচ্ছিল। কিন্তু ঠান্ডা মাথায় ছক কষে লড়াই করে চমক দিলেন হর্ষ। হাড্ডাহাড্ডি লড়াইয়ে দীর্ঘক্ষণ কেউই সে ভাবে সুবিধা পাননি। ম্যাচ শেষ হওয়ার মাত্র ৪১ সেকেন্ড আগে দুর্দান্ত একটি ওয়াজা-আরি (Waza-ari) মুভে এগিয়ে যান হর্ষ। জুডোয় এটি দ্বিতীয় সর্বোচ্চ স্কোরিং টেকনিক। এর পরে শেষ মুহূর্ত পর্যন্ত লিড ধরে রেখে সোনার পদক নিশ্চিত করেন তিনি।

    লড়াই করেও রুপোতেই থামলেন যামিনী

    সোনা জিতে ইতিহাস গড়েছিলেন অস্মিতা দে। নজর ছিল আর এক মহিলা জুডোকা যামিনী মৌর্যর দিকেও। ৫৭ কেজি বিভাগের ফাইনালে দারুণ লড়াই করেও ইংল্যান্ডের অ্যাসেলিয়া টোপ্রাকের কাছে হেরে যান তিনি। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরে ম্যাচ গড়ায় গোল্ডেন স্কোরে। অবশেষে পেনাল্টিতে বাজিমাত করে যামিনীকে হারিয়ে সোনা জেতেন টোপ্রাক। রুপো জেতেন যামিনী।

    দুই ভিন্ন ইভেন্টে পদকজয়ী প্রথম ভারতীয় অ্যাথলিট

    ২০২৬ কমনওয়েলথ গেমসে ভারতের অ্যাথলেটিক্সে আরও এক গৌরবময় অধ্যায় যোগ করলেন তেজস্বিন শঙ্কর (Tejaswin Shankar)। শুক্রবার গভীর রাতে (ভারতীয় সময়) পুরুষদের ডেকাথলনে ব্রোঞ্জ পদক জিতে ইতিহাস গড়লেন তিনি। এর ফলে কমনওয়েলথ গেমসের ইতিহাসে দুই ভিন্ন ইভেন্টে পদকজয়ী প্রথম ভারতীয় অ্যাথলিট হয়ে উঠলেন তেজস্বিন। এর আগে ২০২২ সালের বার্মিংহাম কমনওয়েলথ গেমসে পুরুষদের হাই জাম্পে ব্রোঞ্জ জিতেছিলেন তিনি। হাই জাম্পার থেকে ডেকাথলিটে রূপান্তরিত হওয়া তেজস্বিন গ্লাসগোতে ১০টি ইভেন্ট মিলিয়ে মোট ৭,৯৭৬ পয়েন্ট সংগ্রহ করে তৃতীয় স্থান অর্জন করেন। মাত্র ২৪ পয়েন্টের জন্য তিনি ৮,০০০ পয়েন্টের ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করতে পারেননি। সোনা জিতেছেন গ্রেনাডার ভিক্টর লিন্ডন (৮,০৯৬), আর কানাডার ড্যামিয়ান ওয়ার্নার (৮,০৩৬) জিতেছেন রুপো।

    বক্সিং রিংয়ে তেরঙা ঝড়

    বক্সিং রিংয়েও বইল তেরঙা ঝড়। এই ইভেন্ট থেকে সবচেয়ে পদক জিততে চলেছে ভারত। পুরুষ ও মহিলা মিলিয়ে মোট ১০ জন বক্সার সেমি-ফাইনালে পৌঁছে আগেই তা নিশ্চিত করেছিলেন। শুক্রবার তাঁদের প্রত্যেকেই ফাইনালে জায়গা পাকা করলেন। দুরন্ত পারফরম্যান্সে সোনা জয়ের আশা উজ্জ্বল করলেন লভলিনা বড়গোঁহাই, অঙ্কুশ পাঙ্ঘাল, প্রীতি পাওয়ার, জাসমিন লাম্বোরিয়া, অরুন্ধতী চৌধুরি, জাদুমনি সিং, সাক্ষী চৌধুরি, প্রিয়া গাংহাস, শচীন সিওয়াচ ও নরেন্দ্র বেরওয়াল। আর ফাইনালে হারলেও নিদেনপক্ষে রুপো নিশ্চিত তাঁদের। এদিকে, পুরুষদের ১১০ কেজি ভারোত্তোলনে অল্পের জন্য সোনা হাতছাড়া হওয়ার আক্ষেপ ভুলতে পারছেন না লাভপ্রীত সিং। দুরন্ত পারফরম্যান্স করেও রুপোতে সন্তুষ্ট থাকতে হয় নেভি জওয়ানকে। স্ন্যাচ এবং ক্লিন-জার্ক মিলিয়ে লাভপ্রীত তোলেন ৩৮৮ কেজি ওজন।

    জ্যাভলিনে জয়যাত্রা

    নীরজের কমনওয়েলথ যাত্রা বরাবরই বিশেষ। ২০১৮ সালের গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমস (Gold Coast Commonwealth Games)-এ ৮৬.৪৭ মিটার থ্রো করে তিনি সোনা জিতে এই ইভেন্টে প্রথম ভারতীয় হিসেবে চ্যাম্পিয়ন হওয়ার নজির গড়েছিলেন। যদিও ২০২২ সালের বার্মিংহাম কমনওয়েলথ গেমস (Birmingham Commonwealth Games)-এ চোটের কারণে অংশ নিতে পারেননি। ২০২৬ সালে প্রত্যাবর্তনের মঞ্চে সোনা না এলেও রুপোর পদক জিতে আবারও প্রমাণ করলেন, বিশ্ব অ্যাথলেটিক্সে ভারতের অন্যতম নির্ভরযোগ্য নাম এখনও নীরজ চোপড়াই। আর যশবীরের ব্রোঞ্জ ভারতের ভবিষ্যৎ জ্যাভলিন শক্তির দিকেও স্পষ্ট ইঙ্গিত দিল। এই ফলাফলের মাধ্যমে কমনওয়েলথ গেমসের পুরুষদের জ্যাভলিনে নতুন ইতিহাস গড়ল ভারত। প্রথমবার একই আসরে দুই ভারতীয় অ্যাথলিট পদক জিতে দেশের অ্যাথলেটিক্সে নতুন মাইলফলক তৈরি করলেন।

    পদক তালিকায় কোথায় ভারত

    গ্লাসগো কমনওয়েলথ গেমসে ভারতের পদক জয়ের রথ দুরন্ত গতিতে এগিয়ে চলেছে। পুরুষদের জ্যাভেলিন থ্রোতে নীরজ চোপড়ার রুপো এবং যশ বীর সিংয়ের ব্রোঞ্জ জয়ের পর ভারতের মোট পদক সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩। ভারতের ঝুলিতে এখন ৫টি সোনা, ১২টি রুপো এবং ৬টি ব্রোঞ্জ রয়েছে। এই সাফল্যের সুবাদে পদক তালিকায় ভারত দশম স্থানে দাঁড়িয়ে রয়েছে।

  • Commonwealth Games 2026: লভপ্রীতের রুপো, সীমার ব্রোঞ্জ! পাকিস্তানের আরশাদ নাদিমকে পিছনে ফেলে জ্যাভলিন ফাইনালে নীরজ-সহ ভারতের ৩

    Commonwealth Games 2026: লভপ্রীতের রুপো, সীমার ব্রোঞ্জ! পাকিস্তানের আরশাদ নাদিমকে পিছনে ফেলে জ্যাভলিন ফাইনালে নীরজ-সহ ভারতের ৩

    মাধ্যম নিউজ ডেস্ক: গ্লাসগোয় অনুষ্ঠিত কমনওয়েলথ গেমস ২০২৬-এর অষ্টম দিনে বৃহস্পতিবার ভারতের ঝুলিতে যোগ হল আরও দুটি পদক। পুরুষদের ১১০ প্লাস কেজি ভারোত্তোলন ইভেন্টে দুরন্ত পারফরম্যান্স করে লভপ্রীত সিং রৌপ্য পদক জয় করেছেন। অন্যদিকে, মহিলাদের ডিসকাস থ্রো-তে সীমা কালিরামনা ব্রোঞ্জ পদক জিতে ভারতের সাফল্যে নতুন মাত্রা যোগ করেছেন। এদিকে, কমনওয়েলথ গেমসের (Commonwealth Games 2026) জ্যাভলিন ইভেন্টের ফাইনালে উঠে গেলেন নীরজ চোপড়া (Neeraj Chopra)। তিনটি থ্রোয়ের পর পাঁচ নম্বরে শেষ করলেন তিনি। আরও দুই ভারতীয়, রোহিত যাদব এবং যশবীর সিংও ফাইনালে উঠেছেন। তাঁরা শেষ করেছেন যথাক্রমে নবম এবং দশম স্থানে। জ্যাভলিন ইভেন্টের ফাইনালে ভারতের ৩ প্রতিযোগী জায়গা করে নেওয়ায় পদক জয়ের সম্ভাবনা বাড়ল।

    ভারোত্তোলনে ভারতের দাপট

    ভারোত্তোলনে ভারতের দাপট চলছেই। বৃহস্পতিবার, পুরুষদের ১১০ কেজি বিভাগে রুপোর পদক জিতলেন লভপ্রীত সিং। প্রতিযোগিতায় দুর্দান্ত পারফরম্যান্স করে তিনি মোট ৩৮৮ কেজি (স্ন্যাচে ১৭৬ কেজি + ক্লিন অ্যান্ড জার্কে ২১২ কেজি) ওজন তোলেন। লভপ্রীত স্ন্যাচ রাউন্ডে ১৭৬ কেজি ওজন তুলে কমনওয়েলথ গেমসের ইতিহাসে নতুন স্ন্যাচ রেকর্ড গড়েন। নিউজিল্যান্ডের ডেভিড লিটি (David Liti) মোট ৩৮৯ কেজি তুলে মাত্র ১ কেজির ব্যবধানে সোনা জেতায় লভপ্রীতকে রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হয়। এর আগে ২০২২ বার্মিংহাম কমনওয়েলথ গেমসে লভপ্রীত ১০৯ কেজি বিভাগে ব্রোঞ্জ পদক জিতেছিলেন। এবার তিনি নিজের পদকের রঙ বদলে রুপো করলেন।

    নারীশক্তির জয়

    বৃহস্পতিবার মহিলাদের ডিসকাস থ্রো ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতে দেশের ঝুলিতে আরও একটি সাফল্য যোগ করলেন সীমা কালিরামনা। তাঁর সেরা নিক্ষেপ ছিল ৫৮.৬৫ মিটার। প্রতিযোগিতার শুরুটা অবশ্য ভালো হয়নি সীমার। প্রথম প্রচেষ্টায় তিনি ফাউল করেন। তবে দ্রুত ঘুরে দাঁড়িয়ে দ্বিতীয় প্রচেষ্টায় ৫৭.৩২ মিটার ছুড়ে পদকের লড়াইয়ে ফিরে আসেন। তৃতীয় প্রচেষ্টায় ৫৮.৬৫ মিটার নিক্ষেপ করে তিনি ব্রোঞ্জ পদকের জায়গা কার্যত নিশ্চিত করে ফেলেন। ২০২৫ সালের জাতীয় গেমসে সোনা জয়ের পর জাতীয় চ্যাম্পিয়নশিপের শিরোপাও পুনরুদ্ধার করেন। ক্রীড়াজীবনের পাশাপাশি তিনি বর্তমানে পিএইচডি-ও করছেন। আবার সন্তানও সামলাচ্ছেন। নিজের সাফল্যের পিছনে পরিবার এবং সহায়তাকারীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা একাধিকবার উল্লেখ করেছেন সীমা।

    ভারতের পদক সংখ্যা

    সীমা ও লভপ্রীতের দুই পদক নিয়ে কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের মোট পদকসংখ্যা দাঁড়িয়েছে ১৭। এর মধ্যে রয়েছে ৩টি সোনা, ১০টি রুপো এবং ৪টি ব্রোঞ্জ। বর্তমানে পদক তালিকায় ভারত ১০ম স্থানে রয়েছে। এছাড়া পুরুষদের ডেকাথলনে তেজস্বিন শঙ্কর নিজের সেরা ইভেন্ট হাই জাম্পে ২.১৫ মিটার টপকে ৯৪৪ পয়েন্ট সংগ্রহ করেন। পাঁচটি ইভেন্ট শেষে তাঁর মোট পয়েন্ট ৪,৩৩৯। তিনি দ্বিতীয় স্থানে রয়েছেন এবং শীর্ষে থাকা কানাডার ড্যামিয়ান ওয়ার্নারের থেকে মাত্র ১৪ পয়েন্ট পিছিয়ে। ফলে ডেকাথলনেও ভারতের পদকের সম্ভাবনা যথেষ্ট উজ্জ্বল।

    পদকের দৌড়ে নীরজ

    গতবার বার্মিংহ্যাম কমনওয়েলথে চোটের জন্য অংশ নেননি ভারতের সোনার ছেলে। তিনি সোনা জিতেছিলেন ২০১৮ গোল্ড কোস্ট কমনওয়েলথে। দ্বিতীয়বার সোনার পদক জেতার লক্ষ্য নিয়ে প্রতিযোগিতায় নামার আগে নীরজ জানিয়ে দিলেন, তিনি সাফল্য পাওয়ার ব্যাপারে আশাবাদী। তবে এদিন ট্র্যাক অ্যান্ড ফিল্ডে তাঁকে প্রতিদ্বন্দ্বীদের কড়া চ্যালেঞ্জের থেকে প্রতিকূল আবহাওয়ার মুখোমুখি হতে হল। বলা ভালো, এলোমেলো হাওয়া যে কোনও থ্রোয়ারের জন্যই পরিস্থিতি কঠিন করে তুলেছিল। উল্লেখ্য, কোয়ালিফায়ারে অংশ নিয়েছিলেন ১৮ অ্যাথলিট। তাঁদের মধ্যে ১২ জন শুক্রবার গভীর রাতে ফাইনাল যুদ্ধে নামবেন। কমনওয়েলথ গেমস ও এশিয়ান গেমসকে সামনে রেখে বিশেষ প্রস্তুতি নিয়েছেন নীরজ। সুইৎজারল্যান্ডে ৪৭ দিনের বিশেষ প্রশিক্ষণ শিবিরে যোগ দিয়েছিলেন।

  • Neeraj Chopra: ‘গোল্ডেন বয়’-এর মুকুটে নয়া পালক, নীরজ চোপড়া হলেন লেফটেন্যান্ট কর্নেল

    Neeraj Chopra: ‘গোল্ডেন বয়’-এর মুকুটে নয়া পালক, নীরজ চোপড়া হলেন লেফটেন্যান্ট কর্নেল

    মাধ্যম নিউজ ডেস্ক: ‘গোল্ডেন বয়’ নীরজ চোপড়ার Neeraj Chopra) মুকুটে নয়া পালক। অলিম্পিক্সে সোনাজয়ী জ্যাভলিন থ্রোয়ারকে টেরিটোরিয়াল আর্মিতে সাম্মানিক লেফটেন্যান্ট কর্নেল পদে উন্নীত করা হল। নয়াদিল্লির সাউথ ব্লকে পূর্ণ সামরিক মর্যাদায় আয়োজিত এই “পিপিং সেরিমনি” নীরজ চোপড়ার জীবনের আর একটি গৌরবময় মাইলফলক হিসেবেই চিহ্নিত হয়ে রইল। নীরজ হলেন সেই ক্রীড়াবিদ, যিনি বিশ্বমঞ্চে ভারতের মুখ উজ্জ্বল করেছেন একাধিকবার। অনুষ্ঠান চলার সময়ই প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh) নীরজ ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।

    কী বললেন রাজনাথ? (Neeraj Chopra)

    এই জ্যাভলিন চ্যাম্পিয়নের প্রশংসা করতে গিয়ে তিনি বলেন, “নীরজ অধ্যবসায়, দেশপ্রেম এবং শ্রেষ্ঠত্ব অর্জনের ভারতীয় চেতনার জীবন্ত প্রতীক।” রাজনাথ নীরজের প্রেরণাদায়ী যাত্রার ভূয়সী প্রশংসা করেন। হরিয়ানার একটি ছোট্ট গ্রাম থেকে শুরু করে তিনি কীভাবে বিশ্ব ক্রীড়াঙ্গনের শীর্ষে পৌঁছলেন, তাঁর সেই অসামান্য সাফল্য এবং ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে তাঁর গভীর সম্পর্কের কথাও উল্লেখ করেন প্রতিরক্ষামন্ত্রী। তিনি বলেন, “লেফটেন্যান্ট কর্নেল (সাম্মানিক) নীরজ চোপড়া শৃঙ্খলা, নিষ্ঠা এবং জাতীয় গৌরবের সর্বোচ্চ আদর্শের প্রতীক। তিনি ক্রীড়া জগতের পাশাপাশি সশস্ত্র বাহিনীর সদস্যদের কাছেও অনুপ্রেরণার উৎস।” অনুষ্ঠানে উপস্থিত ছিলেন (Neeraj Chopra) সেনাবাহিনীর প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী, ভারতীয় সেনা ও টেরিটোরিয়াল আর্মির প্রবীণ আধিকারিকরা এবং প্রতিরক্ষা মন্ত্রকের বিশিষ্ট ব্যক্তিরা।

    নীরজের পথ চলা

    ২০১৬ সালে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন নীরজ। সেনাবাহিনীর অন্যতম প্রাচীন ও সর্বাধিক সম্মানিত পদাতিক রেজিমেন্ট রাজপুতানা রাইফেলসে যোগ দেন। নীরজ ইতিহাসে নিজের নাম অমর করে তুলেছেন ২০২০ সালে, টোকিও অলিম্পিক্সে ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্টে ভারতের প্রথম অলিম্পিক স্বর্ণপদকজয়ী অ্যাথলিট হয়ে। ২০২৪ সালের প্যারিস অলিম্পিক্সে রৌপ্যপদক জয় এবং ২০২৩ সালে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতে নীরজ প্রমাণ করেছেন, তিনি বিশ্বের অন্যতম ধারাবাহিক জ্যাভলিন থ্রোয়ার।

    এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমস এবং ডায়মন্ড লিগ প্রতিযোগিতায়ও একাধিক স্বর্ণপদক জয় করেছেন নীরজ। এভাবে বিশ্বমঞ্চে নীরজ উজ্জ্বল করেছেন ভারতের নাম (Rajnath Singh)। নীরজের ব্যক্তিগত সেরা থ্রো ৯০.২৩ মিটার (২০২৫) ভারতীয় ক্রীড়া ইতিহাসে এক মাইলফলক হিসেবে চিহ্নিত হয়েছে। এটি (Neeraj Chopra) শুধু শারীরিক দক্ষতার নয়, বরং জাতীয় গৌরব ও আত্মবিশ্বাসের প্রতীক।

  • World Athletics Championships: ফের টোকিওয় সোনার দৌড়ে নীরজ, শনি-সকালে শুরু বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ

    World Athletics Championships: ফের টোকিওয় সোনার দৌড়ে নীরজ, শনি-সকালে শুরু বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ

    মাধ্যম নিউজ ডেস্ক: শুরু হতে চলেছে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ (World Athletics Championships)। শনিবার থেকে জাপানের টোকিওয় বসবে এই আসর। ন’দিনের এই প্রতিযোগিতা শেষ হবে ২১ সেপ্টেম্বর। দুই বছর পরপর বসে বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ। ২০২৩ সালে সর্বশেষ আসর হয়েছিল হাঙ্গেরির বুদাপেস্টে। ভারতের ১৯ জনের দলে আকর্ষণের কেন্দ্রে নীরজ চোপড়া। পাঁচ বছর আগে এই টোকিয়োতেই অলিম্পিক্সে সোনা জিতে ইতিহাস তৈরি করেছিলেন নীরজ। নজর থাকবে ভারতের দ্রুততম স্প্রিন্টার অনিমেষ কুজুরের দিকেও। তিনি ২০০ মিটারে অংশগ্রহণ করবেন।

    ভারতের নজরে জ্যাভলিন

    ২০২৩ সালে বুদাপেস্টে শেষ যে বিশ্ব চ্যাম্পিয়নশিপ হয়েছিল, সেখানে ভারত ২৮ জনের দল পাঠিয়েছিল। কিন্তু এবার ভারতের কোনও রিলে দল নেই। এই টুর্নামেন্টের জন্য ভারতীয় অ্যাথলেটিক্স ফেডারেশন ১৯ সদস্যের একটি দল ঘোষণা করেছে। এই দলে ১৪ জন পুরুষ এবং ৫ জন মহিলা অ্যাথলিট রয়েছে। মোট ১৫ ইভেন্টে তাঁরা অংশগ্রহণ করবেন। এরমধ্যে গুলবীর সিং এবং পূজা শুধুমাত্র ২ আলাদা-আলাদা ইভেন্টে অংশগ্রহণ করবেন। এবার জ্যাভলিনে এক জন মহিলা-সহ রেকর্ড পাঁচ জনকে পাঠিয়েছে ভারত। নীরজের সঙ্গে এ বারও লড়াই বিশ্বচ্যাম্পিয়ন বিশ্বসেরা জার্মানির জুলিয়ান ওয়েবার এবং অলিম্পিক্স চ্যাম্পিয়ন পাকিস্তানের আর্শাদ নাদিমের। গত অলিম্পিক্সে নাদিমের কাছেই হারতে হয়েছিল নীরজকে। এ বার সেই হারের বদলা নেওয়ার সুযোগ রয়েছে তাঁর সামনে।

    ভারতের নেতা নীরজ

    বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন (World Athletics Championships) নীরজ চোপড়ার কাঁধে একটি বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। টোকিওয় আয়োজিত ২০২৫ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে তিনি ভারতের ১৯ সদস্যের স্কোয়াডকে নেতৃত্ব দেবেন। অন্যদিকে, প্রথম ভারতীয় স্প্রিন্টার হিসেবে এই স্কোয়াডে জায়গা পেয়েছেন অনিমেষ কুজুর। পুরুষ জ্যাভেলিন থ্রো ইভেন্টে দু’বারের অলিম্পিক পদকজয়ী নীরজ চোপড়া ছাড়া শচীন যাদব, যশবীর সিং এবং রোহিত যাদব অংশগ্রহণ করছেন। প্রসঙ্গত, গতবারও চ্যাম্পিয়নশিপে ৪ ভারতীয় যোগ্যতা অর্জন করেছিলেন। কিন্তু, চোটের কারণে ছিটকে যান রোহিত। এই অ্যাথলিটদের পাশাপাশি বিনাশ সাবলে ৩,০০০ মিটার স্টিপলচেজ, পারুল চৌধুরী ৩,০০০ মিটার স্টিপলচেজ, গুলবীর সিং ৫,০০০ মিটার স্টিপলচেজ, প্রবীণ চিত্রবেল ট্রিপল জাম্প ইভেন্টে অংশগ্রহণ করবেন।

    ভারতীয় দল

    পুরুষ – নীরজ চোপড়া, শচীন যাদব, যশবীর সিং, রোহিত যাদব (পুরুষ জ্যাভেলিন থ্রো), মুরলী শ্রীশঙ্কর (পুরুষ লং জাম্প), গুলবীর সিং (পুরুষ ৫০০০ মিটার এবং ১০০০০ মিটার), প্রবীণ চিত্রাবেল এবং আবদুল্লা আবুবকর (পুরুষ ট্রিপল জাম্প), সর্বেশ অনিল কুশারে (পুরুষ হাই জাম্প), অনিমেষ কুজুর (পুরুষ ২০০ মিটার), তেজস শিরসে (পুরুষ ১১০ মিটার স্টিপল চেজ রান), সার্বিন সেবাস্টিয়ান (পুরুষ ২০ কিলোমিটার হাঁটা), রাম বাবু এবং সন্দীপ কুমার (পুরুষ ৩৫ কিলোমিটার হাঁটা)।

    মহিলা – পারুল চৌধুরি এবং অঙ্কিতা ধ্যানী (মহিলাদের ৩০০০ মিটার স্টিপলচেজ), অন্নু রানি (মহিলা জ্যাভেলিন থ্রো), প্রিয়াঙ্কা গোস্বামী (মহিলা ৩৫ কিলোমিটার হাঁটা), পূজা (মহিলা ৮০০ মিটার এবং ১৫০০ মিটার)।

    ভারতীয়দের সময়সূচি

    শনিবার, ১৩ সেপ্টেম্বর

    ভোর ৪:০০- পুরুষদের ৩৫ কিমি হাঁটা, ফাইনাল— রাম বাবু, সন্দীপ কুমার

    ভোর ৪:০০- মহিলাদের ৩৫ কিমি হাঁটা, ফাইনাল— প্রিয়াঙ্কা গোস্বামী

    বিকেল ৪:২০- মহিলাদের ১,৫০০ মিটার, হিট— পূজা

    রবিবার, ১৪ সেপ্টেম্বর

    বিকেল ৩:১০- পুরুষদের হাই জাম্প যোগ্যতা অর্জন পর্ব— সর্বেশ অনিল কুশারে

    বিকেল ৫:৩৫- মহিলাদের ১,৫০০ মিটার, সেমিফাইনাল (যোগ্যতা অর্জন করলে)— পূজা

    সন্ধ্যা ৬:০০- পুরুষদের ১০,০০০ মিটার ফাইনাল— গুলভীর সিং

    সোমবার, ১৫ সেপ্টেম্বর

    ভোর ৫:৪৫- মহিলাদের ৩,০০০ মিটার স্টিপলচেজ, হিট— পারুল চৌধুরি, অঙ্কিতা ধ্যানী

    বিকেল ৪:১০- পুরুষদের লং জাম্প, যোগ্যতা অর্জন পর্ব— মুরলি শ্রীশঙ্কর

    বিকেল ৪:৫০- পুরুষদের ১১০ মিটার হার্ডলস, হিট— তেজস শিরসে

    সন্ধ্যা ৬:২৫- মহিলাদের ৩,০০০ মিটার স্টিপলচেজ, ফাইনাল (যোগ্যতা অর্জন করলে)— পারুল চৌধুরী, অঙ্কিতা ধ্যানী

    মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর

    বিকেল ৫:০৫- পুরুষদের হাই জাম্প, ফাইনাল (যোগ্যতা অর্জন করলে)— সর্বেশ অনিল কুশারে

    বিকেল ৫:১০- পুরুষদের ১১০ মিটার হার্ডলস, সেমিফাইনাল (যোগ্যতা অর্জন করলে)— তেজস শিরসে

    সন্ধ্যা ৬:৩৫- মহিলাদের ১,৫০০ মিটার, ফাইনাল (যোগ্যতা অর্জন করলে)— পূজা

    সন্ধ্যা ৬:৫০- পুরুষদের ১১০ মিটার হার্ডলস, ফাইনাল (যোগ্যতা অর্জন করলে)— তেজস শিরসে

    বুধবার, ১৭ সেপ্টেম্বর

    বিকেল ৩:৩৫- পুরুষদের ট্রিপল জাম্প, যোগ্যতা অর্জন পর্ব— প্রবীণ চিত্রভেল, আবদুল্লাহ আবুবকর

    বিকেল ৩:৪০- পুরুষদের জ্যাভলিন, যোগ্যতা অর্জন পর্ব, গ্রুপ এ— নীরজ চোপড়া, শচীন যাদব, যশবীর সিং, রোহিত যাদব

    বিকেল ৪:৪৫- পুরুষদের ২০০ মিটার, হিট— অনিমেষ কুজুর

    বিকেল ৫:১৫- পুরুষদের জ্যাভলিন, যোগ্যতা অর্জন পর্ব, গ্রুপ বি— নীরজ চোপড়া, শচীন যাদব, যশবীর সিং, রোহিত যাদব

    বিকেল ৫:২০- পুরুষদের লং জাম্প, ফাইনাল (যোগ্যতা অর্জন করলে)— মুরলি শ্রীশঙ্কর

    বৃহস্পতিবার, ১৮ ​​সেপ্টেম্বর

    বিকেল ৩:৫৩- পুরুষদের জ্যাভলিন, ফাইনাল (যোগ্যতা অর্জন করলে)— নীরজ চোপড়া, শচীন যাদব, যশবীর সিং, রোহিত যাদব

    বিকেল ৪:২৫- মহিলাদের ৮০০ মিটার, হিট— পূজা

    বিকেল ৫:৩২- পুরুষদের ২০০ মিটার, সেমিফাইনাল (যোগ্যতা অর্জন করলে)— অনিমেষ কুজুর

    শুক্রবার, ১৯ সেপ্টেম্বর

    বিকেল ৪:০০- মহিলাদের জ্যাভলিন, (যোগ্যতা অর্জন পর্ব), গ্রুপ এ— আন্নু রানি

    বিকেল ৪:৩৫- পুরুষদের ৫,০০০ মিটার, হিট— গুলবীর সিং

    বিকেল ৫:১৫- মহিলাদের ৮০০ মিটার, সেমিফাইনাল (যোগ্যতা অর্জন করলে)— পূজা

    বিকেল ৫:২০- পুরুষদের ট্রিপল জাম্প, ফাইনাল (যোগ্যতা অর্জন করলে)— প্রবীণ চিত্রভেল, আবদুল্লাহ আবুবকর

    বিকেল ৫:৩০- মহিলাদের জ্যাভলিন, যোগ্যতা অর্জন পর্ব, গ্রুপ বি— অন্নু রানি

    বিকেল ৬:৩৬- পুরুষদের ২০০ মিটার, ফাইনাল (যোগ্যতা অর্জন করলে)— অনিমেষ কুজুর

    শনিবার, ২০ সেপ্টেম্বর

    ভোর ৬:২০- পুরুষদের ২০ কিমি হাঁটা, ফাইনাল— সার্ভিন সেবাস্টিয়ান

    বিকেল ৫:৩৫- মহিলাদের জ্যাভলিন, ফাইনাল (যোগ্যতা অর্জন করলে)— অন্নু রানি

    রবিবার, ২১ সেপ্টেম্বর

    বিকেল ৪:০৫- মহিলাদের ৮০০ মিটার, ফাইনাল (যোগ্যতা অর্জন করলে)— পূজা

    বিকেল ৪:২০- পুরুষদের ৫,০০০ মিটার, ফাইনাল (যোগ্যতা অর্জন করলে)— গুলবীর সিং

  • Neeraj Chopra: অবশেষে লক্ষ্যপূরণ, জ্যাভলিনে ৯০ মিটারের দূরত্ব পেরোলেন নীরজ চোপড়া

    Neeraj Chopra: অবশেষে লক্ষ্যপূরণ, জ্যাভলিনে ৯০ মিটারের দূরত্ব পেরোলেন নীরজ চোপড়া

    মাধ্যম নিউজ ডেস্ক: অবশেষে লক্ষ্যপূরণ। ৯০ মিটারের স্বপ্ন ছুঁলেন নীরজ চোপড়া (Neeraj Chopra)। শুক্রবার দোহায় ডায়মন্ড লিগে (Doha Diamond League) পুরুষদের জ্যাভলিন‌ থ্রোয়ে ৯০.২৩ মিটার বর্শা ছুড়লেন অলিম্পিকে ভারতের সোনার ছেলে। অলিম্পিকে সোনা এবং রুপো থাকলেও, এর আগে কোনওদিন ৯০ মিটার পেরোতে পারেননি নীরজ। কেরিয়ারে প্রথম বার ৯০ মিটারের বেশি জ্যাভলিন ছুড়লেন টোকিও অলিম্পিক্সে সোনাজয়ী ক্রীড়াবিদ। তবু প্রথম হওয়া হল না নীরজের। দ্বিতীয় স্থানে শেষ করতে হল তাঁকে। প্রথম হলেন জার্মানির জুলিয়ান ওয়েবার।

    প্রথম হওয়া হল না

    দোহায় (Doha Diamond League) এদিন প্রথম থ্রোয়ে ৮৮.৪৪ মিটার ছুড়েছিলেন নীরজ (Neeraj Chopra)। তখনই বুঝিয়ে দিয়েছিলেন, তিনি ছন্দে রয়েছেন। দ্বিতীয় থ্রোটি ফাউল হয়। তৃতীয় থ্রোয়ে ৯০.২৩ মিটার দূরত্বে জ্যাভলিন ছোড়েন তিনি। তাতেই বাকি প্রতিযোগীদের থেকে উপরে চলে যান এবং পরের রাউন্ডের যোগ্যতা অর্জন করেন। চতুর্থ থ্রোয়ে তিনি ৮০.৬০ মিটার ছোড়েন। পঞ্চম থ্রো আবার ফাউল হয়। ষষ্ঠ থ্রোয়ে নীরজ ৮৮.২০ মিটার ছোড়েন। তখন মনে হচ্ছিল তিনিই এই প্রতিযোগিতা জিতবেন। কিন্তু নাটকের বাকি ছিল। শেষ থ্রোয়ে ৯১.০৬ মিটার ছুড়ে নীরজকে পেরিয়ে যান ওয়েবার।

    স্বপ্ন সফল নীরজের

    এর আগে সর্বোচ্চ ৮৯.৯৪ মিটার ছুড়েছিলেন নীরজ (Neeraj Chopra)। ২০২২-এ স্টকহোম ডায়মন্ড লিগে এই কৃতিত্ব অর্জন করেন। গত বছর লুসেন ডায়মন্ড লিগে ৮৯.৯৪ মিটার ছুড়েছিলেন। গত বছর অলিম্পিক্সে ছুড়েছিলেন ৮৯.৩৪ মিটার। কিন্তু রুপো পান। ৯২.৯৭ মিটার ছুড়ে সোনা জিতেছিলেন পাকিস্তানের আর্শাদ নাদিম। এত দিন পর্যন্ত বার বার নীরজ বলেছিলেন ৯০ মিটারের দূরত্ব পেরনোর কথা। আপ্রাণ চেষ্টা করছিলেন। কিছুতেই স্বপ্ন সফল হচ্ছিল না। এক সাক্ষাৎকারে নীরজ বলেছিলেন, “৯০ মিটার দূরে কবে ছুড়ব এই প্রশ্ন ২০১৮ সাল থেকে শুনে আসছি। তার পর অনেক কিছু হয়েছে। কনুইয়ে চোট পেয়েছি। অস্ত্রোপচার হয়েছে। ৮৮ থেকে ৯০ মিটারের মধ্যেই আটকে ছিলাম। কিন্তু মনেপ্রাণে ৯০ মিটারের বেশি দূরত্বে ছুড়তে চাইছি।” অবশেষে সেই দোহাতেই (Doha Diamond League) নিজের স্বপ্ন পূরণ করলেন নীরজ।

  • Neeraj Chopra: “সবচেয়ে বড় সমস্যা ডোপিং” নতুন প্রজন্মের অ্যাথলিটদের সতর্কবার্তা নীরজের

    Neeraj Chopra: “সবচেয়ে বড় সমস্যা ডোপিং” নতুন প্রজন্মের অ্যাথলিটদের সতর্কবার্তা নীরজের

    মাধ্যম নিউজ ডেস্ক: ক্রিকেট থেকে হকি, খেলাধুলোয় বিশ্বের দরবারে দাপট দেখাচ্ছে ভারত। তবে অনেক খেলার ক্ষেত্রেই আরও উন্নতির অবকাশ রয়েছে। কিন্তু সেই উন্নতিতে বাধা দিচ্ছে ডোপিং যা বর্তমানে ভারতীয় ক্রীড়া জগতে একটি বড় সমস্যা, এমনই দাবি করলেন ভারতের অন্যতম শ্রেষ্ঠ ও জনপ্রিয় অ্যাথলিট নীরজ চোপড়া (Neeraj Chopra)। ভারতের তারকা জ্যাভলিন প্লেয়ারের কথায়, “আজকাল ভারতের ক্রীড়াবিদদের মধ্যে সবচেয়ে বড় সমস্যা ডোপিং। একবার এই অভ্যাস তৈরি হলে ভবিষ্যতে সেটা থেকে বেরোনো খুবই কঠিন হয়ে যায়।” 

    ভারতে ডোপিং পজিটিভের হার বেশি

    ২০২৪ সালের ওয়াডা রিপোর্ট অনুযায়ী, ভারতের ডোপিং পজিটিভের হার বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি। ২০২২ সালে, নাডা ১২৫টি পজিটিভ রিপোর্ট করেছে, যা মোট নমুনার ৩.২ শতাংশ। ২০২১ সালেও ভারত এই তালিকায় শীর্ষে ছিল, যেখানে ২.৩ শতাংশ নমুনা পজিটিভ এসেছিল। ডোপিংয়ের সমস্যা ভারতীয় ক্রীড়াজগতে ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে,বলে জানান নীরজ (Neeraj Chopra)। তাঁর কথায়,  “আমি চাই ক্রীড়াবিদরা জানুক, একবার ডোপিং মাথায় ঢুকলে ভবিষ্যতে এর প্রভাব পড়ে। তারা আর সেই পর্যায়ে খেলতে পারে না। তারা ভাবতে শুরু করে যে শুধু ডোপিংয়ের মাধ্যমে তারা ভালো ফল পাবে, কিন্তু সেটা সত্যি নয়। এটা হল কঠোর পরিশ্রম, আত্মবিশ্বাস এবং কোচের সঠিক নির্দেশনা যা আপনাকে এগিয়ে নিয়ে যাবে।”

    নাডার কড়া নজর

    দেশের খেলোয়াড়দের মধ্যে ডোপ করার বা নিষিদ্ধ শক্তিবর্ধক ব্যবহারের প্রবণতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে অ্যাথলেটিক্স, ভারত্তোলন, কুস্তির মতো খেলায় পরিস্থিতি উদ্বেগজনক। নাডার নজর থেকে বাদ পড়েননি ক্রিকেটারেরাও। ২০২২-২৩ মরসুমে মোট ২৭ জন ক্রিকেটারের ডোপ পরীক্ষা হয়েছে। পরিচিতদের মধ্যে সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শ্রেয়স আয়ার, ইশান কিশন, হরমনপ্রীত কৌর এবং স্মৃতি মন্ধানারা ছিলেন সেই তালিকায়। ২০২২-২৩ মরসুমে মোট ৪৩৪২ জন খেলোয়াড়ের ডোপ পরীক্ষা হয়েছে। প্রতিযোগিতা চলার সময় পরীক্ষা হয়েছে ২৫৯৬ জনের। অন্য সময় পরীক্ষা হয়েছে ১৭৪৬ জনের। ব্যর্থ খেলোয়াড়দের মধ্যে সংখ্যায় সব থেকে বেশি অ্যাথলিটেরা। মোট ৪৯ জন অ্যাথলিটের শরীরে নিষিদ্ধ পদার্থ পাওয়া গিয়েছে। ২২ জন ভারত্তোলক, ১৭ জন কুস্তিগির এবং ১৩ জন পাওয়ার লিফটার ডোপ পরীক্ষায় ব্যর্থ হয়েছেন। ৮০ জন খেলোয়াড়ের শরীরে পাওয়া গিয়েছে পারফরম্যান্স বর্ধক ওষুধ ব্যবহারের প্রমাণ।

    কঠোর পরিশ্রমই সাফল্যের রসায়ন

    ওয়ার্ল্ড অ্যান্টি-ডোপিং এজেন্সি বা ওয়াডার রিপোর্ট অনুযায়ী, ২০২০ ভারতের স্থান ছিল দ্বিতীয়। রাশিয়ার পর এ দেশের সব থেকে বেশি খেলোয়াড় ডোপ পরীক্ষায় ব্যর্থ হয়েছিলেন। কিন্তু গত কয়েক বছরে ভারতে অ্যাথলিটদের মধ্যে ডোপিং-এর হার সবচেয়ে বেশি। এ বিষয়ে সম্প্রতি মুখ খুলেছেন অলিম্পিকে সোনা জয়ী ভারতীয় তারকা নীরজ। তিনি বলেন, “ডোপ করলেই খেলোয়াড়রা মনের দিক থেকে দুর্বল হয়ে পড়ে। নিষিদ্ধ ড্রাগ ছাড়া তারা মনে করে আগের মতো খেলতে পারছে না এবং শুধুমাত্র ডোপিংই তাদের আগের ফর্মে ফিরিয়ে আনতে পারে। কিন্তু এটা একদমই সত্যি নয়। কঠোর পরিশ্রম, আত্মবিশ্বাস, এবং কোচের পরামর্শেই উন্নতি সম্ভব।” 

    কোচদের সতর্ক থাকার পরমার্শ

    সত্যি বলতে, একবার ডোপিংয়ের পর টেস্টে ধরা পড়লে ২-৪ বছরের জন্য খেলতেই পারে না ক্রীড়াবিদরা যা তাঁদের কেরিয়ারের জন্য খারাপ। তাই ভালো পর্যায়ে খেলতে চাইলে ক্রীড়াবিদদের মানসিকতা বদলাতে হবে, বলে জানান নীরজ। কোচেদের এই বিষয়ে কড়া নজর রাখার এবং প্লেয়ারদের ডোপিং থেকে দূরে রাখার পরামর্শ দিয়েছেন নীরজ। তিনি বলেন, “কোচদের অনুরোধ করছি, আপনারা প্লেয়ারদের বোঝান যে ডোপিং কোনওভাবেই তাঁদের সাহায্য করবে না। আমি মনে করি ডোপিংয়ের প্রবণতা কমলে ক্রীড়াক্ষেত্রে আরও উন্নতি হবে ভারতের। এখন কোনও বাচ্চা ছেলে ছোটো থেকে খেলাধুলায় ভালো হলেও, একটা নির্দিষ্ট পর্যায়ে পৌঁছানোর পরই ডোপিং শুরু করে। এটাই সবচেয়ে বড় সমস্যা। এটা যত দ্রুত সম্ভব আমাদের দূর করতে হবে।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Neeraj Chopra: জীবনের সেরা থ্রো করেও অধরা সোনা, রুপো জয়ের পর নীরজকে শুভেচ্ছা মোদির

    Neeraj Chopra: জীবনের সেরা থ্রো করেও অধরা সোনা, রুপো জয়ের পর নীরজকে শুভেচ্ছা মোদির

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রত্যাশার চাপ সামলাতে পারলেন না নীরজ চোপড়া (Neeraj Chopra)। টোকিওয় সোনা জিতলেও প্যারিসে রুপোতেই সন্তুষ্ট থাকতে হল নীরজকে। রুপো জিতে প্যারিস (Paris Olympics 2024) থেকে ফিরতে হচ্ছে ভারতীয় তারকাকে। তবে পর পর দুটো অলিম্পিক্সে সোনা ও রুপো জিতলেন ভারতীয় তারকা। তিনিই একমাত্র ভারতীয় খেলোয়াড় যিনি অলিম্পিক্সে একটি সোনা ও একটি রুপো জিতলেন। নীরজের সাফল্যে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক্সে তিনি লিখেছেন, ‘‘নীরজ চোপড়া এক শ্রেষ্ঠ ব্যক্তি! বারবার তিনি তাঁর শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন। ভারত উচ্ছ্বসিত যে তিনি আরও একটি অলিম্পিক্সে সফল হলেন। রুপো পাওয়ার জন্য তাঁকে অভিনন্দন। তিনি অগণিত আসন্ন ক্রীড়াবিদদের স্বপ্নকে অনুসরণ করতে সাহায্য করবেন। নতুন প্রজন্মকে অনুপ্রেরণা দেবেন। আমাদের দেশকে গর্বিত করবেন।’’

    পাঁচটা থ্রো-ই ফাউল

    এদিনটা নীরজের (Neeraj Chopra) ছিলই না, এমনই মনে করছেন অনেকে। প্যারিসে (Paris Olympics 2024) ফাইনালের শুরুটা ভালো হয়নি ভারতীয় তারকার। প্রথম থ্রো করতে গিয়ে পড়ে যান তিনি। দাগে পা লেগে যাওয়ায় প্রথম থ্রো বাতিল হয়। ফলে চাপ আরও বাড়ে। বাকি দু’টি থ্রোয়ের মধ্যে ভাল করতে হত তাঁকে। পাকিস্তানের আরশাদ নাদিম নিজের দ্বিতীয় থ্রোয়ে ছোড়েন ৯২.৯৭ মিটার। নতুন অলিম্পিক্স রেকর্ড গড়েন তিনি। ফলে চাপ আরও বেড়ে যায় নীরজের উপর। সোনা জিততে হলে নিজের সেরা থ্রো করতে হত তাঁকে। দ্বিতীয় থ্রো ভাল করেন নীরজ। ৮৯.৪৫ মিটার ছোড়েন তিনি। চলতি মরসুমের সেরা থ্রোয়ের পরেও নীরজের থেকে সোনা তখনও দূরে ছিল। নীরজের তৃতীয় থ্রো-ও বাতিল হয়। দ্বিতীয় রাউন্ডেও শুরুটা ভাল হয়নি তাঁর। চতুর্থ থ্রো-ও বাতিল হয় নীরজের। পরের থ্রোয়েও একই ছবি। মেজাজ হারাতে দেখা যায় ভারতীয় খেলোয়াড়কে। শেষ থ্রো-ও ভাল হয়নি। আরশাদ শেষ থ্রো-ও করেন ৯০ মিটারের বেশি। দ্বিতীয় স্থানে শেষ করেন নীরজ।

    চোট রয়েছে নীরজের

    টোকিও-য় সোনা জয়ের পর নীরজকে (Neeraj Chopra) নিয়ে স্বপ্ন দেখেছিল ভারতবাসী। প্যারিসের কথা ভেবে নীরজে জন্য প্রায় ৬ কোটি টাকা খরচ করেছে ভারত সরকার। কোনও ফাঁক রাখা হয়নি।  তবু এক একটা দিন এক একজনের হয়। এদিনটা ছিল পাকিস্তানের আরশাদ নাদিমের। নীরজ হেরে গেলেন তাঁর কাছে। নীরজের বাবা সতীশ কুমার জানান, ‘ওর কুঁচকিতে চোট রয়েছে। আমার মনে হয় সেটার জন্যই অস্বস্তিতে ছিল নীরজ।’

    নাদিমের সোনা

    ১৯৯২ সালের বার্সেলোনা গেমসের ৩২ বছর পর আবার অলিম্পিক্সে পদক পেল পাকিস্তান। সে বার হকির ব্রোঞ্জের পর এ বার পুরুষদের জ্যাভলিন থ্রোয়ে সোনা জিতলেন আরশাদ নাদিম। ৯২.৯৭ মিটার দূরত্বে জ্যাভলিন ছুড়ে নতুন অলিম্পিক্স রেকর্ডও গড়লেন। পাকিস্তানের প্রথম খেলোয়াড় হিসাবে অলিম্পিক্সে ব্যক্তিগত সোনা জিতলেন। পাকিস্তানের ক্রীড়া ইতিহাসে নতুন ইতিহাস লিখলেন নাদিম।

    নীরজের সাফল্যে মিষ্টিমুখ

    সোনা না পেলেও রুপো জমিতেছেন নীরজ (Neeraj Chopra)। তাঁর  মা সরোজ দেবী ছেলের সাফল্যে উচ্ছ্বসিত। গত অলিম্পিকের পর থেকে যে ভাবে চোট আঘাতে পড়েছেন নীরজ, তারপরও রুপো। সরোজ দেবী বলছেন, ‘আমরা সকলেই খুব খুশি। আমাদের কাছে এই রুপোর পদকও সোনার সমান। ওর চোট ছিল। যে ভাবে পরিশ্রম করেছে, আগামীতে ও আবারও সোনা জিতবে। আমরা ওর পারফরম্যান্সে খুবই খুশি।’

    টোকিও অলিম্পিকে সোনা জিতে বাড়ি ফেরার পর বিশেষ আয়োজন ছিল নীরজের জন্য। এবারও (Paris Olympics 2024) নীরজের পছন্দের খাবার হবে, ছেলের বাড়ি ফেরার অপেক্ষায় মা সরোজ দেবী। নীরজের সাফল্যে রাতেই মিষ্টিমুখ শুরু হয় তাঁর পাড়ায়।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Neeraj Chopra: প্যারিসে দুরন্ত শুরু ‘সোনার ছেলে’র, প্রথম থ্রোতেই জ্যাভলিনের ফাইনালে নীরজ

    Neeraj Chopra: প্যারিসে দুরন্ত শুরু ‘সোনার ছেলে’র, প্রথম থ্রোতেই জ্যাভলিনের ফাইনালে নীরজ

    মাধ্যম নিউজ ডেস্ক: মুকুট ধরে রাখতে বদ্ধ পরিকর নীরজ চোপড়া (Neeraj Chopra)। প্যারিসেও (Paris Olympics 2024) সোনাই লক্ষ্য টোকিওর চ্যাম্পিয়নের। মঙ্গলবার শুরুতেই তা স্পষ্ট করলেন ভারতের এই তরুণ জ্যাভলিন থ্রোয়ার। নীরজ প্রথম থ্রোয়ে ৮৯.৩৪ মিটার দূরে জ্যাভলিন ছুড়লেন। ফলে সরাসরি ফাইনালে পৌঁছে গেলেন তিনি। প্রথম থ্রোতে নীরজ দেখালেন তিনি স্বপ্নের ছন্দে রয়েছেন। প্যারিসে তিনি যা পারফরম্যান্স দেখালেন, তাতে বৃহস্পতিবার ফাইনালে ওই ফর্ম দেখাতে পারলে নীরজের সোনা নিশ্চিত।

    নীরজের স্বপ্ন

    নীরজের (Neeraj Chopra) স্বপ্ন ছিল তিনি ৯০ মিটার দূরে জ্যভলি ছুড়বেন। এদিন অবশ্য সেই স্বপ্ন পূরণ হয়নি নীরজের। ফাইনালের জন্যই কি তা তুলে রাখলেন নীরজ? প্যারিস অলিম্পিক্সের (Paris Olympics 2024) মঞ্চে শুরুতেই বিশাল থ্রো। প্রথমবারই ৮৯.৩৪ মিটার বর্শা ছোড়েন টোকিও অলিম্পিকের সোনাজয়ী। যেকোনও আন্তর্জাতিক মঞ্চে নীরজের সবচেয়ে ভাল শুরু এটি। অলিম্পিক্স শুরু হওয়ার দশদিন পর নামলেন নীরজ। এলেন, দেখলেন জয় করলেন। মরশুমের সেরা থ্রো ভারতীয় তারকার। যোগ্যতা অর্জনের মাপকাঠি ছিল ৮৪ মিটার। সেখানে ৮৯.৩৪ মিটার ছোড়েন নীরজ। প্যারিসের যোগ্যতামান পর্বে নীরজের পারফরম্যান্স নিয়ে বিশেষজ্ঞরা দুটি বিষয় ভাবছেন। এটি যদি তাঁর ক্ষেত্রে আত্মতুষ্টি হয়, তা হলে সমস্যা হয়ে যাবে। কিন্তু এই ফর্ম যদি তাঁকে আত্মবিশ্বাস দেয়, তা হলে বৃহস্পতিবারেও সোনা ফলবে, বলেই আশা ভারতের।

    ছিটকে গেলেন কিশোর (Paris Olympics 2024) 

    গ্রুপ বি-তে ছিলেন নীরজ (Neeraj Chopra)। গ্রুপ এ-তে ছিলেন কিশোর জেনা। তিনি যোগ্যতা অর্জন করতে পারলেন না। কিশোর ৮০.৭৩ মিটার দূরে জ্যাভলিন ছোড়েন। কিন্তু ফাইনালে সেরা ১২ জন যোগ্যতা অর্জন করবেন। কিশোর প্রথম ১২ জনের মধ্যে থাকতে পারলেন না। গ্রুপ এ থেকে সরাসরি যোগ্যতা অর্জন করেছেন জার্মানির জুলিয়ান ওয়েবার (৮৭.৭৬), কেনিয়ার জুলিয়াস ইয়েগো (৮৫.৯৭), চেকিয়ার ইয়াকুব ভাদলেক (৮৫.৬৩) এবং ফিনল্যান্ডের টনি কেরানেন (৮৫.২৭)। গ্রুপ বি থেকে নীরজ ছাড়াও এখনও পর্যন্ত সরাসরি যোগ্যতা অর্জন করেছেন গ্রেনাডার অ্যান্ডরসন পিটার্স (৮৮.৬৩) এবং পাকিস্তানের আরশাদ নাদিম (৮৬.৫৯)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।
     

  • Olympics 2024: কেরল থেকে সাইকেলে প্যারিস! ৩০টি দেশ ঘুরে অলিম্পিক্সের আসরে নীরজ-ভক্ত

    Olympics 2024: কেরল থেকে সাইকেলে প্যারিস! ৩০টি দেশ ঘুরে অলিম্পিক্সের আসরে নীরজ-ভক্ত

    মাধ্যম নিউজ ডেস্ক: সময়টা কম নয় ২ বছর। আর পথটা, ২২০০০ কিলোমিটার। সাইকেল চালিয়ে অবশেষে কালিকট থেকে প্যারিসে (Paris) পৌঁছেছেন নীরজ চোপড়ার ভক্ত (Neeraj Chopra Fan) ফায়েস আশরাফ আলি। এটাও সম্ভব! বাস্তব তাই বলছে। ২০২২ সালের ১৫ অগাস্ট কেরলের কালিকট থেকে সাইকেল চালিয়ে যাত্রা শুরু করেন ফায়েস। তাঁর লক্ষ্য ছিল ২০২৪ সালের প্যারিস অলিম্পিক্সে (Olympics 2024) সামনে থেকে নীরজকে সমর্থন করা। ৩০টি দেশ পেরিয়ে অবশেষে তিনি প্যারিসে গিয়ে পৌঁছেছেন। 

    শান্তি ও ঐক্যের বার্তা

    মূলত শান্তি ও ঐক্যের বার্তা দিতে ভারত থেকে লন্ডনের উদ্দেশ্যে সাইকেল নিয়ে বেরিয়েছিলেন আলি। ভারত থেকে বেরিয়ে মোট ১৭টি দেশে সাইকেল চালিয়ে গত বছরের ১ অগাস্ট বিকেলে বুদাপেস্টে যান তিনি। সেখানে তিনি জানতে পারেন, টোকিও অলিম্পিক্সের সোনাজয়ী নীরজ চোপড়া সেখানে রয়েছেন।

    বিশ্ব চ্যাম্পিয়নশিপ খেলার জন্য অ্যাথলিট দলের সঙ্গে ছিলেন তিনি। সেই সময় তিনি চেষ্টা করে নীরজের সঙ্গে দেখা করেন এবং দেখা করার পর নীরজ তাঁকে প্যারিসে আমন্ত্রণ জানান। আশরাফ বলেন, “নীরজ আমাকে বলেছিলেন, সাইকেলে করে লন্ডনে এলেন, প্যারিসে চলে আসুন অলিম্পিক্সের (Olympics 2024) আসরে। তখনই লক্ষ্য স্থির করি।”

    আরও পড়ুন: সনাতন ধর্মে অগাধ আস্থা! মোদিতে মুগ্ধ রণবীর কাপুর

    প্যারিসে পদকের আশা

    আলি চার জোড়া পোশাক, একটা তাঁবু একটা স্লিপিং ব্যাগ, একটা ম্যাট নিয়ে রওনা দিয়েছিলেন অলিম্পিক্সের (Olympics 2024) উদ্দেশে। সব মিলিয়ে তাঁর সাইকেলের ওজন যায় প্রায় ৫০ কিলো। তিনি বলেন, ‘আমি হোটেলে একদিনও থাকিনি এবং আমি যাওয়ার পথে কিছু স্পনসর পেয়েছি। এরমাঝে আমাকে কেরলে যেতে হয়েছিল ভিসার জন্য।’ সম্প্রতি তিনি প্যারিস অলিম্পিক্সে ইন্ডিয়া হাউসে গিয়ে পৌঁছেছেন। আপাতত তিনি এখন প্যারিসেই থাকবেন। ৮ অগাস্ট নীরজের হয়ে গলা ফাটাবেন ফের একটা স্বর্ণ পদকের জন্য। ২০২০ টোকিও অলিম্পিক্সে জ্যাভেলিন থ্রো ইভেন্টে সোনা জয় করেছিলেন ভারতের তারকা অ্যাথলিট নীরজ চোপড়া (Neeraj Chopra Fan)। আশা করা হচ্ছে, এই বছরও তিনি সেই ইতিহাসের পুনরাবৃত্তি করবেন। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Paris Olympics: গেমস উদ্বোধন শুক্রবার, একদিন আগেই তিরন্দাজির ইভেন্ট শুরু ভারতের

    Paris Olympics: গেমস উদ্বোধন শুক্রবার, একদিন আগেই তিরন্দাজির ইভেন্ট শুরু ভারতের

    মাধ্যম নিউজ ডেস্ক: ২৬ জুলাই ঢাকে কাঠি পড়তে চলেছে প্যারিস অলিম্পিক্স ২০২৪-এর (Paris Olympics)। গতবার টোকিওতে একটি সোনা সহ মোট সাতটি পদক জিতেছিল ভারতীয় দল। এবার তার থেকে অনেক বেশি পদক জেতার বিষয়ে আত্মবিশ্বাসী ভারতীয় খেলোয়াররা। আশায় বুক বাঁধছে গোটা দেশ। ভারতের হয়ে পদক জয়ের জন্য লড়াই করবেন নীরজ চোপড়া, পিভি সিন্ধু, অচিন্ত্য শরথ কমল, মনিকা বাত্রা, চিরাগ শেট্টি-সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি, মীরাবাই চানু, মনু ভাকের সহ একাধিক তারকারা। 

    প্রথম দিনে তীরন্দাজরা

    প্যারিস অলিম্পিক্সের (Paris Olympics) অফিসিয়ালি পর্দা উঠছে ২৬ জুলাই। কিন্তু তার আগেই বেশ কয়েকটি ইভেন্টের প্রাথমিক পর্ব শুরু হয়ে যাবে। প্রথম দিন ২৫ জুলাই, মহিলাদের ব্যক্তিগত র‌্যাঙ্কিং রাউন্ড (দুপুর ১টা) এবং পুরুষদের স্বতন্ত্র র‌্যাঙ্কিং রাউন্ডে নামবেন ভারতের তিরন্দাজরা। দীপিকা কুমারী, তরুণদীপ রাইদের লড়াই দেখার প্রতীক্ষায় রয়েছে ভারতবাসী। এবারের গেমসের সম্প্রচার ভারতে করবে জিও সিনেমা অ্যাপ এবং স্পোর্টস ১৮ চ্যানেল। হিন্দি, ইংরেজি সহ মোট চারটি ভাষাতে হবে এই সম্প্রচার। 

    প্যারিসে ভারতীয় অ্যাথলিটরা (Paris Olympics)

    অলিম্পিক্সে অংশ নিতে ভারত থেকে ৭০ জন পুরুষ এবং ৪৭ জন মহিলা প্রতিযোগী গিয়েছেন। এর মধ্যেই ইন্ডিয়ান অলিম্পিক্স অ্যাসোসিয়েশনের জন্য বড় ঘোষণা করেছে বিসিসিআই। রবিবার জয় শাহ নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছেন, অলিম্পিক্সে অংশগ্রহণকারী ক্রীড়াবিদদের সমর্থনে ৮.৫ কোটি টাকা দিচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড। মোট ১১৭ জন ভারতীয় প্রতিযোগীর সমর্থনেই এই টাকা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বোর্ড সচিব। প্যারিসে ২৯ জন অ্যাথলিট যাচ্ছেন ভারত থেকে। এর আগে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে এত সংখ্যক প্রতিযোগী পাঠায়নি ভারত। শুটিংয়ে অংশ নেবেন ২১ জন। শুটিংয়েও এটাই ভারতের সবচেয়ে বড় দল। পুরুষদের হকি টিম, কুস্তি, তিরন্দাজি দল রয়েছে অলিম্পিক্সে। অলিম্পিক্স উদ্বোধনে একদম সামনের সারিতে থাকার কথা রয়েছে পিভি সিন্ধুর। ২৬ জুলাই থেকে শুরু হয়ে ১১ আগস্ট পর্যন্ত চলবে প্যারিস অলিম্পিক্স। 

    আরও পড়ুন: নারীশক্তির উন্নয়নে প্রাধান্য, মহিলাদের জন্য কী কী বরাদ্দ কেন্দ্রীয় বাজেটে?

    অভিনব-সম্মান

    ২০০৬ সালের বেজিং অলিম্পিক্সে অভিনব বিন্দ্রা যা করেছিলেন, সেটি ছিল ভারতীয় ক্রীড়া মানচিত্রের একটা বিশেষ মাইলফলক। ব্যক্তিগত বিভাগে অলিম্পিক্সে প্রথম সোনা পেয়েছিলেন বিন্দ্রা। তিনি শুটিংয়ে প্রথম সোনা এনে দিয়েছিলেন দেশকে। তাই অলিম্পিক্স কমিটির কাছেও বিন্দ্রা হয়ে গিয়েছেন কিংবদন্তি। তারা সম্প্রতি প্যারিসে (Paris Olympics) এক বৈঠকের মাধ্যমে ভারতীয় শুটারকে দিয়েছেন অলিম্পিক্স অর্ডার অব মেরিট। আগামী ১০ অগস্ট প্যারিসে হবে অলিম্পিক্সের কর্মসমিতির বৈঠক। ওই সভা শেষে বিন্দ্রার হাতে স্মারক তুলে অভিনন্দন জানানো হবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share