Tag: neet exam

neet exam

  • NEET-UG 2026: নিট পরীক্ষায় নজিরবিহীন নিরাপত্তা! প্রশ্নপত্র সামলাবে বায়ুসেনা, গোপন ডেরায় ঠাই পেপার-সেটারদের

    NEET-UG 2026: নিট পরীক্ষায় নজিরবিহীন নিরাপত্তা! প্রশ্নপত্র সামলাবে বায়ুসেনা, গোপন ডেরায় ঠাই পেপার-সেটারদের

    মাধ্যম নিউজ ডেস্ক: মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা ‘নিট-ইউজি’ (NEET-UG 2026)-এর পুনর্পরীক্ষা ঘিরে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)। আগামী ২১ জুন অনুষ্ঠিত হতে চলা এই পুনর্পরীক্ষার প্রশ্নপত্র দেশের ১৮টি গুরুত্বপূর্ণ কেন্দ্রে পৌঁছে দিতে প্রথমবারের মতো ভারতীয় বায়ুসেনার (IAF) সহায়তা নেওয়া হচ্ছে। নিট পুনর্পরীক্ষাকে (NEET-UG Re-Exam) সম্পূর্ণ নিশ্ছিদ্র ও সুরক্ষিত করতে শিক্ষা মন্ত্রক, প্রতিরক্ষা মন্ত্রক এবং বিভিন্ন কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থার শীর্ষ স্তরের বৈঠকের পর একটি বিশেষ ব্লু-প্রিন্ট তৈরি করা হয়েছে।

    একাধিক কঠোর পদক্ষেপ

    দেশজুড়ে তীব্র বিতর্ক এবং প্রশ্নফাঁসের গুরুতর অভিযোগের জেরে গত ৩ মে অনুষ্ঠিত হওয়া ‘নিট-ইউজি’ (NEET-UG 2026) পরীক্ষা বাতিল করতে বাধ্য হয়েছিল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)। পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠার পর দেশজুড়ে তীব্র বিতর্ক ও প্রতিবাদের সৃষ্টি হয়। আগামী ২১ জুন এই পরীক্ষার রি-টেস্ট বা পুনর্পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে। পরীক্ষার স্বচ্ছতা ফিরিয়ে আনা এবং পুনরায় যে কোনও ধরণের জালিয়াতি রুখতে এবার ভারতের ইতিহাসে এক নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার। নিট পরীক্ষার প্রশ্নপত্রের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে এবার সরাসরি আসরে নামছে ভারতীয় বায়ুসেনা (IAF)। এবার যাতে কোনওভাবেই প্রশ্নপত্র ফাঁস বা কারচুপির অভিযোগ না ওঠে, সেজন্য একাধিক কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।

    ভারতীয় বায়ুসেনার বিমান ব্যবহার

    কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানিয়েছেন, প্রশ্নপত্র পরিবহনের পুরো প্রক্রিয়াকে আরও সুরক্ষিত ও স্বচ্ছ করতে ভারতীয় বায়ুসেনার বিমান ব্যবহার করা হবে। এর ফলে প্রশ্নপত্রের নিরাপত্তা নিশ্চিত করা এবং পরিবহণের সময় কোনও ধরনের হস্তক্ষেপ বা কারচুপি রোধ করা সম্ভব হবে বলে মনে করছে প্রশাসন। প্রশ্নপত্রের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার সমস্ত রকম ঝুঁকি এড়াতে এবার আর সাধারণ ডাক বিভাগ বা সড়কপথের ওপর নির্ভর করা হচ্ছে না। বায়ুসেনার বিশেষ পরিবহন বিমান এবং শক্তিশালী ‘মি-১৭’ (Mi-17) হেলিকপ্টারের মাধ্যমে প্রশ্নপত্রগুলি আকাশপথে নির্দিষ্ট গন্তব্যে পাঠানো হবে।

    ১৮টি স্ট্র্যাটেজিক লোকেশন চিহ্নিতকরণ

    দেশের মোট ১৮টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কৌশলগত কেন্দ্র চিহ্নিত করা হয়েছে। বায়ুসেনার তত্ত্বাবধানে মূল বিতরণ কেন্দ্র থেকে এই ১৮টি লোকেশনে প্রশ্নপত্রের গোপন প্যাকেটগুলি উড়িয়ে নিয়ে যাওয়া হবে। সেখান থেকে কড়া নিরাপত্তার ঘেরাটোপে প্রশ্নপত্র পৌঁছাবে পরীক্ষাকেন্দ্রে।

    প্রায় ৫ লক্ষ নিরাপত্তাকর্মী মোতায়েন

    এছাড়াও, দেশজুড়ে পরীক্ষাকেন্দ্রগুলিতে প্রায় ৫ লক্ষ নিরাপত্তাকর্মী মোতায়েন করা হবে। পরীক্ষার উপর নজরদারি চালাতে অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) নির্ভর সিসিটিভি ক্যামেরা ব্যবহারেরও পরিকল্পনা করা হয়েছে। সন্দেহজনক কার্যকলাপ শনাক্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য এই প্রযুক্তি কাজে লাগানো হবে।

    কঠোর নজরদারির মধ্যে প্রশ্নপত্র তৈরি

    পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়নের ক্ষেত্রেও নেওয়া হয়েছে কড়া সতর্কতা। বিশেষজ্ঞ শিক্ষক ও বিষয়ভিত্তিক বিশেষজ্ঞদের একটি দল কঠোর নজরদারির মধ্যে প্রশ্নপত্র তৈরি করেছেন। তাঁদের সম্পূর্ণ বিচ্ছিন্ন অবস্থায় রাখা হয়েছে এবং ইন্টারনেট ব্যবহারের কোনও সুযোগ দেওয়া হয়নি। নিট পরীক্ষার প্রশ্নপত্র তৈরিকারক, মডারেটর এবং অনুবাদকদের সম্পূর্ণ গোপন একটি সুরক্ষিত আশ্রয়ে রাখা হয়েছে। পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত তাঁরা একপ্রকার নজরবন্দি অবস্থায় থাকবেন। তাঁদের মোবাইল ফোন, ল্যাপটপ এবং ইন্টারনেটের মতো বাহ্যিক যোগাযোগের সমস্ত মাধ্যম সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।

    শতভাগ স্বচ্ছতা বজায় রাখতে সক্রিয় সরকার

    বিগত দিনে নিট পরীক্ষা নিয়ে হওয়া কেলেঙ্কারি দেশের লাখ লাখ শিক্ষার্থী ও অভিভাবকদের আস্থা সম্পূর্ণ নাড়িয়ে দিয়েছিল। বর্তমানে পুরো বিষয়টি নিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (CBI) তদন্ত চালাচ্ছে। এমতাবস্থায় আগামী ২১শে জুনের পুনর্পরীক্ষাকে সরকারের পক্ষ থেকে একটি আস্থা ফেরানোর লড়াই হিসেবে দেখা হচ্ছে। দেশের একটি শিক্ষাগত প্রবেশিকা পরীক্ষার প্রশ্নপত্র সুরক্ষিত রাখতে সামরিক বাহিনীর সাহায্য নেওয়া যেমন নজিরবিহীন, তেমনই এটি প্রমাণ করে যে সরকার এবার পরীক্ষার শতভাগ স্বচ্ছতা বজায় রাখতে কতটা মরিয়া ও কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে।

    বহুস্তরীয় নিরাপত্তা কাঠামো

    গত ২ মে ২২ লাখ পরীক্ষার্থী নিট পরীক্ষা দিয়েছিলেন। এরপরই সামনে আসে সেই পরীক্ষার প্রশ্ন ফাঁসের তথ্য। ঘটনার তদন্তে নেমে এখনও পর্যন্ত ১৩ জনকে গ্রেপ্তার করেছে সিবিআই। জানা গিয়েছে, গ্রেপ্তার হওয়া অভিযুক্তদের বেশিরভাগই অধ্যাপক এবং তাঁরা পরীক্ষক সংস্থা এনটিএ-র সঙ্গে যুক্ত ছিলেন। অর্থাৎ সর্ষের মধ্যেই ছিল ভূত। এই ঘটনায় বিতর্ক চরমে উঠতেই নিটের পুনঃপরীক্ষার সিদ্ধান্ত নেয় এনটিএ। আগামী ২১ জুন হতে চলেছে সেই পরীক্ষা। এখানে যাতে কোনওরকম জালিয়াতির ঘটনা না ঘটে তা নিশ্চিত করতে কোমর বেঁধে নেমে পড়েছে কেন্দ্র। নিট পরীক্ষার প্রস্তুতি প্রসঙ্গে শীর্ষ আধিকারিকদের তরফে জানানো হয়েছে, পরীক্ষা প্রক্রিয়াকে সুরক্ষিত রাখতে বহুস্তরীয় নিরাপত্তা কাঠামো তৈরি করা হচ্ছে যার প্রথম ধাপ হল, প্রশ্নপত্র প্রস্তুতকারীদের পৃথক রাখা। প্রশ্নপত্র তৈরি ও অনুবাদ থেকে শুরু করে নিরীক্ষণ, মুদ্রণ, প্যাকেজিং, পরিবহন এবং তা পরীক্ষার্থীদের হাতে পৌঁছন পর্যন্ত প্রতিটি পর্যায়কে কঠোর যাচাই-বাছাইয়ের মধ্য দিয়ে নিয়ে যাওয়া হবে। শুধু তাই নয়, প্রশ্নপত্র পরিবহণকে নিরাপদ রাখতে বায়ুসেনার বিমান এবং তা পরীক্ষাকেন্দ্রে পৌঁছন পর্যন্ত কড়া নিরাপত্তার মোড়কে মুড়ে ফেলা হচ্ছে।

  • World’s Shortest Doctor: বাধা উচ্চতা! ভর্তি নিচ্ছিল না কলেজ, বিশ্বের সবথেকে ‘ছোট্ট ডাক্তার’ হওয়ার পথে বারাইয়া

    World’s Shortest Doctor: বাধা উচ্চতা! ভর্তি নিচ্ছিল না কলেজ, বিশ্বের সবথেকে ‘ছোট্ট ডাক্তার’ হওয়ার পথে বারাইয়া

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বের সবথেকে কম উচ্চতার চিকিৎসক হতে চলেছেন গুজরাটের গণেশ বারাইয়া (২২)। ভাবনগরের মেডিক্যাল কলেজে ইতিমধ্যে শুরুও করেছেন তাঁর ইন্টার্নশিপ (World’s Shortest Doctor)। জীবনের সমস্ত প্রতিবন্ধকতাকে উতরে গিয়েছেন নিজের যোগ্যতায়। নানা বাধা, সমালোচনার মুখে পড়েছেন,শুনেছেন কটূক্তিও। অপরাধ তাঁর উচ্চতা। তবে কোনও কিছুই দমিয়ে রাখতে পারেনি এই হবু চিকিৎসকে। আগামিদিনে গণেশ বারাইয়া ডার্মাটোলজিতে স্পেশালাইজেশন করতে চান।

    গণেশ বারাইয়ার উচ্চতা মাত্র ৩ ফুট

    বাকি পাঁচজনের থেকে শারীরিকভাবে (World’s Shortest Doctor) একেবারেই আলাদা গণেশ বারাইয়া, কারণ তাঁর উচ্চতা মাত্র ৩ ফুট। ওজনও মাত্র ১৮ কেজি। শারীরিক গঠনের কারণে কটাক্ষের শিকার হতে হয়েছে বারবার, কিন্তু মনের জোর ছিল অটুট। তাঁর শারীরিক অক্ষমতা ৭২ শতাংশ। সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, ছোটবেলা থেকেই তাঁর চিকিৎসক হওয়ার স্বপ্নের কথা। তাঁর স্বপ্নপূরণ সবথেকে বেশি সাহায্য় বারাইয়া পেয়েছেন তাঁর মায়ের কাছে, এমনটাই দাবি তাঁর।

    গুজরাটের ভাবনগরের গোরকি গ্রামের বাসিন্দা বারাইয়া

    গণেশ বারাইয়ার বসত বাড়ি গুজরাটের ভাবনগরের গোরকি গ্রামে বলে জানা গিয়েছে। পরিবারের মধ্যে বারাইয়াই প্রথম, যিনি কলেজের গণ্ডি পার করেছেন। জানা গিয়েছে, বারাইয়ার বাবা ভিথল পেশায় একজন কৃষিজীবী এবং তাঁর আরও আটটি বোন রয়েছে। যাঁরা কেউই মাধ্যমিকের গণ্ডি টপকায়নি। বারাইয়া জানিয়েছে, নীলকন্ঠ বিদ্যাপীঠে নবম শ্রেণিতে পড়ার সময়ই তিনি ডাক্তার হওয়ার স্বপ্ন দেখতে শুরু করেন। ভাবনগর মেডিক্যাল কলেজের ডিন ডক্টর হেমন্ত মেহতা জানিয়েছেন, একেবারে সামনের সারিতে বসেই উৎসাহের সঙ্গে ক্লাস করে বারাইয়া। তাঁর সহপাঠীদের কাছ থেকে অভূতপূর্ব সাহায্যও (World’s Shortest Doctor) পায়।  এবিষয়ে বারাইয়া বলেন, “ক্লিনিকাল ডিউটির সময় আমি বহুমূল্য অভিজ্ঞতা অর্জন করেছি। সেই সময়ই করোনা সংক্রমণ শুরু হয়েছিল। কঠিন পরিস্থিতির মধ্যেও আমরা কাজ করেছি।”

    কৃতী ছাত্র বারাইয়া

    সংবাদমাধ্যমকে বারাইয়া জানিয়েছেন, ২০১৮ সালে তিনি দ্বাদশ শ্রেণির বোর্ডের পরীক্ষায় ৮৭ শতাংশ নম্বর পেয়েছিলেন। নিটেও ২৩৩ র‌্যাঙ্ক আসে তাঁর। কিন্তু এমবিবিএস কোর্সেই ভর্তির পথে অন্তরায় হচ্ছিল শারীরিক অক্ষমতা। তাঁর সঙ্গে আরও দুই শারীরিক অক্ষম পড়ুয়াকে (World’s Shortest Doctor) ভর্তিতে বাধা দেওয়া হয়। এরপরে শুরু হয় আইনি লড়াই। মামলা গড়ায় সুপ্রিম কোর্টে। শীর্ষ আদালতের রায় বারাইয়া ও বাকি দুই পড়ুয়ার এমবিবিএস কোর্সে ভর্তির পক্ষে আসে। বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের অধিকার আইনের আওতায় পড়ুয়াদের ভর্তি নিতে বলে শীর্ষ আদালত।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Kerala NEET Controversy: পরীক্ষায় বসতে হলে খুলতে হবে অন্তর্বাস! কেরলে ভয়ঙ্কর অভিজ্ঞতা

    Kerala NEET Controversy: পরীক্ষায় বসতে হলে খুলতে হবে অন্তর্বাস! কেরলে ভয়ঙ্কর অভিজ্ঞতা

    মাধ্যম নিউজ ডেস্ক: নিট (National Eligibility Entrance Test) পরীক্ষাকেন্দ্রে ছাত্রীদের জোর করে অন্তর্বাস খোলানো নিয়ে সরগরম কেরল (Kerala)। অভিযোগ, পরীক্ষাহলে ঢোকার আগে ছাত্রীদের জোর করে অন্তর্বাস খোলানো হয়েছে। চেকিংয়ের সময় মেটাল ডিটেক্টরে ব্রায়ের হুক নিয়ে সমস্যার সৃষ্টি। ফলে ছাত্রীদের অন্তর্বাস নিয়ে আপত্তি জানায় কেরালার কোল্লাম জেলার (Kollam district) মারথোমা ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি (Kerala’s Marthoma Institute of Information Technology)। ওই সেন্টারে পরীক্ষা দিতে আসা এক পড়ুয়ার বাবা কোট্টারাকারা পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করেন।

    অভিযোগকারী জানিয়েছেন, তাঁর মেয়ে এই শর্তে রাজি না হওয়ায় তাঁকে পরীক্ষায় বসতে দেওয়া হয়নি। যদিও ন্যাশনাল টেস্টিং এজেন্সির (NTA) গাইডলাইনে অন্তর্বাস নিয়ে কোনও আপত্তির কথা লেখা নেই। অভিযোগকারীর দাবি, ওই পরীক্ষাকেন্দ্রে ৯০ শতাংশ মহিলা পরীক্ষার্থীকে অন্তর্বাস খোলার পরই পরীক্ষাকেন্দ্রে ঢোকার অনুমতি দেওয়া হয়েছে। এমনকি তাদের প্রশ্ন করা হয়, ”কোনটা বেশি গুরুত্বপূর্ণ? অন্তর্বাস না ভবিষ্যৎ?” যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে কেরলের ওই ইনস্টিটিউট।  বিষয়টি নিয়ে প্রশ্নের মুখে পড়েছে এনটিএ। চিঠি লিখে এনটিএ-এর থেকে ঘটনাটি বিস্তারিত জানতে চান কেরলের শিক্ষামন্ত্রী আর বিন্দু। কেরলের শিক্ষা দফতরের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন পুরো ঘটনার তদন্তের জন্য কেরলে তদন্তকারী দল পাঠাচ্ছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি।

    আরও পড়ুন: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করলে তা ধর্ষণ নয়, ঐতিহাসিক রায় কেরল হাইকোর্টের

    সম্পূর্ণ ঘটনাকে অত্যন্ত অপমানজনক আখ্যা দিয়ে ১৭ বছরের এক ছাত্রী জানান, রবিবার পরীক্ষা হলে ঢোকার আগে জোর করে অন্তর্বাস খোলানোয়, পরীক্ষা চলাকালীন সর্বক্ষণ তাঁকে চুল দিয়ে বুক ঢেকে রাখতে হয়। তিনি বলেন, “পরীক্ষা শুরুর আগে ওনারা আমায় ডাকেন এবং বলেন যে সমস্ত পরীক্ষার্থীর স্ক্যানিং হবে। আমরা ভেবেছিলাম দুটো লাইনে দাঁড় করানো হচ্ছে, এবার চেকিংয়ের পরই হয়তো যেতে দেওয়া হবে। কিন্তু ওনারা বলেন, যারা ধাতব হুকের ব্রা পরে রয়েছে, তাদের সকলকেই ব্রা খুলতে হবে। আমাকেও প্রশ্ন করা হয় যে অন্তর্বাসে ধাতব হুক আছে কি না, হ্য়াঁ বলতেই আমায় একটি লাইনে দাঁড়াতে বলে।”

    ওই ছাত্রী আরও বলেন, “ওনারা আমাদের অন্তর্বাস খুলে টেবিলের উপরে রাখতে বলেন। সমস্ত ছাত্রীদের ব্রা এক জায়গায় জড়ো করে রাখা হয়। আমরা তখনও জানতাম না যে পরীক্ষার পর আর অন্তর্বাস ফেরত দেওয়া হবে কি না। পরীক্ষা শেষে যখন ওই ঘরে যাই, সেখানে প্রচন্ড ভিড় ছিল। ওনারা আমাদের বলেন যে হাতে ব্রা নাও আর বেরিয়ে যাও। পরার কোনও দরকার নেই। কোনওমতে নিজের অন্তর্বাস খুঁজে নিয়ে আমি বেরিয়ে আসি।”

LinkedIn
Share