Tag: Nepal Prime Minister Balendra Shah

  • Nepal PM: প্রথম দ্বিপাক্ষিক সফরে দিল্লিতে আসছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ

    Nepal PM: প্রথম দ্বিপাক্ষিক সফরে দিল্লিতে আসছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ

    মাধ্যম নিউজ ডেস্ক: আগামী ২২ নভেম্বর দু’দিনের রাষ্ট্রীয় সফরে নয়াদিল্লি আসছেন নেপালের প্রধানমন্ত্রী (Nepal PM) বালেন্দ্র শাহ। চলতি বছরের মার্চে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করার পর এটিই তাঁর প্রথম দ্বিপাক্ষিক ভারত সফর (India Visit)। ভারত ও নেপালের মধ্যে অর্থনৈতিক ও কৌশলগত সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে বাণিজ্য, বিদ্যুৎ, যোগাযোগ ব্যবস্থা এবং উন্নয়নমূলক অংশীদারিত্বের মতো বিষয়গুলি বিশেষ গুরুত্ব পেতে পারে। পাশাপাশি, একাধিক গুরুত্বপূর্ণ পরিকাঠামো ও বিদ্যুৎ প্রকল্পের উদ্বোধনেরও সম্ভাবনা রয়েছে।

    মোদির সঙ্গে প্রতিনিধি পর্যায়ের বৈঠক (Nepal PM)

    সফরকালে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক পর্যালোচনা এবং সহযোগিতার নতুন ক্ষেত্র খুঁজে বের করার সুযোগ তৈরি হবে। বিদেশ মন্ত্রকের সূত্রে জানা গিয়েছে, ২২ নভেম্বর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করবেন শাহ। বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গেও তাঁর বৈঠক হওয়ার কথা। সফরের মূল কর্মসূচি রয়েছে ২৩ নভেম্বর। ওই দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রতিনিধি পর্যায়ের বৈঠকে বসবেন নেপালের প্রধানমন্ত্রী।

    দুই রাষ্ট্রনেতা যৌথভাবে একাধিক বিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করবেন বলে জানা গিয়েছে। পাশাপাশি, দ্বিপাক্ষিক চুক্তি ও সহযোগিতার বিভিন্ন নথি বিনিময় এবং যৌথ সাংবাদিক সম্মেলনও হওয়ার কথা। রাজঘাটে মহাত্মা গান্ধীর স্মৃতিতে শ্রদ্ধা নিবেদন করবেন শাহ। ভারত-নেপাল বাণিজ্য মঞ্চের বৈঠকে অংশ নেবেন তিনি। দুই প্রতিবেশী দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধি এবং বিনিয়োগ আকর্ষণ করাই এই মঞ্চের মূল লক্ষ্য।

    ভারতের নীতির গুরুত্বপূর্ণ অংশ নেপাল

    প্রতিবেশী দেশগুলির সঙ্গে সম্পর্ককে অগ্রাধিকার দেওয়ার ভারতের নীতির গুরুত্বপূর্ণ অংশ নেপাল। দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও শক্তিশালী করার ক্ষেত্রে এই সফর বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে নয়াদিল্লি। বিদেশ মন্ত্রকের বক্তব্য, দুই দেশের মধ্যে নিয়মিত উচ্চপর্যায়ের যোগাযোগের ধারাবাহিকতায় এই সফর অনুষ্ঠিত হচ্ছে। এর মাধ্যমে পারস্পরিক সহযোগিতা আরও বিস্তৃত হবে এবং দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট উন্নয়নমূলক উদ্যোগ এগিয়ে নিয়ে যাওয়ার পথ খুলবে।

    ভারত ও নেপালের সম্পর্ক ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং সভ্যতাগত বন্ধনের উপর প্রতিষ্ঠিত। দুই দেশের মানুষের মধ্যে দীর্ঘদিনের আত্মীয়তা ও যোগাযোগও এই সম্পর্কের অন্যতম ভিত্তি। বাণিজ্য, উন্নয়নমূলক সহযোগিতা, বিদ্যুৎ, জলসম্পদ, স্থল ও ডিজিটাল যোগাযোগ, প্রযুক্তি, উদ্ভাবন এবং খেলাধুলার মতো বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা ক্রমশ বিস্তৃত হয়েছে।

    ভারত নেপালের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার এবং অন্যতম প্রধান বিনিয়োগকারী দেশ। স্থলবেষ্টিত রাষ্ট্র হওয়ায় আন্তর্জাতিক বাজারে পৌঁছনোর ক্ষেত্রে নেপাল ভারতের উপর অনেকটাই নির্ভরশীল। পণ্য ও পরিষেবা পরিবহণেও ভারতের ভূমিকা গুরুত্বপূর্ণ। দুই দেশের মধ্যে প্রায় ১,৭৫১ কিলোমিটার দীর্ঘ উন্মুক্ত সীমান্ত রয়েছে। সেই সঙ্গে রয়েছে গভীর সাংস্কৃতিক, ঐতিহাসিক ও সামাজিক যোগাযোগ।

    এই সফরে বিদ্যুৎ সহযোগিতা বিশেষ গুরুত্ব পেতে পারে। জলবিদ্যুৎ উৎপাদন, বিদ্যুৎ বাণিজ্য এবং সীমান্তবর্তী বিদ্যুৎ পরিকাঠামোর উন্নয়ন নিয়ে দুই দেশ আলোচনা করবে বলে আশা করা হচ্ছে। আলোচনায় উঠে (Nepal PM) আসতে পারে নিম্ন অরুণ জলবিদ্যুৎ প্রকল্প এবং ভারতের শিলিগুড়ি থেকে নেপালের ঝাপা জেলার চারালি পর্যন্ত তেল পরিবহণের পাইপলাইন প্রকল্প। এছাড়া সীমান্তে সমন্বিত শুল্ক ও নিরাপত্তা পরীক্ষা কেন্দ্র, সেতু এবং অন্যান্য যোগাযোগ পরিকাঠামোর উন্নয়ন নিয়েও অগ্রগতির সম্ভাবনা রয়েছে।

    নেপালের বিদেশসচিবের বক্তব্য

    নেপালের বিদেশসচিব অমৃত বাহাদুর রাই জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে ৩৪ সদস্যের সরকারি প্রতিনিধি দল ভারতে আসছে। এই দলে অর্থমন্ত্রী স্বর্ণিম ওয়াগলে, বিদেশমন্ত্রী শিশির খানাল, প্রধানমন্ত্রীর মুখ্য উপদেষ্টা কুমার ব্যাঞ্জনকার-সহ একাধিক পদস্থ আধিকারিক থাকবেন। বাণিজ্য মঞ্চে অংশ নিতে ৫২ সদস্যের পৃথক ব্যবসায়ী প্রতিনিধিদলও ভারতে আসবে।

    প্রস্তাবিত প্রকল্পগুলির মধ্যে রয়েছে পানৌতিতে নেপাল পুলিশ প্রশিক্ষণ কেন্দ্র, ভৈরহাওয়ায় সমন্বিত সীমান্ত পরীক্ষা কেন্দ্র, মহাকালী নদীর উপর যান চলাচলযোগ্য সেতু এবং দোধারা-চাঁদনিতে নতুন সমন্বিত সীমান্ত পরীক্ষা কেন্দ্র নির্মাণের কাজ শুরু করা। অযোধ্যা ও জনকপুরের মধ্যে রেল যোগাযোগ স্থাপনের উদ্যোগও গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। পরীক্ষামূলক যাত্রার পর এই রেল পরিষেবা চালুর জন্য প্রস্তুত বলে ভারত জানিয়েছে। পরিষেবা চালু হলে ধর্মীয় পর্যটন এবং দুই দেশের মানুষের মধ্যে যোগাযোগ আরও বাড়তে পারে।

    নেপালের ভৈরহাওয়া ও পোখরা আন্তর্জাতিক বিমানবন্দরের বাণিজ্যিক কার্যকারিতা বাড়াতে ভারতের কাছ থেকে অতিরিক্ত আকাশপথে প্রবেশের সুযোগ চেয়েছে কাঠমান্ডু। ১৯৯৬ সালের মহাকালী চুক্তির আওতায় পরিকল্পিত পঞ্চেশ্বর বহুমুখী প্রকল্পও আলোচনার অন্যতম বিষয় হতে পারে। যদিও জলবণ্টন সংক্রান্ত মতপার্থক্য এখনও মেটেনি।

    এদিকে, নেপাল ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে ২০০ কোটি মার্কিন ডলারের সহায়তা প্যাকেজ চেয়েছে। এর (India Visit) মধ্যে ১০০ কোটি ডলার ঋণসুবিধা, ৫০ কোটি ডলার অনুদান এবং আরও ৫০ কোটি ডলার গত ২৬ অগাস্ট রসুয়া-ভোটেকোশি করিডরে বন্যার পর পুনর্গঠনের কাজে ব্যবহারের প্রস্তাব রয়েছে। নেপালের (Nepal PM) পুনর্গঠন সংক্রান্ত প্রস্তাবগুলি বিবেচনা করার আশ্বাস দিয়েছে ভারত।

     

LinkedIn
Share