Tag: Odisha Weather Alert

  • Cyclone Akvan Landfall: ওড়িশা উপকূলে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় আকভান, অতি ভারী বৃষ্টির আশঙ্কা, বাংলাতেও সতর্কতা

    Cyclone Akvan Landfall: ওড়িশা উপকূলে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় আকভান, অতি ভারী বৃষ্টির আশঙ্কা, বাংলাতেও সতর্কতা

    মাধ্যম নিউজ ডেস্ক: ওড়িশা উপকূলে আছড়ে পড়তে শুরু করেছে ঘূর্ণিঝড় আকভান (Cyclone Akvan)। শুক্রবার সকাল থেকেই শুরু হয়েছে স্থলভাগে প্রবেশের প্রক্রিয়া। মৌসম ভবন (IMD) জানিয়েছে, আগামী তিন ঘণ্টা ধরে চলবে এই প্রক্রিয়া। স্থলভাগে প্রবেশের সময় ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার থাকতে পারে। দমকা হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৯০ কিলোমিটার পর্যন্ত পৌঁছনোর আশঙ্কা রয়েছে। যদিও স্থলভাগে প্রবেশের আগে শক্তিশালী ঘূর্ণিঝড় থেকে সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে আকভান।

    আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলের কাছাকাছি গোপালপুর সংলগ্ন এলাকা দিয়ে স্থলভাগে প্রবেশ করছে ঘূর্ণিঝড়টি। পরিস্থিতির কথা মাথায় রেখে ওড়িশা ও অন্ধ্রপ্রদেশে জারি হয়েছে লাল সতর্কতা। দুই রাজ্যেই একাধিক এলাকায় অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।

    অন্ধ্রপ্রদেশে উত্তাল সমুদ্র, মৎস্যজীবীদের সতর্কতা

    ঘূর্ণিঝড়ের প্রভাবে অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম জেলার সোমপেটা উপকূলে সমুদ্র উত্তাল হয়ে উঠেছে। আছড়ে পড়ছে বড় বড় ঢেউ। পরিস্থিতি বিবেচনা করে আগেভাগেই মাছ ধরার কাজ বন্ধ রেখেছেন মৎস্যজীবীরা। শ্রীকাকুলাম ও বিজয়নগরম জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি রাজ্যের আরও কয়েকটি জেলায় কমলা ও হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

    ওড়িশায় ৪২৩টি বিপর্যয় মোকাবিলা দল মোতায়েন

    ঘূর্ণিঝড় মোকাবিলায় ব্যাপক প্রস্তুতি নিয়েছে ওড়িশা প্রশাসন। লাল, কমলা ও হলুদ সতর্কতা জারি থাকা জেলাগুলিতে মোট ৪২৩টি উদ্ধার ও বিপর্যয় মোকাবিলা দল মোতায়েন করা হয়েছে। এর মধ্যে রয়েছে ওড়িশা ডিজাস্টার র‍্যাপিড অ্যাকশন ফোর্সের ৬০টি দল, এনডিআরএফের ১৪টি দল, দমকল ও জরুরি পরিষেবার ২২১টি দল এবং গাছ কাটার জন্য ১২৮টি দল।

    কটকের মেয়র সুবাস সিং জানিয়েছেন, ঘূর্ণিঝড় মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত শহর। ৫০ হাজারেরও বেশি মানুষকে আশ্রয় দেওয়ার জন্য ৯৪টি আশ্রয়কেন্দ্র চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ৩৬টি কেন্দ্রে শুকনো ও রান্না করা খাবার, পানীয় জল-সহ প্রয়োজনীয় পরিষেবা, জেনারেটর এবং যাতায়াতের জন্য মিনিবাস ও বোলেরোর ব্যবস্থা রাখা হয়েছে।

    জল জমার সমস্যা মোকাবিলায় ৩১০টি পাম্প, দমকলের পাম্প, ২৪টি ভলভো পাম্প এবং তিনটি জেসিবি মেশিন প্রস্তুত রাখা হয়েছে। প্রয়োজনে ব্যবহার করা হবে ববক্যাট, হাইড্রোলিক ল্যাডার ও সাতটি ট্রাক্টরও।

    ঘূর্ণিঝড়ের প্রভাব বাংলাতেও, সুন্দরবনে বৃষ্টি ও ঝোড়ো হাওয়া

    আকভানের প্রভাব পড়তে শুরু করেছে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাতেও। দক্ষিণ ২৪ পরগনার একাধিক জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছে। আকাশ ঢেকেছে কালো মেঘে। সুন্দরবন সংলগ্ন উপকূলবর্তী এলাকায় বৃষ্টির সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া। পাশাপাশি নদী ও সমুদ্রের জলস্তরও বেড়েছে। উপকূলবর্তী এলাকায় সমুদ্রের পরিস্থিতি যথেষ্ট উত্তাল।

    পরিস্থিতির কথা মাথায় রেখে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছে প্রশাসন। বকখালি ও গঙ্গাসাগরের মতো গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রগুলিতেও নজরদারি বাড়ানো হয়েছে। পর্যটকরা যাতে সমুদ্রে স্নান করতে নেমে বিপদের মুখে না পড়েন, সেদিকে বিশেষ নজর রাখছে প্রশাসন।

    পর্যটকদের সমুদ্রের কাছ থেকে দূরে রাখতে সৈকতে মাইকিং করছেন সিভিল ডিফেন্সের কর্মীরা। পূর্ব মেদিনীপুরে একটি বিশেষ কন্ট্রোল রুম খোলা হয়েছে এবং জেলার ২৫টি ব্লক, চার মহকুমাশাসক, উদ্ধারকারী দল ও ত্রাণ শিবিরগুলোকে চূড়ান্ত সতর্ক অবস্থায় রাখা হয়েছে।

    পাঁচ জেলায় কমলা সতর্কতা

    আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টির তীব্রতা আরও বাড়তে পারে। এর জেরে নিচু এলাকাগুলিতে জল জমার আশঙ্কা রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়া—এই পাঁচ জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। কোথাও কোথাও ২৪ ঘণ্টায় ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে।

    অন্যদিকে, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা ও পুরুলিয়াতেও দফায় দফায় বৃষ্টি চলছে। এই জেলাগুলিতেও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। শনিবারের পর বৃষ্টির দাপট কিছুটা কমতে পারে। তবে সোমবার পর্যন্ত রাজ্যজুড়ে মেঘলা আকাশ ও বৃষ্টির পরিস্থিতি বজায় থাকার সম্ভাবনা রয়েছে।

    সব মিলিয়ে ঘূর্ণিঝড় আকভানকে কেন্দ্র করে ওড়িশা ও অন্ধ্রপ্রদেশের পাশাপাশি পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাতেও সতর্কতা জারি রয়েছে। উদ্ধারকাজ, নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর প্রশাসন।

LinkedIn
Share