Tag: Padma Award

Padma Award

  • Padma Award: বিজয় অমৃতরাজকে পদ্মভূষণ; পদ্মশ্রী পাচ্ছেন রোহিত শর্মা ও হরমনপ্রীত কৌর

    Padma Award: বিজয় অমৃতরাজকে পদ্মভূষণ; পদ্মশ্রী পাচ্ছেন রোহিত শর্মা ও হরমনপ্রীত কৌর

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতের টেনিস কিংবদন্তি বিজয় অমৃতরাজকে মর্যাদাপূর্ণ পদ্মভূষণ সম্মানে (Padma Award) ভূষিত করা হয়েছে। অন্যদিকে, ভারতীয় ক্রিকেট দলের দুই আইকন—পুরুষ দলের অধিনায়ক রোহিত শর্মা এবং মহিলা দলের অধিনায়ক হরমনপ্রীত কৌরকে (Harmanpreet Kaur) পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত করা হয়েছে। রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬ সালের পদ্ম পুরস্কারের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেছে ভারত সরকার।

    ১৯৭৪ সালে অর্জুন পুরস্কার পান অমৃতরাজ (Padma Award)

    এ বছর ক্রীড়া জগত থেকে বিজয় অমৃতরাজ একমাত্র ব্যক্তিত্ব যিনি পদ্মভূষণ (ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান) অর্জন করেছেন। টেনিসে ভারতের অন্যতম পথিকৃৎ অমৃতরাজ  আগে অবশ্য ১৯৮৩ সালে পদ্মশ্রী (Padma Award) এবং ১৯৭৪ সালে অর্জুন পুরস্কার পেয়েছিলেন। পেশাদার টেনিস ক্যারিয়ারে তিনি দুবার উইম্বলডন এবং দুবার ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালে পৌঁছে দেশের মুখ উজ্জ্বল করেছিলেন।

    ওয়ানডে বিশ্বকাপ জয়

    ভারতীয় ক্রিকেটের জন্য ২০২৫ সালটি ছিল স্মরণীয়। হরমনপ্রীত কৌরের (Harmanpreet Kaur) অসামান্য নেতৃত্বে ভারতীয় মহিলা দল দেশের মাটিতে আয়োজিত ওয়ানডে বিশ্বকাপ জয় করে ইতিহাস গড়ে। অন্যদিকে, রোহিত শর্মা ২০২৫ সালে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেও সীমিত ওভারের ক্রিকেটে ভারতের অন্যতম পরাক্রমী ও নির্ভরযোগ্য ব্যাটার হিসেবে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে চলেছেন।

    মোট ১৩১ জন বিশিষ্ট ব্যক্তিকে পদ্ম পুরস্কার

    কেন্দ্রীয় সরকারের ঘোষণা অনুযায়ী, এ বছর বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য মোট ১৩১ জন বিশিষ্ট ব্যক্তিকে পদ্ম পুরস্কারের (Padma Award) জন্য মনোনীত করা হয়েছে। যার মধ্যে ৫ জন পদ্মবিভূষণ, ১৩ জন পদ্মভূষণ এবং ১১৩ জন পদ্মশ্রী প্রাপক রয়েছেন। এই তালিকায় ১৯ জন নারী এবং ১৬ জন মরণোত্তর সম্মান প্রাপক অন্তর্ভুক্ত রয়েছেন। আগামী মার্চ বা এপ্রিল মাসে রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে ভারতের রাষ্ট্রপতি এই সম্মাননাগুলি আনুষ্ঠানিকভাবে প্রদান করবেন।

    পশ্চিমবঙ্গ থেকে কে কে পাচ্ছেন?

    পশ্চিমবঙ্গ থেকে পদ্ম সম্মান পাচ্ছেন মোট ১১ জন। তাঁদের মধ্যে রয়েছেন অভিনয় জগত থেকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শিল্পকলায় বিশেষ অবদানের জন্য নাট্যব্যক্তিত্ব হরিমাধব মুখোপাধ্যায়, তাঁতশিল্পী জ্যোতিষ দেবনাথ, তবলাবাদক কুমার বসু, কাঁথাশিল্পী তৃপ্তি মুখোপাধ্যায়, সন্তুর বাদক তরুণ ভট্টাচার্য। শিক্ষা ও সাহিত্য থেকে পেয়েছেন শ্রী অশোক কুমার হালদার, এছাড়াও গম্ভীর সিংহ ইয়নজন, মহেন্দ্রনাথ রায় ও রবিলাল টুডু। চিকিৎসা ক্ষেত্রে অবদানের জন্য পাচ্ছেন হৃদ্‌রোগের চিকিৎসক সরোজ মণ্ডল।

    ক্রীড়া ক্ষেত্রে ২০২৬ সালের পদ্ম পুরস্কার প্রাপকদের তালিকা:

    • বিজয় অমৃতরাজ – পদ্মভূষণ (টেনিস)
    • রোহিত শর্মা – পদ্মশ্রী (ক্রিকেট)
    • হরমনপ্রীত কৌর ভুল্লার – পদ্মশ্রী (ক্রিকেট)
    • সবিতা পুনিয়া – পদ্মশ্রী (হকি)
    • প্রবীণ কুমার – পদ্মশ্রী (প্যারা-অ্যাথলেটিক্স)
    • বলদেব সিং – পদ্মশ্রী (হকি কোচ)
    • ভগবানদাস রাইকর – পদ্মশ্রী
    • কে পাজনভেল – পদ্মশ্রী
    • ভ্লাদিমের মেস্তভিরিশভিলি – পদ্মশ্রী (মরণোত্তর – কুস্তি কোচ)
  • Parbati Barua: প্রাণী কল্যাণে বিশেষ অবদান, মাহুত বন্ধু অসমের পার্বতীকে পদ্ম সম্মান

    Parbati Barua: প্রাণী কল্যাণে বিশেষ অবদান, মাহুত বন্ধু অসমের পার্বতীকে পদ্ম সম্মান

    মাধ্যম নিউজ ডেস্ক: ও মোর মাহুত বন্ধুরে… ছোট্টবেলা থেকে হাতিদের বন্ধু হিসাবে বেছে নিয়েছিলেন তিনি। হাতিরাও শোনে তাঁর কথা। গত প্রায় পাঁচ দশক নিজের সুখ দুঃখ সবটা হাতিদের সঙ্গেই ভাগ করে নিয়েছেন আসামের গৌরীপুরের কন্যা পার্বতী বড়ুয়া। দেশের প্রথম মহিলা মাহুত হিসাবে স্বীকৃতি পেয়েছেন। এবার পদ্মশ্রী পাচ্ছেন পার্বতী। 

    বন্যপ্রাণ সংরক্ষণে পুরোধা পার্বতী

    ওয়াইল্ড লাইফ ফোরাম তাঁকে কুইন অফ এলিফ্যান্ট বলেই চেনে। জন্মেছিলেন ১৯৫৩ সালে। শুনতে আশ্চর্য মনে হলেও ১মাস ১৭ দিন বয়স থেকে হাতির সঙ্গে সাক্ষাৎ পার্বতীর। বাবা প্রকৃতীশ বড়ুয়াও ছিলেন হস্তিবিশারদ। আর মেয়ে পার্বতী দেশের প্রথম মহিলা মাহুত হিসাবে পরিচিত। ফাঁদ পেতে হাতি ধরার ক্ষেত্রে তাঁর জুড়ি মেলা ভার। ছোটবেলা থেকেই মেয়ে দেখত বাবার সারা দিন কাটে জীবজন্তুদের সঙ্গে। গদাধর নদীর ধারে বিরাট বাড়িতে থাকতেন প্রকৃতীশ বড়ুয়া তথা লালজী। সেই বাবার মেয়ে পার্বতী ছোটবেলা থেকেই খেলনা নয় খেলেছেন জীবজন্তুদের সঙ্গে। বন্যপ্রাণ সংরক্ষণে সারা দেশে বার বার ডাক পড়েছে তাঁর। বন্যপ্রাণ সংরক্ষণে একেবারে সামনের সারিতে অসমের বাসিন্দা ৬৭ বছর বয়সি পার্বতী। প্রাণী কল্যাণে তাঁর বিশেষ অবদান রয়েছে।

    পদ্ম-প্রাপকদের তালিকায় আর কারা

    শুক্রবার, প্রজাতন্ত্র দিবসের আগে বৃহস্পতিবার রাতে এবছরের পদ্ম পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করল কেন্দ্র। এবারে বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখা ৩৪ জন ব্যক্তিত্বকে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করা হবে। যার মধ্যে বাংলার ৪ জন, দেশের প্রথম মহিলা মাহুত পার্বতী বড়ুয়া-সহ জাগেশ্বর যাদব, চার্মি মুর্মু, সোমান্না, সর্বেশ্বর, সাংথামের মতো বিশিষ্ট ব্যক্তিত্ব রয়েছেন। প্রসঙ্গত, দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মান ভারতরত্ন-এর পর অন্যতম সম্মান হল পদ্ম পুরস্কার। এই পুরস্কার তিনটি বিভাগে দেওয়া হয়- পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Shah Rashid Ahmed Quadri: ‘আপনি আমাকে ভুল প্রমাণিত করলেন…’! প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞ শিল্পী রশিদ আহমেদ কাদরি

    Shah Rashid Ahmed Quadri: ‘আপনি আমাকে ভুল প্রমাণিত করলেন…’! প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞ শিল্পী রশিদ আহমেদ কাদরি

    মাধ্যম নিউজ ডেস্ক: কর্ণাটকের বিশিষ্ট বিদরি হস্তশিল্পী রশিদ আহমেদ কাদরি ‘পদ্মশ্রী’ সম্মান পেলেন। বুধবার রাষ্ট্রপতি ভবনে ওই সম্মান গ্রহণ করার পর শিল্পী যা বললেন, তাতে অবাক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হেসেও ফেললেন। কাদরি মোদির হাত ধরে বলেন, ‘আপনি আমাকে ভুল প্রমাণিত করলেন…’। কাদরির কথা শুনে হেসে উঠলেন প্রধানমন্ত্রী। সেই কথোপকথনের ভিডিও ট্যুইটারে পোস্ট করেছে সংবাদসংস্থা এএনআই। ইতিমধ্যেই তা ভাইরাল হয়ে গিয়েছে। 

    রশিদ যা বললেন

    ওই সম্মানে ভূষিত হয়ে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান রশিদ। অনুষ্ঠানে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। সম্মান প্রদান শেষে পুরস্কার প্রাপকদের সঙ্গে কথা বলেন মোদি। সেই সময়ই শিল্পী প্রধানমন্ত্রীর হাত ধরে বলেন, ‘আমি ইউপিএ সরকারের সময় পদ্ম সম্মানের আশা করেছিলাম, কিন্তু আমি তা পাইনি। আমি এই পুরস্কার পাওয়ার জন্য ১০ বছর ধরে অপেক্ষা করেছি। যখন বিজেপি সরকার ক্ষমতায় এল, তখন ভেবেছিলাম বিজেপিও আমাকে এই সম্মান দেবে না। আমি পদ্মশ্রী পাওয়ার আশা ছেড়ে দিই। কারণ, আমি ভাবতাম বিজেপি কখনও মুসলিমদের কিছু দেয় না। কিন্তু আপনি আমাকে ভুল প্রমাণিত করেছেন। আমি তাই আপনার প্রতি আন্তরিক ভাবে কৃতজ্ঞ।’ প্রত্যুত্তরে প্রধানমন্ত্রী শুধু হাসিমুখে জোড়হাতে নমস্কার করেন রশিদকে।

    পদ্ম সম্মান প্রাপকদের তালিকা

    বুধবার মোট ৫২ জনকে পদ্ম সম্মানে সম্মানিত করা হয়েছে। তাঁদের মধ্যে দু’জন পদ্মবিভূষণ, পাঁচ জন পদ্মভূষণ এবং ৪৫ জন পদ্মশ্রী সম্মান পেয়েছেন। কর্নাটকের আট পদ্ম সম্মান প্রাপকের মধ্যে রশিদ অন্যতম। ১৯৫৫ সালের ৫ জুন রশিদ এক বিদরি কারিগর পরিবারে জন্মগ্রহণ করেন। পরবর্তীতে সেই শিল্পকেই নিজের পেশা হিসেবে বেছে নিয়ে পারিবারিক ঐতিহ্যকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন কাদরি। রশিদ তাঁর শিল্পকলার জন্য ১৯৮৪ সালে কর্নাটক রাজ্য পুরস্কার, ১৯৮৮ সালে জাতীয় পুরস্কার এবং ১৯৯৬ সালে জেলা রাজ্যোৎসব পুরস্কারও পেয়েছেন।

    আরও পড়ুন: ফাইট, মোস্তাক ফাইট! ৬৫ বছর বয়সেও শনশন করে টমটম ছোটাচ্ছেন মোস্তাক

    রশিদ আরও বলেন, ‘১২ হাজার টাকা খরচ করে এই সম্মানের জন্য আমি আবেদন করেছি। ৫০টি রঙিন ছবি দিয়ে আমি আমার একটা প্রোফাইল বানিয়েছিলাম। টানা ৫ বছর আমি এই সম্মান পাওয়ার জন্য আবেদন করেছিলাম।’ তিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও ধন্যবাদ জানান। দেশের প্রাচীন শিল্পকলা সংরক্ষণের উপরে বরাবরই জোর দিয়েছে কেন্দ্রীয় সরকার। এই পেশার সঙ্গে যুক্ত শিল্পীদেরও দেওয়া হয়েছে যোগ্য সম্মান। এবারের পদ্ম সম্মান প্রাপকদের তালিকাতেও সমাজ সংস্কারকদের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তের কলাকুশলীদের স্থান দেওয়া হয়। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share