মাধ্যম নিউজ ডেস্ক: রাজস্থানের শ্রীগঙ্গানগরে রেললাইনে বিস্ফোরণের (Rajasthan Train Blast) ঘটনার তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। তদন্তকারীদের সন্দেহ, প্রেমের সম্পর্কের ফাঁদ বা ‘লাভ ট্র্যাপ’-এর মাধ্যমে এক ২১ বছর বয়সি মহিলাকে নিজেদের নেটওয়ার্কে যুক্ত করেছিল পাকিস্তানভিত্তিক হ্যান্ডলাররা। এই ঘটনায় পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই-এর সম্ভাব্য যোগসূত্রও খতিয়ে দেখছে নিরাপত্তা সংস্থাগুলি। গত ৩ নভেম্বর রাজস্থানের শ্রীগঙ্গানগর জেলার রেললাইনে বিস্ফোরণের ঘটনায় মহাকদীপ কৌর নামে ওই মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর সঙ্গে গ্রেফতার করা হয়েছে ২৩ বছর বয়সি দেবেন্দ্র সিংকেও। পঞ্জাবের গুরদাসপুর জেলা থেকে রাজস্থান এটিএস, শ্রীগঙ্গানগর পুলিশ এবং পঞ্জাব পুলিশের যৌথ অভিযানে তাঁদের গ্রেফতার করা হয়। তদন্তকারীদের দাবি, বিস্ফোরণের পরিকল্পনা ও তা কার্যকর করার ক্ষেত্রে দেবেন্দ্র সিং মহাকদীপকে সাহায্য করেছিলেন।
প্রেমের সম্পর্কের মাধ্যমে আইএসআই-এর জালে?
তদন্তকারী সূত্রের দাবি, জিজ্ঞাসাবাদের সময় মহাকদীপ পাকিস্তানে থাকা দুই ব্যক্তির সঙ্গে যোগাযোগের কথা স্বীকার করেছেন। তাঁদের পরিচয় ‘শাহ’ এবং ‘চাচা’—এই দুটি সাংকেতিক নামে বলে জানা গিয়েছে। রাজস্থান পুলিশের অনুমান, এগুলি আইএসআই-এর সঙ্গে যুক্ত হ্যান্ডলারদের কোডনেম হতে পারে। সূত্রের দাবি, পাকিস্তানের এক ব্যক্তি প্রথমে মহাকদীপের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। পরে ধীরে ধীরে তাঁকে নিজেদের নেটওয়ার্কে যুক্ত করা হয় এবং অর্থের বিনিময়ে বিভিন্ন কাজ করানোর প্রস্তাব দেওয়া হয়। জানা গিয়েছে, মহাকদীপ তাঁর স্বামীর থেকে আলাদা থাকেন। তাঁর স্বামী বর্তমানে মাদক পাচার সংক্রান্ত এনডিপিএস আইনের একটি মামলায় জেলবন্দি।
সামাজিকভাবে বিচ্ছিন্ন মহিলারাই টার্গেট
নিরাপত্তা সংস্থাগুলির সন্দেহ, সামাজিকভাবে বিচ্ছিন্ন বা মানসিকভাবে দুর্বল পরিস্থিতিতে থাকা মহিলাদের প্রেমের সম্পর্কের মাধ্যমে প্রভাবিত করে নিজেদের কাজে ব্যবহার করার কৌশল নিতে পারে পাকিস্তানি হ্যান্ডলাররা। তবে এই নিয়োগ পদ্ধতি এবং এর পিছনে থাকা নেটওয়ার্ক সম্পর্কে এখনও তদন্ত চলছে। রাজস্থান পুলিশ সাধারণ মানুষকে সোশ্যাল মিডিয়ায় সন্দেহজনক অ্যাকাউন্ট এবং বিদেশি হ্যান্ডলার বা অপরাধী চক্রের ফাঁদ থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। যেকোনো সন্দেহজনক কার্যকলাপের তথ্য গোপনীয়তা বজায় রেখে রাজস্থান এটিএস-এর কন্ট্রোল রুম (0141-2601583) বা হোয়াটসঅ্যাপ নম্বরে (9001999070) জানানোর অনুরোধ করা হয়েছে।
গঙ্গাপুর সিটির ববিতা-কাণ্ডের সঙ্গেও যোগসূত্র?
শুধু শ্রীগঙ্গানগর নয়, রাজস্থানের গঙ্গাপুর সিটিতেও একই ধরনের একটি ঘটনা সামনে এসেছিল। সেখানে ববিতা নামে এক মহিলাকে গ্রেফতার করেছিল এটিএস। তদন্তকারীদের দাবি, তিনিও পাকিস্তানভিত্তিক ব্যক্তিদের সঙ্গে প্রেমের সম্পর্কের মাধ্যমে যোগাযোগে এসেছিলেন। দুটি ঘটনার মধ্যে কোনও অভিন্ন নেটওয়ার্ক বা একই ধরনের নিয়োগ কৌশল কাজ করছে কি না, তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা।
উদ্ধার দুটি বিদেশি পিস্তল, ৪৬টি কার্তুজ ও ৩০ হাজার টাকা
এটিএস সূত্রে খবর, অভিযুক্তদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, ৪৬টি জীবন্ত কার্তুজ এবং ৩০ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। তদন্তকারীদের সন্দেহ, উদ্ধার হওয়া টাকা রেললাইনে নাশকতার কাজের জন্য দেওয়া হয়ে থাকতে পারে। অভিযুক্তদের যাতায়াতের জন্য মোটরবাইক এবং গা ঢাকা দেওয়ায় সাহায্য করার অভিযোগে আরও তিন জনকে হেফাজতে নিয়েছে পুলিশ। পুলিশের সন্দেহ, ওই ব্যক্তিরা মহকদীপকে সাহায্য করেছিলেন। ঘটনাস্থলে যাতায়াত করার জন্য বাইকের ব্যবস্থা করে দিয়েছিলেন। কখনও কখনও তাঁকে নিয়ে ‘রেকি’ করতে ঘটনাস্থলেও গিয়েছিলেন ওই ব্যক্তিরা। তবে এই বিস্ফোরণের ঘটনায় দেবেন্দ্রর কী ভূমিকা, তা এখনও স্পষ্ট নয়। পাকিস্তানি হ্যান্ডলারদের সঙ্গে যোগাযোগ, অর্থের উৎস এবং বিস্ফোরণের পিছনে থাকা গোটা নেটওয়ার্কের সন্ধানে তদন্ত চলছে।
একাধিকবার বিস্ফোরক বসানোর চেষ্টা?
১৫ নভেম্বর প্রকাশিত রাজস্থান এটিএস-এর প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, ৩ নভেম্বরের রেললাইন বিস্ফোরণের ঘটনায় মহাকদীপ কৌর ও দেবেন্দ্র সিংকে গ্রেফতার করা হয়েছে। এটিএস-এর দাবি, অভিযুক্তরা রেললাইনে বিস্ফোরক বসানোর একাধিকবার চেষ্টা করেছিলেন। শেষ পর্যন্ত ৩ নভেম্বর রাত প্রায় ৯টা ৪৫ মিনিটে বিস্ফোরণ ঘটে। তদন্তকারীদের দাবি, স্বামীর মাদক পাচার মামলায় গ্রেফতারির পর মহাকদীপ পাকিস্তানভিত্তিক হ্যান্ডলারদের সঙ্গে যোগাযোগ শুরু করেছিলেন। তবে এই সমস্ত অভিযোগের সত্যতা যাচাই করতে তদন্ত চলছে।
নিশানায় কি ছিল অনুপগড়-ভাটিন্ডা যাত্রীবাহী ট্রেন?
তদন্তকারীদের অনুমান, এই বিস্ফোরণের সম্ভাব্য লক্ষ্য ছিল অনুপগড়-ভাটিন্ডা যাত্রীবাহী ট্রেন। ট্রেনটি সকাল প্রায় ৬টায় অনুপগড় থেকে ছাড়ার কথা ছিল। ৩ নভেম্বর অনুপগড় থেকে সুরতগড়গামী একটি ট্রেন ওই এলাকা অতিক্রম করার পর বিস্ফোরণ ঘটে। শ্রীগঙ্গানগর জেলার ৫০ জিবি গ্রামের কাছে অনুপগড়-সুরতগড় রেলপথে এই বিস্ফোরণ হয় বিস্ফোরণের জেরে রেললাইনের নীচে থাকা দুই থেকে তিনটি কংক্রিটের স্লিপার ক্ষতিগ্রস্ত হয়। স্লিপারের ভিতরের লোহার রড বেরিয়ে আসে এবং রেললাইন ধরে রাখার ক্লিপও সরে যায়। বিস্ফোরণের আওয়াজ ২০০ মিটার দূর পর্যন্ত শোনা গিয়েছিল। তবে বড়সড় রেল দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। এই ঘটনায় পাকিস্তানি হ্যান্ডলারদের সম্ভাব্য ভূমিকা, অর্থের জোগান এবং আরও কারা এই নাশকতার সঙ্গে যুক্ত, তা জানতে তদন্ত চালাচ্ছে রাজস্থান এটিএস ও অন্যান্য নিরাপত্তা সংস্থা।
