Tag: Parliament Session 2026

  • Gyanesh Kumar: নির্বাচনী মানচিত্র পুনর্বিন্যাসে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন জ্ঞানেশ কুমার

    Gyanesh Kumar: নির্বাচনী মানচিত্র পুনর্বিন্যাসে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন জ্ঞানেশ কুমার

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতের নির্বাচনী মানচিত্র নতুন করে সাজানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। কেন্দ্রীয় সরকারের প্রস্তাবিত সংশোধিত নির্বাচনী সীমানা পুনর্নির্ধারণ বিল, ২০২৬ (Delimitation Bill) সংসদে বর্তমান রূপে পাশ হলে এই প্রক্রিয়ায় সরাসরি যুক্ত হতে পারেন তিনি। নতুন খসড়া অনুযায়ী, প্রস্তাবিত নির্বাচনী সীমানা পুনর্নির্ধারণ কমিশনের পদাধিকারবলে সদস্য হবেন মুখ্য নির্বাচন কমিশনার। ফলে লোকসভা এবং রাজ্য বিধানসভার নির্বাচনী কেন্দ্রগুলির সীমানা নতুন করে নির্ধারণের কাজে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে পারেন জ্ঞানেশ কুমার।

    প্রস্তাবিত কমিশনের নেতৃত্বে থাকবেন সুপ্রিম কোর্টের কোনও বর্তমান বা প্রাক্তন বিচারপতি। কমিশনের অন্যান্য সদস্য হিসেবে থাকবেন মুখ্য নির্বাচন কমিশনার অথবা তাঁর মনোনীত কোনও নির্বাচন কমিশনার। পাশাপাশি সংশ্লিষ্ট রাজ্যের রাজ্য নির্বাচন কমিশনারও এই কমিশনের সদস্য হবেন। অর্থাৎ, জ্ঞানেশ কুমার নিজে কমিশনে যোগ দিতে পারেন। আবার তাঁর পরিবর্তে অন্য কোনও নির্বাচন কমিশনারকেও মনোনীত করতে পারেন।

    বর্তমানে মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে জ্ঞানেশ কুমারের কার্যকালের মেয়াদ ২০২৯ সালের ২৬ জানুয়ারি পর্যন্ত। সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, ২০২৯ সালের লোকসভা নির্বাচন নতুন নির্বাচনী সীমানা অনুযায়ী আয়োজন করতে হলে তার আগেই দেশজুড়ে এই পুনর্নির্ধারণের কাজ শেষ করতে হবে।

    কী রয়েছে নয়া নির্বাচনী সীমানা পুনর্নির্ধারণ বিলে? (Gyanesh Kumar)

    গত শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রিসভা সংশোধিত নির্বাচনী সীমানা পুনর্নির্ধারণের প্রস্তাবে অনুমোদন দিয়েছে। আগামী ৩০ নভেম্বর থেকে শুরু হতে চলা সংসদের বিশেষ অধিবেশনের আগেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    প্রস্তাবিত আইন অনুযায়ী, দেশের সমস্ত রাজ্যে লোকসভার আসনসংখ্যা ৫০ শতাংশ বাড়ানোর পরিকল্পনা রয়েছে। তবে আগামী ২৫ বছর পর্যন্ত লোকসভায় বিভিন্ন রাজ্যের প্রতিনিধিত্বের বর্তমান আনুপাতিক হার বজায় রাখার কথা বলা হয়েছে (Gyanesh Kumar)।

    এই উদ্যোগের সঙ্গে সংসদ ও রাজ্য বিধানসভাগুলিতে মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণের বিষয়টিও যুক্ত রয়েছে। অর্থাৎ, মহিলাদের রাজনৈতিক প্রতিনিধিত্ব বাড়ানোর পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রেও এই সীমানা পুনর্নির্ধারণ গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।

    উল্লেখ্য, নির্বাচনী সীমানা পুনর্নির্ধারণ বিলের একটি আগের সংস্করণ চলতি বছরের এপ্রিল মাসে লোকসভায় পেশ করা হয়েছিল। কিন্তু প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারায় সেই বিল আর এগোয়নি।

    বিরোধীদের আশঙ্কা

    নতুন করে নির্বাচনী কেন্দ্রগুলির সীমানা নির্ধারণের প্রস্তাব ঘিরে ইতিমধ্যেই উদ্বেগ প্রকাশ করেছে বিরোধী দলগুলি। তাদের আশঙ্কা, এই প্রক্রিয়াকে কাজে লাগিয়ে নির্বাচনী কেন্দ্রগুলির সীমানা এমনভাবে পরিবর্তন করা হতে পারে, যাতে কোনও নির্দিষ্ট রাজনৈতিক দল নির্বাচনে বাড়তি সুবিধা পায়। রাজনৈতিক পরিভাষায় এই ধরনের কৌশলকে নির্বাচনী সীমানার কারসাজি বলা হয়।

    এদিকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ঘিরেও বিরোধীদের সঙ্গে কেন্দ্রের সংঘাত অব্যাহত রয়েছে। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া নিয়েও তাঁর ভূমিকার সমালোচনা করে আসছে বিরোধী শিবির।

    চলতি বছরের মার্চ মাসে ১৯৩ জন বিরোধী সাংসদ জ্ঞানেশ কুমারকে মুখ্য নির্বাচন কমিশনারের পদ থেকে সরানোর দাবিতে নোটিশ জমা দিয়েছিলেন। তবে লোকসভার অধ্যক্ষ এবং রাজ্যসভার চেয়ারম্যান সেই নোটিস খারিজ করে দেন। পরবর্তীতে এপ্রিল মাসেও তাঁকে (Delimitation Bill) অপসারণের দাবিতে দ্বিতীয়বার উদ্যোগ নেওয়া হয়েছিল।

    অন্যদিকে, কেন্দ্রীয় সরকারের বক্তব্য, মহিলাদের জন্য আসন সংরক্ষণের ব্যবস্থা কার্যকর করা এবং দেশের নির্বাচনী কেন্দ্রগুলিকে নতুন করে সাজানোর জন্য সীমানা পুনর্নির্ধারণ অত্যন্ত প্রয়োজনীয় (Gyanesh Kumar)।

     

LinkedIn
Share