Tag: PM Modi in Gujarat

  • PM-Kisan Scheme: ৩০ অক্টোবর কৃষকদের অ্যাকাউন্টে ঢুকবে পিএম-কিষানের ২৪তম কিস্তির টাকা, বরাদ্দ ১৮,৬৮০ কোটি

    PM-Kisan Scheme: ৩০ অক্টোবর কৃষকদের অ্যাকাউন্টে ঢুকবে পিএম-কিষানের ২৪তম কিস্তির টাকা, বরাদ্দ ১৮,৬৮০ কোটি

    মাধ্যম নিউজ ডেস্ক: কৃষকদের জন্য বড় ঘোষণা। আগামী ৩০ অক্টোবর প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি (PM-Kisan) প্রকল্পের ২৪তম কিস্তির টাকা প্রকাশ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গুজরাটের বনসকাঁঠা জেলার ভিলডি শহরে আয়োজিত একটি জাতীয় স্তরের অনুষ্ঠানে এই অর্থ বিতরণ করা হবে। বুধবার এই কথা জানিয়েছেন গুজরাটের কৃষিমন্ত্রী জিতু ভাঘানি। কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পের আওতায় দেশের ৯.৩৪ কোটিরও বেশি কৃষক পরিবারের জন্য মোট ১৮,৬৮০ কোটি টাকার বেশি আর্থিক সহায়তা দেওয়া হবে।

    ১,০৫১ কোটি টাকার বেশি আর্থিক সাহায্য

    প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি (PM-Kisan) প্রকল্পে গুজরাটের ৫২.৩৩ লক্ষেরও বেশি কৃষক পরিবার পাবে ১,০৫১ কোটি টাকার বেশি আর্থিক সাহায্য। এই উপলক্ষে আয়োজিত ‘পিএম কিষান উৎসব দিবস’-এর প্রস্তুতি খতিয়ে দেখেন রাজ্যের কৃষিমন্ত্রী। প্রসঙ্গত, পিএম-কিষান প্রকল্পের অধীনে যোগ্য কৃষক পরিবারগুলিকে বছরে ৬,০০০ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়। তিনটি সমান কিস্তিতে সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা পাঠানো হয়। এখনও পর্যন্ত প্রকল্পের আগের ২৩টি কিস্তিতে দেশজুড়ে ৪.৪৭ লক্ষ কোটি টাকারও বেশি অর্থ বিতরণ করা হয়েছে। গুজরাতে উপভোক্তাদের দেওয়া হয়েছে ২৪,১৩৭ কোটি টাকার বেশি।

    বায়ো-সিএনজি প্ল্যান্টেরও শিলান্যাস

    কৃষকদের আর্থিক সহায়তা প্রদানের পাশাপাশি ৩০ অক্টোবর গুজরাটে একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী। বনস ডেয়ারির উদ্যোগে থারাদ ও রাধনপুরে তৈরি হতে চলা দুটি কমপ্রেসড বায়োগ্যাস (CBG) প্ল্যান্টের শিলান্যাস করবেন তিনি। থারাদের প্ল্যান্টে প্রতিদিন ৭৫ টন গোবর প্রক্রিয়াকরণের ক্ষমতা থাকবে। অন্যদিকে, রাধনপুরের প্ল্যান্টে দৈনিক ১০০ টন গোবর প্রক্রিয়াকরণ করা যাবে। এই দুটি প্ল্যান্ট চালু হলে ‘বনস মডেল’-এর অধীনে বায়ো-সিএনজি প্ল্যান্টের সংখ্যা বেড়ে হবে ছয়। সব মিলিয়ে এই প্ল্যান্টগুলিতে প্রতিদিন ৫১৫ টন গোবর প্রক্রিয়াকরণ করা সম্ভব হবে। গোবর থেকে উৎপাদিত বায়ো-সিএনজি ভর্তুকিযুক্ত দামে বিক্রি করা হয়। বর্তমানে বনসকাঁঠানা ডেয়ারি প্রতিদিন প্রায় ৬,১০০ কেজি বায়ো-সিএনজি সরবরাহ করছে। ছয়টি প্ল্যান্টের মাধ্যমে বছরে আনুমানিক ৩৩,৪০০ থেকে ৩৪,৬০০ টন কার্বন নির্গমন কমানো সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

    উদ্বোধন হবে গবেষণা কেন্দ্র ও আলু প্রক্রিয়াকরণ প্রকল্পের

    ৩০ অক্টোবর ৩২৮.৭৭ কোটি টাকা ব্যয়ে তৈরি ‘ভারত বোভাইন ব্রিডিং অ্যান্ড রিসার্চ সেন্টার’ (BBBRC)-এরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পাশাপাশি বনস ডেয়ারির নতুন আলু প্রক্রিয়াকরণ প্রকল্পের সম্প্রসারিত অংশ এবং তাদের আল্ট্রা-হাই টেম্পারেচার (UHT) ইউনিটের স্বয়ংক্রিয় স্টোরেজ ও রিট্রিভাল সিস্টেমের উদ্বোধন করার কথা রয়েছে তাঁর। এই উপলক্ষে গুজরাট জুড়ে ৩৪টি জেলা স্তরের এবং ২,১০০-রও বেশি ক্লাস্টার স্তরের অনুষ্ঠানের আয়োজন করা হবে। মূল অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার দেখানো হবে বিভিন্ন জায়গায়। কৃষি ও উদ্যানপালন দফতরের একাধিক সরকারি প্রকল্পের অনুমোদনপত্রও উপভোক্তাদের হাতে তুলে দেওয়া হবে।

    ৩১ অক্টোবর জাতীয় ঐক্য দিবসের অনুষ্ঠানে মোদি

    ৩০ ও ৩১ অক্টোবর দু’দিনের গুজরাট সফরে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ৩১ অক্টোবর নর্মদা জেলার একতা নগরে জাতীয় ঐক্য দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫১তম জন্মবার্ষিকী উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হবে।

LinkedIn
Share