Tag: PM Modi on Europe Tour

  • PM Modi on Europe Tour: ৬ দিনের বিদেশ সফরে প্রধানমন্ত্রী, ১৩ জুন ফ্রান্স ও স্লোভাকিয়ায় যাচ্ছেন মোদি

    PM Modi on Europe Tour: ৬ দিনের বিদেশ সফরে প্রধানমন্ত্রী, ১৩ জুন ফ্রান্স ও স্লোভাকিয়ায় যাচ্ছেন মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: ইউরোপ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi on Europe Tour)। আগামী ১৩ থেকে ১৮ জুন পর্যন্ত ফ্রান্স ও স্লোভাকিয়া সফরের পাশাপাশি তিনি জি-৭ শীর্ষ সম্মেলনেও অংশ নেবেন। সোমবার বিদেশ মন্ত্রকের (MEA) এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। সফরের প্রথমভাগে মোদি ফ্রান্সের নিস শহরে যাবেন। ১৪ জুন সেখানে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন তিনি। সেখান থেকে স্লোভাকিয়ায় যাবেন প্রধানমন্ত্রী। ১৪ থেকে ১৬ জুন সেখানে থাকবেন মোদি। স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো মোদিকে আমন্ত্রণ জানিয়েছেন। ১৬ ও ১৭ জুন জি-৭ বৈঠকে যোগ দিতে ফের ফ্রান্সের এভিয়ান শহরে আসবেন মোদি। এই বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। সূত্রের খবর, এই পর্বে দ্বিপাক্ষিক বৈঠক করতে পারেন মোদি এবং ট্রাম্প। ১৮ জুন প্যারিসে আরও কয়েকটি বৈঠক করবেন মোদি। ভিভাটেক সামিটেও যোগ দেবেন তিনি।

    মোদি-ম্যাক্রঁ বৈঠক

    সফরের প্রথম পর্বে ১৩-১৪ জুন ফ্রান্সের নিস শহরে থাকবেন প্রধানমন্ত্রী। সেখানে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ (Emmanuel Macron)-এর সঙ্গে তাঁর দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা। দুই নেতা ভারত-ফ্রান্স সম্পর্কের বিভিন্ন দিক পর্যালোচনা করবেন। চলতি বছর দুই দেশের সম্পর্ককে ‘স্পেশাল গ্লোবাল স্ট্র্যাটেজিক পার্টনারশিপ’-এর স্তরে উন্নীত করা হয়েছে। নিসে প্রধানমন্ত্রী মোদি ও প্রেসিডেন্ট ম্যাক্রোঁ যৌথভাবে ‘ভারত ইনোভেটস’ (Bharat Innovates) অনুষ্ঠানের উদ্বোধন করবেন। ভারত-ফ্রান্স ইনোভেশন বর্ষ উপলক্ষে আয়োজিত এই কর্মসূচিতে ভারত, ফ্রান্স এবং অন্যান্য দেশের শীর্ষ স্টার্টআপ ও ভেঞ্চার ক্যাপিটাল সংস্থাগুলি অংশ নেবে। এর মাধ্যমে দুই দেশের মধ্যে উদ্ভাবন ও প্রযুক্তিগত সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্য নেওয়া হয়েছে।

    স্লোভাকিয়া সফরে প্রধানমন্ত্রী

    এরপর ১৪-১৬ জুন স্লোভাকিয়া সফরে যাবেন প্রধানমন্ত্রী। স্লোভাক প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর (Robert Fico) আমন্ত্রণে এই রাষ্ট্রীয় সফর হবে। ১৯৯৩ সালে স্লোভাকিয়ার স্বাধীনতার পর এই প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রী দেশটি সফর করতে চলেছেন, যা ঐতিহাসিক বলে মনে করা হচ্ছে। সফরকালে প্রধানমন্ত্রী মোদি স্লোভাক প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর সঙ্গে বৈঠক করবেন এবং বাণিজ্য, বিনিয়োগ, অটোমোবাইল উৎপাদন ও রেলওয়ে সহযোগিতাসহ বিভিন্ন ক্ষেত্রে নতুন অংশীদারিত্বের সম্ভাবনা খতিয়ে দেখবেন। তিনি স্লোভাক প্রেসিডেন্ট পিটা পেলেগ্রিনি (Peter Pellegrini)-এর সঙ্গেও সাক্ষাৎ করবেন।

    জি-৭ সম্মেলনে মোদি

    সফরের তৃতীয় পর্বে ১৬-১৭ জুন ফ্রান্সের এভিয়ানে অনুষ্ঠিত জি-৭ শীর্ষ সম্মেলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী (PM Modi on Europe Tour)। সেখানে তিনি জি-৭ সদস্য দেশগুলির নেতা, আমন্ত্রিত অংশীদার রাষ্ট্র এবং আন্তর্জাতিক সংস্থাগুলির প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন। ‘নতুন অংশীদারিত্ব গড়ে তোলা’, ‘সুষম ও টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি’ এবং ‘কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) নিরাপদ ও দ্রুত প্রয়োগ’— এই গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে তিনি বক্তব্য রাখবেন। উল্লেখ্য, ২০২৫ সালে কানাডায় জি-৭ সম্মেলনে যোগ দিয়েছিলেন মোদি। এবারও জি-৭ সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী মোদি। মনে করা হচ্ছে, বিশ্ব অর্থনীতি, হরমুজ প্রণালীর নিরাপত্তা, মধ্যপ্রাচ্য পরিস্থিতি ইত্যাদি বিষয়ে আলোচনা হবে ওই সম্মেলনে। নিশ্চিত ভাবেই বলা যায়, ফ্রান্স ও ভারতের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব জোরদার করা এই সফরের অন্যতম লক্ষ্য। প্রসঙ্গত, জি৭ -এর পুরো কথা হল ‘গ্রুপ অফ সেভেন’। এটি বিশ্বের সাতটি উন্নত অর্থনীতির দেশগুলির একটি গোষ্ঠী। এই সাতটি দেশ বছরে একবার মিলিত হয়ে গুরুত্বপূর্ণ বিভিন্ন আন্তর্জাতিক বিষয়ে আলোচনা করে। ১৯৭৩ সালে খনিজ তেলের সংকটের কারণে গোটা বিশ্বে অর্থনীতির চাকা স্লথ হয়ে গিয়েছিল। সেই সংকটের মোকাবিলা করতেই জি-৭ গঠনের উদ্যোগ নিয়েছিল সাতটি দেশ। জি-৭ গোষ্ঠীর সদস্য দেশগুলি হল ফ্রান্স, জার্মানি, ইতালি, ব্রিটেন, জাপান, আমেরিকা এবং কানাডা। ভারত এই গোষ্ঠীর অন্তর্ভুক্ত নয়। নিয়ম অনুযায়ী, আয়োজক দেশ এই গোষ্ঠীর বাইরে থাকা অন্য একটি দেশকে সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানায়। সেই সূত্রেই কয়েক বছর ধরে এই বৈঠকে আমন্ত্রণ পেয়ে আসছে ভারত।

    গ্লোবাল সাউথের প্রধান কণ্ঠস্বর ভারত

    জি-৭ সম্মেলনের ফাঁকে একাধিক বিশ্বনেতার সঙ্গে তাঁর দ্বিপাক্ষিক বৈঠকও হওয়ার সম্ভাবনা রয়েছে। সফরের শেষ পর্যায়ে ১৮ জুন প্যারিসে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি ইউরোপের বৃহত্তম প্রযুক্তি ও স্টার্টআপ সম্মেলন ভিভাটেক সামিটে (VivaTech Summit) অংশ নেবেন। পাশাপাশি প্যারিসে ভারতীয় সম্প্রদায়ের সদস্যদের উদ্দেশেও ভাষণ দেওয়ার কথা রয়েছে তাঁর। বিদেশ মন্ত্রকের মতে, প্রধানমন্ত্রী মোদির এই ইউরোপ সফর ফ্রান্স, স্লোভাকিয়া এবং জি-৭-এর সঙ্গে ভারতের সম্পর্ককে আরও গভীর করবে। একই সঙ্গে গ্লোবাল সাউথের অন্যতম প্রধান কণ্ঠস্বর হিসেবে ভারতের ক্রমবর্ধমান আন্তর্জাতিক গুরুত্বও তুলে ধরবে। ‘ভারত ইনোভেটস’ এবং ভিভাটেক সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ ভারতের উদ্ভাবন, ডিজিটাল রূপান্তর ও উদ্যোক্তা শক্তির বৈশ্বিক পরিচিতিকে আরও জোরদার করবে বলে আশা করা হচ্ছে।

     

     

     

     

LinkedIn
Share