Tag: Pneumonia Vaccination

  • Pneumonia Vaccination: বছরে ৩০ লক্ষ শিশু আক্রান্ত নিউমোনিয়ায়! প্রাপ্তবয়স্কদের টিকাকরণের হার মাত্র ০.৬ শতাংশ, উদ্বেগে চিকিৎসকেরা

    Pneumonia Vaccination: বছরে ৩০ লক্ষ শিশু আক্রান্ত নিউমোনিয়ায়! প্রাপ্তবয়স্কদের টিকাকরণের হার মাত্র ০.৬ শতাংশ, উদ্বেগে চিকিৎসকেরা

    তানিয়া বন্দ্যোপাধ্যায় পাল

    পাঁচ বছরের কম বয়সি শিশু থেকে ৬৫ বছর ঊর্ধ্বে থাকা প্রৌঢ় নাগরিক, বিপদ কড়া নাড়ছে! কিন্তু সেই সঙ্কট রুখতে এখনও প্রস্তুতি নেই। তাই উদ্বিগ্ন চিকিৎসক মহল। তাদের আশঙ্কা, সময় মতো উপযুক্ত ব্যবস্থা না নিলে আরও বড় সমস্যা হতে পারে।
    ভারতে ক্রমশ উদ্বেগ বাড়াচ্ছে নিউমোনিয়া। ফুসফুসের এই সংক্রামক রোগে প্রত্যেক বছর মৃত্যুর সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। কিন্তু তারপরেও টিকাকরণ নিয়ে নানান সমস্যা রয়েছে। বিশেষত প্রাপ্তবয়স্কদের টিকাকরণের হার অত্যন্ত কম। ১২ নভেম্বর ওয়ার্ল্ড নিউমোনিয়া ডে! চলতি বছরে নিউমোনিয়া নিয়ন্ত্রণের উপরে বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে। তাই চিকিৎসকেরা জানাচ্ছেন, নিউমোনিয়া নিয়ন্ত্রণে নতুন দিশায় চলতে হবে। উন্নত চিকিৎসার সাহায্য নিলে প্রথম থেকেই এই রোগকে‌ কাবু করা সহজ হবে।

    কেন উদ্বিগ্ন চিকিৎসকেরা?

    ন্যাশনাল হেলথ মিশনের সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, ভারতে নিউমোনিয়া একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য সমস্যা হতে চলেছে। ওই রিপোর্ট অনুযায়ী, ভারতে প্রতি বছর প্রায় ৩০ লাখ শিশু নিউমোনিয়ায় আক্রান্ত হয়। ভারতে পাঁচ বছরের কম বয়সি শিশুদের মধ্যে ১৭ শতাংশের মৃত্যুর কারণ নিউমোনিয়া।
    তবে নিউমোনিয়া ভারতের মতো একাধিক দেশের বড় স্বাস্থ্য সঙ্কট হতে চলেছে বলেই আশঙ্কা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সাম্প্রতিক এক রিপোর্টে উল্লেখ করা হয়েছে, বছরে গোটা বিশ্বের ৭ লাখের বেশি শিশু নিউমোনিয়া আক্রান্ত হয়ে মারা যায়। শিশুদের পাশপাশি প্রৌঢ়দের জন্য বিপজ্জনক এই রোগ।
    ভারতে ৬৫ বছরের বেশি বয়সিদের অন্যতম বড় স্বাস্থ্য সমস্যা ফুসফুসের সংক্রমণ। নানান রোগে আক্রান্তের শারীরিক জটিলতা বাড়িয়ে তোলে নিউমোনিয়া।

    কেন বাড়ছে নিউমোনিয়ার ঝুঁকি?

    চিকিৎসকেরা জানাচ্ছেন, নিউমোনিয়ার মতো রোগের বাড়বাড়ন্তের নেপথ্যে থাকছে পরিবেশ দূষণ। তাঁরা জানাচ্ছেন, বায়ুদূষণের জেরেই ক্রমশ এই রোগের প্রকোপ বাড়ছে। ফুসফুসের কার্যকারিতা কমছে। সংক্রমণের ঝুঁকি বাড়ছে।
    ভারত সহ গোটা বিশ্বে ক্রমশ পরিবেশগত নানান সমস্যা বাড়ছে। বায়ুদূষণ ক্রমশ জটিল সমস্যা হয়ে উঠছে। তার জেরে একাধিক রোগের প্রকোপও বাড়ছে। নিউমোনিয়া তার মধ্যে অন্যতম বড় সমস্যা বলেই মনে করছেন চিকিৎসকদের একাংশ।
    প্রাপ্তবয়স্কদের নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার অন্যতম কারণ ধূমপান। ভারতে অন্যতম বড় সমস্যা ধূমপান।‌ এখনও ধূমপান নিয়ে পর্যাপ্ত সচেতনতা তৈরি হয়নি। ক্যান্সার সহ একাধিক রোগের কারণ ধূমপান। ফুসফুসের যে কোনও সংক্রমণের নেপথ্যে থাকে এই অস্বাস্থ্যকর অভ্যাস। ধূমপান ফুসফুসের কার্যক্ষমতা কমিয়ে দেয়। তার ফলে সংক্রামক রোগের ঝুঁকি বাড়ে।
    বিশেষজ্ঞরা জানাচ্ছেন, শিশু ও বয়স্কদের রোগ প্রতিরোধ শক্তি কম থাকে। তাই দূষিত পরিবেশে তাদের সংক্রমণের ঝুঁকি বেড়ে যায়। দূষিত পরিবেশের জেরেই তাই শিশু ও বয়স্কদের মধ্যে নিউমোনিয়ার মতো রোগের প্রকোপ ক্রমশ বাড়ছে।
    তাছাড়া, শিশুদের ক্ষেত্রে পুষ্টির অভাব নিউমোনিয়ার মতো রোগের ঝুঁকি বাড়িয়ে দেয়। তাই পাঁচ বছরের কম বয়সি শিশুরা পর্যাপ্ত পুষ্টিকর খাবার পাচ্ছে কিনা, সেটাও দেখা জরুরি।

    নিউমোনিয়া চিকিৎসায় মূল বাধা কোথায়?

    চিকিৎসকেরা জানাচ্ছেন, নিউমোনিয়ার মতো সংক্রামক রোগের দাপট রুখতে মূল হাতিয়ার হল টিকাকরণ। আর সেখানেই সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
    স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, ভারতে শিশুদের নিউমোনিয়ার টিকা করণ যথেষ্ট এগিয়ে গিয়েছে। সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, ৯৭ শতাংশ ভারতীয় শিশু নিউমোনিয়ার টিকা নিয়েছে। ভারতীয় শিশুদের মধ্যে নিউমোনিয়ার তৃতীয় ডোজের কভারেজ ৯৮ শতাংশ। কিন্তু মূল সমস্যা প্রাপ্তবয়স্কদের টিকাকরণে।
    স্বাস্থ্য মন্ত্রক সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, ভারতে প্রাপ্তবয়স্কদের নিউমোনিয়া টিকাকরণের হার ০.৬ শতাংশ। অর্থাৎ ১ শতাংশ প্রাপ্তবয়স্কও নিউমোনিয়ার টিকা নেননি। এর ফলে রোগ প্রতিরোধ করা কঠিন হয়ে উঠছে।
    চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, নিউমোনিয়ার মতো রোগ রুখতে টিকাকরণ খুব জরুরি। বয়স্কদের এই রোগের প্রকোপ থেকে বাঁচাতে দুটি টিকা নেওয়া প্রয়োজন। নিউমোনিয়ার পাশপাশি ইনফ্লুয়েঞ্জা টিকাকরণ জরুরি। সর্দি-কাশির ভোগান্তি কমলে ফুসফুসের কার্যক্ষমতা ভালো থাকে। তাই নিউমোনিয়া এবং ইনফ্লুয়েঞ্জা এই দুই টিকাকরণ জরুরি।‌ কিন্তু এদেশে প্রাপ্তবয়স্কদের মধ্যে ইনফ্লুয়েঞ্জা টিকাকরণের হার ও খুবই কম। ১.৫ শতাংশ প্রাপ্তবয়স্ক ভারতীয় ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন নিয়েছেন। অর্থাৎ রোগ মোকাবিলার সবচেয়ে জরুরি হাতিয়ার এখনও সবার কাছে পৌঁছয়নি। ফলে, রোগের দাপট ক্রমশ বাড়ছে।

    কেন টিকাকরণে অনীহা?

    সচেতনতার অভাব!

    চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, টিককরণের মূল সমস্যা সচেতনতার অভাব। তাঁরা জানাচ্ছেন, টিকাকরণ শুধু শিশুদের জন্য নয়। যে কোনও সংক্রামক রোগ রুখতে প্রাপ্তবয়স্কদের জন্য সমান গুরুত্বপূর্ণ। এই ভাবনা এখনও প্রচার পায়নি। সকলের মধ্যে এই নিয়ে সচেতনতা দেখা যায়নি। ফলে, প্রাপ্তবয়স্কদের টিকাকরণে অনীহা রয়েছে।
    বিশেষজ্ঞদের পরামর্শ, টিকাকরণ বিশেষত প্রাপ্তবয়স্কদের টিকাকরণ নিয়ে আরও বেশি সচেতনতা কর্মসূচি জরুরি। তাই নভেম্বর মাস জুড়ে একাধিক কর্মশালার আয়োজন করা হচ্ছে। যাতে নিউমোনিয়া রোগ সম্পর্কে জনসচেতনতা গড়ে ওঠে। পাশপাশি রোগ মোকাবিলায় টিকাকরণের গুরুত্ব বোঝানো হচ্ছে। প্রাপ্তবয়স্কদের কেন টিকাকরণ জরুরি সেটাও বোঝানোর দিকেও বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে।

    পার্শ্বপ্রতিক্রিয়ার ভয়!

    চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, টিকাকরণ নিয়ে এখনও সাধারণ মানুষের মধ্যে অনেক ভ্রান্ত ধারণা রয়েছে। যার ফলে টিকা করণ কর্মসূচিতে নানান সমস্যা হচ্ছে। অনেকেই মনে করেন, এই ধরনের টিকা নিলে অন্যান্য পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। কিন্তু এই ধরনের ভুল ধারণা ভাঙা জরুরি।‌ তাই আরও বেশি সচেতনতা কর্মসূচি করা প্রয়োজন।

    টিকাকরণ কেন্দ্র সম্পর্কে যথেষ্ট তথ্যের অভাব!

    নিউমোনিয়ার টিকার জন্য যে কোনও সরকারি স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করা যাবে। সহজেই প্রাপ্তবয়স্কেরা এই টিকা পেতে পারেন, সে সম্পর্কেও জানানো জরুরি। এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, অনেকেই কোথায় কীভাবে টিকা নেবেন, সেটা নিয়ে নিশ্চিত হতে পারেন না। ফলে, টিকা নিতে পারেন না।

    কাদের টিকাকরণে বাড়তি গুরুত্ব?

    চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, ডায়াবেটিস, কিডনি বা হৃদরোগে আক্রান্তদের নিউমোনিয়ার ঝুঁকি বেশি থাকে। তাছাড়া ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ আক্রান্তদের নিউমোনিয়ার মতো ফুসফুসের রোগের ঝুঁকি অনেক বেশি। তাই এই ধরনের স্বাস্থ্য সমস্যা থাকলে তাদের টিকাকরণে বাড়তি গুরুত্ব দেওয়া প্রয়োজন।

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না। এখানে বলা যে কোনও উপদেশ পালন করার আগে অবশ্যই কোনও চিকিৎসক বা বিশেষজ্ঞের পরামর্শ নিন।
LinkedIn
Share