Tag: pok unrest

pok unrest

  • Pakistan: পাকিস্তানে নয়া রাজনৈতিক অস্থিরতা! সিন্ধুদেশ ভাগের প্রস্তাবের বিরুদ্ধে করাচিতে গণবিক্ষোভ

    Pakistan: পাকিস্তানে নয়া রাজনৈতিক অস্থিরতা! সিন্ধুদেশ ভাগের প্রস্তাবের বিরুদ্ধে করাচিতে গণবিক্ষোভ

    মাধ্যম নিউজ ডেস্ক: নতুন করে রাজনৈতিক অস্থিরতার আশঙ্কা দেখা দিয়েছে পাকিস্তানে (Pakistan)। সেনাবাহিনীর মদতপুষ্ট বলে অভিযোগ ওঠা প্রাদেশিক সীমানা পুনর্নির্ধারণের প্রস্তাবের বিরুদ্ধে রাস্তায় নেমেছেন হাজার হাজার সিন্ধি জাতীয়তাবাদী। করাচিতে বিশাল মিছিল করে তাঁরা সিন্ধু প্রদেশকে ভাগ করার পরিকল্পনার তীব্র বিরোধিতা করেছেন। একই সঙ্গে উঠেছে স্বাধীন ‘সিন্ধুদেশ’ গঠনের দাবিও (Sindh Division)। বিক্ষোভকারীদের অভিযোগ, সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং পাঞ্জাবকেন্দ্রিক ক্ষমতাকাঠামো পরিকল্পিতভাবে সিন্ধুর রাজনৈতিক প্রভাব খর্ব করতে চাইছে। প্রদেশটির প্রাকৃতিক সম্পদের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার উদ্দেশ্যেই এই উদ্যোগ বলে দাবি তাঁদের। এই আন্দোলন পাকিস্তানের সামরিক নেতৃত্বের সামনে নতুন রাজনৈতিক চ্যালেঞ্জ তৈরি করতে পারে বলে মনে করা হচ্ছে।

    আসিম মুনিরের বিরুদ্ধে অভিযোগ

    করাচির এই বিক্ষোভের আয়োজন করে ‘জিয়ে সিন্ধু রাহবার কমিটি’। সিন্ধুর চারটি জাতীয়তাবাদী রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত এই সংগঠনটি মিছিলের নেতৃত্ব দেয়। বিক্ষোভকারীদের হাতে ছিল লাল পতাকা। অনেকের পরনে ছিল সিন্ধি সংস্কৃতির ঐতিহ্যবাহী আজরাক চাদর ও টুপি। তাঁদের অভিযোগ, আসিম মুনিরের নেতৃত্বাধীন সামরিক কর্তৃপক্ষ এবং পাঞ্জাবের আধিপত্যে পরিচালিত রাজনৈতিক ক্ষমতাকাঠামো সিন্ধুকে খণ্ডিত করার চেষ্টা করছে। এর মাধ্যমে সিন্ধুর রাজনৈতিক শক্তি দুর্বল করার পাশাপাশি প্রদেশটির সম্পদের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চাইছে তারা।

    কীভাবে শুরু হল প্রদেশ ভাগের বিতর্ক? (Pakistan)

    এই বিতর্কের সূত্রপাত পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভির একটি প্রস্তাবকে কেন্দ্র করে। আসিম মুনিরের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত নকভি গণভোটের মাধ্যমে দেশে নতুন প্রদেশ গঠনের সম্ভাবনার কথা তুলে ধরেন। পরবর্তী সময়ে পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল পাকিস্তানের বর্তমান চারটি প্রদেশের সংখ্যা বাড়িয়ে ১২ থেকে ১৫টি করার প্রস্তাবের কথা জানান।

    গত ২২ নভেম্বর প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফও বলেন, ২০২৬ সালের শেষ নাগাদ গণভোট সংক্রান্ত আলোচনা বাস্তব রূপ নিতে পারে। তবে এই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছেন সিন্ধিরা। তাঁদের আশঙ্কা, গণভোটের আড়ালে সিন্ধুকে ভাগ করার বিষয়ে কর্তৃপক্ষের পূর্বনির্ধারিত সিদ্ধান্তকে বৈধতা দেওয়ার চেষ্টা হতে পারে।

    পাকিস্তানের রাষ্ট্রকাঠামো নিয়েই উঠছে প্রশ্ন

    জিয়ে সিন্ধু মুত্তাহিদা মহাজের চেয়ারম্যান শফি মুহাম্মদ বরফত পাকিস্তানের রাষ্ট্রকাঠামো নিয়েই প্রশ্ন তুলেছেন। তাঁর বক্তব্য, “সিন্ধু পাকিস্তান নয়। সিন্ধি জাতি পাকিস্তানকে একটি অস্বাভাবিক রাষ্ট্র, পাঞ্জাবি ঔপনিবেশিক দখলদারিত্ব এবং সিন্ধুকে বিভক্ত করার উদ্দেশ্যে পাঞ্জাবের সামরিক বাহিনীর সমস্ত ষড়যন্ত্র প্রত্যাখ্যান করছে।”

    পাশাপাশি পাঞ্জাবের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ গড়ে তোলারও হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি। স্বাধীন সিন্ধুদেশ প্রতিষ্ঠার দাবিকে আরও বৃহত্তর আন্দোলনে পরিণত করার পরিকল্পনার কথাও জানিয়েছে (Pakistan) তারা।

    একাধিক পাক শহরে বিক্ষোভ

    শুধু করাচিতেই এই বিক্ষোভ সীমাবদ্ধ থাকেনি। হায়দরাবাদ, নওয়াবশাহ, লারকানা এবং দাদুতেও একই ধরনের প্রতিবাদ কর্মসূচির খবর পাওয়া গিয়েছে। জমিয়তে উলেমায়ে ইসলাম-ফজলও বিক্ষোভ সংগঠিত করছে। সিন্ধির জাতীয়তাবাদী নেতাদের একাংশের দাবি, প্রদেশ ভাগের প্রস্তাবের বিরোধিতায় পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি, জমিয়তে উলেমায়ে ইসলাম-ফজলের প্রধান মাওলানা ফজলুর রহমান এবং বিভিন্ন জাতীয়তাবাদী দল একজোট হতে পারে।

    সিন্ধুকে ভাগ করা হলে রক্ত ঝরবে: বিলাওয়াল ভুট্টো

    সিন্ধু ভাগের প্রস্তাব ঘিরে উত্তেজনার মধ্যেই পরিস্থিতির ভয়াবহতা নিয়ে সতর্ক করেছেন বিলাওয়াল ভুট্টো জারদারি। গত ১৭ নভেম্বর করাচি প্রেস ক্লাবে বক্তব্য রাখতে গিয়ে তিনি স্পষ্ট করে দেন, সিন্ধুকে ভাগ করার পরিকল্পনার বিরোধিতা করবে তাঁর দল।

    বিলাওয়ালের আশঙ্কা, জোর করে সিন্ধুকে বিভক্ত করার চেষ্টা হলে ব্যাপক হিংসা ও রক্তক্ষয় ঘটতে পারে। তিনি বলেন, “জোর করে সিন্ধুকে ভাগ করা হলে করাচির রাস্তায় যে রক্ত ঝরবে, তার দায় নিয়ে প্রশ্ন উঠবে। আমি সেই রক্তক্ষয় দেখতে চাই না।”

    তিনি আরও সতর্ক করেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে রাস্তায় আবর্জনার পরিবর্তে রক্তের স্রোত দেখা যেতে পারে। সম্ভাব্য সংঘাতের কেন্দ্র হিসেবে হায়দরাবাদ-সহ সিন্ধুর একাধিক এলাকার কথাও উল্লেখ (Sindh Division) করেন তিনি।

    সিন্ধুর রাজনৈতিক ইতিহাসের প্রসঙ্গ টেনে বিলাওয়াল জানান, আট এবং নয়ের দশকে জাতিগত সংঘর্ষে করাচি ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই হিংসায় প্রাণ হারিয়েছিলেন হাজার হাজার মানুষ। তাঁর আশঙ্কা, প্রদেশ ভাগের সিদ্ধান্ত জোর করে চাপিয়ে দেওয়া হলে সাধারণ মানুষও অস্ত্র হাতে তুলে নিতে বাধ্য হতে পারেন।

    সেনার বিরুদ্ধে গুরুতর অভিযোগ

    সিন্ধুর রাজনৈতিক উত্তেজনার পাশাপাশি পাকিস্তান অধিকৃত কাশ্মীরেও দীর্ঘদিন ধরে অশান্তি চলছে। সেখানে বিক্ষোভ দমনে সামরিক বাহিনীর কঠোর পদক্ষেপ আন্তর্জাতিক মহলেও সমালোচনার মুখে পড়েছে।

    প্রতিবেদন অনুযায়ী, রাওয়ালাকোটে (Pakistan) বিক্ষোভকারীদের বিরুদ্ধে বড়সড় অভিযান চালায় পাকিস্তান রেঞ্জার্স এবং ফ্রন্টিয়ার কর্পস। অভিযোগ, এই অভিযানে জনবসতিপূর্ণ এলাকায় ড্রোন হামলা এবং ভারী অস্ত্র থেকে গুলি চালানো হয়।

    প্রাথমিক কয়েক ঘণ্টার মধ্যেই অন্তত সাত জন সাধারণ নাগরিকের মৃত্যু হয় এবং জখম হন আরও ২৩ জন। গত জুন মাস থেকে চলা সংঘর্ষ ও বিক্ষোভে মোট মৃতের সংখ্যা বেড়ে ১৫৩ হয়েছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

    বিক্ষোভকারীরা ঘটনাস্থল থেকে ড্রোনের মাধ্যমে ফেলা বোমার ভাঙা অংশ এবং আরপিজি-৭ রকেটের পিছনের পাখার অংশ উদ্ধার করে দেখান। তাঁদের অভিযোগ, নিরস্ত্র সাধারণ মানুষের বিরুদ্ধে সামরিক বাহিনীর ব্যবহৃত যুদ্ধাস্ত্র প্রয়োগ করা হচ্ছে।

    চলছে কঠোর হাতে দমনপীড়নের চেষ্টা

    পাঁচ মাস ধরে চলা আন্দোলনের অন্যতম সংগঠক সরদার ওমর নজির উদ্ধার হওয়া বোমার টুকরো জনসমক্ষে তুলে ধরেন। একই সঙ্গে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলির কাছে দ্রুত হস্তক্ষেপের আবেদন জানান তিনি।

    সব মিলিয়ে সিন্ধু ভাগের প্রস্তাব ঘিরে জাতীয়তাবাদী আন্দোলন এবং পাক অধিকৃত কাশ্মীরের অস্থিরতা পাকিস্তানের সামরিক ও রাজনৈতিক নেতৃত্বের উপর (Sindh Division) নতুন করে চাপ বাড়াচ্ছে। একদিকে প্রাদেশিক স্বায়ত্তশাসন ও সম্পদের নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন উঠছে, অন্যদিকে কেন্দ্রীয় ক্ষমতাকাঠামোর বিরুদ্ধে ক্ষোভ ক্রমশ প্রকাশ্যে আসছে। ফলে পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি আগামী দিনে আরও জটিল হয়ে (Pakistan) উঠতে পারে।

     

  • POK Unrest: পাক অধিকৃত কাশ্মীরে অশান্তি চরমে, নিরস্ত্র বিক্ষোভকারীদের ওপর গুলি চালানোর অভিযোগ পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে

    POK Unrest: পাক অধিকৃত কাশ্মীরে অশান্তি চরমে, নিরস্ত্র বিক্ষোভকারীদের ওপর গুলি চালানোর অভিযোগ পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে

    মাধ্যম নিউজ ডেস্ক: পাকিস্তান অধিকৃত কাশ্মীর (POK Unrest)-এ পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে। মঙ্গলবারও বিক্ষোভ ও সংঘর্ষের আবহ অব্যাহত রয়েছে। যৌথ আওয়ামি অ্যাকশন কমিটি (JAAC)-র অভিযোগ, বাগ জেলায় চলমান বিক্ষোভ দমাতে পাকিস্তানি নিরাপত্তা বাহিনী নিরস্ত্র সাধারণ মানুষের ওপর সরাসরি গুলি চালিয়েছে এবং কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে। সংগঠনের দাবি, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে নিরাপত্তা বাহিনী অতিরিক্ত বলপ্রয়োগ করেছে। একই সঙ্গে মুজাফফরাবাদ জেলার মাকরি এলাকায় সাধারণ মানুষের মোটরসাইকেলে আগুন লাগানোরও অভিযোগ তোলা হয়েছে।

    আন্তর্জাতিক তদন্তের দাবি

    সামাজিক মাধ্যমে প্রকাশিত বিবৃতিতে যৌথ আওয়ামি অ্যাকশন কমিটি (JAAC) রাষ্ট্রসংঘ (UN), রাষ্ট্রসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের দফতর (OHCHR), আন্তর্জাতিক সংবাদমাধ্যম এবং বিশ্ব মানবাধিকার সংগঠনগুলির কাছে পরিস্থিতির ওপর নজরদারি বাড়ানোর আহ্বান জানিয়েছে। পাশাপাশি, বিক্ষোভকারীদের বিরুদ্ধে বলপ্রয়োগের অভিযোগের নিরপেক্ষ ও স্বাধীন তদন্তেরও দাবি জানানো হয়েছে। গত কয়েক দিন ধরে বিভিন্ন স্থানীয় ইস্যুকে কেন্দ্র করে পিওকে-র একাধিক এলাকায় বিক্ষোভ চলছে। JAAC-এর দাবি, সাম্প্রতিক সংঘর্ষে ৫০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে এবং কয়েকশো মানুষ আহত হয়েছেন। এদিকে, পাকিস্তান সরকারের পক্ষ থেকে এই অভিযোগগুলির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।

    পাক অধিকৃত কাশ্মীরের বাসিন্দাদের নিয়ে উদ্বিগ্ন ভারত

    আগেও পাকিস্তান অধিকৃত কাশ্মীরে সরকার বিরোধী বিক্ষোভে নির্বিচারে গুলি চালিয়েছে ফিল্ড মার্শাল আসিম মুনিরের সেনা। সাধুনাটি জেলায় জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি (জেএএসি)-র নিরস্ত্র জমায়েতে গুলিবর্ষণের ঘটনায় তিন জন বিক্ষোভকারী নিহত হয়েছেন। রাওয়ালকোটের মাতিয়াল মিরা বাস টার্মিনালের সামনে গুলিবর্ষণেও মৃত্যু হয়েছে তিন জনের। গত এক মাসেরও বেশি সময় ধরে পাক অধিকৃত কাশ্মীরে (পিওকে) ইসলামাবাদের সেনার ধারাবাহিক হত্যাকাণ্ডে উদ্বেগ প্রকাশ করে আন্তর্জাতিক হস্তক্ষেপ চেয়েছে ভারতও। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিক বৈঠকে বলেন, ‘‘নয়াদিল্লি আশা করে, পাক অধিকৃত কাশ্মীরে সংঘটিত নির্যাতন ও অনাচারের জন্য আন্তর্জাতিক ভাবে পাকিস্তানকে জবাবদিহির আওতায় আনা হবে। সেখানে কয়েক দশক ধরে পাকিস্তানের পদ্ধতিগত শোষণ, মৌলিক অধিকার হরণ এবং অবৈধ ভাবে দখলে থাকা এলাকাগুলিতে প্রশাসনিক নিপীড়নের সরাসরি পরিণতি এই স্বতঃস্ফূর্ত গণবিক্ষোভ।’’ ভারতের অভিযোগ, স্থানীয় জনগণের ন্যায্য অভিযোগগুলোর সমাধান করার পরিবর্তে পাকিস্তানি রাষ্ট্র চরম দমনপীড়নের পথ নিয়েছে এবং নিরস্ত্র অসামরিক নাগরিকদের বিরুদ্ধে প্রাণঘাতী শক্তি প্রয়োগ করেছে। যার ফলে ধারাবাহিক ভাবে প্রাণহানির ঘটনা ঘটেছে।

    ১২টি সংরক্ষিত আসন-ই ইসলামাবাদের চাবিকাঠি

    দীর্ঘ দিন ধরেই পাক অধিকৃত কাশ্মীরের বাসিন্দারা পাক সেনার অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ-আন্দোলন করছেন। তাতে নতুন মাত্রা এনেছে, জম্মু ও কাশ্মীর থেকে স্থানান্তরিত সংরক্ষিত ১২টি আসন। সেই আসনগুলিই এখন পাক অধিকৃত কাশ্মীরে সংঘাতের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। বিভিন্ন সংগঠনের যৌথমঞ্চ, জেএএসি ওই ১২টি সংরক্ষিত আসন তুলে দেওয়ার দাবি তুলেছে। তাদের অভিযোগ, পাক অধিকৃত কাশ্মীরের সরকারের উপর নিয়ন্ত্রণ রাখতে এবং সেখানকার রাজনীতিকে প্রভাবিত করতে ইসলামাবাদ এই আসনগুলিকে হাতিয়ার করছে। ১৯৪৭ এবং তার পর ১৯৬৫ সাল পর্যন্ত জম্মু-কাশ্মীর থেকে বহু মানুষ পাকিস্তানে স্থানান্তরিত হয়েছেন। বিশেষ করে জম্মু, পুঞ্চ এবং রাজৌরি থেকে এই ঘটনা ঘটেছে। এই মানুষদের পাকিস্তানে ‘উদ্বাস্তু’ ঘোষণা করা হয়েছে। পাক অধিকৃত কাশ্মীরের আইনসভায় মোট ৫৩ জন সদস্যের মধ্যে এই উদ্বাস্তুদের জন্য ১২টি আসন সংরক্ষিত করা হয়েছিল। এর মধ্যে ৬টি আসন কাশ্মীর উপত্যকা এবং ৬টি আসন জম্মু থেকে আসা উদ্বাস্তুদের জন্য সংরক্ষিত। ওই উদ্বাস্তুরা যেহেতু পাকিস্তানের বিভিন্ন প্রান্তে বসতি স্থাপন করেছেন, তাই সংরক্ষিত আসনগুলির নির্বাচন পিওকে-র বাইরে হয়ে থাকে।

    কীভাবে ভুল পথে অধিকৃত কাশ্মীরকে নিয়ন্ত্রণ করে ইসলামাবাদ

    রাজনৈতিক বিশেষজ্ঞেরা বলছেন, কাশ্মীর নিয়ে পাকিস্তানের অবস্থানের সঙ্গে আসনগুলির যোগসূত্র রয়েছে। জম্মু ও কাশ্মীরের উদ্বাস্তু প্রতিনিধিদের দেখিয়ে ইসলামাবাদ বলতে চায়, কাশ্মীর সমস্যার সমাধান হয়নি। জেএএসি-র, এই উদ্বাস্তু আসনগুলি পাক অধিকৃত কাশ্মীরের রাজনৈতিক ভারসাম্য নষ্ট করছে। অভিযোগ, ওই আসনগুলি থেকে সাজানো নির্বাচনে জয়ী প্রতিনিধিদের মাধ্যমে পাক অধিকৃত কাশ্মীরের রাজনীতিকে নিয়ন্ত্রণ করে থাকে ইসলামাবাদ। জেএএসি-র নেতা সর্দার আমান খান সম্প্রতি পাক মদতপুষ্ট সন্ত্রাসেরও বিরুদ্ধে আওয়াজ তুলেছেন। তিনি অভিযোগ করেছেন, পাকিস্তানের সামরিক বাহিনীই মূলত ওই স্থানান্তরিত কাশ্মীরিদের মাধ্যমে জম্মু ও কাশ্মীরে সন্ত্রাস রফতানি ও অস্ত্র সরবরাহ করে। পাক অধিকৃত কাশ্মীরে পাকিস্তানি নির্যাতন প্রতিরোধে হস্তক্ষেপের জন্য নয়াদিল্লির কাছে আবেদনও জানিয়েছেন তিনি। গত ৯ জুন থেকে ৩৮ দফা দাবিতে শুরু হয়েছে আন্দোলনে নতুন পর্যায়। তাতে ৫০ জনেরও বেশি বিক্ষোভকারীকে হত্যার অভিযোগ উঠেছে পাক সেনার বিরুদ্ধে।

    উদ্বেগ প্রকাশ অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের

    আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও বিক্ষোভকারীদের বিরুদ্ধে বলপ্রয়োগের অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে। সংগঠনটি পাকিস্তান সরকারের কাছে দ্রুত, স্বচ্ছ ও স্বাধীন তদন্তের দাবি জানিয়েছে। অ্যামনেস্টির আরও অভিযোগ, পিওকে-র কিছু এলাকায় ইন্টারনেট ও মোবাইল পরিষেবায় বিধিনিষেধ আরোপ করা হয়েছে, যার ফলে ঘটনাগুলির স্বাধীনভাবে যাচাই করা কঠিন হয়ে পড়ছে। তারা তথ্যপ্রবাহ স্বাভাবিক রাখারও আহ্বান জানিয়েছে। পিওকে-তে পরিস্থিতি ঘিরে একের পর এক অভিযোগ সামনে আসায় পাকিস্তানের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ছে। বিভিন্ন মানবাধিকার সংগঠন ও আন্তর্জাতিক মহল নিরপেক্ষ তদন্ত, জবাবদিহি নিশ্চিত করা এবং সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি তুলেছে।

LinkedIn
Share