Tag: R Praggnanandhaa

R Praggnanandhaa

  • R Praggnanandhaa: ইতিহাস রচনা প্রজ্ঞানন্দের, নরওয়ে দাবায় প্রথম ভারতীয় হিসেবে চ্যাম্পিয়ন

    R Praggnanandhaa: ইতিহাস রচনা প্রজ্ঞানন্দের, নরওয়ে দাবায় প্রথম ভারতীয় হিসেবে চ্যাম্পিয়ন

    মাধ্যম নিউজ ডেস্ক: নরওয়ে দাবায় (Norway Chess Title) খেতাব জিতলেন ভারতীয় গ্র‌্যান্ডমাস্টার আর প্রজ্ঞানন্দ (R Praggnanandhaa)। শুক্রবার শেষ রাউন্ডে তিনি হারান জার্মানির ভিনসেন্ট কেমারকে। প্রথম ভারতীয় দাবাড়ু হিসেবে এই কৃতিত্ব অর্জন করলেন চেন্নাইয়ের ২০ বছরের তরুণ। শেষ দিনের খেলা শুরুর আগে ১৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ছিলেন প্রজ্ঞানন্দ। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তে স্নায়ুর চাপ বজায় রেখে ক্লাসিক্যাল বিভাগে জয় তুলে নেন তিনি। এই জয়ের ফলে তিন পয়েন্ট পেয়ে প্রজ্ঞার পয়েন্ট দাঁড়ায় ১৮-তে। যার ফলে তিনি বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ প্রতিযোগিতায় চ‌্যাম্পিয়ন হন।

    প্রজ্ঞানন্দের জয়ের পথ

    দ্বিতীয় বারের মতো নরওয়ে দাবায় অংশ নেওয়া প্রজ্ঞানন্দ শুরুতে কিছুটা ধীর গতিতে এগোলেও প্রতিযোগিতার দ্বিতীয়ার্ধে দুরন্ত ভাবে ঘুরে দাঁড়ান। তার অভিযানের অন্যতম বড় অর্জন ছিল নরওয়ে দাবায় সাত বারের চ্যাম্পিয়ন এবং বিশ্বের এক নম্বর খেলোয়াড় ম‌্যাগনাস কার্লসেনকে দু’বার হারানো। এই বিরল কীর্তিই তাঁর জয়ের রাস্তাটা অনেকাংশে খুলে দেয়। এদিন প্রজ্ঞানন্দের সেরার সেরা হওয়ার পথ আরও প্রশস্ত হয় যখন শেষ রাউন্ডে ১৫.৫ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা মার্কিন গ্র্যান্ডমাস্টার ওয়েসলি সো প্রতিদ্বন্দ্বী আলিরেজা ফিরৌজার বিরুদ্ধে ড্র করেন৷ ফলে তাঁদের ম্যাচ গড়ায় আর্মাগেডন টাইব্রেকে। এই ফলাফল ভারতীয় দাবাড়ুর আত্মবিশ্বাস অনেকটা বাড়িয়ে দেয়৷ কারণ তিনি জানতেন দশম রাউন্ডে জয় পেলেই ভারতীয় দাবার ইতিহাসে নয়া অধ্যায়ের সূচনা করবেন। সেটাই সত‌্যি হল।

    প্রথম ভারতীয় হিসেবে নজির

    চলতি বছরের শুরুতে ক‌্যান্ডিডেটসে হতাশাজনক ফলের পর নরওয়ে দাবায় নিজের প্রতিভার জোরালো প্রমাণ দিলেন প্রজ্ঞানন্দ। শেষ পর্যায়ে বিশ্বচ্যাম্পিয়ন গুকেশ শিরোপার লড়াই থেকে ছিটকে পড়লেও ভারতের আশা বাঁচিয়ে রাখেন প্রজ্ঞানন্দ এবং শেষ পর্যন্ত সেই আশা পূরণ করতেও সমর্থ হন। ২০১৩ সালে প্রতিযোগিতা শুরু হওয়ার পর ভারতীয় দাবার কিংবদন্তি বিশ্বনাথন আনন্দ বা বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ডি গুকেশও নরওয়ে দাবার খেতাব অর্জন করতে পারেননি।

  • Praggnanandhaa Defeats Carlsen: ইতিহাস গড়লেন প্রজ্ঞানন্দ! একই টুর্নামেন্টে দু’বার হারালেন ম্যাগনাস কার্লসেনকে, ছুঁলেন আনন্দকে

    Praggnanandhaa Defeats Carlsen: ইতিহাস গড়লেন প্রজ্ঞানন্দ! একই টুর্নামেন্টে দু’বার হারালেন ম্যাগনাস কার্লসেনকে, ছুঁলেন আনন্দকে

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতের তরুণ গ্র্যান্ডমাস্টার আর প্রজ্ঞানন্দ (R Praggnanandhaa) আবারও প্রমাণ করলেন কেন তাঁকে বিশ্বের অন্যতম প্রতিভাবান দাবাড়ু হিসেবে ধরা হয়। নরওয়ে চেস ২০২৬-এর অষ্টম রাউন্ডে কিংবদন্তি ম্যাগনাস কার্লসেনকে (Magnus Carlsen) হারিয়ে এক বিরল কৃতিত্বের মালিক হলেন ২০ বছরের এই ভারতীয়।

    একই প্রতিযোগিতায় কার্লসেনকে দুবার মাত!

    এর আগে, ২৭ মে টুর্নামেন্টের তৃতীয় রাউন্ডে সাদা ঘুঁটি নিয়ে কার্লসেনকে পরাজিত করেছিলেন প্রজ্ঞানন্দ। বুধবার অষ্টম রাউন্ডে কালো ঘুঁটি নিয়েও একই কীর্তি গড়ে তিনি কার্যত ইতিহাস সৃষ্টি করেন। উল্লেখযোগ্যভাবে, ২০২৪ সালের নরওয়ে চেসেও তিনি কার্লসেনকে হারিয়েছিলেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, গত ১৯ বছরে ক্লাসিক্যাল দাবায় কোনও খেলোয়াড় একই টুর্নামেন্টে কার্লসেনকে দু’বার হারাতে পারেননি। সর্বশেষ এই কৃতিত্ব অর্জন করেছিলেন ভারতেরই কিংবদন্তি বিশ্বনাথন আনন্দ (Viswanathan Anand), যিনি ২০০৭ সালের লিনারেস আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতায় নরওয়েজিয়ান মহাতারকাকে দু’বার পরাজিত করেছিলেন।

    ‘কার্লসেনকে হারানো নয়, ম্যাচ জেতাটাই গুরুত্বপূর্ণ’

    বিশ্ব দাবা মহলে এই জয় নিয়ে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেলেও প্রজ্ঞানন্দ নিজে কিন্তু অত্যন্ত সংযত। ম্যাচ শেষে তিনি জানান, তাঁর কাছে কার্লসেনকে হারানোর চেয়ে টুর্নামেন্টে জয় পাওয়া বেশি গুরুত্বপূর্ণ। প্রজ্ঞানন্দ বলেন, “ম্যাগনাসকে হারানোর চেয়ে এই টুর্নামেন্টে একটি ম্যাচ জেতা এই মুহূর্তে বেশি গুরুত্বপূর্ণ। তাই আমি খুশি যে সেটা করতে পেরেছি।” এই মন্তব্য থেকেই স্পষ্ট, ব্যক্তিগত সাফল্যের চেয়ে সামগ্রিক টুর্নামেন্ট ফলাফল নিয়েই বেশি ভাবছেন ভারতের এই তরুণ তারকা।

    শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করেছেন কার্লসেন

    জয়ের পরেও প্রতিপক্ষের প্রশংসা করতে ভোলেননি প্রজ্ঞানন্দ। তাঁর মতে, পুরো ম্যাচজুড়েই অসাধারণ প্রতিরোধ গড়ে তুলেছিলেন কার্লসেন। ভারতীয় গ্র্যান্ডমাস্টার বলেন, “কার্লসেন অত্যন্ত ভালো খেলছিলেন এবং অসাধারণভাবে ডিফেন্ড করছিলেন। অনেক খেলোয়াড় এই ধরনের চাপে ছোটখাটো পজিশনাল ভুল করে বসতেন। কিন্তু তিনি বারবার সঠিক চাল খুঁজে বের করছিলেন।” তিনি আরও যোগ করেন, “একটা সময় আমি সত্যিই ভেবেছিলাম ম্যাচটা ড্র হতে চলেছে। এত ভালোভাবে রক্ষণ করার পর শেষ পর্যন্ত ওর এমন ভুল করা কিছুটা বিস্ময়কর ছিল।” বিশেষজ্ঞদের মতে, এই মন্তব্য থেকেই বোঝা যায় যে ম্যাচের ফলাফল যতটা না একতরফা ছিল, তার চেয়ে অনেক বেশি ছিল মানসিক ও কৌশলগত লড়াইয়ের ফল।

    টাইম স্ক্র্যাম্বলই এখন প্রধান চিন্তা

    বর্তমান ফর্ম নিয়ে সন্তুষ্ট প্রজ্ঞানন্দ। তবে তিনি স্বীকার করেছেন যে সময় ব্যবস্থাপনা এখনও তাঁর দুর্বলতার জায়গা। তিনি বলেন, “সামগ্রিকভাবে আমি ভালো খেলছি। কিন্তু টাইম স্ক্র্যাম্বল পরিস্থিতিগুলো আমার পক্ষে যাচ্ছে না। তাই ঘড়িতে আরও সময় বাঁচিয়ে রাখার চেষ্টা করব এবং গত কয়েক রাউন্ডে যেভাবে খেলেছি, সেভাবেই খেলতে চাই।” টুর্নামেন্টের বাকি অংশের আগে বিশ্রাম নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।

    শেষ দুই রাউন্ডে কঠিন চ্যালেঞ্জ

    বিশ্রাম দিবসের পর টুর্নামেন্টের শেষ দুই রাউন্ডে নামবেন প্রজ্ঞানন্দ। নবম রাউন্ডে তাঁর প্রতিপক্ষ বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ডি গুকেশ (D Gukesh)। যদিও চলতি সপ্তাহে গুকেশ নিজের সেরা ছন্দে নেই, তবুও দুই ভারতীয় তারকার এই লড়াই ঘিরে ইতিমধ্যেই প্রবল আগ্রহ তৈরি হয়েছে। অন্তিম রাউন্ডে প্রজ্ঞানন্দের প্রতিপক্ষ জার্মানির ভিনসেন্ট কাইমার (Vincent Keymer)।

    শিরোপার দৌড়ে এখনও জোরালোভাবে রয়েছেন

    অষ্টম রাউন্ডের শেষে পয়েন্ট তালিকায় ১২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন প্রজ্ঞানন্দ। তাঁর সামনে রয়েছেন মার্কিন গ্র্যান্ডমাস্টার ওয়েসলি সো (Wesley So), যার সংগ্রহ ১৪ পয়েন্ট এবং দ্বিতীয় স্থানে থাকা আলিরেজা ফিরুজা (Alireza Firouzja), যার ঝুলিতে ১৩ পয়েন্ট। শেষ দুই রাউন্ডে সর্বোচ্চ পয়েন্ট সংগ্রহ করতে পারলে এখনও শিরোপা জয়ের সম্ভাবনা রয়েছে ভারতীয় তারকার সামনে। অন্তত পডিয়াম ফিনিশ নিশ্চিত করার লক্ষ্য নিয়েই তিনি শেষ লড়াইয়ে নামবেন।

    ভারতীয় দাবার নতুন সোনালি অধ্যায়

    গত কয়েক বছরে বিশ্ব দাবায় ভারতের উত্থান অভূতপূর্ব। বিশ্বচ্যাম্পিয়ন গুকেশ, প্রজ্ঞানন্দ, অর্জুন এরিগাইসি, অরবিন্দ চিদম্বরমদের মতো তরুণরা আন্তর্জাতিক মঞ্চে একের পর এক সাফল্য এনে দিচ্ছেন। তারই মধ্যে নরওয়ে চেসে ম্যাগনাস কার্লসেনকে একই টুর্নামেন্টে দু’বার হারিয়ে প্রজ্ঞানন্দ যে নজির গড়লেন, তা শুধু ব্যক্তিগত সাফল্য নয়, ভারতীয় দাবার ক্রমবর্ধমান শক্তিরও এক উজ্জ্বল প্রতীক। ১৯ বছর আগে বিশ্বনাথন আনন্দ যে কীর্তি গড়েছিলেন, আজ সেই ইতিহাসের পাতায় নিজের নামও লিখিয়ে ফেললেন চেন্নাইয়ের এই বিস্ময়বালক।

  • R Praggnanandhaa:  এই নিয়ে দুবার! বিশ্বের এক নম্বর দাবাড়ু ম্যাগনাস কার্লসেনকে ফের কিস্তিমাত ভারতের তরুণ গ্র্যান্ডমাস্টার প্রজ্ঞানন্দের

    R Praggnanandhaa: এই নিয়ে দুবার! বিশ্বের এক নম্বর দাবাড়ু ম্যাগনাস কার্লসেনকে ফের কিস্তিমাত ভারতের তরুণ গ্র্যান্ডমাস্টার প্রজ্ঞানন্দের

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতের তরুণ গ্র্যান্ডমাস্টার আর প্রজ্ঞানন্দ (R Praggnanandhaa) প্রমাণ করে দিলেন, বিশ্বের এক নম্বর দাবাড়ু  ম্যাগনাস কার্লসেনের সঙ্গেও পাঙ্গা নিতে পারেন। বুধবার নরওয়ে চেস টুর্নামেন্টের তৃতীয় রাউন্ডে এক রোমাঞ্চকর ম্যাচে কার্লসেনকে পরাজিত করে তিনি (Norway Chess 2026) পান পুরো ৩ পয়েন্ট।

    গুকেশের কঠিন সময় (R Praggnanandhaa) 

    এদিকে, বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ডি গুকেশের কঠিন সময় যেন আর কাটছেই না! ক্লাসিক্যাল খেলায় দীর্ঘ ও কঠিন লড়াইয়ের পর ড্র হলেও, তিনি আলিরেজা ফিরুজজার বিরুদ্ধে আর্মাগেডন খেলায় পরাজিত হন এবং আরও একবার ধাক্কা খান। প্রজ্ঞানন্দর এই জয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। অসলোয় অনুষ্ঠিত নরওয়ে দাবা প্রতিযোগিতায় যোগ দিয়েছিলেন তিনি। সুপারবেট চেস ক্লাসিক রোমানিয়া (বুখারেস্ট)-এ ধারাবাহিক ভালো পারফরম্যান্সের পর তিনি গিয়েছেন নরওয়ে। এদিকে, গুকেশ বর্তমানে ৩.৫ পয়েন্ট নিয়ে ছ’জন খেলোয়াড়ের ওপেন বিভাগে চতুর্থ স্থানে রয়েছেন। নরওয়েতেও তাঁর খারাপ ফর্মের কোনও উন্নতির লক্ষণ এখনও দেখা যায়নি। ২০২৪ সালের নরওয়ে দাবা প্রতিযোগিতায়ও প্রজ্ঞানন্দ প্রথমবারের মতো ক্লাসিক্যাল ফরম্যাটে কার্লসেনকে হারিয়েছিলেন। এটি বিশ্বের এক নম্বর খেলোয়াড়ের বিরুদ্ধে বড় মঞ্চে তাঁর ক্রমবর্ধমান সাফল্যের প্রমাণ।

    বিশ্বচ্যাম্পিয়নশিপের মুকুট রক্ষার দায়

    প্রায় পাঁচ ঘণ্টার ক্লাসিক্যাল লড়াই ড্র হওয়ার পর আর্মাগেডনে ফিরুজজার কাছে হারের পরে গুকেশ স্বীকার করেন, তাঁর প্রতিপক্ষ পুরো খেলাজুড়েই জয়ের জায়গায় ছিলেন (R Praggnanandhaa)। ভারতীয় বিশ্বচ্যাম্পিয়নের জন্য এই পরাজয় বিশেষভাবে হতাশাজনক। কারণ এ বছরই তাঁকে তাঁর বিশ্বচ্যাম্পিয়নশিপের মুকুট রক্ষা করতে হবে (Norway Chess 2026) চ্যালেঞ্জার জাভোখির সিনদারভের বিরুদ্ধে খেলে। বিশ্বখেতাব জয়ের পর থেকে তাঁর সাম্প্রতিক একাধিক পারফরম্যান্স আশানুরূপ হয়নি (R Praggnanandhaa)। অন্যদিকে, প্রজ্ঞানন্দ কার্লসেনের বিরুদ্ধে এই জয়কে তাঁর পক্ষে খুব বড় একটি জয় বলে বর্ণনা করেছেন। তিনি স্বীকার করেন, উত্তেজনাপূর্ণ এই ম্যাচে বিশ্বের এক নম্বর দাবাড়ুকে হারাতে তাঁর ভাগ্যও সহায় ছিল।

     

  • Tata Steel Chess India: বিশ্বের সর্বকনিষ্ঠ ফিডে রেটিং! ৩ বছরের অনীশকে দেখে অবাক পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন কার্লসেন

    Tata Steel Chess India: বিশ্বের সর্বকনিষ্ঠ ফিডে রেটিং! ৩ বছরের অনীশকে দেখে অবাক পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন কার্লসেন

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বের সর্বকনিষ্ঠ ফিডে রেটিং পাওয়া তিন বছরের অনীশকে দেখে অবাক পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেন। ‘টাটা স্টিল চেস ইন্ডিয়া’ (Tata Steel Chess India) প্রতিযোগিতার উদ্বোধনের মঞ্চে মঙ্গলবার নজর কাড়ল কলকাতার অনীশ সরকার (Anish Sarkar)। কখনও নিজের মনে দাবা খেলল, কখনও সই নিল কার্লসেনের থেকে, কখনও আবার প্রজ্ঞানন্দর কোলে দেখা গেল কলকাতার সর্বকনিষ্ঠ ফিডে রেটিং পাওয়া দাবাড়ুকে। কোচ তথা গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়া সারাক্ষণ আগলে রাখলেন ভবিষ্যতের সম্পদকে।

    অনীশের হাত ধরেই মুখোমুখি কার্লসেন-প্রজ্ঞানন্দ

    চেস ইন্ডিয়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডের সূচি ঘোষণা অনুষ্ঠানেও উজ্জ্বল অনীশ। সূচি প্রকাশে ছিল নতুনত্ব। টেবিলের উপর দশটি স্কার্ফ রাখা ছিল। প্রতিটিতে এক জন করে খেলোয়াড়ের নাম লেখা ছিল। পাশে ছিল দশটি বেলুন। তার মধ্যে ১ থেকে ১০ লেখা নম্বর। যাঁর স্কার্ফ উঠছিল, তিনি একটি বেলুন ফাটাচ্ছিলেন। তাতে যে নম্বর লেখা ছিল বোর্ডে তাঁর নাম সেখানে উঠে যাচ্ছিল। এ ভাবেই ১০ জনকে দু’টি গ্রুপে ভাগ করে প্রথম রাউন্ডের সূচি তৈরি হয়েছে। সেখানে ওপেন ও মহিলাদের বিভাগে দু’টি করে স্কার্ফ তুলল অনীশ। মহিলাদের বিভাগে তার হাতে উঠল ভারতের এক নম্বর দাবা খেলোয়াড় কোনেরু হাম্পি ও প্রজ্ঞানন্দের দিদি রমেশবাবু বৈশালীর নাম। আর ওপেন বিভাগে কার্লসেন ও প্রজ্ঞানন্দের নাম। এক অদ্ভুত সমাপতন। অনীশই ঠিক করে দিল যে পাঁচ বছর পর কলকাতায় খেলতে এসে প্রথম রাউন্ডেই প্রজ্ঞার সামনে কার্লসেন।

    পাঁচ বছর পর কলকাতায় কার্লসেন

    পাঁচ বছর পর কলকাতায় কোনও প্রতিযোগিতা (Tata Steel Chess India) খেলতে নামছেন কার্লসেন। শেষ বার ২০১৯ সালে যখন খেলেছিলেন তখন তিনি বিশ্বচ্যাম্পিয়ন। তার পর অনেক কিছু হয়েছে সাদা-কালোর চৌষট্টি খোপে। বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকে স্বেচ্ছায় সরে দাঁড়িয়েছেন। আবার শূন্য থেকে শুরু করেছেন। অনীশকে দেখে অবাক কার্লসেনও। তিনি বললেন, “আমার চার বছর বয়সি এক ভাইপো আছে। সে দাবা খেলে। কিন্তু ১৫৫০ রেটিং পয়েন্টের কাছেও যায়নি। এই বয়সে এই রেটিং পয়েন্ট পাওয়া অবিশ্বাস্য।” অনীশকে পরামর্শও দিলেন টানা ১১ বছর ধরে বিশ্বের এক নম্বর থাকা কার্লসেন। বললেন, “বাইরের কোনও কথা কানে নেবে না। নিজের উপর চাপ নেবে না। দাবাকে উপভোগ করো। মনের আনন্দে খেলো।” 

    আরও পড়ুন: ভারতের ‘না’! বিসিসিআই-কে মান্যতা, পাকিস্তানে বাতিল চ্যাম্পিয়ন্স ট্রফির অনুষ্ঠান

    প্রজ্ঞানন্দের কোলে অনীশ

    মাত্র ১২ বছর বয়সে গ্র্যান্ডমাস্টার হয়েছিলেন প্রজ্ঞানন্দ। বিশ্বের সর্বকনিষ্ঠ ইন্টারন্যাশনাল মাস্টার তিনি। সেই প্রজ্ঞাও উচ্ছ্বসিত অনীশকে দেখে। অনীশকে (Anish Sarkar) কোলে নিয়ে তিনি বললেন, “আমি তিন বছর বয়স থেকেই দাবা খেলছি। কিন্তু এত অল্প বয়সে রেটিং পাওয়া মুখের কথা নয়।” এ বারের চেস ইন্ডিয়া (Tata Steel Chess India) প্রতিযোগিতায় মহিলাদের বিভাগে খেলছেন আলেকসান্দ্রা গোরিয়াশকিনা, ক্যাটেরিনা লাগনো, আলেকসান্দ্রা কস্টেনিয়াক, নানা জাগনিদজ়ে, ভ্যালেন্টিনা গুনিয়া, কোনেরু হাম্পি, রমেশবাবু বৈশালী, হরিকা দ্রোনাবল্লি, দিব্যা দেশমুখ ও বন্তিকা আগরওয়াল। ওপেন বিভাগে খেলছেন ম্যাগনাস কার্লসেন, নোদিরবেক আবদুসাত্তারভ, ওয়েসলি সো, ভিনসেন্ট কেমার, ড্যানিল ডুবভ, অর্জুন এরিগাইসি, রমেশবাবু প্রজ্ঞানন্দ, বিদিত গুজরাতি, নিহাল সারিন ও এসএল নারায়ণন। ১৩ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত চলবে প্রতিযোগিতা। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Chess Olympiad 2024: প্রজ্ঞা-তানিয়াদের দাপট! দাবা অলিম্পিয়াডে প্রথম বার জোড়া সোনা ভারতের

    Chess Olympiad 2024: প্রজ্ঞা-তানিয়াদের দাপট! দাবা অলিম্পিয়াডে প্রথম বার জোড়া সোনা ভারতের

    মাধ্যম নিউজ ডেস্ক: ক্রিকেট-বিশ্বে শীর্ষে ভারত। ফুটবলের জন্যও পাগল। হকি-কাবাডিতেও সেরা। এবার দাবা-ক্ষেত্রেও (Chess Olympiad 2024) সোনালি ইতিহাস রচনা করল ভারত। হাঙ্গেরির বুদাপেস্টে দাবার ৪৫তম অলিম্পিয়াডে দেশের মুখ উজ্জ্বল করলেন ভারতের দাবার তারকারা। রমেশবাবু প্রজ্ঞানন্দ ও ডি গুকেশদের পাশাপাশি দিব্যা দেশমুখ ও তানিয়া সচদেবরাও দুরন্ত দাবা খেলে জিতে নিলেন সোনা। ভারতীয় দাবাড়ুদের এই সাফল্য নজর কেড়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও।

    দুরন্ত প্রজ্ঞানন্দ-গুকেশরা

    প্রথম বার ওপেন বিভাগে ছেলে ও মেয়েরা সোনা জিতল। শেষ রাউন্ডে স্লোভেনিয়াকে হারিয়েছেন ডি গুকেশ, রমেশবাবু প্রজ্ঞানন্দ, অর্জুন এরিগাইসি, বিদিত গুজরাটি, পেন্টালা হরিকৃষ্ণ এবং শ্রীনাথ নারায়ণন (ক্যাপ্টেন)রা। স্লোভেনিয়ার বিরুদ্ধে শেষ রাউন্ডের আগে ভারতের পয়েন্ট ছিল ১০ রাউন্ডে ১৯। দ্বিতীয় স্থানে ১৭ পয়েন্ট নিয়ে ছিল চিন। শেষ রাউন্ডে আমেরিকার বিরুদ্ধে দু’টি খেলায় পয়েন্ট নষ্ট করে চিন। তখনই ভারতের সোনা প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল। কিন্তু অন্য দলের খেলার উপর নির্ভর করেনি ভারত। ভারতের গুকেশ, অর্জুন এরিগাইসি ও প্রজ্ঞানন্দ নিজেদের ম্যাচ জেতেন। স্লোভেনিয়ার বিরুদ্ধে শুরুটা করেছিলেন বিশ্বের তিন নম্বর গুকেশ। ভ্লাদিমির ফেদোসিভের বিরুদ্ধে কালো ঘুঁটি নিয়ে খেলেন তিনি। তাতে অবশ্য সমস্যা হয়নি তাঁর। ভ্লাদিমির লড়াই করেও ভারতের ১৮ বছর বয়সি গুকেশকে হারাতে পারেননি। সামনেই বিশ্ব চ্যাম্পিয়ন (Chess Olympiad 2024) হওয়ার জন্য চিনের ডিং লিরেনের বিরুদ্ধে নামবেন গুকেশ। তার আগে দাবা অলিম্পিয়াডে সোনা গুকেশের আত্মবিশ্বাস অনেকটাই বাড়াবে। দ্বিতীয় ম্যাচে নামেন অর্জুন। তিনিও কালো ঘুঁটি নিয়ে খেলেন। স্লোভেনিয়ার ইয়ান সুবেলিকে হারান তিনি। এই দুই জয়ের পরে ভারতের সোনা নিশ্চিত হয়ে যায়। কিন্তু প্রজ্ঞানন্দ নিজের ম্যাচ হাল্কা ভাবে নেননি। তিনি অ্যান্টন ডেমচেঙ্কোকে হারান। 

    আরও পড়ুন: “ভারত বললে বিশ্ব শোনে, প্রবাসীরাই প্রধান রাষ্ট্রদূত”, নিউ ইয়র্কে বার্তা প্রধানমন্ত্রীর

    সাফল্য মেয়েদেরও

    পুরুষদের পরে ভারতের মহিলা দলও সোনা জিতেছে (Chess Olympiad 2024) অলিম্পিয়াডে। ১০ নম্বর রাউন্ডে চিনকে হারিয়ে সোনার সামনে পৌঁছে গিয়েছিলেন আর বৈশালীরা। শেষ রাউন্ডে ভারতের সামনে ছিল আজারবাইজান। তাদের বিরুদ্ধে ৩.৫-০.৫ জয়ের সুবাদে সোনা জিতেছেন। ডি হারিকা ছিলেন সেরা ফর্মে। দলের হয়ে দারুণ খেললেন। তাঁর কৌশল ছিল দেখার মতো। অন্যদিকে, দিব্যা দেশমুখ আবারও তৃতীয় বোর্ডেই তাঁর ব্যক্তিগত স্বর্ণপদক নিশ্চিত করে ফেলেন। আর বৈশালী ড্র করার পর, ভান্তিকা আগরওয়ালের দুর্দান্ত জয়ের মাধ্যমে সোনা নিশ্চিত করেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • R Praggnanandhaa: শহরে দাবা বিশ্বকাপের রানার্স! মা-ই মনের জোর, সিনেমাও ভালবাসেন জানালেন প্রজ্ঞানন্দ

    R Praggnanandhaa: শহরে দাবা বিশ্বকাপের রানার্স! মা-ই মনের জোর, সিনেমাও ভালবাসেন জানালেন প্রজ্ঞানন্দ

    মাধ্যম নিউজ ডেস্ক: বয়স মাত্র ১৮ বছর। এর মধ্যেই বিশ্বকাপের ফাইনাল খেলেছেন। বিশ্বনাথন আনন্দের পর তিনিই প্রথম ভারতীয়, যিনি এই কৃতিত্ব গড়লেন। যদিও জিততে পারেননি। কিন্তু ভারতীয়দের মধ্যে দাবা নিয়ে আগ্রহ তৈরি করার কাজটা করে ফেলেছেন রমেশবাবু প্রজ্ঞানন্দ। সোমবার সকালে বাইপাসের ধারে একটি পাঁচতারা হোটেলে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তামিল তরুণ দাবাড়ু। সেখানেই বিশ্বকাপের শিক্ষা থেকে প্রিয় ক্রিকেটার একাধিক বিষয়ে নিজের মতামত জানালেন প্রজ্ঞানন্দ।

    মন ভাল করে সিনেমা

    দাবা ছাড়াও তাঁর পছন্দের বিষয় হল সিনেমা। দাবা থেকে বিরতি নিয়ে মন ভাল রাখার জন্য সব রকমের সিনেমা দেখেন বলে জানালেন প্রজ্ঞা। এছাড়া ক্রিকেটও দেখেন। ৩৬ মিনিটের প্রশ্নোত্তর পর্বে প্রজ্ঞানন্দ বললেন, “আমি ক্রিকেট দেখি। ভারতীয় দলের খেলা দেখতে ভাল লাগে। রবিচন্দ্রন অশ্বিন আমার প্রিয় খেলোয়াড় কারণ ও দাবা খেলতে পছন্দ করে।”

    মা মানসিক জোর

    তিলোত্তমায় বসেছে দাবার সর্বভারতীয় আসর। বিগত কয়েকবছর ধরে এই প্রতিযোগিতার অন্যতম মুখ ছিলেন বিশ্বনাথন আনন্দ। কিন্তু চলতি বছরে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নের থেকেও আর্কষণের কেন্দ্রবিন্দুতে রমেশবাবু প্রজ্ঞানন্দ। বিশ্বকাপের সময় দেখা গিয়েছে, প্রজ্ঞার মা নাগালক্ষ্মী সব সময় তাঁর পাশে রয়েছেন। প্রজ্ঞা মনে করেন দাবা খেলতে গেলে, পরিবারের পাশে থাকাটা খুব প্রয়োজন। প্রজ্ঞানন্দ বললেন, “প্রতিপক্ষ হয়তো আমার মুখ দেখে বুঝতে পারে না, আমি চাপে আছি কি না। কিন্তু মা পারে। আমার মুখ দেখে মা বলে দিতে পারে ম্যাচের কোন সময় আমি একটু চিন্তিত। মায়ের পাশে থাকাটা আমার কাছে খুবই বড় একটা মানসিক জোর। প্রতিযোগিতা যখন চলে, সেই সময় আমার মাথায় দাবা ছাড়া আর কিছু থাকে না। মা সব কিছু সামলে নেয়। বাইরে খেলতে গিয়ে আমি যাতে ঘরের খাবার খেতে পারি, সেই ব্যবস্থাও করে মা। ভারতীয় খাবার খেতেই পছন্দ করি আমি।”

    আরও পড়ুন: ধরাশায়ী ইস্টবেঙ্গল, ১০ জনে খেলেও ডুরান্ড জয় মোহনবাগানের

    এই তো সবে শুরু

    বিগত কয়েক বছরে উল্কার গতিতে উত্থান হয়েছে তাঁর। প্রতিদ্বন্দ্বীদের পিছনে ফেলে সামনের সারিতে উঠে এসেছেন প্রজ্ঞা। তবে আত্মতুষ্টিকে নিজের মধ্যে জায়গা দিতে নারাজ তামিল তরুণ। তাঁর কথায়, ‘আমি মনে করি অনেক অনেক দূর যেতে হবে। এই তো সবে শুরু। আমি এসব নিয়ে ভাবছি না। কঠিন পরিশ্রম করছি। খেলার প্রতি ফোকাস করছি।’ একইসঙ্গে তাঁর সংযোজন, ‘মানসিকভাবে ঠিক থাকাটা খুব গুরুত্বপূর্ণ। মানসিক দিক থেকে ভালো থাকতে হয়। একইসঙ্গে শারীরিক সুস্থতা প্রয়োজন । আক্রমণ এবং রক্ষণ দুটোই খেলার অঙ্গ। কিছু কিছু সময় বদল করতে হয় রণকৌশল।’ বিশ্ব ক্রমতালিকায় ১৯ নম্বরে উঠে এসেছেন প্রজ্ঞানন্দ। ভারতীয়দের মধ্যে তাঁর সামনে ডি গুকেশ (অষ্টম) এবং বিশ্বনাথন আনন্দ (নবম)। প্রজ্ঞানন্দ জানালেন তাঁর দাবা শেখার পিছনে বিরাট কৃতিত্ব রয়েছে আনন্দের। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share