Tag: ramayana

ramayana

  • Ramayana Rise of a Legend: মাত্র ৮ দিনেই ১০০০ কোটি! ‘অ্যানিম্যাল’ ও ‘পাঠান’-কে পিছনে ফেলে বক্স অফিসে ঝড় ‘রামায়ণ’-এর

    Ramayana Rise of a Legend: মাত্র ৮ দিনেই ১০০০ কোটি! ‘অ্যানিম্যাল’ ও ‘পাঠান’-কে পিছনে ফেলে বক্স অফিসে ঝড় ‘রামায়ণ’-এর

    মাধ্যম নিউজ ডেস্ক: বক্স অফিসে কার্যত ঝড় তুলেছে রণবীর কাপুর অভিনীত ‘রামায়ণ: রাইজ অফ আ লেজেন্ড’ (Ramayana Rise of a Legend)। মুক্তির মাত্র আট দিনের মাথায় বিশ্বজুড়ে ১০০০ কোটি টাকার বেশি ব্যবসা করে নজির গড়ল নীতেশ তিওয়ারি পরিচালিত এই ছবি। শুধু তাই নয়, ভারতীয় সিনেমার ইতিহাসে দ্রুততম ১০০০ কোটি টাকার ক্লাবে প্রবেশকারী তৃতীয় ছবির তকমাও অর্জন করেছে এটি।

    বক্স অফিসে বাজিমাত

    বক্স অফিসের হিসেব অনুযায়ী, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ছবিটির অষ্টম দিনের আয় ছিল ৫৩.৫০ কোটি টাকা (নেট)। এর ফলে ভারতে ছবিটির মোট নেট আয় দাঁড়িয়েছে ৫৬৪.৬০ কোটি টাকা। ভারতীয় বাজারে গ্রস কালেকশন ৬৭৫.০৫ কোটি টাকা। অন্যদিকে, বিদেশের বাজার থেকে এখনও পর্যন্ত ছবিটির আয় ৩৫৮.৫০ কোটি টাকা। সব মিলিয়ে বিশ্বজুড়ে ছবির মোট গ্রস কালেকশন ১০৩৩.৫৫ কোটি টাকা। দেশীয় বক্স অফিসে ইতিমধ্যেই একাধিক বড় ছবিকে পিছনে ফেলেছে ‘রামায়ণ’। শাহরুখ খানের ‘পাঠান’-এর মোট আয় ছিল ৫৪৪.২৮ কোটি টাকা। অন্যদিকে, রণবীর কাপুর অভিনীত ‘অ্যানিম্যাল’-এর লাইফটাইম কালেকশন ছিল ৫৫৬.৩৬ কোটি টাকা। মাত্র আট দিনেই সেই দুই ছবির ব্যবসাকে ছাপিয়ে গিয়েছে ‘রামায়ণ: রাইজ অফ আ লেজেন্ড’।

    দ্রুত ১০০০ কোটির ক্লাবে প্রবেশ

    ১০০০ কোটির ক্লাবে প্রবেশের গতির নিরিখেও ছবিটি নজির গড়েছে। মাত্র সাত দিনে এই মাইলফলক ছুঁয়েছিল ‘পুষ্পা ২: দ্য রুল’ এবং ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’। আট দিনে সেই তালিকায় তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে ‘রামায়ণ’ (Ranbir Kapoor Ramayana)। পিছনে পড়ে গিয়েছে ‘বাহুবলী ২: দ্য কনক্লুশন’ (১০ দিন), ‘আরআরআর’ (১৬ দিন) এবং ‘জওয়ান’ (১৮ দিন)। গত ৫ নভেম্বর, বৃহস্পতিবার মুক্তি পেয়েছিল ছবিটি। প্রথম দিনেই ৬৪.৮৫ কোটি টাকার নেট ব্যবসা করে দুর্দান্ত সূচনা হয়। এরপর দীপাবলির ছুটিতে ছবির ব্যবসায় ব্যাপক উল্লম্ফন দেখা যায়। পঞ্চম দিনে আয় হয় ১০৭.৫০ কোটি টাকা এবং ষষ্ঠ দিনে ৯৪.১০ কোটি টাকা।

    হিন্দি সংস্করণ থেকে আয় হয়েছে ৪৩৭ কোটি টাকা

    ছবিটির সাফল্যে সবচেয়ে বড় অবদান হিন্দি সংস্করণের। এখনও পর্যন্ত হিন্দি সংস্করণ থেকে আয় হয়েছে ৪৩৭ কোটি টাকা। পাশাপাশি কন্নড় ভাষায় ৪৮.৯৫ কোটি, তেলুগুতে ৩৮.০৫ কোটি, তামিলে ২২.১৫ কোটি এবং মালয়ালম ভাষায় ১৮.৪৫ কোটি টাকার ব্যবসা করেছে ছবিটি। ছবিতে ভগবান রামের ভূমিকায় অভিনয় করেছেন রণবীর কাপুর। সীতার চরিত্রে সাই পল্লবী, লক্ষ্মণের ভূমিকায় রবি দুবে এবং রাবণের চরিত্রে রয়েছেন যশ। ছবিটির সহ-প্রযোজক নমিত মালহোত্রা এবং যশ।

    ছবির দ্বিতীয় পর্ব ঘিরে প্রত্যাশা

    এদিকে, ছবির দ্বিতীয় পর্ব ঘিরেও ইতিমধ্যেই দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। নির্মাতাদের পরিকল্পনা অনুযায়ী, ২০২৮ সালের দীপাবলিতে মুক্তি পাওয়ার কথা দ্বিতীয় পর্বের। সেখানে ভগবান হনুমানের ভূমিকায় দেখা যাবে সানি দেওলকে। প্রথম ছবির পোস্ট-ক্রেডিট দৃশ্যেই তাঁর চরিত্রের পরিচয় দেওয়া হয়েছে।

  • Ramayana Release Date: বিশ্বজুড়ে একই দিনে মুক্তি পাবে রণবীর কাপুরের ‘রামায়ণ’, ঘোষণা নির্মাতাদের

    Ramayana Release Date: বিশ্বজুড়ে একই দিনে মুক্তি পাবে রণবীর কাপুরের ‘রামায়ণ’, ঘোষণা নির্মাতাদের

    মাধ্যম নিউজ ডেস্ক: বহু প্রতীক্ষার অবসান। রণবীর কাপুর (Ranbir Kapoor’s Ramayana) অভিনীত বহুল প্রতীক্ষিত পৌরাণিক ছবি ‘রামায়ণ’-এর প্রথম পর্বের (Ramayana Release Date) মুক্তির দিনক্ষণ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলেন নির্মাতারা। আগামী ৫ নভেম্বর, ২০২৬ বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি। এর আগে আন্তর্জাতিক বাজারে ৬ নভেম্বর এবং ভারতে ৮ নভেম্বর ছবি মুক্তির সম্ভাবনার কথা শোনা গিয়েছিল। তবে এবার সেই জল্পনার অবসান ঘটিয়ে ভারত-সহ বিশ্বের বিভিন্ন দেশে একই দিনে ছবি মুক্তির কথা জানিয়েছেন নির্মাতারা। ছবির প্রযোজক নমিত মালহোত্রা এবং পরিচালক নীতেশ তিওয়ারির এই মহাকাব্যিক প্রজেক্ট ঘিরে দর্শকদের মধ্যে ইতিমধ্যেই তৈরি হয়েছে প্রবল আগ্রহ। সম্প্রতি নবরাত্রির শুভ সূচনায় ছবির নির্মাতারা সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টার প্রকাশ করে মুক্তির দিন ঘোষণা করেন। পোস্টারে দেখা গিয়েছে রণবীর কাপুর, সাই পল্লবী, যশ এবং রবি দুবেকে। নির্মাতাদের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, আগামী ২০ অক্টোবর, বিজয়া দশমীর দিন থেকে ছবির প্রথম পর্বের অগ্রিম টিকিট বুকিং শুরু হবে। অর্থাৎ, দুর্গাপুজোর উৎসবের আবহেই শুরু হয়ে যাবে বহু প্রতীক্ষিত এই ছবির টিকিট কাটার পালা।

    বাল্মীকি রামায়ণের আধারে তৈরি মহাকাব্যিক ছবি

    মহর্ষি বাল্মীকি রচিত রামায়ণের কাহিনি অবলম্বনে নির্মিত হচ্ছে ‘রামায়ণ’। বিশাল বাজেট, অত্যাধুনিক প্রযুক্তি এবং আন্তর্জাতিক মানের নির্মাণশৈলীর সমন্বয়ে ছবিটিকে ভারতীয় চলচ্চিত্রের অন্যতম উচ্চাকাঙ্ক্ষী পৌরাণিক প্রজেক্ট হিসেবে তুলে ধরা হচ্ছে। ছবিটি দুটি পর্বে মুক্তি পাবে। নীতেশ তিওয়ারি পরিচালিত এই ছবির প্রযোজনায় রয়েছে নমিত মালহোত্রার প্রাইম ফোকাস স্টুডিওজ, ডিএনইজি এবং যশের মনস্টার মাইন্ড ক্রিয়েশনস। ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সুরকার হ্যান্স জিমার এবং ভারতের অস্কারজয়ী সুরকার এ আর রহমান। আইম্যাক্স প্রযুক্তিতে নির্মিত ছবিটি একাধিক ভারতীয় ও আন্তর্জাতিক ভাষায় মুক্তি পাওয়ার কথা। হিন্দি, ইংরেজি, বাংলা-সহ বিভিন্ন আঞ্চলিক ভাষার পাশাপাশি তামিল, তেলুগু, কন্নড়, মালয়ালম, জাপানি, ম্যান্ডারিন, বাহাসা ইন্দোনেশিয়া, থাই এবং আরবি ভাষাতেও ছবিটি মুক্তির পরিকল্পনা রয়েছে বলে জানানো হয়েছে।

    ছবির প্রথম পর্ব মুক্তি পাবে ৫ নভেম্বর

    ছবির অভিনয়শিল্পীদের তালিকাও যথেষ্ট আকর্ষণীয়। রামচন্দ্রের ভূমিকায় রণবীর কাপুর এবং সীতার ভূমিকায় সাই পল্লবীকে দেখা যাবে। যশের পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সানি দেওল, রবি দুবে, রাকুল প্রীত সিং, অরুণ গোভিল, কাজল আগরওয়াল, বিবেক ওবেরয়, শোভনা, কুণাল কাপুর, লারা দত্ত, শিবা চাড্ডা, ইন্দিরা কৃষ্ণন, অনুপম খের-সহ একাধিক পরিচিত অভিনেতা। ছবির প্রথম পর্ব মুক্তি পাবে ৫ নভেম্বর, ২০২৬। অন্যদিকে, দ্বিতীয় পর্বটি ২০২৭ সালের দীপাবলিতে মুক্তি পাওয়ার কথা। ভারতীয় মহাকাব্যকে আন্তর্জাতিক দর্শকের সামনে নতুনভাবে তুলে ধরার এই উদ্যোগ কতটা সাফল্য পায়, এখন সেদিকেই নজর চলচ্চিত্রপ্রেমীদের। বিশ্বজুড়ে একই দিনে মুক্তি এবং দশেরায় অগ্রিম বুকিং শুরুর ঘোষণায় ‘রামায়ণ’ নিয়ে প্রত্যাশা আরও বাড়ল বলেই মনে করছে চলচ্চিত্র মহল।

LinkedIn
Share