Tag: Ranbir Kapoor Ramayana

  • Ramayana Rise of a Legend: মাত্র ৮ দিনেই ১০০০ কোটি! ‘অ্যানিম্যাল’ ও ‘পাঠান’-কে পিছনে ফেলে বক্স অফিসে ঝড় ‘রামায়ণ’-এর

    Ramayana Rise of a Legend: মাত্র ৮ দিনেই ১০০০ কোটি! ‘অ্যানিম্যাল’ ও ‘পাঠান’-কে পিছনে ফেলে বক্স অফিসে ঝড় ‘রামায়ণ’-এর

    মাধ্যম নিউজ ডেস্ক: বক্স অফিসে কার্যত ঝড় তুলেছে রণবীর কাপুর অভিনীত ‘রামায়ণ: রাইজ অফ আ লেজেন্ড’ (Ramayana Rise of a Legend)। মুক্তির মাত্র আট দিনের মাথায় বিশ্বজুড়ে ১০০০ কোটি টাকার বেশি ব্যবসা করে নজির গড়ল নীতেশ তিওয়ারি পরিচালিত এই ছবি। শুধু তাই নয়, ভারতীয় সিনেমার ইতিহাসে দ্রুততম ১০০০ কোটি টাকার ক্লাবে প্রবেশকারী তৃতীয় ছবির তকমাও অর্জন করেছে এটি।

    বক্স অফিসে বাজিমাত

    বক্স অফিসের হিসেব অনুযায়ী, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ছবিটির অষ্টম দিনের আয় ছিল ৫৩.৫০ কোটি টাকা (নেট)। এর ফলে ভারতে ছবিটির মোট নেট আয় দাঁড়িয়েছে ৫৬৪.৬০ কোটি টাকা। ভারতীয় বাজারে গ্রস কালেকশন ৬৭৫.০৫ কোটি টাকা। অন্যদিকে, বিদেশের বাজার থেকে এখনও পর্যন্ত ছবিটির আয় ৩৫৮.৫০ কোটি টাকা। সব মিলিয়ে বিশ্বজুড়ে ছবির মোট গ্রস কালেকশন ১০৩৩.৫৫ কোটি টাকা। দেশীয় বক্স অফিসে ইতিমধ্যেই একাধিক বড় ছবিকে পিছনে ফেলেছে ‘রামায়ণ’। শাহরুখ খানের ‘পাঠান’-এর মোট আয় ছিল ৫৪৪.২৮ কোটি টাকা। অন্যদিকে, রণবীর কাপুর অভিনীত ‘অ্যানিম্যাল’-এর লাইফটাইম কালেকশন ছিল ৫৫৬.৩৬ কোটি টাকা। মাত্র আট দিনেই সেই দুই ছবির ব্যবসাকে ছাপিয়ে গিয়েছে ‘রামায়ণ: রাইজ অফ আ লেজেন্ড’।

    দ্রুত ১০০০ কোটির ক্লাবে প্রবেশ

    ১০০০ কোটির ক্লাবে প্রবেশের গতির নিরিখেও ছবিটি নজির গড়েছে। মাত্র সাত দিনে এই মাইলফলক ছুঁয়েছিল ‘পুষ্পা ২: দ্য রুল’ এবং ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’। আট দিনে সেই তালিকায় তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে ‘রামায়ণ’ (Ranbir Kapoor Ramayana)। পিছনে পড়ে গিয়েছে ‘বাহুবলী ২: দ্য কনক্লুশন’ (১০ দিন), ‘আরআরআর’ (১৬ দিন) এবং ‘জওয়ান’ (১৮ দিন)। গত ৫ নভেম্বর, বৃহস্পতিবার মুক্তি পেয়েছিল ছবিটি। প্রথম দিনেই ৬৪.৮৫ কোটি টাকার নেট ব্যবসা করে দুর্দান্ত সূচনা হয়। এরপর দীপাবলির ছুটিতে ছবির ব্যবসায় ব্যাপক উল্লম্ফন দেখা যায়। পঞ্চম দিনে আয় হয় ১০৭.৫০ কোটি টাকা এবং ষষ্ঠ দিনে ৯৪.১০ কোটি টাকা।

    হিন্দি সংস্করণ থেকে আয় হয়েছে ৪৩৭ কোটি টাকা

    ছবিটির সাফল্যে সবচেয়ে বড় অবদান হিন্দি সংস্করণের। এখনও পর্যন্ত হিন্দি সংস্করণ থেকে আয় হয়েছে ৪৩৭ কোটি টাকা। পাশাপাশি কন্নড় ভাষায় ৪৮.৯৫ কোটি, তেলুগুতে ৩৮.০৫ কোটি, তামিলে ২২.১৫ কোটি এবং মালয়ালম ভাষায় ১৮.৪৫ কোটি টাকার ব্যবসা করেছে ছবিটি। ছবিতে ভগবান রামের ভূমিকায় অভিনয় করেছেন রণবীর কাপুর। সীতার চরিত্রে সাই পল্লবী, লক্ষ্মণের ভূমিকায় রবি দুবে এবং রাবণের চরিত্রে রয়েছেন যশ। ছবিটির সহ-প্রযোজক নমিত মালহোত্রা এবং যশ।

    ছবির দ্বিতীয় পর্ব ঘিরে প্রত্যাশা

    এদিকে, ছবির দ্বিতীয় পর্ব ঘিরেও ইতিমধ্যেই দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। নির্মাতাদের পরিকল্পনা অনুযায়ী, ২০২৮ সালের দীপাবলিতে মুক্তি পাওয়ার কথা দ্বিতীয় পর্বের। সেখানে ভগবান হনুমানের ভূমিকায় দেখা যাবে সানি দেওলকে। প্রথম ছবির পোস্ট-ক্রেডিট দৃশ্যেই তাঁর চরিত্রের পরিচয় দেওয়া হয়েছে।

LinkedIn
Share