Tag: Rastriya Prajatantra Party

  • Nepal: দেশে ফিরলেন প্রাক্তন রাজা, রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবিতে ফের উদ্বেল নেপাল

    Nepal: দেশে ফিরলেন প্রাক্তন রাজা, রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবিতে ফের উদ্বেল নেপাল

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবিতে ফের সরব নেপাল (Nepal)। শুক্রবার নেপালের প্রাক্তন রাজা জ্ঞানেন্দ্র শাহ কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে রাজধানীর বিমানবন্দরে পৌঁছলে তাঁর সমর্থনে হাজার হাজার মানুষ বিমানবন্দরের বাইরে জড়ো হন (Restoration Of Monarchy)। তাঁরা রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবি জানান। ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়, যদিও কাঠমান্ডু জেলা প্রশাসন কার্যালয় বিমানবন্দর এলাকা ও আশপাশে পাঁচজনের বেশি লোকের সমাবেশ নিষিদ্ধ করে নিষেধাজ্ঞা জারি করেছিল।

    নেপালে ফিরলেন জ্ঞানেন্দ্র (Nepal)

    জ্ঞানেন্দ্রকে তাঁর গাড়ির সানরুফ দিয়ে উচ্ছ্বসিত জনতার উদ্দেশে হাত নাড়তে দেখা যায়। এই সময় দাঙ্গা নিয়ন্ত্রণ সরঞ্জাম পরিহিত শত শত পুলিশ সদস্য বিমানবন্দরের প্রধান প্রবেশপথে ভিড় করা সমর্থকদের নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছিলেন। “আমাদের দেশকে রক্ষা করতে রাজা জ্ঞানেন্দ্রকে ফিরিয়ে আনতে হবে।” এমন স্লোগান দেন রাজতন্ত্রপন্থীরা। প্রাক্তন রাজা কাঠমান্ডু বিমানবন্দরে অবতরণ করলে তাঁরা প্ল্যাকার্ড হাতে নিয়ে স্লোগান দেন। প্রবীণ নেতা কমল থাপার নেতৃত্বাধীন রাজতন্ত্রপন্থী রাষ্ট্রীয় প্রজাতন্ত্র পার্টির কর্মী-সমর্থকরা এবং নবরাজ সুবেদী ও চিকিৎসক দুর্গা প্রসাইয়ের নেতৃত্বাধীন বিভিন্ন রাজভক্ত সংগঠনের সদস্যরা শুক্রবার সকাল থেকেই বিমানবন্দর এলাকায় জড়ো হন। বৃহস্পতিবার কাঠমান্ডুতে এক সংবাদ সম্মেলনে প্রসাই জানান, তাঁরা ৫ মার্চের সাধারণ নির্বাচনের আগেই রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে চান। তাঁর দাবি, দেশে হিন্দু রাজা পুনর্বহাল করার দাবি নিষ্পত্তি না হলে নির্বাচন আয়োজন করা সম্ভব নয় (Nepal)।

    রাজপ্রাসাদ ছাড়েন জ্ঞানেন্দ্র

    ২০০৬ সালে ব্যাপক গণবিক্ষোভের মুখে জ্ঞানেন্দ্রকে তাঁর কর্তৃত্ববাদী শাসন ছাড়তে বাধ্য করা হয়। দু’বছর পর সংসদ রাজতন্ত্র বিলুপ্তির পক্ষে ভোট দেয় এবং জ্ঞানেন্দ্র রাজপ্রাসাদ ছেড়ে সাধারণ নাগরিকের (Restoration Of Monarchy) জীবনযাপন শুরু করেন। ২০০৮ সালে নেপালে রাজতন্ত্র আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত হলেও গত বছর অর্থনৈতিক সঙ্কট ও রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে পুনরায় রাজতন্ত্রপন্থী বিক্ষোভ দেখা যায়। গত বছর বিমানবন্দরে একই ধরনের এক সমাবেশে আনুমানিক ১০ হাজার সমর্থক অংশ নিয়েছিলেন। আর একটি রাজতন্ত্রপন্থী সমাবেশ সহিংসতার রূপ নিলে দু’জন নিহত এবং অনেকে আহত হন।

    রাজনৈতিক অচলাবস্থা

    জ্ঞানেন্দ্র নিজে রাজতন্ত্র পুনর্বহালের আহ্বানে কোনও প্রতিক্রিয়া জানাননি। তবে আগামী মাসে গুরুত্বপূর্ণ সংসদ নির্বাচনকে সামনে রেখে এই সব বিক্ষোভ হচ্ছে। সর্বশেষ নির্বাচনে জ্ঞানেন্দ্রপন্থী গোষ্ঠীগুলি প্রায় ৫ শতাংশ আসনে জয়ী হয়েছিল। এদিকে, নেপালের প্রধানমন্ত্রী সুশীলা কার্কি শুক্রবার জনগণকে দেশের অগ্রগতি নিশ্চিত করতে আসন্ন সাধারণ নির্বাচনে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান। তিনি বলেন, “আগামী মাসের নির্বাচন বিশেষ পরিস্থিতিতে অনুষ্ঠিত হচ্ছে এবং সফলভাবে আয়োজনের জন্য সমাজের সব শ্রেণির সহযোগিতা প্রয়োজন।” টাপলেজুং জেলার সদর দফতর পরিদর্শনকালে তিনি বলেন, “এই নির্বাচন দেশের নতুন পর্যায়ে উত্তরণের ক্ষেত্রে একটি মাইলফলক হবে।” তিনি আরও বলেন, “বর্তমান রাজনৈতিক অচলাবস্থা (Restoration Of Monarchy) থেকে বেরিয়ে আসার পথ তৈরি করতে শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ (Nepal)।” প্রসঙ্গত, নেপালে চলতি বছরের ৫ মার্চ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা।

  • Nepal News: ‘‘ফিরে এসো রাজা, রক্ষা করো দেশকে’’, নেপাল কি ফের হিন্দু রাষ্ট্র হওয়ার পথে?

    Nepal News: ‘‘ফিরে এসো রাজা, রক্ষা করো দেশকে’’, নেপাল কি ফের হিন্দু রাষ্ট্র হওয়ার পথে?

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ থেকে ১৭ বছর আগে ২০০৮ সালের ২৮ মে নেপালে (Nepal News) হিন্দু রাজতন্ত্রের অবসান ঘটে, প্রসঙ্গত তার আগে ২৩৯ বছর ধরে হিন্দু রাজাদের শাসন ছিল নেপালে। ক্ষমতাচ্যুত হন রাজা জ্ঞানেন্দ্র শাহ (Hindu Monarchy)। এরপরেই ২০০৮ থেকে নেপালে ধর্মনিরপেক্ষ প্রজাতন্ত্র হিসেবে প্রতিষ্ঠা পায়। কিন্তু বর্তমানে ফের সেই রাজারই দ্বারস্থ নেপালের (Nepal News) জনগণ! গত রবিবার কাঠমাণ্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশপথে দেখা গেল হাজার হাজার মানুষের ভিড়! তাঁরা সবাই জ্ঞানেন্দ্র শাহের সমর্থক। তাঁদের একটাই দাবি, ফের নেপালে ফিরুক রাজতন্ত্র। ফের নেপাল হয়ে উঠুক হিন্দু রাষ্ট্র।

    প্রিয় রাজার জয় হোক, স্লোগান শোনা গেল

    বিমানবন্দরের সামনে জমা হওয়া এই বিপুল মানুষের ভিড় থেকে স্লোগান শোনা গেল, ‘‘রাজপ্রাসাদ ছেড়ে দেওয়া হোক রাজার জন্য। ফিরে আসুন রাজা। দেশকে রক্ষা করো। প্রিয় রাজার জয় হোক। আমরা রাজতন্ত্র চাই।’’ পরিস্থিতি এতে উত্তপ্ত হয়ে ওঠে। এরপরেই দ্রুত এলাকা ঘিরে ফিরে পুলিশ। যদিও কোনও রকম হিংসার ঘটনা ঘটেনি। তবে নেপাল (Nepal News) আরও একবার আন্দোলিত হল হিন্দুরাষ্ট্রের দাবিতে।

    ১৭ বছরে ১৩টি সরকার, কোনওভাবেই আসেনি স্থিতিশীলতা

    ২০০৮ সালে রাজতন্ত্রের অবসান হওয়ার পরেই রাজা জ্ঞানেন্দ্র হয়ে যান আর পাঁচটা সাধারণ মানুষের মতোই আম নাগরিক। সেই সময় বহু মানুষেরই বিশ্বাস ছিল এবার রাজা ফের একবার ফিরবেন। তবে কেন এমনটা হল। কেনই বা হিন্দু রাষ্ট্রের দাবিতে উত্তাল হল নেপাল (Nepal News)? উল্লেখ্য ২০০৮ সাল থেকে এযাবৎ ১৩টি সরকার দেখেছে নেপাল। তবে কোনওটাতেই রাজনৈতিক স্থিরতা আসেনি বরং বেড়েছে দুর্নীতি। অর্থনীতি ধুঁকতে শুরু করেছে। ফলে এবার সেদেশের মানুষের বড় অংশই মনে করতে শুরু করেছেন এই অস্থিরতা থেকে বাঁচাতে পারে একমাত্র রাজতন্ত্রই।

    কী বলছেন বিক্ষোভকারী বাহাদুর ভান্ডারি

    ৭২ বছরের বাহাদুর ভান্ডারি রবিবার হাজির হয়েছিলেন কাঠমাণ্ডু বিমানবন্দরে। বিবৃতি দেন সংবাদমাধ্যমে। তাঁর নিজের ভাষায়, ‘‘আমরা এখানে (বিমানবন্দরের সামনে) এসেছি রাজার প্রতি পূর্ণ সমর্থন জানাতে। এবং তাঁর সঙ্গে সঙ্গে মিছিল করে এগিয়ে যেতে। দাবি তাঁকে ফের রাজপ্রাসাদে ফিরিয়ে দিতে হবে।’’ পেশায় ছুতোর বাহাদুর ২০০৬ সালে এভাবেই রাজপথে নেমেছিলেন রাজাকে গদিচ্যুত করতে। কেন হঠাৎ মত বদল কেন? বাহাদুর উত্তর দিলেন, ‘‘সবচেয়ে খারাপ ব্যাপারটা হল, দেশে ব্যাপক দুর্নীতি চলছে। যে সমস্ত রাজনীতিবিদরা ক্ষমতায় এসেছেন, তাঁরা কেউই দেশের জন্য কিছু করেননি। আমি সেই প্রতিবাদেও ছিলাম, যার ফলে রাজতন্ত্রের অবসান হয়েছিল। তখন ভেবেছিলাম এতে দেশের ভালো হবে। কিন্তু আমি ভুল করেছিলাম। দেশ আরও ডুবেছে পরবর্তী সময়ে। আর তাই আমি এখন মত বদল করেছি।’’

    কী বলছেন বিক্ষোভকারী স্কুল শিক্ষক রাজেন্দ্র কুনওয়ার

    হিন্দু রাষ্ট্রের দাবিতে রবিবারই পথে নেমেছিলেন রাজেন্দ্র কুনোয়ার। তিনি পেশায় একজন শিক্ষক। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে তিনি বলেন, ‘‘বর্তমানে নেপালে স্থিতিশীল অবস্থা (Nepal News) নেই। মূল্যবৃদ্ধি চরম আকার ধারণ করেছে। বেড়েছে বেকারত্ব। এর পাশাপাশি শিক্ষা ও স্বাস্থ্যপরিসেবা ভেঙে পড়েছে।’’ তিনি আরও বলেন, ‘‘নেপালে যে আইন রয়েছে তা জনসাধারণের উপর প্রযোজ্য হচ্ছে। কিন্তু রাজনীতিবিদদের ক্ষেত্রে তা দেখা হচ্ছে না। এই কারণেই আমাদের দেশের রাজতন্ত্রের প্রয়োজন।’’ প্রসঙ্গত উল্লেখ্য ২০০৮ সাল থেকে নেপালে ১৩ টি সরকার ক্ষমতায় এসেছে কিন্তু কখনও স্থিতিশীলতা বজায় থাকেনি।

    এমন আন্দোলন নতুন কিছু নয়

    নেপালের রাজাকে ফেরানোর এমন আন্দোলন কি নতুন? এর উত্তরে আমাদেরকে জানতে হবে এটা প্রথম বা নতুন কিছু নয়। রাজতন্ত্র অবসানের আগে নেপালের রাজাকে অধিকাংশ মানুষই শ্রদ্ধা করত। তবে ২০০৫ সাল থেকে রাজার ক্ষমতা ক্রমশ কমতে থাকে। এরপরে ২০০৬ সাল থেকেই রাজতন্ত্র বিরোধী বিক্ষোভ শুরু হয়। রাজেন্দ্র শাহকে অপসারণ করার জন্য আন্দোলন চলতে থাকে। রাজতন্ত্রের অবসানের পরও রাজাকে ফেরানোর দাবিতে বিক্ষোভ কিন্তু বন্ধ হয়নি। হিন্দু রাষ্ট্রের দাবিতে ফের একবার নেপাল উত্তপ্ত হয়েছিল সাম্প্রতিক ২০২০ সালে। সেই সময় ব্যাপক বিক্ষোভ হয়েছিল দেশজুড়ে। পথে নেমেছিল একাধিক হিন্দু সংগঠন। নেপালের পূর্বাঞ্চলেও এই বিক্ষোভ সবচেয়ে বড় আকার ধারণ করে। প্রসঙ্গত, পূর্বাঞ্চলেই বাড়ি বর্তমান প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির। ২০২৩ সালে এরপরে আরও একবার বিক্ষোভ উত্তাল আকার ধারণ করে। রাজতন্ত্র ফিরিয়ে আনার দাবিতে এই বিক্ষোভে জনতাকে কাঁদানে গ্যাস ছুড়তে বাধ্য হয় পুলিশ। এর পরবর্তীকালে ফের একবার বিক্ষোভ দেখা গেল ২০২৫ সালে। এই বিক্ষোভ শুরু হয় রবিবারই। নেপালে যে বিক্ষোভ দেখা গেল তার পিছনে ছিল রাষ্ট্রীয় প্রজাতন্ত্র পার্টি। প্রসঙ্গত এই রাজনৈতিক দল নেপালে একটি হিন্দু জাতীয়তাবাদী দল বলে পরিচিত। সে দেশের সংসদে পঞ্চম বৃহত্তম দল।

    কেন নেপালে এমন আন্দোলন দেখা যাচ্ছে

    বিশ্লেষকরা জানাচ্ছেন, নেপালের (Nepal News) জনগণ প্রজাতন্ত্র নিয়ে যথেষ্ট অসন্তুষ্ট। তার একাধিক কারণ রয়েছে। তথ্য বলছে, বিগত কয়েক বছর ধরে অর্থনৈতিক বৃদ্ধি ব্যাপক হ্রাস পেয়েছে নেপালে। ২০১৫ সালে নেপালের প্রকৃত জিডিপি ৯ শতাংশ ছুঁয়েছিল। কিন্তু তা গত পাঁচ বছর ধরে ক্রমশই নিচে নেমে এসেছে। এর পাশাপাশি বেড়েছে মূল্যবৃদ্ধিও। নেপালের মানুষদের ধারণা, রাজতন্ত্র ফিরলে এগুলির সমাধান হবে।

    জ্ঞানেন্দ্র শাহ কী বলছেন?

    তবে যাঁকে কেন্দ্র করে বর্তমানে নেপালের রাজনীতি আবর্তিত হচ্ছেন সেই জ্ঞানেন্দ্র শাহ কী বলছেন? তাঁকে ফেরানোর দাবিতে কাঠমাণ্ডু বিমানবন্দরে যে বিক্ষোভ দেখা গিয়েছে সে নিয়ে জ্ঞানেন্দ্র শাহ কোনও বিবৃতি দেননি। কিন্তু এই আবহে তিনি নেপালের বিভিন্ন অংশে সফর করছেন। এতেই বিশ্লেষকরা মনে করছেন যে নেপালের জনগণের যে বিক্ষোভ দেখা গিয়েছে, তাকে ফেরানোর দাবিতে তা তিনি সমর্থন করছেন। তিনি নিজেও রাজা হিসেবে ফিরে আসতে চান। প্রকাশ্যে জ্ঞানেন্দ্র শাহ সারাদেশের কাছে ঐক্যের আহ্বান জানিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আপাতত জ্ঞানেন্দ্র অপেক্ষা করছেন এবং তিনি দেখছেন এই বিক্ষোভটি কতটা শক্তিশালী হয় এবং কত দূর তা চলতে পারে।

    নেপালে কীভাবে রাজতন্ত্র বিলুপ্ত হয়েছিল

    ২০০৮ সালে নেপালের প্রধানমন্ত্রী হন পুষ্প কমল দহাল ওরফে প্রচণ্ড। এর আগে তিনি ছিলেন বিদ্রোহীদের একজন কমান্ডার। তাঁর নেতৃত্বেই ৪৮ মাসের একটি নয়া সংবিধান প্রণয়ন করেছিল নেপাল। তৈরি করা হয়েছিল একটি গণপরিষদ। এরপরে দীর্ঘ রাজনৈতিক কোন্দল দেখা যায় নেপালে। ২০১৫ সালের এপ্রিল মাসে ভয়াবহ ভূমিকম্প বিধ্বস্ত করে দেয় নেপালকে। যার ফলে ৯০০০ মানুষ মারা যান। এরপরে ২০১৫ সালের সেপ্টেম্বরেই নয়া সংবিধান পেশ করা হয় নেপালে। ফের ২০১৫ সালের সেপ্টেম্বর মাসে ফের একবার নয়া সংবিধান পেশ করা হয় নেপালে। তৎকালীন প্রধানমন্ত্রী প্রয়াত সুশীল কৈরালা তখন বলেন যে এটাই আসলে জনগণের সংবিধান যা পাস হল। এরপর ২০১৭ সালের মে মাসে নেপাল জুড়ে ভোট হয়।

LinkedIn
Share