Tag: Ratan Sheikh Encounter

  • Suvendu Adhikari: ‘পুলিশকে গুলি করলে পুলিশ বাতাসা খাওয়াবে?’ রতন শেখের মৃত্যুতে কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

    Suvendu Adhikari: ‘পুলিশকে গুলি করলে পুলিশ বাতাসা খাওয়াবে?’ রতন শেখের মৃত্যুতে কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

    মাধ্যম নিউজ ডেস্ক: বদলের বাংলায় ফের এনকাউন্টার। শান্তিনিকেতনে পুলিশকর্মীকে গুলি করে পালানোর অভিযোগে গ্রেফতারের কয়েক ঘণ্টার মধ্যেই পুলিশের গুলিতে মৃত্যু হয় কুখ্যাত দুষ্কৃতী রতন শেখের (Ratan Sheikh Encounter)। নানুরের একটি ইটভাটার কাছে অস্ত্র উদ্ধারে গিয়ে এই গুলির লড়াই হয় বলে দাবি বীরভূম জেলা পুলিশের। পুলিশের দাবি, আত্মরক্ষার্থেই গুলি চালাতে বাধ্য হয় বাহিনী। ঘটনায় নতুন করে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। রতন শেখের মৃত্যুর পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ফের অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন। তাঁর বক্তব্য, বাংলায় ধর্ষক ও খুনিদের কোনও জায়গা নেই। পুলিশকে লক্ষ্য করে গুলি চালালে পুলিশও প্রয়োজনীয় পদক্ষেপ করবে।

    পুলিশ কঠোর হাতেই অপরাধ দমন করবে

    এদিন এনকাউন্টার প্রসঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বার্তা, পুলিশকে গুলি করলে পুলিশ কী বাতাসা খাওয়াবে! মুখ্যমন্ত্রীর কথায়, পুলিশকে সম্পূর্ণ খোলা হাত দেওয়া হয়েছে। পরিস্থিতি অনুযায়ী ঘটনাস্থলেই পুলিশ সিদ্ধান্ত নেবে। অপরাধীদের উদ্দেশে তাঁর হুঁশিয়ারি, গুণ্ডারা বাংলাদেশে পালিয়ে যাও, এখানে থাকলে যা করার তাই করা হবে। এর আগে বিজেপি বাংলায় ক্ষমতায় আসার আগেই শুভেন্দু অধিকারী অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার বার্তা দিয়েছিলেন। তাঁর বক্তব্য ছিল, অপরাধীরা ছাড় পাবে না। সেই প্রতিশ্রুতির প্রসঙ্গ টেনেই রাজনৈতিক মহলের একাংশের দাবি, রাজ্যে ক্ষমতার পালাবদলের পর আইনশৃঙ্খলা নিয়ে সরকারের অবস্থান আরও কঠোর হয়েছে।

    কুখ্যাত দুষ্কৃতী রতন শেখের মৃত্যু ঘিরে চাঞ্চল্য

    শান্তিনিকেতনে পুলিশকর্মীর উপর গুলি চালানোর ঘটনায় অভিযুক্ত কুখ্যাত দুষ্কৃতী রতন শেখের মৃত্যু ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে বীরভূম জেলায়। পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে তার। রবিবার রতন শেখের মৃত্যুর খবর সামনে আসতেই রাজ্যজুড়ে শুরু হয় আলোচনা। ঘটনার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া বার্তা, পুলিশকে লক্ষ্য করে গুলি চালালে পুলিশও বসে থাকবে না। ঘটনার সূত্রপাত গত শুক্রবার। পুলিশ সূত্রে খবর, শান্তিনিকেতন থানার অন্তর্গত লায়েক বাজার এলাকায় দুই সন্দেহভাজন দুষ্কৃতীর গতিবিধি সম্পর্কে গোপন সূত্রে খবর পান তদন্তকারীরা। তাঁদের মধ্যে অন্যতম ছিল রতন শেখ। তার বিরুদ্ধে আগেই একাধিক গুরুতর অপরাধের অভিযোগ ছিল। আগ্নেয়াস্ত্র সংক্রান্ত অপরাধ, বিস্ফোরক দ্রব্য আইনে মামলা, ডাকাতির প্রস্তুতি, চুরি ও ছিনতাই-সহ প্রায় ৩৬টিরও বেশি মামলা নথিভুক্ত ছিল বলে জানিয়েছে পুলিশ।

    পুলিশকর্মীর রক্ত বৃথা যাবে না

    গোপন সূত্রে খবর পাওয়ার পর প্রান্তিক আউটপোস্ট থেকে শান্তিনিকেতন থানার তিন পুলিশকর্মী সাদা পোশাকে মোটরবাইকে করে লায়েক বাজারে পৌঁছন। তাঁদের উদ্দেশ্য ছিল সন্দেহভাজনদের আটক করা। পুলিশকর্মীরা রতন শেখের কাছাকাছি পৌঁছে গেলেও শেষ মুহূর্তে পরিস্থিতি বদলে যায়। অভিযোগ, ধরা পড়ার আশঙ্কা বুঝতে পেরে রতন সঙ্গে থাকা আগ্নেয়াস্ত্র বের করে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। সেই গুলি লাগে কনস্টেবল বিশ্বজিৎ দাসের পায়ে। আচমকা হামলার সুযোগ নিয়ে দুই সন্দেহভাজন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গুলিবিদ্ধ অবস্থায় বিশ্বজিৎ দাসকে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাঁর শারীরিক অবস্থার কথা বিবেচনা করে উন্নত চিকিৎসার জন্য বর্ধমান হয়ে কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন। এই ঘটনায় পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে তদন্ত শুরু করে। শনিবার রাতে আহত কনস্টেবলকে দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে তিনি আশ্বাস দিয়েছিলেন, পুলিশকর্মীর রক্ত বৃথা যাবে না। অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও ইঙ্গিত দেন তিনি।

    গোটা অভিযানের বিস্তারিত বিবরণ দিল পুলিশ

    এরপরই অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করে বীরভূম জেলা পুলিশ। একাধিক টেকনিক্যাল ও ম্যানুয়াল তদন্তকারী দল গঠন করা হয়। পুলিশের দাবি, প্রযুক্তিগত সূত্র এবং গোপন তথ্যের ভিত্তিতে গত ১৫ তারিখ বর্ধমানের একটি জায়গা থেকে মূল অভিযুক্ত রতন শেখকে গ্রেফতার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করে লায়েক বাজারে পুলিশকর্মীর উপর হামলার সময় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। পুলিশ সুপার বিদিত রাজ বুন্দেশ সোমবার সাংবাদিক বৈঠকে গোটা অভিযানের বিস্তারিত বিবরণ দেন। তাঁর বক্তব্য অনুযায়ী, জেরার সময় রতন শেখ নিজেই জানায়, পুলিশকর্মীর উপর হামলার ঘটনায় ব্যবহৃত অস্ত্রটি কোথায় লুকিয়ে রাখা হয়েছে। সেই তথ্যের ভিত্তিতেই তাকে নানুরের একটি ইটভাটার কাছে নিয়ে যাওয়া হয় অস্ত্র উদ্ধারের জন্য।

    ইটভাটায় কীভাবে ঘটল এনকাউন্টার?

    পুলিশের বয়ান অনুযায়ী, নানুরের চারকোল গ্রামের কাছে একটি ইটভাটার এলাকায় অস্ত্র উদ্ধারের প্রক্রিয়া চলছিল। সেই সময় রতন শেখ আচমকাই লুকিয়ে রাখা আগ্নেয়াস্ত্র বের করে পুলিশকর্মীদের লক্ষ্য করে গুলি চালায়। তার ছোড়া গুলি পুলিশের গাড়িতে লাগে বলে দাবি তদন্তকারীদের। এরপর পুলিশকর্মীরা নিজেদের জীবন রক্ষার্থে পাল্টা গুলি চালান। দুই পক্ষের মধ্যে গুলির লড়াইয়ে গুরুতর আহত হয় রতন শেখ। দ্রুত তাকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। বীরভূমের পুলিশ সুপার বিদিত রাজ বুন্দেশ জানিয়েছেন, পুলিশ কোনওভাবেই অকারণে গুলি চালায়নি। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছিল যে আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালানো ছাড়া পুলিশের সামনে অন্য কোনও উপায় ছিল না। পুলিশি সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, রাজ্যে গত ছয় মাসে এনকাউন্টারের সংখ্যা বেড়েছে। রতন শেখের মৃত্যু সেই তালিকায় নতুন সংযোজন।

    স্বাধীন তদন্তে জোর, ময়নাতদন্তে ভিডিওগ্রাফি

    এনকাউন্টারের ঘটনা নিয়ে যাতে কোনওরকম প্রশ্ন না ওঠে, তার জন্য সমস্ত আইনি প্রক্রিয়া মেনে চলা হচ্ছে বলে জানিয়েছে জেলা পুলিশ। পুলিশের দাবি, জাতীয় মানবাধিকার কমিশন (NHRC), আদালতের নির্দেশ এবং প্রচলিত আইনি বিধান অনুসরণ করে গোটা ঘটনার তদন্ত করা হচ্ছে। স্বচ্ছতা বজায় রাখতে ইতিমধ্যেই ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি ভিডিওগ্রাফির মাধ্যমে ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে বলেও জানিয়েছে পুলিশ। এনকাউন্টারের প্রকৃত পরিস্থিতি এবং পুলিশের পদক্ষেপ খতিয়ে দেখতে প্রয়োজনীয় তদন্ত চলবে।

    রতনের দুই সহযোগীও গ্রেফতার

    শুধু মূল অভিযুক্ত রতন শেখ নয়, এই ঘটনায় জড়িত অন্যদের খোঁজেও তল্লাশি চালাচ্ছে পুলিশ। তদন্তের সূত্র ধরে রতনের দুই সহযোগী রমেশ লোহর এবং নূর হোসেন শেখকে গ্রেফতার করা হয়েছে। বোলপুর ও লাভপুর এলাকা থেকে তাঁদের আটক করা হয়। ধৃতদের আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে পুলিশ। এই অপরাধচক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

     

LinkedIn
Share