Tag: Royal Challengers Bengaluru

Royal Challengers Bengaluru

  • RCB Wins IPL 2026: একটা ট্রফির জন্য ১৮ বছর, তারপর টানা দুইবার চ্যাম্পিয়ন! আইপিএলে আরসিবির অবিশ্বাস্য উত্থান

    RCB Wins IPL 2026: একটা ট্রফির জন্য ১৮ বছর, তারপর টানা দুইবার চ্যাম্পিয়ন! আইপিএলে আরসিবির অবিশ্বাস্য উত্থান

    মাধ্যম নিউজ ডেস্ক: আঠারো বছরের অপেক্ষা, অসংখ্য ব্যর্থতা, হৃদয়ভাঙা মুহূর্ত আর ট্রোলের পাহাড় পেরিয়ে ২০২৫ সালে প্রথমবার আইপিএল ট্রফি জিতেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। আর সেই সাফল্য যে কেবল একবারের বিস্ময় ছিল না, তা প্রমাণ করে দিল তারা ২০২৬ সালেও। টানা দ্বিতীয়বার আইপিএল চ্যাম্পিয়ন হয়ে ভারতীয় ক্রিকেটের অন্যতম অভিজাত ক্লাবে নাম লিখিয়ে ফেলল বিরাট কোহলি-রজত পাটিদারদের দল। এর আগে কেবল মুম্বই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংসই আইপিএলে টানা দু’বার শিরোপা জয়ের কৃতিত্ব দেখিয়েছিল। এবার সেই তালিকায় যুক্ত হল আরসিবির নাম। শুধু শিরোপা জয় নয়, গোটা মরশুমে আধিপত্য বিস্তার করে প্রতিপক্ষদের কার্যত গুঁড়িয়ে দিয়েছে বেঙ্গালুরু।

    শুরু থেকেই দুর্দান্ত ছন্দে আরসিবি

    লিগ পর্বে ১৮ পয়েন্ট সংগ্রহ করে শীর্ষস্থানে শেষ করেছিল আরসিবি। এরপর কোয়ালিফায়ার ১-এ গুজরাট টাইটান্সকে ৯২ রানে বিধ্বস্ত করে সরাসরি ফাইনালের টিকিট নিশ্চিত করে তারা। ফাইনালেও সেই একই প্রতিপক্ষের বিরুদ্ধে একতরফা জয় তুলে নেয় বেঙ্গালুরু। ২০২৫ সালের চ্যাম্পিয়ন দলের কয়েকজন গুরুত্বপূর্ণ সদস্য অবসর নিয়েছেন, দলে এসেছে একাধিক পরিবর্তন। কিন্তু মাঠে তার কোনও প্রভাবই দেখা যায়নি। যেন গত বছরের সফল অভিযানের ধারাবাহিকতাই বজায় রেখেছে তারা।

    আহমেদাবাদে গুজরাতের মাঠেও ছিল আরসিবির রাজত্ব

    নরেন্দ্র মোদি স্টেডিয়াম ছিল গুজরাট টাইটান্সের ‘হোম গ্রাউন্ড’। কিন্তু বাস্তবে ছবিটা ছিল সম্পূর্ণ ভিন্ন। ম্যাচের আগের দিন থেকেই হাজার হাজার আরসিবি সমর্থক লাল জার্সি পরে আহমেদাবাদে ভিড় জমাতে শুরু করেন। ফাইনালের দিন প্রায় এক লক্ষ দর্শকের মধ্যে সিংহভাগই ছিল আরসিবির সমর্থক। স্টেডিয়ামের প্রতিটি কোণে ধ্বনিত হচ্ছিল “আরসিবি, আরসিবি” স্লোগান। কার্যত নিজেদের ঘরের মাঠেই খেলছিল রজত পাটিদারের দল। আরসিবি ফাইনালের কয়েকদিন আগেই আহমেদাবাদে পৌঁছে প্রস্তুতি শুরু করেছিল। তীব্র গরমে অনুশীলন, উইকেট পর্যবেক্ষণ এবং পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার কাজ তারা নিখুঁতভাবে সম্পন্ন করে।

    বল হাতে গুজরাটকে শ্বাসরুদ্ধ করল বেঙ্গালুরু

    টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় আরসিবি। রোদে পুড়ে শক্ত হয়ে যাওয়া উইকেট ব্যাটিংয়ের জন্য সহজ ছিল না। সেই সুযোগই পুরোপুরি কাজে লাগান বেঙ্গালুরুর বোলাররা। মরশুমে ৭০০-র বেশি রান করা গুজরাটের দুই ওপেনারকে পাওয়ারপ্লের মধ্যেই ফেরত পাঠিয়ে দেয় তারা। চলতি মরশুমে তৃতীয়বারের মতো শুভমান গিল ও সাই সুদর্শনকে দ্রুত আউট করতে সক্ষম হয় আরসিবি। জশ হ্যাজেলউড বড় ম্যাচে নিজের অভিজ্ঞতার পরিচয় দেন। ভুবনেশ্বর কুমার নিখুঁত পরিকল্পনায় সাই সুদর্শনকে বাউন্সারে ফাঁদে ফেলেন। অন্যদিকে রাসিখ সালাম দার, যাঁকে অনেকেই গুরুত্ব দেননি, তিনটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। মাত্র ৩.৪ ওভারে ২৬ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় গুজরাট। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা। জস বাটলারও পাল্টা আক্রমণের সাহস দেখাতে পারেননি। ওয়াশিংটন সুন্দর একবার জীবনদান পেলেও বড় ইনিংস খেলতে ব্যর্থ হন। শেষদিকে অরশাদ খানের ছোট্ট ঝোড়ো ইনিংস কিছুটা লড়াইয়ের ইঙ্গিত দিলেও গুজরাট নির্ধারিত ২০ ওভারে ১৫৫ রানেই থেমে যায়।

    রান তাড়ায় কোহলির রাজকীয় ইনিংস

    ১৫৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে দেখা যায় আরসিবিকে। ফিল সল্টের অনুপস্থিতিতে ওপেন করতে নামা ভেঙ্কটেশ আইয়ার এবং বিরাট কোহলি পাওয়ারপ্লেতেই ম্যাচকে একতরফা করে দেন। মাত্র পাঁচ ওভারের মধ্যেই দলীয় স্কোর ৬০ পেরিয়ে যায়। পাওয়ারপ্লে শেষে স্কোরবোর্ডে ৭০ রান। ভেঙ্কটেশ আইয়ার দ্রুত আউট হলেও কোহলি থামেননি। কাগিসো রাবাদার এক ওভারে তিনটি চার ও একটি ছক্কা হাঁকিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে তুলে নেন তিনি। রশিদ খান নবম ওভারে রজত পাটিদার এবং ক্রুনাল পাণ্ডিয়াকে ফিরিয়ে সামান্য উত্তেজনা তৈরি করেছিলেন। কিন্তু সেটুকুই। কোহলির সঙ্গে টিম ডেভিডের ৪১ রানের জুটি গুজরাটের শেষ আশাটুকুও শেষ করে দেয়। ২৫ বলে নিজের অর্ধশতরান পূর্ণ করেন কোহলি। উল্লেখযোগ্যভাবে, ২০১৬ সালের ফাইনালের পর এবারই প্রথম আইপিএল প্লে-অফে অর্ধশতরান পেলেন তিনি।

    শেষ বলেও কোহলির ছক্কা

    ম্যাচের একমাত্র উত্তেজনাপূর্ণ মুহূর্ত আসে ১৬তম ওভারে। কোহলির একটি ক্যাচ ধরার চেষ্টা করেন শুভমান গিল। তৃতীয় আম্পায়ারের দীর্ঘ পর্যালোচনার পর সিদ্ধান্ত হয় ‘নট আউট’। এরপর আর কোনও বাধা ছিল না। শেষ পর্যন্ত ৪২ বলে অপরাজিত ৭৫ রান করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন কোহলি। আরসিবির ঐতিহাসিক অভিযানের সমাপ্তিও হয় তাঁর ব্যাট থেকেই। জয়ের জন্য প্রয়োজনীয় রান আসে একটি বিশাল ছক্কায়।

    নতুন যুগের সূচনা

    ২০২৫ সালে প্রথম শিরোপা জয়ের পর অনেকেই ভেবেছিলেন, সেটি হয়ত দীর্ঘ প্রতীক্ষার পর পাওয়া একবারের সাফল্য। কিন্তু ২০২৬ সালের অভিযান স্পষ্ট করে দিল, আরসিবি এখন কেবল জনপ্রিয় দল নয়, তারা এক শক্তিশালী ক্রিকেট সাম্রাজ্য। ১৮ বছর অপেক্ষা করে প্রথম ট্রফি জিতেছিল বেঙ্গালুরু। এরপর মাত্র ১২ মাসের ব্যবধানে দ্বিতীয় শিরোপা। টানা দুইবার আইপিএল চ্যাম্পিয়ন হয়ে রজত পাটিদার, বিরাট কোহলি, জশ হ্যাজেলউড, ভুবনেশ্বর কুমারদের এই দল জানিয়ে দিল— ভারতীয় ক্রিকেটে নতুন এক শক্তির উত্থান হয়েছে। আর সেই সাম্রাজ্যের রং নিঃসন্দেহে লাল।

  • IPL 2026: বিক্রি হয়ে গেল রাজস্থান রয়্যালস ও আরসিবি, টাকার অঙ্কে বৈভবের দলকে টেক্কা কোহলিদের

    IPL 2026: বিক্রি হয়ে গেল রাজস্থান রয়্যালস ও আরসিবি, টাকার অঙ্কে বৈভবের দলকে টেক্কা কোহলিদের

    মাধ্যম নিউজ ডেস্ক: বিক্রি হয়ে গেল প্রথম বারের আইপিএল (IPL 2026) চ্যাম্পিয়ন দল রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। বৈভবদের টেক্কা দিল গতবারের বিজয়ী রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। বিরাট কোহলি, স্মৃতি মন্ধানাদের দল কিনে নিল ভারতের আদিত্য বিড়লা গোষ্ঠীর নেতৃত্বাধীন কনসর্টিয়াম। ১৭৮ কোটি ডলার বা প্রায় ১৬ হাজার ৭০৬ কোটি টাকায় বিক্রি হয়েছে আরসিবির ১০০ শতাংশ মালিকানা। অন্যদিকে, আমেরিকার ব্যবসায়ী কাল সোমানির নেতৃত্বাধীন কনসোর্টিয়াম রাজস্থানের ১০০ শতাংশ মালিকানা কিনে নিয়েছে। ১৬৩ কোটি ডলারে বিক্রি হল রাজস্থান।

    কত টাকায় বিক্রি হল রাজস্থান

    গত বছর আইপিএলের (IPL 2026) পর দল বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নেন বর্তমান মালিক গোষ্ঠী। দল বিক্রির প্রক্রিয়াও শুরু হয়ে যায়। বেশ কয়েকটি গোষ্ঠী রাজস্থান কিনতে আগ্রহী ছিল। একাধিক প্রস্তাব ফিরিয়ে দেওয়ার পর সোমানির নেতৃত্বাধীন কনসর্টিয়ামের সঙ্গে চুক্তি চূড়ান্ত করেছেন রাজস্থানের বর্তমান মালিকেরা। ভারতীয় মূল্যে প্রায় ১৫ হাজার ২৮৫ কোটি ৩৯ লাখ টাকার চুক্তি হয়েছে। সোমানির নেতৃত্বাধীন কনসর্টিয়ামে রয়েছেন আমেরিকার আরও দুই ব্যবসায়ী। ওয়ালমার্টের কর্ণধার রব ওয়ালটন এবং ফোর্ডের কর্ণধার হ্যাম্প পরিবার।

    আদিত্য বিড়লা গোষ্ঠীর হাতে আরসিবি

    রাজস্থান রয়্যালসের (RR) পর বিক্রি হয়ে গেল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুও ( Royal Challengers Bengaluru)। দামে রাজস্থান রয়্যালসকে টেক্কা দিয়েছে বেঙ্গালুরু। গত বছর প্রথম বার আইপিএল (IPL 2026) চ্যাম্পিয়ন হয়েছে আরসিবি। সূত্রের খবর, আদিত্য বিড়লা গোষ্ঠীর নেতৃত্বাধীন কনসর্টিয়াম কোহলির দলকে কিনে নিয়েছে। এই সংস্থায় রয়েছে আমেরিকার ক্রীড়া বিনিয়োগকারী ডেভিড ব্লিটজার, আমেরিকার সংস্থা ব্ল্যাকস্টোন এবং টাইমস অফ ইন্ডিয়া গোষ্ঠী। আরসিবি বিক্রির সরকারি ঘোষণা অবশ্য হয়নি। মনে করা হচ্ছে, বর্তমান মালিক পক্ষের সঙ্গে সব কিছু চূড়ান্ত হয়ে গেলে সরকারি ভাবে ঘোষণা করা হবে। দলের নতুন চেয়ারম্যান হচ্ছেন আদিত্য বিড়লা গোষ্ঠীর ডিরেক্টর আর্যমান বিক্রম বিড়লা। ভাইস চেয়ারম্যান হচ্ছেন টাইমস অফ ইন্ডিয়া গোষ্ঠীর সত্যেন গজওয়ানি। ২০২৬ সালের আইপিএলের পর তাঁরা দায়িত্ব নেবেন। এত দিন বেঙ্গালুরুর মালিক ছিল ব্রিটিশ কোম্পানি দিয়াজিও পিএলসি। ইন্ডিয়ান আর্ম ইউনাইটেড স্পিরিট লিমিটেডের মাধ্যমে আরসিবি’র কর্মকাণ্ড সামলাতো দিয়াজিও। আরসিবি কেনার লড়াইয়ে ছিল সুইডেনের সংস্থা ইকিউটি এবং মণিপাল হাসপাতাল গোষ্ঠীর নেতৃত্বাধীন কনসর্টয়াম। আদিত্য বিড়লা গোষ্ঠীর নেতৃত্বাধীন কনসর্টিয়াম শেষ দিকে এই লড়াইয়ে ঢোকে। তবে, শেষ হাসি তারাই হাসল।

  • IPL 2024: চোট সারিয়ে ফিরেই আইপিএলে দ্রুততম অর্ধশতরান সূর্যকুমারের, বেঙ্গালুরুকে ৭ উইকেটে হারাল মুম্বই

    IPL 2024: চোট সারিয়ে ফিরেই আইপিএলে দ্রুততম অর্ধশতরান সূর্যকুমারের, বেঙ্গালুরুকে ৭ উইকেটে হারাল মুম্বই

    মাধ্যম নিউজ ডেস্ক: চলতি আইপিএলে (IPL 2024) ফের স্বমহিমায় মুম্বই ইন্ডিয়ান্স। টানা দুই ম্যাচ জিতে লিগ তালিকায় সাতে উঠে এল মুম্বই। প্রথম তিনটে ম্যাচ হারার পর কেউ কল্পনাও করতে পারেনি যে মুম্বই এইভাবে ঘুরে দাঁড়াতে পারে। বেঙ্গালুরুর বিরুদ্ধে একাধিপত্য বজায় রেখে এই জয় হার্দিক পান্ডিয়াদের আগামীদিনে যে আরও আত্মবিশ্বাস জোগাবে, তা নিঃসন্দেহে বলা যেতেই পারে। বৃহস্পতিবার, ওয়াংখেড়েতে  ২৭ বল বাকি থাকতেই সাত উইকেট ম্যাচ জিতে নেয় মুম্বই। সৌজন্যে সূর্যকুমার যাদব (Suryakumar Yadav), ঈশান কিষাণ (Ishan Kishan) ও রোহিত শর্মার বিধ্বংসী ব্যাটিং। 

    ম্যাচ আপডেট

    এদিন টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন হার্দিক। এই সিদ্ধান্ত সঠিক ছিল, তবে শেষ পর্যন্ত দীনেশ কার্তিকের দুরন্ত অর্ধশতরান, বেঙ্গালুরুর স্কোরবোর্ডকে লড়াই করার জায়গায় পৌঁছে দেয়। আরসিবি এই ম্যাচে নির্ধারিত ২০ ওভারে ১৯৬/৮ রান করেছিল। মুম্বই ইন্ডিয়ান্সের কাছে জয়ের জন্য ১৯৭ রানের টার্গেট দিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই উইকেটে রান ডিফেন্ড করা অবশ্যই সহজ কাজ ছিল না। ইনিংসের শুরুটা মুম্বইয়ের দুই ওপেনার বিধ্বংসী মেজাজেই করেন। পাওয়ার প্লের ছয় ওভারেই বিনা উইকেটে ৭২ রান তুলে ফেলেন ঈশান ও রোহিত। মাত্র ২৩ বলে নিজের অর্ধশতরান পূরণ করেন  ঈশান। সূর্যকুমার ১৯ বলে ৫২ ও ঈশান কিষাণ ৩৪ বলে ৬৯ রানের ইনিংস খেললেন।  রোহিতের সংগ্রহ ৩৮ রান। মাত্র ১৫.৩ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় মুম্বই।

    সূর্যের তেজ

    চোটের কারণে গত বছর ডিসেম্বর মাস থেকে ২২ গজের লড়াইয়ে তাঁকে দেখতে পাওয়া যায়নি। নিজের প্রত্যাবর্তনের প্রথম ম্যাচে রান না পেলেও, দ্বিতীয় ম্যাচে স্বমহিমায় সূর্য। বুঝিয়ে দিলেন কেন টি-টোয়েন্টি ক্রিকেটে তিনি সেরা। এই ম্যাচে আকাশ মাধওয়ালের পরিবর্তে ব্যাট করতে নেমেছিলেন সূর্য। আর ব্যাট করলেন বললে বোধহয় সামান্য কম বলা হবে। তিনি এলেন দেখলেন এবং জয় করলেন। মাত্র ১৭ বলে আইপিএল কেরিয়ারের দ্রুততম হাফসেঞ্চুরি হাঁকান তিনি। ১৯ বলে ৫২ রানে সূর্য যখন আউট হলেন,ততক্ষণে মুম্বইয়ের জয় কার্যত নিশ্চিত। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • IPL 2024: আইপিএলে অভিষেকের পর প্রথম দুই ম্যাচেই সেরা! মায়াঙ্কের গতিতে বেসামাল আরসিবি

    IPL 2024: আইপিএলে অভিষেকের পর প্রথম দুই ম্যাচেই সেরা! মায়াঙ্কের গতিতে বেসামাল আরসিবি

    মাধ্যম নিউজ ডেস্ক: আইপিএলেই (IPL 2024) ১৫৭ কিমি প্রতি ঘণ্টা গতিতে বোলিং করে নজর কেড়েছিলেন জম্মু-কাশ্মীরের ছেলে উমরান মালিক। ভারতীয় দলে জায়গাও পেয়েছিলেন। কিন্তু ধারাবাহিকতা বজায় রাখতে পারেননি। এবার দিল্লির ছেলে মায়াঙ্ক যাদবকে নিয়ে স্বপ্ন দেখছেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। চলতি আইপিএলে অভিষেকের পর পরপর দুই ম্যাচেই সেরা প্লেয়ারের পুরস্কার পেয়ে ইতিমধ্যেই ইতিহাস রচনা করেছেন। নিজের গতিকে নিজেই পিছনে ফেলছেন তাই তাঁকে নিয়ে ফের স্বপ্ন দেখছে আপামর ভারতবাসী। মঙ্গলবার আইপিএলে লখনউ সুপার জায়ান্টের হয়ে তাঁর আগুনে বোলিংয়ের সামনে দিশেহারা হয়ে পড়েন আরসিবির (RCB vs LSG) ব্যাটাররা। প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ১৮১ রান করে লখনউ। জবাবে বেঙ্গালুরু করল ১৯.৪ ওভারে ১৫৩। লোকেশ রাহুলদের কাছে ২৮ রানে হেরে চাপ বাড়ল বিরাটদের।

    গতির পূজারী মায়াঙ্ক

    মঙ্গলবার কোহলিদের ইনিংসে ধস নামালেন অভিষেক ম্যাচে ১৫৫.৮ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে বল করা মায়াঙ্ক যাদব। মাত্র ১৪ রান খরচ করে ৩ উইকেট নিলেন তিনি। এ দিন তাঁর একটি বলের গতি ছিল ১৫৬.৭ কিলোমিটার প্রতি ঘণ্টা। যা এ বারের প্রতিযোগিতার দ্রুততম। গতিতে ছাপিয়ে গেলেন নিজেকেই। অভিষেক ম্যাচে ৪ ওভারে ২৭ রান দিয়ে ৩ উইকেট নিয়েছিলেন মায়াঙ্ক। ম্যাচের সেরার পুরস্কারও জিতেছিলেন। এদিনও সেরা। পাতিদার, ম্যাক্সওয়েল এবং গ্রিনকে আউট করে বেঙ্গালুরুর ইনিংসের ভিত আলগা করে দেন দিল্লির ২১ বছরের তরুণ জোরে বোলার মায়াঙ্ক। এই চাপ শেষ পর্যন্ত সামলাতে পারেনি বেঙ্গালুরু।

    ম্যাচ আপডেট

    জয়ের জন্য ১৮২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নিয়মিত ব্যবধানে উইকেট হারাল বেঙ্গালুরু। ওপেন করে কোহলি করলেন ১৬ বলে ২২। মারলেন ২টি চার এবং ১টি ছয়। অপর ওপেনার ডুপ্লেসির অবদান ১৩ বলে ১৯। ৩টি চার মারলেন বেঙ্গালুরু অধিনায়ক। কিছুটা লড়াই করলেন তিন নম্বরে নামা রজত পাতিদার। তাঁর ব্যাট থেকে এল ২১ বলে ২৯ রানের ইনিংস। ২টি করে চার এবং ছয় মারলেন তিনি। তার পর গ্লেন ম্যাক্সওয়েল (শূন্য), ক্যামেরন গ্রিন (৯), অনুজ রাওয়াত (১১), দীনেশ কার্তিকেরা (৪) মিডল অর্ডারকে ভরসা দিতে পারলেন না।

    এদিন টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা খারাপ করেনি এলএসজি। তারা ৫.৩ ওভারেই প্রথম উইকেটে ৫৩ রান করে ফেলেছিল। কিন্তু রাহুল এদিনও উইকেটে বেশিক্ষণ টিকতে পারেননি। ২টি ছয়ের হাত ধরে ১৪ বলে ২০ করে সাজঘরে ফেরেন কেএল। তিনে ব্যাট করতে নেমে, এদিন ফের ব্যর্থ হন দেবদূত পাডিক্কালও। স্কোরবোর্ডকে সচল রেখেছিলেন কুইন্টন ডি’কক। মার্কাস স্টোইনিসের সঙ্গে যখন তিনি ভালো পার্টনারশিপ করার পথে, সেই সময়ে ফের ধাক্কা খায় লখনউ। ২টি ছক্কা এবং ১টি চারের সৌজন্যে ১৫ বলে ২৪ করে সাজঘরে ফিরে যান স্টোইনিস। ৫৬ বলে ৮১ রানের দুরন্ত একটি ইনিংস খেলেন ডি কক। এদিন আইপিএলে (IPL 2024) ৩০০০ রান পূরণ করলেন তিনি।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappTelegramFacebookTwitter এবং Google News পেজ।

  • IPL 2024: শুরু আইপিএল ২০২৪, ধোনির নেতৃত্ব ছাড়াই নামছে চেন্নাই! চ্যালেঞ্জ নিতে প্রস্তুত কোহলিরা

    IPL 2024: শুরু আইপিএল ২০২৪, ধোনির নেতৃত্ব ছাড়াই নামছে চেন্নাই! চ্যালেঞ্জ নিতে প্রস্তুত কোহলিরা

    মাধ্যম নিউজ ডেস্ক: আর কিছুক্ষণের অপেক্ষা। শুরু হতে চলেছে ক্রিকেট-বিনোদনের মহাযজ্ঞ আইপিএল। প্রথম ম্যাচেই মুখোমুখি চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রতিযোগিতা শুরুর ২৪ ঘণ্টা আগে চেন্নাইয়ের নেতৃত্ব ছেড়েছেন মহেন্দ্র সিং ধোনি। নতুন অধিনায়ক করা হয়েছে ঋতুরাজ গায়কোয়াড়কে। প্রথম ম্যাচেই নতুন অধিনায়কের সামনে বিরাট কোহলির দল। কোহলি অবশ্য নিজেও অধিনায়ক নন। ধোনি-কোহলির দ্বৈরথ দেখার অপেক্ষায় ভারতের ক্রিকেটপ্রেমীরা। 

    নেতা নন ধোনি!

    গত বার আইপিএল জেতার পরে ধোনি জানিয়েছিলেন, হাঁটুর চোট ভোগালেও সমর্থকদের কথা ভেবে অন্তত আর এক বছর তিনি খেলবেন। এ বার প্রতিযোগিতার আগে হাঁটুতে অস্ত্রোপচার করিয়েছেন। তার পরে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছেন। হয়তো এ বারই শেষ বার খেলবেন ধোনি। সেই কারণে পরবর্তী অধিনায়ক তৈরি করে যেতে চাইছেন। কঠিন পরিস্থিতিতে কীভাবে দলকে চালাতে হয়, হাতে ধরে তা ঋতুকে শিখিয়ে দিতে চান ধোনি। এ বার চেন্নাইয়ের দলে বেশ কয়েক জন অলরাউন্ডার রয়েছেন। রবীন্দ্র জাডেজা, মইন আলি, মিচেল স্যান্টনারের পাশাপাশি রাচিন রবীন্দ্রকেও নিয়েছে তারা। রয়েছেন ড্যারিল মিচেল। শার্দূল ঠাকুর পুরনো দলে ফিরেছেন। দীপক চাহারও খেলবেন। ধোনির সঙ্গে অভিজ্ঞ অজিঙ্ক রাহানেকে পাবে চেন্নাই।

    বিরাট-টার্গেট

    অন্য দিকে আরসিবির দলেও এ বার অলরাউন্ডার বেশি। গ্লেন ম্যাক্সওয়েলের সঙ্গে রয়েছেন ক্যামেরন গ্রিন। তা ছাড়া আলজারি জোসেফ, রিচি টপলি, লকি ফার্গুসনেরা থাকায় দলের পেস আক্রমণ শক্তিশালী হয়েছে। আকাশ দীপ ভারতীয় সাজঘরের স্বাদ পেয়েছেন। রয়েছেন মহম্মদ সিরাজ। আর সবাইকে নেতৃত্ব দেবেন অভিজ্ঞ ফাফ ডুপ্লেসি। বেশ কিছুদিন পর মাঠে নামবেন কোহলি। সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। ভারতীয় দলে ফিরতে গেলে বিরাটকেও যে টি-টোয়েন্টি আসরে ভাল পারফর্ম করতে হবে তা পরিষ্কার করে দিয়েছে বিসিসিআই। তাই রানে ফেরার তাগিদ থাকবে কিং কোহলির মধ্যে। 

    আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান

    সন্ধ্যা সাড়ে ৬টা থেকে শুরু উদ্বোধনী অনুষ্ঠান। শুক্রবারের উদ্বোধনী অনুষ্ঠানে রয়েছেন এআর রহমান, সোনু নিগম, অক্ষয় কুমার এবং টাইগার শ্রফ। গানের পাশাপাশি আছে নাচের অনুষ্ঠান। সব মিলিয়ে এক ঘণ্টার অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়েছে।  

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share