Tag: Seasonal Fruits

Seasonal Fruits

  • Mango Health Risks: পাকা আম খাওয়ার আগে জানুন! এই ২ শ্রেণির মানুষের জন্য ‘ফলের রাজা’ই হতে পারে বড় স্বাস্থ্যঝুঁকি

    Mango Health Risks: পাকা আম খাওয়ার আগে জানুন! এই ২ শ্রেণির মানুষের জন্য ‘ফলের রাজা’ই হতে পারে বড় স্বাস্থ্যঝুঁকি

    তানিয়া বন্দ্যোপাধ্যায় পাল

    গরমের জেরে নাজেহাল বঙ্গবাসী! তবে এই অস্বস্তিকর আবহাওয়াতেও ভোজন প্রিয় বাঙালির পাতে পড়ছে প্রিয় ফল! সকালের জলখাবারে হোক কিংবা দুপুরে ভাতের পরে যেকোনো সময়েই সঙ্গী হচ্ছে পাকা আম! অনেকেই দিনে একাধিক পাকা আম খাচ্ছেন। সকাল-বিকেল কিংবা রাতে, এই গরমে পাকা আম খাওয়ার কোনো নির্দিষ্ট সময় বাধা থাকছে না। কিন্তু প্রতিদিন এই ফলের রাজা একাধিকবার পাতে পড়লে বিপদ বাড়তে পারে। এমনটাই আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

    কাদের জন্য বাড়তি বিপদ তৈরি করতে পারে পাকা আম?

    চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, যেকোনো ঋতুতেই সেই ঋতুর সহজলভ্য ফল খাওয়া উচিত। তাই গরমেও আম, তরমুজের মতো ফল অবশ্যই খাওয়া উচিত। কিন্তু যেদিকে নজর দেওয়া উচিত, সেটা হলো পরিমাণ! অনেক সময়েই এই গরমে অতিরিক্ত পরিমাণ পাকা আম খাওয়া হচ্ছে। এর ফলে বিপদ বাড়তে পারে। চিকিৎসকদের একাংশের আশঙ্কা, গরমে অতিরিক্ত পরিমাণ পাকা আম খেলে ডায়াবেটিস আক্রান্ত এবং ওবেসিটির সমস্যায় ভোগেন, এমন মানুষদের বাড়তি ঝুঁকি তৈরি হতে পারে।

    ডায়াবেটিস আক্রান্তদের কী বিপদ হতে পারে?

    চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, পাকা আমে থাকে গ্লুকোজ, সুক্রোজ, ফ্রুক্টোজের মতো উপাদান। অর্থাৎ পাকা আম প্রাকৃতিক চিনি সমৃদ্ধ একটা ফল। তাই প্রতিদিন অতিরিক্ত পরিমাণ পাকা আম খেলে রক্তে শর্করার পরিমাণ বেড়ে যেতে পারে। তাই ডায়াবেটিস আক্রান্তেরা অতিরিক্ত পরিমাণ পাকা আম খেলে বাড়তি বিপদ তৈরি হতে পারে। ডায়াবেটিস আক্রান্তের অতিরিক্ত পরিমাণ পাকা আম খেলে বারবার প্রস্রাবের সমস্যা হতে পারে। তার সঙ্গে ক্লান্তিবোধ, মাথা ব্যথার মতো সমস্যা দেখা দিতে পারে। এই ধরনের সমস্যা হলে দৈনন্দিন সাধারণ কাজ করাও কঠিন হয়ে পড়ে। ফলে স্বাভাবিক জীবন যাপন ব্যহত হয়।

    স্থূলতার সমস্যায় আক্রান্তের কী সমস্যা হতে পারে?

    চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, ডায়াবেটিস আক্রান্তের মতোই ওবেসিটি বা স্থূলতার সমস্যায় ভুক্তভোগীদের পাকা আম বাড়তি বিপদ‌ তৈরি করে। তাঁরা জানাচ্ছেন, অন্যান্য ফলের তুলনায় পাকা আমে ক্যালোরির পরিমাণ অনেকটাই বেশি থাকে। এর ফলে শরীরে ওজন বেড়ে যাওয়ার ঝুঁকি তৈরি হয়। যাঁরা ওজন নিয়ন্ত্রণের জন্য নানান চেষ্টা করছেন, তাঁরা যদি অতিরিক্ত পাকা আম খেয়ে ফেলেন, তাহলে হঠাৎ করেই শরীরের বাড়তি ওজন তৈরি হতে পারে। ডায়াবেটিস কিন্তু ওবেসিটির সমস্যা না থাকলেও অতিরিক্ত পাকা আম খেলে নানান শারীরিক সমস্যা হতে পারে। এমনটাই জানাচ্ছেন চিকিৎসকদের একাংশ। তাঁরা জানাচ্ছেন, অতিরিক্ত পাকা আম খেলে হজমের সমস্যা হতে পারে। পেটের গোলমাল ও দেখা দিতে পারে।

    কীভাবে পাকা আম খেলে স্বাস্থ্য ঝুঁকি কমবে?

    পুষ্টিবিদদের একাংশ জানাচ্ছেন, এই গরমে পাকা আম অবশ্যই খাওয়া যেতে পারে। কিন্তু পরিমাণের দিকে নজর দেওয়া জরুরি। দিনে সর্বাধিক ১৫০ গ্রাম পাকা আম খাওয়া যেতে পারে। ডায়াবেটিস কিংবা অতিরিক্ত ওজনের সমস্যা থাকলে ১০০ গ্রামের বেশি পরিমাণ পাকা আম খাওয়া যাবে না। তাঁদের পরামর্শ, পাকা আমের অতিরিক্ত ক্যালোরি যাতে শরীরে বাড়তি বিপদ তৈরি না করে, তার জন্য অন্যান‌্য মিষ্টিজাতীয় খাবার এই সময়ে একেবারেই বাদ দিতে হবে। পাকা আম ছোটো ছোটো টুকরো করে খাওয়া যেতে পারে। কিন্তু ম্যাঙ্গো সেক জাতীয় পানীয় তৈরি করে খাওয়া উচিত নয়। কারণ এই ধরনের পানীয়তে বাড়তি চিনি দেওয়া হয়। যা স্বাস্থ্যের পক্ষে আরও বেশি ক্ষতিকারক। তাছাড়া, একসঙ্গে অতিরিক্ত পরিমাণ আম না খেয়ে, ছোটো ছোটো টুকরো করে কয়েক বার খাওয়া যেতে পারে। কিন্তু খেয়াল রাখতে হবে, পরিমাণ যাতে পরিমিত হয়।

    নিয়মিত রক্ত পরীক্ষা, শারীরিক কসরতের পরামর্শ

    তবে ডায়াবেটিস আক্রান্তদের শারীরিক জটিলতা এড়াতে নিয়মিত রক্ত পরীক্ষার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকদের একাংশ। তাঁরা জানাচ্ছেন, নিয়মিত রক্ত পরীক্ষা করলে রক্তে শর্করার পরিমাণ ঠিকমতো বোঝা যাবে। আম খাওয়ার জন্য বাড়তি বিপদ তৈরি হচ্ছে কিনা সেটা বোঝাও সহজ হবে। অতিরিক্ত ওজনের সমস্যায় আক্রান্তদের নিয়মিত যোগাভ্যাসের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। তাঁরা জানাচ্ছেন, আম খাওয়ার জেরে যে বাড়তি ক্যালোরি শরীরে যাচ্ছে, সেটা ঝরাতে নিয়মিত শারীরিক কসরত, যোগাভ্যাস জরুরি। তাহলেই পাকা আম বাড়তি ভোগান্তি তৈরি করতে পারবে না।

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না। এখানে বলা যে কোনও উপদেশ পালন করার আগে অবশ্যই কোনও চিকিৎসক বা বিশেষজ্ঞের পরামর্শ নিন।
  • Monsoon Illness: বর্ষার অসুখ রুখতে দাওয়াই এই ফলগুলি! বলছেন বিশেষজ্ঞরা, আপনি খাচ্ছেন তো?

    Monsoon Illness: বর্ষার অসুখ রুখতে দাওয়াই এই ফলগুলি! বলছেন বিশেষজ্ঞরা, আপনি খাচ্ছেন তো?

    তানিয়া বন্দ্যোপাধ্যায় পাল

    বৃষ্টিতে নাজেহাল বঙ্গবাসী! জমা জল আর একনাগাড়ে বৃষ্টির পাশপাশি ভোগান্তি বাড়াচ্ছে অসুখ। চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, জুলাইয়ের মাঝামাঝি থেকেই জ্বর, সর্দি-কাশি এবং পেটের সমস্যায় ভোগান্তি নিয়ে রোগীদের ভিড় বাড়ছে। বিশেষত শিশুদের ভোগান্তি বেশি। জ্বর, সর্দি-কাশির পাশপাশি বমি, পেট ব্যথার মতো নানান উপসর্গ দেখা দিচ্ছে। এর ফলে তাদের শারীরিক ভোগান্তি বাড়ছে। পড়াশোনাও ক্ষতি হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, লাগাতার বৃষ্টির জেরে বাতাসে নানান ভাইরাসের দাপট বেড়েছে। তেমনি জমা জল থেকে নানান ব্যাক্টেরিয়া এবং ছত্রাক শক্তি বাড়াচ্ছে। আর এর ফলেই সাধারণ মানুষের স্বাস্থ্য ভোগান্তি বাড়ছে। শিশুদের রোগ প্রতিরোধ শক্তি তুলনামূলক কম। তাই তাদের নানান সমস্যা দেখা দিচ্ছে। চিকিৎসকদের একাংশের পরামর্শ, বর্ষার অসুখকে মোকাবিলা করতে পারে বর্ষার মরশুমের ফল! তাঁরা জানাচ্ছেন, খাবারেই রয়েছে সুস্থ থাকার দাওয়াই। একাধিক রোগের ঝুঁকিও কমাতে পারে খাবার। তাই বর্ষার কয়েকটি ফল নিয়মিত মেনুতে রাখার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞদের একাংশ।

    বর্ষার মরশুমের কোন ফলে ভরসা রাখছেন চিকিৎসক মহল?

    আনারস!

    বর্ষা মরশুমের অন্যতম ফল আনারস। চিকিৎসকেরা এই সময়ে আনারস খাওয়ার পরামর্শ দিচ্ছেন। তাঁরা জানাচ্ছেন, আনারস শুধু স্বাদে নয়, স্বাস্থ্যগুণেও ফুল মার্কস পাবে। তাই বর্ষার নানান অসুখের ভোগান্তি কমাতে আনারস খাওয়ার নিদান বিশেষজ্ঞ মহলের। তাঁরা জানাচ্ছেন, আনারসে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিড্যান্ট। বর্ষায় সর্দি-কাশি সবচেয়ে বড় ভোগান্তি। তার থেকেই জ্বর হয়। ভিটামিন সি সমৃদ্ধ ফল হওয়ায় এই ফল খেলে রোগ প্রতিরোধ শক্তি বাড়বে। আবার অ্যান্টিঅক্সিড্যান্ট ইমিউনিটি পাওয়ার বাড়াতে সাহায্য করে। তাই এই ফল খেলে অসুখের ঝুঁকি কমে। এছাড়া আনারসে ব্রোমেলিন নামে একটি উপাদান থাকে। বর্ষার আরেক অসুখ হল পেটের সমস্যা। এই আবহাওয়ায় যেহেতু ব্যাক্টেরিয়া আর ছত্রাকের বাড়বাড়ন্ত হয়, তাই পেটের সমস্যায় অনেকেই কাবু হন। চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, আনারসের এই ব্রোমেলিন উপাদান পেটের অসুখ কমাতে সাহায্য করে। আবার হজম শক্তিও বাড়িয়ে দেয়। এছাড়াও আনারস ম্যাঙ্গানিজ এবং ফাইবার সমৃদ্ধ খাবার। তাই এই ফল খেলে হাড়ের রোগের ঝুঁকিও কমে।

    মুসাম্বি লেবু!

    বর্ষার সময়ে বাজারে দেদার পাওয়া যায় মুসাম্বি লেবু। চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, বর্ষার ভোগান্তি কমাতে এই ফলের উপকারিতা প্রচুর। তাঁরা জানাচ্ছেন, ভিটামিন সি সমৃদ্ধ এই ফল সপ্তাহে অন্তত তিন দিন খাওয়া উচিত। এই ফলে রোগ প্রতিরোধ শক্তি বাড়ে। আবার বর্ষায় বহু মানুষ চামড়ার রোগে আক্রান্ত হন। ত্বক খসখসে হয়ে যাওয়া কিংবা যে কোনও ছত্রাকের সংক্রমণের মতো সমস্যাও এই ঋতুতে দেখা যায়। নিয়মিত মুসাম্বি লেবু খেলে ত্বক ভালো থাকে। ত্বক উজ্জ্বল হয়। আর যে কোনও চর্মরোগের ঝুঁকি কমে। পাশপাশি এই সময়ে অনেকেই হজমের সমস্যায় ভোগেন। চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, মুসাম্বি লেবুতে ফ্ল্যাভোনয়েড থাকে। এই উপাদান হজম শক্তি বাড়াতে সাহায্য করে। তাছাড়া টানা বর্ষায় অনেকেই মানসিক অবসাদে ভোগেন। চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, মুসাম্বী লেবু মানসিক স্বাস্থ্যের জন্যও ভালো। মুসাম্বি লেবুর গন্ধ মানসিক চাপ কমাতে সাহায্য করে। আবার ভিটামিন সি সমৃদ্ধ এই ফল খেলে হাড়ের ক্ষয় রোগের ঝুঁকিও কমে। দৃষ্টিশক্তি ভালো থাকবে।

    বেরি!

    বর্ষার বিপত্তির পাশপাশি একাধিক জীবন যাপন সংক্রান্ত রোগ মোকাবিলার দাওয়াই হিসাবেও বেরিতে ভরসা রাখছেন বিশেষজ্ঞ মহল। তাঁরা জানাচ্ছেন, অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এই ফল নিয়মিত খেলে শরীরে রোগ প্রতিরোধ শক্তি বাড়ে। পাশপাশি কোষগুলো সজীব থাকে। এর ফলে যে কোনো সংক্রামক রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিও কমে। তবে এর পাশপাশি সাম্প্রতিক একাধিক গবেষণায় দেখা গিয়েছে, বেরি নিয়মিত খেলে হৃদরোগের ঝুঁকি কমে। টাইপ টু ডায়াবেটিস রোগীদের জন্য ও বেরি বিশেষ উপকারি। তাছাড়া বেরি স্নায়ু ও কোষের উপরে যথেষ্ট প্রভাব ফেলে তাই মস্তিষ্কের কার্যক্ষমতা ও বাড়ে। শরীরে ক্লান্তি বোধ হয় না। তাই এই আবহাওয়ায় নিজেকে সক্রিয় রাখতে ও দৈনন্দিন কাজ ঠিকমতো করতে নিয়মিত বেরি খাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞদের একাংশ।

    পেয়ারা!

    বাঙালির অতি পরিচিত ফল পেয়ারা। আর এই ফলেই রয়েছে একাধিক ভোগান্তি রুখতে পারার শক্তি। তাই চিকিৎসকদের একাংশের পরামর্শ নিয়মিত পেয়ারা খাওয়া জরুরি। তাঁরা জানাচ্ছেন, পটাশিয়াম, ভিটামিন সি, ফাইবার এবং অ্যান্টিঅক্সিড্যান্ট সমৃদ্ধ এই ফল নিয়মিত খেলে একাধিক রোগ প্রতিরোধ সম্ভব। তাঁরা জানাচ্ছেন, পেয়ারা রোগ প্রতিরোধ শক্তি বাড়াতে বিশেষ সাহায্য করে। পাশপাশি ফাইবার সমৃদ্ধ এই ফল নিয়মিত খেলে হজম শক্তি বাড়ে। লিভার ভালো থাকে। পেয়ারা শরীরকে অতিরিক্ত ক্যালোরি গ্রহণ থেকে আটকে রাখতে পারে। তাই নিয়মিত একটা পেয়ারা খেলে শরীরের স্থূলতার সমস্যা কমতে থাকে। পেয়ারায় থাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম। তাই ঋতুকালীন ভোগান্তি কমানোর পাশপাশি পেয়ারা হৃদরোগের ঝুঁকি কমায়‌। রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে ও সাহায্য করে।

     

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না। এখানে বলা যে কোনও উপদেশ পালন করার আগে অবশ্যই কোনও চিকিৎসক বা বিশেষজ্ঞের পরামর্শ নিন।

  • Summer Fruits: গরমকালে খাদ্য তালিকায় অবশ্যই রাখুন জাম, কী কী উপকারিতা জানেন?

    Summer Fruits: গরমকালে খাদ্য তালিকায় অবশ্যই রাখুন জাম, কী কী উপকারিতা জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: জাম মানেই নস্ট্যালজিয়া। ‘জাম’ শব্দটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে ছোটবেলায় গাছ থেকে পেড়ে খাওয়ার স্মৃতি। কালো ফলগুলির টক-মিষ্টি স্বাদ এবং খাওয়ার পরে জিভের বেগুনী রঙ ছেলেবেলার কথা মনে করিয়ে দেয়। জুন-জুলাই মানেই জামের মরশুম। স্বাদে অতুলনীয় এই ফল। শুধু তাই নয়, জাম স্বাস্থ্যের পক্ষেও অত্যন্ত উপকারি। স্বাস্থ্যবিদদের মতে, জাম একটি অন্যতম গ্রীষ্মকালীন ‘সুপার ফ্রুট’। জাম খেলে শরীরে আদ্রতার মাত্রা বৃদ্ধি পায়। জামের ৮৪%-ই জল। শরীরকে ঠান্ডা রাখতে এই ফলের জুরি মেলা ভার। গরমকালে ঘাম হওয়ার কারণে শরীর থেকে প্রচুর জল বেরিয়ে যায়। তাই গরম কালে জাম অত্যন্ত উপকারি। এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে ফলে হজমে সাহায্য করার সাথে সাথেই বিভিন্ন দীর্ঘস্থায়ী রোগ সারাতেও সাহায্য করে। ওজন কমাতেও সাহায্য করে জাম। জামে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। ফলে জাম খেলে ত্বকও সুন্দর হয়। আগেকার দিনে হাঁপানি, ত্বকের সমস্যা, মধুমেহ, পেট ব্যাথার মতো সমস্যার ওষুধ তৈরিতে জাম ব্যবহার করা হত।  

    বিশেষজ্ঞদের মতে, ক্যান্সার, কেমো প্রতিরোধকারী উপাদানও থাকে জামের মধ্যে। প্রচুর পরিমাণে আয়রন থাকায় রক্তাল্পতা রোধ করতেও উপকারি জাম। রক্তে লাল রক্ত কনিকা এবং হিমোগ্লোবিন বৃদ্ধি করতে সাহায্য করে জাম।

    দেখে নেওয়া যাক জামের আরও কিছু উপকারিতা:

    জাম শরীরকে ঠাণ্ডা রাখতে সাহায্য করে: জামে ৮৪%-ই জল থাকায়, জাম শরীরের আদ্রতার মাত্রাকে বৃদ্ধি করে। ফসফরাস, আয়োডিনের মতো  মিনারেলসও প্রচুর পরিমাণে রয়েছে জামে।  রোজ জাম খেলে শরীরে আদ্রতার মাত্রা বৃদ্ধি পায়। 

    রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি: জামে ভিটামিন বি কমপ্লেক্স, সি এবং প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট থাকায় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। 

    ওজন কমানো: জাম খেলে ক্ষিদে পাওয়ার প্রবণতা কমে। লো ক্যালরি ফল হলেও প্রচুর পুষ্টিগুণ রয়েছে জামের।

    স্বাস্থ্যকর ত্বক: গরমে ত্বকের বিভিন্ন রকম সমস্যা হয়। জামে অ্যাস্ট্রিনজেন্ট প্রপার্টি আছে। যা ব্রনের সমস্যা দূর করতে সাহায্য করে। এছাড়াও প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে জামে। 

     

LinkedIn
Share