মাধ্যম নিউজ ডেস্ক: দুর্গাপুজোয় (Durga Puja 2026) যাঁরা রাত জেগে মণ্ডপে মণ্ডপে প্রতিমা দর্শনের কথা ভাবছেন, তাঁদের জন্য ভাল খবর নিয়ে এল পূর্ব রেল (Eastern Railway)। ষষ্ঠী থেকে বিজয়া দশমী পর্যন্ত দর্শনার্থীদের অনায়াস যাতায়াত সুনিশ্চিত করতে এবং স্টেশনগুলির উপচে পড়া ভিড় সামাল দিতে একগুচ্ছ বাড়তি ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে হাওড়া ডিভিশন। শুধু দিনে বা সন্ধ্যায় নয়, রাতে ঠাকুর দেখে নিরাপদে বাড়ি ফেরার সুবিধার্থে বিশেষ নাইট লোকাল ট্রেনের পরিষেবাও রাখা হচ্ছে। এর পাশাপাশি যাত্রীদের সুরক্ষার স্বার্থে স্টেশন প্রাঙ্গণে নিরাপত্তা জোরদার করা, অতিরিক্ত টিকিট কাউন্টার চালু করা এবং তাৎক্ষণিক চিকিৎসা পরিষেবা সুনিশ্চিত করার মতো একাধিক প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছে রেল কর্তৃপক্ষ।
নাইট লোকাল পরিষেবা ও যাত্রী নিরাপত্তা
রেল সূত্রে খবর, পুজোর দিনগুলিতে রাত ১১টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত লোকাল ট্রেন পরিষেবা পাওয়া যাবে। পুজোর দিনগুলিতে একাধিক স্পেশাল ট্রেনের ঘোষণাও করা হয়েছে। গত বছরের তুলনায় এ বার শিয়ালদা ডিভিশনে স্পেশাল ট্রেনের সংখ্যা বেড়েছে। পুজোর আগে লালগোলা ডিভিশনের জন্য স্পেশাল ট্রেন দেওয়া হয়েছে। রয়েছে আরও একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা। শিয়ালদা স্টেশনে প্রফুল্ল দ্বার, নর্থ, মেন, সেন্ট্রাল ও সাউথ গেট দিয়ে ঢোকার ও বেরনোর নির্দিষ্ট ব্যবস্থা হয়েছে। একটি বিশেষ ২৪ ঘণ্টা ওয়ার রুম চালু থাকবে। সিসিটিভি নেটওয়ার্কের মাধ্যমে পর্যবেক্ষণ চলবে। গুরুত্বপূর্ণ স্টেশনগুলিতে স্ট্যান্ডবাই ট্রেন রেক, রিজার্ভ লোকো ক্রু, মেডিক্যাল বুথ, হেল্প ডেস্ক এবং মোবাইল মেইনটেন্যান্স টিম থাকছে। শিয়ালদা, বালিগঞ্জ ও দমদম স্টেশনে অতিরিক্ত শৌচাগার ব্লক তৈরি হয়েছে। শিয়ালদা ডিভিশনের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার (DRM) রাজীব সাক্সেনা বলেন, ‘দুর্গাপুজো বাংলার সবচেয়ে বড় উৎসব। প্রত্যেক দর্শনার্থীর জন্য নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করাই অগ্রাধিকার। পুজোর সময়ে যাত্রীদের যাতে কোনওরকম অসুবিধা না হয়, তার জন্য আমাদের সব ফ্রন্টলাইন টিম ২৪ ঘণ্টা প্রস্তুত রয়েছে।’
কখন কখন চলবে বিশেষ ট্রেন
১৬-২১ অক্টোবর: মোট ৫১টি স্পেশাল ট্রেন চলবে। গত বছর চলেছিল ৩১টি স্পেশাল ট্রেন। এগুলির মধ্যে যাত্রীদের সুবিধার জন্য মেন, নর্থ ও সাউথ সেকশনে ৩৮টি ওভারনাইট স্পেশাল এমু পরিষেবা চলবে। সন্ধ্যার সময়ে ১৩টি স্পেশাল ট্রেন চলবে।
১০-১৫ অক্টোবর: শিয়ালদা–লালগোলা সেকশনে প্রি-পুজো স্পেশাল ট্রেন চালানো হবে। এক্ষেত্রে চারটি স্পেশাল এমু ট্রেন চালানো হবে। পুজোর দিনে দুপুর ২টোর পর শহরতলির সব মেমু ও এমু ট্রেন সব স্টেশনে দাঁড়াবে। অর্থাৎ গ্যালোপিং ট্রেন থাকছে না।
হাওড়া ডিভিশনেও বাড়তি নাইট পরিষেবা
পুজো চলাকালীন হাওড়া স্টেশনে প্রতিদিন গড়ে ৭ থেকে ৮ লক্ষ মানুষের সমাগম হতে পারে বলে আগাম আঁচ করছেন আধিকারিকরা। ইতিমধ্যেই হাওড়া ডিভিশনের ওপর দিয়ে মোট ২৫ জোড়া পুজো স্পেশাল ট্রেন চলাচল করছে। ১৭ অক্টোবর থেকে ২১ অক্টোবর পর্যন্ত মোট সাত জোড়া বিশেষ দূরপাল্লার ট্রেন যাতায়াত করবে। এর পাশাপাশি স্থানীয় যাত্রীদের কথা ভেবে সাত জোড়া বিশেষ ইএমইউ (EMU) লোকাল ট্রেন চালুর বন্দোবস্ত করা হয়েছে। বিশেষ নাইট লোকাল ট্রেনের পরিষেবাও রাখা হচ্ছে। রেল কর্তৃপক্ষের আশা, এই সমস্ত অতিরিক্ত ট্রেনের দৌলতে উৎসবের দিনগুলিতে যাত্রীদের গন্তব্যে পৌঁছানো অনেক বেশি মসৃণ ও আরামদায়ক হবে। এছাড়া, যাত্রীদের সুরক্ষার স্বার্থে স্টেশন প্রাঙ্গণে নিরাপত্তা জোরদার করা, অতিরিক্ত টিকিট কাউন্টার চালু করা এবং তাৎক্ষণিক চিকিৎসা পরিষেবা সুনিশ্চিত করার মতো একাধিক প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছে রেল কর্তৃপক্ষ।
