Tag: sskm hospital

sskm hospital

  • Journalists Attack: ছাত্র সমাবেশে দুষ্কৃতীদের ভিড়! সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ১১

    Journalists Attack: ছাত্র সমাবেশে দুষ্কৃতীদের ভিড়! সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ১১

    মাধ্যম নিউজ ডেস্ক: কলকাতায় ছাত্র সমাবেশ চলাকালীন হিংসা ও সাংবাদিকদের ওপর হামলার (Journalists Attack) ঘটনায় ১১ জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। গত ২৪ জুলাই হামলা হয় সাংবাদিকদের ওপর (Rally Violence)। শনিবার গ্রেফতারির খবর জানিয়েছেন পুলিশ কর্তারা। কলকাতা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ) কুণাল আগরওয়াল জানান, যাঁদের গ্রেফতার করা হয়েছে, তাঁরা কেউই ছাত্র নন।

    সাংবাদিক পিটিয়ে গ্রেফতার ১১ (Journalists Attack)

    তিনি বলেন, “হিংসা ও সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মোট ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। এরা কেউই ছাত্র নয়। তারা সকলেই গোলমাল সৃষ্টি করেছিল। ছাত্র সংগঠনের সমাবেশে উপস্থিত থেকে তারা ভাঙচুর ও হিংসাত্মক ঘটনায় জড়িয়ে পড়েছিল।” গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন— ইরফান খুরশেদ (৩০), আরশাদ আলি ওরফে সাজিদ (৫০), মহম্মদ মইনুদ্দিন (২৬), মহম্মদ আলমগীর ওরফে রাজু (৪৮), ইমরান আহমেদ ওরফে গোপী (১৯), খালিদ রেজা ওরফে রিঙ্কু (৪৭), জামির আহমেদ ওরফে মিনকু (৪২), মহসিন খান (৩০) এবং দীপক ভৌমিক ওরফে ভিকি (৩৮)। এছাড়াও গ্রেফতার করা হয়েছে জনৈক মহম্মদ আজাদ ও মহম্মদ আফরোজকে। পুলিশের দাবি, “মহম্মদ আজাদ ও মহম্মদ আফরোজ পশ্চিমবঙ্গ ছেড়ে পালানোর চেষ্টা করছিল। দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে অন্ডালের কাছে তাদের আটক করা হয়।”

    কী বলেছিলেন মুখ্যমন্ত্রী?

    এর আগে শনিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কলকাতায় নিট আন্দোলনের সময় পুলিশকর্মী ও সাংবাদিকদের ওপর “নৃশংস হামলা”র তীব্র নিন্দা করেন। কলকাতার এসএসকেএম হাসপাতালে গিয়ে জখম হওয়া সাংবাদিকদের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী। পরে সোশ্যাল মিডিয়ায় এক বার্তায় তিনি জানান, আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন এবং তাঁদের সর্বোত্তম চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন (Journalists Attack)। মুখ্যমন্ত্রী বলেন, “আজ কলকাতায় দুষ্কৃতীদের হাতে পুলিশকর্মী ও সাংবাদিকদের ওপর নৃশংস হামলার তীব্র নিন্দা জানাই। একাধিক আহত সাংবাদিক বর্তমানে এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন। আমি হাসপাতালে গিয়ে তাঁদের সঙ্গে দেখা করেছি এবং শারীরিক অবস্থার খোঁজ নিয়েছি। তাঁদের সর্বোত্তম চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছি। ঘটনায় জড়িত প্রত্যেক দোষীর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। কলকাতা পুলিশের কমিশনারকে দুষ্কৃতীদের চিহ্নিত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছি।”

    উল্লেখ্য, নিট প্রশ্নপত্র ফাঁস এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের বিরুদ্ধে দিল্লির যন্তর মন্তরে চলা আন্দোলনের সমর্থনে কলকাতার বিভিন্ন এলাকায় বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। অল ইন্ডিয়া ডেমোক্র্যাটিক স্টুডেন্টস অর্গানাইজেশনের ব্যানারে আয়োজিত এক (Rally Violence) বিক্ষোভে কয়েকজন আন্দোলনকারীকে বোতল ছুড়তেও দেখা গিয়েছে বলে অভিযোগ (Journalists Attack)।

     

  • Suvendu Adhikari: সরকারি হাসপাতালে কড়া নজরদারি! স্বাস্থ্যভবন থেকে ডিজিটাল মনিটরিং চালু করলেন শুভেন্দু

    Suvendu Adhikari: সরকারি হাসপাতালে কড়া নজরদারি! স্বাস্থ্যভবন থেকে ডিজিটাল মনিটরিং চালু করলেন শুভেন্দু

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যের সরকারি স্বাস্থ্য পরিষেবাকে আরও আধুনিক, স্বচ্ছ ও সাধারণ মানুষের কাছে আরও কার্যকর করে তুলতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। বৃহস্পতিবার নবান্নে যাওয়ার পথে আচমকাই স্বাস্থ্যভবনে পৌঁছে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে স্বাস্থ্য দফতরের মন্ত্রী ও শীর্ষ আধিকারিকদের সঙ্গে দীর্ঘ বৈঠক করে সরকারি হাসপাতালের পরিষেবা, পরিকাঠামো, রোগী পরিষেবা এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত পর্যালোচনা করেন তিনি। বৈঠকের পর মুখ্যমন্ত্রী জানান, ইতিমধ্যেই রাজ্যের ১৫ থেকে ১৬টি সরকারি ও জেলা হাসপাতালকে ডিজিটাল মনিটরিং ব্যবস্থার আওতায় আনা হয়েছে। হাসপাতালের জরুরি বিভাগ, বহির্বিভাগ (ওপিডি), ওয়ার্ড, এমনকি রান্নাঘর পর্যন্ত গুরুত্বপূর্ণ সমস্ত অংশে নজরদারি চালানো হবে। তিনি বলেন, “রোগীদের চিকিৎসা পরিষেবায় কোনও ধরনের অনিয়ম বা দালালচক্রের দৌরাত্ম্য বরদাস্ত করা হবে না।”

    স্বাস্থ্যভবনে অত্যাধুনিক কন্ট্রোল রুম

    হাসপাতালগুলির উপর সার্বক্ষণিক নজরদারির জন্য স্বাস্থ্যভবনে একটি আধুনিক কন্ট্রোল রুম চালু হয়েছে। এই কন্ট্রোল রুম থেকে লাইভ ফিডের মাধ্যমে বিভিন্ন সরকারি হাসপাতালের পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে। মুখ্যমন্ত্রী বলেন, “সাধারণ রোগী প্রতিদিন হাসপাতালে আসেন না। কিন্তু কোনও ব্যক্তি যদি বারবার একই হাসপাতালে ঘোরাফেরা করেন, তাহলে তাঁকে সহজেই চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।” তাঁর দাবি, সরকারি হাসপাতালকে সম্পূর্ণভাবে দালালমুক্ত করাই সরকারের অন্যতম প্রধান লক্ষ্য।

    কর্মীদের জন্য আলাদা রঙের পরিচয়পত্র

    রোগী ও তাঁদের পরিবারের সুবিধার্থে হাসপাতালের বিভিন্ন শ্রেণির কর্মীদের জন্য পৃথক রঙের ল্যামিনেটেড পরিচয়পত্র চালুর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। নার্স, নিরাপত্তারক্ষী, ট্রলি চালক-সহ বিভিন্ন কর্মীর আলাদা ব্যাজ থাকলে সাধারণ মানুষ সহজেই তাঁদের পরিচয় বুঝতে পারবেন এবং বিভ্রান্তির সুযোগ কমবে।

    প্রতিটি বড় হাসপাতালে আধুনিক ট্রমা কেয়ার সেন্টার

    দুর্ঘটনা বা বড়সড় বিপর্যয়ের সময় দ্রুত চিকিৎসা পৌঁছে দিতে প্রতিটি বড় সরকারি হাসপাতালে আধুনিক ট্রমা কেয়ার সেন্টার গড়ে তোলার পরিকল্পনার কথাও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, এই কেন্দ্রগুলিতে মাত্র এক মিনিটের মধ্যে অন্তত ২৫০ জন আহতকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার মতো পরিকাঠামো গড়ে তোলা হবে। একইসঙ্গে দূর-দূরান্ত থেকে চিকিৎসার জন্য আসা রোগীদের পরিজনদের কথা মাথায় রেখে হাসপাতাল চত্বরে স্বল্প খরচে বা বিনামূল্যে রাত্রিযাপনের আশ্রয়কেন্দ্র তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই প্রকল্পে প্রাথমিকভাবে প্রতিটি ইউনিটের জন্য ২৫ লক্ষ টাকা করে বরাদ্দ করা হচ্ছে।

    এসএসকেএমে বাড়ছে বেড ও আইসিইউ

    এসএসকেএম হাসপাতালের পরিকাঠামো উন্নয়ন নিয়েও একাধিক ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, সেখানে ইতিমধ্যেই ১০০টি নতুন বেড চালু হয়েছে। দুর্গাপুজোর আগেই আরও ২৫০টি বেড যুক্ত করার লক্ষ্য নেওয়া হয়েছে। এছাড়া হাসপাতালের আইসিইউ বেড ১১২ থেকে বাড়িয়ে অন্তত ২০০ করার নির্দেশ দেওয়া হয়েছে। বার্ন ইউনিটেও দক্ষ চিকিৎসক নিয়োগ করে পরিষেবা আরও উন্নত করার পরিকল্পনার কথা জানান তিনি।

    রোগীদের খাবারের বরাদ্দ প্রায় দ্বিগুণ

    সরকারি হাসপাতালের রোগীদের খাবারের মান উন্নয়নের বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, আগের সরকারের আমলে ২০১৭ সালের পর থেকে রোগীদের খাদ্য বরাদ্দ আর বাড়ানো হয়নি। বর্তমান সরকার সেই বরাদ্দ ৫৪ টাকা থেকে বাড়িয়ে ১১০ টাকা করেছে। তিনি আরও জানান, প্রাথমিক বিদ্যালয়ের মিড-ডে মিল, আইসিইউ-তে ভর্তি শিশু এবং আইসিডিএস প্রকল্পের অন্তর্গত গর্ভবতী মহিলাদের পুষ্টি সংক্রান্ত বরাদ্দও বৃদ্ধি করা হয়েছে।

    বেসরকারি হাসপাতালের ফ্রি বেড নিয়ে কড়া বার্তা

    সরকারি জমিতে তৈরি বেসরকারি হাসপাতালগুলিতে চুক্তি অনুযায়ী দরিদ্র মানুষের জন্য ১৫ শতাংশ বেড সংরক্ষিত রাখার কথা থাকলেও দীর্ঘদিন তা কার্যকর হয়নি বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, সরকারের চাপের মুখে সংশ্লিষ্ট হাসপাতালগুলি আপাতত ১০ শতাংশ বিনামূল্যের বেড চালু করতে সম্মত হয়েছে।

    নিউটাউনে ২,০০০ শয্যার আন্তর্জাতিক মানের হাসপাতাল

    স্বাস্থ্য পরিকাঠামো আরও সম্প্রসারণের লক্ষ্যে নিউটাউনে আদানি গোষ্ঠীর সহযোগিতায় ২,০০০ শয্যার একটি আন্তর্জাতিক মানের হাসপাতাল গড়ে তোলার ঘোষণাও করেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, এই হাসপাতালের ১,০০০টি শয্যা সম্পূর্ণ বিনামূল্যে আর্থিকভাবে দুর্বল মানুষের চিকিৎসার জন্য সংরক্ষিত থাকবে।

    দুর্নীতির তদন্তে পূর্ণ সহযোগিতার নির্দেশ

    স্বাস্থ্য দফতরের অতীতের দুর্নীতির অভিযোগ নিয়েও কড়া অবস্থান স্পষ্ট করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, তদন্তকারী সংস্থাকে প্রয়োজনীয় সমস্ত নথি আইন মেনে দ্রুত সরবরাহ করতে হবে এবং তদন্তের স্বার্থে পুলিশকে পূর্ণ সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয়েছে। সরকারের বক্তব্য, স্বাস্থ্য পরিষেবায় স্বচ্ছতা, জবাবদিহি এবং দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতেই এগোবে প্রশাসন।

  • Calcutta High Court: খেজুরির দুই বিজেপি কর্মীর রহস্যমৃত্যুতে ফের মেডিক্যাল বোর্ড গঠনের নির্দেশ হাইকোর্টের

    Calcutta High Court: খেজুরির দুই বিজেপি কর্মীর রহস্যমৃত্যুতে ফের মেডিক্যাল বোর্ড গঠনের নির্দেশ হাইকোর্টের

    মাধ্যম নিউজ ডেস্ক: পূর্ব মেদিনীপুরের খেজুরিতে দুই বিজেপি কর্মীর রহস্যমৃত্যুতে নয়া নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। সোমবার বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি শব্বার রশিদির ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে, রাজ্যের স্বাস্থ্য দফতরকে নতুন একটি মেডিক্যাল বোর্ড গঠন করতে হবে। এই বোর্ডকে এসএসকেএম হাসপাতালের দ্বিতীয় ময়নাতদন্তে পাওয়া আঘাতগুলির ব্যাখ্যা দিয়ে পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দিতে হবে।

    ১২ জুলাই রহস্যমৃত্যু হয়

    গত ১২ জুলাই খেজুরির এক মেলায় সুজিত দাস ও সুজিত পাইক নামে দুই বিজেপি কর্মীর (BJP Workers) মৃত্যু হয়। প্রথমে তমলুক মেডিক্যাল কলেজের ময়নাতদন্ত রিপোর্টে বলা হয়েছিল, বিদ্যুৎস্পৃষ্ট হয়েই তাঁদের মৃত্যু হয়েছে। কিন্তু পরিবারের অভিযোগ ছিল, তাঁদের খুন করা হয়েছে। এরপর পরিবারের সদস্যরা হাইকোর্টে (Calcutta High Court) মামলা করেন। আদালতের নির্দেশে এসএসকেএম হাসপাতালে দ্বিতীয় ময়নাতদন্ত হয়। সেই রিপোর্টে আঘাতের চিহ্ন ধরা পড়ে—একজনের শরীরে ২৪টি এবং অন্যজনের শরীরে একাধিক আঘাতের দাগ পাওয়া যায়। সেই থেকেই খুনের অভিযোগ ফের জোরদার হয়।

    ১৮ সেপ্টেম্বর আদালতে সেই রিপোর্ট চাওয়া হয়েছে

    সোমবার আদালত (Calcutta High Court) জানিয়েছে, নতুন মেডিক্যাল বোর্ডকে জানাতে হবে, ওই আঘাতগুলির মধ্যে কোনটি মৃত্যুর কারণ হতে পারে। সেইসঙ্গে পুরো রিপোর্ট নিয়ে স্পষ্ট মতামতও জমা দিতে হবে। ১৮ সেপ্টেম্বর আদালতে (Calcutta High Court) সেই রিপোর্ট চাওয়া হয়েছে। এর আগেও এই মামলার শুনানিতে হাইকোর্ট তদন্তকারী অফিসার, প্রথম ময়নাতদন্তকারী চিকিৎসক, থানার ওসি ও মেলা কমিটির সদস্যদের মোবাইল কল রেকর্ড খতিয়ে দেখার নির্দেশ দিয়েছিল। সিআইডি আদালতকে জানায়, প্রথম ময়নাতদন্তকারী চিকিৎসক তদন্তকারী অফিসারকে একাধিকবার ফোন করেছিলেন। এ নিয়ে বিচারপতি বসাক প্রশ্ন তুলেছিলেন—“তদন্তকারী আধিকারিক কেন ময়নাতদন্তকারী চিকিৎসককে ফোন করবেন?” প্রসঙ্গত, এসএসকেএমের রিপোর্টে উল্লেখ ছিল—মৃত্যুর কারণ শুধু বিদ্যুৎস্পৃষ্ট হওয়া নয়, শরীরে আঘাতের (BJP Workers) চিহ্নও রয়েছে। সেই কারণেই ফের নতুন মেডিক্যাল বোর্ডের প্রয়োজনীয়তা অনুভব করেছে আদালত।

  • RG Kar: দাবি বিচারের! মহালয়াতে মহামিছিলের ডাক জুনিয়র ডাক্তারদের, ধর্মতলায় হবে মহাসমাবেশ

    RG Kar: দাবি বিচারের! মহালয়াতে মহামিছিলের ডাক জুনিয়র ডাক্তারদের, ধর্মতলায় হবে মহাসমাবেশ

    মাধ্যম নিউজ ডেস্ক: আরজিকর (RG Kar) কাণ্ডে বিচারের দাবিতে এবার মহালয়াতে মহা-মিছিলের ডাক দিলেন জুনিয়র চিকিৎসকরা। জানা গিয়েছে, ২অক্টোবর ওই মহা মিছিল শুরু হবে কলেজ স্কোয়ারে, তা শেষ হবে ধর্মতলায়। আজ শুক্রবারই এসএসকেএম-এ গণকনভেনশনের আয়োজন করে জুনিয়র ডাক্তাররা (Junior Doctor)। সেখান থেকেই তাঁরা নিজেদের একাধিক কর্মসূচি ঘোষণা করেন। প্রসঙ্গত, আগামী সোমবার সুপ্রিম কোর্টের শুনানি রয়েছে, তার আগের দিন রবিবার পাড়ায় পাড়ায় মিছিলের ডাক দিয়েছেন জুনিয়র ডাক্তাররা।

    বেশ কিছু কর্মসূচির ঘোষণা (RG Kar)

    আজ শুক্রবার গণ কনভেনশনের (RG Kar) মঞ্চ থেকে তাঁরা বেশ কিছু কর্মসূচি ঘোষণা করেছেন (প্রতিবেদন লেখা পর্যন্ত)

    ১) ২৯ তারিখ পাড়ায় পাড়ায় সন্ধ্যাবেলায় সাধারণ মানুষকে মিছিল করতে আহ্বান জানানো হয়েছে। 

    ২) ২ অক্টোবর অর্থাৎ মহালয়ার দিন মহাসমাবেশ-মহামিছিলের ডাক দেওয়া হয়েছে। এই মহামিছিল (Junior Doctor) কলেজ স্কোয়ার থেকে শুরু হয়ে ধর্মতলা পর্যন্ত যাবে। এরপর ধর্মতলায় মহাসমাবেশের ডাক দেওয়া হয়েছে। 

    ৩) এর পাশাপাশি মহালয়ার দিনেই আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিহত তরুণী চিকিৎসকের একটি মূর্তি স্থাপনেরও পরিকল্পনা করেছেন তাঁরা।

    কারা আমন্ত্রিত ছিলেন গণ কনভেনশনে

    এসএসকেএম হাসপাতালের অডিটোরিয়ামে আজ শুক্রবারের কনভেনশনে সমাজের সর্বস্তরের প্রতিনিধিদের আমন্ত্রণ জানিয়েছিলেন জুনিয়র ডাক্তাররা। যে রিক্সা চালকেরা বিচারের দাবিতে মিছিল করেছিলেন, তাঁরাও আজ আমন্ত্রিত ছিলেন। এ ছাড়া প্রবীণ চিকিৎসক, বিশিষ্ট অভিনেতা, পরিচালক থেকে আইটিকর্মী, মোহনবাগান-ইস্টবেঙ্গল সমর্থকদেরও ডাকা হয়েছিল আজ। অনেকেই বক্তব্য রাখেন। তাঁদের মধ্যে টলিউড অভিনেত্রী দেবলীনা দত্ত জুনিয়র ডাক্তারদের গণ কনভেনশনে (RG Kar) বলেন, ‘‘থ্রেট কালচার ভুলে গেলে চলবে না। নির্যাতিত কোনও মহিলা না হয়ে পুরুষও হতে পারতেন। হুমকি সংস্কৃতির কারণেই এ সব হচ্ছে। তার বিরুদ্ধেই আমাদের লড়াই। দুর্নীতির বিরুদ্ধে লড়াই। হুমকি দেওয়া মানেই ভয় পাওয়া। তাঁরা ভয় পাচ্ছেন বলেই হুমকি দিচ্ছেন।’’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Kolkata Police: বড়দিনের রাতে খাদ্যভবনে গুলিবিদ্ধ পুলিশকর্মী, মৃত্যু এসএসকেএমে

    Kolkata Police: বড়দিনের রাতে খাদ্যভবনে গুলিবিদ্ধ পুলিশকর্মী, মৃত্যু এসএসকেএমে

    মাধ্যম নিউজ ডেস্ক: বড়দিনের রাতে নিউ মার্কেট থানা এলাকার খাদ্যভবনের ভিতরে রিজার্ভ ফোর্স ব্যারাকে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল এক পুলিশ (Kolkata Police) কনস্টেবলের। নিজের সার্ভিস রিভলভারের গুলি তাঁর বুকে লাগে। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর সহকর্মীরাই তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। কিন্তু তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। রাতেই তাঁর মৃত্যু হয়। 

    কী ঘটেছিল

    মৃত কনস্টেবলের নাম তপন পাল। ৫৩ বছর বয়সী কলকাতা পুলিশের (Kolkata Police) ওই কনস্টেবলের বাড়ি হরিণঘাটায়। তিনি নিজেই আত্মহত্যা করার উদ্দেশ্যে গুলি চালিয়েছেন, নাকি এটা দুর্ঘটনা, তা এখনও স্পষ্ট নয়। গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ। ব্যারাক থেকে রাত ১১টা নাগাদ ডিউটিতে যাচ্ছিলেন রির্জাভ ফোর্সের অফিসার। সেই সময় হঠাৎ গুলির শব্দ শোনা যায়। ঘটনাস্থলে ছুটে যান সহকর্মীরা। গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায় কনস্টেবলকে। অতর্কিতে গুলি চলেছে নাকি, তিনি আত্মঘাতী হয়েছেন তা জানা যায়নি। গোটা ঘটনা ইতিমধ্যেই খতিয়ে দেখতে শুরু করেছেন লালবাজারের হোমিসাইড শাখার অফিসাররা। নিহত কনস্টেবল কোনও মানসিক অবসাদে ভুগছিলেন কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।

    আরও পড়ুন: অযোধ্যায় বাড়ির ছাদে ছাদে উড়ছে ‘জয় শ্রীরাম’ পতাকা, এ যেন হিন্দু সংস্কৃতির ভরকেন্দ্র!

    তদন্তে পুলিশ

    পুলিশ (Kolkata Police) প্রাথমিক ভাবে জানিয়েছে, ছুটি কাটিয়ে ২৪ তারিখ বাড়ি থেকে ফিরেছিলেন তিনি। ডিউটিতে যাওয়ার আগে নিজের সার্ভিস রিভলভার ইস্যু করান। সিক্স চেম্বার রিভলভার। যার মধ্যে থেকে একটা গুলি চলেছে। পারিবারিক কোনও অশান্তি ছিল কিনা পরিবারের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করা হচ্ছে। ব্যারাক ঘর থাকলেও অধিকাংশ সময় বাড়ি থেকেই যাতায়াত করতেন তিনি। এদিন, ব্যারাক থেকে খাদ্যভবনে ডিউটি যাওয়ার পথে তিনি গুলিবিদ্ধ হন। পুলিশের প্রাথমিক অনুমান, আত্মঘাতী হয়েছে তপন। তাঁর বাড়িতে খবর দেওয়া হয়েছে। এদিন রাতেই ঘটনাস্থলে যান কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েল। প্রায় মিনিট দশেক তিনি ঘটনাস্থলে ছিলেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Mamata Banerjee: বাড়িতে পড়ে জখম মুখ্যমন্ত্রী, আরোগ্য কামনা করলেন সুকান্ত

    Mamata Banerjee: বাড়িতে পড়ে জখম মুখ্যমন্ত্রী, আরোগ্য কামনা করলেন সুকান্ত

    মাধ্যম নিউজ ডেস্ক: নিজের বাড়িতেই এদিন কোনওভাবে পড়ে যান মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ভর্তি হন এসএসকেএম হাসপাতালে। পরিবারের লোকজন থেকে দলীয় নেতারা প্রত্যেকেই আসেন হাসপাতালে। উডবার্ন ওয়ার্ডের সাড়ে ১২ নম্বর কেবিনে নিয়ে যাওয়া হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে। শেষে তাঁকে কপালে সেলাই করে ছেড়ে দেন ডাক্তাররা। রাত ৯.৪০ নাগাদ কালীঘাটের বাড়িতে ফেরেন মুখ্যমন্ত্রী৷ মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন রাজ্য় বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। দ্রুত আরোগ্য কামনা করেন উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়ও।

    ঠিক কী ঘটেছে মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee)

    বৃহস্পতিবার বিকেলে কালীঘাটের বাড়িতে  চোট পান মুখ্যমন্ত্রীজানা গিয়েছে, বৃহস্পতিবার বাড়ির চত্বরে হাঁটছিলেন মুখ্যমন্ত্রী। সেসময় সামনের দিকে ঝুঁকে পড়ে গিয়েই গুরুতর জখম হন তিনি। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) কপালে সেলাই করা হয়। এর পর তিনি কালীঘাটের বাড়িতে ফিরে যান। মুখ্যমন্ত্রীর চোট গুরুতর নয় বলে এসএসকেএম সূত্রে জানা গিয়েছে। মুখ্যমন্ত্রী চিকিৎসকদের সঙ্গে কথাও বলেছেন। চিকিৎসকরা, তাঁকে বিশ্রামের পরামর্শ দিয়েছেন।

    আরও পড়ুন: বিজেপিতে যোগ দিতে চলেছেন বারাকপুরের “বেতাজ বাদশা” অর্জুন সিং

    মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করে ট্যুইট বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের

    মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) দ্রুত আরোগ্য কামনা করে ট্যুইট করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। নিজের ট্যুইটে সুকান্ত মজুমদার লেখেন, ‘‘আমরা প্রার্থনা করি তিনি যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন।’’

    মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) আরোগ্য় কামনা করেন উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন তিনিও। সূত্রের খবর, তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Kalighater Kaku: ‘কালীঘাটের কাকু’ এতদিন এসএসকেএমে কেন? হাইকোর্টে বিজেপি

    Kalighater Kaku: ‘কালীঘাটের কাকু’ এতদিন এসএসকেএমে কেন? হাইকোর্টে বিজেপি

    মাধ্যম নিউজ ডেস্ক: নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে ‘কালীঘাটের কাকু’র বিরুদ্ধে হাইকোর্টে নালিশ জানাল বিজেপি। অভিযোগ, গুরুতর অসুস্থ না হয়েও এসএসকেএম হাসপাতালে শয্যা দখল করে রয়েছেন তিনি। মঙ্গলবার এই বিষয়ে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করা হয়। এই মামলায় সব পক্ষকে নোটিস দিতে বলে উচ্চ আদালত। প্রধান বিচারপতি জানান, বৃহস্পতিবার মামলাটির শুনানি হবে।

    হাইকোর্টে জনস্বার্থ মামলা

    গ্রেফতারির পর কিছুদিন প্রেসিডেন্সি জেলে থাকলেও কালীঘাটের কাকুর বর্তমান ঠিকানা এসএসকেএম হাসপাতাল। একাধিকবার হাসপাতালে গিয়ে তাঁর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে ইডি। এসএসকেএম হাসপাতালে কালীঘাটের কাকুর ভর্তির থাকার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে। নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত ‘কালীঘাটের কাকু’ ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র এসএসকেএমে অপ্রয়োজনে ভর্তি হয়ে বেড দখল করে রেখেছেন। ফলে সাধারণ মানুষের সমস্যা হচ্ছে। রোগীরা ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছেন না। তাঁর হাসপাতালে থাকার প্রয়োজনীয়তা নেই। মামলকারী এই বিষয়ে আদালতের হস্তক্ষেপ চেয়েছেন।

    আরও পড়ুন: জবাব তলব! কামদুনি মামলায় রাজ্য ও অভিযুক্তদের নোটিশ পাঠাল সুপ্রিম কোর্ট

    ইডির সন্দেহ

    প্রথম থেকেই বিজেপি কাকুর অসুস্থতা নিয়ে প্রশ্ন তুলেছে। এতদিন ধরে তিনি ঠিক কোন অসুখে ভুগছেন, তা জানতে চান সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষরা। ইতিমধ্যেই কাকুর স্বরবদলের চেষ্টার একটা অভিযোগও এসেছে বিরোধী শিবিরগুলির তরফে। এ প্রসঙ্গে আগেই বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছিলেন, কালীঘাটের কাকুর ভোকাল কর্ডে একটা অস্ত্রোপচার হয়েছে বলে শুনছি। গলার স্বর বদলের চেষ্টা চলছে। তাই এসএসকেএমে রাখা হয়েছে তাঁকে। এর আগে ইডি আদালতে কাকুর অসুস্থতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে। কণ্ঠস্বরের নমুনা নেওয়ার আগের দিনই কাকুকে এসএসকেএম আইসিইউয়ে শিফট করে দেয় বলে অভিযোগ জানায় ইডি। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Kalighater Kaku: আইসিইউ থেকে কার্ডিওলজি বিভাগে, ‘কাকু’র ‘নাগাল’ পেতে আইনি পরামর্শ নিচ্ছে ইডি!

    Kalighater Kaku: আইসিইউ থেকে কার্ডিওলজি বিভাগে, ‘কাকু’র ‘নাগাল’ পেতে আইনি পরামর্শ নিচ্ছে ইডি!

    মাধ্যম নিউজ ডেস্ক: শেষমেশ এসএসকেএম হাসপাতালের আইসিইউ থেকে বের করা হল সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে ‘কালীঘাটের কাকু’কে (Kalighater Kaku)। মঙ্গলবার রাতে তাঁকে সেখান থেকে বের করা হয়। তবে ‘কাকু’র এই সুস্থতা আশ্বস্ত করতে পারছে না ইডিকে। তাই ‘কাকু’কে কীভাবে এসএসকেএম থেকে বের করে আনা যায়, সে ব্যাপারে আইনজ্ঞের পরামর্শ নিচ্ছে ইডি।

    পথ খুঁজছে ইডি

    গ্রেফতার হওয়ার পর থেকে বারেবারেই ‘অসুস্থ’ হয়ে পড়ছেন ‘কাকু’। মঙ্গলবার আচমকা অসুস্থ হয়ে পড়ায় তাঁকে স্থানান্তরিত করা হয় আইসিইউতে। সুস্থ হওয়ায় বুধবার তাঁকে বের করা হয় সেখান থেকে। তাই ‘কাকু’কে এসএসকেএমের ‘খপ্পর’ থেকে বের করার পথ খুঁজছে ইডি। সূত্রের খবর, এ ব্যাপারে আইনি পরামর্শ নিতে শুরু করেছেন ইডির আধিকারিকরা। কেননা, একমাত্র আদালতের অনুমতি মিললেই ‘কাকু’কে নিয়ে যাওয়া যেতে পারে অন্যত্র।

    কার্ডিওলজির কেবিনে কাকু

    এসএসকেএম হাসপাতাল সূত্রে খবর, মঙ্গলবার দুপুরে বৈঠকে বসে ‘কাকু’র চিকিৎসায় গঠিত তিন সদস্যের একটি মেডিক্যাল বোর্ড। সেখানে ‘কাকু’র অ্যাঞ্জিওগ্রাফি সহ আরও বেশ কিছু শারীরিক পরীক্ষার রিপোর্ট নিয়ে আলোচনা হয়। সূত্রের খবর, এই বৈঠকেই স্থির হয় আইসিইউ থেকে বের করে ‘কাকু’কে কার্ডিওলজি বিভাগের কেবিনে স্থানান্তরিত করা হবে। সেই মতো রাতে স্থানান্তরিত করা হয় ‘কাকু’কে (Kalighater Kaku)।

    আরও পড়ুুন: আমেরিকাতেও ছড়িয়েছে গ্যাংস্টার-সন্ত্রাসবাদী আঁতাত, এফবিআইকে জানালো এনআইএ

    ‘কাকু’র কণ্ঠস্বরের নমুনা পেতে চাইছে ইডি

    নিয়োগ কেলেঙ্কারি মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ এই ‘কাকু’। অভিষেকের সংস্থায় তদন্ত করতে গিয়ে একটি কণ্ঠস্বরের হদিশ পায় ইডি। তদন্তকারীদের অনুমান, গলার স্বরটি ‘কাকু’রই। বিষয়টি কলকাতা হাইকোর্টের গোচরে আসার পরেই ‘কাকু’র কণ্ঠস্বরের নমুনা পরীক্ষার নির্দেশ দেয় আদালত। সেই স্বরের নমুনা পেতেই হন্যে হচ্ছেন ইডির আধিকারিকরা। হাসপাতাল কর্তৃপক্ষ ‘কাকু’কে না ছাড়ায় তাঁর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা যাচ্ছে না। রাজনৈতিক মহলের সিংহভাগের মতে, কাকু মুখ খুললে জালে আটকে পড়বে অনেক রাঘব বোয়াল। তাই কাকুর স্বরের নমুনা যাতে কোনওভাবেই সংগ্রহ করা না যায়, তার ব্যবস্থা করতেই নাড়া হচ্ছে যাবতীয় কলকাঠি। যার জেরে মাস দুয়েকেরও বেশি সময় ধরে ‘কাকু’ (Kalighater Kaku) রয়েছেন এসএসকেএমের নিরাপদ ঘেরাটোপে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     
     
  • Kalighater Kaku : এসএসকেএম-এর থেকে রিপোর্ট তলব! সুজয়কৃষ্ণকে দেখতে হাসপাতালে ইডি

    Kalighater Kaku : এসএসকেএম-এর থেকে রিপোর্ট তলব! সুজয়কৃষ্ণকে দেখতে হাসপাতালে ইডি

    মাধ্যম নিউজ ডেস্ক: এসএসকেএমে চিকিৎসাধীন সুজয়কৃষ্ণ ভদ্র, ওরফে ‘কালীঘাটের কাকু’ আছেন কেমন? সরেজমিনে সোমবার হাসপাতালে গেলেন ইডি-র এক আধিকারিক। খুব অল্প সময় তিনি পিজি-তে ছিলেন, বলে খবর। কার্ডিয়োলজি বিভাগে গিয়ে কাকুর অবস্থা জেনে আসেন ওই অফিসার। কথা বলেন চিকিৎসকদের সঙ্গে। এ বিষয়ে কলকাতা থেকে একটি রিপোর্ট পাঠানো হবে দিল্লিতে, ইডি কর্তাদের কাছে। 

    কেন হাসপাতালে ইডি

    ‘আচমকা অসুস্থ হয়ে পড়ায়’ গত শুক্রবার সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে ‘কালীঘাটের কাকু’কে এসএসকেএম থেকে জোকা ইএসআই-তে নিয়ে যেতে পারেনি ইডি। অ্যাম্বুল্যান্স নিয়ে গিয়েও ফিরে যেতে হয়েছিল তাদের। ইডিকে এসএসকেএম কর্তৃপক্ষ জানিয়েছিলেন, হঠাৎ রক্তচাপ বেড়ে যাওয়ায় কার্ডিয়োলজির এক নম্বর কেবিন থেকে ‘কাকু’কে আইসিইউ-তে স্থানান্তরিত করা হয়েছে। এবার সুজয়কৃষ্ণের মেডিক্যাল রিপোর্ট নিয়ে সন্দেহ দেখা গেল ইডি কর্তাদের মধ্যে। কাকু কতখানি অসুস্থ সেটাই স্পষ্ট নয় এসএসকেএমের মেডিক্যাল রিপোর্ট থেকে। ইডি সূত্রে খবর, কাকুর সিএবিজি গ্রাফ্ট ভেসেল (CABG GRAFT VESSLE) রিপোর্টও নেই। হার্টের চিকিৎসা সংক্রান্ত রিপোর্ট এটি। সেই রিপোর্ট চেয়ে এবার এস‌এসকেএমকে চিঠি দিল ইডি।

    আরও পড়ুন: মহুয়াকে ৩০ দিনে বাংলো খালির নির্দেশ! মন্ত্রককে চিঠি সংসদের আবাসন কমিটির

    বৈঠকে এসএসকেএমের মেডিক্যাল বোর্ড

    অন্যদিকে কাকুর শারীরিক পরিস্থিতি নিয়ে মঙ্গলবার ফের বৈঠকে বসে এসএসকেএমের মেডিক্যাল বোর্ড। ডিরেক্টর মণিময় বন্দ্যোপাধ্যায়, এম‌এসভিপি পীযূষ রায় ছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন মেডিক্যাল বোর্ডের তিন সদস্য কার্ডিওলজিস্ট দীপঙ্কর মুখোপাধ্যায়, অসিত দাস, গৌতম দত্ত। আইসিসিইউ থেকে স্থানান্তরের সম্ভাবনা খতিয়ে দেখতে এই বৈঠক বলে জানা গিয়েছে। ইডি সূত্রে আগেই জানা গিয়েছিল যে, শুক্রবারই সুজয়কৃষ্ণের গলার স্বরের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য পাঠাতে চায় তারা। নিয়োগ মামলায় সুজয়কে গ্রেফতার করেছে ইডি। তিনি দীর্ঘ দিন ধরেই এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর গলার স্বরের নমুনা অনেক দিন ধরে সংগ্রহ করার চেষ্টা করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। কিন্তু বার বার তাতে বাধা আসছে বলে অভিযোগ, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Sujay Krishna Bhadra: সুজয়ের নজরদারিতে মোতায়েন জওয়ান, মন্ত্রীর জন্য ‘তৃতীয় নয়ন’

    Sujay Krishna Bhadra: সুজয়ের নজরদারিতে মোতায়েন জওয়ান, মন্ত্রীর জন্য ‘তৃতীয় নয়ন’

    মাধ্যম নিউজ ডেস্ক: দু’জনেই গ্রেফতার হয়েছেন দুর্নীতির মামলায়। দু’জনের সঙ্গেই রয়েছে তৃণমূল যোগ। দু’জনেই রয়েছেন এসএসকেএমে চিকিৎসাধীন। জ্যোতিপ্রিয় মল্লিক ও সুজয়কৃষ্ণ ভদ্র (Sujay Krishna Bhadra) ওরফে ‘কালীঘাটের কাকু’ এই দু’জনের ওপরই কড়া নজর রাখছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

    নজরদারির রকমফের

    রেশন বণ্টন কেলেঙ্কারিতে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এসএসকেএমের যে কেবিনে ভর্তি রয়েছেন তিনি, তার বাইরে রয়েছে সিসি ক্যামেরা। আদালতের নির্দেশেও লাগানো হয়েছে এই ‘চোখ’। তাই গ্রেফতার হওয়া মন্ত্রীর সঙ্গে কারা দেখা করতে আসছেন, তা সবই ধরা থাকছে ক্যামেরার ফুটেজে। আর সুজয়কৃষ্ণ (Sujay Krishna Bhadra) ভর্তি রয়েছেন হৃদরোগ বিভাগের ইনটেনসিভ করোনারি কেয়ার ইউনিটে। তাঁর ওপর নজরদারি চালাচ্ছেন কেন্দ্রীয় বাহিনী সিআইএসএফের জওয়ানরা।

    এখনও মেলেনি ‘কাকু’র কণ্ঠস্বরের নমুনা 

    সুজয়কৃষ্ণের গলার স্বরের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য তা পাঠাতে চায় ইডি। সেই নমুনা সংগ্রহ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তদন্তকারীরা। যদিও শনিবার পর্যন্তও সুজয়কৃষ্ণের গলার স্বরের নমুনা সংগ্রহ করতে পারেনি ইডি। তাই হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তদন্তকারীরা। যদিও হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, গলার স্বরের নমুনা দিতে প্রস্তুত নন সুজয়কৃষ্ণ। নিয়োগ কেলেঙ্কারি মামলার তদন্ত করতে গিয়ে ইডি একটি অডিও রেকর্ডিং উদ্ধার করে। সেখানে সুজয়কৃষ্ণের গলার স্বর শোনা গিয়েছে বলে দাবি তদন্তকারীদের। এ ব্যাপারে নিশ্চিত হতে সুজয়কৃষ্ণের গলার স্বরের নমুনা সংগ্রহ করা প্রয়োজন। এ ব্যাপারে আদালতের সম্মতিও মিলেছে। তার পরেও কালীঘাট ঘনিষ্ঠ কাকুর গলার স্বরের নমুনা সংগ্রহ করতে পারছেন না তদন্তকারীরা।

    আরও পড়ুুন: ৪০ জায়গায় হানা এনআইএ-র, জঙ্গিগোষ্ঠীর সঙ্গে জড়িত সন্দেহ গ্রেফতার ১৩

    শনিবার সকালেও সুজয়কৃষ্ণের স্বরের নমুনা সংগ্রহ করতে হাসপাতালে চলে যান তদন্তকারীরা। হাসপাতাল কর্তৃপক্ষ জানান, তাঁকে স্থানান্তরিত করা হয়েছে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে। সুজয়কৃষ্ণকে যে অন্যত্র স্থানান্তরিত করা হয়েছে, সে খবর ইডিকে জানানো হয়নি বলে ইডি সূত্রে খবর। তাই সুজয়কৃষ্ণের নজরদারিতে সর্বক্ষণ মোতায়েন থাকবেন সিআইএসএফের দু’ জন জওয়ান। সুজয়কৃষ্ণ (Sujay Krishna Bhadra) রয়েছেন ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের ১৮ নম্বর বেডে। এই বেডের সামনেই চব্বিশ ঘণ্টা প্রহরায় থাকবেন সশস্ত্র দুই জওয়ান।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share