মাধ্যম নিউজ ডেস্ক: গণিতের একটি দীর্ঘদিনের অমীমাংসিত সমস্যার সমাধান করে আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বাঙালি গণিতবিদ ঋদ্ধিপ্রতিম বসু। সম্ভাবনা তত্ত্ব ও পরিসংখ্যানগত পদার্থবিদ্যায় তাঁর গুরুত্বপূর্ণ অবদানের জন্য ইনফোসিস পুরস্কার ২০২৬-এর (Infosys Prize 2026) গণিতশাস্ত্র বিভাগে সম্মানিত হয়েছেন তিনি। তাঁর গবেষণায় উঠে এসেছে, চলমান কণার প্রবাহে একটি নির্দিষ্ট জায়গায় সামান্য বাধা সৃষ্টি হলেও তার প্রভাব গোটা ব্যবস্থার উপর পড়তে পারে (Maths Problem)।
কয়েক দশকের অমীমাংসিত প্রশ্নের উত্তর (Infosys Prize 2026)
ধরা যাক, একটি সরু রাস্তা দিয়ে সারিবদ্ধভাবে যানবাহন এগিয়ে চলেছে। প্রত্যেকটি যানবাহন সামনের জায়গা খালি হলেই এগোতে পারে। এবার রাস্তার একটি নির্দিষ্ট অংশে গতির সামান্য সীমাবদ্ধতা তৈরি করা হলে, তার প্রভাব কি গোটা যান চলাচলের উপর পড়বে?
এই আপাত সহজ প্রশ্ন নিয়েই দীর্ঘদিন ধরে গবেষণা চলছিল গণিতবিদ ও পদার্থবিদদের মধ্যে। বসু, ভ্লাদাস সিদোরাভিস এবং অ্যালান স্লাইয়ের সঙ্গে যৌথ গবেষণায় প্রমাণ করেন, বাধার মাত্রা খুব সামান্য হলেও তার কারণে গোটা ব্যবস্থায় প্রবাহের গতি কমে যেতে পারে।
গণিতের এই সমস্যাটি ‘ধীর বাধা সমস্যা’ নামে পরিচিত। এর সমাধান দীর্ঘদিনের একটি গুরুত্বপূর্ণ তাত্ত্বিক প্রশ্নের নিষ্পত্তি করেছে। পরবর্তী গবেষণায় সৌরভ সরকার ও অ্যালান স্লাইয়ের সঙ্গে কাজ করে বাধার দু’পাশে কণার ঘনত্ব কীভাবে বিন্যস্ত হয়, সেই বিষয়ে গণিতবিদ লিগেটের প্রস্তাবিত অনুমানও প্রমাণ করেন তিনি।
তাঁর গবেষণার ক্ষেত্রের মধ্যে রয়েছে দৈব বৃদ্ধির (Random growth models) বিভিন্ন মডেল, পারকোলেশন তত্ত্ব এবং বিরল ঘটনা নিয়ে বিশ্লেষণ। বিশেষ করে এমন পরিস্থিতি, যেখানে কোনও ব্যবস্থা তার স্বাভাবিক আচরণ থেকে সম্পূর্ণ আলাদা বৈশিষ্ট্য প্রদর্শন করে।
কলকাতা থেকে বার্কলে, স্ট্যানফোর্ড হয়ে বেঙ্গালুরু
ঋদ্ধিপ্রতিমের শিক্ষাজীবন শুরু কলকাতার ভারতীয় পরিসংখ্যান প্রতিষ্ঠানে। ২০০৯ সালে পরিসংখ্যানে স্নাতক এবং ২০১১ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি।
এর পর আমেরিকার ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের বার্কলে শাখায় পাড়ি দেন। সেখানে অ্যালান স্লাইয়ের তত্ত্বাবধানে ২০১৫ সালে পরিসংখ্যানে পিএইচডি সম্পন্ন করেন।
পিএইচডির পর দু’বছর স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হিসেবে কাজ করেন। ২০১৭ সালে দেশে ফিরে বেঙ্গালুরুর আন্তর্জাতিক তাত্ত্বিক বিজ্ঞান কেন্দ্রে যোগ দেন। প্রতিষ্ঠানটি টাটা মৌলিক গবেষণা প্রতিষ্ঠানের অন্তর্গত।
বর্তমানে ওই কেন্দ্রে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত এই বিজ্ঞানীর গবেষণার মূল বিষয় সম্ভাবনা তত্ত্ব এবং পরিসংখ্যানগত পদার্থবিদ্যা।
একটি সমস্যার সমাধানেই সীমাবদ্ধ নয় গবেষণা
ধীর বাধা সমস্যা সমাধান তাঁর গবেষণার অন্যতম গুরুত্বপূর্ণ সাফল্য হলেও, তাঁর কাজের পরিধি আরও বিস্তৃত।শীর্ষেন্দু গঙ্গোপাধ্যায় ও অ্যালান স্লাইয়ের সঙ্গে যৌথ গবেষণায় এমন কিছু প্রথম-অতিক্রমণ পারকোলেশন মডেলের বৃহৎ বিচ্যুতি সংক্রান্ত গুরুত্বপূর্ণ ফল প্রতিষ্ঠা করেছেন, যেগুলির সমাধান প্রচলিত নির্ভুল সূত্রের সাহায্যে করা সম্ভব নয়।
শেষ-অতিকরণ পারকোলেশনেও দৈব পরিবর্তন এবং সর্বোত্তম পথের জ্যামিতি নিয়ে বিভিন্ন অনুমানের নিষ্পত্তি করেছেন তিনি। এই গবেষণা দৈব ব্যবস্থার বৃদ্ধি, পরিবর্তন এবং আচরণ সম্পর্কে বিজ্ঞানীদের ধারণাকে আরও সমৃদ্ধ করেছে (Infosys Prize 2026)।
গবেষণার স্বীকৃতি হিসেবে ২০১৭ সালে রামানুজন ফেলোশিপ, ২০২০ সালে ভারতীয় জাতীয় বিজ্ঞান সংস্থার তরুণ বিজ্ঞানী পদক এবং ২০২১ সালে ন্যাসির তরুণ বিজ্ঞানী প্ল্যাটিনাম জুবিলি পুরস্কার পান তিনি। ২০২৫ সালে নির্বাচিত হন ভারতীয় বিজ্ঞান অ্যাকাডেমির ফেলো।
সম্ভাবনা তত্ত্ব ও পরিসংখ্যানগত পদার্থবিদ্যায় নতুন দিশা দেখানো, দৈব বৃদ্ধি এবং জটিল ব্যবস্থার আচরণ ব্যাখ্যায় কার্যকর পদ্ধতি উদ্ভাবনের জন্য ইনফোসিস পুরস্কারের বিচারকমণ্ডলী তাঁর কাজকে স্বীকৃতি দিয়েছে (Maths Problem)। গবেষণার পাশাপাশি দেশে নতুন প্রজন্মের গণিতবিদদের প্রশিক্ষণ এবং গবেষণার পরিসর শক্তিশালী করতেও ভূমিকা রয়েছে (Infosys Prize 2026) তাঁর।

