Tag: Startups India

  • Rent a Grandchild: একাকিত্ব ঘোচাতে ভাড়া মিলছে নাতি-নাতনি! বয়স্কদের সঙ্গ দিতে ভারতে বাড়ছে নতুন পরিষেবা

    Rent a Grandchild: একাকিত্ব ঘোচাতে ভাড়া মিলছে নাতি-নাতনি! বয়স্কদের সঙ্গ দিতে ভারতে বাড়ছে নতুন পরিষেবা

    মাধ্যম নিউজ ডেস্ক: পরিবারের সদস্যরা থাকেন বিদেশে কিংবা কর্মসূত্রে দূরে। বাড়িতে একা দিন কাটে বৃদ্ধ বাবা-মায়ের। দৈনন্দিন কাজকর্ম থেকে শুরু করে চিকিৎসকের কাছে যাওয়া, মন্দিরে পুজো দেওয়া কিংবা একটু গল্প করার মতো সঙ্গীও অনেক সময় জোটে না (Rent a Grandchild)। এই সামাজিক সমস্যার সমাধানে ভারতের বিভিন্ন মহানগরে ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে এক অভিনব পরিষেবা। অর্থের বিনিময়ে বয়স্কদের পাশে থাকার জন্য নিয়োগ করা হচ্ছে তরুণ সঙ্গী। কেউ তাঁদের সঙ্গে বাজারে যাচ্ছেন, কেউ চিকিৎসকের কাছে নিয়ে যাচ্ছেন, আবার কেউ অবসর সময়ে (Startups India) গল্প করে বা তাস খেলে কাটাচ্ছেন তাঁদের একাকিত্ব।

    জাতীয় রাজধানী অঞ্চলের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক শহর গুরুগ্রামের ছবিটাই ধরা যাক। সেখানে আশি পেরোনো এক দম্পতিকে প্রায়ই দেখা যায় বাজারে ঘুরতে। তাঁদের সঙ্গে থাকেন এক তরুণ। একটি প্রবীণ পরিচর্যা সংস্থার কর্মী তিনি। দম্পতির মেয়েরা থাকেন আমেরিকায়। ফলে দৈনন্দিন প্রয়োজন মেটানো থেকে শুরু করে বিভিন্ন কাজে সাহায্যের জন্য ওই তরুণ সঙ্গীর উপরেই নির্ভর করতে হয় তাঁদের।

    প্রবীণ পরিচর্যায় নতুন ব্যবসার সম্ভাবনা (Rent a Grandchild)

    বয়স্কদের জন্য এই পরিষেবা দেওয়া সংস্থাগুলি মূলত তরুণ-তরুণীদের নিয়োগ করে। তাঁদের কাজ শুধু দৈনন্দিন প্রয়োজন মেটানো নয়, প্রবীণদের মানসিক সঙ্গ দেওয়াও। কখনও তাঁদের মন্দিরে নিয়ে যাওয়া, কখনও চিকিৎসকের কাছে যাওয়ার সময় পাশে থাকা, আবার কখনও তাস খেলা কিংবা গল্পের আসরে সময় কাটানো—সবই এই পরিষেবার অন্তর্ভুক্ত।

    সংস্থাভেদে এই কর্মীদের পরিচয় দেওয়া হচ্ছে ভাড়ায় পাওয়া সন্তান কিংবা ভাড়ায় পাওয়া নাতি-নাতনি হিসেবে। ভারতের জনসংখ্যার বয়সভিত্তিক কাঠামোয় দ্রুত পরিবর্তন আসছে। সেই পরিস্থিতিতে প্রবীণদের পরিচর্যাকে ঘিরে নতুন ব্যবসার সম্ভাবনা দেখছেন বিভিন্ন উদ্যোগপতি।

    সরকারি হিসাব অনুযায়ী, ভারতে প্রবীণ পরিচর্যা সংক্রান্ত পরিষেবা ক্ষেত্রের আর্থিক মূল্য প্রায় ৭০০ কোটি মার্কিন ডলার। রাষ্ট্রপুঞ্জের জনসংখ্যা তহবিল এবং আন্তর্জাতিক জনসংখ্যাবিজ্ঞান সংস্থার তথ্য অনুযায়ী, ২০২২ সালে দেশের মোট জনসংখ্যার ১০.৫ শতাংশের বয়স ছিল ৬০ বছরের বেশি। ২০৫০ সালের মধ্যে এই হার বেড়ে প্রায় ২১ শতাংশে পৌঁছতে পারে। সেই হিসাবে প্রবীণ ভারতীয়ের সংখ্যা দাঁড়াতে পারে প্রায় ৩৪ কোটি ৭০ লক্ষ। তাঁদের অনেকেরই প্রয়োজন হবে বিশেষ পরিচর্যা ও সহায়তার।

    এই পরিষেবার উদ্যোক্তাদের দাবি, সময়ের সঙ্গে অনেক প্রবীণ গ্রাহকের সঙ্গে কর্মীদের সম্পর্ক নিছক পেশাগত পর্যায়ে সীমাবদ্ধ থাকে না। বরং তাঁদের মধ্যে গড়ে ওঠে পরিবারের সদস্যদের মতোই আন্তরিক সম্পর্ক। অনেক প্রবীণ ওই তরুণদের নিজেদের নাতি-নাতনির মতো স্নেহ করেন।

    তবে এই কাজে নিয়োগের ক্ষেত্রে নিরাপত্তার বিষয়টিও গুরুত্ব পাচ্ছে। কাজ শুরু করার আগে কর্মীদের পুলিশি যাচাই এবং পরিচয় ও অতীত সংক্রান্ত তথ্য পরীক্ষা করা হয়। তাঁদের অনেকেরই সমাজকর্ম, মনস্তত্ত্ব কিংবা আতিথেয়তা পরিষেবা বিষয়ে প্রশিক্ষণ রয়েছে। একা কোনও বাড়িতে যাওয়ার আগে অভিজ্ঞ কর্মীদের সঙ্গে কয়েক দফা কাজ শিখে নেওয়ার ব্যবস্থাও থাকে।

    পরিষেবার খরচ সংস্থাভেদে আলাদা। কোনও সংস্থা নির্দিষ্ট মাসিক সময়সীমার ভিত্তিতে ঘণ্টাপিছু পারিশ্রমিক নেয়। মূলত শহরের আর্থিকভাবে সচ্ছল পরিবারগুলিই এই পরিষেবার প্রধান গ্রাহক। কারণ, ভারতে মাথাপিছু বার্ষিক গড় আয় প্রায় ২ লাখ ২০ হাজার টাকা হওয়ায় দেশের সব পরিবারের পক্ষে এই ধরনের পরিষেবা নেওয়া সম্ভব নয় (Rent a Grandchild)।

    একাকিত্ব বাড়াচ্ছে প্রবীণদের সমস্যা

    ভারতে প্রবীণদের মধ্যে একাকিত্বের সমস্যা ক্রমশ প্রকট হচ্ছে। বিশেষ করে যাঁরা একা থাকেন, তাঁদের ক্ষেত্রে এই সমস্যা আরও বেশি। বিভিন্ন জাতীয় সমীক্ষাতেও প্রবীণ ও মধ্যবয়সিদের মধ্যে মাঝারি থেকে গুরুতর মাত্রার একাকিত্বের প্রবণতা উঠে এসেছে।

    ২০২২ সালের একটি জাতীয় সমীক্ষায় দেখা গিয়েছে, দেশের উল্লেখযোগ্য সংখ্যক মধ্যবয়সি ও প্রবীণ মানুষ একাকিত্বে ভুগছেন। অন্যদিকে, জনসংখ্যা সংক্রান্ত পূর্বাভাস বলছে, ২০৪৬ সালের মধ্যে ভারতে শিশুদের তুলনায় প্রবীণ মানুষের সংখ্যা বেশি হয়ে যেতে পারে।

    পরিবারের তরুণ সদস্যদের কর্মসূত্রে অন্য শহর বা দেশে চলে যাওয়া, ব্যস্ত কর্মজীবন এবং পরিবর্তিত জীবনযাত্রার কারণে বয়স্ক বাবা-মায়ের পাশে নিয়মিত থাকার মতো পরিবারের সদস্যের সংখ্যা কমছে। ফলে ঐতিহ্যবাহী পারিবারিক পরিচর্যার কাঠামোতেও তৈরি হচ্ছে শূন্যতা।

    বদলে যাচ্ছে পারিবারিক পরিচর্যার ধারণা

    ভারতের শহুরে সমাজে প্রবীণদের জন্য এই নতুন পরিষেবা আসলে পারিবারিক সম্পর্ক ও দায়িত্ব পালনের পরিবর্তিত বাস্তবতাকেই তুলে ধরছে। একদিকে সন্তানদের কর্মসূত্রে দূরে থাকা, অন্যদিকে প্রবীণদের দৈনন্দিন প্রয়োজন ও মানসিক সঙ্গের চাহিদা—এই দুইয়ের মধ্যে তৈরি হওয়া ব্যবধান পূরণ করার চেষ্টা করছে এই সংস্থাগুলি।

    আর্থিকভাবে সচ্ছল শহুরে পরিবারগুলির কাছে এই পরিষেবা প্রবীণদের একাকিত্ব কমানোর পাশাপাশি দৈনন্দিন কাজকর্ম সামলানোর একটি সংগঠিত ব্যবস্থা হয়ে উঠছে। একসময় যে দায়িত্ব মূলত পরিবারের সদস্যরাই পালন করতেন, সময়ের সঙ্গে তা-ই এখন পেশাদার পরিষেবা ও বাণিজ্যিক উদ্যোগের অংশ হয়ে উঠছে (Rent a Grandchild)।

    ভারতের জনসংখ্যার বয়সভিত্তিক পরিবর্তনের সঙ্গে সঙ্গে প্রবীণ পরিচর্যার এই নতুন ক্ষেত্র আগামী দিনে আরও বিস্তৃত হতে পারে। তবে (Startups India) প্রশ্ন থেকেই যাচ্ছে, অর্থের বিনিময়ে পাওয়া সঙ্গ কি পরিবারের আপনজনের অভাব সত্যিই পূরণ করতে পারবে?

     

LinkedIn
Share