মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যের নাম ‘বাংলা’ নয়, ‘পশ্চিমবঙ্গ’ই থাকুক—এই অবস্থান আগেই স্পষ্ট করেছিল রাজ্যের প্রথম বিজেপি সরকার। এবার ইংরেজিতেও রাজ্যের নাম ‘পশ্চিমবঙ্গ’ রাখার প্রস্তাব বিধানসভায় আনার (West Bengal Assembly Resolution) কথা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার সাংবাদিক বৈঠকে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। এর ফলে রাজ্যের নাম পরিবর্তন নিয়ে দীর্ঘদিন ধরে চলা বিতর্কে এল নয়া মোড় (Paschimbanga)।
বর্তমান সরকারের অবস্থান (West Bengal Assembly Resolution)
আগের সরকার রাজ্যের নাম বদলে ‘বাংলা’ করার প্রস্তাব কেন্দ্রের কাছে পাঠিয়েছিল। ক্ষমতায় আসার পর সেই উদ্যোগ থেকে নিজেদের দূরত্ব স্পষ্ট করে বর্তমান সরকার জানিয়েছিল, পশ্চিমবঙ্গ নামের সঙ্গে জড়িয়ে রয়েছে রাজ্যের ইতিহাস, ঐতিহ্য ও আবেগ। সেই পরিচয় মুছে ফেলার পক্ষপাতী নয় তারা। শুভেন্দু অধিকারীর বক্তব্য, পশ্চিমবঙ্গ নামটি রাজ্যের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের প্রতিনিধিত্ব করে। তাই নাম পরিবর্তনের বিষয়ে সরকারের বিশেষ আগ্রহ নেই।
প্রশাসনিক সুবিধার কথা ভেবেই অবশ্য অতীতে রাজ্যের নাম পরিবর্তনের ভাবনা সামনে এসেছিল। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন বৈঠকে ইংরেজি বর্ণানুক্রম অনুযায়ী রাজ্যগুলির প্রতিনিধিদের বক্তব্য রাখার সুযোগ দেওয়া হয়। সেই তালিকায় পশ্চিমবঙ্গের নাম শেষের দিকে থাকায় রাজ্যের প্রতিনিধিদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হত। প্রথম দিকের বক্তারা নির্ধারিত সময়ের বেশি বক্তব্য রাখলে পরবর্তী রাজ্যগুলির প্রতিনিধিদের জন্য বরাদ্দ সময়ও কমে যেত। এই সমস্যার সমাধান খুঁজতেই নাম পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছিল।
১৯৯৯ সালের ২০ জুলাই বিধানসভায় রাজ্যের নাম সব ভাষায় ‘পশ্চিমবঙ্গ’ রাখার প্রস্তাব উত্থাপিত হয়। তবে আলোচনায় ‘বাংলা’ নামটির প্রতি বেশি সমর্থন দেখা যায়। সেই সময় বামফ্রন্ট, কংগ্রেস ও তৃণমূলের পক্ষ থেকে প্রস্তাব সংশোধনের উদ্যোগ নেওয়া হলেও পরবর্তী সময়ে বিষয়টি আর এগোয়নি।
তৃণমূল সরকারের উদ্যোগ
এর প্রায় ১৭ বছর পর, মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বিতীয় দফার সরকার ক্ষমতায় আসার পর নাম পরিবর্তনের বিষয়টি ফের আলোচনায় আসে। ২০১৬ সালের ২ অগস্ট রাজ্য মন্ত্রিসভা একটি প্রস্তাব অনুমোদন করে। সেখানে বাংলা ভাষায় ‘বাংলা’, ইংরেজিতে ‘বেঙ্গল’ এবং হিন্দিতে ‘বঙ্গাল’—এই তিনটি পৃথক নাম ব্যবহারের প্রস্তাব রাখা হয়েছিল (West Bengal Assembly Resolution)।
এই সিদ্ধান্তের বিরোধিতা করেন বামেরা। বিধানসভায় তাদের সংশোধনী ১৮৯-৩১ ভোটে প্রত্যাখ্যাত হয়। পরে বাম ও কংগ্রেস বিধায়কদের অনুপস্থিতিতে মূল প্রস্তাবটি পাশ হয় এবং কেন্দ্রের কাছে পাঠানো হয়। কোনও রাজ্যের নাম পরিবর্তন করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অনুমোদন প্রয়োজন। তিনটি ভাষায় তিন রকম নাম রাখার প্রস্তাবে আপত্তি জানিয়ে কেন্দ্র তা রাজ্যের কাছে ফিরিয়ে দেয়। কেন্দ্রের যুক্তি ছিল, রাজ্যের নাম সব ভাষায় একই হওয়া উচিত।
রাজ্যের নাম ‘পশ্চিমবঙ্গ’ রাখার সিদ্ধান্ত
সেই নির্দেশ মেনে ২০১৮ সালের ২৬ জুলাই বিধানসভায় ফের নাম পরিবর্তনের প্রস্তাব আনা হয়। ওইবার রাজ্যের নাম ‘বাংলা’ রাখার সিদ্ধান্ত হয়। প্রতিবেশী বাংলাদেশের নামের সঙ্গে মিল থাকায় আপত্তি উঠলেও প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে পাশ হয়। পরে তা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে পাঠানো হয়। বিষয়টির দ্রুত নিষ্পত্তির জন্য তৎকালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংকে অনুরোধ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনাথ বিষয়টি বিবেচনার আশ্বাস দিলেও শেষ পর্যন্ত নাম পরিবর্তনের প্রক্রিয়া সম্পূর্ণ (Paschimbanga) হয়নি।
এবার নতুন সরকার ক্ষমতায় আসার পর রাজ্যের নাম ‘পশ্চিমবঙ্গ’ রাখার সিদ্ধান্তকে সামনে রেখে ফের উদ্যোগ শুরু হয়েছে। বিধানসভায় প্রস্তাব আনার মাধ্যমে ইংরেজিতেও একই নাম ব্যবহারের বিষয়টি নিশ্চিত করতে চাইছে (West Bengal Assembly Resolution) সরকার।
