Tag: Street Vendors

  • West Bengal: জাতীয় স্তরে বড় স্বীকৃতি বাংলার! ‘স্বনিধি সম্মান পুরস্কার ২০২৬’-এর জন্য নির্বাচিত পশ্চিমবঙ্গ

    West Bengal: জাতীয় স্তরে বড় স্বীকৃতি বাংলার! ‘স্বনিধি সম্মান পুরস্কার ২০২৬’-এর জন্য নির্বাচিত পশ্চিমবঙ্গ

    মাধ্যম নিউজ ডেস্ক: পথবিক্রেতাদের আর্থিক স্বনির্ভরতা এবং জীবনযাত্রার মানোন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকার স্বীকৃতি পেল পশ্চিমবঙ্গ (West Bengal)। কেন্দ্রীয় সরকারের ‘স্বনিধি সম্মান পুরস্কার ২০২৬’-এর (Svanidhi Samman Award 2026) জন্য নির্বাচিত হয়েছে পশ্চিমবঙ্গ। রাজ্যেরই দুর্গাপুর পুরনিগমও পাচ্ছে এই পুরস্কার। প্রধানমন্ত্রী স্বনিধি প্রকল্পের সফল বাস্তবায়নের জন্য এই জাতীয় স্বীকৃতি পেতে চলেছে রাজ্য। ২০ নভেম্বর নয়াদিল্লিতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেওয়া হবে রাজ্যের হাতে।

    স্বনিধি সম্মান পুরস্কার (West Bengal)

    সোমবার সোশ্যাল মিডিয়ায় এই খবর জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর বক্তব্য, রাজ্য বিভাগে এই প্রথম জাতীয় স্তরের স্বনিধি সম্মান পুরস্কার পেতে চলেছে পশ্চিমবঙ্গ। রাজ্যের নগরোন্নয়ন ও পুর বিষয়ক দফতর এবং রাজ্য নগরোন্নয়ন সংস্থার কাজের স্বীকৃতি হিসেবেও এটি তৃতীয় ও চতুর্থ জাতীয় পুরস্কার হতে চলেছে।

    কেন্দ্রীয় আবাসন ও নগর বিষয়ক মন্ত্রকের তরফে ইতিমধ্যেই রাজ্য সরকারকে চিঠি পাঠিয়ে পুরস্কারের বিষয়টি জানানো হয়েছে। মন্ত্রকের যুগ্মসচিব ঈশা কালিয়া রাজ্যের নগরোন্নয়ন দফতরের প্রধান সচিব মহম্মদ গুলাম আলি আনসারিকে চিঠি দিয়ে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। চিঠিতে উল্লেখ করা হয়েছে, পথবিক্রেতাদের আর্থিক সহায়তা প্রদান এবং তাঁদের সামগ্রিক আর্থ-সামাজিক অবস্থার উন্নতিতে প্রধানমন্ত্রী স্বনিধি প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই প্রকল্পের সফল বাস্তবায়নের স্বীকৃতি হিসেবেই পশ্চিমবঙ্গ ও দুর্গাপুর পুরনিগমকে পুরস্কারের জন্য বেছে নেওয়া হয়েছে।

    আম্বেদকর আন্তর্জাতিক কেন্দ্রে পুরস্কার প্রদান অনুষ্ঠান

    শুক্রবার, সকাল (West Bengal) ১১টা থেকে নয়াদিল্লির ডক্টর আম্বেদকর আন্তর্জাতিক কেন্দ্রে পুরস্কার প্রদান অনুষ্ঠান হবে। এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য রাজ্য সরকার ও দুর্গাপুর পুরনিগমের মোট ১০ সদস্যের একটি প্রতিনিধিদল পাঠানোর আমন্ত্রণ জানানো হয়েছে। ১৭ নভেম্বরের মধ্যে মনোনীত প্রতিনিধিদের নাম নথিভুক্ত করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রক।

    উল্লেখ্য, প্রধানমন্ত্রী স্বনিধি প্রকল্পের মূল লক্ষ্য হল রাস্তার পাশে ব্যবসা করা ক্ষুদ্র ব্যবসায়ী ও পথবিক্রেতাদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলা। এই প্রকল্পের আওতায় তাঁদের ব্যবসা চালিয়ে যাওয়া এবং নতুন করে ব্যবসার পরিসর বাড়ানোর জন্য ঋণের সুযোগ দেওয়া হয়। একই সঙ্গে তাঁদের আর্থিক নিরাপত্তা ও জীবনযাত্রার মান উন্নয়নের (Svanidhi Samman Award 2026) উপরেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

    এই প্রকল্পের বাস্তবায়নে পশ্চিমবঙ্গ ও দুর্গাপুর পুরনিগমের ভূমিকার প্রশংসা করেছে কেন্দ্রীয় সরকার। পুরস্কার পাওয়ার খবর প্রকাশ্যে আসতেই সংশ্লিষ্ট দফতরগুলির আধিকারিক ও কর্মীদের অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁদের সম্মিলিত প্রচেষ্টা, নিষ্ঠা ও পরিশ্রমের ফলেই রাজ্য এই জাতীয় স্বীকৃতি অর্জন করেছে (West Bengal) বলে জানিয়েছেন তিনি।

     

LinkedIn
Share