Tag: Sudhanshu Trivedi to Sonia Gandhi

  • BJP Attacks Sonia: ২০০৪ সালে প্রধানমন্ত্রীর পদ ছেড়েছিলেন, হয়েছিলেন ‘সুপার পিএম’! সোনিয়া গান্ধীকে নিশানা বিজেপির

    BJP Attacks Sonia: ২০০৪ সালে প্রধানমন্ত্রীর পদ ছেড়েছিলেন, হয়েছিলেন ‘সুপার পিএম’! সোনিয়া গান্ধীকে নিশানা বিজেপির

    মাধ্যম নিউজ ডেস্ক: ২০০৪ সালে প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী (BJP Attacks Sonia)। কিন্তু প্রধানমন্ত্রীর পদ গ্রহণ না করেও ইউপিএ সরকারের আমলে তিনি কার্যত ‘সুপার পিএম’ হিসেবে ক্ষমতা ভোগ করেছেন। বুধবার সাংবাদিক বৈঠক করে এমনই বিস্ফোরক অভিযোগ তুলল বিজেপি। দলের সাংসদ সুধাংশু ত্রিবেদী সরাসরি নিশানা করেন সোনিয়া গান্ধীকে (Sudhanshu Trivedi to Sonia Gandhi)। তাঁর অভিযোগ, প্রধানমন্ত্রীর মতো সর্বোচ্চ সাংবিধানিক পদ গ্রহণ না করলেও ন্যাশনাল অ্যাডভাইজরি কাউন্সিলের (NAC) চেয়ারপার্সন পদে বসে সরকারের উপর যথেষ্ট প্রভাব বিস্তার করেছিলেন সোনিয়া।

    ন্যাশনাল অ্যাডভাইজরি কাউন্সিলের পদ নিয়ে প্রশ্ন

    বিজেপির সদর দফতরে সাংবাদিক বৈঠক করে সুধাংশু ত্রিবেদী প্রশ্ন তোলেন, কীভাবে ন্যাশনাল অ্যাডভাইজরি কাউন্সিলের (NAC) চেয়ারপার্সন পদে নিযুক্ত হয়েছিলেন সোনিয়া গান্ধী? তাঁর দাবি, ওই পদে ক্যাবিনেট মন্ত্রীর সমমর্যাদা দেওয়া হয়েছিল সোনিয়াকে। ত্রিবেদীর কথায়, “তিনি প্রধানমন্ত্রীর পদ ছেড়েছিলেন, কিন্তু ক্যাবিনেট মন্ত্রীর মর্যাদা গ্রহণ করেছিলেন।” তাঁর আরও অভিযোগ, কোনও সাংবিধানিক নির্বাহী পদে না থেকেও সরকারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের উপর প্রভাব খাটাতেন সোনিয়া। বিজেপি সাংসদের দাবি, ন্যাক-এর চেয়ারপার্সন পদটি ‘অফিস অফ প্রফিট’-এর আওতায় পড়ত। এই বিতর্কের জেরেই ২০০৬ সালে চেয়ারপার্সনের পদ থেকে ইস্তফা দিতে হয়েছিল সোনিয়াকে। এরপর তৎকালীন মনমোহন সিং সরকার নিয়মে পরিবর্তন এনে ন্যাক-এর চেয়ারপার্সন পদটিকে অফিস অফ প্রফিটের আওতার বাইরে রাখার ব্যবস্থা করে বলে অভিযোগ ত্রিবেদীর। এর ফলে ফের ওই পদে ফিরে আসার পথ প্রশস্ত হয় সোনিয়ার।

    ইউপিএ সরকারের সময়ে ক্ষমতার সমীকরণ নিয়ে কটাক্ষ

    এই প্রসঙ্গে ইউপিএ সরকারের সময়কার ক্ষমতার সমীকরণ নিয়েও কটাক্ষ করেন বিজেপি নেতা। তাঁর কথায়, “সেই সময়ের শাসনব্যবস্থায় কে সুপার PM এবং কে সুপার ক্যাবিনেট ছিলেন, তা সকলেই জানেন।” উল্লেখ্য, সোনিয়া গান্ধীর স্মৃতিকথা বিলঙ্গিং আ জার্নি অফ লাভ (Belonging: A Journey of Love) প্রকাশকে কেন্দ্র করেই নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। মঙ্গলবার প্রকাশিত ওই বইয়ে ২০০৪ সালে লোকসভা নির্বাচনে কংগ্রেস নেতৃত্বাধীন জোটের জয়ের পর প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব ফিরিয়ে দেওয়ার অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন তিনি।

    ন্যাক-এর ভূমিকা এবং ইউপিএ সরকারের উপর সোনিয়ার প্রভাব

    স্মৃতিকথায় সোনিয়া জানিয়েছেন, প্রধানমন্ত্রী হওয়ার বিষয়টি নিয়ে ছেলে রাহুল গান্ধী ও মেয়ে প্রিয়াঙ্কা গান্ধী বঢরার সঙ্গে তাঁর আলোচনা হয়েছিল। দু’জনেই তাঁকে ওই পদ গ্রহণ না করার পরামর্শ দিয়েছিলেন। কারণ, তাঁদের ঠাকুমা তথা প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং বাবা রাজীব গান্ধীর হত্যাকাণ্ডের ভয়াবহ স্মৃতি তাঁদের মনে গভীর প্রভাব ফেলেছিল। সোনিয়ার বর্ণনা অনুযায়ী, কংগ্রেসের একাধিক শীর্ষ নেতা তাঁকে প্রধানমন্ত্রী হওয়ার জন্য চাপ দিয়েছিলেন। সেই পরিস্থিতিতে তিনি অনিচ্ছা সত্ত্বেও ‘ঠিক আছে’ (Theek Hai) বলেছিলেন। কিন্তু পরে নিজের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করেন। শেষ পর্যন্ত ছেলে রাহুলকে জানিয়ে দেন, তিনি আগের সিদ্ধান্তেই অনড় থাকবেন এবং প্রধানমন্ত্রীর পদ গ্রহণ করবেন না। সোনিয়ার সেই সিদ্ধান্তের নেপথ্যের কারণ নিয়ে তাঁর স্মৃতিকথায় নতুন তথ্য সামনে আসতেই রাজনৈতিক তরজা আরও তীব্র হয়েছে। বিজেপি এখন সেই সময়ের ন্যাক-এর ভূমিকা এবং ইউপিএ সরকারের উপর সোনিয়ার প্রভাবকে সামনে এনে কংগ্রেসকে আক্রমণ শানাচ্ছে।

LinkedIn
Share