Tag: Suvendu Adhikari Rail Minister Meeting

  • Suvendu Adhikari: চিংড়িঘাটা মেট্রো থেকে গঙ্গাসাগর রেলপথ—বাংলার উন্নয়নে রেলমন্ত্রীকে একগুচ্ছ প্রস্তাব মুখ্যমন্ত্রীর

    Suvendu Adhikari: চিংড়িঘাটা মেট্রো থেকে গঙ্গাসাগর রেলপথ—বাংলার উন্নয়নে রেলমন্ত্রীকে একগুচ্ছ প্রস্তাব মুখ্যমন্ত্রীর

    মাধ্যম নিউজ ডেস্ক: ডাবল ইঞ্জিন সরকারের সুফল পাচ্ছে রাজ্যবাসী। আইনশৃঙ্খলা থেকে পরিষেবা কেন্দ্রের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করছে বাংলা। বৃহস্পতিবার নয়াদিল্লিতে রেলভবনে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাজ্যের বকেয়া এবং থমকে থাকা একগুচ্ছ রেলপ্রকল্প নিয়ে তাঁদের মধ্যে বিশদ আলোচনা হয়। বৈঠক শেষে মুখ্যমন্ত্রী (Suvendu Rail Minister Meeting) জানান, কলকাতা মেট্রো তো বটেই, এদিনের বৈঠকে রাজ্যের প্রান্তিক অঞ্চলের থমকে থাকা রেলপ্রকল্পগুলি নিয়েও বিশেষ জোর দেওয়া হয়েছে। রাজ্যের মোট ১৭টি গুরুত্বপূর্ণ রেলপ্রকল্পে এদিন সবুজ সঙ্কেত দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। মুখ্যমন্ত্রী ও রেলমন্ত্রীর মধ্যে দীর্ঘ এই আলোচনায় চিংড়িঘাটা মেট্রোর জট কাটানো থেকে শুরু করে গঙ্গাসাগর পর্যন্ত রেলপথ সম্প্রসারণের মতো একগুচ্ছ বিষয় উঠে এসেছে।

    প্রধানমন্ত্রীর হাত ধরে সূচনা

    চিংড়িঘাটায় মাত্র ৭০০ মিটার কাজের জন্য দীর্ঘ দিন ধরে থমকে ছিল নিউ গড়িয়া-সেক্টর ফাইভ মেট্রো প্রকল্পের সম্প্রসারণের কাজ। তবে রাজ্যে রাজনৈতিক পালাবদলের পরেই সেই দীর্ঘসূত্রতার জট কেটেছে কয়েক দিনেই। ইতিমধ্যেই শেষ হয়েছে মেট্রোর নির্মাণকাজ, সফল ভাবে সম্পন্ন হয়েছে ট্রায়াল রানও। এবার শুধু সাধারণ যাত্রীদের জন্য মেট্রোর দরজা খুলে দেওয়ার অপেক্ষা। বৃহস্পতিবার রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠকে এই রুটে দ্রুত পরিষেবা চালুর আর্জি জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ​গোটা আলোচনা অত্যন্ত ইতিবাচক হয়েছে বলে দাবি করে শুভেন্দু বলেন, ‘‘চিংড়িঘাটার দীর্ঘদিনের জট সম্পূর্ণ কেটে গিয়েছে। যত দ্রুত সম্ভব ওই রুটে মেট্রো পরিষেবা উদ্বোধন করা যায়, সে বিষয়ে রেলমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। আমরা চাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত দিয়েই এই মেট্রো প্রকল্পের উদ্বোধন হোক।’’

    রেলমন্ত্রীর উপর পূর্ণ আস্থা মুখ্যমন্ত্রীর

    এদিন রেলমন্ত্রীর সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন রাজ্যের মুখ্যসচিব মনোজ আগরওয়াল। বৈঠক শেষে মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের বিভিন্ন রেল প্রকল্প নিয়ে রেলমন্ত্রী অত্যন্ত ইতিবাচক মনোভাব দেখিয়েছেন । দ্রুত কাজ শেষ করার আশ্বাস দিয়েছেন। জানা গিয়েছে, এদিন বৈঠকের শুরুতেই চিংড়িঘাটা মেট্রো সংযোগের প্রসঙ্গ তোলেন মুখ্যমন্ত্রী। রেলওয়ে কানেকশনের কাজ সম্পন্ন হয়ে যাওয়ায় কলকাতা মেট্রোর পূর্ণাঙ্গ পরিষেবা চালু করতে আর কোনও বাধা নেই বলে তিনি মনে করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সময় অনুযায়ী যাতে দ্রুত এই প্রকল্পের উদ্বোধন করা হয়, সে বিষয়ে রেলমন্ত্রীকে উদ্যোগ নেওয়ার অনুরোধও জানিয়েছেন শুভেন্দু। মুখ্যমন্ত্রীর কথায়, “রেলমন্ত্রী পশ্চিমবঙ্গের প্রতি সবসময়ই ইতিবাচক। ওঁর সহযোগিতা আমি চেয়েছি। আলোচনা খুব ভালো হয়েছে।”

    হিলি এবং নন্দীগ্রাম-দেশপ্রাণ রেল প্রকল্প

    হিলি এবং নন্দীগ্রাম-দেশপ্রাণ রেল প্রকল্পের কাজ আগামী মার্চ মাসের মধ্যে শেষ করে ট্রেন চালানোর দাবিও জানান শুভেন্দু। মুখ্যমন্ত্রীর কথায়, “জমির জন্য যে অনগোয়িং প্রজেক্টগুলি আটকে ছিল আমরা অনেক আগেই জমি দিয়ে দিয়েছি। এই চালু প্রজেক্টগুলির কাজ যাতে মার্চ মাসের মধ্যে শেষ করে রেল চালু করা যায়, তার জন্য বললাম।” শুভেন্দুর দাবি, তাঁর অনুরোধের পর নন্দীগ্রামের একটি অংশে দ্রুত রেল চালুর নির্দেশ দিয়েছেন অশ্বিনী বৈষ্ণব। রেলওয়ে বোর্ডের অনুমোদন পাওয়ার পরও বকেয়া থেকে যাওয়া রাজ্যের ১৯টি প্রকল্প নিয়েও এদিন বিস্তারিত কথা হয় দু’জনের। দীর্ঘদিন জমি জটে আটকে থাকা এই প্রকল্পগুলির জন্য রাজ্য সরকার ইতিমধ্যেই প্রয়োজনীয় এনওসি দিয়ে দিয়েছে। ফলে জমি অধিগ্রহণ ও সমীক্ষার কাজে আর কোনও অন্তরায় নেই। আসন্ন কেন্দ্রীয় বাজেটে এই প্রকল্পগুলির জন্য যাতে যথাযথ অর্থ বরাদ্দ করা হয়, সেই আর্জিও রেলমন্ত্রীর কাছে রেখেছেন মুখ্যমন্ত্রী।

    গঙ্গাসাগর পর্যন্ত রেলপথ

    বৈঠকের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ছিল গঙ্গাসাগর পর্যন্ত রেলপথ নিয়ে যাওয়া। কপিলমুনির আশ্রমকে আন্তর্জাতিক তীর্থক্ষেত্র হিসেবে উল্লেখ করে সেখানে রেল সংযোগের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন শুভেন্দু। রেলমন্ত্রক ইতিমধ্যেই এই প্রকল্পের মানচিত্র ও প্রাথমিক পরিকল্পনা তৈরি করে ফেলেছে বলে জানা গিয়েছে। প্রকল্পটিতে আনুমানিক চার হাজার কোটি টাকা খরচ হতে পারে। ক্যাবিনেট এবং বোর্ডের চূড়ান্ত অনুমোদনের আগে ডিপিআর তৈরি ও সমীক্ষার কাজ দ্রুত শুরু করার জন্য রেলমন্ত্রী তাঁর দফতরের আধিকারিকদের নির্দেশ দিয়েছেন বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “আগামী কয়েক বছরের মধ্যে গঙ্গাসাগর পর্যন্ত রেল চলে যাবে। পশ্চিমবাংলার এটা একটা বড় প্রাপ্তি।”

    পরিবহণের ক্ষেত্রে রেলের অতিরিক্ত রেক

    যাত্রী পরিষেবার পাশাপাশি রাজ্যের অর্থনৈতিক পরিকাঠামো মজবুত করতে রেলপথে পণ্য পরিবহণের উপরেও বিশেষ গুরুত্ব দেওয়ার আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী। শিল্প ও বাণিজ্যের স্বার্থে মালগাড়ির গতি বাড়ানো এবং নতুন করিডর তৈরির বিষয়েও রেলমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি। অন্যদিকে, সড়কে অবৈধ টোল ও সিন্ডিকেট রুখতে রাজ্য সরকার যে কঠোর অবস্থান নিয়েছে, তা-ও স্পষ্ট করেন শুভেন্দু। উত্তরবঙ্গে বৈধ পণ্য পরিবহণের নিরাপত্তা নিশ্চিত করতে জিরো টলারেন্স নীতি গ্রহণের কথা জানিয়েছেন তিনি। পরিবহনের পথে টোলের নামে কাটমানি বা অবৈধ আদায় বন্ধ করতে রেলপথে পণ্য পরিবহন বাড়ানোর আবেদনও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু বলেন, “সিন্ডিকেট, কাটমানি নিয়ে জিরো টলারেন্স নীতি নিয়েছি। উত্তরবঙ্গে থেকে যে সমস্ত বৈধ জিনিসপত্র রয়েছে, তা রোডের পরিবর্তে রেলে যাতে আনতে পারে তার ব্যবস্থা করতে হবে। এবং অতিরিক্ত রেক চাইলে দিতে হবে।”

    কেন্দ্র ও রাজ্যের সমন্বয়ে বাংলার সার্বিক উন্নয়ন

    রাজনৈতিক ও প্রশাসনিক মহলের মতে, কেন্দ্র ও রাজ্যের সমন্বয়ে এই প্রস্তাবিত রেলপ্রকল্পের কাজ নির্ধারিত সময়ের মধ্যে সম্পূর্ণ হলে রাজ্যের যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে এবং বাংলার সার্বিক উন্নয়নের গতি যে কয়েক গুণ বেড়ে যাবে। সবমিলিয়ে দিল্লির এই বৈঠক অত্যন্ত ফলপ্রসূ হয়েছে বলেই দাবি করেছেন মুখ্যমন্ত্রী। রাজ্যের সমস্ত রেল প্রকল্পের কাজ তদারকি করার জন্য রেল মন্ত্রকের তরফে একজন বিশেষ আধিকারিককে দায়িত্ব দেওয়া হয়েছে। ওই আধিকারিকের ফোন নম্বরও রাজ্যের প্রতিনিধিদের দেওয়া হয়েছে এবং তাঁর সঙ্গে প্রাথমিক পর্যায়ের একটি বৈঠকও সেরে ফেলেছেন মুখ্যমন্ত্রী ও মুখ্যসচিব।

LinkedIn
Share