Tag: Suvendu in North Bengal

  • Suvendu in Jalpaiguri: ‘‘ঘরে ফিরুন, রাজ্যেই মিলবে কাজ’’ উত্তরবঙ্গের মাটি থেকে পরিযায়ী শ্রমিকদের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

    Suvendu in Jalpaiguri: ‘‘ঘরে ফিরুন, রাজ্যেই মিলবে কাজ’’ উত্তরবঙ্গের মাটি থেকে পরিযায়ী শ্রমিকদের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

    মাধ্যম নিউজ ডেস্ক: সময় বদলেছে। রাজ্যে এখন ভয় আউট ভরসা ইন। নতুন নতুন কারখানা হচ্ছে। তাই আর বাংলার বাইরে যআওয়ার দরকার নেই। উত্তরবঙ্গ সফরে গিয়ে ভিন্‌ রাজ্যে থাকা পরিযায়ী শ্রমিকদের উদ্দেশে রাজ্যে ফিরে আসার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার তিনি জলপাইগুড়ি যান। গত ২০ জুলাই সিকিমের নামচির এনএইচপিসি প্রকল্পের একটি নির্মীয়মাণ টানেলে ভয়াবহ ধসের ঘটনায় পশ্চিমবঙ্গের ডুয়ার্সের ১১ জন শ্রমিকের মৃত্যু হয়েছিল। তাঁদের পরিবারের হাতে ক্ষতিপূরণ তুলে দেওয়ার পর, সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যের সমস্ত পরিযায়ী শ্রমিকের উদ্দেশ্যে ওই বার্তা দেন তিনি।

    রাজ্যে ফিরতে শুরু করুন

    জলপাইগুড়ি জেলাশাসকের দফতরে বৈঠক শেষে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘প্রয়াত শ্রমিকেরা কাজের জন্য ভিন্‌ রাজ্যে গিয়েছিলেন। বাংলায় তো কাজ নেই, তবে আমরা সবে এসেছি—ধীরে ধীরে কাজের সুযোগ তৈরি করব এবং সবাই ফিরে আসবেন।’’ তিনি আরও বলেন, ‘‘পরিযায়ী শ্রমিকদের বলব, আপনারা রাজ্যে ফিরতে শুরু করুন। আমরা বড় কারখানা এবং ক্ষুদ্র ও কুটির শিল্পে কাজের ব্যবস্থা করব। পাশাপাশি সরকারি স্তরেও কর্মসংস্থান শুরু হবে। আমাদের সরকার দায়িত্বে আসার মাত্র ১০ সপ্তাহ পার হয়েছে। এতদিন ওবিসি সংক্রান্ত একটি আইনি জটিলতা ছিল। আগের রাজ্য সরকার তোষণের রাজনীতি করে ওবিসি নিয়ে জটিলতা তৈরি করেছিল। আমরা বিধানসভায় বিল পাস করে তা সংশোধন করেছি। এ বার আমরা দ্রুত সব কাজ শুরু করব।’’

    জব কার্ড বানিয়ে ফেলুন

    পরিযায়ী শ্রমিক ও বেকার যুবদের উদ্দেশে মুখ্যমন্ত্রী শুভেন্দু আরও বলেন, ‘‘আপনারা সকলে জব কার্ড বানিয়ে ফেলুন। প্রধানমন্ত্রীর ‘বিকশিত ভারত’ এবং ‘জি রাম জি’ প্রকল্পে আপনারা কাজের সুযোগ পাবেন। কেউ কাজ পাবেন আর কেউ পাবেন না—এমনটা হবে না। আমরা নিয়ম সহজ করেছি, ১২৫ দিনের কাজের নিশ্চয়তা দেব।’’

    ‘আমূল’-কে দুটি আইসক্রিম কারখানার জন্য জমি

    মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে ‘আমূল’-কে দুটি আইসক্রিম কারখানা তৈরির জন্য ১৫ একর করে মোট ৩০ একর জমি বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে একটি কারখানা দক্ষিণবঙ্গে এবং অপরটি উত্তরবঙ্গে গড়ে উঠবে। মুখ্যমন্ত্রী জানান, শীঘ্রই জমি হস্তান্তরের প্রক্রিয়া শেষ হবে এবং তখনই জানা যাবে কারখানা দুটি ঠিক কোথায় নির্মিত হচ্ছে।

    খুলবে চা-বাগান

    উত্তরবঙ্গের বন্ধ হয়ে থাকা চা বাগানগুলি নিয়ে তিনি বলেন, ‘‘বর্তমানে মোট ২৫টি চা বাগান বন্ধ রয়েছে। শ্রমমন্ত্রী অর্জুন সিং ও টি বোর্ডের চেয়ারম্যান আগামী তিন মাসের মধ্যে ১২টি চা বাগান পুনরায় চালু করার লক্ষ্যমাত্রা নিয়েছেন।’’ এ ছাড়াও, কেন্দ্রীয় সরকার চা শ্রমিকদের কল্যাণে ৩৩০ কোটি টাকা বরাদ্দ করেছে, যা এই বাগানগুলির শ্রমিকদের উন্নয়নে ব্যবহার করা হবে।

    উত্তরবঙ্গে আর কোন কোন শিল্পের উপর জোর

    মালদায় আম-লিচুর ফুড প্রসেসিং, মাখানা, আনারস ও ভুট্টার উপরে ফুড প্রসেসিং এবং তুলাইপাঞ্জি চাল নিয়েও শিল্পের লক্ষ্যে কাজ চলছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

    নিহত শ্রমিকদের ক্ষতিপূরণ

    অন্য দিকে, সিকিমে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত শ্রমিকদের ক্ষতিপূরণ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘সম্পূর্ণ মানবিক কারণেই আমি আজ এখানে এসেছি। দুর্ঘটনার দিন থেকেই সিকিমের মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার যোগাযোগ ছিল। বিপর্যয় মোকাবিলা দফতরের প্রধান সচিব, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এবং নাগরাকাটার বিধায়ক অত্যন্ত দ্রুততার সঙ্গে কাজ করেছেন। নিহতদের দেহ উদ্ধার করে পরিবারগুলির কাছে পৌঁছে দেওয়া ও শেষকৃত্য সম্পন্ন করার ব্যবস্থা করা হয়েছে। নিহতদের প্রতিটি পরিবারকে ২১ লক্ষ টাকা এবং মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে বাড়তি ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে।’’এর পাশাপাশি মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, নিহতদের পরিবারের সাতজনকে হোমগার্ডের চাকরি দেওয়া হয়েছে এবং বাকিদের সিভিক ভলান্টিয়ার হিসেবে নিয়োগ করা হয়েছে।

    ১৬ই অগাস্ট ‘আয়ুষ্মান দিবস’

    এদিন উত্তরবঙ্গে দাঁড়িয়ে স্বাস্থ্য খাতে বৈপ্লবিক পরিবর্তনের কথা ঘোষণা করে মুখ্যমন্ত্রী জানান, আগামী ১৬ অগাস্টকে ‘আয়ুষ্মান দিবস’ হিসেবে পালন করা হবে। তাঁর কথায়, “১৯৪৬ সালের ১৬ অগাস্ট সোহরাওয়ার্দীর নেতৃত্বে ‘গ্রেট ক্যালকাটা কিলিং’-এ হাজার হাজার হিন্দু প্রাণ হারিয়েছিলেন। বিগত সরকার ওই দিনটিকে ‘খেলা হবে দিবস’ করেছিল। আমরা সেই জায়গায় আয়ুষ্মান দিবস উদযাপন করে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দেব।” মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের প্রায় ৪০ লক্ষ প্রবীণ নাগরিককে ‘আয়ুষ্মান ভারত’ কার্ড দেওয়া হচ্ছে। এ ছাড়া, যাঁরা এই কেন্দ্রীয় প্রকল্পের আওতায় আসবেন না, তাঁদের জন্য ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুবিধা নিয়ে রাজ্য সরকার চালু করছে ‘মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা’।

    জল্পেশ মন্দিরে পুজো

    শ্রাবণের সোমবারে জল্পেশ মন্দিরে পুজো দিলেন রাজ্যের শুভেন্দু অধিকারী। সোমবার দুপুর সোয়া দুটোর পরে মুখ্যমন্ত্রী জল্পেশে পৌঁছন। জল্পেশের গর্ভগৃহে গিয়ে পুজোয় বসেন তিনি। ভোগ নিবেদন করবেন বলে মন্দির সূত্রের খবর। আকন্দ ফুলের মালা, পদ্মফুল বাবা জল্পেশ্বরকে নিবেদন করেন তিনি । পুজোর পরে মন্দির লাগোয়া এলাকায় রাজনৈতিক কর্মসূচিতে যোগ দেবেন। শুভেন্দু বলেন, “জলপাইগুড়িতে এসেছি। বাবা জল্পেশের কাছে যাব না, তাই হয় নাকি?” উল্লেখ্য তাঁর আগে রাজ্যের কোনও প্রশাসনিক প্রধান এই ঐতিহাসিক মন্দির দর্শনে আসেননি ৷ এদিন শিলিগুড়ির বহু প্রতীক্ষিত বর্ধমান রোড উড়ালপুলের উদ্বোধন করবেন শুভেন্দু অধিকারী। রাজ্য ও কেন্দ্রের যৌথ অর্থায়নে নির্মিত এই উড়ালপুল চালু হলে যেমন শিলিগুড়ির যানজট অনেকটাই কমবে, তেমনই উত্তর ও দক্ষিণবঙ্গের যোগাযোগ আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।

  • Suvendu in North Bengal: ‘ঘুরতে নয়, কাজ করতে আসব’, মুখ্যমন্ত্রী হয়ে প্রথম উত্তরবঙ্গ সফরে আশ্বাস শুভেন্দুর

    Suvendu in North Bengal: ‘ঘুরতে নয়, কাজ করতে আসব’, মুখ্যমন্ত্রী হয়ে প্রথম উত্তরবঙ্গ সফরে আশ্বাস শুভেন্দুর

    মাধ্যম নিউজ ডেস্ক: উত্তর ও দক্ষিণবঙ্গের ভেদাভেদ মুছে দিতে প্রতি মাসেই উত্তরবঙ্গে যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu in North Bengal)। প্রতি সপ্তাহে উত্তরকন্যায় বসবেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। অবহেলিত থাকবে না পাহাড়-ডুয়ার্স। ঢেলে সাজানো হবে, উন্নয়নের জোয়ার আসবে। দুর্নীতি দূর করতে খোলা হবে জিটিএ ফাইল। রাজ্যের প্রশাসনিক প্রধান তথা মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর বুধবার প্রথমবার উত্তরবঙ্গ সফরে (North Bengal Visit) এসে আশ্বাসবাণী শোনালেন শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। এই সফরকে কেন্দ্র করে সকাল থেকেই উত্তরবঙ্গের রাজনৈতিক ও প্রশাসনিক অলিন্দে ছিল টানটান উত্তেজনা। শিলিগুড়ির প্রশাসনিক সভা থেকে শুরু করে একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচি সেরে আজ বিকেলেই তাঁর কলকাতায় ফিরছেন শুভেন্দু।

    খোলা হবে জিটিএ-ফাইল

    উত্তরবঙ্গের উন্নয়ন নিয়ে শিলিগুড়িতে নেমেই বড় বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জিটিএ (গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন)-এ কীভাবে কাজ হয়েছে? কতটা কাজ হয়েছে? সেইসব ফাইল এবার খোলা হবে। সেই কথা জানালেন মুখ্যমন্ত্রী। তৃণমূল সরকারের আমলে জিটিএ দুর্নীতি হয়েছে বলে একাধিকবার অভিযোগ উঠেছিল। সেসব ধামাচাপা পড়ে যায় বলে বিজেপির তরফে অভিযোগ। এবার বিজেপি সরকার কাজ শুরুর পরেই জিটিএ দুর্নীতির তদন্ত শুরু হবে। ফাইল খোলা হবে।উত্তরবঙ্গে নেমেই পাহাড়ে ‘সাফাই অভিযানে’র হুঁশিয়ারি শুভেন্দুর।

    প্রতিটি নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ হবে

    উত্তরবঙ্গের মাটিতে পা দিয়েই সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী স্পষ্ট বলেন, বিধানসভা নির্বাচনের আগে উত্তরবঙ্গের মানুষের কাছে বিজেপির দেওয়া প্রতিটি নির্বাচনী প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পূরণ করবে তাঁর সরকার। এদিন একপাশে দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা এবং অন্যপাশে নবনিযুক্ত উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিককে সঙ্গে নিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হন শুভেন্দু অধিকারী। অত্যন্ত দৃঢ়তার সঙ্গে তিনি বলেন, “২০০৯ সাল থেকে উত্তরবঙ্গের মানুষ দু’হাত উজাড় করে বিজেপির পাশে থেকেছেন। তাই এবার আমাদের ঋণ শোধ করার পালা। সরকারে আসার পর ভোটের আগে দেওয়া আমাদের সমস্ত প্রতিশ্রুতি আমরা পূরণ করবই।”

    মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে বাগডোগরায় বিপুল জমায়েত

    বুধবার সকাল থেকেই মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে বাগডোগরা বিমানবন্দরের বাইরে এবং রাস্তার দু’পাশে অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন হাজার হাজার বিজেপি কর্মী-সমর্থক ও সাধারণ মানুষ। বিমানবন্দর থেকে বাইরে বেরিয়েই উত্তরবঙ্গের মানুষের ভালবাসায় আপ্লুত মুখ্যমন্ত্রী হাতজোড় করে সকলকে নমস্কার ও কৃতজ্ঞতা জানান। লোকসভা থেকে শুরু করে বিধানসভা— বছরের পর বছর ধরে বিজেপিকে বিপুল ভোটে জেতানোর জন্য উত্তরবঙ্গবাসীকে আন্তরিক শুভেচ্ছাও জানান তিনি। একই সঙ্গে তিনি যোগ করেন, “এবার থেকে প্রতি মাসে আমি এবং মন্ত্রিসভার সদস্যরা উত্তরবঙ্গে আসব। তবে আমরা এখানে কোনও পাহাড়ি হাওয়া খেতে বা ঘুরতে আসব না, স্রেফ কাজ করতে আসব। আর প্রতি সপ্তাহে আমাদের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উত্তরকন্যায় বসবেন।”

    ‘উত্তরকন্যায়’ প্রশাসনিক বৈঠক

    বিমানবন্দর থেকে সোজা শিলিগুড়ির স্যাটেলাইট টাউনশিপে অবস্থিত রাজ্য সরকারের মিনি সচিবালয় ‘উত্তরকন্যায়’ পৌঁছন মুখ্যমন্ত্রী। সেখানে উত্তরের পাঁচ জেলার বিধায়ক, আইজিপি, পুলিশ সুপার এবং প্রশাসনের শীর্ষ আমলাদের নিয়ে এক প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে বসেন তিনি। নবান্ন সূত্রে খবর, সামনেই বর্ষাকাল কড়া নাড়ছে, তাই এই বৈঠকে সবচেয়ে বেশি গুরুত্ব পায় উত্তরবঙ্গের চিরাচরিত সমস্যা – বন্যা, পাহাড়ি ধস, হড়পা বান এবং নদীভাঙনের মতো প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলার আগাম প্রস্তুতি। এদিন মুখ্যমন্ত্রী জানান , উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিক প্রতি সপ্তাহে একদিন উত্তরকন্যায় সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত সাধারণ মানুষদের সঙ্গে দেখা করবেন। ১১টা থেকে ১টা পর্যন্ত তিনি উত্তরবঙ্গের উন্নয়নের কর্মসূচির প্রতিটি কাজের খতিয়ান করবেন। আধিকারিকদের সঙ্গে বৈঠকের পাশাপাশি বেলা ২টো থেকে বিকেল ৪টে পর্যন্ত উত্তরবঙ্গের প্রত্যেক সাংসদ, বিধায়কদের সঙ্গে বৈঠক করবেন।

    চা বলয়ের শ্রমিকদের নিয়ে আলোচনা

    এদিনের বৈঠকে উত্তরবঙ্গের সড়ক যোগাযোগ ব্যবস্থার আধুনিকীকরণ, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং চা বলয়ের শ্রমিকদের দীর্ঘদিনের মজুরি ও চিকিৎসা পরিষেবার সমস্যা নিয়েও বিস্তারিত আলোচনা হয়। তবে সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হল, রাজ্যে সরকার বদল হতেই উত্তরবঙ্গের বেআইনি নির্মাণ, সরকারি জমি দখল এবং নদী থেকে অবৈধভাবে বালি ও পাথর পাচারকারী মাফিয়াদের দৌরাত্ম্য রুখতে প্রশাসনের শীর্ষ কর্তাদের ‘জিরো টলারেন্স’ (Zero Tolerance) নীতি নেওয়ার কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

    আইনশৃঙ্খলা বজায় থাকবে

    উন্নয়ন ছাড়াও শুভেন্দুর মুখে শোনা যায় উত্তরবঙ্গের আইনশৃঙ্খলার কথাও। তিনি জানান, আইনশৃঙ্খলার প্রশ্নে সরকারের অনমনীয় নীতি বজায় থাকবে। তাঁর কথায়, ‘‘রাজ্যে কোনও ভাবেই তোলাবাজি, গুন্ডাগিরি বা আইনশৃঙ্খলার অবনতি সহ্য করা হবে না। যাঁরা ভাবছেন পুরনো কায়দায় পার পেয়ে যাবেন, তাঁরা ভুল ভাবছেন। আইন আইনের পথেই চলবে।’’

    উত্তরবঙ্গ বরাবরই বিজেপির শক্ত ঘাঁটি

    উত্তরবঙ্গ বরাবরই বিজেপির শক্ত ঘাঁটি। লোকসভা হোক বা বিধানসভা— গত এক দশক ধরে এই উত্তরবঙ্গে ভাল ফল করছে বিজেপি। উল্লেখ্য, এ বারের বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গের ৫৪টি আসনের মধ্যে বিজেপি একাই জিতেছে ৪০টি। প্রসঙ্গত, ২০০৯ সালে দার্জিলিং লোকসভা কেন্দ্রে জিতেছিল বিজেপি। সে বার বিজেপির টিকিটে ওই কেন্দ্র থেকে জিতেছিলেন যশবন্ত সিং। ২০১৪ সালেই দার্জিলিং লোকসভা কেন্দ্র ধরে রেখেছিল বিজেপি। সে বছর ওই কেন্দ্র থেকে বিজেপির টিকিটে জিতেছিলেন সুরেন্দ্র সিংহ অহলুওয়ালিয়া। ২০১৯ সাল থেকে টানা ওই কেন্দ্রে জিতছেন রাজু বিস্তা। উত্তরকন্যায় পৌঁছনোর আগে এদিন শিলিগুড়িতে বিজেপির জেলা পার্টি অফিসে যান শুভেন্দু অধিকারী। সেখানে যাওয়ার আগে রাস্তায় মাঝেমধ্যেই থমকেছে মুখ্যমন্ত্রীর কনভয়। গাড়ি থেকে রাস্তায় নেমে সাধারণ মানুষের অভিবাদন গ্রহণ করেন তিনি। ছোট শিশুকে কোলে নিতেও দেখা যায়। জনজোয়ারে ভেসে মুখ্যমন্ত্রী এদিন শিলিগুড়ির বিজেপি কার্যালয়ে যান। উন্নয়নের পাশাপাশি বিজেপি কর্মীরা আরও বেশি করে সংগঠনের কাজ করবেন। সেই বার্তাও এদিন শুভেন্দু অধিকারী দিয়েছেন।

     

     

     

     

LinkedIn
Share