Tag: Tesla in India

  • Tesla: ট্রাম্পের শুল্ক-চাপের মধ্যেই ভারত থেকে গাড়ির যন্ত্রাংশ সংগ্রহ দ্বিগুণ করল টেসলা

    Tesla: ট্রাম্পের শুল্ক-চাপের মধ্যেই ভারত থেকে গাড়ির যন্ত্রাংশ সংগ্রহ দ্বিগুণ করল টেসলা

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারত থেকে অটোমোবাইল যন্ত্রাংশ সংগ্রহ উল্লেখযোগ্যভাবে বাড়াল মার্কিন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা টেসলা (Tesla)। ২০২৫ সালে টেসলা ভারতীয় অটো কম্পোনেন্ট নির্মাতাদের কাছ থেকে আনুমানিক ৪ থেকে ৪.৫ বিলিয়ন ডলারের যন্ত্রাংশ সংগ্রহ করেছে ইলন মাস্কের সংস্থা, যা এক বছর আগের তুলনায় প্রায় দ্বিগুণ। এই বৃদ্ধি ঘটেছে এমন এক সময়ে, যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর উচ্চ শুল্ক আরোপ করেছেন।

    ভারতের সঙ্গে সম্পর্ক স্থাপনে আগ্রহী

    সূত্রের খবর, চলতি বছরে ভারত থেকে যন্ত্রাংশ কেনায় টেসলার মোট ব্যয় ৫ বিলিয়ন (৫০০ কোটি) ডলারে পৌঁছতে পারে। তুলনায় ২০২৩ সালে এই অঙ্ক ছিল প্রায় ১ বিলিয়ন ডলার এবং ২০২৪ সালে প্রায় ২ বিলিয়ন ডলার। চিন ও তাইওয়ানের মতো প্রচলিত উৎপাদন কেন্দ্রের ওপর নির্ভরতা কমানো এবং সরবরাহ শৃঙ্খল আরও শক্তিশালী করার কৌশলের সঙ্গে এই পদক্ষেপ সামঞ্জস্যপূর্ণ বলে মনে করছেন শিল্প বিশেষজ্ঞরা। শিল্প মহলের মতে, উত্তর আমেরিকার বাইরে টেসলার দ্রুততম বর্ধনশীল সোর্সিং হাবগুলোর একটি হয়ে উঠেছে ভারত। একাধিক ভারতীয় টিয়ার-১ কম্পোনেন্ট সরবরাহকারী ইতিমধ্যেই ইলন মাস্কের নেতৃত্বাধীন সংস্থাটির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। গত এক বছরে টেসলা ভারত থেকে যে যন্ত্রাংশ সংগ্রহ করেছে, তার পরিমাণ বহুগুণে বাড়ছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই বৃদ্ধি টেসলার অভ্যন্তরীণ কোডনেমযুক্ত প্রকল্প “রেডউড”-এর সঙ্গে যুক্ত। এটি একটি তুলনামূলকভাবে সাশ্রয়ী মূল্যের বৈদ্যুতিক গাড়ি, যা একটি কমপ্যাক্ট ক্রসওভার হিসেবে বিশ্ববাজারে আনার প্রস্তুতি চলছে। এই এন্ট্রি-লেভেল মডেলের সম্ভাব্য উৎপাদন লক্ষ্যমাত্রার কারণেই বহু বিলিয়ন ইউরোর কম্পোনেন্ট অর্ডার তৈরি হয়েছে, যার বড় অংশ পূরণ করছে ভারতীয় সরবরাহকারীরা।

    কৌশলগত গুরুত্ব

    বিশ্লেষকদের মতে, সাময়িক শুল্কজনিত চাপের তুলনায় টেসলার (Tesla) সোর্সিং সিদ্ধান্তে বেশি প্রভাব ফেলছে খরচে প্রতিযোগিতামূলক সুবিধা, প্রকৌশল দক্ষতা এবং সরবরাহ শৃঙ্খলের স্থিতিশীলতা। এসঅ্যান্ডপি গ্লোবাল মোবিলিটির ডিরেক্টর পুনীত গুপ্ত বলেন, “ভারতীয় সরবরাহকারীদের সঙ্গে অংশীদারিত্ব টেসলার জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে খরচ কমে, দ্রুত লোকালাইজেশন সম্ভব হয় এবং চিনের ওপর নির্ভরতা কমে। অন্যদিকে, ভারতীয় সংস্থাগুলোর ক্ষেত্রেও এটি লাভজনক। টেসলার সঙ্গে কাজ করা বিশ্বাসযোগ্যতা বাড়ায়। আন্তর্জাতিক ক্ষেত্রে টেসলার সঙ্গে কাজ করা ভারতীয় সংস্থাগুলোর গুরুত্ব বাড়ে।” ট্রাম্প প্রশাসনের শুল্ক বাড়ানোর ফলে নতুন করে বাণিজ্য উত্তেজনা তৈরি হলেও, ভারতীয় সরবরাহকারীদের সঙ্গে টেসলার সম্পর্ক অটুট রয়েছে বলে মত বিশেষজ্ঞদের।

  • Tesla In India: ভারতে লঞ্চ হবে টেসলার প্রথম মডেল ওয়াই, দাম কত হতে পারে ?

    Tesla In India: ভারতে লঞ্চ হবে টেসলার প্রথম মডেল ওয়াই, দাম কত হতে পারে ?

    মাধ্যম নিউজ ডেস্ক: খুব শীঘ্রই ভারতের বাজারে আসছে টেসলা (Tesla In India)। কিছুদিনের মধ্যেই দেখা যেতে পারে টিজার। এবার টেসলা নতুন মডেল ওয়াই এসইউভি নিয়ে ভারতে আনুষ্ঠানিকভাবে তার উপস্থিতি শুরু করার জন্য প্রস্তুতি নিচ্ছে। ভারতে বিক্রির জন্য প্রথম পণ্য হিসাবে আসবে ‘ওয়াই’ এসইউভি । আগামী মঙ্গলবার, ১৫ জুলাই মুম্বইয়ে টেসলা এই মডেলের প্রথম স্টোর লঞ্চ করবে। সূত্রের মতে, অগাস্টের শেষ দিক থেকে গাড়ি ডেলিভারি শুরু হতে পারে। গ্রাহকরা আগামী সপ্তাহ থেকেই তাদের গাড়ি কনফিগার ও অর্ডার করতে পারবেন। গাড়ির দাম সম্পর্কে আগেই জানিয়ে দিতে পারে কোম্পানি। জানা গিয়েছে, দিল্লিতে আরও একটি শোরুম খুলবে জুলাইয়ের শেষ নাগাদ।

    টেসলার মডেলে নতুন আপডেট

    টেসলার (Tesla In India) নতুন মডেল ওয়াই একটি বড় আপডেট নিয়ে ভারতে আসতে পারে। একটি নতুন চেহারা আরও ভালো সাসপেনশন ও নতুন ইন্টেরিয়র থাকবে এই গাড়িতে। ভারতে নতুন মডেল ওয়াইয়ের রেঞ্জ ৭০০ কিলোমিটারেরও বেশি হতে পারে। নতুন গাড়িটির সামনের অংশ আলাদা ও অভ্যন্তরীণ অংশে একটি বড় টাচস্ক্রিন ও পিছনের যাত্রীদের জন্য আলাদা স্ক্রিন রয়েছে। এই গাড়ি খুব দ্রুত গতির হবে। ০-১০০ কিমি গতি তুলতে ৫.৯ সেকেন্ড সময় নেবে এই গাড়ি। অন্যদিকে অল হুইল ড্রাইভ (AWD) ৪.৩ সেকেন্ড ১০০ কিমি পর্যন্ত গতি তোলার একটি সুপারকার হবে।

    ভারতে কী তৈরি হবে এই গাড়ি

    আপাতত এই গাড়িগুলি ভারতে আমদানি করা হবে। ভারতে স্থানীয়ভাবে এই গাড়িগুলি (Tesla In India) সেম্বলির কোনও পরিকল্পনা নেই। ভারতে আমদানি করার সময় মডেল ওয়াই-এর দাম প্রায় ৭০ লক্ষ টাকার কাছাকাছি হতে পারে। অন্যদিকে মডেল ৩ কিছুটা সস্তা হতে পারে, তবে খুব বেশি নয়। মডেল ওয়াই আপাতত ফ্ল্যাগশিপ পণ্য হবে কারণ আরও বড় গাড়ি এস সম্ভবত এখানে আসবে না এবং সাইবারট্রাকও আনুষ্ঠানিকভাবে এখানে আসবে না। প্রথম দফায় চিনের টেসলা কারখানা থেকে আসা পাঁচটি মডেল ওয়াই রিয়ার-হুইল ড্রাইভ এসইউভি ইতিমধ্যেই ভারতে এসে পৌঁছেছে।

  • Errol Musk : ‘শিবকে অনুসরণ করলেই বিশ্বে শান্তি আসবে’ ভারতে এসে কী বললেন ইলন মাস্কের বাবা ইরল?

    Errol Musk : ‘শিবকে অনুসরণ করলেই বিশ্বে শান্তি আসবে’ ভারতে এসে কী বললেন ইলন মাস্কের বাবা ইরল?

    মাধ্যম নিউজ ডেস্ক: শিবই শক্তির উৎস, শিবই শান্তির আধার। পুরো বিশ্ব যদি শিবকে অনুসরণ করে তাহলেই শান্তি আসবে। ভারতে দাঁড়িয়ে এই কথা বলেন টেসলা কর্তা ইলন মাস্কের বাবা ইরল মাস্ক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বের প্রশংসাও করেন তিনি। আশ্বাস দেন ভারতে হবেই টেসলার (Tesla In India) কারখানা। যদিও এই বিষয়ে প্রধানমন্ত্রী মোদি ও ইলন মাস্কের (Elon Musk) ওপরই সব ছেড়েছেন ইরল মাস্ক (Errol Musk)। তিনি জানান, ক্রম উন্নতি হচ্ছে এমন অর্থনীতির মুখে দাঁড়িয়ে রয়েছে ভারত। ভারতের জন্য এটা খুব ভালো সময়।

    শিব-বন্দনা, হিন্দুধর্মের প্রতি অনুরাগ

    দক্ষিণ আফ্রিকার ব্যবসায়ী ইরল মাস্ক রবিবার ৫ দিনের ভারত সফরে এসেছেন। দিল্লিতে এসেছেন তিনি। পলিসি নির্মাতা, বিনিয়োগকারী, ব্যবসায়ী, আমলাদের সঙ্গে তাঁর মিটিংয়ের কথা রয়েছে। ৬ জুন তিনি ফের সাউথ আফ্রিকার জন্য রওনা দেবেন। ৭৯ বছর বয়সি ইরল মাস্ক (Errol Musk) রিয়ানার সাফিয়াবাদে সৌর ও ইভি চার্জার তৈরির ইউনিট পরিদর্শন করবেন। অযোধ্যার রামমন্দিরেও যাবেন তিনি। সোমবার, এক অনুষ্ঠানে হিন্দুধর্মও শিবের প্রতি তাঁর ভক্তির কথা জানান ইরল। সম্প্রতি পহেলগাঁওয়ে হিন্দু পর্যটকদের হত্যার নিন্দা করে মাস্ক বলেন, “শিবের থেকে অনেক কিছু শেখার আছে। শিবই শক্তি, শিবই শান্তি। শিবকে অনুসরণ করলেই পৃথিবীতে শান্তি আসবে।”

    প্রধানমন্ত্রী মোদির প্রশংসা

    সোমবার ভারতে টেসলার কারখানা হওয়ার বিষয়ে আশা দেখিয়েছেন ইরল মাস্ক (Errol Musk)। পাশাপাশি তিনি বলেছেন, কোনও সন্দেহ নেই, ভারতে একটি টেসলার উৎপাদন কারখানা থাকবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ইলন মাস্ককে এই বিষয়ে বসে আলোচনা করতে হবে। দেখতে হবে, আলোচনা যেন, উভয়ের জন্যই লাভজনক হয়। টেসলাকে দেশে আনার ক্ষেত্রে প্রধানমন্ত্রী মোদি ভারতের স্বার্থের দিকে নজর দেবেন। ঠিক তেমনই ইলনকে একটি কোম্পানি হিসেবে টেসলার স্বার্থের দিকে নজর দিতে হবে। সুতরাং, তাদের এমন কিছু ঠিক করতে হবে, যা টেসলার পাশাপাশি ভারতের জন্যও ভালো হয়। মাস্ক আরও বলেছেন, “আমার কোনও সন্দেহ নেই যে ভারতে একটি টেসলার উৎপাদন কারখানা থাকবে। ভারতে একটি টেসলা প্ল্যান্ট থাকা উচিত। ভারত বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ স্থান।” প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে মুগ্ধ ইরল বলেন, “নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারত সঠিক পথে এগিয়ে চলেছে। যে কোনও বিষয়ে তাঁর দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেশকে সঠিক দিশা দেখায়। তাঁর বুদ্ধি ও দক্ষতা ভারতকে বিশ্বগুরু-র আসনে নিয়ে যাবে।”

  • Tesla: মোদি-মাস্ক বৈঠকের পরই ভারতে কর্মী নিয়োগের ঘোষণা টেসলার

    Tesla: মোদি-মাস্ক বৈঠকের পরই ভারতে কর্মী নিয়োগের ঘোষণা টেসলার

    মাধ্যম নিউজ ডেস্ক: মার্কিন ধনকুবের ইলন মাস্কের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকের পরেই ভারতে কর্মী নিয়োগের ঘোষণা করল টেসলা (Tesla)। আপাতত দিল্লি এবং মুম্বই জুড়ে ১৩টি পদের জন্য কর্মী চাইছে তারা। ভারতে কারখানা তৈরিতে ২ বিলিয়ন ডলার বিনিয়োগ করার ভাবনা রয়েছে টেসলার। ভারতীয় মার্কেট নিয়ে টেসলা আগেও আগ্রহ দেখিয়েছে। কিন্তু চড়া আমদানি শুল্কের জেরে ধীরে চলো নীতি নেয় এই সংস্থা। সম্প্রতি ভারত সরকার ৪০ হাজার ডলারের বেশি মূল্যের হাইএন্ড গাড়িতে কাস্টমস ডিউটি কমানোর পরই এ দেশের বাজার নিয়ে ফের ভাবনা চিন্তা শুরু করেছে টেসলা।

    কোথায় কত কর্মী নিয়োগ

    প্রাথমিক পর্যায়েই (Tesla Recruitment) টেসলা ভারতের জন্য ২ হাজার শূন্যপদে কর্মী নিয়োগ করতে চলেছে বলে জানা গিয়েছে। ইঞ্জিনিয়ারিং, সেলস বা অপারেশনে অভিজ্ঞতা (Tesla Plan) থেকে থাকলে আপনিও বিশ্বের বৃহত্তম সংস্থার অংশ হতে পারবেন বলেই জানিয়েছেন ইলন মাস্ক। ভারতে বড় মাপের উৎপাদন কেন্দ্র গড়ে তুলবে ব্যাটারি উৎপাদনকারী (Elon Musk) সংস্থা টেসলা পাওয়ার। এই সংস্থা ভারতে তার ব্যবসা সম্প্রসারণের কথা ভাবছে। সোমবার টেসলার পক্ষ থেকে এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। টেসলা পাওয়ার ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর কাবিন্দর খুরানা জানিয়েছেন যে, ‘আমরা ভারতে আমাদের ব্যবসা চালিয়ে যাচ্ছি এবং তা সম্প্রসারণের চেষ্টা করছি। নানারকম উদ্ভাবনের মাধ্যমে টেকসই লক্ষ্যমাত্রা অর্জন করতে প্রতিভাবান ব্যক্তিদের গুরুত্বপূর্ণ ভূমিকাকে স্বীকৃতি দিই। আমরা আমাদের টিমে সবসময় নতুন প্রতিভাকে স্বাগত জানাতে চাই। আমাদের লক্ষ্যকে আরও এগিয়ে নিতে তাদের অবদানগুলিকে কাজে লাগাতে পেরে আমরা যারপরনাই খুশি।’

    ১৩টি বিভিন্ন পদে নিয়োগ

    মোট ১৩টি বিভিন্ন পদে হবে এই নিয়োগ। সার্ভিস টেকনিশিয়ান, অ্যাডভাইজরি পদের জন্য মুম্বই ও দিল্লিতে নিয়োগ হবে এবং কাস্টমার এনগেজমেন্ট ম্যানেজার এবং ডেলিভারি অপারেশনস স্পেশালিস্ট পদের জন্য নিয়োগ করা হবে মুম্বইতে। ২০১৯ সালেই প্রথম ভারতে ব্যবসা শুরু করার অনুমতি চায় টেসলা (Tesla)। সেই থেকে মাস্ক ও মোদি প্রশাসনের মধ্যে আলোচনা চলছে। এবার হয়তো দুপক্ষ সহমত হয়েছে, লিঙ্কডইন পোস্ট থেকেই সেই ইঙ্গিত মিলেছে।

    টেসলা ভারতে যে সব পোস্টে কর্মী নিয়োগ করবে সেগুলি হলঃ

    সার্ভিস টেকনিশিয়ান

    সার্ভিস ম্যানেজার

    ইনসাইড সেলস অ্যাডভাইজার

    কাস্টমার সার্পোট সুপারভাইজার

    কাস্টমার সার্পোট স্পেশালিস্ট

    অর্ডার অপারেশন স্পেশালিস্ট

    সার্ভিস অ্যাডভাইজার

    টেসলা অ্যাডভাইজার

    পার্টস অ্যাডভাইজার

    ডেলিভারি অপারেশন স্পেশালিস্ট

    বিজ়নেস অপারেশন অ্যানালিস্ট

    স্টোর ম্যানেজার

    ভারতীয় বাজারে টেসলার আগ্রহ

    টেসলা (Tesla) ভারতীয় বাজারে প্রবেশের জন্য আগে দুবার চেষ্টা করেছে, কিন্তু উভয় প্রচেষ্টাই ব্যর্থ হয়েছে। প্রথমত, ভারতে উচ্চ আমদানি শুল্ক—যা পূর্বে ১১০% পর্যন্ত ছিল। এই আমদানি শুল্কের ফলে টেসলা গাড়িগুলি অত্যন্ত ব্যয়বহুল হয়। দ্বিতীয় সমস্যা ছিল সরকারের পক্ষ থেকে অভ্যন্তরীণ উৎপাদন প্রতিষ্ঠার অনুরোধ। সরকার চাইছিল যে টেসলা আমদানি না করে, বরং ভারতে একটি উৎপাদন কেন্দ্র স্থাপন করুক, কিন্তু কোম্পানিটি একটি উন্নয়নশীল বাজারে এমন বড় পরিমাণে বিনিয়োগ করতে দ্বিধা করে। এছাড়া, ভারতের বৈদ্যুতিক গাড়ির চাহিদা এখনও বড় বাজারগুলির তুলনায় অনেক কম, যদিও সাম্প্রতিক সময়ে কিছুটা বৃদ্ধি পাচ্ছে।

    ভারত কি টেসলার জন্য প্রস্তুত?

    ভারতের বাজারে ধীরে ধীরে বৈদ্যুতিন গাড়ির চাহিদা বেড়ে চলেছে। টেসলার (Tesla) সম্প্রসারণের ফলে এই বাজার আরও দ্রুত ত্বরান্বিত হবে। টেসলার এই তৃতীয় প্রচেষ্টা এমন সময়ে আসছে যখন ভারতে বৈদ্যুতিক গাড়ির চাহিদা বাড়ছে। মোদি সরকারের পক্ষ থেকে সহায়ক নীতিও গ্রহণ করা হয়েছে। সরকারি উদ্যোগের মাধ্যমে, বিলাসবহুল বৈদ্যুতিক গাড়ির উপর ১১০% আমদানি শুল্ক কমিয়ে ৭০% করা হয়েছে, যার ফলে টেসলার গাড়িগুলি এখন আরও যুক্তিসঙ্গত দামে পাওয়া যাবে। এর পাশাপাশি, ভারতে বৈদ্যুতিক গাড়ির বাজারটি সম্প্রতি বৃদ্ধি পাচ্ছে। ফেডারেশন অফ অটোমোবাইল ডিলারস অ্যাসোসিয়েশনের (FADA) তথ্য অনুসারে, ২০২৩ সালে ৮২,৬৮৮ ইউনিট থেকে ২০২৪ সালে ৯৯,১৬৫ ইউনিট বৈদ্যুতিক গাড়ি বিক্রি হয়েছে, যা ১৯.৯৩% বৃদ্ধি পেয়েছে। এই বাড়তি চাহিদা, চার্জিং অবকাঠামোর উন্নতি এবং আরও বেশি উৎপাদকদের সাশ্রয়ী মূল্যে মডেল বাজারে আনার মাধ্যমে, ২০২৫ সালে বৈদ্যুতিক গাড়ির বিক্রি দ্বিগুণ হতে পারে।

    পরিবর্তনের আশা

    চিনের বাজার ক্রমশ হ্রাস পাওয়ায় টেসলা ভারতের দিকে ঝুঁকেছে। তবে, দাম এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, কারণ টাটা মোটরস, মহিন্দ্রা & মহিন্দ্রা, হুন্ডাই এবং মারুতি সুজুকির মতো কোম্পানিগুলি ভারতের ভোক্তাদের জন্য সস্তা ইভি বিক্রি করছে। ২০১৯ সালেই প্রথম ভারতে ব্যবসা শুরু করার অনুমতি চায় টেসলা। সেই থেকে মাস্ক ও মোদি প্রশাসনের মধ্যে আলোচনা চলছে। এবার দুপক্ষ সহমত হয়েছে। যদি টেসলা সফল হয়, তবে এর আগমন ভারতীয় গাড়ির বাজারে আমূল পরিবর্তন আনবে।

LinkedIn
Share