Tag: Udit Prakash Rai

Udit Prakash Rai

  • Satyendar Jain: দিল্লি জল বোর্ডের টেন্ডার দুর্নীতি মামলায় গ্রেফতার আপ নেতা সত্যেন্দ্র, জালে আরও ৫

    Satyendar Jain: দিল্লি জল বোর্ডের টেন্ডার দুর্নীতি মামলায় গ্রেফতার আপ নেতা সত্যেন্দ্র, জালে আরও ৫

    মাধ্যম নিউজ ডেস্ক: দিল্লি জল বোর্ডের টেন্ডার প্রক্রিয়ায় দুর্নীতি ও অনিয়মের (Jal Board Corruption Case) অভিযোগে আম আদমি পার্টির নেতা এবং দিল্লির প্রাক্তন জলমন্ত্রী সত্যেন্দ্র জৈনকে (Satyendar Jain) গ্রেফতার করল দুর্নীতি দমন শাখা। অর্থ পাচার মামলায় ইতিমধ্যেই ১৮ মাস জেলে কাটিয়েছেন জৈন। তাঁর এই গ্রেফতারিকে ঘিরে নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

    যেসব অভিযোগে গ্রেফতার সত্যেন্দ্ররা (Satyendar Jain)

    এই মামলায় জৈন ছাড়াও আরও পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন দিল্লি জল বোর্ডের প্রাক্তন প্রধান কার্যনির্বাহী আধিকারিক তথা আইএএস অফিসার উদিত প্রকাশ রাই, প্রাক্তন চুক্তিভিত্তিক পরামর্শদাতা অঙ্কিত শ্রীবাস্তব এবং তিন বেসরকারি ব্যক্তি নাগেন্দ্র যাদব, রাজা কুমার কুররা ও পঙ্কজ বর্মা। দিল্লি দুর্নীতি দমন শাখার দাবি, ২০২৪ সালের ১১ মে দায়ের হওয়া এফআইআরের ভিত্তিতেই এই গ্রেফতারি। দুর্নীতি প্রতিরোধ আইন এবং ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা দায়ের হয়েছিল। দিল্লির জাতীয় রাজধানী অঞ্চলের সরকারের নজরদারি অধিদফতরের অভিযোগের ভিত্তিতে মামলার সূত্রপাত। অভিযোগ, দিল্লি জল বোর্ডের অধীনে নিকাশি জল শোধনাগারের সম্প্রসারণ ও আধুনিকীকরণের জন্য বিভিন্ন কাজের বরাত দেওয়ার ক্ষেত্রে ব্যাপক অনিয়ম করা হয়েছিল। টেন্ডারের শর্ত বদলে দেওয়া, প্রক্রিয়ায় কারচুপি এবং অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগও উঠেছে। মামলায় ঘুষ, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, প্রতারণা এবং অপরাধমূলক ষড়যন্ত্রের মতো অভিযোগ রয়েছে। দুর্নীতি দমন শাখার বক্তব্য, তদন্তে টেন্ডার প্রক্রিয়ায় কারচুপির প্রাথমিক প্রমাণ সামনে আসার পরেই অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ করা হয়েছে।

    আপের প্রশ্ন

    গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে রাজনৈতিকভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ নাম হল সত্যেন্দ্র (Satyendar Jain)। দিল্লির জলমন্ত্রী থাকাকালীন জল বোর্ডের সঙ্গে তাঁর সরাসরি প্রশাসনিক যোগ ছিল। তবে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের সময়কাল ও দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুলেছে আম আদমি পার্টি। দলের নেতা ধান্ডা সোশ্যাল মিডিয়ায় করা এক পোস্টে প্রশ্ন তোলেন, “আর কত প্রমাণ দরকার যে বিজেপি আম আদমি পার্টিকে ভয় পায়?” তাঁর আরও প্রশ্ন, জৈন যখন ১৮ মাস জেলে ছিলেন, তখন তাঁর অনুপস্থিতিতে ঘটে যাওয়া অনিয়মের জন্য তাঁকে কীভাবে দায়ী করা যায়? জৈনের গ্রেফতারির সঙ্গে আসন্ন পাঞ্জাব বিধানসভা নির্বাচনকেও যুক্ত করেছে আম আদমি পার্টি। বর্তমানে পাঞ্জাবে দলের সহ-দায়িত্বপ্রাপ্ত নেতা হিসেবে কাজ করছেন জৈন। দলের অভিযোগ, সেই কারণেই এই পদক্ষেপ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এদিকে, দুর্নীতি দমন শাখা এই অভিযোগ অস্বীকার করেছে। তাদের বক্তব্য, দিল্লি জল বোর্ডের টেন্ডার প্রক্রিয়ায় দুর্নীতি ও কারচুপির অভিযোগের তদন্তের অংশ হিসেবেই গ্রেফতার করা হয়েছে অভিযুক্তদের। মামলায় সত্যেন্দ্রকে দিল্লির প্রাক্তন জলমন্ত্রী, উদিত প্রকাশ রাইকে দিল্লি জল বোর্ডের প্রাক্তন প্রধান কার্যনির্বাহী আধিকারিক এবং অঙ্কিত শ্রীবাস্তবকে প্রাক্তন চুক্তিভিত্তিক পরামর্শদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে। নাগেন্দ্র, রাজা, এবং পঙ্কজকে এফআইআরে নাম থাকা সংস্থাগুলির সঙ্গে যুক্ত বেসরকারি ব্যক্তি হিসেবে চিহ্নিত করা হয়েছে।

    পুরো তদন্তের কেন্দ্রবিন্দুতে রয়েছে নিকাশি জল শোধন পরিকাঠামো সংক্রান্ত বিভিন্ন চুক্তিতে অনিয়মের অভিযোগ। ফলে অভিযুক্তদের (Satyendar Jain) রাজনৈতিক গুরুত্বের পাশাপাশি সাধারণ মানুষের অর্থে নির্মিত গুরুত্বপূর্ণ জনপরিকাঠামো প্রকল্পও (Jal Board Corruption Case) এই মামলাকে করে তুলেছে বিশেষ তাৎপর্যপূর্ণ।

     

  • Delhi Bureaucrats Transfer: দিল্লিতে বিরাট প্রশাসনিক রদবদল, নেপথ্যে কারণ দুর্নীতি? 

    Delhi Bureaucrats Transfer: দিল্লিতে বিরাট প্রশাসনিক রদবদল, নেপথ্যে কারণ দুর্নীতি? 

    মাধ্যম নিউজ ডেস্ক: উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার (Manish Sisodia) বাড়িতে সিবিআই হানার কয়েক ঘণ্টার মধ্যেই বড় প্রশাসনিক রদবদল (Bureaucratic Reshuffle) হল দিল্লিতে (Delhi)। ১২ জন সরকারি আধিকারিককে বদলির নির্দেশ দিলেন লেফটেল্যান্ট গভর্নর (L-G Delhi)। দিল্লি সরকারের জারি করা বদলির নির্দেশিকা অনুযায়ী, যাঁদের বদলির নির্দেশ দেওয়া হয়েছে তাঁদের মধ্যে রয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণের বিশেষ সচিব, অরুণাচল প্রদেশ-গোয়া-মিজোরাম এবং কেন্দ্রশাসিত অঞ্চল ক্যাডারের ২০০৭ ব্যাচের আইএএস অফিসার, উদিত প্রকাশ রাই (Udit Prakash Rai)।  

    আরও পড়ুন: দিল্লির উপমুখ্যমন্ত্রীর বাড়িতে সিবিআই হানা! স্বাগত ট্যুইট মণীশ, কেজরির

    দিল্লির লেফটেন্যান্ট গভর্নর বিনাই কুমার সাক্সেনা সম্প্রতি উদিত প্রকাশ রাই- এর বিরুদ্ধে দুটি দুর্নীতি মামলায় ৫০ লক্ষ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ জানিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রকে। নতুন নির্দেশিকা অনুযায়ী, উদিত প্রকাশ রাইকে প্রশাসনিক সংস্কার বিভাগে বিশেষ সচিব পদে বদলি করা হয়েছে। এই মুহূর্তে দিল্লির স্বাস্থ্য দফতরের দায়িত্বে সামলাচ্ছেন মণীশ সিসোদিয়া। উদিত প্রকাশ রাইয়ের জায়গায় আসতে চলেছেন ২০০৭ ব্যাচের আইএএস বিজেন্দ্র সিং রাওয়াত। 

    নির্দেশ অনুসারে, ১৯৯০ ব্যাচের অফিসার জিতেন্দ্র নারায়ণকে দিল্লি ফাইন্যান্স কর্পোরেশন (ডিএফসি) এর চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক করা হয়েছে এবং দক্ষিণ-পশ্চিম দিল্লির জেলা ম্যাজিস্ট্রেট হেমন্ত কুমারকে ডিএফসি-এর নির্বাহী পরিচালকের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

    আরও পড়ুন: ফের মুম্বইয়ে জঙ্গি-নাশকতার ছক! মিলল অস্ত্রবোঝাই নৌকা, কী বলছেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী

    বিবেক পাণ্ডেকে সচিব (আইটি) হিসাবে নিযুক্ত করা হয়েছে এবং জিওস্পেশিয়াল দিল্লি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এবং কেন্দ্রশাসিত সিভিল সার্ভিসের ডিরেক্টরের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে তিনি প্রশাসনিক (সংস্কার) সচিব পদে ছিলেন। ২০০৪ ব্যাচের আইএএস শুরবীর সিংকে সমন্বয় সচিবের এর দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে বিদ্যুৎ সচিবের এর দায়িত্ব দেওয়া হয়েছে এবং তিনি দিল্লি সাবোর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ডের চেয়ারম্যান পদে বহাল থাকবেন। 

    অফিসার গরিমা গুপ্তকে পরিবহণের বিশেষ সচিব পদের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়াও তিনি শাহজাহানাবাদ পুনঃউন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক এবং সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু উন্নয়নের সচিব পদে বহাল থাকবেন বলে নির্দেশিকায় বলা হয়েছে। 

    ২০০৫ ব্যাচের অফিসার আশিস মাধোরাও মোরেকে সচিব (পরিষেবা)-এর অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া তিনি সাধারণ প্রশাসনিক দফতর এবং মুখ্য সচিবের স্টাফ অফিসার হিসাবে তাঁর আগের দায়িত্বে বহাল থাকবেন। নারী ও শিশু উন্নয়ন অধিদফতরের পরিচালক কৃষ্ণ কুমারকে ১ সেপ্টেম্বর থেকে রেজিস্ট্রার সমবায় সমিতির অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। 

    ২০১০ ব্যাচের আধিকারিক কল্যাণ সাহাই মীনাকে নগর উন্নয়নের বিশেষ সচিব হিসেবে নিয়োগ করা হয়েছে। নারী ও শিশু উন্নয়ন অধিদপ্তরের পরিচালক কৃষ্ণ কুমারকে ১ সেপ্টেম্বর থেকে রেজিস্ট্রার সমবায় সমিতির অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

    ২০১০ ব্যাচের অফিসার কল্যাণ সহায় মীনাকে নগরোন্নয়নের বিশেষ সচিব হিসেবে নিয়োগ করা হয়েছে। এর আগে তিনি প্রশাসনিক সংস্কারের বিশেষ সচিব পদের দায়িত্বে ছিলেন। ২০১২ ব্যাচের অফিসার সোনাল স্বরূপকে লেফটেন্যান্ট গভর্নরের বিশেষ সচিব হিসেবে নিয়োগ করা হয়েছে। এর আগে তিনি দিল্লি মিউনিসিপ্যাল ​​কর্পোরেশনে অতিরিক্ত কমিশনারের পদে ছিলেন।  

LinkedIn
Share