Tag: VHP to Sonia

  • Sonia Gandhi Memoir: সোনিয়া গান্ধীর স্মৃতিকথায় হিন্দু ভাবাবেগে আঘাত! ক্ষমা চাওয়ার দাবি বিশ্ব হিন্দু পরিষদের

    Sonia Gandhi Memoir: সোনিয়া গান্ধীর স্মৃতিকথায় হিন্দু ভাবাবেগে আঘাত! ক্ষমা চাওয়ার দাবি বিশ্ব হিন্দু পরিষদের

    মাধ্যম নিউজ ডেস্ক: সোনিয়া গান্ধীর স্মৃতিকথা ‘বিলঙ্গিং আ জার্নি অফ লাভ’ (Belonging: A Journey of Love) প্রকাশকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক বিতর্ক তৈরি হল। হিন্দু ভাবাবেগে আঘাত, সন্ত্রাসবাদীদের প্রতি কথিত সহানুভূতি এবং হিন্দুদের উপর অত্যাচারের ঘটনায় বেছে বেছে নীরব থাকার অভিযোগ তুলে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানাল বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)। সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ডঃ সুরেন্দ্র জৈন একাধিক ঐতিহাসিক ঘটনা তুলে ধরে সোনিয়া গান্ধী এবং কংগ্রেস নেতৃত্বের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন।

    হিন্দুদের উপর অত্যাচার নিয়ে নীরব কেন?

    সোনিয়া গান্ধীর স্মৃতিকথা প্রকাশের আবহে ডঃ জৈনের অভিযোগ, বাবরি কাঠামো ধ্বংসের ঘটনায় সোনিয়া গান্ধী উদ্বেগ প্রকাশ করলেও হিন্দুদের উপর অত্যাচার, তাঁদের প্রাণহানি এবং দেশের নিরাপত্তারক্ষীদের আত্মত্যাগের ঘটনায় তাঁর কাছ থেকে একই রকম প্রতিক্রিয়া দেখা যায়নি। তাঁর বক্তব্য, নির্দিষ্ট কিছু ঘটনার ক্ষেত্রে আবেগ প্রকাশ করা হলেও অন্য বহু ঘটনায় সেই আবেগের কোনও প্রতিফলন দেখা যায়নি। এই মনোভাবকেই তিনি ‘বেছে বেছে সহানুভূতি প্রকাশ’ বলে কটাক্ষ করেছেন।

    দিল্লির বাটলা হাউস এনকাউন্টারের প্রসঙ্গ তুলে সোনিয়া গান্ধীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন ডঃ জৈন। তাঁর দাবি, ওই অভিযানে জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে গুরুতর আহত হয়েছিলেন পুলিশ ইনস্পেক্টর মোহন শর্মা। পরে তাঁর মৃত্যু হয়। অথচ অভিযানের সময় সোনিয়া গান্ধীর কথিত আবেগপ্রবণ প্রতিক্রিয়া নিয়ে আলোচনা হলেও কর্তব্যরত ওই পুলিশ আধিকারিকের আত্মত্যাগের প্রতি একই ধরনের সহমর্মিতা প্রকাশ করা হয়েছিল কি না, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

    কাশ্মীরের পরিস্থিতির প্রসঙ্গ উত্থাপন

    এর পরেই কাশ্মীরের পরিস্থিতির প্রসঙ্গ উত্থাপন করেন ভিএইচপি নেতা। তাঁর দাবি, কাশ্মীরে ৩০০-রও বেশি মন্দির ধ্বংস করা হয়েছিল। উপত্যকায় হিন্দুদের উপর অত্যাচার এবং কাশ্মীরি পণ্ডিতদের ঘরছাড়া হওয়ার ঘটনাও উল্লেখ করেন তিনি। প্রশ্ন তোলেন, কাশ্মীরি হিন্দুদের দুর্দশা এবং তাঁদের বাস্তুচ্যুত হওয়ার ঘটনায় সোনিয়া গান্ধী কি কখনও একই রকম উদ্বেগ প্রকাশ করেছিলেন?

    এখানেই থেমে থাকেননি ডঃ জৈন। প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর আমলে দিল্লিতে গোহত্যা বন্ধের দাবিতে আন্দোলন করতে আসা নিরস্ত্র সাধুদের হত্যার প্রসঙ্গও তুলে ধরেন তিনি। একই সঙ্গে অযোধ্যার রামমন্দির আন্দোলনে করসেবক শরদ কোঠারি ও রাম কোঠারির মৃত্যুর প্রসঙ্গ উল্লেখ করে প্রশ্ন করেন, তাঁদের আত্মত্যাগ নিয়েও কি একই রকম আবেগ দেখানো হয়েছিল?

    সম্প্রতি পহেলগাঁওয়ে হিন্দু পর্যটকদের হত্যার ঘটনাও তাঁর বক্তব্যে উঠে আসে। ডঃ জৈনের অভিযোগ, পর্যটকদের ধর্মীয় পরিচয় জানতে চাওয়ার পর তাঁদের লক্ষ্য করে হত্যা করা হয়েছিল। এই ধরনের সন্ত্রাসবাদী হামলার বিরুদ্ধে কংগ্রেস নেতৃত্বের অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

    শিখবিরোধী দাঙ্গার প্রসঙ্গ

    ১৯৮৪ সালের শিখবিরোধী দাঙ্গার প্রসঙ্গও এড়িয়ে যাননি ভিএইচপি নেতা। তাঁর প্রশ্ন, ওই দাঙ্গায় শিখদের গণহত্যার ঘটনায় সোনিয়া গান্ধী কি একই রকম শোক প্রকাশ করেছিলেন? হিংসা বন্ধ করতে বা নির্যাতিতদের রক্ষা করতে তাঁর তরফে কী পদক্ষেপ করা হয়েছিল, তা নিয়েও প্রশ্ন তোলেন ডঃ জৈন।

    সোনিয়া গান্ধীর বাবরি কাঠামো ধ্বংস নিয়ে কথিত আবেগপ্রকাশকে কটাক্ষ করে ডঃ জৈন ‘কুমিরের কান্না’ এবং ‘নির্বাচনী কান্না’ বলে অভিহিত করেন। তাঁর অভিযোগ, নির্দিষ্ট একটি ভোটব্যাঙ্ককে সন্তুষ্ট করতেই এই ধরনের প্রতিক্রিয়া দেখানো হয়। অথচ হিন্দুদের উপর অত্যাচার কিংবা দেশের নিরাপত্তারক্ষীদের আত্মত্যাগের ক্ষেত্রে সেই একই সংবেদনশীলতা দেখা যায় না।

    নির্বাচনী প্রচারে হিন্দু ধর্মীয় ঐতিহ্য নিয়ে বিভিন্ন মন্তব্যের প্রসঙ্গও তুলে ধরেন তিনি। দীপাবলির সঙ্গে বায়ুদূষণের যোগসূত্র টেনে এক কংগ্রেস নেতার মন্তব্যের উল্লেখ করে ডঃ জৈন প্রশ্ন তোলেন, একইভাবে ঈদকে কেন্দ্র করে বায়ুদূষণের প্রসঙ্গ কেন তোলা হয় না? এই ধরনের মন্তব্যের জন্য সোনিয়া গান্ধী এবং কংগ্রেস নেতৃত্ব ক্ষমা চাইতে প্রস্তুত কি না, তা জানতে চান তিনি।

    ধর্মনিরপেক্ষতার কথা বললেও ভোট রাজনীতি

    ডঃ জৈনের অভিযোগ, ধর্মনিরপেক্ষতার কথা বললেও কিছু রাজনৈতিক দল মুসলিম ভোটারদের মন জয় করতে গিয়ে হিন্দু ধর্মীয় আচার, উৎসব ও ঐতিহ্যকে অসম্মান করছে। তাঁর দাবি, এ ধরনের রাজনীতি দেশের সামাজিক সম্প্রীতি ও জাতীয় পরিচয়ের পক্ষেও ক্ষতিকর।

    শেষে ডঃ জৈন বলেন, হিন্দু সমাজ নিজেদের ধর্মবিশ্বাস, ঐতিহ্য এবং জাতীয় পরিচয়ের অবমাননা মেনে নেবে না। রাজনৈতিক স্বার্থে হিন্দুদের ভাবাবেগে আঘাত করা কিংবা দেশের নিরাপত্তারক্ষীদের আত্মত্যাগকে উপেক্ষা করার প্রবণতার তীব্র নিন্দা করেন তিনি। একই সঙ্গে সোনিয়া গান্ধী-সহ যাঁরা এই ধরনের বিতর্কিত মন্তব্য করেছেন, তাঁদের হিন্দু সমাজের কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানান ভিএইচপি নেতা।

LinkedIn
Share