Tag: west bengal got

  • Bharosa Scheme: বেকার যুবক-যুবতীদের জন্য ‘ভরসা’ শুভেন্দুর! জানুয়ারিতেই মিলবে মাসিক ৩ হাজার টাকা

    Bharosa Scheme: বেকার যুবক-যুবতীদের জন্য ‘ভরসা’ শুভেন্দুর! জানুয়ারিতেই মিলবে মাসিক ৩ হাজার টাকা

    মাধ্যম নিউজ ডেস্ক: বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের বেকার যুবক-যুবতীদের আর্থিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। ক্ষমতায় এলে অন্নপূর্ণা ভাণ্ডারের ধাঁচে বেকারদের জন্য নতুন প্রকল্প চালুর আশ্বাস দিয়েছিল তারা। রাজ্যে পালাবদলের পর এবার সেই প্রতিশ্রুতি পূরণের পথে হাঁটল নতুন সরকার। বৃহস্পতিবার হুগলির পুরশুড়া থেকে বেকার যুবক-যুবতীদের জন্য নতুন প্রকল্পের নাম ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Bharosa Scheme)। প্রকল্পের নাম রাখা হয়েছে ‘ভরসা স্কিম’। একই সঙ্গে কবে থেকে এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে, তাও স্পষ্ট করে দিয়েছেন তিনি।

    মাসিক আর্থিক সহায়তা

    ২০২৬ সালের রাজ্য বাজেটেই এই প্রকল্পের ঘোষণা করেছিল বিজেপি সরকার। সেই সময় জানানো হয়েছিল, ২১ থেকে ৪৫ বছর বয়সি যোগ্য শিক্ষিত বেকার যুবক-যুবতীরা এই প্রকল্পের আওতায় মাসিক আর্থিক সহায়তা পাবেন। গ্র্যাজুয়েট ও নন-গ্র্যাজুয়েটদের জন্য মাসে ৩,০০০ টাকা এবং অন্যান্য যোগ্য বেকারদের জন্য মাসে ২,০০০ টাকা ভাতা দেওয়ার প্রস্তাব রাখা হয়েছিল। তবে প্রকল্পটি কবে থেকে কার্যকর হবে, তা নিয়ে এতদিন ধোঁয়াশা ছিল।

    ‘ভরসা স্কিম’-এর অনুমোদন

    বৃহস্পতিবার সেই অপেক্ষার অবসান ঘটিয়ে মুখ্যমন্ত্রী জানান, আগামী ২৩ তারিখ মন্ত্রিসভার বৈঠকে ‘ভরসা স্কিম’-এর (Bharosa Scheme) অনুমোদন দেওয়া হবে। এরপর জানুয়ারি মাস থেকেই উপভোক্তারা এই প্রকল্পের সুবিধা পেতে শুরু করবেন। পুরশুড়ার সভা থেকে শুভেন্দু অধিকারী বলেন, “আমার যুবক ভাইরা, গ্র্যাজুয়েট এবং নন-গ্র্যাজুয়েট, আপনাদের স্কিমের নাম দিচ্ছি আমরা ‘ভরসা স্কিম’। আগামী ২৩ তারিখ মন্ত্রিসভার বৈঠকে এই প্রকল্পের অনুমোদন দেওয়া হবে। জানুয়ারি মাস থেকে এই প্রকল্পের সুবিধা মিলবে। যে সমস্ত বেকার যুবক-যুবতী অন্য কোনও প্রকল্পের সুবিধা পাচ্ছেন না, তাঁদের পাশে দাঁড়াবে সরকার। যতদিন না তাঁরা চাকরি পাচ্ছেন, ততদিন সরকার তাঁদের পাশে থাকবে।”

    সুবিধা চালুর সময়সীমা

    এর আগে তৃণমূল সরকারের আমলে বেকার যুবক-যুবতীদের আর্থিক সহায়তা দিতে চালু হয়েছিল ‘যুবসাথী’ প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে উপভোক্তাদের মাসে ১,৫০০ টাকা করে দেওয়া হত। রাজ্যে সরকার পরিবর্তনের পর নতুন সরকারের আমলে সেই প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। তবে প্রথম রাজ্য বাজেটেই বেকারদের জন্য নতুন আর্থিক সহায়তা প্রকল্পের ঘোষণা করে বিজেপি সরকার। এবার সেই প্রকল্পের নাম, মন্ত্রিসভার অনুমোদনের সম্ভাব্য দিন এবং সুবিধা চালুর সময়সীমাও জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। ফলে নতুন বছরের শুরুতেই রাজ্যের যোগ্য বেকার যুবক-যুবতীদের হাতে আর্থিক সহায়তা পৌঁছনোর পথ খুলতে চলেছে।

LinkedIn
Share