Tag: West Indies

West Indies

  • Virat Kohli: ৫৫তম ওয়ানডে সেঞ্চুরি! সচিন-গাভাসকরকে পিছনে ফেলে বিরাট রেকর্ড কিং কোহলির

    Virat Kohli: ৫৫তম ওয়ানডে সেঞ্চুরি! সচিন-গাভাসকরকে পিছনে ফেলে বিরাট রেকর্ড কিং কোহলির

    মাধ্যম নিউজ ডেস্ক: তিরুঅনন্তপুরমে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ওয়ানডেতে ব্যাট হাতে ঝড় তুললেন বিরাট কোহলি (Virat Kohli)। তাঁর অপরাজিত ১৩৯ রানের দুর্দান্ত ইনিংসের সৌজন্যে তিন ম্যাচের সিরিজের (India vs West Indies) প্রথম ম্যাচে ৮ উইকেটে জয় পেল ভারত। ২৯৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৪১.৪ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে ৩০০ রান তুলে ম্যাচ জিতে নেয় ভারত। ৮৮ বলে অপরাজিত ১৩৯ রান করেন কোহলি। তাঁর ইনিংসে ছিল ১০টি চার ও ৯টি ছক্কা। স্ট্রাইক রেট ছিল ১৫৭-এরও বেশি। অন্যদিকে শুভমন গিল করেন ১০৮ বলে ১১০ রান। দ্বিতীয় উইকেটে কোহলি ও গিলের ১৫১ রানের জুটি ভারতের জয়ের ভিত শক্ত করে দেয়।

    বিরাট-রেকর্ড

    ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এই ইনিংসে একাধিক নজির গড়েছেন কিং কোহলি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেটে ১৩টি সেঞ্চুরি করে সুনীল গাভাসকরের রেকর্ড ছুঁয়ে ফেললেন কোহলি। গাভাসকর ৩৮ ম্যাচে এই কীর্তি গড়েছিলেন, কোহলি তা করলেন ৭৪ ম্যাচে। শ্রীলঙ্কার বিরুদ্ধেও ১০টি ওয়ানডে সেঞ্চুরি রয়েছে কোহলির। ওয়ানডে কেরিয়ারে এক ইনিংসে সর্বাধিক ৯টি ছক্কা মারলেন কোহলি। এর আগে ২০২৩ সালে তিরুঅনন্তপুরমেই শ্রীলঙ্কার বিরুদ্ধে ৮টি ছক্কা মেরেছিলেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দশম সেঞ্চুরি করে নিজেরই রেকর্ড স্পর্শ করলেন তিনি। লিস্ট ‘এ’ ক্রিকেটে ৩৫১ ম্যাচে ৬০টি সেঞ্চুরি পূর্ণ করলেন কোহলি। এই তালিকায় তাঁর পিছনে রয়েছেন গ্রাহাম গুচ ও কুমার সঙ্গাকারা। এই ইনিংসেই ওয়ানডে ক্রিকেটে ২০০ ছক্কা পূর্ণ করেন কোহলি।

    সচিনের রেকর্ড ভাঙলেন কোহলি

    ভারতের মাটিতে ১৩১ ম্যাচে ৭,০০৬ রান করে সচিন তেন্ডুলকরের রেকর্ড ভেঙেছেন কোহলি। ভারতীয় মাটিতে সচিনের রান ছিল ৬,৯৭৬। মাত্র ৩০৩ ইনিংসে ১৫,০০০ ওয়ানডে রান পূর্ণ করলেন কোহলি। এই নজিরে তিনি দ্বিতীয় ব্যাটার হলেও দ্রুততম। পিছনে ফেললেন সচিন তেন্ডুলকরকে, যিনি ৩৭৭ ইনিংসে এই মাইলফলক স্পর্শ করেছিলেন। ওয়ানডে কেরিয়ারে এটি কোহলির তৃতীয় দ্রুততম সেঞ্চুরি। তাঁর দ্রুততম সেঞ্চুরি এসেছিল ২০১৩ সালে জয়পুরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাত্র ৫২ বলে। সফল রান তাড়ার ক্ষেত্রে ২৫তম ওয়ানডে সেঞ্চুরি করলেন কোহলি। এই তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সচিন তেন্ডুলকরের সেঞ্চুরি ১৪টি।

    গিলের সেঞ্চুরি, কুলদীপের চার উইকেট

    ভারতের এই বড় জয়ের পিছনে কোহলির পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন শুভমন গিল এবং কুলদীপ যাদব। গিল ১০৮ বলে ১১০ রান করেন। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের ইনিংসে জাস্টিন গ্রিভস ১০১ এবং জন ক্যাম্পবেল ৬২ রান করেন। ওয়েস্ট ইন্ডিজ ৭ উইকেটে ২৯৫ রান তুললেও কুলদীপ যাদব ৪০ রানে ৪ উইকেট নিয়ে তাদের রান আটকে দেন। শেষ পর্যন্ত কোহলির অপরাজিত ১৩৯ রানের ইনিংসেই সহজে জয় নিশ্চিত করে ভারত।

  • T-20 World Cup 2026: সুপার এইটে কঠিন গ্রুপে ভারত! কবে, কোথায়, কাদের বিরুদ্ধে খেলবেন সূর্যরা?

    T-20 World Cup 2026: সুপার এইটে কঠিন গ্রুপে ভারত! কবে, কোথায়, কাদের বিরুদ্ধে খেলবেন সূর্যরা?

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বকাপের (T-20 World Cup 2026) গ্রুপ পর্বে ভারতের শেষ ম্যাচ নিয়মরক্ষার হয়ে দাঁড়িয়েছে। রবিবার কলম্বোর মাঠে পাকিস্তানকে ৬১ রানে হারিয়ে বিশ্বকাপের সুপার এইট নিশ্চিত করে ফেলেছে ভারত। সেখানে তিনটি ম্যাচ খেলতে হবে সূর্যকুমার যাদবদের। কবে কোথায় হবে সেই ম্যাচ হবে তা-ও জানা গিয়েছে। সুপার এইটে কঠিন গ্রুপে ভারত। লড়াই হবে দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবোয়ের বিপক্ষে। তার আগে বুধবার নেদারল্যান্ডসের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচেও জয়ের ধারা বজায় রাখতে চায় গুরু গম্ভীরের ছেলেরা। সুপার এইট-এর লড়াইয়ের কলকাতায় একটি ম্যাচ খেলবে ভারত। তাই ক্রিকেট জ্বরে কাঁপছে মহানগরী।

    সুপার এইটে দু’টি গ্রুপ

    বিশ্বকাপের সুপার এইটে দু’টি গ্রুপ রয়েছে। গ্রুপ ‘এক্স’ ও গ্রুপ ‘ওয়াই’। গ্রুপ পর্বে প্রতিটি দল থেকে যে দুই দল নক আউটে উঠবে, তাদের আলাদা আলাদা গ্রুপে রাখা হবে। তবে সুপার এইটে আটটি দল আগে থেকে ধরে রাখা হয়েছে। তারা গ্রুপ পর্বে যে স্থানেই শেষ করুক না কেন, নক আউটে নির্দিষ্ট জায়গাতেই খেলবে। সুপার এইটে ভারতের তিনটি ম্যাচ দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ে ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। অন্য গ্রুপে রয়েছে, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও সম্ভাব্য পাকিস্তান।

    লড়াই কঠিন

    সুপার এইটে আগামী রবিবার ভারতের সামনে দক্ষিণ আফ্রিকা। গতবার ফাইনালে মুখোমুখি হয়েছিল দুই দল। ভারত সেখানে দারুণ জয় পায়। সূর্যকুমারের দল দারুণ ছন্দে। ২৬ ম্যাচের মধ্যে ২৫টা ম্যাচ জিতেছে। ফলে সুপার এইটের লড়াইয়েও সমস্যা হওয়ার কথা নয়। এরপর ২৬ ফেব্রুয়ারি মঙ্গলবার ভারতের সামনে জিম্বাবোয়ে। অস্ট্রেলিয়াকে হারিয়ে চমক দিয়েছে সিকান্দার রাজার দল। সেটাই কিছুটা হলেও চিন্তার কারণ। সুপার এইটের শেষ ম্যাচে ১ মার্চ মুখোমুখি ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। সেই ম্যাচ হবে কলকাতার ইডেন গার্ডেন্সে। ক্যারাবিয়ানরা আপাতত দাপুটে ফর্মে। দক্ষিণ আফ্রিকাও সাম্প্রতিক সময়ে ধারাবাহিক। ভারতও অবশ্য ছন্দেই রয়েছে। তবু সুপার এইট অন্য পরীক্ষা। এখানে ভুলের জায়গা কম। সামান্য স্খলনে গুনতে হতে পারে বিরাট মাশুল। তাই সদা সতর্ক ভারত। ঘরের মাঠে ট্রফি ধরে রাখতে মরিয়া সূর্যরা।

    টি-২০ বিশ্বকাপে টিম ইন্ডিয়ার ‘সুপার-৮’ সূচি

    ২২ ফেব্রুয়ারি – ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (নরেন্দ্র মোদি স্টেডিয়াম, আমেদাবাদ)

    ২৬ ফেব্রুয়ারি – ভারত বনাম জিম্বাবোয়ে (এমএ চিদাম্বরম স্টেডিয়াম, চেন্নাই)

    ০১ মার্চ – ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ (ইডেন গার্ডেন্স, কলকাতা)

LinkedIn
Share