Blog

  • Chorbagan Pandal Stampede: চোরবাগানে পদপিষ্টের ঘটনা! আহতদের চিকিৎসা ও ক্ষতিপূরণের আশ্বাস মুখ্যমন্ত্রীর

    Chorbagan Pandal Stampede: চোরবাগানে পদপিষ্টের ঘটনা! আহতদের চিকিৎসা ও ক্ষতিপূরণের আশ্বাস মুখ্যমন্ত্রীর

    মাধ্যম নিউজ ডেস্ক: কলকাতার উত্তরে অবস্থিত চোরবাগান সর্বজনীন দুর্গোৎসবের মণ্ডপে এক ভয়াবহ পদপিষ্টের (Chorbagan Pandal Stampede) ঘটনায় বহু মানুষের প্রাণহানির ঘটনা ঘটেছে। দুর্গাপূজার মণ্ডপে অতিরিক্ত ভিড় এবং সংকীর্ণ প্রস্থান গেটের কারণে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ঘটনার খবর পেয়েই রাজ্য সরকার এবং প্রশাসনের শীর্ষ আধিকারিকরা দ্রুত তৎপর হয়ে ওঠেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজে কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে দেখা করেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।

    ক্ষতিপূরণ ও সরকারি চাকরির ঘোষণা

    এই শোচনীয় দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা (Chorbagan Pandal Stampede) জানিয়ে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বড় ধরনের আর্থিক সহায়তার ঘোষণা করা হয়েছে। রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, নিহতদের প্রতিটি পরিবারকে ২৫ লক্ষ টাকা এবং পরিবারের একজনকে সরকারি চাকরি দেওয়া হবে। পাশাপাশি, এই দুর্ঘটনায় যারা আহত হয়েছেন, তাদের প্রত্যেককে ৫ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের জন্য একজন বিচারপতির নেতৃত্বে একটি বিশেষ তদন্ত কমিটি (SIT) গঠনের প্রক্রিয়াও শুরু হয়েছে।

    কেন্দ্রীয় নেতৃত্ব ও প্রশাসনের প্রতিক্রিয়া

    এই মর্মান্তিক দুর্ঘটনায় (Chorbagan Pandal Stampede) গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে নিহতদের পরিবারকে ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে অনুদান দেওয়ার ঘোষণা করা হয়েছে। অন্যদিকে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্য প্রশাসনের সঙ্গে সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন এবং কলকাতার উদ্দেশ্যে তাঁর পূর্বনির্ধারিত কর্মসূচি বাতিল করে আহতদের দেখতে হাসপাতালে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। রাজ্য সরকারের তরফ থেকে দুর্গোৎসবের বাকি দিনগুলিতে সমস্ত পুজো কমিটিকে ভিড় নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের নিরাপত্তার বিষয়ে আরও বেশি সতর্ক থাকার কড়া নির্দেশ দেওয়া হয়েছে। এই কঠিন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দাঁড়ানোর জন্য প্রশাসনের পক্ষ থেকে সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপে জোর দেওয়া হচ্ছে।

  • France Protest: বিক্ষোভে উত্তাল ফ্রান্স, পুড়ল ১৪০ বছরের ঐতিহাসিক টাউন হল

    France Protest: বিক্ষোভে উত্তাল ফ্রান্স, পুড়ল ১৪০ বছরের ঐতিহাসিক টাউন হল

    মাধ্যম নিউজ ডেস্ক: বর্তমানে ফ্রান্সজুড়ে (France Protest) সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং চরম মূল্যবৃদ্ধির প্রতিবাদে এক তীব্র বিক্ষোভ ও আন্দোলন শুরু হয়েছে। রাজধানী প্যারিস সহ দেশের বিভিন্ন বড় শহরে এই আন্দোলন চরম হিংসাত্মক রূপ নিয়েছে। বিক্ষোভের জেরে ফ্রান্সের (France Protest) লিমোগেস শহরের প্রায় ১৪০ বছরের পুরনো একটি ঐতিহাসিক টাউন হল সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। অবাক করা বিষয় হলো, যে ভবনটি অতীতে দুটি বিশ্বযুদ্ধ সফলভাবে পার করে টিকে ছিল, তা আধুনিক ফ্রান্সের এই সংঘর্ষের হাত থেকে রক্ষা পেল না।
    বিক্ষোভের কারণ ও হিংসাত্মক পরিস্থিতি
    মধ্যপ্রাচ্যের সংঘাতের জেরে ইউরোপজুড়ে জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম লাগামহীনভাবে বেড়ে গেছে। এর প্রতিবাদে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে ফ্রান্সের বিভিন্ন প্রান্তের মানুষ রাস্তায় নেমেছেন। তবে এই আন্দোলন দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। মুখোশধারী কিছু বিক্ষোভকারী জোর করে সরকারি ভবন ও বিভিন্ন দোকানে ঢুকে ভাঙচুর চালায় এবং আগুন ধরিয়ে দেয়। রাজধানী প্যারিস, মার্সেই, নিস, লিমোগেস এবং বোর্দোসহ বহু শহরে ব্যাপক লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।পরিস্থিতি সামাল দিতে পুলিশ টিয়ার গ্যাস এবং জলকামান ব্যবহার করে। সরকারি সূত্রে জানা গেছে, এই সহিংস সংঘর্ষের ঘটনায় প্রায় ১,২০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং প্রায় ১৫০ জন পুলিশ কর্মী আহত হয়েছেন। এছাড়া সেন্ট-এটিয়েন শহরে পুলিশের ছোঁড়া গ্রেনেডের আঘাতে এক ১৭ বছর বয়সী কিশোরের হাত উড়ে গেছে।
    রাজনৈতিক প্রতিক্রিয়া
    ফ্রান্সের (France Protest) প্রধানমন্ত্রী এই চরম মাত্রার হিংসার তীব্র নিন্দা করেছেন। অন্যদিকে, দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সোশ্যাল মিডিয়ায় হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে, যারা সরকারি অফিস বা ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাট চালিয়েছে, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না এবং কঠোর আইনি শাস্তি দেওয়া হবে। সামনেই দেশটির রাষ্ট্রপতি নির্বাচন থাকায় এই পরিস্থিতি রাজনৈতিক অঙ্গনেও বড় ধরনের উত্তাপ সৃষ্টি করেছে। বিরোধী রাজনৈতিক দলগুলি বর্তমান সরকারের নীতির কড়া সমালোচনা করে এই পরিস্থিতির জন্য প্রশাসনকেই দায়ী করেছে।
  • BJP: ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে বিজেপির এগিয়ে থাকার পূর্বাভাস

    BJP: ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে বিজেপির এগিয়ে থাকার পূর্বাভাস

    মাধ্যম নিউজ ডেস্ক: আসন্ন ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়ে গেছে। এর মাঝেই সংবাদমাধ্যম ‘নিউজ১৮’ (News18) এবং ‘পিভ্যালু অ্যানালিটিক্স’-এর যৌথ উদ্যোগে একটি বিশাল মেগা সমীক্ষা প্রকাশ করা হয়েছে। এই সমীক্ষায় দাবি করা হয়েছে যে, উত্তরপ্রদেশে আগামী বিধানসভা নির্বাচনে আবারও বিপুল সাফল্যের সঙ্গে ক্ষমতায় ফিরতে পারে ভারতীয় জনতা পার্টি (BJP) তথা এনডিএ (NDA) জোট। সাধারণ মানুষের মতামত এবং ট্রেন্ডের ওপর ভিত্তি করে তৈরি এই প্রতিবেদনে বর্তমান সরকারের বিভিন্ন কাজের খতিয়ানও তুলে ধরা হয়েছে।

     সমীক্ষার মূল ফলাফল ও ভোট শতাংশ

    সমীক্ষার তথ্য অনুযায়ী, যদি এই মুহূর্তে উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়, তবে রাজ্যের প্রায় ৬৬.৬ শতাংশ মানুষ ভারতীয় জনতা পার্টি এবং তার শরিক দলগুলিকে ভোট দেবেন বলে মত প্রকাশ করেছেন। অন্যদিকে, প্রধান বিরোধী দল সমাজবাদী পার্টি (SP) ও কংগ্রেস জোটের পক্ষে সমর্থন রয়েছে ২৬.৪ শতাংশ মানুষের। পাশাপাশি, মায়াবতীর বহুজন সমাজ পার্টি বা বিএসপি-র পক্ষে মত দিয়েছেন ৫.৪ শতাংশ উত্তরদাতা। যদিও বিরোধী দলগুলি তাদের পুরনো ভোটব্যাঙ্কের একটি অংশ ধরে রাখতে সফল হয়েছে, তবুও সামগ্রিক ভোটের হিসেবে শাসকদল বিজেপি বিরোধীদের চেয়ে বেশ খানিকটা এগিয়ে রয়েছে। ভোটের গতিপ্রকৃতি বিশ্লেষণ করে দেখা গেছে, বিগত ২০২২ সালের বিধানসভা নির্বাচনে যারা বিজেপিকে ভোট দিয়েছিলেন, তাঁদের প্রায় ৯১.২ শতাংশ মানুষ এখনও এই জোটের প্রতিই অনুগত রয়েছেন। একইভাবে, এসপি-কংগ্রেস জোটের পুরনো ভোটারদের ৮৫.৩ শতাংশ এখনও তাদের সঙ্গেই রয়েছে। তবে দলবদলের ক্ষেত্রে কিছুটা এগিয়ে রয়েছে বিজেপি (BJP) । আগের নির্বাচনে এসপি-কংগ্রেসের ভোটদাতা ছিলেন এমন ১২.৬ শতাংশ মানুষ এখন বিজেপির পক্ষে মত দিয়েছেন। এছাড়া, যারা ২০২২ সালের নির্বাচনে ভোটদানে বিরত ছিলেন, সেই নতুন বা নিষ্ক্রিয় ভোটারদের মধ্যে প্রায় ৫৮ শতাংশ মানুষ এখন বিজেপির দিকে ঝুঁকেছেন, যা শাসকদলের শক্তি আরও বৃদ্ধি করেছে।

    মুখ্যমন্ত্রী হিসেবে যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) জনপ্রিয়তা

    উত্তরপ্রদেশের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে সাধারণ মানুষের মধ্যে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য এবং জনপ্রিয় নেতা হিসেবে উঠে এসেছেন বর্তমান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সমীক্ষায় অংশ নেওয়া প্রায় ৬৬.২ শতাংশ মানুষ তাঁকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান। অন্যদিকে, সমাজবাদী পার্টির প্রধান তথা বিরোধী নেতা অখিলেশ যাদবকে সমর্থন জানিয়েছেন ২৪.৪ শতাংশ উত্তরদাতা। এছাড়াও, সমীক্ষায় অংশগ্রহণকারীদের প্রায় ৬৬.৬ শতাংশ মনে করছেন যে আসন্ন নির্বাচনে এনডিএ জোটই পুনরায় সরকার গঠন করবে এবং ৬৫.২ শতাংশ মানুষ মনে করেন উত্তরপ্রদেশে বিজেপির তৃতীয়বারের মতো সরকারে আসা উচিত। যোগী সরকারের সামগ্রিক কার্যকলাপে প্রায় ৭৭.১ শতাংশ মানুষ নিজেদের সন্তুষ্টির কথা জানিয়েছেন, যেখানে মাত্র ১৩.৫ শতাংশ মানুষ সরকারের সমালোচনা করেছেন।

    আইনশৃঙ্খলা ও অন্যান্য ক্ষেত্রে জনমত

    উন্নয়ন এবং পরিকাঠামো উন্নয়নের বিভিন্ন খাতের মধ্যে সবচেয়ে বেশি প্রশংসা অর্জন করেছে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি। সমীক্ষায় অংশ নেওয়া ৭৪ শতাংশ মানুষ রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। এরপর পরিকাঠামো উন্নয়নে ৬৮.৬ শতাংশ এবং সরকারি জনকল্যাণমূলক প্রকল্প সাধারণ মানুষের কাছে সঠিকভাবে পৌঁছানোর বিষয়ে ৬৬.৩ শতাংশ মানুষ ইতিবাচক মত দিয়েছেন। বিশেষ করে বর্তমান বিজেপি ভোটারদের প্রায় ৮৯.৬ শতাংশ আইনশৃঙ্খলা পরিস্থিতির ভূয়সী প্রশংসা করেছেন। রাজ্যের সাতটি আলাদা অঞ্চলেই এনডিএ জোটের অবস্থান শক্তিশালী বলে সমীক্ষায় উঠে এসেছে। দোয়াব, রুহেলখেল্ণ্ড, পশ্চিম উত্তরপ্রদেশ, পূর্ব উত্তরপ্রদেশ এবং অবধ অঞ্চলে শাসকদলের ভোট শতাংশ সবচেয়ে বেশি দেখা গেছে। সব মিলিয়ে, সাধারণ মানুষের এই মতামতের প্রতিফলন যদি ইভিএমেও দেখা যায়, তবে ২০২৭ সালের উত্তরপ্রদেশের রাজনৈতিক ময়দানে বিজেপি ফের বড় জয় পেতে পারে বলেই মনে করা হচ্ছে।

  • Gen Z: নরেন্দ্র মোদির নেতৃত্বের প্রতি নতুন প্রজন্মের গভীর আস্থা, ওড়িশায় বিপুল জয় এবিভিপির

    Gen Z: নরেন্দ্র মোদির নেতৃত্বের প্রতি নতুন প্রজন্মের গভীর আস্থা, ওড়িশায় বিপুল জয় এবিভিপির

    মাধ্যম নিউজ ডেস্ক: দীর্ঘ ৮ বছরের বিরতির পর ওড়িশার বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলিতে ছাত্রসংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ১৫ অক্টোবর অনুষ্ঠিত এই নির্বাচনে বিপুল জয় লাভ করেছে অখিল ভারতীয় শিক্ষার্থী পরিষদ (ABVP)। তরুণ প্রজন্ম বা ‘জেন-জি’ (Gen-Z)-র এই রায়কে দেশের রাজনীতির জন্য এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা বলে মনে করা হচ্ছে।দিল্লি সমেত সর্বত্র ‘জেন-জি’ নাম দিয়ে আন্দোলনে নামে বিশৃঙ্খলা, অসভ্যতামি করা হলেও, ‘জেন-জি’ যে জাতীয়তাবাদের সাথে আছেই আছে তা প্রমাণ হল ওড়িশায়।

    নির্বাচনের ফলাফল

    ওড়িশার মোট ১৩টি রাজ্য বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৮টিতে সভাপতি পদে এবং ১১টিতে সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছে এবিভিপি। এর পাশাপাশি রাজ্যের ৩৪৬টি কলেজের মধ্যে ২০৮টি কলেজে সভাপতি এবং ২২১টি কলেজে সাধারণ সম্পাদক পদে জয়লাভ করেছে এবিভিপি (ABVP)। ভুবনেশ্বরের উৎকলা বিশ্ববিদ্যালয়, কটকের রেভেনশ বিশ্ববিদ্যালয়, সম্বলপুর বিশ্ববিদ্যালয় এবং কেওনঝড়ের ধরনীধর বিশ্ববিদ্যালয়ের মতো গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানে এবিভিপি অভাবনীয় সাফল্য অর্জন করেছে।

    বছরের পর বছর ধারাবাহিক কাজ

    এবিভিপির (ABVP) এই সাফল্যের পেছনে রয়েছে শিক্ষার্থীদের স্বার্থে সারা বছর ধরে চালানো বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক কাজ। এবিভিপির ওড়িশা রাজ্য নেতৃত্বের মতে, এটি কোনো সাময়িক রাজনৈতিক ফল নয়। সাধারণ ছাত্রছাত্রীদের অধিকার রক্ষা, ক্যাম্পাসের নানা সমস্যা সমাধান এবং ‘হোয়াই আই স্ট্যান্ড’ (Why I Stand) প্রচারের মাধ্যমে যে বিশ্বাস অর্জিত হয়েছে, তারই প্রতিফলন এই বিপুল ভোট।

    অমিত শাহ ও মুখ্যমন্ত্রী মোহন মাঝির প্রতিক্রিয়া

    এবিভিপির এই বিশাল জয়ে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি সামাজিক মাধ্যমে লিখেছেন, পঞ্জাব বিশ্ববিদ্যালয় এবং দিল্লি বিশ্ববিদ্যালয়ের পর ওড়িশায় এই জয় প্রমাণ করে যে দেশের তরুণ সমাজ ‘দেশ প্রথম’ (Nation First) নীতিকেই সমর্থন করছে। মিথ্যা, বিভ্রান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টিকারী রাজনীতিকে তরুণ সমাজ প্রত্যাখ্যান করেছে।

    ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি এবিভিপি-কে অভিনন্দন জানিয়ে বলেছেন, এই ফলাফল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বের প্রতি নতুন প্রজন্মের (Gen Z) গভীর আস্থা প্রকাশ করে। তিনি নতুন নির্বাচিত ছাত্র প্রতিনিধিদের কাছে শৃঙ্খলা, জ্ঞান ও ঐক্যের বার্তা নিয়ে দেশ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান।

    নতুন নেতৃত্বের সূচনা

    ৮ বছর পর এই নির্বাচন (ABVP) হওয়ায় ওড়িশার কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলিতে আবার নতুন করে গণতান্ত্রিক পরিবেশ ও ছাত্র রাজনীতির সক্রিয়তা ফিরে এসেছে। নির্বাচিত ছাত্র প্রতিনিধিরা জানিয়েছেন, তাঁরা শিক্ষার্থীদের পড়াশোনা ও ক্যাম্পাসের সমস্যা সমাধানে অগ্রাধিকার দিয়ে কাজ করবেন।

  • Calcutta High Court: কলকাতা হাইকোর্টের ছাদে তালাবন্ধ ঘরে মিলল ইসলামিক বই, চাবি আইনজীবীর কাছে! কী নির্দেশ আদালতের?

    Calcutta High Court: কলকাতা হাইকোর্টের ছাদে তালাবন্ধ ঘরে মিলল ইসলামিক বই, চাবি আইনজীবীর কাছে! কী নির্দেশ আদালতের?

    মাধ্যম নিউজ ডেস্ক: কলকাতা হাইকোর্টের ছাদে একটি তালাবন্ধ ঘরের ভিতর থেকে ইসলাম ধর্ম সংক্রান্ত বইপত্র, পড়ার সামগ্রী, গদি, চেয়ার-সহ একাধিক জিনিসপত্র উদ্ধারকে কেন্দ্র করে প্রশ্ন উঠল আদালতেই। আরও তাৎপর্যপূর্ণ বিষয়, ঘরটির তালার চাবি ছিল এজাজ হোসেন নামের এক আইনজীবী কাছে। হাইকোর্টের প্রশাসনের পরিবর্তে একজন আইনজীবীর হাতে ওই ঘরের চাবি কীভাবে এল, তা জানতে চেয়েছে আদালত। পাশাপাশি, আদালত চত্বরের নিরাপত্তা ব্যবস্থা এবং বিভিন্ন ঘরের চাবি সংরক্ষণের পদ্ধতি পর্যালোচনার নির্দেশ দেওয়া হয়েছে সিকিউরিটি কমিটিকে।

    তবে পরিদর্শন রিপোর্টে ছাদের ওই ঘরকে মসজিদ হিসেবে চিহ্নিত করা হয়নি। সেখানে নিয়মিত নামাজ পড়া হত কি না, সে বিষয়েও নিশ্চিত কোনও তথ্য পাওয়া যায়নি। ফলে আপাতত আদালতের নজর ঘরটির ব্যবহার, সেখানে থাকা সামগ্রী এবং চাবির নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়ে।

    ছাদে নামাজ পড়া হত কি না, জানতে চেয়েছিল আদালত

    সঞ্জয় ঘোষের দায়ের করা একটি জনস্বার্থ মামলার শুনানি চলাকালীন বিষয়টি ওঠে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি রবীন্দ্র ভি. ঘুগে এবং বিচারপতি ওম নারায়ণ রাইয়ের ডিভিশন বেঞ্চে।

    গত ৩০ সেপ্টেম্বরের নির্দেশে হাইকোর্টের রেজিস্ট্রিকে আদালত ভবনের ছাদ পরিদর্শন করে রিপোর্ট জমা দিতে বলা হয়েছিল। ছাদে ইসলাম ধর্মাবলম্বীরা নামাজ পড়তেন কি না এবং পড়লে দিনের বেলায় কত ঘনঘন তা হত, তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছিল আদালত।

    সেই নির্দেশ মেনে পরিদর্শন চালায় রেজিস্ট্রি। রঙিন ছবিসহ রিপোর্ট জমা পড়ার পর জানা যায়, ছাদে একটি ছোট ঘর রয়েছে। সেখানে ইসলাম ধর্ম সংক্রান্ত বইপত্র ও অন্যান্য সামগ্রী রাখা ছিল।

    ঘরে কী কী পাওয়া গেল?

    পরিদর্শন রিপোর্ট অনুযায়ী, ঘরটিতে কাঠের তৈরি দু’টি দরজা ছিল। দু’টিই তালাবন্ধ অবস্থায় ছিল। চাবির খোঁজ করতে গিয়ে আধিকারিকরা জানতে পারেন, সেই চাবি রয়েছে আইনজীবী এজাজ হোসেনের কাছে। তিনি হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের ১২ নম্বর ঘর ব্যবহার করেন। পরে এজাজ হোসেন আরও তিন আইনজীবীকে সঙ্গে নিয়ে সেখানে পৌঁছন। এরপর তালা খুলে ঘরটি পরিদর্শন করা হয়।

    ঘরের ভিতর থেকে পাওয়া সামগ্রীর মধ্যে ছিল—

    • ● ইসলাম ধর্ম সংক্রান্ত বই ও ধর্মীয় পাঠ্যসামগ্রী

    • ● গদি ও প্লাস্টিকের চেয়ার

    • ● স্ট্যান্ড ফ্যান ও একটি আলমারি

    • ● বালতি, গামলা ও জলের পাত্র

    • ● চটি রাখার একটি ঝুড়ি এবং অন্যান্য ব্যক্তিগত সামগ্রী

    এই সামগ্রীগুলি ঘরটির ব্যবহার নিয়ে প্রশ্ন তুললেও, পরিদর্শন রিপোর্টে সেখানে মসজিদ থাকার কথা নিশ্চিত করা হয়নি। একইভাবে, নিয়মিত নামাজ পড়া হত কি না, তা-ও প্রতিষ্ঠিত হয়নি।

    আইনজীবীর কাছে চাবি কেন? প্রশ্ন আদালতের

    ঘটনার অন্যতম গুরুত্বপূর্ণ দিক হল, হাইকোর্টের ছাদের একটি তালাবন্ধ ঘরের চাবি প্রশাসনের পরিবর্তে একজন আইনজীবীর কাছে থাকা। বিষয়টি নিয়ে বিস্ময় প্রকাশ করেছে ডিভিশন বেঞ্চ।

    আদালতের পর্যবেক্ষণ, ঘর, দরজা, এজলাস, সিঁড়ি এবং আদালত ভবনের অন্যান্য অংশের চাবি হাইকোর্ট প্রশাসনের হেফাজতে থাকা উচিত। আদালত চত্বর, ভবন ও টাওয়ারের নিরাপত্তা ব্যবস্থাও প্রশাসনের তত্ত্বাবধান ও নির্দেশে পরিচালিত হয়।

    এই প্রেক্ষিতে এজাজ হোসেনের কাছে দু’টি তালার চাবি কীভাবে এল, তা ব্যাখ্যা করতে বলা হয়েছে। মামলাকারীকে আদালতের নির্দেশের একটি কপি ওই আইনজীবীর কাছে পৌঁছে দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

    নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখবে সিকিউরিটি কমিটি

    শুধু ওই ঘরের চাবি নয়, আদালত ভবনের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাও পর্যালোচনার আওতায় আনতে চায় হাইকোর্ট। সেই কারণে রেজিস্ট্রিকে সাম্প্রতিক নির্দেশ এবং ৩০ সেপ্টেম্বরের আগের নির্দেশের কপি হাইকোর্টের সিকিউরিটি কমিটির কাছে পাঠাতে বলা হয়েছে।

    কর্মরত হাইকোর্টের বিচারপতিদের নিয়ে গঠিত ওই কমিটিকে আদালত চত্বরের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে পরামর্শ দিতে বলা হয়েছে। বিশেষ করে, ছাদের ওই ঘর এবং ভবনের অন্যান্য অংশের চাবি কার হেফাজতে থাকবে, তা খতিয়ে দেখতে বলা হয়েছে।

    তদন্তের মূল প্রশ্ন কী?

    এই ঘটনায় আপাতত তিনটি বিষয় গুরুত্বপূর্ণ—ছাদের ঘরটি কী কাজে ব্যবহার করা হত, সেখানে পাওয়া ধর্মীয় বই ও অন্যান্য সামগ্রী কীসের জন্য রাখা হয়েছিল এবং ঘরটির চাবি একজন আইনজীবীর কাছে থাকার কারণ কী।

    উল্লেখযোগ্য, ঘরে ইসলাম ধর্ম সংক্রান্ত বইপত্র পাওয়া যাওয়াই সেখানে মসজিদ ছিল বা নিয়মিত নামাজ হত—এমন সিদ্ধান্তে পৌঁছনোর জন্য যথেষ্ট নয়। আদালতের নির্দেশে হওয়া পরিদর্শন থেকে এখনও সেই দাবির নিশ্চিত প্রমাণ মেলেনি।

    এখন নজর আদালতের পরবর্তী পদক্ষেপের দিকে। আইনজীবীর ব্যাখ্যা এবং সিকিউরিটি কমিটির পর্যালোচনার ভিত্তিতে ঘরটির ব্যবহার ও চাবি সংরক্ষণের ব্যবস্থাপনা সম্পর্কে আরও স্পষ্ট তথ্য সামনে আসতে পারে।

  • Census 2026: জনগণনার কাজে বেসরকারি স্কুলের শিক্ষক, ব্যাঙ্ককর্মীরাও! নিয়মে বড় বদল কেন্দ্রের

    Census 2026: জনগণনার কাজে বেসরকারি স্কুলের শিক্ষক, ব্যাঙ্ককর্মীরাও! নিয়মে বড় বদল কেন্দ্রের

    মাধ্যম নিউজ ডেস্ক: দেশের চলতি জনগণনা প্রক্রিয়ায় এনুমারেটর বা তথ্য সংগ্রহকারী হিসেবে নিয়োগের পরিধি বাড়াল কেন্দ্রীয় সরকার। এবার শুধু সরকারি স্কুলের শিক্ষক বা স্থানীয় প্রশাসনের কর্মীরাই নন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ব্যাঙ্ককর্মী, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের করণিক এবং অন্যান্য উপযুক্ত ব্যক্তিকেও জনগণনার কাজে নিয়োগ করা যাবে। শুক্রবার বিজ্ঞপ্তি জারি করে জনগণনা সংক্রান্ত নিয়মে এই সংশোধনের কথা জানিয়েছে কেন্দ্র। এর ফলে জনগণনার মতো বৃহৎ প্রশাসনিক কর্মসূচিতে কর্মী নিয়োগের ক্ষেত্রে আরও বেশি বিকল্প তৈরি হল।

    জনগণনার নিয়মে কী বদল আনল কেন্দ্র?

    রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া (RGI) মৃত্যুঞ্জয় কুমার নারায়ণের জারি করা গেজেট বিজ্ঞপ্তি অনুযায়ী, Census Rules, 1990 সংশোধন করা হয়েছে। সংশোধিত নিয়মে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনকে জনগণনার কাজে বিভিন্ন শ্রেণির কর্মী নিয়োগের সুযোগ দেওয়া হয়েছে।

    নতুন নিয়ম অনুযায়ী, এনুমারেটর হিসেবে নিয়োগ করা যেতে পারে—

    • ● সরকারি, স্থানীয় কর্তৃপক্ষ পরিচালিত, সরকারি সাহায্যপ্রাপ্ত এবং বেসরকারি সাহায্যপ্রাপ্ত বা সাহায্যহীন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক।

    • ● কেন্দ্রীয় ও রাজ্য সরকারের কর্মী, স্থানীয় প্রশাসনের কর্মী এবং বিভিন্ন প্রতিষ্ঠানের করণিক ও আধিকারিক।

    • ● রাষ্ট্রায়ত্ত সংস্থা, ব্যাঙ্ক, সংবিধিবদ্ধ সংস্থা, কোম্পানি, প্রতিষ্ঠান, সমিতি ও ট্রাস্টের কর্মী।

    • ● রাজ্য সরকার বা কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনের বিবেচনায় উপযুক্ত বলে গণ্য যে কোনও ব্যক্তি।

    আগে সাধারণত সরকারি স্কুলের শিক্ষক এবং স্থানীয় প্রশাসনের কর্মীদের উপরই জনগণনার দায়িত্ব দেওয়ার প্রবণতা ছিল। সংশোধিত নিয়মে সেই পরিধি আরও বিস্তৃত করা হল।

    বেসরকারি স্কুলের শিক্ষকদের নিয়োগ ঘিরে বিতর্ক

    কেন্দ্রের এই সিদ্ধান্তের আগে হরিয়ানায় বেসরকারি স্কুলের শিক্ষকদের জনগণনার কাজে নিয়োগ নিয়ে আইনি বিতর্ক তৈরি হয়েছিল। হরিয়ানা প্রোগ্রেসিভ স্কুলস কনফারেন্স (Haryana Progressive Schools Conference) পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে মামলা করে। তাদের আপত্তি ছিল, সরকারি সাহায্য না-পাওয়া বেসরকারি স্কুলের শিক্ষকদের জনগণনার কাজে বাধ্যতামূলকভাবে নিয়োগ করার জন্য প্রশাসনিক নির্দেশ জারি করা যায় কি না।

    সংগঠনটির যুক্তি ছিল, Census Act, 1948-এর ৪এ ধারা স্থানীয় কর্তৃপক্ষের আধিকারিক ও কর্মীদের নিয়ে প্রযোজ্য। তাদের দাবি, সরকারি সাহায্যহীন বেসরকারি স্কুল সেই শ্রেণির মধ্যে পড়ে না। ফলে প্রশাসনিক নির্দেশের মাধ্যমে আইনের পরিধি বাড়ানো যায় না।

    গত ৮ অক্টোবর বিচারপতি হরপ্রীত সিং ব্রার হরিয়ানা সরকারের এমন দুটি নির্দেশের কার্যকারিতায় স্থগিতাদেশ দেন, যেখানে জনগণনার কাজে নিয়োগের জন্য শিক্ষকদের সম্পর্কে তথ্য চাওয়া হয়েছিল। মামলাটি আগামী বছরের ২৯ এপ্রিল শুনানির জন্য তালিকাভুক্ত রয়েছে।

    এই পরিস্থিতির মধ্যেই কেন্দ্রের সংশোধিত বিজ্ঞপ্তি সামনে এল। তবে সংশোধিত নিয়মের ফলে সংশ্লিষ্ট মামলার আইনি প্রশ্নগুলির নিষ্পত্তি কীভাবে হবে, তা এখনও স্পষ্ট নয়।

    কবে শুরু হবে জনগণনার পরবর্তী পর্যায়?

    স্বাধীনতার পর দেশের অষ্টম জনগণনা দু’টি পর্যায়ে সম্পন্ন করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

    প্রথম পর্যায়ে বাড়ির তালিকাভুক্তি ও আবাসন সংক্রান্ত তথ্য সংগ্রহের কাজ চলতি বছরের এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে হয়েছে। দ্বিতীয় পর্যায়ে হবে জনসংখ্যা গণনা বা Population Enumeration। এই পর্যায়ে জাতিভিত্তিক জনগণনার তথ্যও সংগ্রহ করা হবে।

    গোয়া, উত্তরপ্রদেশ, পঞ্জাব এবং উত্তরাখণ্ডের তুষারাবৃত অঞ্চল বাদে অন্যান্য অংশে ১ ডিসেম্বর থেকে আগামী ৪ জানুয়ারির মধ্যে জনসংখ্যা গণনার কাজ করার পরিকল্পনা রয়েছে। সংশ্লিষ্ট রাজ্যগুলির বিধানসভা নির্বাচনের আগে এই কাজ সম্পন্ন করার লক্ষ্য রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

    দেশের বাকি অংশে আগামী ফেব্রুয়ারি থেকে জনসংখ্যা গণনার কাজ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই সময়সূচি সংশ্লিষ্ট প্রশাসনিক পরিকল্পনার উপর নির্ভরশীল।

    কোন কোন তথ্য সংগ্রহ করা হবে?

    জনসংখ্যা গণনার সময় প্রতিটি পরিবারের কাছ থেকে বিভিন্ন জনতাত্ত্বিক, সামাজিক-সাংস্কৃতিক ও আর্থসামাজিক তথ্য সংগ্রহ করা হবে। এর মধ্যে থাকবে অভিবাসন এবং প্রজনন সংক্রান্ত তথ্যও।

    এই তথ্য দেশের জনসংখ্যার গঠন, মানুষের স্থানান্তর, পরিবার ও সামাজিক বৈশিষ্ট্য এবং আর্থসামাজিক পরিস্থিতি বুঝতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ভবিষ্যতের সরকারি পরিকল্পনা, পরিষেবা প্রদান এবং উন্নয়নমূলক নীতি নির্ধারণেও জনগণনার তথ্য বিশেষ তাৎপর্যপূর্ণ।

    মণিপুর, লাদাখ ও তুষারাবৃত অঞ্চলের পরিস্থিতি

    মণিপুরে ২০২৩ সালের মে মাস থেকে চলা জাতিগত হিংসার পরিস্থিতির কারণে সেখানে বাড়ির তালিকাভুক্তির কাজ পিছিয়ে দেওয়া হয়েছে। গত মাসে রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়ার বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

    অন্যদিকে, লাদাখ এবং জম্মু-কাশ্মীর, হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডের তুষারাবৃত অঞ্চলগুলিতে বাড়ির তালিকাভুক্তির কাজ ১ থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে সম্পন্ন হয়েছে।

    কোভিডের কারণে পিছিয়েছিল জনগণনা

    প্রতি দশ বছর অন্তর জনগণনা পরিচালনার নিয়ম থাকলেও ২০২১ সালে এই প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হয়নি। কোভিড অতিমারির কারণে তা স্থগিত হয়ে যায়। পরবর্তী সময়ে এই বৃহৎ কর্মসূচি বাস্তবায়নের জন্য কেন্দ্র ১১,৭১৮ কোটি টাকা অনুমোদন করেছে।

    প্রশাসনিক গুরুত্ব কোথায়?

    জনগণনার মতো বিশাল কর্মসূচিতে নির্দিষ্ট সময়ের মধ্যে বিপুল সংখ্যক পরিবারের কাছে পৌঁছনো এবং নির্ভুল তথ্য সংগ্রহ করা বড় চ্যালেঞ্জ। এনুমারেটর নিয়োগের ক্ষেত্রে সরকারি কর্মীদের পাশাপাশি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাঙ্ক এবং অন্যান্য সংস্থার কর্মীদের অন্তর্ভুক্ত করার সুযোগ সেই চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়ক হতে পারে।

    তবে নিয়োগের পরিধি বাড়লেই যে মাঠপর্যায়ে কাজের সমস্ত সমস্যা মিটবে, তা নিশ্চিত নয়। সংশ্লিষ্ট কর্মীদের প্রশিক্ষণ, দায়িত্বের স্পষ্ট বণ্টন, তথ্যের গোপনীয়তা রক্ষা এবং নিয়োগ সংক্রান্ত আইনি প্রশ্নের সমাধানও সমান গুরুত্বপূর্ণ। বিশেষত, বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীদের ক্ষেত্রে দায়িত্ব পালনের শর্ত ও প্রশাসনিক নির্দেশের বৈধতা কীভাবে কার্যকর হয়, সেদিকেও নজর থাকবে।

    সব মিলিয়ে, জনগণনার কর্মী নিয়োগে কেন্দ্রের এই সংশোধন প্রশাসনিক প্রস্তুতির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এখন নজর থাকবে, সংশোধিত নিয়মের ভিত্তিতে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি কীভাবে কর্মী নিয়োগ করে এবং নির্ধারিত সময়ে জনসংখ্যা গণনার কাজ কতটা নির্বিঘ্নে সম্পন্ন হয়।

  • Russia Oil Sanctions: রুশ তেল নিয়ে ট্রাম্পের নয়া চাল, শুল্কে ছাড়ের মাঝেই নজর ভারতের সঙ্গে জ্বালানি বাণিজ্যে

    Russia Oil Sanctions: রুশ তেল নিয়ে ট্রাম্পের নয়া চাল, শুল্কে ছাড়ের মাঝেই নজর ভারতের সঙ্গে জ্বালানি বাণিজ্যে

    মাধ্যম নিউজ ডেস্ক: রাশিয়ার কাছ থেকে তেল ও গ্যাস কেনা দেশগুলির উপর অতিরিক্ত শুল্ক চাপানোর পরিকল্পনা থেকে আপাতত সরে এলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার সন্ধ্যায় জারি করা এক নির্বাহী নির্দেশে ২০২৬ সালের ‘Sanctioning Russia and Iran Act’-এর আওতায় প্রস্তাবিত নিষেধাজ্ঞা, বিধিনিষেধ ও শুল্ক প্রয়োগে ছাড় ঘোষণা করেছেন তিনি। এর ফলে রাশিয়ার জ্বালানি কেনা নিয়ে ভারত-সহ একাধিক দেশের উপর নতুন করে মার্কিন বাণিজ্যিক চাপ তৈরির আশঙ্কা আপাতত কমল।

    ট্রাম্প জানিয়েছেন, এই ছাড় মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থের সঙ্গে সঙ্গতিপূর্ণ বলে তিনি কংগ্রেসকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন। তবে এই সিদ্ধান্তকে রাশিয়ার উপর থেকে সমস্ত মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার বলে দেখার সুযোগ নেই। নির্দেশে স্পষ্ট করা হয়েছে, রাশিয়া সংক্রান্ত আগের নির্বাহী নির্দেশগুলির আওতায় আরোপিত নিষেধাজ্ঞাগুলি বহাল থাকবে।

    কী ছিল গ্রাহাম আইনের প্রস্তাবিত শাস্তিমূলক ব্যবস্থা?

    গত ১৮ সেপ্টেম্বর ‘Lindsey O. Graham Act’ নামে পরিচিত আইনটিতে স্বাক্ষর করেছিলেন ট্রাম্প। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানকে কেন্দ্র করে মস্কোর উপর অর্থনৈতিক চাপ বাড়ানোই ছিল এর অন্যতম লক্ষ্য। সেই উদ্দেশ্যে রাশিয়ার জ্বালানি ক্ষেত্রকে নিশানা করার পাশাপাশি রুশ তেল ও গ্যাসের বড় ক্রেতা দেশগুলির বিরুদ্ধেও কড়া শুল্ক আরোপের সংস্থান রাখা হয়েছিল।

    প্রস্তাবিত ব্যবস্থায় রাশিয়া থেকে আসা পণ্যের উপর শুল্ক ৫০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সম্ভাবনা ছিল। পাশাপাশি, ১৮ অক্টোবর বা তার পরে জেনেশুনে রাশিয়ার তেল বা গ্যাসের নতুন সরবরাহ কিনলে রুশ জ্বালানির পাঁচ বৃহত্তম আমদানিকারক দেশের পণ্যে ১০০ শতাংশ শুল্ক চাপানোর ব্যবস্থাও রাখা হয়েছিল। রাশিয়ার তেলের উপর নিষেধাজ্ঞা এড়াতে সাহায্য করা পাঁচ বৃহত্তম দেশের পণ্যের ক্ষেত্রেও অতিরিক্ত ১০০ শতাংশ শুল্কের সংস্থান ছিল।

    ট্রাম্পের সাম্প্রতিক নির্দেশে এই প্রস্তাবিত শুল্ক ও বিধিনিষেধ প্রয়োগে আপাতত ছাড় দেওয়া হয়েছে। ফলে ভারত ও চিনের মতো বড় জ্বালানি আমদানিকারক দেশগুলির উপর সম্ভাব্য অতিরিক্ত বাণিজ্যিক চাপের বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।

    ভারতের জন্য কেন গুরুত্বপূর্ণ ট্রাম্পের এই সিদ্ধান্ত?

    রাশিয়ার অন্যতম বড় তেল ক্রেতা ভারত দীর্ঘদিন ধরেই বলে আসছে, দেশের জ্বালানি আমদানির সিদ্ধান্ত নেওয়া হয় সরবরাহের নিরাপত্তা, প্রাপ্যতা ও সাশ্রয়ী দামের কথা মাথায় রেখে। আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম ওঠানামা করলে তার প্রভাব ভারতের আমদানি ব্যয়, মুদ্রাস্ফীতি এবং পরিবহণ খরচের উপরেও পড়তে পারে।

    রুশ তেল কেনার কারণে ভারতের উপর অতিরিক্ত শুল্ক আরোপের সম্ভাবনা নিয়ে নয়াদিল্লি আগে থেকেই ওয়াশিংটনকে সতর্ক করেছিল। ভারতের বক্তব্য, জ্বালানি আমদানিকে শুধু ভূ-রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বিচার করলে দেশের জ্বালানি নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থের প্রশ্নটি উপেক্ষিত হতে পারে। চিনও প্রস্তাবিত ব্যবস্থার বিরোধিতা করেছিল।

    ট্রাম্পের এই ছাড়ের ফলে ভারতের উপর তাৎক্ষণিকভাবে নতুন শুল্কের চাপ তৈরির আশঙ্কা কমেছে। তবে এই সিদ্ধান্তকে ভারত-মার্কিন বাণিজ্যিক মতপার্থক্যের স্থায়ী সমাধান বলা যাবে না। কারণ, নির্বাহী নির্দেশে রুশ জ্বালানি কেনাকাটা পর্যবেক্ষণ এবং প্রয়োজনে পরবর্তী পদক্ষেপের পথ খোলা রাখা হয়েছে।

    আমেরিকায় জ্বালানির দাম, মধ্যবর্তী নির্বাচনও কি বড় কারণ?

    ট্রাম্পের সিদ্ধান্তের পিছনে মার্কিন অভ্যন্তরীণ অর্থনৈতিক পরিস্থিতিও গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। ইরানকে ঘিরে চলমান মার্কিন-ইজরায়েল যুদ্ধের প্রেক্ষাপটে আমেরিকায় জ্বালানির দাম বেড়েছে। এই পরিস্থিতিতে রুশ তেল ও গ্যাসের ক্রেতা দেশগুলির উপর নতুন করে শুল্ক চাপালে আন্তর্জাতিক বাজারে সরবরাহের উপর প্রভাব পড়তে পারে। তার জেরে অপরিশোধিত তেলের দাম আরও বাড়ার আশঙ্কাও ছিল।

    নভেম্বরে মার্কিন মধ্যবর্তী নির্বাচন। তার আগে ডিজেলের দাম বৃদ্ধি এবং সাধারণ মানুষের জীবনযাত্রার খরচ নিয়ে প্রশাসনের উপর চাপ বাড়ছে। জ্বালানির দাম নিয়ন্ত্রণে রাখা তাই ট্রাম্প প্রশাসনের কাছে রাজনৈতিক ও অর্থনৈতিক—দুই দিক থেকেই গুরুত্বপূর্ণ।

    সম্প্রতি রুশ ডিজেল রফতানি ফের চালু করার অনুমতি দেওয়ার বিষয়েও বিতর্ক তৈরি হয়েছে। বিশ্ববাজারে জ্বালানির সরবরাহ বাড়িয়ে দাম কমানোর যুক্তিতে এই পদক্ষেপ নেওয়া হলেও সমালোচকদের অভিযোগ, এর ফলে রাশিয়ার রাজস্ব বাড়বে এবং ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চালানোর ক্ষেত্রে মস্কো সুবিধা পেতে পারে।

    মার্কিন প্রতিনিধি ডন বেয়ারও ট্রাম্পের সাম্প্রতিক সিদ্ধান্তের সমালোচনা করেছেন। তাঁর অভিযোগ, এই পদক্ষেপ ইউক্রেনের অবস্থানকে দুর্বল করছে এবং রাশিয়ার বিরুদ্ধে কংগ্রেসের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রচেষ্টাকে খর্ব করছে।

    রুবিওর ভারত সফরে রিলায়্যান্সের শোধনাগার কেন গুরুত্বপূর্ণ?

    এই পরিস্থিতিতে মার্কিন বিদেশসচিব মার্কো রুবিওর আসন্ন মুম্বই ও জামনগর সফর বিশেষ তাৎপর্য পেয়েছে। ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর জানিয়েছেন, রুবিওর সফরে ব্যবসা ও বাণিজ্যিক সহযোগিতার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

    মুম্বইয়ে একাধিক বৈঠকের পর রুবিও জামনগরে যাবেন। সেখানে রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজের আধিকারিকদের সঙ্গে তাঁর বৈঠকের কথা রয়েছে। জামনগরেই রয়েছে বিশ্বের বৃহত্তম তেল পরিশোধন কমপ্লেক্সগুলির মধ্যে অন্যতম, যা রিলায়্যান্স পরিচালনা করে।

    গোর আরও জানিয়েছেন, আমেরিকায় গত ৫০ বছরের মধ্যে প্রথম নতুন তেল শোধনাগার খোলার পরিকল্পনা রয়েছে রিলায়্যান্সের। ফলে এই সফরে দ্বিপাক্ষিক বাণিজ্য, জ্বালানি পরিকাঠামো এবং ভবিষ্যৎ বিনিয়োগের সম্ভাবনা গুরুত্ব পেতে পারে।

    মার্কিন যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম বৃদ্ধি এবং রুশ জ্বালানি সরবরাহ নিয়ে ট্রাম্প প্রশাসনের নীতিগত অবস্থানের প্রেক্ষাপটে রুবিওর সফরকে তাই শুধুমাত্র কূটনৈতিক সৌজন্য সফর হিসেবে দেখার সুযোগ নেই। জ্বালানির জোগান, দাম নিয়ন্ত্রণ এবং ভারত-মার্কিন ব্যবসায়িক সম্পর্ক—এই তিনটি বিষয়ই আলোচনার কেন্দ্রে থাকতে পারে।

    নজরদারি চলবে, ভবিষ্যতে ফের কড়া পদক্ষেপের সম্ভাবনা

    ট্রাম্পের নির্বাহী নির্দেশ অনুযায়ী, মার্কিন বাণিজ্য প্রতিনিধি সংশ্লিষ্ট প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে আলোচনা করে বিভিন্ন দেশের রুশ তেল ও গ্যাস কেনার পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন। একই সঙ্গে রাশিয়াকে নিষেধাজ্ঞা এড়াতে সাহায্য করার কোনও প্রচেষ্টা হচ্ছে কি না, তাও খতিয়ে দেখা হবে। পরিস্থিতির পরিবর্তন বা নতুন কোনও পদক্ষেপের প্রয়োজন দেখা দিলে প্রেসিডেন্টকে তা জানাতে হবে।

    এই ছাড় কত দিন বহাল থাকবে, তারও নির্দিষ্ট সময়সীমা ঘোষণা করা হয়নি। ট্রাম্প বা সংশ্লিষ্ট প্রশাসনিক আধিকারিকরা যখন মনে করবেন যে আরও পদক্ষেপ নেওয়া প্রয়োজন, তখন এই অবস্থানের পরিবর্তন হতে পারে।

    সব মিলিয়ে, রাশিয়ার জ্বালানি কেনাকে কেন্দ্র করে ভারত-সহ একাধিক দেশের উপর সম্ভাব্য মার্কিন শুল্কের চাপ আপাতত কমল। তবে ওয়াশিংটনের নীতিতে জ্বালানি নিরাপত্তা, রাশিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক চাপ এবং আমেরিকার অভ্যন্তরীণ বাজারে দাম নিয়ন্ত্রণ—এই তিনটি স্বার্থের মধ্যে ভারসাম্য রক্ষার চেষ্টা স্পষ্ট। ভারতের ক্ষেত্রে তাৎক্ষণিক স্বস্তি এলেও ভবিষ্যতে রুশ তেল আমদানি নিয়ে মার্কিন অবস্থান কোন দিকে যায়, তার উপরই পরবর্তী পরিস্থিতি অনেকটা নির্ভর করবে।

  • Swadeshi Jagran Manch: জাতীয় নিরাপত্তার প্রশ্নে স্টারলিঙ্ককে ভারতে অনুমতি না দেওয়ার দাবি স্বদেশি জাগরণ মঞ্চের

    Swadeshi Jagran Manch: জাতীয় নিরাপত্তার প্রশ্নে স্টারলিঙ্ককে ভারতে অনুমতি না দেওয়ার দাবি স্বদেশি জাগরণ মঞ্চের

    মাধ্যম নিউজ ডেস্ক: জাতীয় নিরাপত্তা ও অভ্যন্তরীণ আইনশৃঙ্খলার প্রশ্ন তুলে ইলন মাস্কের সংস্থা স্টারলিঙ্ককে ভারতে বাণিজ্যিক স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা চালুর অনুমতি না দেওয়ার দাবি জানাল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)-এর আদর্শে অনুপ্রাণিত সংগঠন স্বদেশি জাগরণ মঞ্চ (Swadeshi Jagran Manch)। গত ১৩ অক্টোবর এই বিষয়ে কেন্দ্রের কাছে নিজেদের আপত্তির কথা জানায় সংগঠনটি। স্বদেশি জাগরণ মঞ্চের জাতীয় সহ-আহ্বায়ক অশ্বিনী মহাজনের দাবি, স্টারলিঙ্কের প্রযুক্তি ভারতের নিরাপত্তা সংক্রান্ত নিয়মকানুন কার্যকর করার ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ তৈরি করতে পারে। বিশেষ করে, স্যাটেলাইটের মধ্যে লেজার-ভিত্তিক যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে সরাসরি তথ্য আদানপ্রদান হওয়ায় সেই তথ্য ভারতীয় গ্রাউন্ড স্টেশনে পৌঁছনোর আগে সরকারি নজরদারি ও নিয়ন্ত্রণের ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

    ‘জাতীয় নিরাপত্তার স্বার্থে ইন্টারনেট নিয়ন্ত্রণ জরুরি’

    এসজেএমের বক্তব্য, বর্তমানে ভারতে বিভিন্ন ধরনের আইনশৃঙ্খলাজনিত চ্যালেঞ্জ রয়েছে। এই পরিস্থিতিতে ইন্টারনেটভিত্তিক সামাজিক মাধ্যমের মাধ্যমে গুজব ও দেশবিরোধী প্রচার ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে। বিচ্ছিন্নতাবাদ, সন্ত্রাসবাদ, দাঙ্গা, বিক্ষোভ-সহ বিভিন্ন পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বজায় রাখতে অনেক সময় ইন্টারনেট পরিষেবা নিয়ন্ত্রণ বা সাময়িকভাবে বন্ধ করা জরুরি হয়ে পড়ে। অশ্বিনী মহাজনের বক্তব্য, স্টারলিঙ্কের মতো স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবার ক্ষেত্রে সরকার নির্দেশ দিলে দ্রুত ও নির্দিষ্ট এলাকায় পরিষেবা বন্ধ করা সম্ভব কি না, তা নিয়ে স্পষ্ট নিশ্চয়তা প্রয়োজন। তাঁর অভিযোগ, স্টারলিঙ্ক এখনও এই শর্ত পূরণে প্রতিশ্রুতিবদ্ধ হয়নি। অথবা সংস্থাটির প্রযুক্তিগত কাঠামোতেই এই ধরনের নিয়ন্ত্রণের সীমাবদ্ধতা থাকতে পারে।

    ইলন মাস্কের অভিযোগ ঘিরে বিতর্ক

    ভারতে স্টারলিঙ্কের পরিষেবা চালুর অনুমতি নিয়ে ইতিমধ্যেই বিতর্ক তৈরি হয়েছে। ইলন মাস্ক অভিযোগ করেছিলেন, ভারতের কিছু প্রভাবশালী ব্যবসায়িক গোষ্ঠী স্টারলিঙ্কের পরিষেবা চালুর পথে বাধা সৃষ্টি করছে। তবে কেন্দ্র সেই অভিযোগ খারিজ করে জানিয়েছে, ভারতের স্যাটেলাইট যোগাযোগ পরিষেবার নিয়ন্ত্রক কাঠামো ন্যায্য ও বৈষম্যহীন। মাস্কের এই মন্তব্যের সমালোচনা করে মহাজনের দাবি, ভারতের নির্দিষ্ট নিরাপত্তা সংক্রান্ত শর্ত পূরণ করার পরিবর্তে জনমতকে কাজে লাগিয়ে সরকারের উপর চাপ তৈরির চেষ্টা করছে স্টারলিঙ্ক। তাঁর মতে, সংস্থাটি যদি ভারতীয় নিয়ম মেনে চলতে প্রস্তুত না থাকে, তা হলে পরিষেবা চালুর অনুমতি দেওয়া উচিত নয়।

    ইউক্রেন থেকে তাইওয়ান—বিভিন্ন দেশের অভিজ্ঞতার উল্লেখ

    স্টারলিঙ্কের নিরাপত্তা সংক্রান্ত ঝুঁকি ব্যাখ্যা করতে গিয়ে ইউক্রেন, ইরান, রাশিয়া, চিন, তাইওয়ান, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল, ভেনেজুয়েলা ও সুদানের মতো বিভিন্ন দেশের অভিজ্ঞতার কথা উল্লেখ করেছে স্বদেশি জাগরণ মঞ্চ। সংগঠনটির দাবি, এই দেশগুলির অভিজ্ঞতা থেকে স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবার কৌশলগত ও নিরাপত্তাগত প্রভাব খতিয়ে দেখা প্রয়োজন। মহাজনের বক্তব্য, দেশের নিজস্ব স্যাটেলাইট-ভিত্তিক ইন্টারনেট পরিষেবা চালু হতে সামান্য দেরি হলেও তাতে সমস্যা নেই। বরং দেশীয় প্রযুক্তির মাধ্যমে স্টারলিঙ্কের তুলনায় কম খরচে পরিষেবা দেওয়ার পাশাপাশি জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হতে পারে বলে দাবি তাঁর।

    লাইসেন্স পেলেও বাণিজ্যিক পরিষেবা শুরুর ছাড়পত্র মেলেনি

    উল্লেখ্য, ভারতে স্যাটেলাইট ব্রডব্যান্ড পরিষেবা চালুর জন্য স্টারলিঙ্ক আবেদন করেছে। রিলায়েন্স জিও এবং ভারতী গোষ্ঠী-সমর্থিত ইউটেলস্যাট ওয়ানওয়েবও এই পরিষেবা চালুর ক্ষেত্রে অনুমোদন পেয়েছে। তবে লাইসেন্স থাকলেই বাণিজ্যিক পরিষেবা চালু করা যাবে না। স্পেকট্রাম বরাদ্দ ও পরিষেবা চালুর আগে নির্দিষ্ট নিরাপত্তা সংক্রান্ত শর্ত পূরণ করতে হবে। কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রকের বক্তব্য অনুযায়ী, তিনটি সংস্থারই নিরাপত্তা সংক্রান্ত মূল্যায়ন চলছে এবং নিয়ন্ত্রক প্রক্রিয়ার ক্ষেত্রে তারা মোটামুটি একই পর্যায়ে রয়েছে। কেন্দ্রীয় যোগাযোগমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়াও জানিয়েছেন, নিরাপত্তা সংক্রান্ত ছাড়পত্র দেওয়ার বিষয়টি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের আওতাধীন। ফলে স্টারলিঙ্কের ভারতে বাণিজ্যিক পরিষেবা চালুর ভবিষ্যৎ নির্ভর করছে নিরাপত্তা সংক্রান্ত শর্ত পূরণ এবং সংশ্লিষ্ট সরকারি অনুমোদনের উপর। স্বদেশি জাগরণ মঞ্চের আপত্তি এই বিতর্ককে আরও জোরালো করল।

  • World Food Day 2026: খাদ্যে স্বনির্ভরতা থেকে পুষ্টি সুরক্ষা, কৃষিক্ষেত্রে মোদি সরকারের একাধিক উদ্যোগ

    World Food Day 2026: খাদ্যে স্বনির্ভরতা থেকে পুষ্টি সুরক্ষা, কৃষিক্ষেত্রে মোদি সরকারের একাধিক উদ্যোগ

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ বিশ্ব খাদ্য দিবস। ২০২৬ সালের জন্য রাষ্ট্রসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO)-র নির্ধারিত থিম ‘ইনোভেট টুডে, নারিশ টুমরো’—অর্থাৎ, ‘আজ উদ্ভাবন, আগামী দিনের পুষ্টি সুনিশ্চিতকরণ’। এই প্রেক্ষাপটে খাদ্য উৎপাদন, কৃষকদের আর্থিক সহায়তা এবং পুষ্টি সুরক্ষার ক্ষেত্রে ভারতের অগ্রগতি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। একসময় খাদ্যসংকট মোকাবিলায় বিদেশি সাহায্যের উপর নির্ভর করতে হত ভারতকে। ১৯৬০-এর দশকে ‘শিপ-টু-মাউথ’ পরিস্থিতিতে বিদেশ থেকে আসা খাদ্যশস্যের উপর নির্ভরশীল ছিল দেশ। সেখান থেকে দীর্ঘ পথ অতিক্রম করে আজ ১৪০ কোটিরও বেশি মানুষের খাদ্যের জোগান নিশ্চিত করার পাশাপাশি আন্তর্জাতিক কৃষি বাজারেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার গত এক দশকে কৃষি উৎপাদন বৃদ্ধি, সেচের সম্প্রসারণ, উন্নত বীজের ব্যবহার এবং খাদ্যবণ্টন ব্যবস্থার উন্নয়নে একাধিক পদক্ষেপ করেছে।

    ৮১ কোটিরও বেশি মানুষের খাদ্য সুরক্ষা

    কেন্দ্রীয় কৃষি মন্ত্রকের উদ্ধৃত তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবর্ষে ভারতের মোট খাদ্যশস্য উৎপাদন বেড়ে ৩৭৬.৫৬ মিলিয়ন টনে পৌঁছেছে। চাল উৎপাদনেও উল্লেখযোগ্য অগ্রগতির দাবি করা হয়েছে। পাশাপাশি দুধ ও মিলেট উৎপাদনে ভারত বিশ্বে প্রথম এবং মাছ, ফল ও সবজি উৎপাদনে দ্বিতীয় স্থানে রয়েছে। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্রের অন্যতম বড় কর্মসূচি প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা (PMGKAY)। জাতীয় খাদ্য সুরক্ষা আইন (NFSA)-এর আওতায় প্রায় ৮১.৩৫ কোটি উপভোক্তা এই ব্যবস্থার সুবিধা পাচ্ছেন। কোভিড অতিমারির সময় চালু হওয়া এই প্রকল্পের আওতায় বিনামূল্যে খাদ্যশস্য সরবরাহের মেয়াদ ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে আরও পাঁচ বছর, অর্থাৎ ২০২৯ সাল পর্যন্ত বাড়ানো হয়েছে। কেন্দ্রের দাবি, এই প্রকল্পের মাধ্যমে দেশের দরিদ্র ও প্রান্তিক পরিবারগুলির খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তাঁদের আর্থিক চাপও কমানো সম্ভব হয়েছে। প্রকল্পটির জন্য মোট ১১.৮০ লক্ষ কোটি টাকা ব্যয়ের কথা উল্লেখ করা হয়েছে। বিশ্বের অন্যতম বৃহৎ খাদ্য সহায়তা কর্মসূচি হিসেবে এই প্রকল্প দেশের সামাজিক সুরক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তবে দীর্ঘমেয়াদি খাদ্য নিরাপত্তার পাশাপাশি মানুষের খাদ্যতালিকায় পর্যাপ্ত পুষ্টি নিশ্চিত করাও এখন বড় চ্যালেঞ্জ।

    পুষ্টিসমৃদ্ধ চাল ও অপুষ্টি মোকাবিলায় উদ্যোগ

    শুধু পেট ভরলেই খাদ্য নিরাপত্তা সম্পূর্ণ হয় না। শরীরে প্রয়োজনীয় ভিটামিন ও খনিজের অভাব বা ‘হিডেন হাঙ্গার’ দূর করাও সমান জরুরি। বিশেষত মহিলা ও শিশুদের মধ্যে রক্তাল্পতা এবং অন্যান্য পুষ্টির ঘাটতি মোকাবিলায় চালের পুষ্টিগুণ বৃদ্ধির উপর জোর দিচ্ছে কেন্দ্র। সরকারি পরিকল্পনা অনুযায়ী, ২০২৮ সালের ডিসেম্বরের মধ্যে দেশজুড়ে পুষ্টিসমৃদ্ধ চাল সরবরাহের কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্য নেওয়া হয়েছে। এই চালের সঙ্গে আয়রন, ফলিক অ্যাসিড ও ভিটামিন বি১২ যুক্ত করা হচ্ছে। গণবণ্টন ব্যবস্থা (PDS) এবং পিএম-পোষণ প্রকল্পের আওতায় এই চাল সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্পটির জন্য মোট ১৭,০৮২ কোটি টাকা বরাদ্দের কথা জানানো হয়েছে। পাশাপাশি ভারতীয় কৃষি গবেষণা পরিষদ (ICAR) ১০০টিরও বেশি পুষ্টিসমৃদ্ধ ফসলের নতুন জাত তৈরি করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এই উদ্যোগগুলির লক্ষ্য, খাদ্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি সাধারণ মানুষের খাদ্যতালিকায় পুষ্টির পরিমাণ বাড়ানো।

    ‘শ্রী অন্ন’-এর প্রচার, মিলেটে বিশ্ববাজারের নজর

    জলবায়ু পরিবর্তন, অনিয়মিত বৃষ্টিপাত এবং জলের ক্রমবর্ধমান চাহিদার মধ্যে মিলেট বা বাজরা-জাতীয় শস্যের গুরুত্ব বাড়ছে। তুলনামূলকভাবে কম জলে এবং প্রতিকূল আবহাওয়ায় এই শস্য চাষ করা সম্ভব হওয়ায় কৃষকদের কাছে এটি একটি গুরুত্বপূর্ণ বিকল্প। ভারতের উদ্যোগে রাষ্ট্রসংঘ ২০২৩ সালকে আন্তর্জাতিক মিলেট বর্ষ হিসেবে ঘোষণা করেছিল। দেশীয় এই শস্যকে ‘শ্রী অন্ন’ নামে প্রচারের মাধ্যমে আন্তর্জাতিক বাজারে জনপ্রিয় করে তোলার চেষ্টা চলছে। মিলেট প্রক্রিয়াকরণ, কৃষিভিত্তিক স্টার্টআপ এবং রফতানি বৃদ্ধির উপরও জোর দেওয়া হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, পুষ্টিগুণে সমৃদ্ধ এই শস্যের উৎপাদন ও ব্যবহার বাড়ানো গেলে একদিকে যেমন কৃষকদের আয়ের নতুন সুযোগ তৈরি হবে, অন্যদিকে তেমনই জলবায়ু পরিবর্তনের মোকাবিলায় কৃষিক্ষেত্রের সহনশীলতাও বাড়তে পারে।

    ডাল ও ভোজ্যতেলে স্বনির্ভরতার লক্ষ্য

    খাদ্যশস্য উৎপাদনে ভারত উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করলেও ডাল ও ভোজ্যতেলের ক্ষেত্রে আমদানিনির্ভরতা এখনও বড় চ্যালেঞ্জ। সেই নির্ভরতা কমাতে কেন্দ্র ডাল উৎপাদন বৃদ্ধি এবং তৈলবীজ চাষ সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে। ২০২৫-২৬ থেকে ২০৩০-৩১ অর্থবর্ষ পর্যন্ত জাতীয় ডাল স্বনির্ভরতা মিশনের জন্য ১১,৪৪০ কোটি টাকা বরাদ্দের কথা জানানো হয়েছে। ২০৩১ সালের মধ্যে ডালের চাহিদা মেটাতে দেশীয় উৎপাদনে স্বনির্ভরতা অর্জন এই প্রকল্পের অন্যতম লক্ষ্য। অন্যদিকে, দেশের মোট ভোজ্যতেলের চাহিদার প্রায় ৫৫ থেকে ৬০ শতাংশ আমদানির মাধ্যমে পূরণ করতে হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এই নির্ভরতা কমাতে জাতীয় ভোজ্যতেল মিশন—অয়েল পাম প্রকল্পের অধীনে উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন রাজ্য এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে পাম তেলের চাষ সম্প্রসারণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর ফলে বিদেশি মুদ্রার সাশ্রয় এবং দেশীয় কৃষকদের আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

    ডিজিটাল কৃষি ও কৃষকদের আর্থিক সহায়তা

    কৃষিক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার বাড়াতেও একাধিক প্রকল্প চালু করেছে কেন্দ্র। ডিজিটাল এগ্রিকালচার মিশন বা এগ্রিস্ট্যাকের জন্য ২,৮১৭ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এর আওতায় কৃষকদের জমির ডিজিটাল তথ্যভান্ডার, কৃষিকাজে ড্রোনের ব্যবহার এবং আবহাওয়ার পূর্বাভাসের মতো প্রযুক্তির উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এ ছাড়াও প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের মাধ্যমে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি আর্থিক সহায়তা পাঠানো হচ্ছে। সরকারি তথ্যের ভিত্তিতে প্রতিবেদনে দাবি করা হয়েছে, এই প্রকল্পে ১১ কোটিরও বেশি কৃষকের অ্যাকাউন্টে সরাসরি সুবিধা হস্তান্তর বা DBT-র মাধ্যমে ৩ লক্ষ কোটি টাকার বেশি অর্থ পাঠানো হয়েছে। কৃষকদের বীজ, সার এবং অন্যান্য কৃষি উপকরণ কেনার ক্ষেত্রে আর্থিক সহায়তা জোগানোই এই প্রকল্পের অন্যতম উদ্দেশ্য। এর পাশাপাশি আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়লে উৎপাদনশীলতা বৃদ্ধি এবং কৃষিকাজের খরচ নিয়ন্ত্রণেও সুবিধা হতে পারে।

    কৃষি রফতানি ও বিশ্ব খাদ্য নিরাপত্তায় ভারতের ভূমিকা

    দেশীয় খাদ্য চাহিদা পূরণের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও ভারতের কৃষিপণ্যের গুরুত্ব বাড়ছে। প্রতিবেদনে দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবর্ষে ভারতের মোট কৃষিপণ্য রফতানির পরিমাণ ৫৩.১ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। নন-বাসমতি চাল রফতানির উপর ন্যূনতম রফতানি মূল্য ও অন্যান্য বিধিনিষেধ তুলে নেওয়ার পর আন্তর্জাতিক বাজারে ভারতীয় চালের সরবরাহ আরও বাড়ানোর সুযোগ তৈরি হয়েছে বলে দাবি করা হয়েছে। বিশ্বের ১৪০টিরও বেশি দেশে খাদ্যশস্য সরবরাহের পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক সংকটের সময় খাদ্য সহায়তা দেওয়ার ক্ষেত্রেও ভারতের ভূমিকা রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘বসুধৈব কুটুম্বকম’—অর্থাৎ, ‘সমগ্র বিশ্ব এক পরিবার’—দর্শনের সঙ্গে সামঞ্জস্য রেখে বিশ্ব খাদ্য নিরাপত্তায় ভারতের অবদান তুলে ধরছে কেন্দ্র।

    খাদ্য নিরাপত্তা থেকে পুষ্টি সুরক্ষা—নতুন চ্যালেঞ্জ

    বিশ্ব খাদ্য দিবস ২০২৬-এ ভারতের কৃষিক্ষেত্রের অগ্রগতি যেমন সামনে এসেছে, তেমনই ভবিষ্যতের চ্যালেঞ্জগুলিও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। খাদ্যশস্য উৎপাদন বৃদ্ধি, বিনামূল্যে রেশন, পুষ্টিসমৃদ্ধ খাদ্য, কৃষকদের আর্থিক সহায়তা এবং কৃষিতে প্রযুক্তির ব্যবহার—এই সমস্ত উদ্যোগের লক্ষ্য দেশের খাদ্য ব্যবস্থাকে আরও শক্তিশালী করা। তবে উৎপাদনের সাফল্যকে দীর্ঘমেয়াদি পুষ্টি সুরক্ষায় রূপান্তরিত করতে হলে অপুষ্টি মোকাবিলা, কৃষকদের ন্যায্য আয়, জলসম্পদের সঠিক ব্যবহার এবং জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার উপরও গুরুত্ব দিতে হবে। বিদেশি সাহায্যনির্ভরতা থেকে বিশ্বের অন্যতম বৃহৎ খাদ্য উৎপাদক দেশে পরিণত হওয়ার যাত্রায় ভারত উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। এখন সেই অগ্রগতির পরবর্তী লক্ষ্য—প্রতিটি মানুষের কাছে পর্যাপ্ত, নিরাপদ ও পুষ্টিকর খাদ্য পৌঁছে দেওয়া এবং একই সঙ্গে কৃষিক্ষেত্রকে আরও স্বনির্ভর ও টেকসই করে তোলা।

  • US Midterm Elections: মার্কিন মধ্যবর্তী নির্বাচনের আগে তলানিতে ট্রাম্পের জনপ্রিয়তা, মূল্যবৃদ্ধি ও ইরান যুদ্ধ ঘিরে বাড়ছে ক্ষোভ

    US Midterm Elections: মার্কিন মধ্যবর্তী নির্বাচনের আগে তলানিতে ট্রাম্পের জনপ্রিয়তা, মূল্যবৃদ্ধি ও ইরান যুদ্ধ ঘিরে বাড়ছে ক্ষোভ

    মাধ্যম নিউজ ডেস্ক: মার্কিন মধ্যবর্তী নির্বাচনের (US Midterm Elections) আগে বড়সড় রাজনৈতিক চ্যালেঞ্জের মুখে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। মূল্যবৃদ্ধি, কর্মসংস্থানের অনিশ্চয়তা এবং ইরানের সঙ্গে যুদ্ধের অর্থনৈতিক প্রভাব নিয়ে সাধারণ মানুষের ক্ষোভ ক্রমশ বাড়ছে। এর জেরে একাধিক জনমত সমীক্ষায় ট্রাম্পের জনপ্রিয়তা উল্লেখযোগ্যভাবে কমেছে। কয়েকটি সমীক্ষায় তাঁর অনুমোদনের হার ৩১ থেকে ৩৪ শতাংশের মধ্যে ঘোরাফেরা করছে। ফলে আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখা রিপাবলিকানদের কাছে কঠিন হয়ে উঠতে পারে বলে মনে করা হচ্ছে।

    মূল্যবৃদ্ধি ও কর্মসংস্থান নিয়ে বাড়ছে অসন্তোষ

    ট্রাম্প প্রশাসনের অর্থনৈতিক নীতি নিয়ে মার্কিন নাগরিকদের অসন্তোষ ক্রমশ প্রকট হচ্ছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি, জ্বালানির খরচ এবং পরিবারের দৈনন্দিন ব্যয় সামলাতে হিমশিম খাচ্ছেন বহু মানুষ। মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে প্রেসিডেন্টের ভূমিকা নিয়েও সন্তুষ্ট নন অধিকাংশ ভোটার। অ্যাসোসিয়েটেড প্রেস-নরক-এর সমীক্ষায় দেখা গিয়েছে, মাত্র ১৭ শতাংশ মার্কিন নাগরিক জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণে ট্রাম্পের ভূমিকার প্রতি সমর্থন জানিয়েছেন। অর্থনীতি পরিচালনার ক্ষেত্রে তাঁর প্রতি সমর্থনের হার ২৬ শতাংশ। সমীক্ষায় অংশগ্রহণকারীদের ৬৫ শতাংশের মতে, অস্বাভাবিক মূল্যবৃদ্ধির জন্য ট্রাম্পের নীতিই বহুলাংশে দায়ী। কর্মসংস্থানের ছবিও খুব একটা স্বস্তিদায়ক নয়। সেপ্টেম্বরে মার্কিন অর্থনীতিতে মাত্র ২৯ হাজার নতুন কর্মসংস্থান তৈরি হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রত্যাশার তুলনায় এই সংখ্যা অনেকটাই কম। ফলে মার্কিন শ্রমবাজারের শক্তি ও অর্থনৈতিক স্থিতিশীলতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।

    ট্রাম্পের প্রতি সমর্থন অত্যন্ত কম

    ফিনান্সিয়াল টাইমস-ফোকালডেটার একটি সমীক্ষা অনুযায়ী, দেশের অর্থনীতি ও কর্মসংস্থান নিয়ে ট্রাম্পের ভূমিকার প্রতি সমর্থন অত্যন্ত কম। সমীক্ষায় অংশগ্রহণকারী ভোটারদের ৪৫ শতাংশের ধারণা, ট্রাম্পের অবস্থান রিপাবলিকান প্রার্থীদের নির্বাচনী জয়ের সম্ভাবনাকে আরও কঠিন করে তুলছে। অন্যদিকে, দেশের অর্থনীতি ভুল পথে এগোচ্ছে বলে মনে করছেন দুই-তৃতীয়াংশেরও বেশি উত্তরদাতা। এপি-নরক-এর ২৪ থেকে ২৮ সেপ্টেম্বরের সমীক্ষা অনুযায়ী, ৭৩ শতাংশ উত্তরদাতা মনে করেন, দেশ ভুল পথে এগোচ্ছে। প্রায় ৪৬ শতাংশের দাবি, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ শুরুর সময়ের তুলনায় তাঁদের পরিবারের আর্থিক পরিস্থিতি খারাপ হয়েছে। জ্বালানি ও খাবারের খরচ বহন করা নিয়েও প্রায় অর্ধেক উত্তরদাতা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

    ইরান যুদ্ধ নিয়ে প্রশ্নের মুখে ট্রাম্প

    ট্রাম্প প্রশাসনের জন্য আরেকটি বড় রাজনৈতিক সমস্যা হয়ে উঠেছে ইরানের সঙ্গে সংঘাত। যুদ্ধের মেয়াদ, আর্থিক ব্যয় এবং তার কৌশলগত পরিণতি নিয়ে মার্কিন নাগরিকদের মধ্যে উদ্বেগ বাড়ছে। সমীক্ষা অনুযায়ী, প্রায় ৬৯ শতাংশ মার্কিন নাগরিক মনে করেন, ইরানের সঙ্গে যুদ্ধের মূল্য দেওয়া সার্থক হয়নি। মাত্র ২৮ শতাংশ এই সংঘাত মোকাবিলায় ট্রাম্পের ভূমিকার প্রতি সমর্থন জানিয়েছেন। এমনকী, রিপাবলিকান সমর্থকদের একাংশের মধ্যেও যুদ্ধের প্রভাব নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। হরমুজ প্রণালী দিয়ে তেল পরিবহণে বিঘ্ন এবং আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতার কারণে তেল ও জ্বালানির দাম বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এর সরাসরি প্রভাব পড়ছে মার্কিন পরিবারগুলির দৈনন্দিন ব্যয়ে। প্রথমদিকে ট্রাম্প দাবি করেছিলেন, ইরানকে ঘিরে সামরিক অভিযান কয়েক সপ্তাহের মধ্যেই শেষ হতে পারে। কিন্তু সংঘাত দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা তৈরি হওয়ায় যুদ্ধের আর্থিক ও কৌশলগত মূল্য নিয়ে প্রশ্ন উঠছে। সমীক্ষায় প্রায় ৮০ শতাংশ মার্কিন নাগরিক মনে করছেন, ইরানে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক সম্পৃক্ততা দীর্ঘদিন চলতে পারে। রিপাবলিকান সমর্থকদের মধ্যেও এই আশঙ্কা রয়েছে।

    শুল্কনীতি নিয়েও বাড়ছে বিরোধিতা

    ট্রাম্পের বাণিজ্যনীতি ও আমদানি শুল্ক আরোপের সিদ্ধান্তও জনসমর্থন হারানোর অন্যতম কারণ হয়ে উঠেছে। সমীক্ষায় প্রায় ৬৪ শতাংশ মার্কিন নাগরিক মনে করেন, শুল্ক আরোপের ক্ষেত্রে ট্রাম্প সীমা ছাড়িয়ে গিয়েছেন। জানুয়ারিতে এই মত পোষণকারীর হার ছিল ৫৮ শতাংশ। অন্য দেশগুলির সঙ্গে বাণিজ্য আলোচনা পরিচালনায় ট্রাম্পের ভূমিকার প্রতি সমর্থন জানিয়েছেন মাত্র ৩০ শতাংশের কাছাকাছি উত্তরদাতা। প্রশাসনের দাবি, শুল্কনীতি মার্কিন শিল্প ও উৎপাদন ক্ষেত্রকে শক্তিশালী করতে সাহায্য করবে। কিন্তু বিরোধীদের বক্তব্য, এই নীতির ফলে আমদানি করা পণ্য ও বিভিন্ন উপকরণের খরচ বাড়তে পারে, যার বোঝা শেষ পর্যন্ত সাধারণ ক্রেতাদের উপরেই পড়বে।

    হিস্পানিক ভোটারদের সমর্থনেও ভাঙন

    ট্রাম্পের জনপ্রিয়তা হ্রাসের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল হিস্পানিক বা লাতিনো বংশোদ্ভূত মার্কিন ভোটারদের মধ্যে সমর্থন কমে যাওয়া। ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে এই ভোটারদের একটি অংশের সমর্থন ট্রাম্পের জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। কিন্তু সাম্প্রতিক সমীক্ষায় মাত্র ২৪ শতাংশ হিস্পানিক মার্কিন নাগরিক ট্রাম্পের কাজের প্রতি সমর্থন জানিয়েছেন। কংগ্রেস নির্বাচনে রিপাবলিকান প্রার্থীদের সমর্থনের ইচ্ছা প্রকাশ করেছেন মাত্র ২৬ শতাংশ হিস্পানিক ভোটার। অন্যদিকে, ৫২ শতাংশ ভোটার ডেমোক্র্যাট প্রার্থীদের সমর্থনের কথা জানিয়েছেন। বয়স্ক ভোটারদের মধ্যেও রিপাবলিকানদের ব্যবধান কমেছে। ৫০ বছর বা তার বেশি বয়সি ভোটারদের মধ্যে রিপাবলিকানদের এগিয়ে থাকার ব্যবধান নেমে এসেছে মাত্র দুই শতাংশে। গত ডিসেম্বরে এই ব্যবধান ছিল আট শতাংশ। অন্যদিকে, ৫০ বছরের কম বয়সি ভোটারদের মধ্যে ডেমোক্র্যাটরা ১৮ শতাংশ পয়েন্টে এগিয়ে রয়েছেন।

    কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখা নিয়ে উদ্বেগ

    আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে মার্কিন প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসন এবং সেনেটের ৩৫টি আসনে নির্বাচন হবে। বর্তমানে প্রতিনিধি পরিষদে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা খুবই সামান্য। ফলে কয়েকটি গুরুত্বপূর্ণ আসনে ফলের পরিবর্তনই কংগ্রেসের নিয়ন্ত্রণ নির্ধারণ করতে পারে। সাম্প্রতিক নির্বাচনী মূল্যায়নে ১৮টি প্রতিনিধি পরিষদের আসনের লড়াই ডেমোক্র্যাটদের অনুকূলে সরে গিয়েছে বলে দাবি করা হয়েছে। সেই মূল্যায়ন অনুযায়ী, নভেম্বরের নির্বাচনে ডেমোক্র্যাটরা ৯ থেকে ১৯টি আসন বাড়াতে পারেন। মূল্যবৃদ্ধি, দুর্বল কর্মসংস্থান, ইরান যুদ্ধ নিয়ে অসন্তোষ এবং হিস্পানিক ও তরুণ ভোটারদের মধ্যে সমর্থন হ্রাস—সব মিলিয়ে নির্বাচনের আগে কঠিন পরিস্থিতির মুখে রিপাবলিকানরা। ট্রাম্পের সামনে এখন বড় চ্যালেঞ্জ হল, অর্থনৈতিক প্রতিশ্রুতির বাস্তবায়ন নিয়ে ভোটারদের আস্থা ফেরানো এবং দলের নির্বাচনী সমর্থন ধরে রাখা।

     

LinkedIn
Share