Bhai Phonta 2026: উৎসবের আনন্দে স্বাস্থ্যের ক্ষতি নয়! ভাইফোঁটার ভোজে কোন খাবার এড়িয়ে চলবেন?

bhai-phonta-food-diet-precautions-healthy-eating-tips

মাধ্যম নিউজ ডেস্ক: আগামিকাল, বুধবার ভাইফোঁটা! ভাই-বোনের সম্পর্কের উদযাপনের এক বিশেষ দিন। বছরের এই দিনটি প্রত্যেক ভাই-বোনের কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর বিশেষ দিনে খাবারের পাতে বিশেষ পদ থাকবে না, তা কি হয়? বাঙালির যে কোনও উৎসব বা উদযাপনেই খাওয়া-দাওয়া বিশেষ গুরুত্ব পায়। ভাইফোঁটাও তার ব্যতিক্রম নয়। এই দিনে বোনেরা নানা রকম সুস্বাদু পদ সাজিয়ে দেন ভাইদের জন্য। কিন্তু উৎসবের আনন্দে খাবারের দিকে অতিরিক্ত নজর না দিলে স্বাস্থ্যের ক্ষতি হওয়ার আশঙ্কাও থাকে। চিকিৎসক ও পুষ্টিবিদদের একাংশের পরামর্শ, ভাইফোঁটার খাওয়াদাওয়াতেও মেনে চলতে হবে কিছু নিয়ম। তবেই উৎসবের আনন্দ উপভোগ করার পাশাপাশি সুস্থ থাকা সম্ভব।

কোন দিকে বিশেষ নজরদারি জরুরি?

পুষ্টিবিদদের একাংশ জানাচ্ছেন, সুস্বাদু খাবার মানেই অতিরিক্ত তেল-মশলা দিয়ে তৈরি পদ, এই ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। বিশেষ করে রান্নায় অতিরিক্ত তেলের ব্যবহার এড়িয়ে চলা জরুরি। অতিরিক্ত তেল ও স্যাচুরেটেড ফ্যাট শরীরে খারাপ কোলেস্টেরলের মাত্রা বাড়াতে পারে। এর ফলে হৃদরোগের ঝুঁকিও তৈরি হয়। বিশেষত উচ্চ রক্তচাপ বা কোলেস্টেরলের সমস্যা থাকলে খাবারের বিষয়ে আরও সতর্ক হওয়া প্রয়োজন।

খাবারের তালিকায় টাটকা সব্জির পাশাপাশি মাছ, মাংসের মতো প্রাণীজ প্রোটিন থাকতে পারে। তবে প্রসেসড মাংস এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছেন পুষ্টিবিদদের একাংশ। তাঁদের মতে, সসেজ, সালামি, বেকন কিংবা অন্যান্য প্রক্রিয়াজাত মাংসে অতিরিক্ত লবণ ও বিভিন্ন সংরক্ষক উপাদান থাকতে পারে। নিয়মিত এই ধরনের খাবার খেলে স্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব পড়তে পারে। তাই ভাইফোঁটার মেনু তৈরির সময় প্রসেসড মাংসের পরিবর্তে টাটকা মাছ-মাংস বেছে নেওয়াই ভালো।

খাবারের মেনুতে রাখুন সব্জি

শুধু প্রাণীজ প্রোটিন দিয়ে স্বাস্থ্যকর খাবারের তালিকা তৈরি করা সম্ভব নয়। তাই মাছ-মাংসের পাশাপাশি বিভিন্ন ধরনের সব্জির পদ রাখার পরামর্শ দিচ্ছেন পুষ্টিবিদদের একাংশ। তাঁদের মতে, খাবারে সব্জি থাকলে প্রয়োজনীয় ফাইবার, ভিটামিন ও খনিজের জোগান পাওয়া যায়। এতে সুষম খাদ্যাভ্যাস বজায় রাখাও সহজ হয়।

উচ্চ রক্তচাপ, কোলেস্টেরল কিংবা স্থূলতার সমস্যা থাকলে অতিরিক্ত চর্বিযুক্ত প্রাণীজ প্রোটিন খাওয়ার ক্ষেত্রে বিশেষ সতর্কতা প্রয়োজন। ভাইফোঁটার মেনুতে মটন কষা, দই কাতলা কিংবা ইলিশ পাতুরির মতো সুস্বাদু পদ থাকতেই পারে। কিন্তু একসঙ্গে একাধিক ভারী ও চর্বিযুক্ত পদ বেশি পরিমাণে খেলে শরীরে ক্যালোরি ও স্যাচুরেটেড ফ্যাটের মাত্রা বেড়ে যেতে পারে। ফলে ওজন ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে সমস্যা তৈরি হওয়ার আশঙ্কা থাকে। তাই পছন্দের পদ খেলেও পরিমাণের দিকে নজর রাখা জরুরি।

মিষ্টি খাওয়ার ক্ষেত্রেও প্রয়োজন নিয়ন্ত্রণ

বাঙালির যে কোনও উৎসবের মতো ভাইফোঁটার উদযাপনেও মিষ্টি অবিচ্ছেদ্য অংশ। কিন্তু ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তি কিংবা স্থূলতার সমস্যায় ভুগছেন যাঁরা, তাঁদের মিষ্টি খাওয়ার ক্ষেত্রে বিশেষ সতর্ক থাকা প্রয়োজন। একসঙ্গে একাধিক মিষ্টি খেলে রক্তে শর্করার মাত্রা দ্রুত বেড়ে যেতে পারে। তাই উৎসবের দিনেও মিষ্টির পরিমাণ নিয়ন্ত্রণে রাখা জরুরি।

পুষ্টিবিদদের একাংশের পরামর্শ, মিষ্টির পাশাপাশি কিংবা বিকল্প হিসেবে মেনুতে বিভিন্ন ধরনের মরশুমি ফল রাখা যেতে পারে। আপেল, স্ট্রবেরি, লেবু-সহ নানা ধরনের ফল খাবারের তালিকায় বৈচিত্র্য আনার পাশাপাশি শরীরে ভিটামিন, খনিজ ও ফাইবারের জোগান দেয়। তবে ফলের নাম করে অতিরিক্ত ফলের রস বা চিনি মেশানো ফলের পদ খাওয়াও ঠিক নয়।

সব মিলিয়ে, ভাইফোঁটার দিন পছন্দের খাবার উপভোগ করুন, তবে পরিমাণ ও খাবারের ভারসাম্য বজায় রাখুন। অতিরিক্ত তেল-মশলা, চর্বিযুক্ত খাবার এবং মিষ্টি এড়িয়ে সুষম মেনু বেছে নিলেই উৎসবের আনন্দের সঙ্গে স্বাস্থ্যেরও খেয়াল রাখা সম্ভব।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share