Author: ishika-banerjee

  • Maha Kumbh 2025: মৌনী অমাবস্যায় মহাকুম্ভে কোটি কোটি ভক্তের ভিড়, পদপিষ্টের খবর উপেক্ষা করে চলছে অমৃতস্নান

    Maha Kumbh 2025: মৌনী অমাবস্যায় মহাকুম্ভে কোটি কোটি ভক্তের ভিড়, পদপিষ্টের খবর উপেক্ষা করে চলছে অমৃতস্নান

    মাধ্যম নিউজ ডেস্ক: মৌনী অমাবস্যার সকালে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লেও মহাকুম্ভে উপচে পড়ল ভিড়। এদিন সকালে অমৃতস্নান শুরুর আগেই বহু মানুষের হুড়োহুড়িতে পদপিষ্টের মতো ঘটনা ঘটে। কিন্তু তার পরেও ভক্তরা পবিত্র স্নানের জন্য সঙ্গমে সমবেত হতে থাকে। এই অটূট ভক্তি মৌনী অমাবস্যার পবিত্র দিনে গঙ্গা, যমুনা ও অন্তঃসলিলা সরস্বতীর ত্রিবেণী সঙ্গমে স্নান করার আধ্যাত্মিক গুরুত্বকে উজ্জীবিত করে। মহাকুম্ভে যতগুলি অমৃত স্নানের তারিখ রয়েছে, হিন্দু শাস্ত্র মতে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মৌনী অমাবস্যা। সেই কারণে মৌনী অমাবস্যাতেই প্রয়াগরাজে সবচেয়ে বেশি মানুষ স্নান করবেন বলে আগেই অনুমান করেছিল যোগী প্রশাসন। সেই মতো পর্যাপ্ত ব্যবস্থাও ছিল। কিন্তু তারপরেই দুর্ঘটনা ঘটে যায়। তবে এর পরেও মৌনী অমাবস্যার পূণ্যতিথিতে অমৃতস্নান চলছে মহাকুম্ভে। পূণ্যলাভের আশায় সঙ্গমে অমৃত স্নান করছেন কোটি কোটি পুণ্যার্থী।

    মৌনী অমাবস্যায় স্নানের গুরুত্ব

    মাঘ মাসের অমাবস্যা তিথি মৌনী অমাবস্যা হিসেবে পালিত হয়। এই দিনে সঙ্গমে স্নান করলে পাপমুক্তি ঘটে বলে প্রচলিত বিশ্বাস। এই তিথিতে সূর্য, চন্দ্র ও বৃহস্পতি এক রেখায় আসে। মহাজাগতিক শক্তির প্রভাব এসে পড়ে নদীর জলে। সেই কারণে মৌনী অমাবস্যার বিশেষ ক্ষণে ত্রিবেণী সঙ্গমে স্নান করলে শরীর ও মনে বিশেষ শক্তি লাভ হয় বলে শাস্ত্র বিশেষজ্ঞদের মত। এই দিনে গঙ্গার জলে অমৃতের বর্ষণ হয় বলে প্রচলিত বিশ্বাস। কথিত আছে, এই দিন পূণ্যস্নান করলে কোষ্ঠীর সব রকম দোষ থেকে মুক্তি পান মানুষ। বিশেষ করে কালসর্প দোষ ও পিতৃদোষ থেকে মুক্তি পেতেও মৌনী অমাবস্যায় পূণ্যস্নানের মাহাত্ম্য রয়েছে। এই বিশ্বাস থেকেই এই দিনে কোটি কোটি মানুষ সঙ্গমে স্নান করেন।

    কড়া নজর প্রধানমন্ত্রীর

    এদিন সকালে প্রয়াগরাজ মহাকুম্ভে কোটি কোটি মানুষ ভিড় জমান। সঙ্গমে স্নান শুরুর আগেই পদপিষ্টের মতো ঘটনা ঘটে। ভিড় সামলাতে না পেরে এক মহিলা পড়ে গেলে তাঁর পিছনের লোকও টাল সামলাতে পারেননি। এর ফলে, পদপিষ্টের মতো ঘটনা ঘটলে কয়েকজন হতাহত হয়েছেন। ঘটনাকে কেন্দ্র করে প্রথমে তীব্র চাঞ্চল্য তৈরি হয়। তবে তৎক্ষণাৎ অধিক সক্রিয় হয়ে ওঠে প্রশাসন। গোটা পরিস্থিতির উপর কড়া নজর রেখেছে কেন্দ্রীয় সরকারও। ইতিমধ্যে ঘটনা নিয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে একাধিক বার ফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কার্যত দফায় দফায় গোটা ঘটনার ( Maha Kumbh 2025) বিস্তারিত খোঁজ তিনি নিয়েছেন বলে খবর।

    সক্রিয় স্বরাষ্ট্রমন্ত্রী, উত্তরপ্রদেশ সরকার

    অন্যদিকে, যোগী আদিত্যনাথের সঙ্গে ফোনে কথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। কেন্দ্রের তরফে সম্পূর্ণ সাহায্য করার কথা বলা হয়েছে। একই সঙ্গে আহতদের জন্য কি ব্যবস্থা নেওয়া হয়েছে তা নিয়েও যোগীর সঙ্গে বিস্তারিত আলোচনা হয় শাহের। গোটা এলাকা বিশাল পুলিশ বাহিনী ঘিরে রেখেছে। দ্রুত বাধা দূরে সরিয়ে ভক্তরা সঙ্গমে স্নান শুরু করেন। ভক্তরা যে সমস্ত ঘাটে আছেন সেখানেই যাতে স্নান সারেন সেই বার্তা দেওয়া হয় প্রশাসনের তরফে। মৌনি অমবস্যায় মহাকুম্ভে ‘অমৃত স্নান’ সারতে কয়েক কোটি মানুষ ভিড় জমান। মধ্যরাত থেকেই ভিড় বাড়তে শুরু করে। সময় যত গড়িয়েছে ততই মানুষের ভিড় বেড়েছে। দেশের বিভিন্ন প্রান্ত তো বটেই, বিদেশ থেকেও বহু মানুষ এদিন মহাকুম্ভে জোড়ো হন শাহী স্নান সারবেন বলে। কিন্তু স্নানের আগেই ঘটে যায় দুর্ঘটনা।

    প্রশাসনের তরফে সমস্ত জায়গায় ব্যারিকেড করা থাকলেও প্রবল ভিড়ের চাপে সমস্ত কিছু ভেঙে পড়ে। সঙ্গমস্থলে স্নান সারতে মানুষের মধ্যে একেবারে হুড়োহুড়ি পড়ে যায়। আর সেই সময় মর্মান্তিক পদপিষ্টের মতো ঘটনা ঘটে। এরপর মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জনগণকে সতর্ক থাকতে এবং প্রশাসনের নির্দেশ মেনে চলার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি গুজব ও মিথ্যা খবর ছড়িয়ে পরিস্থিতি আরও খারাপ না করার অনুরোধ জানিয়েছেন। পরিস্থিতি মোকাবিলায় উত্তরপ্রদেশ সরকার এবং স্থানীয় প্রশাসন দ্রুত পদক্ষেপ নিয়েছে। ৫০টিরও বেশি অ্যাম্বুল্যান্স এবং ন্যাশনাল সিকিউরিটি গার্ড (এনএসজি) দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। আহতদের প্রয়াগরাজের হাসপাতালগুলিতে পাঠানোর জন্য একটি গ্রিন করিডর স্থাপন করা হয়েছে।

    আখড়াগুলি সতর্ক

    দুর্ঘটনার পর অখিল ভারতীয় আখড়া পরিষদ অমৃত স্নান স্থগিত রাখে। যদিও দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে আখড়াগুলি অমৃত স্নান অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে, যাতে ধর্মীয় আচার-অনুষ্ঠানগুলি চলতে থাকে। অখিল ভারতীয় আখড়া পরিষদের সভাপতি রবিশংকর পুরী বলেছেন, সঙ্গম ঘাটে অতিরিক্ত ভিড়ের কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তিনি সবাইকে নিরাপত্তার কথা চিন্তা করে স্নান করতে আহ্বান করেছেন। সাধ্বী নিরঞ্জন জ্যোতি এই ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং ভক্তদের কাছে অনুরোধ করেছেন যে, তারা সঙ্গম ঘাটে না গিয়ে অন্য যেকোনও ঘাটে স্নান করতে পারে। তিনি বলেন, “সম্পূর্ণ কুম্ভমেলা ক্ষেত্রই পবিত্র, তাই নিরাপত্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং যে কোনও ঘাটে স্নান করা সম্ভব।” সব ধর্মীয় নেতারা নিরাপত্তার ওপর গুরুত্ব দিয়েছেন। জগদগুরু স্বামী রামভদ্রাচার্য মহারাজ এক ভিডিও বার্তায় ভক্তদের সঙ্গম ঘাটে ভিড় না জমাতে এবং তাঁদের ক্যাম্পে নিরাপদ থাকার পরামর্শ দিয়েছেন। তিনি বলেছেন, “এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হল প্রতিটি ভক্তের নিরাপত্তা, এবং স্নান একটি আধ্যাত্মিক অনুশীলন, তাই এর ভৌগলিক স্থান অগ্রাধিকার পাওয়ার দরকার নেই।”

  • India-Sri Lanka Conflict: ভারতের মৎস্যজীবীদের উপর নির্বিচারে গুলি, শ্রীলঙ্কার রাষ্ট্রদূতকে তলব বিদেশমন্ত্রকের

    India-Sri Lanka Conflict: ভারতের মৎস্যজীবীদের উপর নির্বিচারে গুলি, শ্রীলঙ্কার রাষ্ট্রদূতকে তলব বিদেশমন্ত্রকের

    মাধ্যম নিউজ ডেস্ক: পক প্রণালীতে ফের শ্রীলঙ্কার (India-Sri Lanka Conflict) নৌসেনার হামলার শিকার ভারতীয় মৎস্যজীবীরা। জলসীমা লঙ্ঘনের অভিযোগে ভারতীয় মৎস্যজীবীদের নৌকায় নির্বিচারে গুলি চালায় শ্রীলঙ্কার নৌসেনা। মঙ্গলবার ভোরে আকস্মিক এই হানায় গুরুতর জখম হয়েছেন পাঁচ জন ভারতীয় মৎস্যজীবী। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ নয়াদিল্লি তীব্র প্রতিবাদ জানিয়েছে। রাজধানী দিল্লিতে ভারতের বিদেশমন্ত্রক ইতিমধ্যে শ্রীলঙ্কার বর্তমান রাষ্ট্রদূতকে তলব করেছে। পাশাপাশি, শ্রীলঙ্কায় নিযুক্ত ভারতের হাইকমিশনও শ্রীলঙ্কার বিদেশমন্ত্রকের সঙ্গে যোগাযোগ করে বিষয়টির কড়া প্রতিক্রিয়া দিয়েছে বলে খবর।

    জেলেদের জীবন-জীবিকা নিয়ে সরব ভারত

    বিদেশমন্ত্রক সূত্রে খবর, ভারতের জলসীমা লঙ্ঘনের অপরাধে শ্রীলঙ্কার ডেল্ফট দ্বীপের (স্থানীয় নাম নেদুনতিভু) অদূরে পক প্রণালীতে এই হামলা চালায় শ্রীলঙ্কার (India-Sri Lanka Conflict) সশস্ত্র বাহিনী। এরপর জখম পাঁচজন সহ মোট ১৩ জন মৎস্যজীবীকে আটক করে শ্রীলঙ্কার নিরাপত্তা বাহিনী। আহত মৎস্যজীবীরা এখন শ্রীলঙ্কার জাফনা হাসপাতালে চিকিৎসাধীন। তাঁদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। জাফনার ভারতীয় কনস্যুলেট তাঁদের চিকিৎসা তত্ত্বাবধান করছে। ঘটনার জেরে আবার উত্তাপ ছড়িয়েছে নয়াদিল্লি-কলম্বো কূটনৈতিক সম্পর্কে। মঙ্গলবার ভারতে নিযুক্ত শ্রীলঙ্কার হাইকমিশনারকে তলব করে ঘটনার ব্যাখ্যা চেয়েছে বিদেশমন্ত্রক। ভারতের বিদেশমন্ত্রক জানিয়েছে, জেলেদের জীবন-জীবিকার ওপর গুরুত্ব আরোপ করে তাঁদের পেশাগত বিষয়গুলিকে মানবিকভাবে বিচার বিবেচনার ওপর জোর দেওয়ার প্রয়োজন। বিষয়টি নিয়ে কোনওভাবে বলপ্রয়োগ কাম্য নয় বলে দাবি করা হয়েছে। এব্যাপারে দুই দেশকে সতর্কভাবে বোঝাপড়ার মধ্য দিয়ে বিষয়টি বিবেচনার উপর গুরুত্ব দিচ্ছে দিল্লি।

    ভারত বিরোধী জিগির

    প্রসঙ্গত, শ্রীলঙ্কা ও ভারতের (India-Sri Lanka Conflict) জলসীমায় মৎস্যজীবীদের আক্রমণ এই প্রথম নয়। গত বছরও কচ্চতিভু দ্বীপের উত্তরে শ্রীলঙ্কার নৌবাহিনীর টহলদারি জাহাজ ভারতীয় মৎস্যজীবীদের একটি নৌকা নিশানা করে গুলি চালিয়েছিল। ওই ঘটনায় দু’জন নিহত হয়েছিলেন। প্রসঙ্গত, গত সেপ্টেম্বরে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন ন্যাশনাল পিপল্‌স পাওয়ার (এনপিপি) নামের বাম জোটের নেতা অনুরাকুমার দিশানায়েক। সে দেশের রাজনীতিতে তিনি ‘ভারতবিরোধী’ এবং ‘চিনপন্থী’ হিসাবে পরিচিত। তার পর থেকেই আর্থিক সমস্যায় জর্জরিত দ্বীপরাষ্ট্রে নতুন করে ভারত-বিরোধী জিগির সৃষ্টির চেষ্টা শুরু হয়েছে।

  • Trisha Gongadi: রেকর্ডবুকে ভারতের তৃষা, মেয়েদের অনূর্ধ্ব-১৯ টি-২০ বিশ্বকাপে প্রথম শতরানের নজির

    Trisha Gongadi: রেকর্ডবুকে ভারতের তৃষা, মেয়েদের অনূর্ধ্ব-১৯ টি-২০ বিশ্বকাপে প্রথম শতরানের নজির

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতের মহিলা ক্রিকেটেও হরমনপ্রীত, স্মৃতি মান্ধানাদের পরবর্তী প্রজন্ম তৈরি। মেয়েদের অনূর্ধ্ব-১৯ টি-২০ বিশ্বকাপে দুরন্ত ছন্দে তৃষা গোঙ্গারি (Trisha Gongadi)। ইতিহাসের পাতায় নাম লিখিয়ে ফেলেছেন এই তরুণী ভারতীয় ওপেনার। স্কটল্যান্ডের বিরুদ্ধে সেঞ্চুরি হাঁকিয়েছেন তৃষা। অনূর্ধ্ব-১৯ মেয়েদের টি-২০ বিশ্বকাপে এই কীর্তি আর কেউ গড়েননি। স্বভাবতই মেয়েদের টি-টোয়েন্টির ইতিহাসে সর্বোচ্চ রানও এখন তাঁরই দখলে।

    রেকর্ড বুকে তৃষা

    ইতিমধ্যেই টুর্নামেন্টের সেমিফাইনালের টিকিট পেয়ে গিয়েছে ভারতীয় অনূর্ধ্ব-১৯ মেয়েদের টিম। যদি ভারতীয় দল শীর্ষে থেকে গ্রুপ পর্ব শেষ করতে পারে, তা হলে পাবে একটা অ্যাডভান্টেজ। সেমিতে সেক্ষেত্রে চার নম্বরে শেষ করা টিমের মুখোমুখি হতে পারে টিম ইন্ডিয়া। অনূর্ধ্ব-১৯ টি-২০ বিশ্বকাপের গত সংস্করণে ভারত চ্যাম্পিয়ন হয়েছিল। এই নিয়ে কেরিয়ারের দ্বিতীয় অনূর্ধ্ব-১৯ টি-২০ বিশ্বকাপ খেলছেন তৃষা। চলতি বছর তিনি ইতিমধ্যেই ২টো প্লেয়ার অব দ্য ম্যাচ জিতেছেন। স্কটল্যান্ডের বিরুদ্ধে সুপার সিক্সের ম্যাচে শুরু থেকেই ছন্দে ছিলেন তৃষা। মাত্র ৫৩ বলে আসে শতরান। তাও আঠারোতম ওভারে। এর আগে সর্বোচ্চ রানের রেকর্ড ছিল ইংল্যান্ডের ব্যাটসম্যান গ্রেস স্ক্রিভেন্সের দখলে। তিনি হাঁকিয়েছিলেন ৯৩ রান। ২০২৩ সালে বানানো এই নজির ভেঙে দিলেন তৃষা (Trisha Gongadi)।

    তৃষার দাপট

    এদিন ওপেনে ব্যাট করতে নেমে আগুনে মেজাজে ছিলেন তৃষা। উল্লেখ্য, স্কটল্যান্ডের বোলাররা এদিন তৃষার রণংদেহী মূর্তির সামনে কার্যত দিশেহারা ছিলেন। মাঠের চতুর্দিকে চার, ছয়ের বন্যা লেগেই ছিল। ৫৯ বলে ১১০ রান করেন তিনি। রয়ে যান অপরাজিত। বিধ্বংসী ইনিংস সাজানো থাকে ৪টি ছক্কা ও ১৩টি চারে। তৃষা এর আগেও দেশের হয়ে ক্রিকেটের ময়দানে নিজের জাত চিনিয়েছেন। অতিসাম্প্রতিক উদাহরণ কুয়ালালামপুরে আয়োজিত এশিয়া কাপ। ওই টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি। করেন মোট ১৫৩ রান। গড় ৫৩। স্ট্রাইক রেট ১২০.৪৫। তৃষার তাণ্ডবের ফলেই টুর্নামেন্ট জেতে ভারত। সেই প্রতিযোগিতার ফর্মই যেন ধরে রেখছেন তিনি। আপাতত বিশ্বকাপের সবচেয়ে বেশি রান করেছেন তৃষা (Trisha Gongadi)। এদিন তৃষার শতরানে ভর করে স্কটিশদের ২০৯ রানের টার্গেট দিয়েছিল টিম ইন্ডিয়া। সেখানে ৫৮ রানে গুটিয়ে যায় স্কটল্যান্ড। ১৫০ রানে জয় পায় ভারত।

  • Siddhi Vinayak Temple: মিনি স্কার্ট, ছেঁড়া-ফাটা পোশাকে প্রবেশ নয়, পোশাকবিধি জারি সিদ্ধিবিনায়ক মন্দিরে

    Siddhi Vinayak Temple: মিনি স্কার্ট, ছেঁড়া-ফাটা পোশাকে প্রবেশ নয়, পোশাকবিধি জারি সিদ্ধিবিনায়ক মন্দিরে

    মাধ্যম নিউজ ডেস্ক: ছোট জামাকাপড়, মিনি স্কার্ট বা কোনও অশোভনীয় পোশাক পরে আর মুম্বইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে (Siddhi Vinayak Temple) প্রবেশ করা যাবে না। মুম্বইয়ের (Mumbai) বিখ্যাত সিদ্ধিবিনায়ক মন্দিরের তরফ থেকে মঙ্গলবার একটি বিজ্ঞপ্তি জারি করে এই নির্দেশিকা দেওয়া হয়েছে। মন্দিরের ট্রাস্টের তরফ থেকে জানানো হয়েছে, ভক্তদের যথাযথ পোশাক পরতে হবে, বিশেষ করে ভারতীয় পোশাক।

    কেন চালু পোশাকবিধি

    দেশ-বিদেশ থেকে প্রতিদিন হাজার হাজার পুণ্যার্থী মুম্বইয়ের এই বিখ্যাত মন্দিরে আসেন গণপতি বাবার দর্শন করতে। বলিউডের সেলিব্রিটিরাও নিজেদের সিনেমার মুক্তির আগে সিদ্ধিলাভের আশায় ছুটে যান এই মন্দিরে। মুম্বইয়ের বিখ্যাত সেই সিদ্ধিবিনায়ক মন্দিরে (Mumbai Siddhi Vinayak Temple) এবার ড্রেস কোড। শ্রী সিদ্ধিবিনায়ক গণপতি মন্দির ট্রাস্টের তরফে জানানো হয়েছে, আগত পুণ্যার্থীদের শালীন পোশাক পরতে হবে। ভারতীয় পোশাক পরাই শ্রেয়। মন্দির ট্রাস্ট জানিয়েছে, পোশাক সংক্রান্ত বেশ কয়েকটি অভিযোগ পাওয়ার পরে এই পোশাকবিধি জারি করা হয়েছে। যা সিদ্ধিবিনায়ক মন্দিরে আসা অন্যান্য ভক্তদের অস্বস্তির কারণ হয়েছিল। ট্রাস্টের কোষাধ্যক্ষ পবন ত্রিপাঠী বলেন, “কিছু ভক্তের পোশাক নিয়ে আমরা অন্যান্য ভক্তদের কাছ থেকে অভিযোগ পেয়েছি। তাঁরা পোশাকের উপর কিছু বিধিনিষেধ চান। ভক্তদেরও মন্দির ট্রাস্টের সিদ্ধান্ত মেনে চলতে হবে।”

    কবে থেকে চালু নয়া নিয়ম

    মন্দিরের পবিত্রতা এবং মর্যাদা বজায় রাখতে সাম্প্রতিক সময়ে দেশজুড়ে বেশ কয়েকটি মন্দির ভক্তদের জন্য পোশাকবিধি চালু করেছে। এবার সেই পথেই হাঁটল মুম্বইয়ের সিদ্ধিবিনায়ক মন্দির। ট্রাস্টের তরফে জারি করা নির্দেশিকায় জানানো হয়েছে, ছেঁড়া-ফাটা পোশাক, শর্ট স্কার্ট বা এমন কোনও পোশাক যেখানে অঙ্গ প্রদর্শন হয়, তা পরা যাবে না সিদ্ধিবিনায়ক মন্দিরে (Mumbai Siddhi Vinayak Temple)। মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকেই এই নিয়ম কার্যকর হবে। যদি কোনও পুণ্যার্থী শালীন পোশাক না পরে আসেন, তবে তাকে মন্দিরে ঢুকতে দেওয়া হবে না।

  • ISRO: নতুন বছরেই সেঞ্চুরি ইসরোর! শততম উৎক্ষেপণে সাফল্য, মহাকাশে পৌঁছে দিল ‘নাবিক’-কে

    ISRO: নতুন বছরেই সেঞ্চুরি ইসরোর! শততম উৎক্ষেপণে সাফল্য, মহাকাশে পৌঁছে দিল ‘নাবিক’-কে

    মাধ্যম নিউজ ডেস্ক: নতুন বছরেই ফের সাফল্যের মুকুট ইসরোর। শততম মিশনেও সাফল্য পেল ভারতের মহাকাশ গবেষণা সংস্থা। বুধবার, ২৯ জানুয়ারি ভোর ৬টা ২৩ মিনিটে সফলভাবে উৎক্ষেপণ করা হয় জিএসএলভি-এফ১৫ রকেটকে। ইসরোর নতুন চেয়ারম্যান ভি নারায়ণের নেতৃত্বে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস রিসার্চ সেন্টার থেকে এই রকেট উৎক্ষেপণ করা হয়। এটাই ২০২৫ সালে ইসরোর প্রথম মিশন। এদিন দেশীয় ক্রায়োজেনিক প্রযুক্তিতে তৈরি ত্রিস্তরীয় রকেট জিওসিঙ্ক্রোনাস স্যাটেলাইট লঞ্চ ভেহিকল (জিএসএলভি)-এফ-১৫ কক্ষপথে স্থাপন করল এনভিএস-০২ উপগ্রহকে। প্রসঙ্গত, এই উপগ্রহ হল, ভারতের নিজস্ব নেভিগেশন সিস্টেম ‘নাবিক’-এর অন্তর্ভুক্ত দ্বিতীয় প্রজন্মের দ্বিতীয় উপগ্রহ।

    ৪৬ বছর পর শততম উৎক্ষেপণ

    শ্রীহরিকোটা থেকে ইসরো প্রথম স্যাটেলাইট লঞ্চ ভেহিকল উৎক্ষেপণ করা হয় ১৯৭৯ সালের ১০ অগাস্ট। স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল ৩-তে (এসএলভি-৩ ই-১০) চাপিয়ে পরীক্ষামূলকভাবে রোহিণী  পে-লোডের উৎক্ষেপণ করা হয়েছিল। সেইসময় ভারতীয় মহাকাশ সংস্থায় ছিলেন এপিজে আবদুল কালাম। তিনি ওই মিশনের অধিকর্তা ছিলেন। প্রায় ৪৬ বছর পর শততম উৎক্ষেপণ করল ইসরো। ইসরো এই রকেটকে ‘নটি বয়’ নাম দিয়েছে। কারণ বারংবার উৎক্ষেপণে ব্যর্থ হয়েছে এই রকেট। ১৬টি লঞ্চের মধ্যে মাত্র ১০ লঞ্চ বা উৎক্ষেপণ সফল হয়েছে, বাকি সবই ব্যর্থ হয়েছে। ৩৭ শতাংশ ব্যর্থতার হার নিয়ে এবার ১০০ তম মিশনে ফুল মার্কস পেল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা। উল্লেখ্য, শততম উৎক্ষেপণের নজির গড়ার আগে মঙ্গলবার চেয়ারম্যান ভি নায়ায়ণন-সহ সংস্থার শীর্ষকর্তারা পুজো দিতে যান অন্ধ্রের তিরুপতির বিশ্বখ্যাত তিরুমালা বেঙ্কটেশ্বর মন্দিরে। তারপরেই ‘নটি বয়’ সাফল্য পেল।

    কী করবে জিএসএলভি এফ ১৫

    এদিন এই ঐতিহাসিক উৎক্ষেপণের পরে ইসরোর তরফে বলা হয়েছে, ‘লিফট-অফ! এনভিএস ০২-কে নিয়ে সাফল্যের সঙ্গে উৎক্ষেপণ করেছে জিএসএলভি-১৫।’ ইসরোর তরফে জানানো হয়েছে, জিএসএলভি-এফ১৫ এনভিএস-০২ স্যাটেলাইটকে জিওসিনক্রোনাস ট্রান্সফার অরবিটে পৌঁছে দেয়। কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইসরোর এই সাফল্যকে কুর্নিশ করেছেন। তাঁর কথায়, ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ক্রমশ উন্নতির পথে চলছে। দেশের মুকুটে যুক্ত হচ্ছে এক-একটি পালক।

  • One Nation One Election: ‘এক দেশ এক ভোটে’র পক্ষে জনমত গঠনের আহ্বান প্রধানমন্ত্রীর

    One Nation One Election: ‘এক দেশ এক ভোটে’র পক্ষে জনমত গঠনের আহ্বান প্রধানমন্ত্রীর

    মাধ্যম নিউজ ডেস্ক: ‘এক দেশ এক নির্বাচন’ (One Nation One Election) এর পক্ষে জনমত তৈরির আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। তাঁর মতে, দেশে অনবরত নির্বাচনের কারণে গোটা বছরই প্রচার চলতে থাকে এবং সরকার ও প্রশাসন নীতিপঙ্গুতায় ভোগে। যা সরাসরি প্রভাব ফেলে তরুণ প্রজন্মের ভবিষ্যতের ওপর। তাই দিল্লির এক জনসভায় প্রধানমন্ত্রী সব এনসিসি ক্যাডারের কাছে আবেদন করেন দেশজুড়ে এই নিয়ে আলোচনাকে এগিয়ে নিয়ে যেতে।

     

    প্রধানমন্ত্রীর আহ্বান

    দিল্লিতে এনসিসি-র এক সভায় প্রধানমন্ত্রী মোদি (PM Modi) বলেন, “এক দেশ এক ভোটের (One Nation One Election) প্রস্তাব নিয়ে যে আলোচনা চলছে, তা দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের যুবারা আরও বেশি করে এগিয়ে আসুন এই নিয়ে আলোচনায় শামিল হতে।” তাঁর বক্তব্য, “এক দেশ এক ভোট নিয়ে একটি গুরুত্বপূর্ণ বিতর্ক চলছে। লোকসভা এবং রাজ্যের বিধানসভাগুলির ভোট একসঙ্গে হলে প্রশাসন অনেক বেশি লক্ষ্যমুখী হয়ে কাজ করতে পারবে এবং ব্যাঘাত কম হবে। স্বাধীনতার পরে দীর্ঘদিন ধরেই লোকসভা এবং বিধানসভাগুলির ভোট একসঙ্গে হয়েছে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই কাঠামোর পরিবর্তন হয়েছে। তার জন্য দেশকে ভুগতে হচ্ছে।”

     

    ‘এক দেশ এক নির্বাচন’ সরকারের যুক্তি

    ইতিমধ্যেই এক দেশ এক নির্বাচনের (One Nation One Election) প্রস্তাবে সায় দিয়েছে মোদির মন্ত্রিসভা। সরকারের যুক্তি, ঘন ঘন নির্বাচনের জেরে দেশের উন্নয়নমূলক কাজে বাধা পড়ে। প্রধানমন্ত্রী দাবি করেন, গোটা দেশ এই প্রক্রিয়াকে সমর্থনও জানাচ্ছে। সব রাজনৈতিক দলগুলিকে এই বিষয়টি সমর্থন করার আহ্বানও জানান তিনি। সরকার পক্ষের দাবি, এই ব্যবস্থা চালু হলে ভোট প্রক্রিয়ার জন্য যে বিপুল অঙ্কের খরচ হয়, তা অনেকটাই কমে যাবে। ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ‘এক দেশ, এক নির্বাচন’ ধারণাকে একটি “ঐতিহাসিক” সংস্কার বলে অভিহিত করেছে। দলের মতে, এই বিল এলে সাশ্রয়ী শাসন ব্যবস্থার আরও উন্নতি হবে। প্রধানমন্ত্রী মোদি ধারাবাহিকভাবে একযোগে নির্বাচনের পক্ষে কথা বলেছেন। এই বিলকে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে অপরিহার্য বলে মন্তব্য করেন তিনি।

     

    তিনটি বিলের মাধ্যমে বাস্তবায়ন

    ‘এক দেশ, এক নির্বাচন’-এর (One Nation One Election) বাস্তবতা খতিয়ে দেখতে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে একটি কমিটি গঠন করেছিল কেন্দ্র। গত মার্চ মাসে সেই কমিটি রাষ্ট্রপতি ভবনে গিয়ে দ্রৌপদী মুর্মুর কাছে রিপোর্ট জমা দিয়েছে। যেখানে ‘এক দেশ, এক নির্বাচনে’-এর পক্ষে সায় দেওয়া হয়েছে। “এক দেশ, এক নির্বাচন” পরিকল্পনা বাস্তবায়নের জন্য সরকার দুটি সাংবিধানিক সংশোধনী সহ তিনটি বিল প্রস্তাব করেছে। সেগুলি হল:

    প্রথম সাংবিধানিক সংশোধনী বিল: লোকসভা এবং রাজ্য বিধানসভাগুলির জন্য যৌথ নির্বাচনের অনুমতি রয়েছে এই বিলে। লোকসভা এবং রাজ্য বিধানসভাগুলির জন্য ‘নিযুক্ত তারিখ’ এবং একই সঙ্গে মেয়াদ সমাপ্তির বিধান প্রবর্তনের জন্য ধারা ৮২এ সংশোধনের প্রস্তাব করা হয়েছে এখানে।

    দ্বিতীয় সংবিধান সংশোধনী বিল: অন্তত অর্ধেক রাজ্যের অ্যাসেম্বলির অনুমোদন প্রয়োজন৷ স্থানীয় সংস্থা নির্বাচনের জন্য নির্বাচন কমিশন রাজ্য নির্বাচন কমিশনগুলির সঙ্গে সহযোগিতা নিশ্চিত করে ভোটার তালিকার বিধানগুলি সংশোধন করতে হবে।

    তৃতীয় বিল: কেন্দ্রশাসিত অঞ্চলগুলির পাশাপাশি বিধানসভার সঙ্গে — পুদুচেরি, দিল্লি এবং জম্মু ও কাশ্মীর — লোকসভা এবং রাজ্য বিধানসভাগুলির সঙ্গে এই নির্বাচন করাতে হবে৷ গভর্নমেন্ট অফ ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি অফ দিল্লি অ্যাক্ট (১৯৯১), দ্য গভর্নমেন্ট অফ ইউনিয়ন টেরিটরি অ্যাক্ট (১৯৬৩), এবং জম্মু ও কাশ্মীর পুনর্গঠন আইন (২০১৯) সংশোধনের প্রস্তাব করা হয়েছে বিলে৷

    সম্প্রতি প্রজাতন্ত্র দিবসের আগের দিন জাতির উদ্দেশে রাষ্ট্রপতির বক্তৃতায় উঠে এসেছে এই প্রসঙ্গ। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মনে করিয়ে দিয়েছেন, সব ক্ষেত্রে এগিয়ে চলেছে দেশ। ‘এক দেশ, এক ভোট’ নীতির প্রশংসা করে রাষ্ট্রপতি বলেন, “এই নীতি দেশের আর্থিক বোঝা কমাতে পারে। নীতিপঙ্গুতা রুখতে পারে।”

     

  • ICC Cricket Award: আইসিসির বর্ষসেরা টেস্ট ক্রিকেটার বুমরা, আন্তর্জাতিক ক্রিকেটে নজির মন্ধানার

    ICC Cricket Award: আইসিসির বর্ষসেরা টেস্ট ক্রিকেটার বুমরা, আন্তর্জাতিক ক্রিকেটে নজির মন্ধানার

    মাধ্যম নিউজ ডেস্ক: ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ২০২৪ সালের সেরা টেস্ট ক্রিকেটার হিসাবে বেছে নিয়েছে জসপ্রীত বুমরাকে। ১৩টি টেস্টে ৭১টি উইকেট নিয়ে এই স্বীকৃতি পেয়েছেন ভারতের অন্যতম সেরা বোলার। ষষ্ঠ ভারতীয় হিসাবে SF কৃতিত্ব অর্জন করেছেন বুমরা। একমাত্র অস্ট্রেলিয়ারই ছয় ক্রিকেটার আইসিসির বর্ষসেরা টেস্ট ক্রিকেটার হয়েছেন। এছাড়াও আন্তর্জাতিক ক্রিকেটারে আঙিনায় ভারতের জয়গান গেয়েছেন স্মৃতি মান্ধানাও। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ২০২৪ সালের সেরা মহিলা এক দিনের ক্রিকেটার হিসাবে বেছে নিয়েছে মন্ধানাকে।

    বাজিমাত বুমরার

    আইসিসি কর্তৃপক্ষ এই নিয়ে ছ’জন ভারতীয়কে বছরের সেরা টেস্ট ক্রিকেটার হিসাবে বেছে নিলেন। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে ২০০৪ সালে প্রথম বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের সম্মান পেয়েছিলেন রাহুল দ্রাবিড়। তাঁর পর ২০০৯ সালে গৌতম গম্ভীর, ২০১০ সালে বীরেন্দ্র সেওয়াগ, ২০১৬ সালে রবিচন্দ্রন অশ্বিন এবং ২০১৮ সালে বিরাট কোহলি এই সম্মান পেয়েছিলেন। বুমরার সাফল্যে ভারত ছুঁয়ে ফেলল অস্ট্রেলিয়ার রেকর্ড। অস্ট্রেলিয়ারও ছয় ক্রিকেটার আইসিসির বর্ষসেরা টেস্ট ক্রিকেটার হয়েছেন। একমাত্র স্টিভ স্মিথ দু’বার এই সম্মান পেয়েছেন। তিনি ২০১৫ এবং ২০১৭ সালে বর্ষসেরা টেস্ট ক্রিকেটার হন। ভারতীয় বোলারদের মধ্যে বুমরা দ্বিতীয় ব্যক্তি, যিনি এই সম্মান পেলেন। ২০২৪ সালে টেস্ট ক্রিকেটে উইকেট নেওয়া ক্ষেত্রে বিশ্বের কোনও বোলার বুমরার ধারে কাছেও নেই। তাঁর ১৩টি ম্যাচে ৭১ উইকেটের পর দ্বিতীয় স্থানে রয়েছেন ইংল্যান্ডের গাস অ্যাক্টিনসন। তিনি ১১টি টেস্টে ৫২টি উইকেট নিয়েছিলেন।

    মান্ধানার মুকুট

    ভারতের মহিলা ক্রিকেটে ইতিহাস স্মৃতি মন্ধানার। এই নিয়ে দ্বিতীয় বার আইসিসির বর্ষসেরা এক দিনের ক্রিকেটারের সম্মান পেলেন মন্ধানা। এমন কৃতিত্ব ভারতের আরও কোনও মহিলা ক্রিকেটারের নেই। ভারতীয় মহিলা দলের সহ-অধিনায়ক ২০২৪ সালে ৫০ ওভারের ক্রিকেটে করেছেন ৭৯৪ রান। তাঁর গড় ৫৭.৪৬। মন্ধানার ব্যাট থেকে এসেছে চারটি শতরান। মহিলাদের এক দিনের ক্রিকেটে তিনিই গত ক্যালেন্ডার বছরের সর্বোচ্চ রান সংগ্রাহক। বিশ্বের প্রথম মহিলা ক্রিকেটার হিসাবে এক ক্যালেন্ডার বছরে ৫০ ওভারের ক্রিকেটে চারটি শতরান করার কৃতিত্বও গড়েছেন মন্ধানা। মহিলাদের আসন্ন এক দিনের বিশ্বকাপে ভারতের অন্যতম ভরসা বাঁহাতি ওপেনিং ব্যাটার।

  • India-US Relation: ফেব্রুয়ারিতেই আমেরিকায় মোদি! বেআইনি অভিবাসী ইস্যুতে ভারতে ভরসা ট্রাম্পের

    India-US Relation: ফেব্রুয়ারিতেই আমেরিকায় মোদি! বেআইনি অভিবাসী ইস্যুতে ভারতে ভরসা ট্রাম্পের

    মাধ্যম নিউজ ডেস্ক: আরও মজবুত হতে চলেছে ভারত-মার্কিন সম্পর্ক (India-US Relation)। আগামী মাসেই আমেরিকা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার এই কথা ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার নানা বিষয় নিয়ে ফোনে কথা হয় মোদি-ট্রাম্পের। তারপরেই প্রধানমন্ত্রীর মার্কিন সফরের বিষয়টি ঘোষণা করেন ট্রাম্প। সেইসঙ্গে ভারতের উপরে আস্থা রেখে ট্রাম্প জানিয়েছেন যে, ‘বেআইনি অভিবাসীদের ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রে যেটা ঠিক, ভারত সেটাই করবে।’ জানা গিয়েছে, বিশ্ব শান্তির পাশাপাশি প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা নিয়েও কথা বলেছেন দুই রাষ্ট্রপ্রধান। দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়েছে। বিশেষত ভারত-আমেরিকার মধ্যে কৌশলগত সম্পর্ক এবং চিনের দাপট রুখতে কোয়াড জোটকে আরও এগিয়ে নিয়ে যেতে আগ্রহ প্রকাশ করেছেন দুই রাষ্ট্রপ্রধান।

     

    ফেব্রুয়ারিতে মার্কিন সফরে মোদি

    সংবাদসংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প (Trump Talks With Modi) শুধু বলেছেন যে ‘ফেব্রুয়ারির কোনও একটা সময় আমেরিকায় আসবেন মোদি।’ তবে ঠিক কবে আমেরিকায় যাবেন ভারতের প্রধানমন্ত্রী, কতদিন থাকবেন, সফরসূচিতে কী কী থাকবে, সে বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট কিছু জানাননি। দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ট্রাম্প ৷ শপথ নেওয়ার পর সোশাল মিডিয়ায় ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছিলেন মোদি ৷ তবে সোমবার দু’জনের মধ্যে প্রথমবার ফোনে কথা হয় ৷ তারপরই মোদির আমেরিকা সফরের কথা বলেন ট্রাম্প। যদিও ভারতের বিদেশমন্ত্রকের তরফে এই বিষয়টি নিয়ে এখনও সরকারিভাবে কিছু জানানো হয়নি।

     

    ট্রাম্প-মোদি ফোনালাপ

    দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্ট (India-US Relation) হিসেবে দায়িত্ব নেওয়ার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রথমবার সঙ্গে ফোনে কথা বললেন ডোনাল্ড ট্রাম্প৷ তাঁদের এই ফোনালাপ অত্যন্ত ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস৷ দ্বি-পাক্ষিক বাণিজ্য সম্পর্ক এবং ভারত-মার্কিন সহযোগিতার পথ আরও সুদৃঢ় হবে বলে মনে করা হচ্ছে৷ সোমবার ডোনাল্ড ট্রাম্প ফোন করেন ভারতীয় প্রধানমন্ত্রী মোদিকে৷ আমেরিকার অভিবাসীদের মধ্যে একটা বড় অংশ ভারতীয় জনতা। সেই নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, “অভিবাসন নিয়ে কথা হয়েছে মোদির সঙ্গে। অভিবাসীদের ফেরানোর ক্ষেত্রে ভারত সঠিক পদক্ষেপই করবে।”

     

    বন্ধুর সঙ্গে কথা বলে আনন্দিত

    ট্রাম্পের সঙ্গে ফোনালাপের (Trump Talks With Modi) পর এক্স হ্যান্ডেলে মোদি লেখেন, ‘‘আমার প্রিয় বন্ধু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলে আনন্দিত। তাঁর ঐতিহাসিক দ্বিতীয় মেয়াদের জন্য অভিনন্দন। পারস্পরিক উন্নয়ন এবং বিশ্বস্ত অংশীদারিত্বের জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের জনগণের কল্যাণে এবং বিশ্বের শান্তি, সমৃদ্ধি ও নিরাপত্তার জন্য আমরা একযোগে কাজ করব।’’ ট্রাম্প ও মোদির ফোনালাপ সম্পর্কে হোয়াইট হাউসের তরফে বিবৃতিতে বলা হয়েছে, ‘‘আজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফোনালাপ ফলপ্রসূ হয়েছে । দুই রাষ্ট্রনেতা পারস্পরিক সহযোগিতা গভীর ও সম্প্রসারণের বিষয়ে আলোচনা করেছেন ৷ মার্কিন প্রেসিডেন্ট আমেরিকায় তৈরি নিরাপত্তা সরঞ্জাম ক্রয় বৃদ্ধির জন্য দ্বি-পাক্ষিক বাণিজ্য সম্পর্ক নিয়ে যাওয়ার জন্য গুরুত্ব দিয়েছেন ’’

     

    বেআইনি অভিবাসন

    নতুন করে ট্রাম্প ক্ষমতায় আসার পরেই আমেরিকা থেকে বেআইনি অভিবাসীদের বের করে দেওয়ার তোড়জোড় শুরু হয়েছে। এ প্রসঙ্গে নয়াদিল্লির (India-US Relation) তরফে ইতিমধ্যে জানানো হয়েছে যে উপযুক্ত নথি দেওয়া হলে বেআইনি অভিবাসীদের ফিরিয়ে নেওয়া হবে। গত সপ্তাহে ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, “আমরা বেআইনি অভিবাসনের বিরোধী। কারণ সেই বিষয়টা বিভিন্ন ধরনের সংগঠিত অপরাধের সঙ্গে যুক্ত।” তিনি আরও বলেছেন, “শুধুমাত্র আমেরিকায় থাকা ভারতীয়দের ক্ষেত্রে নয়, বিশ্বের যে কোনও প্রান্তে যদি ভারতীয়রা নির্ধারিত সময়ের থেকে বেশি থাকেন বা উপযুক্ত নথি ছাড়া সংশ্লিষ্ট দেশে থাকেন, তাহলে আমরা তাঁদের ফিরিয়ে নেব। আমাদের সঙ্গে উপযুক্ত নথি ভাগ করে নিতে হবে, যাতে আমরা তাঁদের নাগরিকত্ব যাচাই করে নিতে পারি এবং নিশ্চিত হতে পারি যে তাঁরা সত্যিই ভারতীয়। যদি সেটাই বিষয় হয়, তাহলে আমরা পুরো বিষয়টা এগিয়ে নিয়ে যাব এবং তাঁদের ভারতে ফেরানোর কাজটা প্রশস্ত করব।”

     

    মোদি-ট্রাম্প বৈঠকের গুরুত্ব

    কূটনৈতিক মহলের মতে, বেআইনি অভিবাসীদের ফেরানোর মতো ‘ছোট’ ব্যাপারে ট্রাম্পের মন জিতে নিয়ে ‘বড়’ কাজের পরিকল্পনা করছে নয়াদিল্লি (India-US Relation)। যে তালিকায় এইচ-১বি ভিসা, বাণিজ্যের মতো বিষয় থাকতে পারে। মোদি এবং ট্রাম্প উভয়ই ভারত-মার্কিন কৌশলগত অংশীদারিত্ব এবং ইন্দো-প্যাসিফিক কোয়াড অংশীদারিত্বকে এগিয়ে নেওয়ার জন্য তাঁদের প্রতিশ্রুতির উপর জোর দিয়েছেন ৷ চলতি বছরের শেষের দিকে প্রথমবার ভারতে হবে কোয়াড বৈঠক৷ অনেক দেশের মতোই অভিবাসন এবং শুল্কের বিষয়ে ট্রাম্প প্রশাসনের দৃষ্টিভঙ্গি নিয়ে কিছুটা হলেও উদ্বেগে রয়েছে ভারত৷ ইতিমধ্যেই ট্রাম্প ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলোর উপরে ১০০ শতাংশ শুল্ক আরোপের কথা বলেছেন ৷ ৯ সদস্যভুক্ত ব্রিকসে ভারতও অন্তর্ভুক্ত। সুতরাং আসন্ন মোদি-ট্রাম্প বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে ৷

  • Waqf Amendment Bill: পাশ ওয়াকফ সংশোধনী বিল, ১৪টি নিয়মের সংশোধনে সবুজ সঙ্কেত জেপিসি-র

    Waqf Amendment Bill: পাশ ওয়াকফ সংশোধনী বিল, ১৪টি নিয়মের সংশোধনে সবুজ সঙ্কেত জেপিসি-র

    মাধ্যম নিউজ ডেস্ক: ওয়াকফ নিয়মের (Waqf Amendment Bill) সংশোধনে সবুজ সঙ্কেত দিল যৌথ সংসদীয় কমিটি। জেপিসি-তে পাশ হয়ে গেল ওয়াকফ সংশোধনী বিলের খসড়া। এই খসড়া বিলে কেন্দ্রের তরফে আনা ১৪টি সংশোধনীই গৃহীত হয়েছে। অন্যদিকে, বিরোধীদের পেশ করা সবকটি সংশোধনী ভোটাভুটিতে খারিজ হয়ে যায়।

     

    সংসদে কবে আসছে ওয়াকফ বিল

    আগামী ৩১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে সংসদের বাজেট অধিবেশন। আসন্ন অধিবেশনের প্রথম পর্বেই সংসদে এই বিলটি (Waqf Amendment Bill) আনতে পারে সরকার। গত বছরের ২৯ নভেম্বরই এই খসড়া বিল জমা দেওয়ার কথা ছিল, কিন্তু পরে কমিটির মেয়াদ বাড়িয়ে ১৩ ফেব্রুয়ারি অর্থাৎ বাজেট অধিবেশনের প্রথমার্ধের শেষদিন পর্যন্ত করা হয়। সূত্রের খবর, ওয়াকফ বিলে বিরোধীরা যে সংশোধন করতে বলেছিল, তা খারিজ করে দেওয়া হয়েছে। জেপিসি-র এই খসড়া রিপোর্ট ২৮ জানুয়ারি প্রকাশ করা হবে ও ২৯ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে গৃহীত হবে। ৩১ জানুয়ারি চূড়ান্ত রিপোর্ট জমা পড়বে। এরপর নিয়মাফিক সংসদের দুই কক্ষে পেশ করা হবে বিল। পাশ হওয়ার পর, রাষ্ট্রপতি অনুমোদন দিলেই বদলে যাবে ওয়াকফ আইন। নতুন নাম হবে ‘ইউনিফায়েড ওয়াকফ ম্যানেজমেন্ট, এমপাওয়ারমেন্ট, এফিশিয়েন্সি অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাক্ট’।

     

    ওয়াকফ সম্পত্তির চরিত্র বদল নয়

    যে-সব সম্পত্তি ওয়াকফ না হওয়া সত্ত্বেও ওয়াকফের (Waqf Amendment Bill) মর্যাদা পেয়ে আসছিল, সেগুলির পুনরুদ্ধারের কথা বলা হয়েছিল সংসদে পেশ হওয়া বিলে। বিলের সেই ধারা পরিবর্তনের দাবি জানিয়ে সংশোধনী আনেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। তিনি সংশোধনীতে বলেন, যেগুলি ওয়াকফ সম্পত্তি হিসেবে ব্যবহার করা হচ্ছে, তার চরিত্র বদলের চেষ্টা না করে বরং বিল পাশের পরে ভবিষ্যতে কোনও সম্পত্তি ওয়াকফ কি-না তা ভালো করে খতিয়ে দেখা হোক। নিশিকান্তের আনা ওই সংশোধনীটি আজ পাশ হয়। এর ফলে ওয়াকফ সম্পত্তি হিসেবে চিহ্নিত বা ব্যবহার করা হচ্ছে এমন কোনও সম্পত্তির চরিত্র পরিবর্তন হওয়ার আশু কোনও বিপদ থাকছে না।

     

    প্রক্রিয়া মেনেই বিল পাশ

    বিজেপি সাংসদ তথা যুগ্ম সংসদীয় কমিটির প্রধান জগদম্বিকা পাল বলেন, “ওয়াকফ (Waqf Amendment Bill) আইনের ৪৪টি ধারা নিয়েই আলোচনা হয়েছে। ৬ মাস ধরে আলোচনার পর চূড়ান্ত বৈঠকে ১৪টি সংশোধন গ্রহণ করা হয়েছে সংখ্যাগরিষ্ঠ ভোটের ভিত্তিতে। বিরোধীরাও সংশোধনের সুপারিশ করেছিল। প্রতিটি প্রস্তাব নিয়েই আলোচনা ও ভোটাভুটি হয়েছে। তাদের প্রস্তাবের পক্ষে ১০টি ভোট পড়েছে, বিরোধিতায় ১৬টি ভোট পড়েছে।” প্রসঙ্গত, গত সপ্তাহেই এই কমিটির বৈঠক নিয়ে বিরোধী সাংসদদের সঙ্গে শাসক পক্ষের বিরোধ চরমে ওঠে।

     

    ওয়াকফ সংশোধনী বিল কী

    ১৯৫৪ সালে প্রথম ওয়াকফ আইন পাশ হয়েছিল। ১৯৯৫ সালে ওয়াকফ আইনে সংশোধনী (Waqf Amendment Bill) এনে ওয়াকফ বোর্ডের হাতে সব ক্ষমতা তুলে দেওয়া হয়। তার পর থেকেই বার বার প্রশ্ন উঠেছে বোর্ডের একচ্ছত্র অধিকার নিয়ে। বর্তমানে ওয়াকফ আইনের ধারা ৪০ অনুযায়ী, যে কোনও সম্পত্তিকে ওয়াকফ হিসাবে ঘোষণার অধিকার ছিল ওয়াকফ বোর্ডের হাতেই। ফলে ওয়াকফ বোর্ডের বিরুদ্ধে বার বার বহু গরিব মুসলিমের সম্পত্তি, অন্য ধর্মালম্বী ব্যক্তির সম্পত্তি অধিগ্রহণের অভিযোগ উঠেছে। নতুন সংশোধনীতে ওয়াকফ বোর্ডের সেই একচ্ছত্র অধিকার কেড়ে নিয়ে কোনও সম্পত্তি ওয়াকফ কি না, সেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেওয়া হবে জেলাশাসক বা সমপদমর্যাদার কোনও আধিকারিকের হাতে। সংশোধনের মূল লক্ষ্য হল একটি কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে ওয়াকফ সম্পত্তির নথিভুক্তিকরণ নিয়ন্ত্রণ করা। এ ছাড়াও প্রস্তাবিত অন্যান্য সংশোধনগুলির মধ্যে রয়েছে একটি কেন্দ্রীয় ওয়াকফ কাউন্সিলের পাশাপাশি প্রতি রাজ্যে ওয়াকফ বোর্ড গঠন, যেখানে মুসলিম মহিলা এবং অমুসলিমদের প্রতিনিধিত্ব থাকবে।

     

    কী কী সংশোধনের প্রস্তাব ওয়াকফ বিলে?

    নতুন আইনে ওয়াকফ কাউন্সিল যেকোনও জমিতে দাবি জানাতে পারবে না বলা হয়েছিল।
    কমপক্ষে ৫ বছর ইসলাম ধর্ম পালনের পরই ওয়াকফে সম্পত্তি দান করা যাবে।
    ওয়াকফ বোর্ডে অমুসলিম সদস্য ও অন্তত দুইজন মহিলা সদস্য যোগ করার প্রস্তাব দেওয়া হয়েছিল।
    কেন্দ্রীয় ওয়াকফ কাউন্সিলে অমুসলিম একজন কেন্দ্রীয় মন্ত্রী, তিনজন সাংসদ, দুইজন প্রাক্তন বিচারপতি, উচ্চপদস্থ সরকারি আধিকারিক সদস্য যোগ করার প্রস্তাব দেওয়া হয়েছিল।
    মূলত সম্পত্তিতে মুসলিম মহিলা ও শিশুদের ক্ষমতা বৃদ্ধির জন্যই ওয়াকফ আইনে সংশোধনের প্রস্তাব দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে।

  • Jyothi Yarraji: জাতীয় রেকর্ড জ্যোতির, ফ্রান্সের মাটিতে ৬০ মিটার হার্ডলে সোনা ভারতের মেয়ের

    Jyothi Yarraji: জাতীয় রেকর্ড জ্যোতির, ফ্রান্সের মাটিতে ৬০ মিটার হার্ডলে সোনা ভারতের মেয়ের

    মাধ্যম নিউজ ডেস্ক: নিজের রেকর্ড ভেঙে ৬০ মিটার হার্ডলে নতুন রেকর্ড গড়লেন জ্যোতি ইয়ারাজ্জি। ইউরোপের প্রতিযগিতায় সোনাও জিতে নিলেন এশিয়ান চ্যাম্পিয়ন ভারতের এই অ্যাথলিট। ফ্রান্সে নন্ত শহরে আয়োজিত এলিট ইন্ডোর মিটে মাত্র ৮.০৪ সেকেন্ড সময়ে ৬০ মিটার হার্ডল অতিক্রম করেছেন। ২৫ বছরের তরুণী অ্য়াথলিট এর আগে ৬০ মিটার হার্ডল অতিক্রম করার ক্ষেত্রে ৮.১২ সেকেন্ড সময় নিয়েছিলেন।

     

    জ্যোতির রেকর্ড

    আগামী মার্চ মাসে চিনের নানজিংয়ে অনুষ্ঠিত হতে চলেছে ওয়ার্ল্ড ইন্ডোর চ্যাম্পিয়নশিপ রয়েছে। সেখানে যোগ্যতা অর্জনের জন্য ৭.৯৪ সেকেন্ড সময়ের মধ্যে হার্ডল পূরণ করতে হবে। জ্যোতি সম্প্রতি কিছুদিন আগেই অর্জুন পুরস্কারে ভূষিত হয়েছেন। ইরানের তেহরানে ৮.১২ সেকেন্ড সময় নিয়েছিলেন। ২০২৪ সালে গত বছর এশিয়ান ইন্ডোর চ্যাম্পিয়নশিপে ৬০ মিটার হার্ডলে সোনা জিতেছিলেন জ্যোতি। জাতীয় আউটডোর ১০০ মিটার হার্ডলেও ১২.৭৮ সেকেন্ড সময় নিয়ে রেকর্ড ধরে রেখেছেন জ্যোতি। ১০০ মিটার হার্ডলে এশিয়ান চ্যাম্পিয়নশিপ ও ২০২৩ সালে এশিয়ান গেমসে ১২.৯১ সেকেন্ড সময় নিয়ে রুপো জিতেছিলেন।

     

    জ্যোতির লক্ষ্য

    ১৯৯৯ সালের ২৮ অগাস্ট জন্মগ্রহণ করেন জ্যোতি ইয়ারাজ্জি। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে বেড়ে ওঠা তাঁর। তাঁর বাবা সূর্যনারায়ণ ইয়ারাজ্জি একজন নিরাপত্তারক্ষী। আর তাঁর মা পোশায় একজন সাফাইকর্মী। বাবা মা শখ করে মেয়ের নাম রাখেন ‘জ্যোতি’। নিজের নামকে যথার্থ করে তুলেছেন জ্যোতি। ছোট থেকেই বেশ লম্বা তিনি। তাই স্কুল শিক্ষকের কথা শুনে হার্ডলস রেসিং শিখতে শুরু করেন। এখন তিনি ভারতের গর্ব। জ্যোতির এই সাফল্য ভারতীয় অ্যাথলেটিক্সে নতুন উচ্চতায় পৌঁছানোর ইঙ্গিত দিচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, তার ফর্ম ও ধারাবাহিকতা ভবিষ্যতে আরও বড় সাফল্য এনে দেবে। তবে, জ্যোতির আশু লক্ষ্য ওয়ার্ল্ড ইন্ডোর চ্যাম্পিয়নশিপে ভাল ফল করা।

LinkedIn
Share