Author: ishika-banerjee

  • Manipur Violence: কুকি নিরাপত্তাকর্মীদের সঙ্গে বিদ্রোহীদের গোপন বৈঠক! মণিপুরে ভাইরাল নোটিশ ঘিরে ফের উত্তেজনা

    Manipur Violence: কুকি নিরাপত্তাকর্মীদের সঙ্গে বিদ্রোহীদের গোপন বৈঠক! মণিপুরে ভাইরাল নোটিশ ঘিরে ফের উত্তেজনা

    মাধ্যম নিউজ ডেস্ক: আরও এক বার উত্তপ্ত হয়ে উঠল মণিপুর (Manipur Violence)। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি বিতর্কিত নোটিশ নতুন করে আতঙ্ক ছড়িয়েছে। অভিযোগ উঠেছে, ওই নোটিশে কুকি সম্প্রদায়ভুক্ত কেন্দ্রীয় ও রাজ্য নিরাপত্তা বাহিনীর সদস্যদের এক অজ্ঞাতনামা বৈঠকে হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছে, যেখানে অংশ নেবে কুকি বিদ্রোহী গোষ্ঠীগুলিও। এই নোটিশটি কুকি-প্রধান এলাকার এক স্থানীয় গ্রাম উন্নয়ন কমিটির পক্ষ থেকে জারি করা হয়েছে বলে দাবি করা হচ্ছে। তাতে বলা হয়েছে, সামসাও নামে পরিচিত একটি কুকি বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে সমন্বয় বৈঠক আয়োজিত হবে। এই সংগঠনটিকে সাধারণত কুকি ন্যাশনাল ফ্রন্ট (KNF)-এর গুপ্ত বাহিনী হিসেবে ধরা হয়। গ্রামপ্রধানরা যেন নিশ্চিত করেন, এই বৈঠকে ইন্ডিয়ান রিজার্ভ ব্যাটালিয়ন (IRB), মণিপুর রাইফেলস এবং মণিপুর পুলিশের কুকি সদস্যরা উপস্থিত থাকবেন।

    কেন এই নোটিশ ঘিরে আতঙ্ক

    ২০২৩ সাল থেকেই কুকি ও মেইতেইদের গোষ্ঠীদ্বন্দ্বে অশান্ত মণিপুর (Manipur Violence)। রাষ্ট্রপতি শাসন জারির পর পরিস্থিতি খানিক নিয়ন্ত্রণে এলেও এখনও বিক্ষিপ্ত অশান্তি চলছে রাজ্য জুড়ে। চলতি মাসের শুরুতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ‘অবাধ চলাচল’ নির্দেশের প্রতিবাদে মণিপুরের কুকি জনজাতি অধ্যুষিত এলাকায় অনির্দিষ্টকালের জন্য বন‍্ধের ডাক দেওয়া হয়। গত ১৩ মার্চ বন্‌ধ প্রত্যাহার করা হলেও কুকিরা জানিয়ে দিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ তাঁরা মানবেন না৷ কুকিদের দাবিদাওয়া পূরণ না হওয়া পর্যন্ত তাঁরা ‘অবাধ চলাচল’-এর বিরোধিতা করে যাবেন। এমন এক সংবেদনশীল সময়ে, এই ধরনের নোটিশ ভাইরাল হওয়ায় উদ্বেগ আরও বেড়েছে। প্রশাসন, গোয়েন্দা সংস্থা এবং নাগরিক সমাজের মধ্যে তৈরি হয়েছে চাপা আতঙ্ক।

    নিরাপত্তা বিশ্লেষকদের আশঙ্কা

    নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, এই নোটিশ যদি সত্যি হয়ে থাকে, তাহলে এটি এক ভয়ঙ্কর ইঙ্গিত বহন করে। এটি দেখায় যে রাজ্য সরকারের সেবায় নিযুক্ত কর্মীরা হয়তো জোর করে বিদ্রোহীদের সঙ্গে সংযুক্ত হতে বাধ্য হচ্ছেন। এই ঘটনা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরপেক্ষতায় বড়সড় প্রশ্ন তুলে দিচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন উচ্চপদস্থ পুলিশ আধিকারিক বলেন, “জাতিগত ভিত্তিতে যদি বাহিনীর উপর প্রভাব খাটানোর চেষ্টা হয়, তবে তা সরকারি কাঠামোর উপরেই আঘাত। এটি বিপজ্জনক দৃষ্টান্ত স্থাপন করতে পারে।” সরকারি বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে যদি কোনও ধরনের ‘সমন্বয়’ হয়, তবে তা রাজ্যের স্থিতিশীলতা ও শান্তি ফেরানোর প্রচেষ্টায় বড়সড় বাধা হয়ে দাঁড়াতে পারে। এই বিষয়ে এখনো পর্যন্ত মণিপুর সরকার কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। তবে সূত্রের খবর, গোটা বিষয়টি নিয়ে গোয়েন্দা ব্যুরো (IB) এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক কড়া নজর রাখছে।

  • PM Modi: দু’দিনের সফরে সৌদি আরবে যাচ্ছেন প্রধানমন্ত্রী মোদি! কী কী বিষয়ে আলোচনার সম্ভাবনা?

    PM Modi: দু’দিনের সফরে সৌদি আরবে যাচ্ছেন প্রধানমন্ত্রী মোদি! কী কী বিষয়ে আলোচনার সম্ভাবনা?

    মাধ্যম নিউজ ডেস্ক: দু’দিনের সফরে সৌদি আরবে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। সৌদির প্রধানমন্ত্রী তথা সে দেশের যুবরাজ মুহাম্মদ বিন সলমনের আমন্ত্রণে আগামী ২২-২৩ এপ্রিল সেখানে যাচ্ছেন তিনি। ২০১৪ সালে ক্ষমতায় আসার পর থেকে এই নিয়ে তৃতীয় বার সৌদিতে যাচ্ছেন মোদি। মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থির ভূরাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষিতে এই সফর বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। প্রধানমন্ত্রীর সফরকালে ভারত ও সৌদি আরবের মধ্যে একাধিক সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হবে।

    দুই দেশের মধ্যে দৃঢ় সম্পর্ক

    বিদেশ মন্ত্রক সূত্রে খবর, সৌদির যুবরাজ তথা প্রধানমন্ত্রীর আমন্ত্রণে দু’দিনের সফরে সে দেশে যাচ্ছেন মোদি (PM Modi)। এর আগে ২০২৩ সালের সেপ্টেম্বরে জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতে এসেছিলেন সৌদির যুবরাজ। ওই সময়েই ভারত এবং সৌদি আরবের কৌশলগত অংশীদারি পরিষদ (স্ট্র্যাটেজিক পার্টনারশিপ কাউন্সিল)-এর প্রথম বৈঠক হয়েছিল। ওই বৈঠকের প্রায় দেড় বছর পরে প্রধানমন্ত্রী মোদির সৌদিযাত্রা এই সফরের গুরুত্বকে আরও বৃদ্ধি করেছে। রতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি জানিয়েছেন, “সৌদি আরব ভারতের এক কৌশলগত অংশীদারিত্ব। এই সফরের মাধ্যমে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও মজবুত হবে।”

    কী কী বিষয়ে আলোচনার সম্ভাবনা

    সৌদি আরবের ১০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের জন্য গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে। দ্বিপাক্ষিক সম্পর্ক ছাড়াও মধ্যপ্রাচ্যের সামগ্রিক পরিস্থিতি, ইজরায়েল-হামাস সংঘাত এবং ইউক্রেন যুদ্ধ-সহ একাধিক আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যুতে মতবিনিময় করবেন দুই দেশের শীর্ষ নেতৃত্ব। সব থেকে গুরুত্বপূর্ণ একটি চুক্তি স্বাক্ষর হতে চলেছে সবুজ হাইড্রোজেন (Green Hydrogen) খাতে। ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি জানান, “জ্বালানি সহযোগিতায় কৌশলগত মাত্রা যোগ করার চেষ্টা করা হবে।” সৌদি যুবরাজের ভারত সফরের সময় ঘোষিত ১০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ পরিকল্পনার অগ্রগতি নিয়ে আলোচনা হবে। ইতিমধ্যেই উচ্চপর্যায়ের টাস্ক ফোর্স অন ইনভেস্টমেন্ট (HLTFI) গঠন করা হয়েছে, যার প্রথম বৈঠক হয়েছে ২০২৩ সালের অক্টোবর মাসে। আলোচনায় থাকবে ভারত-মধ্যপ্রাচ্য-ইউরোপ অর্থনৈতিক করিডর (IMEEC)-এর ভবিষ্যত পরিকল্পনাও। প্রতিরক্ষা ক্ষেত্রে সামরিক মহড়া এবং উচ্চ পর্যায়ের যোগাযোগ বৃদ্ধির বিষয়েও রূপরেখা তৈরি হতে পারে। প্রতিরক্ষা খাতে যৌথ প্রকল্প, অস্ত্র ক্রয়ের সুযোগ এবং প্রশিক্ষণসহ আরও ঘনিষ্ঠ সহযোগিতার সম্ভাবনা তৈরি হয়েছে।

  • Rajnath Singh: ‘‘পাক অধিকৃত কাশ্মীরিরা শীঘ্রই চাইবেন ভারতের সঙ্গে যুক্ত হতে’’, বললেন রাজনাথ

    Rajnath Singh: ‘‘পাক অধিকৃত কাশ্মীরিরা শীঘ্রই চাইবেন ভারতের সঙ্গে যুক্ত হতে’’, বললেন রাজনাথ

    মাধ্যম নিউজ ডেস্ক: পাক-অধিকৃত কাশ্মীরের (Pak Occupied Kashmir) বাসিন্দারাই খুব শীঘ্র ভারতের সঙ্গে যুক্ত হতে চাইবে। মোদি সরকারের সাফল্যে ভারতে এখন ‘আচ্ছে দিন’। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh) লখনউয়ে এক সভায় বক্তব্য রাখতে গিয়ে বলেন, “ভারতের অর্থনীতি এখন বিশ্বের মধ্যে দ্রুততম বর্ধনশীল অর্থনীতিগুলোর একটি। আগে বিশ্বে ভারতের পরিচয় ছিল দরিদ্র দেশ হিসেবে, কিন্তু আজ এই চিত্র বদলে গিয়েছে। ভারতের অর্থনীতি এখন বিশ্বে পঞ্চম স্থানে, যা এক সময় একাদশ স্থানে ছিল। আগামী দুই বছরের মধ্যে ভারত শীর্ষ তিন অর্থনীতির মধ্যে স্থান পাবে বলে আন্তর্জাতিক আর্থিক সংস্থাগুলি দাবি করছে।”

    ভারতের সঙ্গে যুক্ত হওয়ার ইচ্ছা

    লখনউয়ের মহর্ষি বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত সভায় রাজনাথ সিং (Rajnath Singh) বলেন, “১১ বছর আগে ভারতে মাত্র দুটি মোবাইল ফোন কারখানা ছিল, আর আজ তা বেড়ে হয়েছে ২৭০টি। এছাড়াও, ডিজিটাল লেনদেনে ভারত এখন বিশ্বে প্রথম স্থানে রয়েছে। লখনউ থেকেই এক সময় মুসলিম লিগ পাকিস্তান গঠনের দাবি তুলেছিল। আর আজ সময় এসেছে এখান থেকেই ভারতের সঙ্গে পাক অধিকৃত কাশ্মীরের সংযুক্তিকরণের দাবি তোলার। আমি বিশ্বাস করি, খুব শীঘ্রই পিওকে-র মানুষ নিজেরাই বলবে— ‘‘আমাদের ভারতেই যুক্ত করে দিন।’’

    জন সংলাপ কর্মসূচিতে রাজনাথ

    লখনউয়ের এই সভায় কেশব নগরে একটি সড়ক নির্মাণের দাবি উঠলে প্রতিরক্ষা মন্ত্রী সংশ্লিষ্ট বিধায়ক ডঃ নীরজ বোরাকে নির্দেশ দেন সড়ক নির্মাণের ব্যবস্থা নিতে। এই অনুষ্ঠানে উপ-মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক বলেন, “এক সময় ফৈজুল্লাগঞ্জ সংক্রামক রোগে ভোগা একটি এলাকা ছিল। সেখান থেকেই রাজ্য সরকার সংক্রামক রোগ বিরোধী অভিযান শুরু করেছিল। আজ আমরা বলতে পারি, এই রোগ অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে।” এই জন সংলাপ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি নগর সভাপতি আনন্দ দ্বিবেদী, এমএলসি মুকেশ শর্মা, রামচন্দ্র প্রধান, দিবাকর ত্রিপাঠী, পুষ্কর শুক্লা, ত্রিলোক অধিকারী, মিডিয়া ইনচার্জ প্রবীণ গার্গ, ঘনশ্যাম আগরওয়াল, শৈলেন্দ্র শর্মা অতল, মণ্ডল সভাপতি শৈলেন্দ্র মৌর্য, কাউন্সিলর রশ্মি সিং, প্রদীপ শুক্লা, প্রিয়াঙ্কা বাজপেয়ী, রামদাস কনৌজিয়া প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নগর সহ-সভাপতি ডঃ বিবেক সিং তোমর।

    প্রতিরক্ষা সরঞ্জাম তৈরিতে আত্মনির্ভর

    প্রতিরক্ষা সরঞ্জাম তৈরিতে ক্রমশ আত্মনির্ভর হয়ে উঠছে ভারত। শুধু আত্মনির্ভরই হচ্ছে না। বিদেশে প্রতিরক্ষা সরঞ্জাম রফতানিও বেড়েছে। আর কয়েক বছরের মধ্যে প্রতিরক্ষা সরঞ্জাম রফতানি বছরে ৫০ হাজার কোটি টাকার গণ্ডী পার করবে বলে আশাবাদী প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। ২০১৪ সালের পর থেকে প্রতিরক্ষা সরঞ্জাম রফতানি বেড়েছে। বর্তমানে বছরে ২৪ হাজার কোটি টাকার প্রতিরক্ষা সরঞ্জাম রফতানি করা হয়। তিনি আশাবাদী, ২০২৯-৩০ সালের মধ্যে প্রতিরক্ষা সরঞ্জাম রফতানি বেড়ে ৫০ হাজার কোটি টাকা হবে। প্রসঙ্গত, ২০২৪-২৫ অর্থবর্ষে ২৩ হাজার ৬২২ কোটি টাকার প্রতিরক্ষা সরঞ্জাম রফতানি করেছে ভারত।

    পাকিস্তান অধিকৃত কাশ্মীরের জমিতে সন্ত্রাসের আখড়া

    ভারতের প্রতিরক্ষামন্ত্রীর (Rajnath Singh) সাফ কথা, পাকিস্তান অধিকৃত কাশ্মীরের (Pak Occupied Kashmir) জমি সন্ত্রাসবাদের ব্যবসা চালাতে ব্যবহার করা হচ্ছে। সেখানে সন্ত্রাসের ট্রেনিং ক্যাম্প, সীমার কাছে লঞ্চ প্যাড যে রয়েছে তার খবর ভারত সরকারের কাছে রয়েছে। রাজনাথ সিং বলেন,’ জম্মু ও কাশ্মীর পাকিস্তান অধিকৃত কাশ্মীর ছাড়া অসম্পূর্ণ। ভারতের মাথার মুকুটমণি সেটি। আর তাছাড়াও পাকিস্তান অধিকৃত কাশ্মীর পাকিস্তানের কাছে একটি বিদেশি এলাকা ছাড়া আর কিছুই নয়।’ উল্লেখ্য, পাক অধিকৃত কাশ্মীর জম্মু ও কাশ্মীরেরই অংশ, দেশ তো বটেই আন্তর্জাতিক মঞ্চে বারবার এ কথা জানিয়ে এসেছে ভারত। এই ইস্যুতে মামলাও চলছে আন্তর্জাতিক আদালতে। সম্প্রতি কাশ্মীরকে নিজেদের বলে দাবি করেছিলেন পাক সেনাপ্রধান।

    পাক অধিকৃত কাশ্মীর অধিবাসীদের দাবি

    কাশ্মীর নাকি পাকিস্তানের ‘জুগুলার ভেইন’ অর্থাৎ প্রধান শিরা! পাক সেনাপ্রধানের বিস্ফোরক মন্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই কড়া জবাব দেয় নয়াদিল্লি। বিদেশমন্ত্রকের হুঁশিয়ারি, “বেআইনিভাবে দখল করে রাখা অধিকৃত কাশ্মীর আগে খালি করুন। বিদেশি সম্পত্তি কী করে আপনার দেশের অবিচ্ছেদ্য অংশ হতে পারে?” “কোনও বিদেশি জিনিস কীভাবোজনাথের দাবি আপনার প্রধান শিরা বা ‘জুগুলার ভেইন’ হতে পারে? এটা ভারতের একটি কেন্দ্রশাসিত অঞ্চল। আর কাশ্মীরে পাকিস্তানের একটাই কাজ, সেটা হল বেআইনিভাবে দখল করে থাকা অংশটা ফাঁকা করে দেওয়া। সেখানকার বাসিন্দারাও ভারতের সঙ্গে জুড়তে চায়। তাঁদের দাবি, এই অঞ্চলের মাটিকে ব্যবহার করে দীর্ঘদিন ধরে ভারতের বিরুদ্ধে ছায়াযুদ্ধ বা প্রক্সি ওয়ার চালাচ্ছে পাক সরকার। কিন্তু কাশ্মীর বাসীরা এই অঞ্চলের মাটিকে সন্ত্রাস ছড়ানোর জন্য পাকিস্তান সরকার ও সেনাকে ব্যবহার করতে দিতে চান না। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের কথায় এখানকার সাধারণ মানুষ খুব শীঘ্রই ভারতের সঙ্গে এক হতে চাইবে।

  • Smartphone’s Export: ২০১৪-এ ১৬৭তম স্থানে, ২০২৫ ভারতের শীর্ষ রফতানি পণ্য স্মার্টফোন! মোদি জমানার ১০ বছরে বিপুল সাফল্য

    Smartphone’s Export: ২০১৪-এ ১৬৭তম স্থানে, ২০২৫ ভারতের শীর্ষ রফতানি পণ্য স্মার্টফোন! মোদি জমানার ১০ বছরে বিপুল সাফল্য

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতের বাজারে তৈরি হওয়া মোবাইল (India’s Smartphone) এখন বিশ্ব বাজারে দাপট দেখাচ্ছে। তৈরি হল নতুন মাইলস্টোন। ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ১০ মাসে ভারতে তৈরি মোবাইল বিশ্বের বাজারে ২ লক্ষ কোটি রফতানি (Smartphone’s Export) করা হয়েছে। এর ফলে ভারতের স্মার্টফোন রফতানি এক নজিরবিহীন উচ্চতায় পৌঁছেছে । এই সময়কালে, মোবাইল ফোন রফতানির মূল্য দাঁড়িয়েছে $১৮.৩১ বিলিয়ন (প্রায় ₹২ লক্ষ কোটি), যা ইতিহাসে প্রথমবারের মতো দেশের সর্ববৃহৎ একক রফতানি পণ্যে পরিণত হয়েছে। আইসিইএ-র পক্ষ থেকে এই তথ্য তুলে ধরা হয়েছে। ফলে ভারতে তৈরি মোবাইল শিল্প যে আগামীদিনে বিশ্বের বাজারে দাপট দেখাবে সেটা বলাই যায়।

    মেক ইন ইন্ডিয়া প্রকল্পের সাফল্য

    ভারতের বাণিজ্য দফতরের তথ্য অনুযায়ী, হরমোনাইজড সিস্টেম কোড (HS code)-এর ভিত্তিতে স্মার্টফোন এখন দেশের সর্বাধিক রফতানি হওয়া পণ্য, যা অটোমোটিভ ডিজেল ফুয়েলকে (মূল্য $১৬.০৪ বিলিয়ন) পেছনে ফেলেছে। ২০২৪-এ একই সময়ে (এপ্রিল-জানুয়ারি) স্মার্টফোন ছিল চতুর্থ স্থানে। এই অভাবনীয় উত্থানকে ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্প ও উৎপাদন-ভিত্তিক প্রেরণা (PLI) প্রকল্পের সাফল্য হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। ২০১৪ সালে যেখানে স্মার্টফোন রফতানি ছিল ১৬৭তম স্থানে, আজ তা উঠে এসেছে শীর্ষে। ২০১৪ সালে ক্ষমতায় আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারপরই এই পরিবর্তন। ১০ বছরের মধ্যেই সাফল্যের শীর্ষে ভারতের স্মার্টফেন।

    যুক্তরাষ্ট্রে ২০৮% বেশি রফতানি

    আইসিইএ-র পক্ষ থেকে বলা হয়েছে এই শিল্পে যে হারে ভারত উন্নতি করছে তাতে এই শিল্প আগামীদিনে আরও উন্নতি করবে। চলতি বছরে এই শিল্পে ৫,১০,০০০ কোটি টাকার টার্গেট রাখা হয়েছে। এরফলে বিশ্বের বাজারে মোবাইল শিল্পে ভারত যে শুধু আত্মনির্ভর হয়েছে তাই নয়, ভারতে তৈরি মোবাইল (India’s Smartphone) বিশ্বের বাজারে যে কতটা স্থান নিয়েছে সেটাও সামনে এসে গিয়েছে। ২০২৫ অর্থবর্ষের এপ্রিল-জানুয়ারি সময়কালে স্মার্টফোন রফতানি বৃদ্ধি পেয়েছে ৫৪.৭ শতাংশ, যেখানে গত অর্থবছরে একই সময়ে তা ছিল $১১.৮৩ বিলিয়ন। বিশেষ করে অ্যাপল-এর আইফোন-এর নেতৃত্বে যুক্তরাষ্ট্রে রফতানির পরিমাণ বৃদ্ধি পেয়েছে ২০৮%। ভারতের স্মার্টফোন রফতানির $৬.৬ বিলিয়ন গেছে যুক্তরাষ্ট্রে।

    মহিলা কর্মসংস্থানে নতুন দিগন্ত

    ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, ২০২৫ অর্থবর্ষে ২ লক্ষ কোটি মূল্যের রফতানি (Smartphone’s Export) হয়েছে স্মার্টফোন খাতে, যার মধ্যে আইফোন-এর অংশ ১.৫ লক্ষ কোটি। তিনি বলেন, “এই সাফল্য ১০ বছরের সরকার ও শিল্পক্ষেত্রের যৌথ প্রচেষ্টার ফল।” এই খাতে লক্ষ লক্ষ নতুন কর্মসংস্থান তৈরি হয়েছে, বিশেষ করে নারীদের জন্য, এবং ভারতের ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোগী সংস্থাগুলির জন্য নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। মন্ত্রী আরও জানান, গত দশ বছরে ইলেকট্রনিক্স উৎপাদন পাঁচ গুণ এবং রফতানি ছয় গুণ বেড়েছে। বর্তমানে উৎপাদন বৃদ্ধির হার ১৭% রফতানির ক্ষেত্রে তা ২০%। দেশের ৪০০-রও বেশি উৎপাদন ইউনিট এখন বিভিন্ন ইলেকট্রনিক্স কম্পোনেন্ট তৈরি করছে। সেই সঙ্গে, সরকার নতুন ইলেকট্রনিক্স কম্পোনেন্ট ম্যানুফ্যাকচারিং স্কিম-এর বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছে। কেন্দ্র ইতিমধ্যেই ২২,৯১৯ কোটি টাকা অনুমোদন দিয়েছে এই প্রকল্পে। এর আওতায় কনজিউমার ইলেকট্রনিক্স, মেডিকেল ইলেকট্রনিক্স, পাওয়ার ইলেকট্রনিক্স, অটোমোবাইল ও অন্যান্য সেক্টরে ব্যবহৃত অ্যাকটিভ ও প্যাসিভ কম্পোনেন্ট তৈরির ওপর জোর দেওয়া হবে।

    আন্তর্জাতিক বিনিয়োগ

    বিগত বছর থেকে এই রফতানির পরিমান অনেকটাই বেশি তা এবারের এই হার থেকেই স্পষ্ট। ভারতের তৈরি মোবাইল ফোন যে গোটা বিশ্ব মেনে নিয়েছে তা এখান থেকেই স্পষ্ট। তবে এই সফর এখানেই থেমে থাকবে না। এই শিল্পে আরও সুযোগ রয়েছে। যেভাবে ভারতের (India’s Smartphone) বাজারে মোবাইলের যন্ত্রাংশ তৈরিতে জোর দেওয়া হয়েছে সেখান থেকে আগামীদিনে এই পরিস্থিতি আরও উন্নতি ঘটবে। কেন্দ্রীয় সরকার এবিষয়ে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। ভারতে তৈরি মোবাইল যাতে বিশ্বের দরবারে আরও ব্যবসা করবে সেটাই এখন প্রধান টার্গেট। মনে করা হচ্ছে আগামী কয়েক বছরের মধ্যে ভারত মোবাইল ফোন তৈরিতে অনেক বেশি আত্মনির্ভর হয়ে যাবে। সেখান থেকে ভারতে এই শিল্প অনেক বেশি কর্মসংস্থানও তৈরি করবে। বিশ্বখ্যাত সংস্থা মার্ক ও লিন্ডে ইতিমধ্যেই ভারতে তাদের উৎপাদন কেন্দ্র স্থাপন করছে। সরকার জানিয়েছে, দেশে ক্যাপিটাল ইকুইপমেন্ট তৈরিতে পূর্ণ সহযোগিতা করা হবে। এই অসাধারণ সাফল্য ভারতের ইলেকট্রনিক্স উৎপাদন ক্ষমতা ও রফতানি সক্ষমতার এক যুগান্তকারী দৃষ্টান্ত—এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।

    চিন নির্ভরতা অতীত

    এতদিন পর্যন্ত ভারত মোবাইলের বিষয়ে প্রধানত চিনের উপর নির্ভর করে থাকত। সেখান থেকে আসা মোবাইল ফোন নিয়ে নানা ধরনের সমস্যা এবং বিতর্ক তৈরি হয়েছিল। তবে সেখান থেকে ধীরে ধীরে সরে এসেছে ভারত। এখন সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে মোবাইল ফোন বানিয়ে ভারত নিজের আলাদা পরিচিতি তৈরি করেছে। এই রফতানির (Smartphone’s Export) হিসেব তার বিরাট প্রমাণ।

     

     

  • Khalistani Attack on Canada: কানাডায় ফের মাথাচাড়া দিচ্ছে ভারত-বিরোধিতা! গুরুদ্বার, মন্দিরে হামলা খালিস্তানিদের

    Khalistani Attack on Canada: কানাডায় ফের মাথাচাড়া দিচ্ছে ভারত-বিরোধিতা! গুরুদ্বার, মন্দিরে হামলা খালিস্তানিদের

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রীর পদ থেকে জাস্টিন ট্রুডো সরে গেলেও খালিস্তানিরা (Khalistani Attack on Canada) সক্রিয় কানাডায়। এখনও খালিস্তান সমর্থকরা কানাডার বিভিন্ন স্থানে ভারত-বিরোধী কার্যকলাপ চালাচ্ছে এবং মন্দির ও গুরুদ্বারকে লক্ষ্য করে ভাঙচুর ও বিক্ষোভ করছে। সম্প্রতি ভ্যাঙ্কুভারের একটি ঐতিহাসিক গুরুদ্বারে খালিস্তানি কট্টরপন্থীরা তাদের স্লোগান লিখে দিয়ে যায়। সারের লক্ষ্মী নারায়ণ মন্দিরেও হামলা হয়। এই ঘটনার পরই ফের কানাডার হিন্দু ও শিখদের একজোট হওয়ার আহ্বান জানান অটোয়া-নেপিয়ান থেকে নির্বাচিত ভারতীয় বংশোদ্ভূত কানাডিয়ান সাংসদ চন্দ্র আর্য।

    গুরুদ্বারে ভারত-বিরোধী স্লোগান খালিস্তানিদের

    রিপোর্ট অনুযায়ী, খালসা দিওয়ান সোসাইটির গুরুদ্বারে শনিবার ভারত-বিরোধী স্লোগান লিখে হামলা চালানো হয়। এটি রস স্ট্রিট গুরুদ্বার নামেও পরিচিত। গুরুদ্বারের এক মুখপাত্র একটি বিবৃতি জারি করে বলেছেন, ‘একদল বিচ্ছিন্নতাবাদী শিখরা আমাদের পবিত্র গুরুদ্বারের দেওয়াল বিকৃত করেছে এবং দেওয়ালে খলিস্তানি স্লোগান লিখেছে। খালসা সাজনা দিবস উপলক্ষে আমরা ঐক্যের বার্তা দিতে চাই। সেখানে একটি গোষ্ঠীর এই কাজ নিন্দনীয়। চরমপন্থী শক্তি শিখদের মধ্যে বিভাজন সৃষ্টি করতে চায় এবং এটা ভয় সৃষ্টির চেষ্টা। কট্টরপন্থীরা আমাদের গুরুজনদের আত্মত্যাগ বুঝতে পারছে না। আমাদের প্রবীণরা বৈচিত্র্য ও স্বাধীনতার জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছেন। আমাদের বিভক্ত করার প্রচেষ্টা আমরা সফল হতে দেব না।’উল্লেখ্য, এই গুরুদ্বারটি ১৯০৬ সালে নির্মিত হয়েছিল। রবিবার গুরুদ্বারে নগরকীর্তন ও বৈশাখী কুচকাওয়াজের আয়োজন করা হয়। খালিস্তান সমর্থকদের এই কর্মসূচিতে যোগ দিতে নিষেধ করা হয়েছিল।

    লক্ষ্মী নারায়ণ মন্দিরেও হামলা

    গুরুদ্বার ছাড়াও সারে ও ব্রিটিশ কলম্বিয়ার মন্দিরেও হামলা চালিয়েছে খালিস্তানিরা (Khalistani Attack on Canada)। সেখানেও দেওয়ালে খালিস্তানি স্লোগান লেখা হয়েছে। মন্দিরের মুখপাত্র পুরুষোত্তম গোয়েল বলেছেন যে লক্ষ্মীনারায়ণ মন্দিরটি কানাডায় হিন্দু ও শিখদের মধ্যে ঐক্য বজায় রাখতে সক্রিয়ভাবে কাজ করে। সেই কারণেই সেই মন্দিরকেও টার্গেট করা হয়েছে। এটা কোনও কাকতালীয় ঘটনা নয়, বরং পরিকল্পিতভাবে এসব স্লোগান লেখা হয়েছে। এর আগেও ২০২৩ ও ২০২৪ সালে কানাডার বেশ কয়েকটি মন্দিরে হামলা হয়েছিল। পুলিশ এখনও পর্যন্ত ওই ঘটনায় অভিযুক্ত দুষ্কৃতীদের গ্রেফতার করতে পারেনি। সেই সময় লক্ষ্মী নারায়ণ মন্দিরেও গোলমাল ছড়িয়েছিল খলিস্তানিরা।

    হিন্দু ও শিখ সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ

    কানাডায় খালিস্তান (Khalistani Attack on Canada) সমর্থকদের দ্বারা গুরুদ্বার এবং হিন্দু মন্দিরগুলি লক্ষ্য করে ভারত-বিরোধী কার্যকলাপ বাড়ছে। সাম্প্রতিক ঘটনাগুলিতে দেখা গিয়েছে, তারা গুরুদ্বার এবং লক্ষ্মী নারায়ণ মন্দিরের বাইরে ভারত-বিরোধী পোস্টার লাগিয়েছে, স্লোগান দিয়েছে এবং মন্দিরেও ভাঙচুর চালিয়েছে। ভ্যাঙ্কুভার পুলিশ বিভাগের মুখপাত্র সার্জেন্ট স্টিভ অ্যাডিসন জানিয়েছেন, তারা তদন্ত শুরু করেছে, তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। এ ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে হিন্দু ও শিখ সম্প্রদায়ের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে।

    খালিস্তানি চরমপন্থার ভয়ানক নিদর্শন

    অটোয়া-নেপিয়ান থেকে নির্বাচিত ভারতীয় বংশোদ্ভূত কানাডিয়ান সাংসদ চন্দ্র আর্য সম্প্রতি ব্রিটিশ কলম্বিয়ায় লক্ষ্মী নারায়ণ মন্দিরে খালিস্তানি চরমপন্থীদের গ্রাফিতি হামলার পর হিন্দু ও শিখ সম্প্রদায়কে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। তিনি সরকারের কাছে এই ধরনের চরমপন্থার বিরুদ্ধে দ্রুত ও কঠোর পদক্ষেপ করার দাবিও জানান। চন্দ্র আর্য এক্স-এ বলেন, “কিছু লোক আমাদের মধ্যে বিভেদ সৃষ্টির ষড়যন্ত্র করছে।” চন্দ্র কানাডিয়ান হিন্দু চেম্বার অফ কমার্সের একটি ভিডিও শেয়ার করে বলেন, “হিন্দু মন্দিরে বারবার হামলার ঘটনা আজও অব্যাহত। এই সাম্প্রতিক গ্রাফিতি হলো খালিস্তানি চরমপন্থার ক্রমবর্ধমান প্রভাবের একটি ভয়ানক নিদর্শন। এই খালিস্তানি গোষ্ঠীগুলো সংগঠিত, অর্থবলে বলীয়ান এবং রাজনৈতিকভাবে প্রভাবশালী। তারা কানাডায় হিন্দুদের কণ্ঠস্বর দমিয়ে রাখার চেষ্টা করছে।”

    নীরবতা আর কোনো বিকল্প নয়

    এছাড়াও, তিনি ভ্যাঙ্কুভারের খালসা দেওয়ান সোসাইটি (রস স্ট্রিট গুরুদ্বার) এ ‘খালিস্তান জিন্দাবাদ’ স্লোগানসহ গ্রাফিতি দেয়ার ঘটনাও তুলে ধরেন। তিনি (MP Chandra Arya) জানান, এই ধরনের হামলা শুধুমাত্র হিন্দুদের নয়, শিখ প্রতিষ্ঠানগুলোকেও টার্গেট করছে। চন্দ্রর মতে, “খালিস্তানি চরমপন্থীরা আমাদের শিখ ভাইদের পবিত্র স্থানেও হামলা চালাচ্ছে। এটি একটি স্পষ্ট বার্তা যে, এখন আর চুপ করে থাকার সময় নেই। কানাডার হিন্দু-কানাডিয়ানরা এবং সংখ্যাগরিষ্ঠ শিখ-কানাডিয়ান ভাই-বোনেরা একসঙ্গে দাঁড়িয়ে সরকারের সকল স্তরের কাছ থেকে অবিলম্বে কার্যকর ব্যবস্থা দাবি করুন। নীরবতা আর কোনো বিকল্প নয়।” এই ঘটনার প্রেক্ষিতে কানাডায় (Khalistani Attack on Canada) বসবাসরত দক্ষিণ এশীয় সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা বৃদ্ধি পেয়েছে। সংখ্যালঘু সম্প্রদায়গুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কী করবে, এখন সেদিকেই নজর সকলের।

  • Shubhanshu Shukla: আন্তর্জাতিক স্পেস স্টেশনে প্রথম কোনও ভারতীয়, ইতিহাস গড়তে চলেছেন শুভাংশু

    Shubhanshu Shukla: আন্তর্জাতিক স্পেস স্টেশনে প্রথম কোনও ভারতীয়, ইতিহাস গড়তে চলেছেন শুভাংশু

    মাধ্যম নিউজ ডেস্ক: ৪০ বছরের অপেক্ষার অবসান। ভারত আবারও মহাকাশের অন্ধকার গভীরে সোনালী ইতিহাস লেখার দিকে এগিয়ে যাচ্ছে। ফের মহাকাশযাত্রা করতে চলেছেন ভারতীয় মহাকাশচারী। মার্কিন মহাকাশ সংস্থা নাসার সহযোগিতায়, ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লা (Shubhanshu Shukla) আগামী মে মাসে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশে রওনা হবেন। ১৯৮৪ সালে রাকেশ শর্মার পর এবার এই তালিকায় নাম জুড়তে চলেছে ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশুর।

    দেশের সর্বকনিষ্ঠ নভোচর

    ৪০ বছরের শুভাংশুই দেশের মহাকাশ যাত্রার ইতিহাসে সর্বকনিষ্ঠ নভশ্চর, যিনি মহাকাশ স্টেশনে যাওয়ার সুযোগ পাচ্ছেন। কেন্দ্রের তরফে মহাকাশ ও প্রযুক্তি মন্ত্রকের মন্ত্রী জিতেন্দ্র সিং জানিয়েছেন, আগামী মে মাসে স্পেস এক্সের মহাকাশযানে চড়ে গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু পাড়ি দেবেন মহাশূন্যে। তাঁকে অভিনন্দন জানিয়েছেন সহকর্মীরা। উচ্ছ্বাস প্রকাশ করেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং বলেন, ‘ভারত পরবর্তী মহাকাশ অভিযানের জন্য তৈরি। চার দশক পর শুভাংশু শুক্লা (Shubhanshu Shukla) আন্তর্জাতিক স্পেস স্টেশনে পা রাখতে চলেছেন। তাঁর যাত্রা দেশের মহাকাশ গবেষণায় নতুন অধ্যায় রচনা করবে।’

    কে এই শুভাংশু শুক্লা?

    ১৯৮৫ সালের ১০ অক্টোবর উত্তরপ্রদেশের লখনউতে জন্ম নেন শুক্লা (Shubhanshu Shukla)। পড়াশোনা করেছেন পুনের ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমিতে (এনডিএ)। ২০০৬ সালের জুন মাসে তিনি ভারতীয় বায়ুসেনার (আইএএফ) ফাইটার উইংয়ে যোগদান করেন। ২০২৪ সালের মার্চ মাসে গ্রুপ ক্যাপ্টেন হিসেবে পদোন্নতিও পান। ২০০০ ঘণ্টারও বেশি বিমান চালানোর অভিজ্ঞতা সম্পন্ন শুক্লা নানা ধরনের বিমান উড়িয়েছেন। ২০১৯ সালে, ইসরো শুক্লাকে মহাকাশচারী প্রশিক্ষণের জন্য নির্বাচন করে। মস্কোর স্টার সিটিতে অবস্থিত ইউরি গ্যাগারিন কসমোনট প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ নেন তিনি। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে, তাঁকে ২০২৬ সালের জন্য পরিকল্পিত ভারতের প্রথম মানব মহাকাশযান কর্মসূচি, ইসরো’র গগনযান মিশনের জন্য প্রধান মহাকাশচারী হিসেবে নির্বাচিত করা হয়।

    ড্রাগন ক্যাপসুলে মহাকাশে পাড়ি

    সব ঠিক থাকলে মে মাসে আমেরিকার ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেক স্পেস এক্সের ড্রাগন ক্যাপসুলে মহাকাশে পাড়ি দেবেন শুভাংশু-সহ ৪ জন। মহাকাশযানের পাইলট হিসেবে শুভাংশুর (Shubhanshu Shukla) ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর তার প্রস্তুতি ভালোভাবেই সেরেছেন তিনি। জানা যাচ্ছে, গগনযান প্রকল্পে অংশ নিতে গত ৮ মাস ধরে নাসা এবং বেসরকারি সংস্থা অ্যাক্সিয়ম স্পেসের অধীনে প্রশিক্ষণ নিয়েছেন গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা। এর জন্য ভারতের খরচ হয়েছে ৬০ মিলিয়ন ডলার বা ৫১২ কোটি টাকার বেশি। অ্যাক্সিয়ম স্পেস ফোরের এই সফরে নেতৃত্ব দেবেন নাসার প্রাক্তন জনপ্রিয় মহিলা নভশ্চর পেগি হুইটসন। নাসা থেকে অবসরের পর তিনি এখন বেসরকারি সংস্থা অ্যাক্সিয়মের হয়ে কাজ করেন। পেগি ছাড়া শুভাংশুর দুই সহযাত্রী পোল্যান্ডের স্লাউজস উজনানস্কি এবং হাঙ্গেরির টিবোর কাপু। আইএসএস-এ যাওয়া চারজনের এই দলটি স্পেসএক্স ক্রু ড্রাগন ক্যাপসুলে বসবে। এটি স্পেসএক্স ফ্যালকন ৯ রকেটের মাধ্যমে উৎক্ষেপণ করা হবে। এই মিশনটি মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে উড়বে।

    ওয়াটার বেয়ার বা জল-ভালুকের কথা

    আগামী মিশনে মহাকাশ গবেষণাকেও অন্য আঙ্গিকে নিয়ে যেতে চলেছে ইসরো। জানা যাচ্ছে, অক্সিয়ম-৪ মিশনে আন্তর্জাতিক স্পেস স্টেশনে নিয়ে যাওয়া হবে ওয়াটার বেয়ার। আণুবিক্ষণিক ওই চারপেয়ে জীব পৃথিবীর প্রায় সব স্থানেই রয়েছে। জানা যাচ্ছে, পৃথিবীর যেকোনও আবহাওয়ার সঙ্গেই ওই ওয়াটার বেয়ার নিজেকে খাপ খাইয়ে নিতে পারে। প্রতিকূল পরিস্থিতির সঙ্গে লড়াই করে তারা বংশবৃদ্ধিতেও সক্ষম। এবার ১৪ দিনের মিশনে তারা স্পেস স্টেশনে থাকবে। মহাকাশের বিরূপ আবহাওয়ায় তারা কীভাবে লড়াই করছে তা নিয়েই গবেষণা চালাবে ইসরো। ফলে ভবিষ্যতে মহাকাশের বিরূপ তাপমাত্রায় মহাকাশচারীরা কীভাবে বেশিদিন থাকতে পারেন, সে ব্যাপারে নয়া তথ্য মিলবে।

    গগনযান মিশনের আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ মিশন

    শুক্রবার নয়াদিল্লিতে উচ্চপর্যায়ের বৈঠকের পরে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং জানিয়েছেন, ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন যে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে যাবেন, সেটা মহাকাশ গবেষণার ক্ষেত্রে ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। মহাকাশযানে করে তিনি যে মহাশূন্যে পাড়ি দেবেন, তা বাস্তব অভিজ্ঞতা সঞ্চয়ের ক্ষেত্রে সাহায্য করবে। মাধ্যাকর্ষণ শক্তির সঙ্গে খাপ খাইয়ে নিতে এবং জরুরি পরিস্থিতিতে প্রস্তুত থাকার মতো বিষয়ের সঙ্গে ধাতস্থ হয়ে উঠবেন শুভাংশু। যা ভারতের গগনযান মিশনের সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে।

    একগুচ্ছ প্রকল্প ইসরোর

    গগনযান ছাড়াও শুক্রবার নয়াদিল্লির বৈঠকে ভারতীয় মহাকাশ সংস্থার আরও একাধিক গুরুত্বপূর্ণ মিশনের বিষয়ে আলোচনা হয়েছে। আগামীদিনে ইসরোর বিভিন্ন মিশনের বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রীকে জানিয়েছেন ভারতীয় মহাকাশ সংস্থার চেয়ারম্যান ভি নারায়ণন। তিনি জানিয়েছেন, আগামী মে থেকে জুলাইয়ের মধ্যে ইসরোর যে বড়-বড় মিশন আছে, তার মধ্যে অন্যতম হল পিএসএলভি-সি৬১ মিশন। যে রকেটের পিঠে চাপিয়ে ইওএস-০৯ স্যাটেলাইট পাঠানো হবে।ইসরোর চেয়ারম্যান আরও জানিয়েছেন, গগনযান মিশনের দিকে টেস্ট ভেহিকেল-ডি২ মিশনের পরিকল্পনা করা হয়েছে। ওই মিশনের মাধ্যমে গগনযানের প্রস্তুতি ঝালাই করে নেওয়া হবে। ক্রু মডিউলকে কীভাবে সমুদ্র থেকে উদ্ধার করা হবে, সেই পরীক্ষা-নিরীক্ষা চালানো হবে। আবার জুনে জিএসএলভি-এফ১৬ রকেটের পিঠে চাপিয়ে নিসার স্যাটেলাইট পাঠানো হবে। জুলইয়ে আবার এলভিএম৩-এম৫ মিশন আছে।

  • Murshidabad Unrest: ‘‘হিন্দু হওয়াটা কী অপরাধ? আমাদের বাঁচান’’, রাজ্যপালের পা ধরে প্রশ্ন জাফরাবাদের মহিলাদের

    Murshidabad Unrest: ‘‘হিন্দু হওয়াটা কী অপরাধ? আমাদের বাঁচান’’, রাজ্যপালের পা ধরে প্রশ্ন জাফরাবাদের মহিলাদের

    মাধ্যম নিউজ ডেস্ক: হিন্দু হওয়াটাই কী অপরাধ? অশান্ত মুর্শিদাবাদে (Murshidabad Unrest) রাজ্যপাল সিভি আনন্দ বোসকে প্রশ্ন করলেন অসহায় মহিলারা। এদিন জাফরাবাদে নিহত বৃদ্ধ এবং তাঁর ছেলের বাড়িতে গেলেন রাজ্যপাল। বাড়়িতে রাজ্যপাল আসতেই তাঁর পা ধরে কান্নায় ভেঙে পড়লেন জাফরাবাদের সেই নিহত বৃদ্ধের স্ত্রী। কাঁদতে কাঁদতে তিনি রাজ্যপালকে বললেন, ‘‘আমার সব হারিয়েছে। আমরা ঘুমোতে পারছি না। আপনি দয়া করে কিছু করুন।’’ সব শুনে রাজ্যপাল বোসও সাহায্যের আশ্বাস দিলেন। নিহতের পরিবারকে দিয়ে এলেন ‘শান্তিকক্ষ’ (পিস রুম)-এর নম্বরও।

    শান্তি ফিরিয়ে আনার বার্তা রাজ্যপালের

    এদিন জাফরাবাদে হিংসায় নিহত হরগোবিন্দ দাস ও চন্দন দাসের বাড়িতে যান রাজ্যপাল। সেখানে গিয়ে বেশ কিছুক্ষণ স্বজনহারাদের সঙ্গে কথা বলেন। পাশে থাকার আশ্বাসও দেন বোস। রাজ্যপাল বলেন, ‘‘এলাকায় শান্তি ফিরিয়ে আনা হবে। ফোন নম্বর দেওয়া রইল। প্রয়োজনে আপনারা সরাসরি ফোন করবেন।’’ নিহত বৃদ্ধের স্ত্রী রাজ্যপালকে জানান, তাঁরা খুবই আতঙ্কে রয়েছেন। অশান্তির সময় তাঁদের বাড়িতে লুটপাট চলেছে। তাঁদের দাবি, নিরাপত্তার স্বার্থে এলাকায় বিএসএফের স্থায়ী ক্যাম্প বসানো হোক। স্থানীয়দের সঙ্গেও কথা বলেছেন রাজ্যপাল। সকলের অভিযোগ শোনার পর তিনি বলেন, ‘‘রাজ্য সরকারের ভূমিকা নিয়ে কিছু অভিযোগ রয়েছে। তাঁরা যাতে সরাসরি ফোন করতে পারেন, সেই নম্বর দেওয়া হয়েছে। শান্তি প্রতিষ্ঠাই প্রধান লক্ষ্য। রাজ্য সরকারকে বলব, উপযুক্ত পদক্ষেপ করুন।’’ নিহতের বাড়িতে রাজ্যপাল যাওয়ার আগে সেখানে গিয়েছিলেন মালদার ইংরেজবাজারের বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র।

    প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ

    জাফরাবাদের নিহত বৃদ্ধের স্ত্রীর সঙ্গে কথা বলেছেন জাতীয় মহিলা কমিশনের সদস্যেরাও। সব শুনে ক্ষতিগ্রস্ত পরিবারটিকে সাহায্যের আশ্বাস দিয়েছেন তাঁরা। ধুলিয়ানের বেতবোনাতেও গিয়েছিলেন মহিলা কমিশনের প্রতিনিধিরা। সেখানে তাঁদের পা ধরে কান্না ভেঙে পড়েছিলেন স্থানীয় মহিলাদের একাংশ। স্থায়ী বিএসএফ ক্যাম্পের আর্জি জানান তাঁরা। পরে কমিশনের এক সদস্য বলেন, ‘‘দেশবাসী ও কেন্দ্রীয় সরকার আপনাদের পাশে আছে। বিএসএফ আপনাদের নিরাপত্তার দায়িত্ব নেবে।’’ রাজ্যপাল ধুলিয়ানেও গিয়েছিলেন। সেখান থেকে তিনি বেরিয়ে যাওয়ার পরেই স্থানীয়দের একাংশ পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে অবস্থান বিক্ষোভ শুরু করেন। তাঁদের দাবি, পুলিশ রাজ্যপালকে তাঁদের কাছে আসতে দেননি। যার ফলে নিজেদের অভিযোগের কথা রাজ্যপালকে জানাতে পারেননি তাঁরা। শুক্রবারের পর শনিবারও ওয়াকফ আইন নিয়ে ঘটা হিংসায় ক্ষতিগ্রস্ত গ্রাম পরিদর্শন করেছেন রাজ্যপাল। তাঁকে সামনে পেয়েই স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন মুর্শিদাবাদের (Murshidabad Unrest) হিংসায় আক্রান্তরা।

  • JEE Result: প্রকাশিত সর্বভারতীয় জেইই (মেনস) রেজাল্ট, ১০০ পার্সেন্টাইল পেয়ে দেশের সেরা ২৪-এ বাংলার দুই

    JEE Result: প্রকাশিত সর্বভারতীয় জেইই (মেনস) রেজাল্ট, ১০০ পার্সেন্টাইল পেয়ে দেশের সেরা ২৪-এ বাংলার দুই

    মাধ্যম নিউজ ডেস্ক: সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রাস পরীক্ষায় বাজিমাত বাংলার। জেইই মেইন পরীক্ষায় যে ২৪ জন প্রার্থীর প্রাপ্ত ‘স্কোর’ ১০০-তে ঠেকেছে, তাঁদের মধ্যে পশ্চিমবঙ্গের দু’জন পড়ুয়া রয়েছেন। ওই ২৪ জনের মধ্যে আলাদাভাবে আপাতত কোনও র‍্যাঙ্ক প্রকাশ করা হয়নি। অ্যাপ্লিকেশন নম্বরের ভিত্তিতে পরপর ওই ২৪ জন প্রার্থীর নাম দেওয়া হয়েছে। সর্বভারতীয় জয়েন্টের (JEE Result) আয়োজক ন্যাশনাল টেস্টিং এজেন্সির (এনটিএ) তরফে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ থেকে অর্চিষ্মান নন্দী এবং দেবদত্তা মাঝির প্রাপ্ত পার্সেন্টাইল হল ১০০।

    মাধ্যমিকের পর জয়েন্টে সেরা দেবদত্তা

    ২০২৩-এর মাধ্যমিক পরীক্ষায় প্রথম হয়েছিল দেবদত্তা মাঝি। এবার সর্বভারতীয় জয়েন্ট পরীক্ষায় (JEE Result) বাজিমাত করল পূর্ব বর্ধমানের মেয়ে। দুর্গাদাসী চৌধুরী গার্লস হাই স্কুলের পড়ুয়া দেবদত্তা। মাধ্যমিকে ৭০০ নম্বরের পরীক্ষায় তিনি পেয়েছিলেন ৬৯৭ নম্বর। যা শতাংশের নিরিখে ৯৯.৫৭। দেবদত্তার মা তাঁর স্কুলেরই শিক্ষিকা, বাবা আসানসোলের একটি কলেজের অধ্যাপক। বাড়িতে সব সময়েই পড়াশোনার জন্য কঠোর পরিশ্রম করেন তিনি। দেবদত্তা বলেন, ‘‘আমি সারা বছর উচ্চ মাধ্যমিক নিয়ে অতখানি প্রস্তুতি নিইনি। বেশির ভাগ সময়টাই জয়েন্টের পরীক্ষার জন্যই তৈরি করেছি নিজেকে।’’

    দুর্ঘটনাও আটকাতে পারেনি অর্চিষ্মানকে

    দেবদত্তার সঙ্গেই রাজ্যে যুগ্ম ভাবে (WB Toppers in JEE 2025) প্রথম হয়েছে অর্চিষ্মান নন্দী। অথচ তার এই পরীক্ষার প্রস্তুতি প্রায় নষ্ট হয়ে যেতে বসেছিল আচমকা দুর্ঘটনার কারণে। সর্বভারতীয় স্তরে ২৪ জন এনটিএ স্কোর ১০০ পার্সেন্টাইল পেয়েছে, যাঁদের মধ্যে জায়গা করে নিয়েছে অর্চিষ্মান। খড়্গপুরের চাঙ্গুয়াল গ্রামে অর্চিষ্মানের বাড়িতে এখন আনন্দের আবহ। অর্চিষ্মানের বাবা মিঠুন নন্দী জানিয়েছেন, ২৯ জানুয়ারি প্রথম সেশনের পরীক্ষার তিন দিন আগেই দুর্ঘটনা ঘটে ছেলের। সপরিবারে কলকাতা যাওয়ার পথে উলুবেড়িয়া চেক পয়েন্টের কাছে সড়ক দুর্ঘটনার কবলে পড়ে তাঁদের গাড়ি। পেছন থেকে ডাম্পার এসে ধাক্কা মারলে গুরুতর আহত হয় পিছনের সিটে থাকা অর্চিষ্মান। সেই আতঙ্ক কাটিয়ে চিকিৎসা করিয়ে পরীক্ষা দিতে যাওয়ার জন্য তাঁরা উৎসাহ এবং সাহস যোগাতে থাকেন ছেলেকে। পেরেন্টাল কাউন্সেলিং-ও করান তাঁরা। একটি বেসরকারি ওষুধ প্রস্তুতকারক সংস্থার সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের উচ্চপদস্থ কর্মী হিসাবে বর্তমানে ভুবনেশ্বরে কর্মরত মিঠুন। তিনি বলেন, “এত বড় দুর্ঘটনার পরও জেইই মেনসের প্রথম সেশনে ৯৯.৯৮৭৫৭ পার্সেন্টাইল স্কোর করেছিল অর্চিষ্মান। দ্বিতীয় সেশনের ফলাফলে রাজ্যের সেরা দু’জন কৃতী হিসাবে আমার ছেলে জায়গা করে নিয়েছে, এটাই আমার কাছে গর্বের।” অর্চিষ্মানের মা অনিন্দিতা নন্দী বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে রসায়ন বিভাগের কর্মী। তিনি ছেলের এই সাফল্য উচ্ছ্বসিত। তিনি জানিয়েছেন, প্রাথমিক স্তরের পড়াশোনা বাংলা মাধ্যমে হলেও পরবর্তীতে সিআইএসসিই এবং সিবিএসই বোর্ডের অধীনে ইংরেজি মাধ্যমে পড়াশোনা করেছেন অর্চিষ্মান। একাধিক বার স্কুল এবং পড়াশোনার মাধ্যম বদলে গেলেও মেধার জোরে ছেলে নিজের লক্ষ্যে স্থির থেকেছে।

    সকালেই ফল ঘোষণা

    জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন (JEE)-এর ফলাফল প্রকাশ করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি। শনিবার সকালে অফিশিয়াল পোর্টাল jeemain.nta.nic.in-এ সেই ফল প্রকাশ করা হয়েছে। মোট ২৪ জন পরীক্ষার্থী ফুল মার্কস অর্থাৎ ১০০ তে ১০০ পেয়েছেন। শীর্ষে থাকা ২৪ জন হল মহম্মদ আনাস, আয়ুষ সিংহল, অর্চিষ্মান নন্দী, দেবদত্তা মাজি, আয়ুষ রবি চৌধুরী, লক্ষ্য শর্মা, কুশাগ্র গুপ্ত, হর্ষ এ গুপ্তা, আদিত প্রকাশ ভাগাড়ে, দক্ষ, হর্ষ ঝা, রাজিত গুপ্তা, শ্রেয়স লোহিয়া, সাকশম জিন্দাল, সৌরভ, ভাংগালা অজয় রেড্ডি, সানিধ্য সরফ, বিষাদ জৈন, অর্ণব সিং, শিবেন বিকাশ তোষনিওয়াল, কুশাগ্র বাইনাঘা, সাই মানোগনা গুথিকোন্ডা, ওম প্রকাশ বাহেরা ও বানীব্রত মাজি।

    কীভাবে দেখবেন ফলাফল

    jeemain.nta.nic.in ওয়েবসাইটে লগ ইন করুন।
    JEE Main 2025 paper 2 লিঙ্ক ক্লিক করতে হবে।
    দিতে হবে অ্যাপ্লিকেশন নম্বর ও জন্মতারিখ।
    স্ক্রিনে দেখা যাবে স্কোরকার্ড।
    সেই স্কোরকার্ড ডাউনলোড করে রেখে দিতে পারবেন।

    পশ্চিমবঙ্গের আশপাশের রাজ্যের টপাররা

    রাজ্যভিত্তিক টপারের নিরিখে অসম থেকে প্রথম স্থান অধিকার করেছেন প্রাঞ্জলকুমার সিং। তাঁর পার্সেন্টাইল হল ৯৯.৯৮৩৭৯৫২। ঝাড়খণ্ড থেকে শীর্ষস্থান অধিকার করেছেন আরিয়ান মিশ্র। তাঁর পার্সেন্টাইল হল ৯৯.৯৯৯০৯৬৮। ত্রিপুরা থেকে প্রথম স্থান অধিকার করেছেন অর্ঘ্যদীপ দেব। তাঁর পার্সেন্টাইল হল ৯৯.৯৮০৭৫৭৮।

    রাজস্থানের আধিপত্য

    রাজস্থান এবারও তার শক্তিশালী অবস্থান ধরে রেখেছে এবং সর্বোচ্চ ৭ জন টপার দিয়েছে। তেলঙ্গানা, মহারাষ্ট্র এবং উত্তরপ্রদেশ থেকে ৩ জন করে শীর্ষস্থান অর্জন করেছে। ১০০ শতাংশ নম্বর পাওয়াদের মধ্যে দিল্লি, গুজরাট, পশ্চিমবঙ্গের দুইজন করে এবং কর্নাটক ও অন্ধ্রপ্রদেশের একজন করে ছাত্র রয়েছেন। এই বছরের জেইই অ্যাডভান্সডের (JEE Result) প্রস্তুতি নেওয়া পড়ুয়াদের জন্য কাটঅফও প্রকাশ করা হয়েছে। সাধারণ বিভাগের পড়ুয়াদের জন্য কাটঅফ ৯৩.১০ শতাংশ নির্ধারণ করা হয়েছে। ইডব্লুএস-এর জন্য কাটঅফ ৮০.৩৮, ওবিসি-র জন্য ৭৯.৪৩, এসসি-র জন্য ৬১.১৫ এবং এসটি-র জন্য ৪৭.৯০ শতাংশ রাখা হয়েছে।

  • Murshidabad Violence: ‘‘এই ভয়ের মধ্যে মানুষ বেঁচে থাকতে পারে না’’, মুর্শিদাবাদ হিংসায় আক্রান্তদের কথা শুনে বললেন রাজ্যপাল

    Murshidabad Violence: ‘‘এই ভয়ের মধ্যে মানুষ বেঁচে থাকতে পারে না’’, মুর্শিদাবাদ হিংসায় আক্রান্তদের কথা শুনে বললেন রাজ্যপাল

    মাধ্যম নিউজ ডেস্ক: সংশোধিত ওয়াকফ আইনের বিরোধিতায় (Murshidabad Violence) সপ্তাহব্যাপী উত্তেজনা ছড়িয়েছে মুর্শিদাবাদের শামসেরগঞ্জ, সুতি, ধুলিয়ানের মতো এলাকায়। দক্ষিণ মালদা লোকসভার অন্তর্গত এবং মুর্শিদাবাদ জেলার ওই এলাকাগুলির পরিস্থিতি বুঝতে এবং ক্ষতিগ্রস্তদের অবস্থা জানতে একই দিনে সেখানে হাজির হয়েছিল জাতীয় মানবাধিকার কমিশন এবং জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি দল। শুক্রবার, ওই দিনে মালদায় যান রাজ্যপাল সিভি আনন্দ বোসও। রাজ্যপাল বলেন, ‘‘সমাজের একটা নির্দিষ্ট সম্প্রদায় এখানে আক্রান্ত হয়েছে। এক দল মারবে, আর এক দল আক্রান্ত হবে, এটা কখনও গণতান্ত্রিক ব্যবস্থায় হতে পারে না।’’

    এর মধ্যে বাঁচা যায় না

    মুর্শিদাবাদের (Murshidabad Violence) অশান্তিতে ঘরছাড়াদের একাংশকে নিয়ে গত বৃহস্পতিবার রাজভবনে গিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার-সহ অন্যেরা। রাজ্যপালের কাছে তাঁরা পাঁচ দফা দাবি পেশ করেন। শামসেরগঞ্জ এবং ধুলিয়ানে গিয়ে পরিস্থিতি দেখার অনুরোধ করেন। সুকান্তের দাবি, সেই অনুরোধে সাড়া দিয়েই রাজ্যপাল মালদা-মুর্শিদাবাদ সফরে যাওয়ার সিদ্ধান্ত নেন। রাজ্যপাল বোসকে সামনে পেয়েই নিজেদের ওপর হওয়া অত্যাচারের কথা শোনান ধুলিয়ানের মহিলারা। রাজ্যপালের দাবি, মহিলারা তাঁকে জানান যে, তাঁদের হুমকি দেওয়া হয়েছিল। দুষ্কৃতীরা তাঁদের বাড়িতে ঢুকে পড়েছিল। শুধু তাই নয়, তাঁদের লাঞ্ছিত ও নির্যাতনও করা হয়েছিল। তিনি বলেন, ‘‘এই ক্যাম্পে বসবাসকারী পরিবারগুলোর সঙ্গে আমার দেখা হয়েছে। আমি তাঁদের সমস্যার কথা বিস্তারিতভাবে শুনেছি এবং তাঁদের অনুভূতি বোঝার চেষ্টা করেছি। মহিলারা জানান যে দুষ্কৃতীরা তাঁদের বাড়িতে ঢুকে গালিগালাজ করে, মারধরও করে। তাঁরা কী চায়, সেই বিষয়ে আমাকে বলেছেন। এ বিষয়ে অবশ্যই পদক্ষেপ করা হবে। এখানে যে অশান্তি হয়েছে, তা কোনও সুস্থ মানুষের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। আমি এখানে মানুষের সঙ্গে কথা বলেছি, বাচ্চাদের সঙ্গে কথা বলেছি, এখানে ভয়ের পরিস্থিতি রয়েছে। এই ভয়ের মধ্যে মানুষ বেঁচে থাকতে পারে না।’’

    ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে

    মুর্শিদাবাদে হিংসার (Murshidabad Violence) ঘটনায় স্বতঃপ্রণোদিতভাবে পদক্ষেপ করে জাতীয় মহিলা কমিশন। এদিন কলকাতা থেকে মুর্শিদাবাদের বহরমপুর সার্কিট হাউসে আসেন জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিরা। সেখান থেকে আসেন মালদার বৈষ্ণবনগরে। সেখানে একটি স্কুলে আশ্রয় নেওয়া পরিবারগুলির সঙ্গে কথা বলেন জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিরা। পরে মহিলা কমিশনের চেয়ারপার্সনবিজয়া রাহাতকর বলেন, “তাঁদের সঙ্গে কী হয়েছে, সেসব মহিলারা জানিয়েছেন। মহিলারা যা বললেন, তা কল্পনার বাইরে। যৌন নিপীড়নও হয়েছে। আমি তাঁদের সঙ্গে কথা বলেছি। আরও কথা বলতে হবে। মহিলাদের সঙ্গে কীভাবে এসব হতে পারে।” জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার বলেন, “মহিলারা বলছেন, আমরা শুধু সেন্ট্রাল ফোর্স চাই। আমরা সম্মান নিয়ে বাঁচতে চাই। মেয়েদের বলেছে, এই বাড়িতে থাকলে ধর্ষণ হয়ে যাবি। চলে যা। ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। আমরা যা যা করার করব।” অন্যদিকে, আক্রান্ত মহিলারা জানান, তাঁদের সঙ্গে যা হয়েছে, সেসব জানিয়েছেন জাতীয় মহিলা কমিশনের সদস্যদের। আজ, শনিবার মুর্শিদাবাদের হিংসা কবলিত এলাকাগুলি পরিদর্শন করবেন জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিরা।

    হিন্দুদের ওপর অত্যাচারের অভিযোগ

    ওয়াকফ ইস্যুতে অশান্তি (Waqf Bill Protest) শুরু হওয়ার পর মুর্শিদাবাদ (Murshidabad) জেলা থেকে প্রচুর মানুষ মালদায় চলে এসেছেন। প্রাণ বাঁচাতে তাঁদের কেউ কেউ খোলা মাঠে থাকতে শুরু করেছিলেন। পরে ঘরছাড়াদের জন্য আশ্রয় শিবিরের ব্যবস্থা করা হয়। রাজ্যে জাতীয় মানবাধিকার কমিশনের (NHRC) প্রতিনিধিরা এসে সেই আশ্রয়স্থলেই যান ঘরছাড়াদের সঙ্গে দেখা করতে। বেশ কিছুক্ষণ তাঁদের সঙ্গে কথা বলেন তাঁরা, শোনেন অভাব-অভিযোগ। ওয়াকফের প্রতিবাদে গত শুক্রবার থেকে উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদের পরিস্থিতি। হিন্দুদের ওপর অত্যাচারের অভিযোগ ওঠে। সেই ভয়ে অনেকেই ঘর থেকে পালিয়ে যান এবং আশ্রয় নেন পাশের জেলা মালদায়। সেখানেই তাঁদের সঙ্গে কথা বলার উদ্যোগ নেয় জাতীয় মানবাধিকার কমিশন। বস্তুত, সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদের নামে শুরু হওয়া গোলমালের জেরে গত শুক্রবার বিকেল থেকে নৌকায় গঙ্গা পেরিয়ে ধুলিয়ানের বেতবোনা, বাজারপাড়া ও হাতিচিত্রা এলাকার কমপক্ষে ৪০০ জন আশ্রয় নেন পারলালপুর হাই স্কুলে। এলাকায় শান্তি ফেরাতে অগ্রণী ভূমিকা পালন করে বিএসএফ।

  • Life Outside Solar System: সৌরজগতের বাইরে প্রাণ! এলিয়েনের খোঁজ পেলেন ভারতীয় বংশোদ্ভূত বিজ্ঞানী?

    Life Outside Solar System: সৌরজগতের বাইরে প্রাণ! এলিয়েনের খোঁজ পেলেন ভারতীয় বংশোদ্ভূত বিজ্ঞানী?

    মাধ্যম নিউজ ডেস্ক: মহাকাশের অনন্ত বিশ্বব্রহ্মাণ্ডে মানুষ কি একাই ঘুরে বেড়াচ্ছে? এ নিয়ে বিস্ময়ের শেষ নেই! চুপিসারে পৃথিবীর ওপর নজর রাখছে ভিনগ্রহীরা (Alien Life), এমন কথাও শোনা গিয়েছে। পৃথিবীর বাইরে কি প্রাণ আছে? বছরের পর বছর ধরে সেটাই খুঁজে বের করার চেষ্টা করছেন বিজ্ঞানীরা। তন্ন তন্ন করে খুঁজেও বিফল মনোরথ হয়েই ফিরতে হয়েছে বিজ্ঞানীদের। এবার সৌরজগতের (Life Outside Solar System) বাইরের এক গ্রহের বায়ুমণ্ডলে রাসায়নিক চিহ্ন খুঁজে পেলেন বিজ্ঞানীরা, যা পৃথিবীতে শুধুমাত্র জৈবিক প্রক্রিয়ার মাধ্যমেই উৎপন্ন হয়। গবেষকদের মতে, এটি এখনও পর্যন্ত মহাকাশে জীবনের সম্ভাব্য উপস্থিতির সবচেয়ে শক্তিশালী প্রমাণ। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ ব্যবহার করে বিজ্ঞানীরা এই চিহ্ন খুঁজে পেলেন।

    ভিন গ্রহে জৈব গ্যাসের সন্ধান

    জেমস ওয়েবের মাধ্যমে পর্যবেক্ষণ করা গ্রহটির নাম ‘কেটু-১৮বি’ (K2-18b)। এর বায়ুমণ্ডলে যে দু’টি গ্যাসের চিহ্ন পাওয়া গেছে, তা হল ডাইমিথাইল সালফাইড (DMS) এবং ডাইমিথাইল ডাইসালফাইড (DMDS)। পৃথিবীতে এই দু’টি গ্যাসই জীবন্ত জীব, বিশেষত সামুদ্রিক শৈবালজাতীয় মাইক্রোব দ্বারা তৈরি হয়। গবেষকদের মতে, এটি ইঙ্গিত করে কেটু-১৮বি গ্রহটিতে প্রাণ থাকতে পারে। বিজ্ঞানীরা মনে করছেন, ওই গ্রহে হয়তো মাইক্রোবিয়াল বা এককোষী জীবন রয়েছে (Alien Life)। তবে জীবিত প্রাণী থাকার ঘোষণা করেননি বিজ্ঞানীরা। তবে একটা আভাস পাওয়ার কথা স্পষ্ট জানিয়েছেন তাঁরা। বিজ্ঞানের ভাষায় এটিকে বায়োসিগনেচার (Biosignature) বলা হচ্ছে- যা আদতে কোনও জৈবিক প্রক্রিয়ার ছাপ। এই গোটা বিষয়টিকে গভীর ভাবে পরখ করা হবে বলে জানিয়েছেন তাঁরা। তবুও গোটা বিষয়টি নিয়ে দৃশ্যতই উচ্ছ্বাস প্রকাশ করেছেন বিজ্ঞানীরা।

    ভারতীয় বংশোদ্ভূত বিজ্ঞানীর হাত ধরেই গবেষণা

    এই বিষয়টি নিয়ে যে গবেষণাপত্র বেরিয়েছে তার প্রধান লেখক কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোনমির মহাকাশ বিজ্ঞানী নিক্কু মধুসূদন। বারতীয় বংশোদ্ভূত নিক্কু জানাচ্ছেন, সম্ভবত ভিনগ্রহে প্রাণের প্রমাণের বিষয়ে যে গবেষণা হচ্ছে, সেই ক্ষেত্রে এমন বায়োসিগনেচার পাওয়ার বিষয়টি সর্বপ্রথম Life Outside Solar System)। তবে তাঁরা স্পষ্ট করে জানিয়েছেন, কোনও জীবন্ত প্রাণি আছেই সেকথা তাঁরা ঘোষণা করছেন না—বরং এটি একটি সম্ভাব্য বায়োসিগনেচার অর্থাৎ জীববিজ্ঞানের ইঙ্গিত। ফলে এই ফলাফলকে এখনই চূড়ান্ত প্রমাণ বলে বিবেচনা না করে আরও গবেষণার মাধ্যমে তাঁরা যাচাই করতে চাইছেন। মহাকাশ-পদার্থবিজ্ঞানী নিক্কু মধুসূদন বলেন, ‘‘এটি সৌরজগতের বাইরের প্রাণ খোঁজার ক্ষেত্রে এক বিপ্লবী পদক্ষেপ, মুহূর্তও। আমরা দেখাতে সক্ষম হয়েছি যে বর্তমান প্রযুক্তির মাধ্যমেই জীবনের সম্ভাব্য চিহ্ন শনাক্ত করা সম্ভব। আমরা এখন পর্যবেক্ষণ-ভিত্তিক অ্যাস্ট্রোবায়োলজির যুগে প্রবেশ করেছি।’’

    কার্বন-ভিত্তিক অণুর শনাক্তকরণ

    জেমস ওয়েব টেলিস্কোপের আগের পর্যবেক্ষণে এই গ্রহের বায়ুমণ্ডলে মিথেন ও কার্বন ডাই-অক্সাইড পাওয়া গিয়েছিল—এটি ছিল প্রথমবারের মতো কোনও তারার বাসযোগ্য অঞ্চলে থাকা গ্রহে কার্বন-ভিত্তিক অণুর শনাক্তকরণ Life Outside Solar System)। মধুসূদন বলেন, ‘‘বর্তমানে যেসব পর্যবেক্ষণ পাওয়া গিয়েছে, তা ব্যাখ্যা করার একমাত্র উপায় হল কেটু-১৮বি হাইসিয়ান বিশ্ব, যা প্রাণে ভরপুর। তবে আমাদের খোলা মন নিয়ে অন্যান্য সম্ভাবনাও খতিয়ে দেখতে হবে। যদি হাইসিয়ান গ্রহ বাস্তবেই থাকে, তবে সেখানে প্রাণ সম্ভবত পৃথিবীর সমুদ্রের মাইক্রোবের মতোই হবে। এই ধরনের গ্রহের মহাসাগর পৃথিবীর চেয়ে উষ্ণ বলে ধারণা করা হয়। এককোষী বা মাইক্রোবিয়াল জীব ছাড়া, বহু-কোষী বা বুদ্ধিমান প্রাণীর অস্তিত্ব এই মুহূর্তে বলা সম্ভব নয়।’’

    কেমন গ্রহ এটি?

    প্রাণের সন্ধান থাকতে পারে এই নতুন গ্রহটি ‘কেটু-১৮বি’ পৃথিবীর চেয়ে অন্তত ৮.৬ গুণ ভারী। পৃথিবীর ব্যাসের চেয়ে এই গ্রহের ব্যাস ২.৬ গুণ বড়। নিজের নক্ষত্রকে কেন্দ্র করে হ্যাবিটেবল জোনে ঘুরছে ওই গ্রহটি। এমন এলাকায় গ্রহটি রয়েছে, যেখানে জল তরল অবস্থায় গ্রহের উপরিভাগে থাকতে পারে। পৃথিবী থেকে অন্তত ১২৪ আলোকবর্ষ দূরে রয়েছে ওই গ্রহ। ‘কেটু-১৮বি’ গ্রহটি লিও নক্ষত্রপুঞ্জে অবস্থিত। গ্রহটি একটি শীতল লাল বামন তারাকে কেন্দ্র করে এমন কক্ষপথে ঘোরে, যা তার ‘হ্যাবিটেবল জোন’ Life Outside Solar System) বা বাসযোগ্য অঞ্চলের মধ্যে পড়ে। অর্থাৎ, এখানে প্রাণ থাকার মতো পরিবেশ থাকতে পারে। ২০১৯ সালে হাবল টেলিস্কোপ এই গ্রহের বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের আভাস পেয়েছিল। তখন থেকেই এটি ‘সৌরজগতের বাইরে সবচেয়ে বাসযোগ্য গ্রহ’ হিসেবে বিবেচিত হয়ে আসছে। পরে অবশ্য দেখা যায়, সেটি মূলত মিথেন গ্যাসের একটি আস্তরণ।

    কোন যুক্তিতে প্রাণের সম্ভাব্য আবাসভূমি

    ‘কেটু-১৮বি’ এমন এক গ্রহ যা তরল জলে আচ্ছাদিত এবং যার বায়ুমণ্ডল হাইড্রোজেন সমৃদ্ধ। বিজ্ঞানীদের ধারণা, এই ধরনের জলে বাস করতে পারে মাইক্রোবিয়াল জীবন (Alien Life)। তবে, বিজ্ঞানীরা অবশ্য এই আবিষ্কারকে Life Outside Solar System) যথাযথভাবে যাচাই করার ওপর জোর দিচ্ছেন। টেক্সাসের সাউথওয়েস্ট রিসার্চ ইনস্টিটিউটের প্রধান বিজ্ঞানী ক্রিস্টোফার গ্লেইন বলেন, “এই তথ্য অত্যন্ত আকর্ষণীয়, তবে আমাদের বিশ্লেষণে আরও সতর্ক হতে হবে।” মধুসূদনও বলেছেন, “এই মুহূর্তে আমরা শুধু সম্ভাবনার কথা বলছি। ওই গ্যাসগুলি আদৌ জীববৈজ্ঞানিক প্রক্রিয়ার মাধ্যমেই সৃষ্টি হয়েছে কিনা, তা আরও পরীক্ষার প্রয়োজন।’’ তিনি আরও জানান, একই ধরনের পর্যবেক্ষণ আরও দুই থেকে তিনবার করতে হবে, যাতে এই আবিষ্কারের নির্ভরযোগ্যতা বাড়ে।

LinkedIn
Share