Author: ishika-banerjee

  • Indus Treaty: সিন্ধুর জল নিয়ে পাকিস্তানকে জবাব! আন্তর্জাতিক সালিশি আদালতের অস্তিত্বই মানল না ভারত

    Indus Treaty: সিন্ধুর জল নিয়ে পাকিস্তানকে জবাব! আন্তর্জাতিক সালিশি আদালতের অস্তিত্বই মানল না ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: সিন্ধু জলচুক্তি প্রসঙ্গে আন্তর্জাতিক আদালতের অস্তিত্বই অস্বীকার করল নয়াদিল্লি। সিন্ধু জলচুক্তি বা (Indus Treaty) তিলের ফলে গভীর সঙ্কটের মুখে পাকিস্তান। পরিস্থিতি পাল্টাতে আন্তর্জাতিক সালিশি আদালতের দ্বারস্থ হয়েছিল ইসলামাবাদ। এ প্রসঙ্গে ভারত জানিয়েছে, ওই আদালত অবৈধ। বিদেশ মন্ত্রকের তরফে একটি বিবৃতি পেশ করা হয়েছে। সেখানে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে, রাতলে ও কিষেনগঙ্গায় ভারতের জলবিদ্যুৎ প্রকল্প ১৯৬০ সালের সিন্ধু জলচুক্তির অন্তর্গত। এই নিয়ে আপত্তি করেছে পাকিস্তান। এবার এই বিষয়ে মামলা শুনবে কিনা তা নিয়ে আন্তর্জাতিক আদালত জানিয়েছে, তারা তা বিচার করবে।

    আন্তর্জাতিক সালিশি আদালতকে অস্বীকার

    এদিন বিদেশ মন্ত্রক জানিয়েছে, ‘ভারত কখনও এই তথাকথিত সালিশি আদালতের অস্তিত্বকে আইনত স্বীকৃতি দেয়নি। এবং ভারতের অবস্থান সর্বদাই এই যে এই তথাকথিত সালিশি সংস্থার গঠন নিজেই সিন্ধু জলচুক্তির একটি গুরুতর লঙ্ঘন। ফলস্বরূপ এর দ্বারা গৃহীত কোনও রায় বা সিদ্ধান্তও সেই কারণে অবৈধ এবং স্বতঃস্ফূর্তভাবেই বাতিল।’উল্লেখ্য, পহেলগাঁও জঙ্গি হামলার প্রতিবাদে পাকিস্তানের সঙ্গে সিন্ধু জলচুক্তি বাতিল করেছে দিল্লি। যা নিয়ে ক্রমাগত অপপ্রচার চালিয়ে যাচ্ছে ইসলামাবাদ। বারবার দাবি করছে, ভারত নাকি এই চুক্তি লঙ্ঘন করেছে। কিন্তু ভারত আগেও রাষ্ট্রসংঘে জানিয়েছে পাকিস্তানের উপর আস্থা রেখে, বিশ্বাস করে ৬৫ বছর আগে ভারত এই চুক্তি করেছিল। কিন্তু সেই বিশ্বাস ভেঙে ভারতের বুকে ৩টি যুদ্ধ ও হাজার হাজার জঙ্গি হামলা চালিয়েছে পাক সন্ত্রাসীরা।

    ভারতের জল কোথাও যাচ্ছে না

    প্রসঙ্গত, পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাওল ভুট্টো হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘ভারত যদি আমাদের ন্যায্য জল অধিকার না দেয়, তাহলে যুদ্ধ অনিবার্য।’ সেই প্রেক্ষিতেই ভারতের এই প্রতিক্রিয়া। জলশক্তি মন্ত্রী সি আর পাটিল বলেন, ‘পাকিস্তান যতবারই চিঠি পাঠাক না কেন, এটা একরকম ফর্মালিটি ছাড়া আর কিছু নয়। আমাদের অবস্থানে কোনও পরিবর্তন আসবে না।’ তিনি সাফ জানান, ভারতের জল কোথাও যাচ্ছে না। চুক্তি নিয়ে সিদ্ধান্ত পুনর্বিবেচনার কোনও পরিকল্পনাও নেই।

  • Weather Update: ভরা বর্ষায় ফের নিম্নচাপ সাগরে! সকাল থেকে বৃষ্টি শহরে, চলবে কত দিন?

    Weather Update: ভরা বর্ষায় ফের নিম্নচাপ সাগরে! সকাল থেকে বৃষ্টি শহরে, চলবে কত দিন?

    মাধ্যম নিউজ ডেস্ক: ভরা বর্ষায় বঙ্গোপসাগরে তৈরি হল গভীর নিম্নচাপ। তারই জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় লাগাতার বৃষ্টির পূর্বাভাস (Weather Update) দিল হাওয়া অফিস। চলতি সপ্তাহে কোথাও হালকা থেকে মাঝারি কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সকাল থেকে মুষলধারে বৃষ্টি হয়েছে কলকাতার বিস্তীর্ণ অংশে। ভিজেছে শহরতলিও। সপ্তাহের প্রথম দিনে বৃষ্টিতে বেরিয়ে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। বাসে-ট্রেনে ভোগান্তি চরমে। সেন্ট্রাল অ্যাভিনিউ-সহ শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা সকাল থেকে জলমগ্ন।

    কলকাতায় ধারাপাত

    সোমবার সকাল থেকে বিক্ষিপ্ত বৃষ্টি (Rain in Kolkata) হচ্ছে কলকাতার বিস্তীর্ণ অংশে। এদিন, কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করা হয়েছে। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৬ ডিগ্রি বেশি। রবিবার সন্ধ্যায় শহরের সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল ৩০.৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ২.৩ ডিগ্রি কম। এদিনও শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩০ ডিগ্রির আশেপাশে।

    মৎস্যজীবীদের সতর্ক থাকার পরামর্শ

    আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরে ফের তৈরি হয়েছে নিম্নচাপ। আর তারফলে আপাতত বুধবার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ বঙ্গের বহু জেলায়। হাওয়া অফিস জানিয়েছে, গাঙ্গেয় বঙ্গের উপরে থাকা উচ্চ ঘূর্ণাবর্তের প্রভাবে রবিবার উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলের উপরে নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। এর ফলে বাংলা, ওড়িশার সমুদ্র উপকূলে ঝোড়ো হাওয়া বইছে। হাওয়ার বেগ ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার। সমুদ্রও এর প্রভাবে উত্তাল থাকতে পারে ১ জুলাই পর্যন্ত। মৎস্যজীবীদের সতর্ক থাকতে পরমার্শ দিয়েছে আলিপুর।

    ভিজবে দক্ষিণবঙ্গের সব জেলা

    আগামী ৭ দিন দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই কম বা বেশি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। তবে দক্ষিণবঙ্গে সোমবার অর্থাৎ আজ থেকে বুধবার পর্যন্ত বিভিন্ন জেলায় ভারী বর্ষণ চলতে পারে বলে পূর্বাভাস। ইতিমধ্যেই বৃষ্টির জন্য উপকূলবর্তী এলাকায় কমলা সতর্কতা জারি হয়েছে। সপ্তাহের শুরু থেকেই ঝোড়ো ব্যাটিংয়ের মেজাজে থাকতে পারে বৃষ্টি। সোমবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করা হয়েছে কলকাতায়, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে অর্থাৎ পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টি হতে পারে। মঙ্গলবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে কেবল তিন জেলায়— দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়ায়। এ ছাড়া, বৃহস্পতিবার থেকে আবার কিছু কিছু জেলায় বৃষ্টি বাড়বে। বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। এই জেলাগুলিতে ভারী বর্ষণ চলতে পারে রবিবার পর্যন্ত।

    উত্তরেও বৃষ্টির পূর্বাভাস

    উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং, কোচবিহারে ভারী বর্ষণ চলতে পারে আগামী কয়েক দিন। জলপাইগুড়িতে শুক্রবার পর্যন্ত এবং আলিপুরদুয়ারে রবিবার পর্যন্ত সতর্কতা জারি রয়েছে। উত্তরের বাকি জেলাতেও বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি চলবে। তবে আর কোথাও আবহাওয়া সংক্রান্ত সতর্কতা জারি নেই আপাতত।

  • S-400 in South India: চিন-পাক সীমান্তের পর এবার সাগর-সুরক্ষাতেও এস-৪০০ মোতায়েনের পথে ভারত?

    S-400 in South India: চিন-পাক সীমান্তের পর এবার সাগর-সুরক্ষাতেও এস-৪০০ মোতায়েনের পথে ভারত?

    মাধ্যম নিউজ ডেস্ক: ‘অপারেশন সিঁদুর’-এ কামাল দেখিয়েছে এস-৪০০ (S-400 in South India)। এই ‘সুদর্শন চক্রে’-ই ধ্বংস হয়েছে একের পর এক পাক ড্রোন। ভারতের মাটিতে পাক ড্রোনকে আঁচও কাটতে দেয়নি এই এস-৪০০। ভারতের ‘রক্ষাকবচ’ তথা ‘সুদর্শন চক্র’ হয়ে কাজ করেছে এটি। তাই উত্তরে ভারত-পাক সীমান্তের পর এবার দক্ষিণ ভারতের সুরক্ষাতেও এস-৪০০ বসাতে পারে প্রতিরক্ষা মন্ত্রক। মোট পাঁচটি এস-৪০০ পুতিনের দেশের থেকে কিনেছে ভারত। এখনও পর্যন্ত তিনটি ডেলিভারি হয়েছে। বাকি আরও দু’টি। ওই দুটিও খুব শীঘ্রই দিল্লির হাতে তুলে দেবে মস্কো। এছাড়া, আরও ২ এস-৪০০ রেজিমেন্ট অতিরিক্ত কিনতে পারে ভারত, এমন খবরও ঘোরাফেরা করছে। শোনা যাচ্ছে, দক্ষিণ ভারতের কেরলে একটি নতুন রেডার কেন্দ্র স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। সেখানেই একটি এস-৪০০ মোতায়েন করা হবে।

    এস-৪০০ এর গুরুত্ব

    রাশিয়ায় তৈরি এই ‘সুরক্ষাকবচ’ আধুনিক যুদ্ধে বিশ্বের প্রথম সারির প্রতিরক্ষা ব্যবস্থা। অন্তত ৬০০ কিলোমিটার দূর থেকে উড়ে আসা ক্ষেপণাস্ত্র চিহ্নিত করতে পারে ‘সুদর্শন চক্র’। ৩৮০ কিলোমিটার দূর থেকে ক্ষেপণাস্ত্র নিষ্ক্রিয় করতে পারে। আপাতত ভারতের চারটি জায়গায় এই সিস্টেম মোতায়েন রয়েছে। এস-৪০০ রাশিয়ার তৈরি দূরপাল্লার ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। যা অত্যাধুনিক রেডার ব্যবহার করে আকাশে হুমকি শনাক্ত এবং ট্র্যাক করে, তারপর তা ধ্বংস করার জন্য ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এটি একটি বহু-স্তরযুক্ত ব্যবস্থা যার বিভিন্ন ধরণের ক্ষেপণাস্ত্র রয়েছে যা বিমান এবং ড্রোন থেকে শুরু করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পর্যন্ত বিস্তৃত লক্ষ্যবস্তুকে কভার করে।

    কেন দক্ষিণ ভারতে প্রয়োজন এস-৪০০

    এদিকে, ভারতীয় বায়ুসেনা কেরলের কোঝিকোড় জেলার চালিয়ামে একটি উন্নত রেডার কেন্দ্র স্থাপনের প্রস্তাব দিয়েছে। ৪০ একর জমির এই কেন্দ্রটি বেয়পুর বন্দরের নিকটে এবং প্রতিরক্ষা মন্ত্রকের এক প্রকল্পের অংশ। এখানে এমন রেডার স্থাপন করা হবে যা যুদ্ধবিমান, ড্রোন, ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করতে সক্ষম হবে। এটি আইএএফ-এর সার্বভারতীয় নজরদারি ব্যবস্থার (IACCS) সঙ্গে সংযুক্ত থাকবে। বিশেষজ্ঞদের মতে, হাম্বানটোটা বন্দরসহ ভারত মহাসাগর অঞ্চলে চিনের প্রভাব বৃদ্ধির পরিপ্রেক্ষিতে দক্ষিণ ভারতের প্রতিরক্ষা জোরদার করার এই পরিকল্পনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

    ভারত মহাসাগরে চিনের তৎপরতা বৃদ্ধি

    ইরান-ইজরায়েল সংঘাতের আবহে যখন বিশ্বজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে, ঠিক সেই সময় ভারত মহাসাগরে নতুন করে কারসাজি শুরু করেছে চিন। সাম্প্রতিক সময়ে চিনের সন্দেহজনক সামরিক গতিবিধি ভারতীয় গোয়েন্দা এবং প্রতিরক্ষা মহলে উদ্বেগ সৃষ্টি করেছে। এই পরিস্থিতিতে দক্ষিণ ভারতের কেরলে প্রথমবার বসানো হচ্ছে এক অত্যাধুনিক এবং উচ্চপ্রযুক্তি সম্পন্ন রেডার। যার মাধ্যমে নজর রাখা যাবে চিনা উপস্থিতির উপর। কেরলের কোঝিকোড় জেলার বেপোর সংলগ্ন চালিয়ামে ভারতীয় বায়ুসেনা এই শক্তিশালী রেডারটি স্থাপন করেছে। এর ফলে গ্বদর (পাকিস্তান) এবং হাম্বানোটাটা (শ্রীলঙ্কা) বন্দরের উপরে সরাসরি নজরদারি চালাতে পারবে ভারত। জানা গিয়েছে, চিন ইতিমধ্যেই এই দুটি গুরুত্বপূর্ণ বন্দরকে ৯৯ বছরের জন্য লিজে নিয়ে সেখানে নৌবাহিনীর জাহাজ এবং গুপ্তচর জাহাজ পাঠিয়ে রেখেছে, যা ‘অর্থনৈতিক উন্নয়ন’-এর আড়ালে একটি সুপরিকল্পিত সামরিক তৎপরতা বলে মনে করছে ভারত।

    এস-৪০০-এ ভরসা ভারতের

    অপারেশন সিঁদুরের সময় এস-৪০০ মোতায়েনের ফলে ভারতের কোনও ক্ষতি না করেই কার্যকরভাবে পাক হুমকির সফল মোকাবিলা করতে সক্ষম হয়েছে সেনা। তাই প্রতিরক্ষা মন্ত্রকের আশা, ভবিষ্যতের আকাশ হুমকির বিরুদ্ধে প্রতিরোধক হিসেবে কাজ করবে এস-৪০০ (S-400 in South India)। ভারতের প্রতিরক্ষামূলক অবস্থানকে আরও শক্তিশালী করবে এবং এর সামরিক সম্পদ এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করবে এই অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র। এস-৪০০-তে জ্যামিং প্রযুক্তিকে ঠেকানোর ব্যবস্থাও রয়েছে। লক্ষ্যে আঘাত হানতে ছোট রেডার প্রযুক্তি রয়েছে। একটি কমান্ড এবং একটি নিয়ন্ত্রণ কেন্দ্র রয়েছে। ভারত, রাশিয়া, চিন, তুরস্ক, বেলারুসের মতো দেশ এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রযুক্তি ব্যবহার করে। চিন এবং পাকিস্তানকে ঠেকাতে রাশিয়ার থেকেই এই ক্ষেপণাস্ত্র প্রযুক্তি কেনে ভারত। ২০১৬ সালের ১৫ অক্টোবর সেই মতো চুক্তি স্বাক্ষরিত হয়। সবমিলিয়ে খরচ পড়ে ৪০ হাজার কোটি টাকা।

    চিনকে মাত দিতে ভারতের চাল

    চিনের যুদ্ধবিমান এবং যুদ্ধজাহাজ ভারত মহাসাগরে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছে। এই পরিস্থিতিতে দক্ষিণ ভারতের রেডার নেটওয়ার্ককে আরও আধুনিক ও শক্তিশালী করার সিদ্ধান্ত নেয় ভারতীয় বায়ুসেনা। এই প্রেক্ষিতে প্রশ্ন উঠছে—সত্যিই কি এস-৪০০ রেজিমেন্টগুলোর একটি কেরলে মোতায়েন করা হবে? যদি তাই হয়, তবে এটি চালিয়ামের প্রস্তাবিত রেডার কেন্দ্রের সঙ্গে সমন্বয় রেখে ভারতের আকাশ ও সামুদ্রিক নিরাপত্তাকে আরও সুদৃঢ় করতে পারে বলে মনে করছেন প্রতিরক্ষা বিশ্লেষকরা।

  • Parag Jain: অপারেশন সিঁদুরে বড় ভূমিকা! পাকিস্তানের খুঁটিনাটি নখদর্পণে, আইপিএস পরাগ জৈন এবার ‘র’-এর প্রধান

    Parag Jain: অপারেশন সিঁদুরে বড় ভূমিকা! পাকিস্তানের খুঁটিনাটি নখদর্পণে, আইপিএস পরাগ জৈন এবার ‘র’-এর প্রধান

    মাধ্যম নিউজ ডেস্ক: অপারেশন সিঁদুর ছিল তাঁরই মস্তিষ্ক প্রসূত। পাকিস্তানের খুঁটিনাটি তাঁর নখদর্পণে। ভারতের ‘রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং’ বা র (R&AW) -এর পরবর্তী প্রধান হলেন ১৯৮৯-র ব্যাচের আইপিএস অফিসার পরাগ জৈন (Parag Jain)। কেন্দ্রীয় মন্ত্রিসভার নিয়োগ সংক্রান্ত কমিটি তাঁকে ‘র’ প্রধান হিসেবে মনোনীত করেছে। এতদিন পর্যন্ত ভারতীয় এই গুপ্তচর সংস্থার প্রধান ছিলেন রবি সিং। মঙ্গলবার, ১ জুলাই থেকে টানা দুবছর এই নতুন দায়িত্ব সামলাবেন পরাগ।

    অপারেশন সিঁদুরে বড় ভূমিকা

    অপারেশন সিঁদুর চলাকালীন তিনি ছিলেন ‘অ্যাভিয়েশন রিসার্চ সেন্টার’-এর প্রধান পদে। গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে নৃশংস জঙ্গি হামলার পর মোদি সরকার পাক জঙ্গি ঘাঁটিতে প্রত্যাঘাতের জন্য মরিয়া হয়ে ওঠে। কিন্তু একদেশ থেকে আরেক দেশে বেছে বেছে জঙ্গি ঘাঁটিগুলিতে প্রাণঘাতী আক্রমণ শানানোর মতো কাজটা মোটেই সহজ ছিল না। সেই কঠিন কাজটি সহজ করে দিয়েছিলেন এই দুঁদে আইপিএস অফিসার। তাঁর দেওয়া তথ্যের উপর ভিত্তি করে ভারতীয় বায়ুসেনা বিভাগ পাক পাঞ্জাব ও পাক অধিকৃত কাশ্মীরে থাকা ৯টি জঙ্গি ঘাঁটিতে লক্ষ্যভেদী হামলা চালায়। পাকিস্তানের মাটি থেকে শুরু করে পাক অধিকৃত কাশ্মীরে তার দেখানো পথেই পাকিস্তানকে নাস্তানাবুদ করে ভারতীয় সেনা।

    পাকিস্তান সম্পর্কে গভীর জ্ঞান

    জম্মু-কাশ্মীরের পরিস্থিতি নিয়েও বিস্তারিত অভিজ্ঞতা রয়েছে পরাগ জৈনের (Parag Jain)। ‘র’-এর অন্দরে ‘পাকিস্তান বিশেষজ্ঞ’ হিসেবে পরিচিতি পরাগ। পূর্বে তিনি জম্মু ও কাশ্মীরের সন্ত্রাস দমন অভিযানেও নেতৃত্ব দিয়েছিলেন। ২০১৯ সালে পাকিস্তানের জঙ্গিঘাঁটিতে ভারতীয় বায়ুসেনার অপারেশন বালাকোটের সময় কাশ্মীর উপত্যকাতেই ছিলেন পরাগ। দেশের গোয়েন্দা মহলে পরাগকে ‘সুপার স্লিউথ’ বলে ডাকা হয়। পাকিস্তান সম্পর্কে তাঁর তথ্যভাণ্ডার অনেক গুপ্তচরেরই ঈর্ষার কারণ। হিউম্যান ইন্টেলিজেন্স-এর সঙ্গে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স-এর সমন্বয়ের জন্য তাঁর খ্যাতি রয়েছে গোয়েন্দা মহলে। এর আগে তিনি পাঞ্জাব পুলিশের ডিজিপি-র দায়িত্ব পালন করেছিলেন।

    দক্ষ অফিসার হিসেবে প্রসিদ্ধ

    পাঞ্জাব ক্যাডারের আইপিএস পরাগ জৈন। ক্যারিয়রের শুরু দিকে পাঞ্জাবের ভাটিন্ডা, হোশিয়ারপুর, মানসা এলাকায় পোস্টিং ছিল এই আইপিএস অফিসারের। খালিস্তানপন্থী সন্ত্রাসের মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর। পরবর্তীকালে লুধিয়ানার ডিআইজি থাকাকালীন পাঞ্জাবে মাদক পাচার চক্র দমনেও দক্ষতার পরিচয় দেন এই আইপিএস অফিসার। তবে এবার সেখান থেকে উঠে এসে তার ওপর আরও বড় দায়িত্ব দিল কেন্দ্রীয় সরকার। দেশের নিরাপত্তা নিয়ে কোনও ধরণের আপোষ করা হবে না। সেটা আগেই জানিয়ে দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার সেই পথেই করা হল পদক্ষেপ।

  • Make in India: মেক ইন ইন্ডিয়া প্রকল্পে ফের সাফল্য, অত্যাধুনিক ড্রোন প্ল্যাটফর্ম তৈরি করল বেঙ্গালুরুর সংস্থা

    Make in India: মেক ইন ইন্ডিয়া প্রকল্পে ফের সাফল্য, অত্যাধুনিক ড্রোন প্ল্যাটফর্ম তৈরি করল বেঙ্গালুরুর সংস্থা

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মেক ইন ইন্ডিয়া (Make in India) প্রকল্পে ফের সাফল্যের ছোঁয়া। একটি অত্যাধুনিক ড্রোন প্ল্যাটফর্ম তৈরি করল বেঙ্গালুরুভিত্তিক (Bengaluru) প্রতিরক্ষা প্রযুক্তি সংস্থা ভারত সাপ্লাই অ্যান্ড সার্ভিস (Bharat Supply and Service)। এই ড্রোন একে-২০৩ রাইফেল যুক্ত করে আকাশপথে লক্ষ্যবস্তুতে গুলি চালাতে সক্ষম। এটি মূলত কম উচ্চতায় কৌশলগত অভিযানের জন্য তৈরি। এতে নজরদারি ও দূর থেকে আক্রমণ করার সুবিধা রয়েছে। এই সিস্টেমটি সম্প্রতি ভারতীয় সেনার সহযোগিতায় সফলভাবে পরীক্ষা করা হয়েছে।

    ভারতের প্রথম AI-চালিত প্রাণঘাতী অস্ত্রের সফল পরীক্ষা

    চলতি সপ্তাহেই ভারত সাপ্লাই অ্যান্ড সার্ভিস ভারতীয় সেনার সঙ্গে যৌথভাবে দেশের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) নির্ভর স্বয়ংক্রিয় লাইট মেশিন গান (LMG) সিস্টেমের ট্রায়াল চালায়। এই অস্ত্রটিতে ইজরায়েলের তৈরি ৭.৬২×৫১ মিমি ব্যারেলযুক্ত নেগি এলএমজি ব্যবহার করা হয়েছে। এআই প্রযুক্তির মাধ্যমে চালিত এই সিস্টেম ৩০০ মিটার দূর থেকে লক্ষ্যবস্তু শনাক্ত করতে এবং ৬০০ মিটার পর্যন্ত নিখুঁতভাবে গুলি চালাতে সক্ষম। অস্ত্রটির কার্যকর রেঞ্জ ১,০০০ মিটার পর্যন্ত বলে জানানো হয়েছে। সংস্থার সহ-প্রতিষ্ঠাতা ভিকি চৌধুরী বলেন, “এটি ভারতের প্রথম এআই চালিত অস্ত্র সিস্টেম যা .৫০ ক্যালিবার পর্যন্ত যেকোনো আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারে।” তিনি আরও জানান, বিশ্বজুড়ে খুব কম সংখ্যক সংস্থা এমন সফল পরীক্ষা চালাতে পেরেছে।

    প্রযুক্তিগত বৈশিষ্ট্য ও সক্ষমতা

    এই এআই ভিত্তিক সিস্টেমে রয়েছে থার্মাল ও অপটিক্যাল সেন্সর, যা খারাপ দৃশ্যমানতাতেও লক্ষ্যবস্তু শনাক্ত করতে পারে। এটি বাতাসের গতি, তাপমাত্রা ও দূরত্ব বিবেচনা করে ব্যালিস্টিক পথ হিসেব করতে সক্ষম। সিস্টেমটি একটি এনক্রিপ্টেড রিমোট কমিউনিকেশন নেটওয়ার্কের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। চলতি বছর এপ্রিলের ৫ তারিখে রুরকিতে এর প্রাথমিক পরীক্ষা শুরু হয়। পরে এটি ১৪,৫০০ ফুট উচ্চতায় কঠিন পরিস্থিতিতেও সফলভাবে কাজ করেছে। এই সিস্টেম ২১ দিন পর্যন্ত স্বয়ংক্রিয়ভাবে বাংকারের ভিতর থেকে কাজ করতে পারে। এটি নৌজাহাজেও যুক্ত করা যায়।

    আত্মনির্ভর ভারতের প্রতিরক্ষা কৌশল

    ভারতীয় সেনাবাহিনী ধীরে ধীরে স্বয়ংক্রিয় এবং এআই-চালিত অস্ত্র ব্যবস্থার দিকে এগোচ্ছে। এআই ভিত্তিক প্রতিরক্ষা প্রকল্পগুলোর জন্য “মেক ইন ইন্ডিয়া” (Make in India) উদ্যোগের আওতায় সরকার প্রতিবছর ১০০ কোটি টাকা বরাদ্দ রেখেছে। ২০২০ সালে ভারত ইজরায়েল থেকে ১৬,৪৭৯টি নেগি এলএমজি কেনে। দেশে এই জাতীয় অস্ত্রের মোট চাহিদা ৪০,০০০। বেঙ্গালুরুর সংস্থার তৈরি এই এআই ড্রোন সেই আত্মনির্ভর প্রযুক্তিরই অংশ।

     

     

     

     

     

  • RBI: ভারতের চতুর্থ প্রান্তিকে বাড়ল জিডিপির হার, জানাল আরবিআই

    RBI: ভারতের চতুর্থ প্রান্তিকে বাড়ল জিডিপির হার, জানাল আরবিআই

    মাধ্যম নিউজ ডেস্ক: দেশের ব্যাঙ্কিং ব্যবস্থায় উদ্বৃত্ত নগদের জোগান এক ধাক্কায় অনেকটাই বাড়বে বলে মনে করা হচ্ছে। চলতি অর্থবছরের চতুর্থ প্রান্তিকে (জানুয়ারি-মার্চ, ২০২৪-২৫) ভারত ১৩.৫ বিলিয়ন মার্কিন ডলার বা জিডিপির ১.৩ শতাংশ পরিমাণ উদ্বৃত্ত (Current Account Surplus) হিসেবে নথিভুক্ত করেছে। যা গত বছরের একই সময়ের ৪.৬ বিলিয়ন ডলারের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। শুক্রবার প্রকাশিত রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার (RBI) তথ্যে এই কথা জানানো হয়েছে।

    কী বলল আরবিআই

    আরবিআই জানিয়েছে, “২০২৪-২৫ অর্থবছরের চতুর্থ প্রান্তিকে ভারতের চলতি হিসাব উদ্বৃত্ত ছিল ১৩.৫ বিলিয়ন মার্কিন ডলার (জিডিপির ১.৩ শতাংশ), যেখানে ২০২৩-২৪ এর একই প্রান্তিকে তা ছিল ৪.৬ বিলিয়ন (০.৫ শতাংশ)। তৃতীয় প্রান্তিকে (২০২৪-২৫) এটি ছিল ঘাটতির পর্যায়ে, ১১.৩ বিলিয়ন ডলার (জিডিপির ১.১ শতাংশ)।” চলতি হিসেব উদ্বৃত্তের এই প্রবৃদ্ধির মূল কারণ হল প্রবাসী ভারতীয়দের রেমিটেন্স বৃদ্ধিকে। চতুর্থ প্রান্তিকে পণ্যের বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে ৫৯.৫ বিলিয়ন মার্কিন ডলার, যা আগের বছরের একই সময়ের ৫২ বিলিয়ন ডলারের তুলনায় বেশি । অন্যদিকে, নানা খাতে নিট আয় ৫৩.৩ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যেখানে আগের বছর ছিল ৪২.৭ বিলিয়ন। ব্যবসায়িক পরিষেবা এবং কম্পিউটার পরিষেবার মতো খাতে উল্লেখযোগ্য রফতানি বৃদ্ধি হয়েছে। প্রবাসী ভারতীয়দের পাঠানো রেমিটেন্স বা পার্সোনাল ট্রান্সফার রিসিপ্টস বেড়ে হয়েছে ৩৩.৯ বিলিয়ন মার্কিন ডলার, আগের বছর যা ছিল ৩১.৩ বিলিয়ন ডলার।

    উদ্বৃত্তের পরিমাণ প্রত্যাশার চেয়েও বেশি

    আইসিআরএর প্রধান অর্থনীতিবিদ অদিতি নায়ার বলেন, “চতুর্থ প্রান্তিকে উদ্বৃত্তের পরিমাণ প্রত্যাশার চেয়েও বেশি হয়েছে।” এর ফলে কেন্দ্রের রাজকোষে আর্থিক জোগান অনেকটাই বাড়াবে। আর তা হলে ব্যাঙ্কিং ব্যবস্থায় বেশি করে নগদের জোগান দেবে কেন্দ্র। আরবিআই-এর বিপুল আয়ের কারণেই নগদের জোগান বেড়েছে বলে বিশেষজ্ঞদের মত। শীর্ষ ব্যাঙ্কটি তাদের সঞ্চিত বিপুল বৈদেশিক মুদ্রা বিপুল রিটার্ন প্রদানকারী ইউএস গভর্নমেন্ট সিকিওরিটিজ রাখায় সেখান থেকে মোটা অঙ্কের রিটার্ন পেয়েছে। এর পাশাপাশি টাকার দরে ওঠাপড়া ঠেকাতে ডলার বিক্রি করে পাওয়া অর্থও নগদের জোগান বাড়ানোর পক্ষে সহায়ক হয়েছে।

     

     

     

     

     

  • Iran-US Conflicts: ‘‘খামেনেইকে জীবন ভিক্ষা দিয়েছি’’ দাবি ট্রাম্পের , অপমান সহ্য না করার হুঁশিয়ারি ইরানের

    Iran-US Conflicts: ‘‘খামেনেইকে জীবন ভিক্ষা দিয়েছি’’ দাবি ট্রাম্পের , অপমান সহ্য না করার হুঁশিয়ারি ইরানের

    মাধ্যম নিউজ ডেস্ক: আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে (Iran-US Conflicts) কথা বলার ধরন ঠিক করতে হবে। তবেই পরমাণু নিয়ে চুক্তি সম্ভব, জানিয়ে দিলেন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগচি। অভিযোগ, বার বার তিনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের উদ্দেশে অপমানজনক মন্তব্য করছেন। তেহরান যা বরদাস্ত করবে না। এর আগে ইজরায়েলের সঙ্গে সাম্প্রতিক ১২ দিনের যুদ্ধের বিষয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলি খামেনেইয়ের ‘জয়ের’ দাবি প্রত্যাখ্যান করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়েছেন, তেহরান যদি আবার পারমাণবিক অস্ত্র তৈরির পথে এগোয়, তবে যুক্তরাষ্ট্র ‘নিশ্চিতভাবেই’ ইরানে ফের বোমাবর্ষণ করবে। এমনকী ট্রাম্প দাবি করেছেন, যুদ্ধ শুরুর সময় ইজরায়েল ও আমেরিকার হামলা থেকে খামেনেইকে তিনি রক্ষা করেছিলেন।

    ট্রাম্পকে হুঁশিয়ারি ইরানের

    শনিবার সমাজমাধ্যমে একটি পোস্টে ট্রাম্পকে (Iran-US Conflicts) হুঁশিয়ারি দিয়েছেন আরাগচি। দাবি করেছেন, ইরানের শক্তিতে ভীত হয়ে ইজরায়েলকে আমেরিকার দ্বারস্থ হতে হয়েছে। আরাগচি লিখেছেন, ‘‘যদি প্রেসিডেন্ট ট্রাম্প সত্যিই কোনও চুক্তি চান, ওঁকে আগে ইরানের নেতা খামেনেইয়ের প্রতি কথা বলার অসম্মানজনক ভঙ্গি পাল্টাতে হবে। এটা মেনে নেওয়া যায় না। খামেনেইয়ের লক্ষ লক্ষ সমর্থককে আঘাত করা বন্ধ করতে হবে ট্রাম্পকে।’’ তিনি আরও লেখেন, ‘‘ইরানের মানুষ অত্যন্ত শক্তিশালী। সারা বিশ্বকে আমরা দেখিয়ে দিয়েছি, ইজরায়েলের সামনে বাবার কাছে ছুটে যাওয়া ছাড়া আর কোনও রাস্তা খোলা ছিল না। আমাদের ক্ষেপণাস্ত্র ওদের ধ্বংস করে দিত। ইরানের মানুষ ট্রাম্পের হুমকি এবং অপমান সহ্য করবেন না।’’

    খামেনেইকে বাঁচিয়েছি, বললেন ট্রাম্প

    আমেরিকার সঙ্গে পরমাণু চুক্তি নিয়ে ইরানের (Iran-US Conflicts)  আলোচনার মাঝেই সেখানে হামলা চালিয়েছিল ইজরায়েল। এরপর যুদ্ধে যোগ দেয় আমেরিকাও। ইরানের তিনটি পরমাণুকেন্দ্র লক্ষ্য করে তারা ক্ষেপণাস্ত্র ছোড়ে। তার পরেই ট্রাম্প দাবি করেন, দুই দেশ সংঘর্ষবিরতিতে সম্মত হয়েছে। যুদ্ধ থেমেছে। সমাজমাধ্যমে ট্রাম্প লিখেছেন, ‘‘আমি জানতাম খামেনেই ঠিক কোথায় লুকিয়ে আছেন। কিন্তু আমি ইজরায়েলকে বা বিশ্বের সবচেয়ে শক্তিশালী মার্কিন সেনাবাহিনীকে কাজে লাগিয়ে ওঁকে মেরে ফেলতে দিইনি। ওঁকে আমি একটা কুৎসিত এবং অপমানজনক মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছি। কিন্তু উনি তার জন্য আমাকে কোনও ধন্যবাদ জানাননি!’’ ট্রাম্প আরও দাবি করেন, তিনি ইরানের বিরুদ্ধে বিভিন্ন বিধিনিষেধ প্রত্যাহারের চেষ্টা করছিলেন। তেহরান বহু দিন ধরে যে দাবি করে আসছে। কিন্তু এই চেষ্টার পরিবর্তে ইরান থেকে তিনি কেবল রাগ এবং ঘৃণাভরা বিবৃতি পেয়েছেন। তাই সাহায্যের চেষ্টা বন্ধ করে দিয়েছেন। ইরানকে অবিলম্বে আলোচনার টেবিলে বসার আহ্বান জানিয়েছেন ট্রাম্প।

    হিরোশিমা ও নাগাসাকির উদাহরণ

    ইরানের তিনটি পরমাণু কেন্দ্র ধ্বংস করে দেয় মার্কিন বোমারু বিমান (Iran-US Conflicts) । তার জবাবে কাতারে মার্কিন সেনা ঘাঁটিতে হামলা চালায় তেহরান। ট্রাম্প বলেন,‘‘আমরা ইরানের তিনটি পারমাণু কেন্দ্রে টার্গেট করেছিলাম। সেগুলি ধ্বংস হয়ে গিয়েছে। এটা নির্ণায়ক পদক্ষেপ ছিল।’’ এরপরই ট্রাম্প টেনে আনেন মানব সভ্যতার ইতিহাসের সেই কলঙ্কিত অধ্যায়কে। বলেন,‘‘আমি হিরোশিমার উদাহরণ দিতে চাই না। নাগাসাকির উদাহরণও দিতে চাই না। তবে সেখানেও একই জিনিস ঘটেছিল। এর ফলে সেই যুদ্ধের অবসান ঘটে। ইরানের পরমাণু কেন্দ্রে মার্কিন হামলাও যুদ্ধে ইতি টেনেছে। আমাদের কাছে আছে সাহসী দেশপ্রেমিক, যাঁরা অত্যন্ত দক্ষ বিমানচালক। তাঁরা আমেরিকান স্টেলথ বোমারু বিমান থেকে লক্ষ্যবস্তুগুলিতে নির্ভুল হামলা চালিয়েছে। আমেরিকা ও ইরানের মধ্যে উত্তেজনা এখন স্তিমিত। দুই দেশই এখন ক্লান্ত।’’

    ঠিক করে কথা বলুক আমেরিকা

    ইজরায়েলের সঙ্গে ১২ দিনের সংঘর্ষের পর যুদ্ধবিরতির ঘোষণা হলেও, আয়াতুল্লাহ খামেনেই একটি বিজয় ভাষণে বলেন, “এই লড়াইয়ে ইরান- আমেরিকার গালে সপাটে চড় কষিয়েছে।” ট্রাম্প পাল্টা দাবি করেন, “তিনি (খামেনেই) জানেন তাঁর বক্তব্য মিথ্যা, একজন ধর্মীয় নেতার এমন মিথ্যা বলা কাম্য নয়।” ট্রাম্প সতর্ক করে বলেছেন, যদি ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা চালায়, তবে আমেরিকা ফের হামলা চালাতে দ্বিধা করবে না। এই মুহূর্তে ইরান আমেরিকার সঙ্গে পরমাণু আলোচনার সম্ভাবনা নাকচ করেছে। ট্রাম্প ন্যাটোর সম্মেলনে আশা প্রকাশ করলেও, তেহরান (Iran-US Conflicts) জানিয়েছে—তারা আলোচনার জন্য প্রস্তুত নয়। আসলে র্মার্কিন প্রেসিডেন্টের কথা ভাল চোখে দেখছে না তেহরান। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগচি ট্রম্পকে কথা বলার ধরন ঠিক করতে বলেছেন। খামেনেইকে অসম্মান করা হলে ইরান কখনওই আলোচনার টেবিলে বসবে না, জানিয়ে দিয়েছেন বিদেশমন্ত্রী।

     

     

     

     

     

  • Indian Skilled Manpower: সারা বিশ্বে ভারতের দক্ষ মানবসম্পদের চাহিদা রয়েছে, প্রস্তুত কী এখানকার ছাত্র-ছাত্রীরা?

    Indian Skilled Manpower: সারা বিশ্বে ভারতের দক্ষ মানবসম্পদের চাহিদা রয়েছে, প্রস্তুত কী এখানকার ছাত্র-ছাত্রীরা?

    মাধ্যম নিউজ ডেস্ক: সারা বিশ্বে ভারতের দক্ষ মানবসম্পদের (Indian Skilled Manpower) চাহিদা প্রচুর। শুক্রবার পুনেতে এক অনুষ্ঠানে এই কথা বলেন মহারাষ্ট্রের রাজ্যপাল সি.পি. রাধাকৃষ্ণন (Maharashtra Governor CP Radhakrishnan)। এদিন এক সমাবর্তন অনুষ্ঠানে তিনি বলেন, “অবিচল প্রচেষ্টা, নিষ্ঠা এবং সুস্পষ্ট লক্ষ্য নির্ধারণই পেশাগত জীবনে সাফল্য অর্জনের মূল চাবিকাঠি। অর্থনৈতিক কর্মকাণ্ডে শ্রম ও উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ উপকরণ সন্দেহ নেই; কিন্তু দক্ষ মানবসম্পদ ছাড়া কোনো অর্থনৈতিক কর্মকাণ্ড গতি পেতে পারে না। মানবসম্পদ আমাদের উন্নতি ও অগ্রগতির অন্যতম চাবিকাঠি।” এই সমাবর্তন অনুষ্ঠানে ২২টি দেশের ৮২ জন আন্তর্জাতিক শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান করা হয়।

    কাজ উপভোগ করার অভ্যাস

    পৃথিবী বদলাচ্ছে, বদলাচ্ছে সমাজ ও মানুষ, তাদের আকাঙ্ক্ষা ও প্রত্যাশা, বদলে যাচ্ছে মানবসম্পদের (Indian Skilled Manpower) চাহিদা ও জোগান। মহারাষ্ট্রের রাজ্যপাল সি.পি. রাধাকৃষ্ণন বলেন, “যখন কেউ একটি নির্দিষ্ট লক্ষ্য স্থির করে, তখন সেই লক্ষ্যের প্রতি একাগ্র থাকতে হবে, পরিশ্রম করতে হবে এবং চ্যালেঞ্জের মুখে ধৈর্য হারানো যাবে না। যারা এই দৃষ্টিভঙ্গি গ্রহণ করে, তাদের সাফল্য নিশ্চিত। জীবনে হতাশা বা ক্লান্তি আসতেই পারে, কিন্তু সেখানে থেমে গেলে চলবে না। প্রতিটি প্রচেষ্টাই জীবনের জন্য উপকারী। সুখী মন কর্মে উৎসাহ ও শক্তি যোগায়। কাজ উপভোগ করার অভ্যাস গড়ে তুলতে হবে।”

    ভারতের দক্ষ জনশক্তিকে আহ্বান

    রাজ্যপাল আরও বলেন, “আজ বিশ্বের বহু দেশ তাদের শিল্পক্ষেত্রের চাহিদা মেটাতে ভারতীয় দক্ষ জনশক্তিকে আহ্বান জানাচ্ছে। এই সুযোগ গ্রহণের জন্য ভারতীয় ছাত্রছাত্রীদের প্রস্তুত থাকতে হবে। মহারাষ্ট্রের (Maharashtra) বিশ্ববিদ্যালয়গুলোকে স্বল্পমেয়াদি ভাষা কোর্স—জার্মান, ফরাসি, জাপানি, ম্যান্ডারিন, স্প্যানিশ, ইতালিয়ান ইত্যাদিতে শুরু করার জন্য উৎসাহিত করা হচ্ছে। এটি আমাদের ছাত্রছাত্রীদের আন্তর্জাতিক কর্মক্ষেত্রে প্রতিযোগিতামূলক সুবিধা দেবে।” পুনে শহর সম্পর্কে মন্তব্য করতে গিয়ে রাজ্যপাল বলেন, “এই শহর একটি বড় অটোমোবাইল, তথ্যপ্রযুক্তি, মিডিয়া ও ক্ষুদ্র শিল্পের কেন্দ্র। এখানকার ছাত্রছাত্রীদের জন্য প্রচুর সুযোগ রয়েছে।”

     

     

     

     

  • Bipodtarini Puja 2025: বিপদ থেকে উদ্ধার পেতেই আরাধনা দেবী বিপত্তারিণীর, জানেন এই পুজোয় ১৩ সংখ্যার মাহাত্ম্য

    Bipodtarini Puja 2025: বিপদ থেকে উদ্ধার পেতেই আরাধনা দেবী বিপত্তারিণীর, জানেন এই পুজোয় ১৩ সংখ্যার মাহাত্ম্য

    মাধ্যম নিউজ ডেস্ক: বাংলার ঘরে ঘরে আজ, শনিবার পালিত হচ্ছে বিপত্তারিণী ব্রত (Bipodtarini Puja 2025)। বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য দেবী বিপত্তারিণীর পুজো করা হয়। বিশ্বাস অনুযায়ী, ভক্তি মনে এই পুজো করলে, যে কোনও বিপদ থেকে রক্ষা পাওয়া যায়। হিন্দু ধর্মে বিপত্তারিণী ব্রতের গুরুত্ব অনেক। আষাঢ় মাসে সোজা রথ এবং উল্টো রথের মাঝে মঙ্গল ও শনিবার পালিত বিপত্তারিণী ব্রত। স্বামী, সন্তান ও সংসারের মঙ্গলকামনায় দেবীর পুজোপাঠ ও ব্রতপালন করেন গৃহিণীরা। বিশ্বাস করা হয়, বিপত্তারিণী পুজো করলে শুধু বিপদই নয় অর্থ সঙ্কট থেকেও মুক্তি পাওয়া যায়। এবং ঘরে সুখ ও সমৃদ্ধি লাভ হয়।

    দেবী দুর্গারই উপাসনা

    দেবী দুর্গা ১০৮ অবতারের অন্যতম এবং দেবী সঙ্কটনাশিনীর একটি রূপ মা বিপত্তারিণী। দেবীকে কখনও দশভুজা রূপে পুজো করা হয়, কখনও আবার চতুর্ভুজা রূপে পুজো করা হয়। পৌরাণিক কাহিনি মতে, দেবাদিদেব মহাদেব দেবী পার্বতীকে কালী বলে উপহাস করলে দেবী ক্রুদ্ধ হন। ক্রুদ্ধ দেবী তখন তপস্যাবলে নিজের কৃষ্ণবর্ণ রূপ ত্যাগ করেন। সেই মুহূর্তে দেবী পার্বতীর শরীর থেকেই সৃষ্টি হন দেবী বিপত্তারিণী। দেবী বিপত্তারিণীর উপাসনা করা মানে দেবী দুর্গারই উপাসনা করা।

    ১৩ সংখ্যার মাহাত্ম্য

    এই ব্রত (Bipodtarini Puja 2025) পালনের বিশেষ নিয়ম হল দেবী বিপত্তারিণীকে সব কিছু ১৩টা করে উৎসর্গ করতে হবে। ১৩ রকমের নৈবেদ্য সাজাতে হয়। এ ছাড়া লাগে তেরো রকম ফল, তেরো রকম ফুল, তেরোটি পান, তেরোটি সুপুরি, তেরোটি এলাচ। ব্রত পালনের দিন চাল-মুড়ি-চিঁড়ে জাতীয় কোনও জিনিস খাওয়া যায় না। বদলে ১৩টি লুচি ও ফল দেবীর প্রসাদ হিসেবে গ্রহণ করতে হয়। কথিত রয়েছে, মা বিপত্তারিণীর পছন্দের সংখ্যা হল ১৩। সে কারণেই এই পুজোয় দেবীর কাছে সমস্ত জিনিস ১৩টি করে অর্পণ করা হয়। শাস্ত্রমতে, ১৩ সংখ্যাটি ব্যবহার করলে দেবীর আশীর্বাদ লাভ করা যাবে। এতে যে কোনও বিপদ থেকে দেবী আমাদের রক্ষা করবেন। ১৩ সংখ্যাটিকে দেবী বিপত্তারিণীর আশীর্বাদ ও সুরক্ষার প্রতীক মনে করা হয়।

    লাল রঙের তাগা কেন বাঁধা হয়

    বিপত্তারিণীর পুজো (Bipodtarini Puja 2025) শেষে হাতে লাল তাগা বাঁধার চল রয়েছে। মেয়েরা এই তাগা বাঁ হাতে পরেন আর ছেলেরা ডান হাতে পরেন। সেই তাগাতেও ১৩টি গিঁট বাঁধা হয়। সেই ১৩টি গিঁটে দেবী দুর্গার ১৩টি রূপে বিরাজ করেন বলে বিশ্বাস করা হয়। ১৩টি গিঁট ছাড়াও তাতে ১৩টি দূর্বাঘাস বাঁধা হয়। এই তাগা অনেকে সারা বছর ধরে পরে থাকেন, অনেকে আবার তিন দিন পরার পর নদী বা পুকুরের জলে ভাসিয়ে দেন। বিশ্বাস করা হয় যে, এই তাগা হাতে পরলে বিপদ কোনও দিন আপনাকে স্পর্শ করতে পারবে না।

    ব্রত পালনে কী কী লাগে?

    ঘট, আম্র পল্লব, শীষ সহ ডাব, একটি নৈবেদ্য, ১৩ টি গিঁট দেওয়া লাল সুতো (সঙ্গে ১ত টি দূর্বা বাঁধা), ১৩ রকম ফুল, ১৩ রকম ফল, ১৩ গাছি লাল সুতো, ১৩টি দূর্বা, ১৩টি পান ও ১৩টি সুপুরি।

    বিপত্তারিণী পুজোর দিন কী করবেন না

    বিপত্তারিণী পুজোর (Bipodtarini Puja 2025) দিন এবং আগের দিন আমিষ জাতীয় খাবার গ্রহণ করবেন না৷ ব্রতপালনের দিন ব্রতীরা চালজাতীয় খাবার গ্রহণ করবেন না৷ বাড়িতে বা মন্দিরে দু’ জায়গাতেই এই ব্রতপালন করা যায়। বিপত্তারিণী পুজোর সময় কথা বলবেন না৷ এতে পুজোর নিষ্ঠা এবং একাগ্রতায় বিঘ্ন ঘটে৷ ফলে দেবী রুষ্ট হন। এই তিথিতে কাউকে ধার দেবেন না৷ কারওর কাছ থেকে ধার নেবেন না। কোনও অপরিচ্ছন্ন স্থানে বিপত্তারিণী পুজো করবেন না। নয়তো ঘরের সুখ ও শান্তির নষ্ট হয়। বিপত্তারিণী পুজোর সময় কখনই কাউকে অপমান করবেন না। এমনকি এদিন কোনও মহিলার সম্পর্কে কুরুচিকর কথা বলবেন না। এতে মা লক্ষ্মী ক্রুদ্ধ হন। এই পুজোর দিন পরিবারের কোনও সদস্যের মদ্যপান করা এড়ানো উচিত। বিপত্তারিণী পুজোর দিন কাউকে চিনি দেবেন না। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, চিনির শুক্র এবং চন্দ্রের সঙ্গে সম্পর্ক রয়েছে। অন্যদিকে শুক্র বস্তুগত সুখের কর্তা। তাই এদিন চিনি দিলে শুক্র দুর্বল হয় এবং সংসারে অশান্তির পাশাপাশি আর্থিক সংকট দেখা দেয়।

  • Agni missile: পরমাণু কেন্দ্র নিয়ে শঙ্কায় পাকিস্তান! ভারত তৈরি করছে বাঙ্কার বাস্টার ‘অগ্নি’ ক্ষেপণাস্ত্র

    Agni missile: পরমাণু কেন্দ্র নিয়ে শঙ্কায় পাকিস্তান! ভারত তৈরি করছে বাঙ্কার বাস্টার ‘অগ্নি’ ক্ষেপণাস্ত্র

    মাধ্যম নিউজ ডেস্ক: ভয় পাচ্ছে চিন, পাকিস্তান! ভারত তার সবচেয়ে শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটিকে আরও মারাত্মক করে তুলতে চলেছে, এর জন্য ক্ষেপণাস্ত্রের ওয়ারহেডে বিস্ফোরকের পরিমাণ বাড়ানো হবে। যা বি-২ বম্বার বিমান থেকে নিক্ষেপ করা জিবিইউ-৫৭ বোমার চেয়েও বেশি মারাত্মক হবে। অগ্নি-৫ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের একটি নতুন, বিস্ফোরক বহনকারী রূপ তৈরি করা হচ্ছে। ৭.৫ টন অর্থাৎ ৭৫০০ কেজি ওজনের বিশাল বিস্ফোরক ওয়ারহেড সহ এই নতুন ক্ষেপণাস্ত্রটি এক ধাক্কায় শত্রুর আস্তানা ধ্বংস করে দেবে। এই উচ্চক্ষমতাসম্পন্ন ক্ষেপণাস্ত্র নির্মাণের মাধ্যমে দক্ষিণ এশিয়ায় ভারতের সামরিক আধিপত্য আরও জোরালোভাবে প্রতিষ্ঠা পাবে, বলে অভিমত বিশেষজ্ঞদের।

    আমেরিকার মতোই বাঙ্কার ধ্বংসকারী অস্ত্র

    সম্প্রতি ইরান ইজরায়েল যুদ্ধের মাঝেই ইরানে সরাসরি হামলা চালিয়েছিল আমেরিকা। ইরানের তিনটি পরমাণু কেন্দ্রে হামলা চালায় আমেরিকার বাহিনী। মাটির নীচে ওই পরমাণু কেন্দ্রে হামলা চালায় যুক্তরাষ্ট্রের ‘জিবিইউ ৫৭/এ ম্যাসিভ অর্ডন্যান্স পেনিট্রেটর’। ভারতও এরকমই বাঙ্কার বাস্টার তৈরি করতে চলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আত্মনির্ভর ভারত প্রতিরক্ষা খাতে বিপুল বরাদ্দ করেছে। এর ফলে ভারতও তৈরি করছে তার নিজস্ব ভারী বাঙ্কার ধ্বংসকারী অস্ত্র। তবে এটি বিমানের মাধ্যমে নয়, ক্ষেপণাস্ত্রের মাধ্যমে লক্ষ্যবস্তুতে পৌঁছাবে—যা এক অভিনব কৌশল।

    কী করবে ভারতের বাঙ্কার বাস্টার

    ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (DRDO) এখন ‘অগ্নি-৫’ আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের একটি বিশেষ সংস্করণ তৈরি করছে, যা বহন করবে ৭,৫০০ কেজির একটি অত্যন্ত শক্তিশালী ওয়ারহেড। এই ওয়ারহেড ৮০ থেকে ১০০ মিটার গভীর পর্যন্ত শক্ত কংক্রিটের নিচে লুকানো শত্রুপক্ষের বাঙ্কার, কমান্ড সেন্টার, ক্ষেপণাস্ত্র ঘাঁটি বা পারমাণবিক পরিকাঠামো ধ্বংসে সক্ষম। মূল অগ্নি-৫ যেখানে ৫,০০০ কিলোমিটারের বেশি দূরত্বে আঘাত হানতে পারে, সেখানে এই ভারী সংস্করণের পাল্লা কমে ২,৫০০ কিলোমিটারে দাঁড়াবে। তবে এর বিধ্বংসী শক্তি ও নিখুঁত নিশানার ক্ষমতা এটিকে আঞ্চলিক প্রতিরোধের কৌশলে একটি শক্তিশালী অস্ত্র হিসেবে গণ্য হবে। অগ্নি-৫ এর বর্তমান পরিসর কমানোর পেছনের আসল উদ্দেশ্য হল দূরত্বের চেয়ে পেলোড ক্ষমতা বৃদ্ধি করা, যাতে শত্রুর লক্ষ্যবস্তুতে সঠিক এবং মারাত্মক আক্রমণ করা যায়। বিশেষ করে চিন ও পাকিস্তানের সম্ভাব্য হুমকির মুখে এই ক্ষেপণাস্ত্র দেশকে ভরসা জোগাবে।

    কী থাকবে নয়া সংস্করণে

    এই ক্ষেপণাস্ত্রের ওয়ারহেডে যুক্ত থাকবে উন্নত ন্যাভিগেশন ও গাইডেন্স সিস্টেম, যার ফলে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নিখুঁত আঘাত হানার সক্ষমতা অর্জিত হবে। পাশাপাশি, ডিআরডিও একে ‘এয়ারবাস্ট’ মোডে ফাটানোর ব্যবস্থাও রাখছে, যাতে নির্দিষ্ট উচ্চতায় বিস্ফোরণ ঘটিয়ে আশেপাশের রাডার, বিমানঘাঁটি বা সাঁজোয়া যানবাহন ধ্বংস করা যায়। এটি একটি তিন-স্তরের, কঠিন জ্বালানি-চালিত ক্ষেপণাস্ত্র। অগ্নি-৫ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দুটি ভিন্ন ওয়ারহেড কনফিগারেশনে সজ্জিত থাকবে।

    ১. এয়ারবার্স্ট ওয়ারহেড- এই ওয়ারহেডের উদ্দেশ্য হল বিশাল ভূপৃষ্ঠের উপর শত্রুর স্থল লক্ষ্যবস্তুতে সর্বাধিক ক্ষতি সাধন করা। ওয়ারহেডটি লক্ষ্যবস্তুর ঠিক উপরে বিস্ফারিত হবে, যার ফলে একটি শক্তিশালী শক ওয়েভ তৈরি হবে যা পরিকাঠামো, সামরিক ঘাঁটি এবং অন্যান্য পৃষ্ঠতল লক্ষ্যবস্তু ধ্বংস করবে।

    ২. বাঙ্কার বাস্টার ওয়ারহেড- এই ওয়ারহেডটি এতটাই মারাত্মক হবে যে এটি বি-২ বম্বারে ব্যবহৃত জিবিইউ-৫৭ বাঙ্কার বাস্টার বোমার চেয়েও বেশি মারাত্মক হবে। জিপিইউ-৫৭ বোমা ৬০ মিটার গভীরতা পর্যন্ত নির্মিত বাঙ্কারগুলিকে ধ্বংস করতে পারে, যেখানে অগ্নি-৫ এর বাঙ্কার বাস্টার ওয়ারহেড ৮০-১০০ মিটার গভীরতায় নির্মিত শক্তিশালী ভূগর্ভস্থ কাঠামো, বাঙ্কার এবং কমান্ড সেন্টারগুলিকে এক ধাক্কায় ধ্বংস করতে পারে। এটি পাকিস্তানের কাছে শঙ্কার কারণ। পাকিস্তানের কিরানা পাহাড়ে থাকা পারমাণবিক কেন্দ্রকে যে কোনও সময় উড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখবে।

     ভারতের প্রতিরোধমূলক কৌশলের মূলস্তম্ভ

    ভারতের এই সাহসী পদক্ষেপ শুধুমাত্র কৌশলগত স্বাধীনতা অর্জনের প্রয়াস নয়, বরং দেশীয় প্রতিরক্ষা শিল্পে এক বড় সাফল্যের ইঙ্গিত। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে নির্মিত এই বাঙ্কার বাস্টার অগ্নি ক্ষেপণাস্ত্র ভারতের অস্ত্রভাণ্ডারে এক যুগান্তকারী সংযোজন। অগ্নি ক্ষেপণাস্ত্র সিরিজ বহুদিন ধরেই ভারতের প্রতিরোধমূলক কৌশলের মূলস্তম্ভ। এখন এই সিরিজে বাঙ্কার বাস্টার সংস্করণ যুক্ত হতে চলেছে। এর ফলে ভারত একটি অভিজাত দেশসমূহের তালিকায় যুক্ত হয়ে যাবে, যারা ভূগর্ভস্থ লক্ষ্যবস্তু ধ্বংসের ক্ষমতা রাখে—এবং এর ফলে আরও শক্তিশালী ও দায়িত্বশীল সামরিক শক্তি হিসেবে নিজেদের অবস্থান সুদৃঢ় করবে।

LinkedIn
Share