Author: শুভ্র চট্টোপাধ্যায়

  • Modi-Biden Meeting: আলোচনা মোদির সঙ্গে! ভারতে আসছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন

    Modi-Biden Meeting: আলোচনা মোদির সঙ্গে! ভারতে আসছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন

    মাধ্যম নিউজ ডেস্ক: জি-২০ সামিটে (G-20 Summit) যোগ দিতে ভারতে আসছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden)।  আগামী ৭ সেপ্টেম্বর তিনি ভারতে (India Visit) আসবেন। ১০ সেপ্টেম্বর তিনি ওয়াশিংটন ফিরে যাবেন। জি-২০ বৈঠকের পাশাপাশি তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Modi-Biden Meeting) সঙ্গেও বৈঠক করতে পারেন। জি-২০ সদস্য হিসাবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের এটাই প্রথম ভারত সফর। ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের একটি যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ‘‌বাইডেন জি–২০ সম্মেলনে ভারতের সভাপতিত্ব নিয়ে ভীষণই খুশি। ভারতের এই সভাপতিত্ব আন্তর্জাতিক স্তরে বিভিন্ন সমস্যার সমাধান করতে সাহায্য করেছে।’‌ 

    কবে আসছেন বাইডেন

    মার্কিন প্রেসিডেন্টের এই ভারতসফরের আগে মার্কিন আধিকারিক ডোনাল্ড লু জানান, প্রেসিডেন্ট বাইডেন (Modi-Biden Meeting) এই সফর নিয়ে অত্য়ন্ত উৎসাহী। জি-২০ লিডার্স সামিটের সদস্য় হিসেবে এটিই তাঁর প্রথম ভারতসফর হতে চলেছে । এবার জি-২০ বৈঠকের সভাপতিত্বের দায়িত্ব পেয়েছে ভারত। আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর দিল্লিতে অনুষ্ঠিত হবে জি-২০ সামিট। জি-২০ সামিটে ১১০টি দেশের ১২৩০০ প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। কোনও দেশের নেতৃত্বাধীনে জি-২০ সম্মেলনে এটাই সর্বোচ্চ যোগদানের সংখ্যা। জানা গেছে, এবার জি-২০ ভুক্ত দেশগুলির সম্মেলনে জলবায়ু পরিবর্তন থেকে শুরু করে সন্ত্রাসবাদ সহ একাধিক বিষয়ে আলোচনার হওয়ার সম্ভাবনা। এছাড়া জি-২০ ভুক্ত দেশগুলির মধ্যে পারস্পরিক বন্ধুত্ব, অর্থনৈতিক এবং পরিকাঠামো গত উন্নয়ন নিয়েও আলোচনার সম্ভাবনা রয়েছে। 

    আরও পড়ুন: ‘অষ্টলক্ষ্মী’র সঙ্গে মোদির বৈঠকে হরেক রকম পদ! জানেন কী কী রয়েছে তালিকায়?

    বিগত কয়েক বছরে ভারত ও আমেরিকা দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর হয়েছে, আরও বিস্তৃত হয়েছে। গত জুন মাসেই প্রথমবার মার্কিন স্টেট ভিজিটে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Modi-Biden Meeting)। তাঁকে স্বাগত জানানোর জন্য হোয়াইট হাউসে বিশেষ নৈশভোজেরও আয়োজন করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। এবার ভারত সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্ট।  জি-২০ সম্মেলনের মাঝে মোদি-বাইডেন দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দিতে পারেন খবর। দুই দেশের সম্পর্ক আরও মজবুত করা নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে বলে হোয়াইট হাউস সূত্রে ইঙ্গিত পাওয়া গেছে। দ্বিপাক্ষিক সেই বৈঠকে প্রতিরক্ষা, বাণিজ্যিক সংক্রান্ত একাধিক বিষয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • India Vs West Indies: দ্বিতীয় ম্যাচেও হার! ১২ বছরে প্রথম পরপর দুটি খেলায় ভারতকে হারাল ওয়েস্ট ইন্ডিজ

    India Vs West Indies: দ্বিতীয় ম্যাচেও হার! ১২ বছরে প্রথম পরপর দুটি খেলায় ভারতকে হারাল ওয়েস্ট ইন্ডিজ

    মাধ্যম নিউজ ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টিতেও হারল ভারত (India Vs West Indies)। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে রান তাড়া করতে গিয়ে হারেন হার্দিক পান্ডিয়ারা। আর এদিন হারলেন প্রথমে ব্যাট করে। ২০১১ সালের পর এই প্রথম বার ভারতের বিরুদ্ধে পুরুষদের আন্তর্জাতিকে পরপর দুই ম্যাচ জিতল ওয়েস্ট ইন্ডিজ।

    ব্যাটরদের দোষেই ব্যর্থতা 

    আইসিসি-র ক্রমতালিকা অনুযায়ী, টি-টোয়েন্টি ক্রিকেটে ভারত এক নম্বর দল। কিন্তু ক্যারিবিয়ান সফরে ক্রিকেটের ক্ষুদ্র সংস্করণে তার উল্টো ছবি। যে দল ওডিআই বিশ্বকাপের কোয়ালিফায়ার টপকাতে পারেনি। যাদের ক্রিকেট বিশ্বের ছোট ছোট দলগুলি আনায়াসে হারিয়েছে, সেই দলের কাছে ভারত (India Vs West Indies) পরপর দুটো ম্যাচে হেরে গেল। টি-টোয়েন্টি ক্রিকেটের এক নম্বর দল হারল সাত নম্বরে থাকা দলের বিরুদ্ধে, যা হার্দিকদের কাছে লজ্জার। দু’টি ম্যাচেই দোষ ব্যাটারদের। রবিবার প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন হার্দিক। কিন্তু তাঁর দল মাত্র ১৫২ রান তোলে। তিলক বর্মার অর্ধশতরান না থাকলে সেটাও হত কি না সন্দেহ। শুভমন গিল (৭) এবং সূর্যকুমার যাদবের (১) রান না পাওয়া ভারতীয় ক্রিকেটের জন্য বড় চিন্তার কারণ হতে পারে। সামনে এশিয়া কাপ। এই বছর বিশ্বকাপও রয়েছে। তার আগে এই দুই ব্যাটারকে রানে ফেরাতেই হবে রাহুল দ্রাবিড়দের। ঈশান কিশন ২৭ রান করেন। তিনি রোমারিয়ো শেফার্ডের ইয়র্কারে বোল্ড হয়ে যান। ওই বলে যে কোনও ব্যাটারই আউট হতে পারতেন। ওই উইকেটটির জন্য রোমারিয়োকে পূর্ণ কৃতিত্ব দিতে হবে। অধিনায়ক হার্দিক ২৪ রান করেন।

    আরও পড়ুন: ভারতে বিশ্বকাপ খেলতে আসছে পাকিস্তান, ছাড়পত্র শেহবাজ সরকারের

    পুরানের দাপট

    ১৫৩ রান তাড়া করতে নেমে ৭ বল বাকি থাকতেই ২ উইকেটে জয় ছিনিয়ে নেয় ওয়েস্ট ইন্ডিজ (India Vs West Indies)। অথচ ভারত অধিনায়ক হার্দিক পান্ডিয়া বোলিং ওপেন করার দায়িত্ব নিজেই তুলে নিয়েছিলেন। এবং প্রথম ওভারেই ২ উইকেট তুলে নিয়ে উইন্ডিজকে বড় ধাক্কা দেন। প্রথম বলেই ভারতকে তিনি সাফল্য এনে দেন। হার্দিকের বলে দুরন্ত ক্যাচ ধরেন সূর্যকুমার যাদব। ব্রেন্ডন কিং গোল্ডেন ডাক করে সাজঘরে ফেরেন। এর পর এই ওভারের চতুর্থ বলে জনসন চার্লসকেও ফেরান হার্দিক। ২ রান করে আউট হন চার্লস। শুরুতে হার্দিক ধাক্কা দিলেও সেটা কাজে আসেনি। এমন কী কাইল মেয়ার্স ৭ বলে ১৫ করে সাজঘরে ফিরে গিয়েছিলেন। ৩২ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল উইন্ডিজ। তবে চারে ব্যাট করতে নেমে নিকোলাস পুরান দলের হাল ধরেন। ৪০ বলে ৬৭ রান করেন তিনি। তাঁর এই ইনিংসই খেলার মোড় ঘুরিয়ে দেয়। সাত বল বাকি থাকতেই জয়ের রান তুলে নেয় ক্যারিবিয়ান বাহিনী। পরের ম্যাচ মঙ্গলবার।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Dengue Update: আক্রান্তের নিরিখে শীর্ষে উত্তর ২৪ পরগনা! ডেঙ্গি পরিস্থিতি উদ্বেগজনক রাজ্যে

    Dengue Update: আক্রান্তের নিরিখে শীর্ষে উত্তর ২৪ পরগনা! ডেঙ্গি পরিস্থিতি উদ্বেগজনক রাজ্যে

    মাধ্যম নিউজ ডেস্ক: জেলা থেকে শহর দিন দিন বেড়েই চলেছে ডেঙ্গি (Dengue) আক্রান্তের (infected) সংখ্য়া। এখনও পর্যন্ত গোটা রাজ্যে (State) ৫ হাজার ৭৫১ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছে। গত সপ্তাহেও বেড়েছে রাজ্যে ডেঙ্গি আক্রান্তর সংখ্যা। গত সপ্তাহে রাজ্যে ডেঙ্গি আক্রান্তর সংখ্যা ছিল ১ হাজার ৩৫০। রিপোর্ট অনুসারে, ডেঙ্গি আক্রান্তের নিরিখে শীর্ষে উত্তর ২৪ পরগনা।  এই জেলায় ডেঙ্গি আক্রান্ত হয়েছেন ৪০০ জন, নদীয়াতে ৩০০ জন এবং হুগলীতে ৯৫ জন। দু’সপ্তাহে বিধাননগরে ডেঙ্গি আক্রান্ত ৮০ জনেরও বেশি। গত জানুয়ারি থেকে পুর এলাকায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ১৪৮ বলে দাবি করছেন বিধাননগর পুর কর্তৃপক্ষ। তাঁরা স্বীকার করে নিয়েছেন, ডেঙ্গির সংক্রমণ এ বার ঊর্ধ্বমুখী হওয়ার পালা।  

    ডেঙ্গি মোকাবিলায় পদক্ষেপ

    স্বাস্থ্য দফতর সূত্রে খবর, সব মিলিয়ে এখনও ২৫০ জন ডেঙ্গি আক্রান্ত হাসপাতালে ভর্তি রয়েছে। এখনও পর্যন্ত রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি নিয়ন্ত্রণে, দাবি স্বাস্থ্য সচিবের। পরিস্থিতি মোকাবিলায় দক্ষিণ দমদম পুরসভার হাসপাতালে খোলা হয়েছে একশো শয্যার আলাদা ইউনিট। জঞ্জাল ফেলা নিয়ে এবার আরও কড়া হতে চলেছে কলকাতা পুরসভা। ডেঙ্গি মোকাবিলায় জঞ্জাল পড়ে থাকা নিয়ে কড়া কলকাতা পুরসভাও। ফাঁকা জমি ও পুকুরের পাশে জঞ্জাল ফেলা হলে এবার থেকে সংশ্লিষ্ট জমি ও পুকুরের আশেপাশে সব বাড়িকে নোটিস পাঠানো হবে। 

    আরও পড়ুন: খাওয়ার পরেই বমি? সামান্য খাবারেও হজমের সমস্যা? কোন রোগের ইঙ্গিত?

    সতর্ক থাকার পরামর্শ

    স্বাস্থ্যভবন সূত্রে খবর, ৩ অগাস্ট পর্যন্ত রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৭৫১। বেসরকারি হিসেবে এ বছর এখনও পর্যন্ত ১০ জন ডেঙ্গি আক্রান্তের মৃত্যুর খবর সামনে এসেছে। জ্বর হলেই সময় নষ্ট না করে শুরু করতে হবে চিকিৎসা, পরামর্শ চিকিৎসকদের। বর্ষার জমা জলে বাড়ছে এডিস ইজিপ্টাই-এর সংসার। ঘরে ঘরে বাসা বাঁধছে জ্বর-সর্দি-কাশি। শুধু কলকাতা নয়, শহরের গণ্ডি ছাড়িয়ে জেলাতেও বাসা বেঁধেছে ডেঙ্গি। স্বাস্থ্য সচিব নারায়ণস্বরূপ নিগম জানিয়েছেন, এই মুহূর্তে ২৫০ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন। যার মধ্যে ১০ থেকে ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক। সূত্রের খবর, গত বছর রাজ্যে ডেঙ্গি আক্রান্ত হয়েছিলেন ৬৭ হাজারের বেশি মানুষ। সরকারি হিসেবে মারা গিয়েছিলেন ৩০ জন। তবে বেসরকারি মতে, সেই সংখ্যা ছিল ১০৫। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Archery: তিরন্দাজিতে ভারতের ইতিহাস, ব্যক্তিগত ভাবে প্রথম বিশ্বচ্যাম্পিয়ন ১৭ বছরের অদিতি স্বামী

    Archery: তিরন্দাজিতে ভারতের ইতিহাস, ব্যক্তিগত ভাবে প্রথম বিশ্বচ্যাম্পিয়ন ১৭ বছরের অদিতি স্বামী

    মাধ্যম নিউজ ডেস্ক: ইতিহাস গড়লেন অদিতি গোপীচাঁদ স্বামী (Aditi Swami)। তিরন্দাজিতে বিশ্ব চ্যাম্পিয়ন হলেন ১৭ বছর বয়সের এই মেয়ে। হারালেন মেক্সিকোর আন্দ্রেয়া বেকেরাকে। ১৪৯-১৪৭ ব্যবধানে জিতলেন অদিতি। এই বিভাগে ব্রোঞ্জ জিতলেন ভারতের জ্যোতি সুরেখা ভেনাম। সেমিফাইনালে জ্যোতিকে ১৪৯-১৪৫ হারিয়ে ফাইনালে উঠেছিলেন অদিতি। গত মাসে যুব বিশ্ব চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন তিনি। পাশাপাশি তিরন্দাজির এশিয়া কাপেও সোনা জেতেন অদিতি। 

    সোনার মেয়ে অদিতি

    ব্যক্তিগত বিভাগে দেশের প্রথম তিরন্দাজ হিসেবে বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন অদিতি। জার্মানির বার্লিনে আয়োজিত  তীরন্দাজি বিশ্বচ্যাম্পিয়নশিপে ব্যক্তিগত বিভাগের কম্পাউন্ড ফাইনালে দু বারের বিশ্ব চ্যাম্পিয়ন আন্দ্রেয়াকে হারিয়ে ইতিহাস গড়লেন মহারাষ্ট্রের সাতারার তীরন্দাজ।

    মাত্র ১১ বছর বয়সে তিরন্দাজি শুরু করেছিলেন অদিতি। এই বছরের শুরুতে তিরন্দাজির বিশ্বকাপে অনূর্ধ্ব-১৮ বিভাগে রেকর্ড গড়েছিলেন তিনি। ৭২০ পয়েন্টের মধ্যে ৭১১ পেয়েছিলেন তিনি। আমেরিকার লিকা অ্যারিয়োলাকে ছ’পয়েন্টে হারিয়ে দিয়েছিলেন অদিতি।

    দলগত বিভাগেও সাফল্য

    চলতি বিশ্ব তিরন্দাজিতে গতকাল, শুক্রবার দলগত কমপাউন্ড ইভেন্টে জ্য়োতি সুরেখা ভেনম, পারনীত কৌরকে নিয়ে দেশকে সোনা এনে দিয়েছিলেন অদিতি স্বামী। ফাইনালে তাঁরা ২৩৫-২২৯ ব্যবধানে হারিয়েছিলেন মেক্সিকোকে। ভারতীয় দলকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

    দীপিকা কুমারী, দোলা বন্দ্যোপাধ্যায়রা দেশকে অনেক সাফল্য এনে দিলেও কখনও বিশ্ব তিরন্দাজি চ্যাম্পিয়নশিপের ব্যক্তিগত বিভাগে সোনা জিততে পারেননি। তবে ২০২১ সালে তিরন্দাজি বিশ্বকাপে সোনা জিতেছিলেন দীপিকা। বিশ্ব তিরন্দাজি চ্যাম্পিয়নশিপে দু বার দলগত বিভাগে রুপো জিতলেও কখনও ব্যক্তিগত বিভাগে পদক জিততে পারেননি দীপিকা কুমারী।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Suvendu Adhikari: শুভেন্দুর সঙ্গে দেখা করলেন নুসরতের নাম জড়ানো সংস্থার মাধ্যমে ‘প্রতারিত’রা

    Suvendu Adhikari: শুভেন্দুর সঙ্গে দেখা করলেন নুসরতের নাম জড়ানো সংস্থার মাধ্যমে ‘প্রতারিত’রা

    মাধ্যম নিউজ ডেস্ক: ফ্ল্যাট বিক্রির নাম করে অগ্রিম টাকা নিয়েও ফ্ল্যাট না দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল সাংসদ নুসরত জাহান-সহ বেশ কয়েক জনের বিরুদ্ধে। যাঁরা এই অভিযোগ তুলেছেন, সেই সব প্রবীণ সরকারি কর্মচারীদের সঙ্গে দেখা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শুভেন্দুর সঙ্গে বৈঠকের পর অনেকটাই আশ্বস্ত প্রতারণার অভিযোগ তোলা প্রবীণ নাগরিকরা। প্রায় ৩০-৫০ জন শুভেন্দুর সঙ্গে দেখা করেন। 

    নুসরতের বিরুদ্ধে অভিযোগ

    অভিযোগকারীদের বক্তব্য, এতদিন ধরে সংস্থার কর্তারা তাঁদের শুধুই ঘুরিয়ে গিয়েছেন। এর পাশাপাশি সংস্থার তরফে ২২২ জনকে টাকা ফেরত দেওয়ার যে দাবি করা হচ্ছে, সেটাও পুরোটা ফেরত দেওয়া হয়নি বলে অভিযোগ। এখন দশ বছর পেরিয়ে সেই টাকা সুদে-আসলে অঙ্কটা অনেকটা হয়ে দাঁড়িয়েছে। প্রতারিত অভিযোগকারীরা চাইছেন, সেই সুদ-সহ টাকা ফেরত পেতে। যাঁরা তাঁদের সঙ্গে এই প্রতারণা করেছেন বলে অভিযোগ, তাঁদেরও উপযুক্ত শাস্তির দাবি তুলেছেন প্রবীণ নাগরিকরা।

    আরও পড়ুুন: বাফার জোন টপকে এলোপাথাড়ি গুলি মণিপুরে, সংঘর্ষে মৃত ৩, পুড়ে খাক ঘরবাড়ি

    পাশে থাকার প্রতিশ্রুতি শুভেন্দুর

    কোনও রাজনৈতিক উদ্দেশে নয়, মানবিকতার খাতিরেই শুভেন্দু (Suvendu Adhikari) তাঁদের পাশে দাঁড়াবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। বৈঠক শেষে শুভেন্দু অধিকারী বলছেন, ‘মোট ৪১৫ জন প্রতারিত হয়েছেন বলে অভিযোগ। মোট টাকার অঙ্ক ২৩ কোটি। ৩৩০ জন মিলে একটি ফোরাম তৈরি করেছেন। আমি ওনাদের সঙ্গে দীর্ঘক্ষণ কথাবার্তা বলেছি। ওনারা চান, প্রতারকদের শাস্তি হোক এবং ওনাদের মেহনতের টাকা অন্তন্ত ব্যাঙ্কের সুদ-সহ যাতে ওনারা ফেরত পান।’ বিরোধী দলনেতা জানান, আইনি লড়াই প্রবীণ নাগরিকরা যেভাবে চালাচ্ছেন, সেভাবে চালাবেন। তিনিও বিরোধী দলনেতা হিসেবে দেখবেন যাতে তাঁদের সেই আইনি লড়াইয়ের পথ সুগম হয়। শুভেন্দুর কথায়, ‘‘প্রতারিত’দের আইনি লড়াইয়ে বিজেপি সব রকম ভাবে সাহায্য করবে। এখনও পর্যন্ত যা যা পদক্ষেপ করেছেন, সবই আমার নজরে রয়েছে। যোগাযোগও রাখছি। শাসকদলের হাতে যাঁরা অত্যাচারিত, তাঁদের পাশে বিশ্বাসযোগ্য বিরোধী দল হিসাবে দাঁড়াবে বিজেপি।’’

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • ODI World Cup 2023: বিশ্বকাপের প্রস্তুতি শুরু শহরে! ইডেনে পাকিস্তান-ইংল্যান্ড ম্যাচ ঘিরে সংশয়

    ODI World Cup 2023: বিশ্বকাপের প্রস্তুতি শুরু শহরে! ইডেনে পাকিস্তান-ইংল্যান্ড ম্যাচ ঘিরে সংশয়

    মাধ্যম নিউজ ডেস্ক: ইডেনে ১২ নভেম্বর পাকিস্তান-ইংল্যান্ডের ম্যাচ ঘিরে হঠাৎই সমস্যা তৈরি হয়েছে। কারণ ওই দিন কালীপুজো। আর তাই ইডেনের ম্যাচে পর্যাপ্ত পুলিশ পাওয়া নিয়ে চিন্তার ভাঁজ সিএবির কর্তাদের কপালে। আজ, শনিবার আইসিসির (ICC) প্রতিনিধি দল ইডেন গার্ডেন্স পরিদর্শনে এসেছিল। সেই মাঠ পরিদর্শনের পরই সূত্র মারফত জানা গিয়েছে, ১২ নভেম্বর ইডেনে বিশ্বকাপের পাকিস্তান বনাম ইংল্যান্ড ম্যাচ নিয়ে সংশয় তৈরি হয়েছে। 

    মাঠ পরিদর্শন

    বিশ্বকাপের আগে ইডেন গার্ডেন্সে (Eden Gardens) সাজ সাজ রব। যুদ্ধকালীন তৎপরতায় চলছে স্টেডিয়াম ও মাঠ সংস্কারের কাজ। বিশ্বকাপ আয়োজনের জন্য ইডেন গার্ডেন্স কতটা প্রস্তুত, খতিয়ে দেখতে শনিবার কলকাতায় এসেছে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি (ICC) ও ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) প্রতিনিধি দল। ২০ সদস্যের এই দলের নেতৃত্বে অসমের দেবজিৎ সাইকিয়া। যিনি বোর্ডের যুগ্ম সচিবও। ইডেন গার্ডেন্স সহ বিশ্বকাপের মোট তিন কেন্দ্রের তত্ত্বাবধায়ক তিনি। ক্লাব হাউস, মাঠ, প্রেস ক্লাব ঘুরে দেখেন তাঁরা। সিএবি কর্তাদের সঙ্গে বৈঠকও করেন। সবদিক খতিয়ে দেখে আইসিসির কাছে রিপোর্ট জমা দেওয়া হবে।

    আরও পড়ুন: ৩৭ বছর পর গদিচ্যূত বিশ্বনাথন আনন্দ! ভারতের শীর্ষ দাবাড়ু তাঁরই ছাত্র গুকেশ

    অনিশ্চয়তা ইডেনে ম্যাচ নিয়ে

    দেশের দশ শহরে ৪৬ দিন ধরে আয়োজিত হবে বিশ্বকাপের ৪৮টি ম্যাচ। ৫ অক্টোবর ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হচ্ছে প্রতিযোগিতা। ফাইনাল ১৯ নভেম্বর। উদ্বোধন এবং ফাইনাল হবে আমেদাবাদে। দুই সেমিফাইনাল আয়োজন করবে মুম্বই এবং কলকাতা। ইডেনে বিশ্বকাপের (ICC World Cup 2023) প্রথম ম্যাচ ২৮ অক্টোবর। অর্থাৎ পুজো শেষ হতেই কলকাতায় শুরু ক্রিকেট পুজো। নেদারল্যান্ডসের বিরুদ্ধে নামবে বাংলাদেশ। পাকিস্তান বনাম বাংলাদেশ ম্যাচ ৩১ অক্টোবর। ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচের আসর বসবে ৫ নভেম্বর। আর ১২ নভেম্বর হবে ইংল্যান্ড বনাম পাকিস্তান। ১৬ নভেম্বরের দ্বিতীয় সেমিফাইনালও পেয়েছে ক্রিকেটের নন্দনকানন। কিন্তু জটিলতা তৈরি হয়েছে ১২ নভেম্বরের ম্যাচ ঘিরে। ১২ নভেম্বর ইডেনে বিশ্বকাপের পাকিস্তান বনাম ইংল্যান্ড ম্যাচ রয়েছে। কিন্তু ওই দিন কালীপুজো। বোর্ডকে ইতিমধ্যেই সেই কথা জানিয়েছে সিএবি। এ বার দেখার আইসিসি এবং বিসিসিআই কালীপুজোর কথা ভেবে ইডেনের ম্যাচ নিয়ে আলাদা করে চিন্তা ভাবনা করে কিনা। সূত্রের খবর, আইসিসি না মানলে পর্যাপ্ত পুলিশ পাওয়ার জন্য মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হতে পারেন সিএবি কর্তারা।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Gukesh D: ৩৭ বছর পর গদিচ্যূত বিশ্বনাথন আনন্দ! ভারতের শীর্ষ দাবাড়ু তাঁরই ছাত্র গুকেশ

    Gukesh D: ৩৭ বছর পর গদিচ্যূত বিশ্বনাথন আনন্দ! ভারতের শীর্ষ দাবাড়ু তাঁরই ছাত্র গুকেশ

    মাধ্যম নিউজ ডেস্ক: গত ৩৬ বছর ধরে ভারতীয় দাবায় একচ্ছত্র অধিপতি তিনি। এবার তাঁকে সিংহাসন হারাতে হচ্ছে। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দকে টপকে শীর্ষ স্থান দখল করবেন ১৭ বছরের ডোম্মারাজু গুকেশ (Gukesh D)। আজারবাইজানের বাকুতে বসেছে বিশ্বচ্যাম্পিয়নশিপের আসর। এই প্রতিযোগিতায় দ্বিতীয় রাউন্ড টপকাতেই ভারতীয় দাবাড়ুদের মধ্যে শীর্ষস্থান দখল করেন গুকেশ। তবে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা হবে সেপ্টম্বরে। বিশ্ব দাবা সংস্থা বা ফিড নতুন ক্রমতালিকা প্রকাশ করবে। তখন দ্বিতীয় স্থানে নেমে যাবেন আনন্দ। আর প্রথম স্থানাধিকারী হবেন গুকেশ। 

    কোন পথে শীর্ষে

    তামিলনাড়ুর তরুণ তুর্কি ডোম্মারাজু গুয়েকেশর উত্থান উল্কার গতিতে। গত এপ্রলে তিনি ফিডের ক্রমতালিকায় তিনি প্রথম ১০০জন দাবাড়ুর মধ্যে জায়গা করে নিয়েছিলেন। এবার প্রথম দশে ঢুকে পড়ার হাতছানি তাঁর সামনে। তৃতীয় ভারতীয় দাবাড়ু হিসেবে এই নজির স্থাপন করবেন গুকেশ। এর আগে পি হরিকৃষ্ণ ও আনন্দ এই কৃতিত্ব অর্জন করেছিলেন। শুধু আনন্দের সিংহাসন ছিনিয়ে নেওয়া নয়, গত জুলাইয়ে তিনি এলো রেটিংয়ে পিছনে ফেলে দিয়েছিলেন আর এক প্রাক্তন বিশ্ব চ্যাম্পয়ন ম্যাগনাস কার্লসেনকে। বিশ্বের সর্বকনিষ্ঠ দাবাড়ু হিসেবে ২৭৫০ এলো রেটিং পয়েন্ট অর্জনের রেকর্ড রয়েছে তাঁর ঝুলিতে।

    উচ্ছ্বসিত আনন্দ

    গুকেশের কাছে সিংহাসন হারিয়েও উচ্ছ্বসিত আনন্দ। তিনি শুভেচ্ছা জানিয়েছেন তরুণ দাবাড়ুকে। বলেছেন, ‘আজ আমাদের গর্বের দিন। গুকেশের সাফল্য চমকপ্রদ। ও শুধু আমাকে নয়, গত দেড়-দু বছরে বহু তাবড় তাবড় দাবাড়ুকে নিজের প্রতিভার পরিচয় দিয়েছে। ওকে আমি খুব ভালোভাবে জানি। দাবার প্রতি ওর ভালোবাসা, প্যাসন দেখার মতো। দাবা নিয়ে প্রচুর পড়াশোনা করে। সুযোগ পেলেই খেলতে বসে পড়ে। ওর সঙ্গ আমি খেলেছি। বুঝেছি, ও ঝুঁকি নিতে পছন্দ করে। গুকেশ সাহসী খেলোয়াড়। ওর প্রতি আমার শুভেচ্ছা রইল।’ উল্লখ্য, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনও শুভেচ্ছা জানিয়েছেন গুকেশকে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     

     

  • Kolkata Accident: বেহালার পর ফের দুর্ঘটনা শহরে! সৌরনীলের মৃত্যুর পর রাতারাতি বদলে গেল ট্রাফিক নিরাপত্তা

    Kolkata Accident: বেহালার পর ফের দুর্ঘটনা শহরে! সৌরনীলের মৃত্যুর পর রাতারাতি বদলে গেল ট্রাফিক নিরাপত্তা

    মাধ্যম নিউজ ডেস্ক: বেহালায় (Behala) ট্রাকের ধাক্কায় ৭ বছরের শিশুর মৃত্যুর পর শুক্রবার রাতে ফের এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন হাওড়ার এক যুবতী। মৃতের নাম সুনন্দা দাস। কলকাতার ধর্মতলা এলাকার এক হোটেলের কর্মী ছিলেন সুনন্দা। হাওড়ার নেতাজি সুভাষ রোডের বাসিন্দা তিনি। শুক্রবার রাত ১১টা নাগাদ স্কুটি চালিয়ে দ্বিতীয় হুগলি সেতু দিয়ে বাড়ি ফিরছিলেন সুনন্দা। ফ্লাইওভারে ওঠার মুখে পিছন থেকে একটি লরি এসে স্কুটিতে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছন কর্তব্যরত পুলিশকর্মীরা। লরির ধাক্কায় সুনন্দার শরীরের একাংশ গাড়ির তলায় পিষে যায় বলে পুলিশ সূত্রে খবর। তাঁকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানকার চিকিৎসকেরা সুনন্দাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ লরিটিকে আটক করলেও ঘটনাস্থল থেকে পলাতক লরির চালক।

    ট্রাক চলাচলে নয়া নিয়ম

    বেহালায় স্কুল ছাত্রের মৃত্যুর পর অবশেষে টনক নড়ল পুলিশের (Police)। লালবাজারের (Lalbazar) নির্দেশ, সকাল ৬টার পর কলকাতায় (Kolkata) ঢুকবে না কোনও ট্রাক। আজ থেকেই চালু হয়েছে এই নিয়ম। মৌখিকভাবে সমস্ত ট্রাফিক গার্ডকে ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি হোক বা বেসরকারি, কলকাতার সমস্ত স্কুলের বাইরে থাকতে হবে ওসি বা অ্যাডিশনাল ওসি পদমর্যাদার একজন অফিসারকে। সমস্ত স্কুলের বাইরে যান নিয়ন্ত্রণ ও ভিড় সামলাতে থাকবে পুলিশ। গতকাল পথ দুর্ঘটনায় শিশু মৃত্যুর পরের দিন বদলে গেল বেহালা চৌরাস্তার ছবিও। 

    আরও পড়ুন: ‘‘গলায় গামছা দিয়ে পদত্যাগ করুন পুলিশ কমিশনার’’, বেহালা কাণ্ডে মন্তব্য শুভেন্দুর

    বদলে গেল বেহালার ছবি

    রাতারাতি পাল্টে দিল বেহালা চৌরাস্তা এলাকার ট্রাফিক নিরাপত্তা ব্যবস্থা। শহরের অন্যান্য গুরত্বপূর্ণ মোড়গুলির মত বেহালা চৌরাস্তায় শুক্রবার রাতেই বসিয়ে দেওয়া হয়েছে ম্যানুয়াল ড্রপ গেট। জেব্রা ক্রসিংয়ের ঠিক সমান্তরাল ভাবেই। দড়ির বাঁধনের কন্ট্রোলে পুলিশকর্মীরা ড্রপ গেট তুলছেন এবং নামিয়ে দিচ্ছেন। রাস্তা পারাপার করতে হবে এখান দিয়েই। আর কোনও অবস্থাতেই, কোনওভাবে রাস্তা পারাপারের চেষ্টা করামাত্র জুটবে পুলিশের কড়া ধমক। বড়িশা হাই স্কুলের সামনেও বসানো হয়েছে ম্যানুয়াল ড্রপ গেট, মোতায়ন পুলিশ।ঠাকুরপুকুর থেকে তারাতলা পর্যন্ত ফুটপাতের সিংহভাগ কার্যত হকারদের দখলে। ব্যস্ততার মধ্যে একপ্রকার বাধ্য হয়েই পথচারীদের রাস্তার ধার ঘেঁষেই চলাচল করতে হয়। তাঁদের জন্য রাস্তার দু’দিকের লেনের এক পাশে আড়াই মিটার অংশ পথচারীদের জন্য নির্দিষ্ট করা হয়েছে। 

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Kashmir Encounter : ফের রক্তাক্ত উপত্যকা! জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল ৩ সেনাকর্মীর 

    Kashmir Encounter : ফের রক্তাক্ত উপত্যকা! জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল ৩ সেনাকর্মীর 

    মাধ্যম নিউজ ডেস্ক: আবারও রক্তাক্ত উপত্যকা! শুক্রবার জম্মু ও কাশ্মীরের (Kashmir Encounter) কুলগাম (Kulgam) জেলায় জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে শহিদ তিন সেনা জওয়ান। শ্রীনগরের সেনার চিনার কর্পসের তরফে একটি  ট্যুইট করে জানানো হয়েছে এই খবর। তারা আরও জানিয়েছে, এই ঘটনার পরেই সেনার তরফে আরও বাহিনী পাঠানো হয় ওই এলাকায়। সেখানে এখনও জঙ্গিদের সন্ধানে তল্লাশি চলছে।

    সেনা-জঙ্গি গুলির লড়াই

    ভারতীয় সেনা সূত্রে খবর, দক্ষিণ কাশ্মীরের (Kashmir Encounter) কুলগাম জেলার হালান জঙ্গল এলাকায় ভারতীয় সেনার তরফে তল্লাশি অভিযান চালানো হয়েছিল। কারণ, পুলিশ এবং সেনা আধিকারিকদের কাছে খবর ছিল, ওই এলাকায় কয়েকজন জঙ্গি আত্মগোপন করে রয়েছে। পুলিশ জানিয়েছে, তল্লাশি অভিযান হিসেবে শুরু করা হলেও বিষয়টি অচিরেই এনকাউন্টারে (Encounter) পরিণত হয় কারণ গোপন ঘাঁটি থেকে জঙ্গিরা সেনাবাহিনীর উদ্দেশে গুলি ছুড়তে শুরু করে। পাল্টা গুলি চালান জওয়ানরাও।

    আরও পড়ুন: ‘মুদ্রা’ লেনদেনে ডিজিটাল বিপ্লব ঘটাতে চলেছে ভারত, তৈরি হচ্ছে ইতিহাস

    সেনার ১৫ কর্পের তরফে ট্যুইট করে জানানো হয়, সেখানে এখনও অভিযান চলছে। সোশ্যাল মিডিয়ায় তারা লেখে, ‘কুলগামে হালানে উঁচু এলাকায় জঙ্গিরা রয়েছে, নির্দিষ্ট এই খবর পেয়ে গত ৪ অগাস্ট অভিযান শুরু করে নিরাপত্তাবাহিনী। জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ের সময়, তিন জওয়ান আহত হন। পরে তাঁদের মৃত্যু হয়। তল্লাশি অভিযান চলছে।’ এর পর পরই সেখানে আরও বাহিনী মোতায়েন করা হয়। এর আগে গত এপ্রিল ও মে মাসে ৫ কমান্ডো-সহ ১০ সেনা জওয়ান শহিদ হন। পুঞ্চ ও রাজৌরি জেলায় পৃথক এনকাউন্টারে (Kashmir Encounter) তাঁদের মৃ্ত্যু হয়। এপ্রিল মাসে রাজৌরি সেক্টরের পুঞ্চে (Poonch) সেনার একটি গাড়িতে হামলা চালায় জঙ্গিরা। প্রসঙ্গত, এই দুই এলাকা গত দুই দশক ধরে জঙ্গিমুক্ত বলে ধরা হয়।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Gyanvapi Mosque: কঠোর নিরাপত্তা! জ্ঞানবাপী মসজিদ চত্বরে এএসআই-এর ‘বৈজ্ঞানিক সমীক্ষা’ শুরু

    Gyanvapi Mosque: কঠোর নিরাপত্তা! জ্ঞানবাপী মসজিদ চত্বরে এএসআই-এর ‘বৈজ্ঞানিক সমীক্ষা’ শুরু

    মাধ্যম নিউজ ডেস্ক: বারাণসীর জ্ঞানবাপী মসজিদে (Gyanvapi Mosque Survey) বৈজ্ঞানিক সমীক্ষার কাজ শুরু করল ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ (ASI)। এলাহাবাদ হাইকোর্টের ছাড়পত্র পাওয়ায় শুক্রবার সকাল ৭টা থেকে কড়া নিরাপত্তার ঘেরাটোপেই শুরু হয়েছে সমীক্ষার কাজ। কয়েকটি দলে ভাগ হয়ে এএসআই-এর পুরাতত্ত্ব বিশেষজ্ঞরা জ্ঞানবাপী চত্বরে ঢুকে কাজ শুরু করেছেন। সপ্তদশ শতকে তৈরি মসজিদটি কোনও হিন্দু মন্দির ভেঙে গড়া হয়েছে কিনা, তা পরীক্ষা করে দেখবেন প্রত্নতাত্ত্বিক বিশেষজ্ঞরা। এএসআই-এর দলের সঙ্গে  হিন্দু পক্ষের প্রতিনিধি হিসেবে রয়েছেন আইনজীবী সুধাকর ত্রিপাঠী। বৈজ্ঞানিক সমীক্ষার কাজ বয়কট করেছে মসজিদ কমিটি। ফলে তাদের কোনও প্রতিনিধি উপস্থিত নেই। 

    সুপ্রিম কোর্টের দ্বারস্থ মসজিদ কমিটি

    বারাণসী জেলা আদালতের বিচারক অজয় কুমার বিশ্বেসের নির্দেশ অনুযায়ী, এদিনই সমীক্ষা রিপোর্ট পেশ করার কথা ছিল ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণের। কিন্তু আইনি লড়াই পেরিয়ে যেহেতু এদিনই সমীক্ষার কাজ শুরু হয়েছে, তাই কবে ওই রিপোর্ট জেলা আদালতে জমা পড়বে তা নিয়ে মুখ খুলতে চাননি সমীক্ষার দায়িত্বে থাকা এএসআই আধিকারিকরা। এদিকে, হাইকোর্টের রায়ের উপর স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে মুসলিম পক্ষ। শীর্ষ আদালতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় জরুরি ভিত্তিতে আবেদন শুনবেন। মুসলিম পক্ষের দাবি, এই জরিপ (Gyanvapi Mosque Survey) আইন বিরুদ্ধ এবং এতে মসজিদের ক্ষতি হতে পারে। যদিও এলাহাবাদ হাইকোর্ট বৃহস্পতিবারের রায়ে স্পষ্ট বলেছে, জরিপের সময় কোনও ধরনের খনন কাজ করা যাবে না। মসজিদের একটি ইটও সরানো যাবে না।

    আরও পড়ুন: ফের উত্তপ্ত মণিপুর! পুলিশকর্তার হত্যা, অস্ত্রাগার লুঠ বিক্ষোভকারীদের

    কঠোর নিরাপত্তা ব্যবস্থা

    এলাহাবাদ হাইকোর্টের রায় এবং জরিপ ঘিরে বারাণসীতে হাই অ্যালার্ট জারি হয়েছে। কাশী বিশ্বনাথ মন্দির (Kashi Vishwanath Temple) এবং জ্ঞানবাপী মসজিদ (Gyanvapi Mosque Survey) পরিসরে মোবাইল নিয়ে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে ৭ অগাস্ট সোমবার পর্যন্ত। জ্ঞানবাপী মসজিদটি বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দিরের পাশে অবস্থিত। মন্দির ভেঙে মসজিদটি তৈরি হয়েছে বলে অভিযোগ করে মামলা করে হিন্দু সংগঠন। মসজিদের স্থানে আগে হিন্দু মন্দির ছিল কিনা, তা খতিয়ে দেখতে বৈজ্ঞানিক সমীক্ষা দাবি ওঠে। সেই থেকেই শুরু বিতর্ক। মসজিদ চত্বরের পাশ থেকেই কাশী বিশ্বনাথ মন্দিরের করিডরে প্রবেশ করেন শয়ে শয়ে ভক্ত। কোনওভাবে যাতে তাঁরা এই এএসআই-এর সার্ভে ক্যামেরাবন্দি না করে বসেন, তা আটকাতেই এই নির্দেশিকা জারি করা হয়েছে। ৭ অগাস্ট পর্যন্ত এএসআই-এর সার্ভে চলাকালীন জারি থাকবে এই নিষেধাজ্ঞা। আপাতত বিশ্বনাথ করিডরের গঙ্গাদ্বার পর্যন্ত মোবাইল নিয়ে যাওয়ার অনুমতি রয়েছে ভক্তদের। কিন্তু, তার বেশি মোবাইল নিয়ে যাওয়ার চেষ্টা হলে আটকাবে বারাণসী পুলিশ। শহরে বিপুল সংখ্যায় পুলিশ মোতায়েন করা হয়েছে। জরিপ চলাকালে জ্ঞানবাপীতে জুম্মার নমাজ চলবে। শহরের অন্য মসজিদ, মন্দিরেও নিরাপত্তা বাড়ানো হয়েছে।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share