Author: শুভ্র চট্টোপাধ্যায়

  • SSC Recruitment: আদালতের নির্দেশে ৫৭৫৭ জনের তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

    SSC Recruitment: আদালতের নির্দেশে ৫৭৫৭ জনের তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রকাশিত হল ২০১৬ সালের একাদশ ও দ্বাদশ শ্রেণির (SSC) নিয়োগের তালিকা। কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশে বৃহস্পতিবার পূর্ণ তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (SSC)। কোনও নিয়োগের পিছনে দুর্নীতি আছে কি না, তা জানতে ২০১৬ সালের একাদশ-দ্বাদশের মেধাতালিকা ও সম্পূর্ণ তথ্য প্রকাশ করার আর্জি জানিয়েছিলেন ববিতা সরকার। সিঙ্গল বেঞ্চ তালিকা প্রকাশের নির্দেশ দেওয়ার পর ডিভিশন বেঞ্চও বহাল রাখে সেই নির্দেশ। সেইমতো তালিকা প্রকাশ করা হল। 

    কী কী রয়েছে তালিকায়

    স্কুল সার্ভিস কমিশনের তালিকায় মোট ৫৭৫৭ জনের নাম ও তথ্য প্রকাশ করা হয়েছে। ৫৭৫৭ জনের নাম ছাড়াও স্কুল, জেলা, বিষয়েরও উল্লেখ রয়েছে। প্রসঙ্গত, নিজের চাকরি হারানোর পর তা পুনরায় ফিরে পেতে মরিয়া চেষ্টা চালাচ্ছেন ববিতা। ববিতার বক্তব্য ছিল, ২০১৬-র পরীক্ষার ভিত্তিতে নিয়োগ হয়েছে এমন কারও চাকরি নিয়ে যদি প্রশ্ন ওঠে, যদি তালিকা প্রকাশ্যে আসলে দুর্নীতি ধরা পড়ে সে ক্ষেত্রে চাকরির সুযোগ পেতে পারেন তিনি। তাই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এজলাসে মেধাতালিকা ও ওএমআর প্রকাশের আবেদন জানিয়েছিলেন তিনি।

    আরও পড়ুন: রাজ্যে কেন্দ্রীয় বাহিনীর মেয়াদ কি বাড়ানো যায়? কেন্দ্রের কাছে জানতে চাইল হাইকোর্ট

    বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ববিতার আর্জি মঞ্জুর করে তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছিলেন। এরপর সিঙ্গল বেঞ্চের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় স্কুল সার্ভিস কমিশন। বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ প্রশ্ন তোলে, উত্তরপত্র প্রকাশে বাধা কোথায়? তবে কারও চাকরি নিয়ে প্রশ্ন উঠলে, তাঁর বক্তব্য শুনতে হবে বলে নির্দেশে উল্লেখ করা হয়েছে। তারপরই এই তালিকা প্রকাশ করা হল। প্রসঙ্গত বিভিন্ন ক্ষেত্রে নিয়োগে যে দুর্নীতি হয়েছে, তা ইতিমধ্যেই স্বীকার করে নিয়েছে স্কুল সার্ভিস কমিশনও। এরই মধ্যে এবার সামনে এল ২০১৬ সালের একাদশ ও দ্বাদশের নিয়োগের পূর্ণ তালিকা। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     
     

  • India vs West Indies: চতুর্থ দিনে দাপট ভারতের! ত্রিনিদাদ টেস্টে জয়ের জন্য দরকার ৮ উইকেট

    India vs West Indies: চতুর্থ দিনে দাপট ভারতের! ত্রিনিদাদ টেস্টে জয়ের জন্য দরকার ৮ উইকেট

    মাধ্যম নিউজ ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে (India Vs West Indies) দ্বিতীয় টেস্টে জয়ের দোরগোড়ায় ভারত। দরকার আর মাত্র ৮ উইকেট। হাতে একটা দিন। বৃষ্টি বাধ না আসলে এই ম্যাচ জেতা উচিত ভারতেরই। সেক্ষেত্রে প্রতিপক্ষকে হোয়াইট ওয়াশ করবেন রোহিতরা।

    সিরাজের দাপট

    প্রথম ইনিংসে ভারতের ৪৩৮ রানের জবাবে ওয়েস্ট ইন্ডিজ তোলে ২৫৬ রান। রবিবার, ম্যাচের চতুর্থ দিনের শুরুতেই তাসের ঘরের মতো ভেঙে পরে ক্যারিবিয়ান ব্যাটিং। ভারতীয় পেসার মহম্মদ সিরাজের আগুনে বোলিংয়ের সামনে দাঁড়াতে পারেননি ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা। ওয়েস্ট ইন্ডিজ ৫ উইকেটে ২২৯ রান নিয়ে শুরু করেছিল। কিন্তু তাদের প্রথম ইনিংস ২৫৫ রানেই থেমে যায়। অর্থাৎ ২৬ রানে শেষ পাঁচটি উইকেট পড়ে কারিবিয়ান ব্রিগেডের। সিরাজ ৫টি ও জাদেজা এবং মুকেশ কুমার ২ টি করে উইকেট পেয়েছেন।

    দ্রুত রান ভারতের

    দ্বিতীয় ইনিংসে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। টি ২০ মেজাজে ব্যাট করেন তিনি। হাফ সেঞ্চুরি পূর্ণ করতে তাঁর লাগে মাত্র ৩৫টি বল। টেস্ট ক্রিকেটে এটা রোহিতের দ্রুততম অর্ধশতরান। ভারতীয় দলের লক্ষ্য ছিল দ্রুত ইনিংস ছেড়ে দেওয়া। ১৮৩ রানের লিড থাকায় রোহিত জিততে মরিয়া হয়ে উঠেছেন। ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে রোহিত (৫৭) ছাড়াও হাফ সেঞ্চুরি করেন ঈশান কিষান (৫২)। জয়সওয়াল ৩৭ করে আউট হন। গিল অপরাজিত থাকেন ২৯ রানে। ২ উইকেটে ১৮১ রান তুলে দ্বিতীয় ইনিংস ছেড়ে দেয় ভারত।

    আরও পড়ুন: গাভাসকরের সঙ্গে কোহলির মিল, বিরাট-আবেগে ভাসলেন ক্যারিবিয়ান কিপারের মা

    জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজের ৩৬৫ রান প্রয়োজন। যে কোনও পিচেই চতুর্থ ইনিংসে ব্যাট করা কঠিন। মিলেছে তার প্রমাণ। এর মধ্যে ওয়েস্ট ইন্ডিজের ২ জন ব্যাটসম্যান ড্রেসিং রুমে ফিরে গিয়েছেন। আপাতত স্কোর ৭৬/২। আরও ২৮৯ রান দরকার। আউট হয়েছেন ক্যাপ্টেন ব্রেথওয়েট (২৮) ও মাকেঞ্জি (০)। জুনিয়র চন্দ্রপল ২৪ ও ব্ল্যাকউড ২০ রানে ক্রিজে। ভারতের হয়ে দুটো উইকেটই নিয়েছেন স্পিনার রবিচন্দ্রন অশ্বিন।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Calcutta High Court: রাজ্যে কেন্দ্রীয় বাহিনীর মেয়াদ কি বাড়ানো যায়? কেন্দ্রের কাছে জানতে চাইল হাইকোর্ট

    Calcutta High Court: রাজ্যে কেন্দ্রীয় বাহিনীর মেয়াদ কি বাড়ানো যায়? কেন্দ্রের কাছে জানতে চাইল হাইকোর্ট

    মাধ্যম নিউজ ডেস্ক: পঞ্চায়েত ভোটের পর এখনও রাজ্যের  আইন শৃঙ্খলা পরিস্থিতি  পুরোপুরি স্বাভাবিক হয়নি বলে দাবি বিজেপির। প্রতিদিন জেলার বিভিন্ন প্রান্ত থেকে ভোট পরবর্তী হিংসার খবর আসছে। তাই রাজ্যে আরও এক মাস কেন্দ্রীয় বাহিনী রাখার জন্য কলকাতা হাইকোর্টে আবেদন জানাল বিজেপি। সেই আর্জি শুনেই  রাজ্যে আরও চার সপ্তাহ  কেন্দ্রীয় বাহিনী রাখা যায় কি না কেন্দ্রকে বিবেচনা করে দেখতে বলল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। 

    কেন্দ্রীয় বাহিনী চলে গেলে সমস্যা

    এই বিষয়ে শুক্রবার কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতি (Chief Justice) টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন বিজেপি নেত্রী তথা আইনজীবী প্রিয়ঙ্কা টিবরেওয়াল। আদালতে প্রিয়াঙ্কা বলেন, “এখনও বিভিন্ন জায়গায় মহিলা শিশুরা আক্রান্ত হচ্ছে। বিজেপি কর্মীরা ঘর ছাড়া। বহু এলাকায় এখনও হিংসাত্মক ঘটনা ঘটছে। তাই রাজ্যের মানুষের নিরাপত্তার স্বার্থেই আরও চার সপ্তাহ কেন্দ্রীয় বাহিনী রাখা হোক।” কেন্দ্রীয় বাহিনী চলে গেলে সমস্যা আরও বাড়তে পারে বলে দাবি করেন তিনি। 

    আরও পড়ুন: ট্যুইটারে জনপ্রিয়তার নিরিখে বাইডেন-সুনককে পিছনে ফেললেন মোদি

    কী বলছে আদালত

    শুক্রবার সেই মামলার শুনানির সময়,  হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ জানায়, ভোটের ফল প্রকাশের পরে প্রথম ১০ দিনের জন্য কেন্দ্রীয় বাহিনী রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। আরও রাখতে হলে কেন্দ্রের মতামত নিতে হবে। তারাই সিদ্ধান্ত নিক। কেন্দ্রীয় বাহিনী স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে। তাই এই পরিস্থিতিতে আদালত (Calcutta High Court) কোনও নির্দেশ দিতে পারব না। তবে হাইকোর্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করতে পারে। তার পরে বাহিনী রাখা হবে কিনা, সেটা তাদের উপর নির্ভর করছে। আদালতের নির্দেশ অনুযায়ী, ২২ জুলাই কেন্দ্রীয় বাহিনীর এ রাজ্যে থাকার মেয়াদ শেষ হচ্ছে। এরপর আর কেন্দ্রীয় বাহিনী থাকবে কি না তা নিয়ে কেন্দ্র সিদ্ধান্ত নিয়ে আদালতকে জানাবে। সোমবার ফের এই মামলার শুনানি হবে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Narendra Modi: ট্যুইটারে জনপ্রিয়তার নিরিখে বাইডেন-সুনককে পিছনে ফেললেন মোদি 

    Narendra Modi: ট্যুইটারে জনপ্রিয়তার নিরিখে বাইডেন-সুনককে পিছনে ফেললেন মোদি 

    মাধ্যম নিউজ ডেস্ক: সোশ্যাল মিডিয়া ট্যুইটারে সক্রিয় বর্তমান বিশ্ব নেতাদের মধ্যে জনপ্রিয়তার শীর্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তাঁর ফলোয়ারের সংখ্যা ৯০ মিলিয়ন ছাড়াল। সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তায় ভারতের প্রধানমন্ত্রী মোদির অনেক পিছনে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ফলোয়ারের সংখ্যা ৩৭.৩ মিলিয়ন। ২ মিলিয়ন ফলোয়ার ব্রিটিশ প্রধানমন্ত্রীর। 

    শীর্ষে ইলন মাস্ক

    সাম্প্রতিক একটি গবেষণায় জনপ্রিয়তার শীর্ষে থাকা বিশ্বের ১০ জন ব্যক্তির তালিকা প্রকাশ করা হয়েছে। সক্রিয় বিশ্ব নেতাদের মধ্যে মোদির (Narendra Modi) জনপ্রিয়তা সবচেয়ে বেশি হলেও, তালিকায় তিনি রয়েছেন অষ্টম স্থানে। শীর্ষে আছেন ট্যুইটার কর্ণধার ইলন মাস্ক। তাঁর ফলোয়ার সংখ্যা ১৪৭ মিলিয়ন। এছাড়া, উল্লেখযোগ্যদের মধ্যে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, গায়ক জাস্টিন বিবার এবং পর্তুগালের জনপ্রিয় ফুটবলার ক্রিশ্চিয়ানো রোলান্ডোর ভিউয়ার সংখ্যা যথাক্রমে ১৩২.১, ১১২ এবং ১০৮.৯ মিলিয়ন।

    আরও পড়ুন: আজ জেলায় জেলায় বিজেপির বিডিও অফিস ঘেরাও অভিযান

    জানা গেছে, ট্যুইটারে মোদির (Narendra Modi) ৯০.২ মিলিয়ন ফলোয়ারের মধ্যে সবেচেয়ে বেশি আছেন ভারতীয়। তাঁর অনুসরণকারীদের তালিকায় রয়েছেন ইলন মাস্কও। ২০০৯ সালে ট্যুইটার অ্যাকাউন্ট খুলেছিলেন নমো। সেই সময় এক বছরের মধ্যে তাঁর ফোলায়ার সংখ্যা লাফিয়ে ১ লক্ষ অতিক্রম করে। ২০২০ সালে মোদির ফলোয়ার সংখ্যা বৃদ্ধি পেয়ে হয় ৬০ মিলিয়ন। মোদির পরেই আছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর ফলোয়ারের সংখ্যা ৮৬.৬। আর মার্কিন গায়ক ও অভিনেত্রী লেডি গাগার ফলোয়ার সংখ্যা ৮৪.১ মিলিয়ন। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Panchayat Election 2023: ‘ভোট-সন্ত্রাস’-এর তদন্তে ফের রাজ্যে বিজেপির প্রতিনিধি দল

    Panchayat Election 2023: ‘ভোট-সন্ত্রাস’-এর তদন্তে ফের রাজ্যে বিজেপির প্রতিনিধি দল

    মাধ্যম নিউজ ডেস্ক: পঞ্চায়েত ভোট (Panchayat Election 2023) পরবর্তী ‘হিংসা’র ঘটনা সরেজমিনে ফের রাজ্যে কেন্দ্রীয় প্রতিনিধি দল পাঠাচ্ছে বিজেপি (BJP)। এ বার তফসিলি সম্প্রদায়ের পাঁচ সাংসদের দল গড়ে দিলেন দলের সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা। দলটি খুব শীঘ্রই রাজ্যে আসবে। ওই দলে থাকবেন— বিনোদ সোনকর, সুরেশ কশ্যপ, এস মুনিস্বামী, মনোজ রাজোরিয়া এবং বিনোদ চাবড়া। বিভিন্ন ভোটে হিংসার অভিযোগ রয়েছে যে সব এলাকায়, সে রকম কিছু এলাকা ঘুরে দেখবেন সাংসদীয় প্রতিনিধিরা। তাঁরা কথা বলবেন, হিংসা আক্রান্ত ব্যক্তিদের পরিবারের সঙ্গে। 

    রাজ্যে তৃতীয় প্রতিনিধি দল

    পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) পর রাজ্যে এই নিয়ে তৃতীয় বার প্রতিনিধি দল পাঠাতে চলেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। এর আগে ভোট গণনার দিনই একটি সংসদীয় প্রতিনিধি দল পাঠানো হয় রাজ্যে। যে দলের নেতৃত্বে ছিলেন বর্ষীয়ান বিজেপি সাংসদ রবিশঙ্কর প্রসাদ। এ ছাড়া ওই দলে ছিলেন সাংসদ ডঃ রাজদীপ রায়, সত্যপাল সিং এবং রেখা ভার্মা। তাঁরা রাজ্যের ভোট হিংসা আক্রান্ত বেশ কয়েকটি এলাকা ঘুরে দেখেন। আক্রান্তদের সঙ্গে কথা বলে। দ্বিতীয় দফায়, রাজ্যে  পঞ্চায়েত ভোট হিংসায় মহিলারা কতটা আক্রান্ত হয়েছেন তা খতিয়ে দেখতে মহিলা সাংসদের একটি প্রতিনিধি দল পাঠানো হয়। এই প্রতিনিধি দলে ছিলেন রমা দেবী, কবিতা পাতিদার, অপরাজিতা সারেঙ্গি, সন্ধ্যা রায় এবং সরোজ পাণ্ডে। দুটি দলই রাজ্যে ভোট হিংসার তথ্যানুসন্ধান করে জেপি নাড্ডার কাছে রিপোর্ট জমা দিয়েছেন।

    আরও পড়ুন: আজ জেলায় জেলায় বিজেপির বিডিও অফিস ঘেরাও অভিযান

    ফল প্রকাশের পর কেটে গিয়েছে বেশ কিছু দিন। কিন্তু, এখনও প্রায়শই রাজ্যের নানা প্রান্ত থেকে আসছে হিংসার খবর। ঝরছে রক্ত। বাড়ছে মৃতের সংখ্যা। ভোট সন্ত্রাসের (Panchayat poll violence) জেরে এখনও ঘর ছাড়া বহু পরিবার। প্রশাসন সহায়তা করেনি, আতঙ্কে দিন কাটছে, অভিযোগ বহু এলাকার বাসিন্দাদের। আক্রান্তদের সঙ্গে কথা বলার পরেই তৃণমূল সরকারের বিরুদ্ধে সুর চড়াতে দেখা যায় বিজেপির আগের প্রতিনিধি দলের সদস্যদের। বহু জায়গায় উঠেছে তৃণমূল বিরোধী স্লোগানও। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • India vs West Indies: অভিষেক টেস্টে উইকেট মুকেশের! বড় রানের পথে ওয়েস্ট ইন্ডিজ

    India vs West Indies: অভিষেক টেস্টে উইকেট মুকেশের! বড় রানের পথে ওয়েস্ট ইন্ডিজ

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রথম টেস্টে নিরিখে কিছুটা ভালো বলতেই হবে। কারণ, দ্বিতীয় টেস্টে ভারতের ৪৩৮ রানের জবাবে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা কিছুটা হলেও লড়ছে। আর সেটা সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন অধিনায়ক তথা ওপেনার ক্রইগ ব্রেথওয়েট। ২০১ বলে এখনও পর্যন্ত তাঁর সংগ্রহ ৬৭ রান। ব্রেথওয়েটের সঙ্গে ক্রিজে আছেন জেরমাইন ব্ল্যাকউড। তাঁর সংগ্রহ ৮ রান।

    উইকেট মুকেশের

    শনিবার ছিল ম্যাচের তৃতীয় দিন। ১ উইকেটে ৮৬ রান নিয়ে শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। ব্রেথওয়েট ও ম্যাকেঞ্জি বেশ ভালোই মোকাবিলা করেন ভারতীয় বোলারদের। সহজেই তারা একশো রানের গণ্ডিও টপকে যায়। আসলে ভারতীয় বোলিংয়ে তেমন ধার দেখা যাচ্ছিল না। মেঘাচ্ছন্ন পরিবেশের সুবিধা নিতে পারছিলেন না সিরাজ, উনাদকাটরা। অবশেষে জুটি ভাঙেন মুকেশ কুমার। বাংলা দলের এই পেসারটি এটি অভিষেক টেস্ট। শার্দূল ঠাকুরের চোট। তাই তিনি সুযোগ পেয়েছেন। আর তার সদ্বব্যবহারও করলেন মুকেশ। ম্যাকেঞ্জি ৩২ রানে মুকেশের বলে কট বিহাইন্ড হন। তারপর শুরু হয় বৃষ্টি। ফলে আগামা লাঞ্চ ঘোষণা করেন আম্পায়াররা।

    আরও পড়ুন: গাভাসকরের সঙ্গে কোহলির মিল, বিরাট-আবেগে ভাসলেন ক্যারিবিয়ান কিপারের মা

    এই প্রতিবেদন লেখা অবধি ওয়েস্ট ইন্ডিজ ৬৪ ওভারে ২ উইকেট হারিয়ে তুলেছে ১৪১ রান। গত টেস্টে ক্যারিবিয়ানরা ইনিংসে হেরেছিল। সেই লজ্জা কাটিয়ে উঠতে মরিয়া ব্রেথওয়েটরা। ম্যাচটি ড্র হলেও নৈতিক জয় হবে ওয়েস্ট ইন্ডিজের। কারণ, অনেকেরই ধারণা ভারত সিরিজ জিতবে ২-০ ব্যবধানে। তবে ডোমিনিকা টেসেট ভারতীয় স্পিনারদের যে দাপট দেখা গিয়েছিল, পোর্ট অব স্পেনে তা উধাও। গত টেস্টে অশ্বিন ১২ টি উইকেট নিয়েছিলেন। কিন্তু এই ম্যাচে তিনি এখনও খাতা খুলতে পারেননি। ২২ ওভার হাত ঘুরিয়ে ৮টি মেডেন সহ ৩৫ রান দিয়েছেন। আর এক স্পিনার রবীন্দ্র জাদেজা এখনও অবধি একটি উইকেটই ঝুলিতে পুরতে সক্ষম হয়েছেন। তাও এসেছিল শুক্রবার, দ্বিতীয় দিনে। জাদেজা ১০ ওভারে ১২ রান দিয়েছেন। তাঁর বলে আউট হয়েছেন জুনিয়র চন্দ্রপল।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • BJP BDO Office Gherao: আজ জেলায় জেলায় বিজেপির বিডিও অফিস ঘেরাও অভিযান

    BJP BDO Office Gherao: আজ জেলায় জেলায় বিজেপির বিডিও অফিস ঘেরাও অভিযান

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ, শুক্রবার রাজ্যের সব বিডিও অফিস ঘেরাওয়ের (BJP BDO Office Gherao) ডাক দিয়েছে বিজেপি। জেলায় জেলায় এই কর্মসূচিতে নেতৃত্ব দেবেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ প্রমুখ। বিজেপির বিডিও ঘেরাও কর্মসূচিতে অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপর জেলা প্রশাসনও। ২১ জুলাই রাজ্যের সমস্ত ব্লক অফিসে ১৪৪ ধারা জারি করা হয়েছে। শুক্রবার সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত জারি থাকবে ১৪৪ ধারা। বৃহস্পতিবার এই মর্মে বিডিওদের নির্দেশিকা জারি করেছেন জেলাশাসক এবং মহকুমাশাসকরা।

    বিজেপির কর্মসূচি

    একুশে জুলাই কলকাতায় তৃণমূলের শহিদ দিবস। আর এই দিনেই পাল্টা কর্মসূচি নিয়েছে বঙ্গ বিজেপি (BJP BDO Office Gherao)। জেলায় জেলায় এই কর্মসূচিতে বাধা দিতে পারে তৃণমূল অনুমান বিজেপি কর্মী-সমর্থকদের। সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে ‘সন্ত্রাস এবং ভোট লুটের’ প্রতিবাদে বুধবার কলকাতায় বিক্ষোভ কর্মসূচি করেছিল বিজেপি। ওই কর্মসূচি থেকেই বিডিও ঘেরাওয়ের কথা ঘোষণা করেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। পঞ্চায়েত ভোটের গণনায় বিডিও-দের ভূমিকা নিয়ে নানা অভিযোগ উঠেছে। তার ভিত্তিতেই শুক্রবার বিডিও ঘেরাওয়ের ডাক দিয়েছে গেরুয়া শিবির। 

    আরও পড়ুুন: ‘কালীঘাটের কাকু’র কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করতে ইডি-কে অনুমতি হাইকোর্টের

    সক্রিয় প্রশাসন

    বিজেপির এই কর্মসূচি ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতেই বিডিও অফিসে ১৪৪ ধারা (BJP BDO Office Gherao) জারি করার কথা জানিয়েছে প্রশাসন। বিডিও অফিসের ১০০ মিটারের মধ্যে কোনও জমায়েত, স্লোগান, বিক্ষোভ দেখানো যাবে না বলে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। এই প্রসঙ্গে রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, ‘‘একটা অসহিষ্ণু প্রতিহিংসা পরায়ণ সরকার। আতঙ্ক আর হতাশা থেকে তারা এই সিদ্ধান্ত নিয়েছে। ১৪৪ ধারা জারি করে আর পঞ্চায়েতে বিডিও, পুলিশকে দিয়ে ভোট লুট করে, গণনাকেন্দ্রে কারচুপি করে তৃণমূল দীর্ঘ দিন সরকার বাঁচিয়ে রাখতে পারবে না।’’

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Panchayat Election 2023: মক্কা থেকে কীভাবে মিনাখাঁয় মনোনয়ন? সিআইডিকে তদন্তের নির্দেশ হাইকোর্টের

    Panchayat Election 2023: মক্কা থেকে কীভাবে মিনাখাঁয় মনোনয়ন? সিআইডিকে তদন্তের নির্দেশ হাইকোর্টের

    মাধ্যম নিউজ ডেস্ক: মক্কায় বসে পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Election 2023) কীভাবে মনোনয়নপত্র জমা দিলেন তৃণমূল প্রার্থী? আগেই এ নিয়ে বিস্ময় প্রকাশ করেছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। এবার সেই ঘটনার তদন্তভার সিআইডির হাতে তুলে দিল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার একক বেঞ্চ এই নির্দেশ দিয়েছেন। সিআইডির তদন্তের উপর নজরদারি চালাবেন অবসরপ্রাপ্ত বিচারপতি দেবীপ্রসাদ দে। তাঁর নেতৃত্বেই হবে তদন্ত। সিআইডির ডিআইজিকে বিষয়টি তদন্ত করে দেখে চার সপ্তাহ পর রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে বিচারপতি সিনহার একক বেঞ্চ। 

    এক মাসের মধ্যে রিপোর্ট

    মক্কা থেকে উত্তর ২৪ পরগনার মিনাখাঁয় পঞ্চায়েত ভোটের প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিয়েছিলেন তৃণমূল প্রার্থী মোহারুদ্দিন গাজি। সেই মনোনয়নপত্র আগেই বাতিল করেছিল রাজ্য নির্বাচন কমিশন। ফলে মোহারুদ্দিন পঞ্চায়েত ভোটে লড়তে পারেননি। এ বার হাইকোর্টের নির্দেশ, কী করে এমন ঘটল, তা তদন্ত করে দেখতে হবে সিআইডিকে। এক মাসের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে আদালতে। 

    আরও পড়ুন: ভুতুড়ে কাণ্ড! ভ্যানিশ ৪৩ ভোট, মাত্র ১২ ভোটে জিত তৃণমূলের

    গত ৪ জুন সৌদি আরবে তীর্থ করতে গিয়েছিলেন মোহারুদ্দিন। তিনি দেশে না ফিরলেও তাঁর মনোনয়নপত্র জমা পড়ে উত্তর ২৪ পরগনার মিনাখাঁর কুমারজোল গ্রাম পঞ্চায়েতের প্রার্থী হিসাবে। বিষয়টি নিয়ে হাইকোর্টই ইতিপূর্বে বেশ কিছু কড়া মন্তব্য করেছিল। প্রশ্ন উঠেছিল পঞ্চায়েতের রিটার্নিং অফিসার ও রাজ্য নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও। বিতর্কের আবহে ওই তৃণমূল প্রার্থীর মনোনয়নও বাতিল করে দিয়েছিল রাজ্য নির্বাচন কমিশন।কিন্তু তারপরও বেশ কিছু প্রশ্ন থেকে যাচ্ছিল। কীভাবে ওই প্রার্থী দেশে না থেকেও মনোনয়ন জমা দিলেন, সেক্ষেত্রে রিটার্নিং অফিসারের কোনও গাফিলতি ছিল কি না… এমন বেশ কিছু প্রশ্ন থেকেই যাচ্ছিল। এবার সেই মামলায় ডিআইজি সিআইডি (DIG CID) তদন্তের নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • CBI: কয়লা, গরু পাচার মামলার তদন্তকারী সিবিআই কর্তাকে হায়দরাবাদে বদলি

    CBI: কয়লা, গরু পাচার মামলার তদন্তকারী সিবিআই কর্তাকে হায়দরাবাদে বদলি

    মাধ্যম নিউজ ডেস্ক: নিয়োগ-দুর্নীতি থেকে কয়লা-গরুপাচারের তদন্ত চালানো সিবিআই-এর (CBI) দুর্নীতি দমন শাখার প্রধান (Head Of Anti Corruption Branch Transferred) তথা জয়েন্ট ডিরেক্টর এস বেণুগোপালকে বদলি করা হল। এক বছরের মাথায় বদল করা হল তাঁকে। বেণুগোপালকে পাঠানো হয়েছে সিবিআই-এর হায়দরাবাদ শাখায়। সিবিআইয়ের কলকাতা জোনের নতুন যুগ্ম অধিকর্তা হলেন  মহারাষ্ট্র ক্যাডারের অফিসার রাজেশ প্রধান।

    নয়া যুগ্ম অধিকর্তা 

    কয়লা এবং গরু পাচার তদন্তের সঙ্গে যুক্ত ছিলেন এন বেণুগোপাল। তদন্তের মাঝেই সরিয়ে দেওয়া হল তাঁকে। বেণুগোপালের পাশাপাশি যুগ্ম অধিকর্তা (নীতি) অমিত কুমারকেও বদলি করা হয়েছে। বেণুগোপালের পরিবর্তে আসা রাজেশ (Rajesh Pradhan) ২০০৩ সালের আইপিএস ক্যাডার। সিবিআইয়ের ডিআইজি পদে রয়েছেন তিনি। ডেপুটেশনের ভিত্তিতে আগামী পাঁচ বছরের জন্য তাঁকে সিবিআইয়ের কলকাতা জোনের যুগ্ম অধিকর্তা হিসাবে নিয়োগ করা হয়েছে। সিবিআই সূত্রে খবর, ২০০৩-এর ব্যাচের অফিসার রাজেশ প্রধানকে অবিলম্বে দায়িত্ব বুঝে নিতে বলা হয়েছে। 

    আরও পড়ুন: পঞ্চায়েত-হিংসার আঁচ সংসদেও! অভিনব প্রতিবাদ বাংলার বিজেপি সাংসদদের

    কেন বদলি

    গত বছর জুন মাসে সিবিআইয়ের কলকাতা জোনের যুগ্ম অধিকর্তা পদে বসানো হয় বেণুগোপালকে। তার আগে ওই পদে ছিলেন পঙ্কজ শ্রীবাস্তব। কলকাতায় নিজাম প্যালেসে সিবিআই-এর অ্যান্টি করাপশন ব্র্যাঞ্চের যে অফিস রয়েছে, সেখান থেকেই নিয়োগ দুর্নীতি, গরু পাচার, কয়লা পাচার, পুরসভার নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত চলছে। কিন্তু তদন্তের অগ্রগতি যে সন্তোষজনক নয়, তা নিয়ে একাধিক বার সরব হয়েছে আদালত। কয়েকদিন আগে পুরসভার দুর্নীতি মামলার শুনানি চলাকালীন তখনও বিচারপতি ক্ষোভপ্রকাশ করে জানান, তদন্তের কোনও রকম অগ্রগতি নেই। তার পরই দিল্লি থেকে একটি রিপোর্ট আসে বলে সিবিআই সূত্রে খবর। সেখানে বেশ কয়েকটি বিষয় জানতে চাওয়া হয়েছিল। তার পরই এই সিদ্ধান্ত সিবিআইয়ের। যা শোনা যাচ্ছে, তাতে দু’একদিনের মধ্য়েই চার্জ বুঝে নিতে পারেন রাজেশ প্রধান।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Lionel Messi: ইন্টার মায়ামির হয়ে গোল লিও-র! ছেলে হলে নাম রাখবেন মেসি, জানালেন নেইমার

    Lionel Messi: ইন্টার মায়ামির হয়ে গোল লিও-র! ছেলে হলে নাম রাখবেন মেসি, জানালেন নেইমার

    মাধ্যম নিউজ ডেস্ক: আমেরিকার মেজর সকার লিগের ক্লাব ইন্টার মায়ামির হয়ে প্রথম ম্যাচেই গোল করে দলকে জেতালেন লিওলেন মেসি। খেলার একেবারে শেষ মুহূর্তে ফ্রিকিক থেকে গোল করেন তিনি। শনিবার ভোরে ক্রুজ আজুলের বিরুদ্ধে খেলতে নামেন লিও। ম্যাচের ৫৩ মিনিটে মাঠে নামেন তিনি। ৯৫ মিনিটের মাথায় পেনাল্টি বক্সের ঠিক বাইরে মেসিকে ফাউল করেন আজুলের ফুটবলার। মেসিই ফ্রিকিক নেন। বাঁদিকের কোণে বল মেরে গোল করেন তিনি।

    অভিষেকেই গোল

    মেসির অভিষেক ম্যাচের সাক্ষী থাকতে মাঠে প্রচুর তারকা এসেছিলেন। আমেরিকার বাস্কেটবল খেলোয়াড় লেব্রন জেমস, টেনিস তারকা সেরিনা উইলিয়ামস, সাত বারের সুপার বোল চ্যাম্পিয়ন টম ব্র্যাডি, টেলিভিশন তারকা কিম কার্দাশিয়ান ছিলেন গ্যালারিতে।

    অধিনায়কের ‘আর্মব্যান্ড’ পরে নামেন মেসি। তিনি যখন নামেন তখন ইন্টার মায়ামি ১-০ গোলে এগিয়ে ছিল। ৬৫ মিনিটে গোল শোধ করে আজুল। শেষ পর্যন্ত মেসির গোলে জেতে মায়ামি। ম্যাচ শেষের পর মেসি বলেন, “আমি জানতাম যে, গোল আমাকে করতেই হবে। খেলার একদম শেষ পর্যায় ছিল ওটা। গোল করতে চেয়েছিলাম যাতে খেলা পেনাল্টিতে না গড়ায়। এই জয়টা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। আগামী দিনে আমাদের আত্মবিশ্বাস দেবে এই জয়।”

    আরও পড়ুন: গাভাসকরের সঙ্গে কোহলির মিল, বিরাট-আবেগে ভাসলেন ক্যারিবিয়ান কিপারের মা

    ছেলের নাম রাখবেন মেসি

    অন্যদিকে বন্ধু মেসির নামে নিজের ছেলের নাম রাখবেন বলে জানালেন, ব্রাজিলীয় তারকা নেইমার। ২০১৩ সালে নেইমার বার্সেলোনা যাওয়ার পর থেকেই মূলত মেসির সঙ্গে তার বন্ধুত্বের শুরু। এরপর একাধিকবার ক্লাব বদল হলেও বন্ধুত্বে ভাটা পড়েনি। মেসি-নেইমারের বন্ধুত্বে তার প্রভাব পড়েনি। দিনদিন গভীর হয়েছে সেই সম্পর্ক।

    মেসির বার্সেলোনা ছেড়ে পিএসজি যাওয়ার ক্ষেত্রেও বড় ভূমিকা ছিল নেইমারের। তাদের বন্ধুত্ব কতটা গভীর তা বোঝা গেল নেইমারের এক মন্তব্যে। ভবিষ্যতে যদি ছেলেসন্তানের বাবা হন তাহলে তার নাম এখনই ঠিক করে ফেলেছেন ব্রাজিল সুপারস্টার! নেইমার জানান ছেলে হলে নাম রাখবেন মেসি। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share