Author: শুভ্র চট্টোপাধ্যায়

  • India vs West Indies:  গাভাসকরের সঙ্গে কোহলির মিল, বিরাট-আবেগে ভাসলেন ক্যারিবিয়ান কিপারের মা

    India vs West Indies: গাভাসকরের সঙ্গে কোহলির মিল, বিরাট-আবেগে ভাসলেন ক্যারিবিয়ান কিপারের মা

    মাধ্যম নিউজ ডেস্ক: চলতি সিরিজের দ্বিতীয় টেস্টে ভারতের সামনে প্রতিরোধ গড়ে তুলছে ওয়েস্ট ইন্ডিজ (India vs West Indies)। ভারত-ওয়েস্ট ইন্ডিজ শততম টেস্ট যাতে একপেশে না হয়, তার জন্য প্রার্থনা করেছিলেন ক্রীড়াপ্রেমীরা। সেইমতোই লড়াই করছে ক্যারিবিয়ান শিবির। শততম টেস্টের প্রথম দিনের শেষে ৪ উইকেটে ২৮৮ রান করেছিল ভারত। দ্বিতীয় দিন বিরাট কোহলির সেঞ্চুরি এবং অশ্বিন-জাডেজার হাফসেঞ্চুরি। ভারতের প্রথম ইনিংস শেষ হয় ৪৩৮ রানে। জবাবে ব্যাট করতে নেমে ক্যারিবিয়ান অধিনায়ক ক্রেগ ব্রেথওয়েট এবং তেজনারায়ণ চন্দ্রপলের ওপেনিং জুটি দারুণ শুরু করে। টেস্ট ক্রিকেটের মতোই ব্যাট করেন। প্রয়োজনে বল ছেড়েছেন, তেমনই রানও করেছেন। গত ম্যাচের মতো তাড়াহুড়ো করতে দেখা যায়নি। ওপেনিং জুটিতে ৭১ রান যোগ করে তারা। দ্বিতীয় দিনের শেষে ওয়েস্ট ইন্ডিজ ১ উইকেটে ৮৬ রান তুলে নিয়েছে। অধিনায়ক ক্রেগ ব্রেথওয়েট ৩৭ রানে ক্রিজে রয়েছেন। তরুণ ব্যাটার কার্ক ম্যাকেঞ্জি ১৪ রানে ক্রিজে।

    গাভাসকরের সঙ্গে কোহলির মিল

    দিল্লিতে ভারত-ওয়েস্ট ইন্ডিজের (India vs West Indies) ৫০তম টেস্টে সুনীল গাভাসকর কেরিয়ারের ২৯তম টেস্ট সেঞ্চুরি করে ডন ব্র্যাডম্যানের নজির ছুঁয়ে ফেলেছিন। সেই টেস্টের প্রথম ইনিংসে সুনীল গাভাসকর ১২১ রান করে আউট হন। ভারত-ওয়েস্ট ইন্ডিজের ১০০তম টেস্টে তথা ত্রিনিদাদের চলতি ম্য়াচে বিরাট কোহলি কেরিয়ারের ২৯তম টেস্ট সেঞ্চুরি করে স্যার ডন ব্র্যাডম্যানকে ছুঁয়ে ফেললেন। কাকতলীয় বিষয় হল, কোহলিও এই টেস্টের প্রথম ইনিংসে ব্যক্তিগত ১২১ রানে আউট হন। ভারত-ওয়েস্ট ইন্ডিজ মাইলস্টোন টেস্টে সর্বদাই উল্লেখযোগ্য কিছু ঘটনার সাক্ষী থাকে। ২০০২ সালে কিংস্টোনে দু’দেশ নিজেদের মধ্যে ৭৫তম টেস্ট ম্যাচে মাঠে নামে। সেই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ পরাজিত করে ভারতকে। সেটিই ছিল ভারতের বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজের শেষবার টেস্ট জয়। তার পর থেকে এখনও পর্যন্ত ২১ বছরে এই নিয়ে মোট ২৫টি টেস্ট খেলছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ। চলতি টেস্ট বাদ দিলে ২৪টি ম্যাচে ভারত অপরাজিত রয়েছে। ওয়েস্ট ইন্ডিজ একটিও ম্যাচে হারাতে পারেনি টিম ইন্ডিয়াকে।

    আরও পড়ুন: ইন্টার মায়ামির হয়ে জনসমক্ষে এলেন মেসি! বার্ষিক বেতন কত জানেন?

    বিরাট-আবেগ, ভাইরাল ভিডিও

    ভারত অধিনায়ক রোহিত শর্মা এবং কোচ রাহুল দ্রাবিড় বারবার বলেছেন, দ্বিতীয় টেস্টে ওয়েস্ট ইন্ডিজ (India vs West Indies) চ্যালেঞ্জ করবে। দ্বিতীয় দিনের শেষে যেন তেমনটাই মনে হচ্ছে। এদিন দেশের বাইরে টেস্ট সেঞ্চুরির দীর্ঘ অপেক্ষা শেষ হয় বিরাট কোহলির। নিজের আন্তর্জাতিক ৫০০তম ম্যাচে সেঞ্চুরির দেখা পেয়েছেন কিং কোহলি। প্রায় সাড়ে চার বছর পর পাওয়া কোহলির সেঞ্চুরিতে বেশ সুবিধাজনক অবস্থানে আছে ভারত। ২৯তম টেস্ট সেঞ্চুরি পেতে দ্বিতীয় দিনে মাত্র ১৩ রান লাগতো কোহলির। ১৮০তম বলে কাঙ্খিত সেই সেঞ্চুরি তুলে নেন তিনি। সবমিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে এটি তার ৭৬তম সেঞ্চুরি। 

    কোহলির খুব ভক্ত ওয়েস্ট ইন্ডিজের উইকেট রক্ষক জোশুয়া দা সিলভার মা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে, দা সিলভা কোহলিকে বলছেন, তাঁর মা কোহলির ভক্ত।

    শনিবার সকালে টিম বাস থেকে নামার সময় সাংবাদিক বিমল কুমার একটি ভিডিও শেয়ার করেন, যেখানে দেখা যাচ্ছে জোশুয়া দা সিলভার মা কোহলির সঙ্গে দেখা করছেন।

    সেই বিশেষ ভক্তকে নিজের জন্য অপেক্ষা করতে দেখে ভারতীয় ক্রিকেটার আনন্দে আপ্লুত হয়ে পড়েন। কোহলিকে দেখে নিজের উত্তেজনা নিয়ন্ত্রণ করতে পারেননি এবং কোহলিকে জড়িয়ে ধরে তার গালে একটি চুম্বন করেন এছাড়া কথা বলার সময় জোশুয়ার মা কোহলিকে বলেন, তিনি অসাধারণ এবং তার সুন্দরী স্ত্রীও রয়েছে। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Poll Violence: হাওড়ায় দলের মহিলা প্রার্থীকে নিগ্রহের অভিযোগ নিয়ে তোপ সুকান্ত-শুভেন্দুর

    Poll Violence: হাওড়ায় দলের মহিলা প্রার্থীকে নিগ্রহের অভিযোগ নিয়ে তোপ সুকান্ত-শুভেন্দুর

    মাধ্যম নিউজ ডেস্ক: মণিপুরের মতোই বাংলাতেও একই ধরনের ঘটনা ঘটেছে দাবি করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। হাওড়ার পাঁচলায় দলের এক মহিলা প্রার্থীকে নিগ্রহ করার অভিযোগ তুলেছে গেরুয়া শিবির। তবে, পঞ্চায়েত ভোটের (Poll Violence) দিনের সেই ঘটনার কোনও প্রমাণ মেলেনি বলে জানিয়ে দেন রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য। ওই মন্তব্যের জন্য ডিজির সমালোচনা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 

    সুকান্তর দাবি

    শুক্রবার সাংবাদিক বৈঠক করে সুকান্ত মজুমদার বলেন, ‘আজকে মণিপুরের ঘটনা নিয়ে সকলে উত্তেজনা সৃষ্টি করছে। মণিপুরে খুব দুঃখজনক ঘটনা ঘটেছে। আমরা তার নিন্দা করছি।’ এরপরেই হাওড়া জেলার দক্ষিণ পাঁচলা এলাকার একটি ঘটনার কথা তুলে ধরেন তিনি। সুকান্ত জানান, হাওড়া জেলার পাঁচলায় বিজেপির এক গ্রাম পঞ্চায়েত প্রার্থীকে নগ্ন করে ঘোরানো হয়েছে। বিজেপির প্রার্থী হওয়ার জন্য তাঁর সঙ্গে এরকম করা হয়েছে। তাঁর কথায়, ‘এটা কি মণিপুরের থেকে কম দুঃখজনক ঘটনা? এই ঘটনার কোনও ভিডিয়ো নেই। কারণ, রাজ্যের পুলিশ, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ রাজ্যের মানুষকে ভিডিয়ো করতে অনুমতি দেয় না।’

    পুলিশের বক্তব্য

    শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে এই ঘটনা প্রসঙ্গে পুলিশের ডিজি মনোজ  মালব্য বলেন, ‘১৩ তারিখে এক মহিলা ইমেইল মারফত আমাদের কাছে অভিযোগ করেন, ৮ তারিখ বুথের ভিতর তাঁকে মারধর করা হয়। তারপর তাঁর কাপড় ছিড়ে সম্মানহানিও করা হয়। কিন্তু তার আগে কোনও অভিযোগ আসেনি। এরপর এসপি রুরাল থানাকে নির্দেশ দেওয়া হয় এফআইআর করার জন্য। ১৪ তারিখ এফআইআর করে পুলিশ। তারপর থেকে আমরা তদন্ত করে দেখেছি। কিন্তু এরকম কোনও তথ্য পাওয়া যায়নি। সব বুথে পুলিশ ছিল। ভোটের দিন চারদিকে মানুষও ছিল। ওই এলাকার মানুষকেও জিজ্ঞাসা করা হয়, কিন্তু কেউ বলতে পারেনি এইরকম কোনও ঘটনা ঘটেছে বলে।’

    আরও পড়ুন: ভারত সফরে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি! এবার থেকে দ্বীপরাষ্ট্রেও চালু ইউপিআই

    শুভেন্দুর ট্যুইট

    ডিজির এই বক্তব্যের পরই এনিয়ে ট্যুইট করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা লিখেছেন, হাওড়ার পাঁচলার (Poll Violence) ঘটনা নিয়ে মিথ্যে বলছেন মমতা পুলিশের ডিজি। বিজেপির ওই মহিলা প্রার্থীর ভয়ংকর অভিজ্ঞতার কথা শুনুন। আর তথ্য প্রমাণ পাওয়া যায়নি বলে যা বলা হচ্ছে তা বলার কারণ হল ওইসব তথ্যপ্রমাণ পেলে তা রাজ্য সরকারের বিড়ম্বনার কারণ হতো। তাই পুলিশ সেই তথ্যপ্রমাণ খুঁজে পায়নি।

    ট্যুইটে শুভেন্দু ওই মহিলা প্রার্থীর বয়ানও জুড়ে দেন। সেখানে ওই মহিলা বিজেপি প্রার্থীর দাবি, ‘বিজেপির প্রার্থী ছিলাম। আমার শাড়ি ছিঁড়ে দিয়েছে। উল্টে আমাকে চড়ও মেরেছে। থানায় অভিযোগ করতে পারিনি কারণ ওরা আমার বাড়িতে হুমকি দিচ্ছে। টিএমসির লোকেরা থ্রেট করছে। এখনও করে চলেছে। সকাল এগারোটা থেকে ছাপ্পা চালু হয়েছিল। আমাদের লোকজন ভোট দিতে পারেনি। চুলের মুঠি ধরে আমাকে বের করে দিয়েছে’।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • SSC scam: বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ বহাল! প্রকাশ করতে হবে উত্তরপত্র বলল ডিভিশন বেঞ্চ

    SSC scam: বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ বহাল! প্রকাশ করতে হবে উত্তরপত্র বলল ডিভিশন বেঞ্চ

    মাধ্যম নিউজ ডেস্ক: ২০১৬ সালের একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের পরীক্ষায় ওএমআর শিট প্রকাশের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তার নির্দেশই বহাল রাখল ডিভিশন বেঞ্চ। ২৮ জুলাইয়ের মধ্যে সমস্ত ওএমআর শিট প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রায় বহাল রাখল বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ। 

    ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ

    হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, স্কুল সার্ভিস কমিশনকে সিঙ্গেল বেঞ্চের নির্দেশ অনুযায়ী একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের পরীক্ষার ওএমআর শিট বা উত্তরপত্র প্রকাশ করতে হবে। তবে, উত্তরপত্র প্রকাশ করলেও তার উপর ভিত্তি করে কারও চাকরি এখনই বাতিল করা যাবে না বলেও জানিয়েছে ডিভিশন বেঞ্চ। এখনই কোনও চাকরি বাতিল করা যাবে না, ওএমআর শিটে কারচুপি থাকা শিক্ষকদের চাকরি বাতিল, সুপ্রিম কোর্টের এসএলপি-র ফলাফলের ওপর নির্ভর করবে। ‘সরকারি চাকরিতে এমন কারচুপির তথ্য জেনে চুপ করে থাকতে পারে না সাংবিধানিক আদালত’, পর্যবেক্ষণ বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের। 

    বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ

    গত ৭ জুলাই বিচারপতি গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন, ২০১৬ সালে একাদশ-দ্বাদশ শ্রেণির নিয়োগ প্রক্রিয়ায় যে ৫,৫০০ জনকে চাকরি দেওয়া হয়েছিল, তাঁরা-সহ ওয়েটিং লিস্টে থাকা চাকরিপ্রার্থীদের উত্তরপত্র প্রকাশ করতে হবে কমিশনকে। উত্তরপত্রের পাশাপাশি নাম, বাবার নাম, ঠিকানা, স্কুলের নাম-সহ ৯০৭ জনের তালিকা প্রকাশ করতে হবে, যাঁদের বিকৃত উত্তরপত্র উদ্ধার করেছিল সিবিআই। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে ২০১৬ সালে একাদশ-দ্বাদশ শ্রেণির নিয়োগ পরীক্ষার বিস্তারিত মেধাতালিকার প্রকাশের আবেদন করে মামলা করেন ওই বিচারপতিরই নির্দেশে চাকরি হারানো ববিতা। তাঁর দাবি, ২০১৬ সালের একাদশ-দ্বাদশ শ্রেণির নিয়োগ প্রক্রিয়ায় ৫,৫০০ জনকে নিয়োগ করা হয়েছিল। নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে ৯০৭টি বিকৃত উত্তরপত্র (ওএমআর শিট) উদ্ধার করে সিবিআই। তার মধ্যে ১৩৮ জন ছিলেন ওয়েটিং লিস্টে।

    আরও পড়ুন: ‘‘২১ জুলাই বিডিও অফিস ঘেরাও’’! মহা মিছিলের মঞ্চ থেকেই ঘোষণা সুকান্তর

    ববিতার আবেদন, একাদশ-দ্বাদশের বিস্তারিত তথ্য-সহ প্যানেল প্রকাশ পেলে কারা, কী ভাবে, কোথায় চাকরি পেয়েছেন তা পরিষ্কার হয়ে যাবে। যদি রাষ্ট্রবিজ্ঞানের প্রথম ২০ জনের মধ্যে দুর্নীতির কারণে কেউ চাকরি পেয়ে থাকেন, তবে ববিতার আবার শিক্ষিকা হওয়ার সুযোগ আসবে। তাই প্যানেল প্রকাশ করার আবেদন জানিয়েছেন তিনি। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি ২০১৬ সালে নিয়োগ পরীক্ষার মাধ্যমে চাকরি পাওয়া ৫,৫০০ জনের উত্তরপত্র প্রকাশের নির্দেশ দেন। তাঁর নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিল কমিশন।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • BJP Rally: ‘‘২১ জুলাই বিডিও অফিস ঘেরাও’’! মহা মিছিলের মঞ্চ থেকেই ঘোষণা সুকান্তর

    BJP Rally: ‘‘২১ জুলাই বিডিও অফিস ঘেরাও’’! মহা মিছিলের মঞ্চ থেকেই ঘোষণা সুকান্তর

    মাধ্যম নিউজ ডেস্ক: কলেজ স্কোয়ার থেকে রানি রাসমণি অ্যাভিনিউ পর্যন্ত বিজেপির মহা মিছিল শুরু হল। বিজেপির দাবি, পঞ্চায়েত ভোটে ১১জন দলীয় কর্মী খুন হয়েছেন। আক্রান্ত হয়েছেন সাড়ে ৩ হাজার কর্মী। তাঁদের মধ্যে ৬৫০ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। পঞ্চায়েত ভোটে ১২ হাজার ৪৯২টি বুথ দখল হয়েছে এবং ২১ হাজার বুথে ভোটই না হওয়ার অভিযোগ তুলছে বিজেপি। মিছিল শুরুর আগে মঞ্চে উঠে বক্তব্য রাখেন রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব। প্রথমে বক্তব্য রাখেন দিলীপ ঘোষ, তারপর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার-সহ প্রমুখ।

    দিলীপ ঘোষের কথায়

    বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ এদিন বলেন, “পঞ্চায়েত ভোটের নামে রাজ্যজুড়ে প্রহসন হয়েছে। আমাদের কর্মীদের মনোনয়ন ছিনিয়ে নেওয়া হয়েছে। বহু কর্মীর মৃত্যু হয়েছে। গোটা বিষয়টি কোর্টে জানিয়েছি। বিচার চলছে। জনগণ আমাদের পাশে রয়েছে। জনগণকে পাশে নিয়ে আমরা পথে নেমেছি। ভোটকেন্দ্রে সরকারি ক্ষমতাকে ব্যবহার করে সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার লুঠ করা হয়েছে। আমাদের কর্মীদের গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে। বিডিও-র নেতৃত্বে ভোট লুঠ হয়েছে। ওসি পর্যন্ত ভোট লুঠে সাহায্য করেছে। এই সমস্ত ওসি, বিডিও-দের চাকরি খেয়ে আমরা ভিখারি করে ছাড়ব, যারা গণতন্ত্রকে হত্যা করেছে। তাই আমরা জনগণকে সঙ্গে নিয়ে পথে নেমেছি। এর জন্য যতদূর যেতে হয় যাব।” তিনি আরও বলেন, “দু-দিন পরে এখানে একটা নাটক হবে শহিদ দিবসের নামে। সারা বছর রাজ্যজুড়ে লোককে মারা হয়, আর ২১ জুলাই শহিদ দিবসের নামে নাটক করা হয়। এখানে লোক আসবে না। তাই পুলিশ আর সিভিক পুলিশ ফোন করে জানছে, কত বাস লাগবে, কত লোক আসবে। মেদিনীপুরের কাউন্সিলারকেও ফোন করে কত বাস লাগবে জানছে পুলিশ।”

    শুভেন্দু অধিকারীর মত

    রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মঞ্চে উঠেই ‘ভারত মাতা কি জয় স্লোগান দিয়ে এবং তৃণমূল সুপ্রিমোর বিরুদ্ধে বিষোদ্গার করে বক্তব্য শুরু করেন। তিনি বলেন—“মাত্র ২৪ ঘণ্টার নোটিশে হাজার-হাজার বিজেপি কর্মী রাজ্যের বিভিন্ন জায়গা থেকে এই মেগা মিছিলে হাজির হয়েছেন। যদি বুকের পাটা থাকে তো এই মিছিল আটকে দেখাও। গত লোকসভা ভোটের আগেও ১৯ জানুয়ারি কলকাতায় এরকমই একটা সার্কাস হয়েছিল। সেই সময় নাম দিয়েছিলেন ইউনাইটেড ইন্ডিয়া। তার পরিণতি গোটা দেশের মানুষ দেখেছে। বাংলাতে তৃণমূল ৩৪ থেকে ২২-এ নেমেছে। আর বিজেপি ২ থেকে বেড়ে ১৮-এ পৌঁছেছে। এই পরিবারবাদী লোকেরা, দুর্নীতিগ্রস্ত পার্টিরা ইডি, সিবিআই থেকে বাঁচতে বেঙ্গালুরুতে ফাইভ স্টার মিটিং করেছে।” বিরোধী-জোটকে কটাক্ষ করে শুভেন্দু বলেন, “একদিকে মোদিজি আর অন্যদিকে, দুর্নীতিগ্রস্তরা। আগলিবার মোদিজি ৪০০ পার। আর ইন্ডিয়া নাম দিলেই স্বদেশপ্রেমী হওয়া যায় না। তাহলে ইস্ট ইন্ডিয়া কোম্পানিও ভারতে থাকত। তাই ইন্ডিয়া নাম দিয়ে বিভ্রান্ত করা যাবে না। মানুষ মোদিজির হাতেই দেশ আগামী কয়েক দশক রাখবে।”

    আরও পড়ুন: পার্থর বিরুদ্ধে তদন্তের অনুমোদন রাজ্যপালের! বাধাহীন বিচারপ্রক্রিয়া

    সুকান্ত মজুমদারের দাবি

    শুভেন্দুর মতো সুকান্ত মজুমদারও ‘ভারত মাতা কি জয় স্লোগান দিয়ে বক্তব্য শুরু করেন এবং ভোটে সন্ত্রাসের পরেও বিজেপি যে ভোট পেয়েছে তার জন্য দলীয় কর্মীদের ধন্যবাদ জানান। সিপিএম-কংগ্রেস সেটিং নিয়েও কটাক্ষ করে সুকান্ত বলেন, “ওখানে গিয়ে শুধু মিটিং-সেটিং-ইটিং করলেই হবে না। একবার গিয়ে খোঁজ নিন বাংলা থেকে কত মানুষ ওখানে কাজের জন্য যাচ্ছেন। যদি গণতন্ত্রকে বাঁচাতে হয় তাহলে এই সরকারের বিরুদ্ধে লড়াইয়ে নামতে হবে। আমাদের লড়াই এখান থেকেই শুরু হচ্ছে। যে সরকার নিজেদের পুলিশকে সুরক্ষা দিতে পারে না, সেই সরকার রাজ্যবাসীকে কি সুরক্ষা দেবে!” মেগা মিছিলের মঞ্চ থেকে তৃণমূলের শহিদ দিবসেই অর্থাৎ ২১ জুলাই বিডিও অফিস ঘেরাওয়ের ডাক দিলেন সুকান্ত মজুমদার। সকলকে এই লড়াইয়ে নামার আহ্বান জানান সুকান্ত।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Dilip Ghosh: ‘মারো আর ২ লাখ টাকা দিয়ে দাও’! বিরোধী জোটকে কটাক্ষ, রাজ্যে হিংসা নিয়ে বিস্ফোরক দিলীপ

    Dilip Ghosh: ‘মারো আর ২ লাখ টাকা দিয়ে দাও’! বিরোধী জোটকে কটাক্ষ, রাজ্যে হিংসা নিয়ে বিস্ফোরক দিলীপ

    মাধ্যম নিউজ ডেস্ক: যারা হায় গণতন্ত্র বলে সাড়া দেশ ঘুরে বেড়াচ্ছেন, তাদের রাজ্যে গণতন্ত্র মাটি চাপা পড়ে গিয়েছে। কোর্টে যেতে হয় গণতন্ত্র খুঁজতে। বিস্ফোরক মন্তব্য বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh)। রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে হিংসা ও সন্ত্রাসের প্রতিবাদে বুধবার পথে নামছে বিজেপি। যদিও এই মিছিলে পুলিশের অনুমতি মেলেনি। এ প্রসঙ্গে দিলীপ বলেন, ‘পুলিশ নিজেই অশান্তি করছে। আমরা আমাদের কর্মসূচি বহাল রাখব। পুলিশের অনুমতি না মিললেও, মহা মিছিল হবে। আমরা আমাদের কাজ করব, পুলিশ পুলিশের কাজ করবে। সাড়া দেশে গণতন্ত্রের জন্য দৌড়চ্ছেন আর রাজ্যে যে গণতন্ত্র মাটির তলায় চলে গিয়েছে। চশমার দোষ আছে।’  বিজেপির দাবি, পঞ্চায়েত ভোটে ১১জন দলীয় কর্মী খুন হয়েছেন। আক্রান্ত হয়েছেন সাড়ে ৩ হাজার কর্মী।  তাঁদের মধ্যে ৬৫০ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। পঞ্চায়েত ভোটে ১২ হাজার ৪৯২টি বুথ দখল হয়েছেএবং ২১ হাজার বুথে ভোটই না হওয়ার অভিযোগ তুলছে বিজেপি। 

    ভাঙড় অশান্তি

    ভাঙড়-অশান্তি নিয়েও মুখ খুলেছেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তিনি বলেছেন, “মমতা বন্দ্যোপাধ্যায় শান্তি চান না, তাই ভাঙড়ে শান্তি ফিরছে না। ওঁরা হস্তক্ষেপ বন্ধ করলে ভাঙড়ে নিজে থেকেই শান্তি ফিরে আসবে। নওশাদকে তো আটকে দিয়েছে। ঢুকতেই পারেনি। ওখানে মানুষ যাকে জিতিয়েছে, তাকে ঢুকতে দেওয়া হচ্ছে না। কোনও কর্মসূচি করতে দেওয়া হচ্ছে না। সাধারণ মানুষ গণতান্ত্রিক ভাবে যাদের হারিয়েছে, তারাই ওখানে নির্বাচিত প্রতিনিধিকে ঢুকতে দিচ্ছে না। বাইরে থেকে গুন্ডা মস্তান পাঠিয়ে ওখানে বোমা-গুলি-সন্ত্রাস কায়েম করেছে। অন্য জায়গার বিধায়ক ওখানে ঢুকে বসে আছে। আর ওখানকার বিধায়ককে ঢুকতে দেওয়া হচ্ছে না। দোষটা কার? যদি তৃণমূল মনে করে ওটা মুক্তাঞ্চল এবং ওখানে ওরাই দাপিয়ে বেড়াবে, তাহলে তো প্রতিরোধ হবেই। ”

    আরও পড়ুন: বন্যায় বিপর্যস্ত অসম! জীবন বাঁচাতে বন্য প্রাণীরা লোকালয়ে, আতঙ্কিত বাসিন্দারা

    মোদি-বিরোধী নয়া জোট

    মুখ্যমন্ত্রীর উদ্দেশে টিপ্পনি করে তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় একটুতেই হাওয়া খেয়ে যান। কখনও অরবিন্দ কেজরিওয়াল, কখনও নীতীশ কুমার, কখনও বা সনিয়া গান্ধী ওনাকে হাওয়া দিচ্ছেন”। দিলীপের (Dilip Ghosh) কথায়, “ওঁরা চাইছেন মমতাকে নেতা বানিয়ে নরেন্দ্র মোদির সামনে ছুঁড়ে দিতে। কেউ এরিনায় ঢুকে খেলতে চাইছেন না। যারা ঢুকেছে, তাদের অত্যন্ত দূরাবস্থা। অনেকে আর সাংসদ নেই। তাই কেউ মোদির সামনে যাবে না।”

    মোদির সঙ্গে ইন্ডিয়ার লড়াই

    দিলীপ (Dilip Ghosh) বলেন, “ভারতের সঙ্গে ইন্ডিয়ার লড়াই। মোদির সঙ্গে না। ইন্ডিয়া বিদেশি ভাবধারার একটা ভাবাদর্শ। যারা এতদিন ভারতকে গোলাম করে রেখেছিলেন, যাদের লোকেরা মনের দিক থেকে এতদিন গোলাম হয়ে থেকেছেন, তারা ইন্ডিয়ার প্রতিনিধি। আমরা তো ভারত মাতার জয় বলে শুরু করেছি। তাতে ওদের অসুবিধা হচ্ছে। ভারতের সঙ্গে এখন মোদির নাম জড়িয়ে আছে। দেশে বিদেশে সম্মান আসছে। দেশ তার নিজের আদর্শে এগোচ্ছে। তাই ভারতের জয় হবে।”

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • IND vs PAK: এমার্জিং এশিয়া কাপে আজ ভারত-পাকিস্তান! কোন চ্যানেলে, কখন দেখবেন খেলা?

    IND vs PAK: এমার্জিং এশিয়া কাপে আজ ভারত-পাকিস্তান! কোন চ্যানেলে, কখন দেখবেন খেলা?

    মাধ্যম নিউজ ডেস্ক: কিছুদিন আগেই সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবলে মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। অধিনায়ক সুনীল ছেত্রীর হ্যাটট্রিকে পাকিস্তানকে ৪-০ ব্যবধানে হারিয়েছিল ভারত। বেঙ্গালুরুতে ভারত-পাক ম্যাচ ঘিরে গ্যালারি হাউসফুল ছিল। দা ফুটবল থেকে এ বার ক্রিকেট। এমার্জিং এশিয়া কাপে আজ ভারত বনাম পাকিস্তান। আমিরশাহি ও নেপালকে হারিয়ে ইতিমধ্যেই এমার্জিং এশিয়া কাপের সেমিফাইনালে ওঠা নিশ্চিত করেছে ভারত ও পাকিস্তান। তবে খেলাটা নিয়মরক্ষার হলেও প্রতিপক্ষ ভারত-পাকিস্তান। বাইশ গজে যখন যেখানে ভারত-পাক লড়াই হয় তা নিয়ে উত্তেজনার পারদ চড়তেই থাকে।

    নজরে কারা

    ছেলেদের ক্রিকেটে এটিই বছরের প্রথম ভারত-পাকিস্তান ম্যাচ হতে চলেছে। এর পরে সিনিয়র দলের এশিয়া কাপ ও ওয়ান ডে বিশ্বকাপে দু’দল একে অপরের বিরুদ্ধে লড়াইয়ে নামবে। ভারত-পাকিস্তান, যে দল আজ জিতবে, গ্রুপ সেরা হয়েই সেমিফাইনালে যাবে তারা। ভারত প্রথম ম্যাচে আরব আমির শাহিকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছিল। সেই ম্যাচে শতরান করেছিলেন অধিনায়ক যশ ধূল। দ্বিতীয় ম্যাচে নেপালের বিরুদ্ধে ৯ উইকেটে জয় পেয়েছে ভারত। পেস বোলিং অলরাউন্ডার রাজবর্ধন হাঙ্গারকেকর, স্পিন বোলিং অলরাউন্ডার নিশান্ত সিন্ধু অনবদ্য পারফর্ম করেন। তেমনই ব্যাটিংয়ে নজর কাড়েন আইপিএলের ১৬তম সংস্করণে সাড়া ফেলে দেওয়া সাই সুদর্শন। অনবদ্য ইনিংস খেলেন আর এক উঠতি প্রতিভা অভিষেক শর্মা। ভারত-পাকিস্তানে ম্যাচের চাপ সামলে কে বা কারা নিজেদের সেরা পারফরম্যান্স মেলে ধরতে পারেন তারই অপেক্ষায় ক্রিকেট প্রেমীরা।

    আরও পড়ুন: ইন্টার মায়ামির হয়ে জনসমক্ষে এলেন মেসি! বার্ষিক বেতন কত জানেন?

    কবে, কখন, কোথায় হবে ভারত-পাকিস্তান ম্যাচ

    ১৯ জুলাই, বুধবার অনুষ্ঠিত হবে এমার্জিং এশিয়া কাপে ভারত-পাকিস্তান হাই-ভোল্টেজ ম্যাচটি। কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে ভারতীয় সময় অনুযায়ী দুপুর ২টোর সময় শুরু হবে ম্যাচ। টস অনুষ্ঠিত হবে ১টা ৩০ মিনিটে। স্টার স্পোর্টস, ফ্যান কোডে সরাসরি সম্প্রচার করা হবে ম্যাচটি।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • All Party Meeting: বিরোধী-ঐক্য নিয়ে প্রশ্ন! আজ সর্বদলীয় বৈঠকের ডাক কেন্দ্রের 

    All Party Meeting: বিরোধী-ঐক্য নিয়ে প্রশ্ন! আজ সর্বদলীয় বৈঠকের ডাক কেন্দ্রের 

    মাধ্যম নিউজ ডেস্ক: সংসদের বাদল অধিবেশন (Parliament Monsoon Session) শুরু হওয়ার আগে প্রথামাফিক সর্বদলীয় বৈঠক ডাকল কেন্দ্র। আগামিকাল, ২০ জুলাই থেকে শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন (Monsoon Session)। তার আগেই আজ বুধবার দিল্লিতে হওয়া এই সর্বদলীয় বৈঠকে (All Party Meeting) উপস্থিত থাকবেন কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যেরা। সংসদের বাদল অধিবেশন নিয়েই আলোচনা করা হবে। সমস্ত রাজনৈতিক দলের নেতৃত্বকেই আমন্ত্রণ করা হয়েছে।

    থাকবে না তৃণমূল কংগ্রেস

    সূত্রের খবর, আজকের বৈঠকে উপস্থিত থাকবেন না তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা। ২১ জুলাইয়ের শহিদ দিবসের অনুষ্ঠানে ব্যস্ত থাকার কারণেই তৃণমূলের কোনও সাংসদ উপস্থিত থাকবেন না। বেঙ্গালুরুর বিরোধী জোটের বৈঠকের পর আজকের সর্বদলীয় বৈঠকে (All Party Meeting)  বিরোধীদের মধ্যে কতটা মিলমিশ থাকে, তাই-ই নজরে থাকবে। আজকের বৈঠকে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জানা গিয়েছে, সর্বদলীয় বৈঠকের পাশাপাশি এনডিএ অন্তর্ভুক্ত সংসদীয় দলের নেতাদের সঙ্গে বৈঠক করবে বিজেপি। সংসদের বাদল অধিবেশনে কেন্দ্র কী কী বিষয় নিয়ে আলোচনা করবে, তা নিয়েই মূলত আলোচনা হবে।

    আরও পড়ুন: অনুমতি নেই পুলিশের! বুধবার কলকাতার পথে মিছিলে অনড় বিজেপি

    কী কী বিষয় নিয়ে আলোচনা

    সরকারের একটি সূত্র মারফত জানা গিয়েছে, বুধবারের বৈঠকে (All Party Meeting)  সংসদে প্রতিনিধি থাকা সব ক’টি দলের সঙ্গে আসন্ন অধিবেশনের সম্ভাব্য আলোচ্যসূচি নিয়ে আলোচনা হবে। সূত্রের খবর, এবারের অধিবেশনে ২১টি বিল পেশ করতে চলছে সরকার পক্ষ। নতুন বিলগুলির মধ্যে রয়েছে দিল্লির ক্ষমতা নিয়ন্ত্রণ সংক্রান্ত মোদি সরকারের অধ্যাদেশ বিলটিও। সর্বদলীয় বৈঠকে দিল্লি ও মণিপুর প্রসঙ্গ উঠতে পারে। চড়তে পারে উত্তেজনার পারদ। দিল্লির রাজনীতিতে গুঞ্জন যে, এই বাদল অধিবেশনেই অভিন্ন দেওয়ানি বিধি সংসদে পেশ করতে পারে সরকার। আবার দিল্লির অর্ডিন্যান্স নিয়েও আরও এক কদম এগোতে পারে কেন্দ্রের বিজেপি সরকার।  বিরোধী দলগুলির মনোভাব বুঝতে এবং নিজেদের বক্তব্য জানাতে সংসদের প্রতিটি অধিবেশন শুরুর আগেই এই ধরনের বৈঠক হয়ে থাকে। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Nawsad Siddique: ভাঙড়ে ঢুকতে বাধা! রাজ্যপাল-মুখ্যমন্ত্রীকে চিঠি নওশাদের

    Nawsad Siddique: ভাঙড়ে ঢুকতে বাধা! রাজ্যপাল-মুখ্যমন্ত্রীকে চিঠি নওশাদের

    মাধ্যম নিউজ ডেস্ক: এলাকায় জারি ১৪৪ ধারা। ভাঙড়ে প্রবেশ করতে পারছেন না সেখানকার বিধায়ক নওশাদ সিদ্দিকি (Nawsad Siddique)। তবে বিনা যুদ্ধে জমি ছাড়তে নারাজ তিনি। বললেন, ‘‘এ ভাবে বিপ্লব আটকানো যায় না।’’ভাঙড়ের পরিস্থিতি জানিয়ে, রাজ্যপাল, মুখ্যমন্ত্রী ও বিধানসভার স্পিকারকে চিঠি দিলেন তিনি। জানালেন, প্রয়োজনে কেন্দ্রেও অভিযোগ জানাবেন। 

    ভাঙড়ে শান্তিপ্রতিষ্ঠাই লক্ষ্য

    মঙ্গলবার বারুইপুর সংশোধনাগার থেকে জামিনে মুক্ত ১২ জন আইএসএফ সমর্থককে স্বাগত জানাতে যান নওশাদ সিদ্দিকি। সেখানে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নওশাদ সিদ্দিকি বলেন, ‘‘১৪৪-এর অজুহাতে আমাকে আটকানোর চেষ্টা করা হয়েছে। আমাকে আটকে রাখতে পারবে না। আমি ইতিমধ্যেই আদালতের দ্বারস্থ হয়েছি। আদালতের মাধ্যমে আমি সেখানে ছাড়পত্র পাব।’’ নওশাদের কথায়, ‘‘আমায় ১৪৪ ধারার কথা বলে যে ভাবে আটকাচ্ছে (পুলিশ), তাতে আমি রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, স্পিকার স্যার (বিধানসভার স্পিকার)— সমস্ত দফতরকে জানিয়েছি। এর পর যুক্তরাষ্ট্রীয় কাঠামো মেনে আমি কেন্দ্রের দ্বারস্থ হব। আমার লক্ষ্য, ভাঙড়ে শান্তিপ্রতিষ্ঠা করা।’’ ভাঙড়ের পরিস্থিতি সম্পর্কে বলতে গিয়ে নওশাদ বলেন,‘‘ভাঙড়ের মানুষকে যে ভাবে অশান্তির মধ্যে রাখার চেষ্টা হচ্ছে সেটাকে প্রতিহত করে, সুস্থ স্বাভাবিক জীবন যাপন যাতে ভাঙড়বাসী করতে পারেন সেটা ব্যবস্থা করব আমি। যারা শান্ত ভাঙড়বাসীকে অশান্তির মধ্যে রেখেছিল, আতঙ্কের মধ্যে রেখেছিল, যারা ভাঙড়কে রাজনৈতিক উত্তাপের শিরোনামে নিয়ে গেল, সেই সমস্ত রাজনীতির কারবারীদের আমি গণতান্ত্রিক প্রক্রিয়ায় ঘুমোতে দেব না।’’

    নওশাদের রক্ষাকবচের মেয়াদ বৃদ্ধি

    অন্যদিকে, মঙ্গলবারই ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকির রক্ষাকবচের মেয়াদ বৃদ্ধি করা হল। আগামী ২৭ জুলাই পর্যন্ত ওই রক্ষাকবচ বৃদ্ধি করা হয়েছে। মঙ্গলবার এই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি চিত্তরঞ্জন দাসের ডিভিশন বেঞ্চ। অর্থাৎ, ২৭ জুলাইয়ের আগে পর্যন্ত নওশাদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগেরর মামলায় কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ। উল্লেখ্য, পঞ্চায়েত ভোটের তিন দিন আগে, ৫ জুলাই নিউ টাউন থানায় ফুরফুরা শরিফের পিরজাদা নওশাদের বিরুদ্ধে ধর্ষণ এবং বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ দায়ের করেন এক তরুণী। তাঁকে ‘সহায়তা’ করেছিলেন সল্টলেক পুরসভার চেয়ারম্যান তথা তৃণমূলের তরফে ভাঙড়ের দায়িত্বপ্রাপ্ত তৃণমূল নেতা সব্যসাচী দত্ত। ওই অভিযোগকে ‘ষড়যন্ত্র’ বলে দাবি করেন নওশাদ। পরে জানা যায়, ডোমকল শহরে তৃণমূলের সর্বশেষ যে কমিটি ঘোষিত হয়েছিল, তাতে মোট পাঁচ জনকে সাধারণ সম্পাদক করা হয়েছিল। তার চার নম্বরে নাম ছিল নওশাদের বিরুদ্ধে অভিযোগকারিণী তরুণীর। 

  • Calcutta High Court: প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে ‘দুর্নীতি’! তদন্তের নির্দেশ হাইকোর্টের

    Calcutta High Court: প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে ‘দুর্নীতি’! তদন্তের নির্দেশ হাইকোর্টের

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে দুর্নীতির অভিযোগে দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসককে তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।  তদন্ত করে ছয় সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে আদালতে। দক্ষিণ ২৪ পরগনা জেলায় প্রকল্পের নামে টাকা নয়ছয়ের অভিযোগে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়। মঙ্গলবার সেই মামলার শুনানি ছিল প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে। 

    অনিয়মের অভিযোগ

    প্রধানমন্ত্রী আবাস যোজনার ক্ষেত্রে রাজ্যে বেনিয়ম হয়েছে বলে বিরোধীরা একাধিকবার অভিযোগ তুলেছিল। অভিযোগের জেরেই কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যে টিম পাঠিয়ে ছিল। রাজ্যের বিভিন্ন গ্রাম ঘুরে রিপোর্ট জমা দেয় কেন্দ্রীয় মন্ত্রকের কাছে। প্রধানমন্ত্রী আবাস যোজনার ক্ষেত্রে রাজ্যে বেনিয়ম হয়েছে বলে স্বীকার করেছিল কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকও ৷ জানানো হয়েছিল দুর্নীতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে কেন্দ্র ৷ প্রধানমন্ত্রী আবাস যোজনায় (PM Awas Yojana) দুর্নীতির অভিযোগে জনস্বার্থ মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)। 

    আরও পড়ুন: ‘বাংলায় কুস্তি, বেঙ্গালুরুতে দোস্তি’! বিরোধী বৈঠককে কটাক্ষ শুভেন্দুর

    আদালতের নির্দেশ

    এদিনের শুনানিতে মামলাকারীর তরফে সওয়াল করা হয়, ন্যায্য ব্যক্তি প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের সুবিধা পাচ্ছেন না। অথচ যাঁরা এই প্রকল্পের আওতায় আসছেনই না, তাঁদের নামে টাকা বরাদ্দ হয়েছে। এক ব্যক্তির বহু অ্যাকাউন্টে টাকা যাচ্ছে। আবার অনেক ক্ষেত্রে টাকা বরাদ্দ হয়েছে, অথচ টাকা পৌঁছয়নি। আবার অন্য এলাকার লোকের নামে বাড়ি বরাদ্দ হয়েছে। মামলাকারীর অভিযোগ, জেলায় আবাস যোজনার প্রাপকদের যে তালিকা তৈরি করা হয়েছে, তাতে বিস্তর গরমিল রয়েছে। আরও অভিযোগ, ন্যায্য প্রাপকদের বঞ্চিত করে বেআইনিভাবে একাধিক ব্যক্তির নাম তালিকায় তোলা হয়েছে। এরপরই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসককে অভিযোগ খতিয়ে দেখে তদন্ত করে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেন। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Suvendu Adhikari: ‘বাংলায় কুস্তি, বেঙ্গালুরুতে দোস্তি’! বিরোধী বৈঠককে কটাক্ষ শুভেন্দুর

    Suvendu Adhikari: ‘বাংলায় কুস্তি, বেঙ্গালুরুতে দোস্তি’! বিরোধী বৈঠককে কটাক্ষ শুভেন্দুর

    মাধ্যম নিউজ ডেস্ক: ‘বাংলায় কুস্তি, বেঙ্গালুরুতে দোস্তি’! বিরোধী বৈঠককে কটাক্ষ করে ট্যুইট করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বেঙ্গালুরুতে ২৬টি বিরোধী দলের বৈঠককে কটাক্ষ করে এদিন ট্যুইট করলেন শুভেন্দু। সদ্য শেষ হয়েছে বাংলায় পঞ্চায়েত নির্বাচন। তাতে সন্ত্রাস হয়েছে বলে বিস্তর অভিযোগ সব বিরোধী দলের। সেখানে কংগ্রেস–সিপিএম ওই বৈঠকে তৃণমূলের সঙ্গে একসারিতে আসায় বাম-কংগ্রেসের ওপর তলার নেতাদের  কটাক্ষ করলেন শুভেন্দু। ২০২৪ লোকসভা ভোটে বিজেপিকে পরবর্তী দফায় ঠেকাতে একজোট হচ্ছে বাম-কংগ্রেস-তৃণমূল কংগ্রেস-এনসিপি-আপ-সমাজবাদী পার্টি সহ ২৬টি দল। পাটনার প্রথম বৈঠকের পর আজ বেঙ্গালুরুতে দ্বিতীয় মেগা বৈঠক বিরোধী জোটের। তাকেই কটাক্ষ করলেন শুভেন্দু।

    আরও পড়ুুন: “দুর্নীতি ওঁদের অনুপ্রেরণা”, বেঙ্গালুরুতে বিরোধী জোটের বৈঠককে নিশানা মোদির

    বিরোধীদের খোঁচা

    শুভেন্দু এদিন বিরোধী বৈঠক প্রসঙ্গে খোঁচা দিয়ে বলেন, ‘কর্মীরা খাবে পেটো, গুলি, রড-লাঠি; আর নেতাদের বরাদ্দ মুচমুচে ফিশ ফ্রাই ? কী রাজনীতি রে ভাই ! পঞ্চায়েত নির্বাচনে বাংলার শাসকদলের তাণ্ডব আটকাতে প্রাণ দিয়েছেন দলীয় কর্মীরা। তাঁদের মৃতদেহকে উপেক্ষা করছে এই সুবিধাবাদী জোট। বহু আহত কর্মী এখনও হাসপাতালে চিকিৎসাধীন। তাঁদের সান্ত্বনা দিতে কী যুক্তি দেবেন নেতারা ? সিপিএম এবং কংগ্রেস কর্মীদের (CPM and Congress Worker) প্রতি আমার করুণা হচ্ছে। নেতারাই তাঁদের পিঠে ছুরি মারলেন।’

    বিরোধী জোট নিয়ে গতকাল ট্যুইটে তোপ দাগতে ছাড়েননি  বাংলায় বিজেপির সহ পর্যবেক্ষক  অমিত মালব্য (Amit Malviya)। তিনি বলেন, ‘পঞ্চায়েত ভোটে ৫০-এর বেশি প্রাণহানি, তালিকায় কংগ্রেস কর্মীরাও। রাহুল গান্ধী কি মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি হবেন? এত মৃত্যুর জন্য রাহুল কি অনুশোচনা করবেন, নাকি আত্মসমর্পণ করবেন? এই রাষ্ট্রীয় সন্ত্রাস নিয়ে রাহুলের নীরবতা তাঁর কাপুরুষতা ও সুযোগ সন্ধানী রাজনীতির উদাহরণ’। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     
     

LinkedIn
Share