Author: শুভ্র চট্টোপাধ্যায়

  • US visa: আমেরিকায় ঘুরতে যাবেন! জানেন ভিসা পেতে কতদিন অপেক্ষা করতে হবে?

    US visa: আমেরিকায় ঘুরতে যাবেন! জানেন ভিসা পেতে কতদিন অপেক্ষা করতে হবে?

    মাধ্যম নিউজ ডেস্ক: যাঁরা এতদিন ধরে মার্কিন মুলুকে (America) পাড়ি দেওয়ার জন্য অধীর আগ্রহে আপেক্ষা করছিলেন, তাঁদের জন্য বড়সড় সুখবর। কারণ পরের মাস থেকেই চালু হয়ে যাচ্ছে আমেরিকার পর্যটন ভিসা অ্যাপয়েন্টমেন্ট (Tourist Visa Appointment)। আমেরিকার দূতাবাসের তরফে সম্প্রতি জানানো হয়েছে যে, আগামী সেপ্টেম্বর মাস থেকে আবার ইন-পার্সন ট্যুরিস্ট ভিসা অ্যাপয়েন্টমেন্ট (In-person Tourist Visa Appointment) রুটিন শুরু হয়ে যাচ্ছে। আগে নির্ধারিত প্লেসহোল্ডার (Placeholders) অ্যাপয়েন্টমেন্টগুলিকে এখন বাতিল করা হয়েছিল। তবে চিন্তা নেই। কারণ যে-সব আবেদনকারীর প্লেসহোল্ডার অ্যাপয়েন্টমেন্ট (Placeholder Appointments) আগে বাতিল হয়ে গিয়েছে, তাঁরা এখন পুনরায় সিস্টেমে প্রবেশ করে রেগুলার অ্যাপয়েন্টমেন্ট বুক করে নিতে পারেন।

    তবে, যাঁরা ঘুরতে যেতে চান, তাঁদের আমেরিকার ভিসা পেতে অপেক্ষা করতে হবে প্রায় দেড় বছর। অর্থাৎ, যাঁরা এখন ভিসার জন্য আবেদন করছেন, তথ্য যাচাইয়ের জন্য তাঁরা ডাক পাবেন ২০২৪ সালের মার্চ-এপ্রিল মাসে। ‘ইউএস স্টেট ডিপার্টমেন্ট’-এর সরকারি ওয়েবসাইট বলছে, পর্যটন ভিসার ক্ষেত্রে আবেদনের ৫২৫ দিন পর ‘ভিসা অ্যাপয়েন্টমেন্ট’ মিলবে। ছাত্র ভিসার ক্ষেত্রে সেটি ৪৭১ দিন।

    আরও পড়ুন: ছোট থেকেই সেনায় যোগ দিতে চাইতাম! আবেগপ্রবণ প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

    আসলে বর্তমানে পড়াশোনা এবং চাকরিবাকরি সংক্রান্ত ভিসা অত্যন্ত দ্রুততার সঙ্গে পর্যালোচনা করে দেখা হচ্ছে। তাই সে-ক্ষেত্রে হয় তো আর একটু অপেক্ষা করতে হতে পারে ট্যুরিস্ট ভিসার জন্য আবেদনকারীদের, এমনটাই জানানো হয়েছে।

    আরও পড়ুন: “করোনা ভাইরাস ক্লান্ত নয়, আগামী মাসে ফের বাড়বে আক্রান্তের সংখ্যা”, সতর্কবার্তা ‘হু’ প্রধানের

    বিভিন্ন শহরের ক্ষেত্রেও সময়সীমার পার্থক্য দেখা যাচ্ছে। চেন্নাই থেকে পর্যটন ভিসার আবেদন করলে তা হাতে পেতে অপেক্ষা করতে হবে ৫৫৭ দিন। হায়দরাবাদ থেকে করলে ৫১৮ দিন। আমেরিকার দূতাবাস থেকেই মূলত কাগজপত্র যাচাইয়ের জন্য ডাকা হয়। আবেদনের কত দিন পর, তথ্য যাচাইয়ের ডাক পাওয়া যাবে, তা অনেকাংশে নির্ভর করে আমেরিকান দূতাবাসে কাজের চাপ এবং কর্মী বহুলতার উপর।

  • Russia-Ukraine war: ইউক্রেনের পারমাণবিক কেন্দ্রে হামলা! শান্তি রক্ষায় এগিয়ে আসুক দুপক্ষ, আর্জি ভারতের

    Russia-Ukraine war: ইউক্রেনের পারমাণবিক কেন্দ্রে হামলা! শান্তি রক্ষায় এগিয়ে আসুক দুপক্ষ, আর্জি ভারতের

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের ইউক্রেনের পরমাণু কেন্দ্রে মিসাইল হামলা। ইউক্রেনের জাপরজাই (Zaporizhzhia Nuclear Power Plant) পরমাণু কেন্দ্রে বৃহস্পতিবার ১০ বার হামলার ঘটনা ঘটেছে। ইউরোপের বৃহত্তম বিদ্যুৎ কেন্দ্রের কার্যালয় ও ফায়ার স্টেশনে এর আগে গত শনিবারও হামলা চলে। ইউক্রেন ও রাশিয়া এই হামলার জন্য একে অপরকে দোষারোপ করছে।

    ফেব্রুয়ারির ২৪ তারিখ ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ শুরু করে রাশিয়া। বিগত পাঁচ মাস ধরে লড়াই চালিয়ে ইউক্রেনের বিভিন্ন স্থান নিজেদের দখলে নিয়েছে রাশিয়ার সেনা। ইউক্রেন তথা ইউরোপের বৃহত্তম জাপরজাই পরমাণু কেন্দ্রটির নিয়ন্ত্রণ এখন পুতিন বাহিনীর হাতে। এই এলাকা ঘিরে তীব্র লড়াই চলছে দুই পক্ষের। গত শনিবার পারমাণবিক কেন্দ্রটিতে আছড়ে পড়ে একাধিক ক্ষেপণাস্ত্র। এরফলে ক্ষতিগ্রস্ত হয়েছে কেন্দ্রটির তিনটি রেডিয়েশন সেন্সর। আহত হয়েছে এক কর্মীও। বৃহস্পতিবারও একই ধরনের হামলা চলে।

    আরও পড়ুন: চিনা ঋণের ফাঁদ থেকে সাবধান! সতর্কবার্তা বাংলাদেশি মন্ত্রীর

    ওই অঞ্চলের রাশিয়া (Russia) নিয়ন্ত্রিত প্রশাসনের দাবি, পারমাণবিক কেন্দ্রে রকেট লঞ্চার দিয়ে হামলা চালায় ইউক্রেনের বাহিনী। এতে কেন্দ্রটির একটি বিল্ডিং ও ব্যবহৃত আণবিক জ্বালানির রাখার একটি গুদাম ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে, এই হামলার নেপথ্যে রাশিয়া রয়েছে বলে পালটা অভিযোগ করেছেন ইউক্রেনের (Ukraine) প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। তাঁর অভিযোগ, ‘আণবিক সন্ত্রাসবাদ’ ছড়াতে চাইছে রুশ ফৌজ। একইসঙ্গে, মস্কোর পরমাণু প্রকল্পের উপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞার আবেদন জানান তিনি।

    আরও পড়ুন: আগ্রহী খোদ আমেরিকা, ন্যাটোর অন্তর্ভুক্ত হচ্ছে মোদির দেশ?

    বিশ্লেষকদের মতে, জাপরজাই পরমাণু কেন্দ্রে যেভাবে পরপর মিসাইল হামলা হয়েছে তাতে যে কোনও মুহূর্তে ভয়াবহ বিপর্যয় ঘটে যেতে পারে। বিশেষজ্ঞদের আশঙ্কা, যে কোনও মুহূর্তে হতে পারে চেরনোবিল দুর্ঘটনার পুনরাবৃত্তি। রাষ্ট্রসংঘের প্রধান অ্যান্তনিও গুতেরেস বলেন, “আণবিক কেন্দ্রের হামলা চালানো আত্মহত্যার শামিল।” ভারতও পরমাণু কেন্দ্রে হামলা চালানোর ঘটনার নিন্দা করেছে। দুপক্ষকে শান্তি রক্ষার্থে আহ্বান জানিয়েছে দিল্লি। আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের কথাও বলা হয়েছে।

  • Al Qaeda terrorist in Assam: অসমে ফের আলকায়দা জঙ্গির খোঁজ! যোগ মধ্যপ্রদেশ, বাংলার সঙ্গেও

    Al Qaeda terrorist in Assam: অসমে ফের আলকায়দা জঙ্গির খোঁজ! যোগ মধ্যপ্রদেশ, বাংলার সঙ্গেও

    মাধ্যম নিউজ ডেস্ক: আল-কায়দার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে অসমে আবার একজনকে গ্রেফতার করা হল। বৃহস্পতিবার তাকে গ্রেফতার করে অসম পুলিশ। গোয়ালপাড়ার পুলিশ সুপার ভি ভি রাকেশ রেড্ডি (VV Rakesh Reddy) জানান, ধৃতের নাম আব্দুস চোবাহান (Abdus Chowahan)। তাঁকে বঙ্গাইগাঁও জেলার জোগিঘোপা (Jogighopa) থানার এলাকা থেকে গ্রেফতার করা হয়। ওই ব্যক্তি আল কায়দা ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট (Al-Qaeda Indian Subcontinent) এবং আনসারুল্লা বাংলা টিম (Ansarullah Bangla Team) এর সঙ্গে যুক্ত বলে জানিয়েছে পুলিশ। কয়েকদিন আগেই ওই এলাকা থেকে জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করা হয় দুই ইমামকে। আব্দুসের সঙ্গে ওই দুই ইমামের ঘনিষ্ঠ সম্পর্ক আছে বলেও জানিয়েছেন গোয়ালপাড়ার পুলিশ সুপার। 

    আরও পড়ুন: সামান্য রং-মিস্ত্রি থেকে দুবাইয়ে হোটেল-মালিক! পার্থ-ঘনিষ্ঠর উল্কাবেগে উত্থানে তাজ্জব সিবিআই

    বৃহস্পতিবার গোপন সূত্রে খবর পেয়ে জঙ্গিদের বিভিন্ন ডেরায় অভিযান চালায় অসম পুলিশ। এর ফলে তারা জানতে পারে রাজ্যের বিভিন্ন জায়গায়  নাশকতার ছক কষছিল এই জঙ্গীরা। এই উদ্দেশে অসমে প্রশিক্ষণ ক্যাম্পও স্থাপন করেছিল তারা। এদিন অভিযানের সময় জঙ্গিদের কার্যকলাপ ও পরিকল্পনা সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আসে অসম পুলিশের হাতে। পুলিশ সূত্রে খবর, কয়েক বছর আগে ৬জন বাংলাদেশী সন্ত্রাসবাদী অসমে প্রবেশ  করে। এদের মূল লক্ষ ছিল অসমের চর এলাকা এবং মুসলিম অধ্যুষিত গ্রামগুলি। 

    আরও পড়ুন: বেঙ্গালুরুর সেই ইদগাহ ময়দানে এবার গণেশ চতুর্থী পালনের অনুমতি হাইকোর্টের

    ডিজিপি অসম ভাস্কর জ্যোতি মহন্ত জানিয়েছেন, “ইতিমধ্যেই আল-কায়েদার সঙ্গে যুক্ত ৩৪ জনেরও বেশি লোককে গ্রেফতার করা হয়েছে। অসম পুলিশ এই ধরনের ষড়যন্ত্র সফল হতে দেবে না। বাংলাদেশীরা কিছু সেনা প্রশিক্ষণ ক্যাম্প স্থাপন করেছে বলেও জানা যাচ্ছে।” ধৃত জঙ্গিদের সঙ্গে বাংলা ও মধ্যপ্রদেশের যোগ রয়েছে। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Narendra Modi: এক বছরে ২৬ লক্ষ টাকার সম্পত্তি বেড়েছে প্রধানমন্ত্রীর! জানেন তাঁর মোট অর্থের পরিমাণ

    Narendra Modi: এক বছরে ২৬ লক্ষ টাকার সম্পত্তি বেড়েছে প্রধানমন্ত্রীর! জানেন তাঁর মোট অর্থের পরিমাণ

    মাধ্যম নিউজ ডেস্ক: গতবছরের থেকে এবছর ২৬ লক্ষ টাকার সম্পত্তি বেড়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi)। প্রধানমন্ত্রীর দফতরের ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য অনুসারে , ২০২২ সালের ৩১ মার্চ তারিখে তাঁর সম্পত্তির মোট পরিমাণ দাঁড়িয়েছে ২ কোটি ২৩ লাখ টাকা। মার্চ ২০২১ সালের নথি অনুযায়ী সেসময় তাঁর সম্পত্তির পরিমাণ ছিল ১ কোটি ৯৭ লাখ ৬৮ হাজার ৮৮৫ টাকা।

    সম্প্রতি নরেন্দ্র মোদি-সহ (Narendra Modi) কেন্দ্রীয় মন্ত্রীদের সম্পত্তির খতিয়ান প্রকাশ করেছে পিএমও (PMO)। এই খতিয়ানেই ফিক্সড ডিপোজিট, ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটস, জীবন বিমা, গহনা, ব্যাঙ্কে জমা টাকা এবং হাতে থাকা নগদ মিলিয়ে মোদির অস্থাবর সম্পত্তির এই হিসেব দেখানো হয়েছে। গত বছর মোদির হাতে নগদ ছিল ৩৬ হাজার ৯০০ টাকা, তা কমে ৩৫ হাজার ২৫০ টাকা হয়েছে। ব্যাঙ্কে জমা টাকার পরিমাণও ১ লক্ষ ৫২ হাজার ৪৮০ টাকা থেকে কমে ৪৬ হাজার ৫৫৫ টাকা হয়েছে। মোদির নামে (PM Narendra Modi Assets) ২০ হাজার টাকার এল অ্যান্ড টি বন্ড রয়েছে বলে জানানো হয়। ২০১২ সালে গুজরাতের মুখ্যমন্ত্রী থাকার সময় সেটি কিনেছিলেন তিনি। এ বছর সেটির কোনও উল্লেখ মেলেনি।

    আরও পড়ুন: পিএম উজ্জ্বলা যোজনার ৩৭% উপভোক্তাই সংখ্যালঘু, বলছে পরিসংখ্যান

    একইসঙ্গে প্রধানমন্ত্রী দফতরের প্রকাশিত তথ্য অনুযায়ী এই মুহূর্তে নরেন্দ্র মোদির (PM Narendra Modi) নামে কোনও স্থাবর সম্পত্তি নেই। এর আগে তাঁর দেওয়া হলফনামা অনুযায়ী তাঁর নামে ১ কোটি ১০ লাখ টাকা মূল্যের কিছু জমি ছিল। যদিও ওটি একটি অংশীদারী সম্পত্তি ছিল। যাতে নরেন্দ্র মোদি ছাড়াও আরও দুজন অংশীদার ছিলেন। জানা গিয়েছে, নিজের অংশের জমিটি তিনি দান করে দিয়েছেন। তাই আজকের তারিখে দাঁড়িয়ে তাঁর নামে কোনও জমি নেই।

    প্রধানমন্ত্রীর পেশ করা তথ্য থেকেই জানা যায়, তাঁর নিজস্ব কোনও গাড়ি নেই। কোনও শেয়ার, মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেন না নরেন্দ্র মোদী। তবে পোস্ট অফিসে একটি ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (National Savings Certificate) আছে মোদির নিজের নামে। যার মূল্য ৮ লক্ষ ৯৩ হাজার ২৫১ টাকা থেকে বেড়ে ৯ লক্ষ ৫ হাজার ১০৫ টাকা হয়েছে। এছাড়াও তাঁর নিজের নামে একটি ১ লাখ ৮৯ হাজার ৩০৫ টাকার পলিসিও (life insurance policies) রয়েছে। 

    এছাড়াও ৪৫ গ্রাম ওজনের মোদির চারটি সোনার আংটি রয়েছে বলে জানানো হয়েছে, যার মূল্য ১ লক্ষ ৭৩ হাজার ৬৩ টাকা। এক বছর আগে সেগুলির মূল্য ১ লক্ষ ৪৮ হাজার ৩৩১ টাকা ছিল। প্রধানমন্ত্রীর দফতরের দেওয়া তথ্যে মোদির স্ত্রী যশোদাবেনের উল্লেখ থাকলেও, তাঁর সম্পত্তির পরিমাণ জানা নেই বলে দেখানো হয়েছে।

  • Commonwealth Games: পদক তালিকায় পঞ্চম স্থানে উঠে এল ভারত! কমনওয়েলথে আজ নজর ক্রিকেট, হকিতে

    Commonwealth Games: পদক তালিকায় পঞ্চম স্থানে উঠে এল ভারত! কমনওয়েলথে আজ নজর ক্রিকেট, হকিতে

    মাধ্যম নিউজ ডেস্ক: জমজমাট শনিবাসরীয় সন্ধ্যা। আজ চলতি কমনওয়েলথ গেমসের (cwg 2022) নবম দিন। সপ্তম দিনের পর পদক তালিকায় ভারতের স্থান ছিল সপ্তম। অষ্টমদিনে কুস্তিতে একের পর এক পদক এসেছে ভারতে (India)। এদিন এক লাফে ভারত পদক তালিকায় পঞ্চম স্থানে উঠে এসেছে। এখনও পর্যন্ত ভারত এ বারের কমনওয়েলথ গেমস থেকে পেয়েছে মোট ২৬টি পদক। যার মধ্যে ১০টি পদক এসেছে ভারোত্তোলন থেকে। কুস্তি থেকে এসেছে ৬টি পদক। জুডো থেকে তিনটি পদক এসেছে। লন বল, স্কোয়াশ, লং জাম্প, হাই জাম্প, প্যারা পাওয়ারলিফ্টিং, টেবল টেনিস ও ব্যাডমিন্টন থেকে ১টি করে পদক এসেছে ভারতে। আজ বিশেষ নজরে থাকবেন অমিত-নিখাত-লক্ষ্য-কিদাম্বিরা। একইসঙ্গে নবম দিনে নজর রাখতে হবে ব্যাডমিন্টন, কুস্তি, লন বলের মতো একাধিক ইভেন্টেও। আজ ব্যাডমিন্টনে মহিলা সিঙ্গলস কোয়ার্টার ফাইনালে নামবেন পি ভি সিন্ধু। ক্রিকেটে সেমিফাইনালে ভারতের মুখোমুখি আয়োজক ইংল্যান্ড। হকি সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার সামনে ভারত। এক নজরে ভারতীয় ক্রীড়াবিদদের নবম দিনের সূচি —

    প্যারা অ্যাথলেটিক্স

    ভারতীয় সময় দুপুর ২.৫৭-তে মহিলাদের শটপুটের ফাইনাল (পুনম শর্মা, শর্মিলা, সন্তোষ)

    অ্যাথলেটিক্স

    মহিলাদের ১০ হাজার মিটার রেস ওয়াক ফাইনাল। শুরু হবে ভারতীয় সময় দুপুর ৩টে।

    বক্সিং

    ৪৫-৪৮ কেজি বিভাগে সেমিফাইনালে মহিলাদের বক্সিংয়ে নামবেন নীতু। খেলা শুরু দুপুর ৩টে।

    ৫৭ কেজি কোয়ার্টার ফাইনালে পুরুষদের বিভাগে নামবেন রবি কুমার। 

    মহিলাদের ফ্রিস্টাইল ৫৩ কেজি বিভাগে নামবেন ভিনেশ ফোগাট।

    দুপুর ৩.৩০- এ ৪৮-৫১ পুরুষদের কেজি বিভাগে সেমিফাইনালে জাম্বিয়ার প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে খেলতে নামবেন অমিত পাঙ্ঘাল।

    ৪৮-৫০ কেজি বিভাগে সেমিফাইনালে নামবেন নিখাত জারিন।

    ক্রিকেট 

    দুপুর ৩.৩০-এ ভারত বনাম ইংল্যান্ড সেমিফাইনাল

    আরও পড়ুন: কুস্তিতে কিস্তিমাত! তিনটি সোনা একটি রুপো কমনওয়েলথের আসরে দীপক, সাক্ষী, বজরংদের জয়জয়কার

    ব্যাডমিন্টন

    মহিলাদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে খেলতে নামবেন পিভি সিন্ধু। খেলা শুরু বিকেল ৪.৩০।

    লন বলে ভারত বনাম নর্দান আয়ারল্যান্ডের মধ্যে গোল্ড মেডেল ম্যাচ শুরু হবে ভারতীয় সময় বিকেল ৪.৩০।

    স্কোয়াশ

    মিক্সড ডাবলসের সেমিফাইনালে দীপিকা পাল্লিকাল ও সৌরভ ঘোষাল জুটি নামবেন সন্ধে ৬.৪৫-এ।

    প্যারা টেবিল টেনিস ইভেন্টে গোল্ড মেডেল ম্যাচে নামবেন ভারতের ভাবিনা পটেল। প্রতিপক্ষ নাইজেরিয়ার। খেলা শুরু রাত ১ টা।

    হকি 

    পুরুষদের সেমিফাইনাল – ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (রাত ১০.৩০ মিনিট)

  • Bihar politics: পাটনায় পালাবদল! নীতীশ মুখ্যমন্ত্রী হলেও বেশি ক্ষমতা থাকবে লালু-পুত্রর হাতে?

    Bihar politics: পাটনায় পালাবদল! নীতীশ মুখ্যমন্ত্রী হলেও বেশি ক্ষমতা থাকবে লালু-পুত্রর হাতে?

    মাধ্যম নিউজ ডেস্ক: মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দেওয়ার ২৪ ঘণ্টা অতিক্রান্ত হয়নি। আজই অষ্টমবারের জন্য ফের মুখ্যমন্ত্রী হতে চলেছেন নীতীশ কুমার (Nitish Kumar)। আজই সফর শুরু মহাজোটের। পাটনায় পালাবদলের পরও মুখ্যমন্ত্রী নীতীশ। তবে তাঁর হাতে কতটা ক্ষমতা থাকবে তা সময়ই বলবে। পাটিগণিতের হিসেবে বিহারের রাজ্যপাট নির্ধারণের ছড়ি কিন্তু রইল আরজেডির হাতে।  তাই নীতীশের ডেপুটি হয়ে কাজ করলেও চাবি ঘোরাবেন লালু পুত্র তেজস্বীই (Tejashwi Yadav), এমনই অভিমত রাজনৈতিক মহলের। 

    আরও পড়ুন: এক বছরে ২৬ লক্ষ টাকার সম্পত্তি বেড়েছে প্রধানমন্ত্রীর! জানেন তাঁর মোট অর্থের পরিমাণ

    সূত্রের খবর, মূলত লালু প্রসাদ যাদবের পার্টি আরজেডি-র (RJD) হাতে আসছে বিজেপির হাতে থাকা দফতরগুলি। শুধু তেজস্বী নন, মহাগটবন্ধনের সরকারে (Mahagathbandhan government) অভিষেক হতে চলেছে আরও এক লালু পুত্রের। মন্ত্রী পদে দেখা যেতে পারে তেজ প্রতাপ যাদবকেও (Tej Pratap Yadav)। আজই শপথ নিতে পারেন তেজও। এছাড়া শপথের তালিকায় আছেন জেডিইউ-এর বীজেন্দ্র যাদব (Vijendra Yadav), বিজয় চৌধুরী (Vijay Choudhary)। ২০১৭ সালে মহাগটবন্ধন ভাঙার আগেও তেজস্বীই ছিলেন উপমুখ্যমন্ত্রী। 

    আরও পড়ুন: বিজেপি-সঙ্গ ত্যাগ নিছক উপলক্ষ, নীতীশের লক্ষ্য কী প্রধানমন্ত্রীর কুর্সি?

    জেডিইউ (JDU)  প্রধানের দাবি অনুসারে RJD, কংগ্রেস ছাড়াও তাঁকে সমর্থনের কথা জানিয়েছে তিন বাম দল, এবং জিতন রাম মাঝির দলও। বিহার বিধানসভায় RJD-র বিধায়ক সংখ্যা ৭৯, JDU-র ৪৫, কংগ্রেসের ১৯, তিন বাম দল মিলিয়ে বিধায়ক সংখ্যা ১৬ জন। এরসঙ্গে যোগ হয়েছেন জিতন রাম মাঝির (HAM) চারজন এবং এক নির্দল বিধায়কের সমর্থন। সব মিলিয়ে সাত দলের বিধায়কদের সমর্থন রয়েছে নীতীশের হাতে। বিহার বিধানসভায় মোট আসন ২৪৩। সরকার গড়তে দরকার ১২২ জন বিধায়কের সমর্থন। রাজ্য়পালের সঙ্গে দেখা করে তার থেকে অনেক বেশি বিধায়কের সমর্থনের কথা জানিয়ে এসেছেন নীতীশ কুমার, তেজস্বী যাদবরা। সরকার গড়ার দাবি জানিয়েছেন বিহারের চাচা-ভাতিজা জুটি। রাবড়ি পুত্র তেজস্বীর কথায়, তাদের হাতে ১৬৪ জন বিধায়কের সমর্থন রয়েছে। সরকার গঠন শুধু সময়ে অপেক্ষা। 

  • Jammu and Kashmir: সীমান্তে অস্ত্র ফেলল পাকিস্তানের ড্রোন! কিসের ইঙ্গিত উপত্যকায়

    Jammu and Kashmir: সীমান্তে অস্ত্র ফেলল পাকিস্তানের ড্রোন! কিসের ইঙ্গিত উপত্যকায়

    মাধ্যম নিউজ ডেস্ক: জম্মু-কাশ্মীরকে অশান্ত করতে কোমর বেঁধে নেমেছে পাকিস্তান। সম্প্রতি আন্তর্জাতিক সীমান্তের কাছে জম্মুর তোফ গ্রামে অস্ত্র ফেলল পাকিস্তানের ড্রোন। জম্মু-কাশ্মীর পুলিশ সূত্রে খবর, তোফ থেকে মিলেছে একটি গোলাবারুদ ও অস্ত্র বোঝাই প্যাকেট। উপত্যকায় জঙ্গি কার্যকলাপ বাড়ানোর ব্লু-প্রিন্ট তৈরি করেছে পাকিস্তানের গুপ্তচর সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টালিজেন্স বা আইএসআই (Inter-Services Intelligence)। 

    জম্মু-কাশ্মীরের বিভিন্ন এলাকায় সম্প্রতি তল্লাশি অভিযান চালায় ন্যাশনাল ইনভেসটিগেশন এজেন্সি (NIA)। কাঠুয়া, সাম্বা, দোদাতে প্রচুর অস্ত্র উদ্ধার করেছে তারা। গত মাসে ফইজল মুনির নামে একজনকে আটক করে এনআইএ। পাকিস্তানি ড্রোন থেকে অস্ত্র সংগ্রহের ঘটনায় জড়িত মুনিরকে জেরা করে বেশ কয়েকটি গোপন ঘাঁটির কথা জানতে পারে কেন্দ্রীয় তদন্তকারী দল। পুলিশ ও সেনার যৌথ অভিযানে উদ্ধার হয় সীমান্তের ওপার থেকে আসা প্রচুর অস্ত্র। উপত্যকার বিভিন্ন জায়গায় অস্ত্রের খোঁজ চলছে।

    আরও পড়ুন: ফের রক্তাক্ত ভূস্বর্গ! সেনার উপর গ্রেনেড হামলা

    নয়াদিল্লির রিপোর্ট বলছে কাশ্মীরে অশান্তি বাড়াতে সক্রিয় হয়েছে পাকিস্তানের সেনা বাহিনীও। নিয়ন্ত্রণ রেখা পার করে জঙ্গিদের ভারতে ঢোকাতে চেষ্টা চালাচ্ছে তাঁরা। গোয়েন্দা সূত্রে খবর, কাশ্মীরে জঙ্গি তৎপরতা বাড়াতে বেশ কয়েক দফা পরিকল্পনা করেছে পাক গুপ্তচর সংস্থা আইএসআই। সূত্রের খবর, পাক অধিকৃত কাশ্মীরে তিনটি এলাকায় ISI-এর মদতে চলছে জঙ্গি প্রশিক্ষণ শিবির। গোয়েন্দা সূত্রে খবর, মূলত লস্কর-ই-তৈবা (Lashkar-e-Taiba), জইশ-ই-মহম্মদ (Jaish-e-Mohammad )-এর পাশাপাশি ISI-এর মদতে চলা আল বদর (Al-Badar) জঙ্গিগোষ্ঠীর নজরদারিতে চলছে জঙ্গি প্রশিক্ষণ। পাক অধিকৃত কাশ্মীরের মানসেরা (Manshera), মুজফ্ফরাবাদ (Muzzafarabad) এবং কোটলিতে (Kotli) জঙ্গি প্রশিক্ষণ চলছে। নিয়ন্ত্রণ রেখা বারবার একাধিক জঙ্গি লঞ্চপ্যাডও সক্রিয় হয়েছে বলে খবর পেয়েছেন গোয়েন্দারা। ড্রোনে পাকিস্তান থেকে এই জঙ্গিদের হাতে অস্ত্র পাঠাচ্ছে আইএসআই। গত কয়েক দিনে পরপর জঙ্গি হামলায় রক্তাক্ত হয়েছে কাশ্মীর। সাধারণ মানুষ, কাশ্মীরি পণ্ডিত থেকে শুরু করে পুলিশ ও নিরাপত্তারক্ষী, সেনা সকলকেই নিশানা করছে জঙ্গিরা।

  • Uttar Pradesh: স্বাধীনতা দিবসে হামলার ছক! উত্তরপ্রদেশে ধৃত আইএস জঙ্গি

    Uttar Pradesh: স্বাধীনতা দিবসে হামলার ছক! উত্তরপ্রদেশে ধৃত আইএস জঙ্গি

    মাধ্যম নিউজ ডেস্ক: স্বাধীনতা দিবসের (Independence Day) প্রাক্কালে নাশকতার ছক বানচাল করল উত্তরপ্রদেশ পুলিশের অ্যান্টি-টেররিজম স্কোয়াড (Uttar Pradesh Anti-Terrorist Squad)। এক সন্দেহভাজন আইএস (IS) জঙ্গিকে আজমগঢ় থেকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, স্বাধীনতা দিবসের আগে একাধিক জায়গায় হামলার ছক কষেছিল সন্দেহভাজন আইএস জঙ্গি। ধৃত জঙ্গির নাম সাবাউদ্দিন আজমি (Sabauddin Azmi)। 

    রাজ্যপুলিশের এডিজি প্রশান্ত কুমার জানিয়েছেন, উত্তরপ্রদেশের আজমগড় থেকে আইএস জঙ্গি সন্দেহে রাজ্যপুলিশের বিশেষ অপরাধ দমন শাখা ওই জঙ্গিকে গ্রেফতার করে। ধৃতের বিরুদ্ধে বেআইনি কার্যকলাপে জড়িত থাকা এবং অস্ত্র আইনে একটি মামলা রুজু করা হয়েছে। ধৃতের কাছ থেকে বেশ কিছু নথিও উদ্ধার করা হয়েছে। স্বাধীনতা দিবসের আগে বড়সড় নাশকতার পরিকল্পনা ছিল তার। ধৃতের একাধিক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খতিয়ে দেখার কাজ চলছে, বলেও জানিয়েছে পুলিশ। সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে নতুন  ছেলেদের কাজে লাগানো হত। হাতে কলমে চলত হ্যান্ড গ্রেনেড, বোমা এবং আইইডি তৈরির প্রশিক্ষণ। 

    আরও পড়ুন: আচমকাই উধাও দেশের ২৪ টি স্মৃতিসৌধ! এমনটাই বললেন কেন্দ্রীয় মন্ত্রী জি কিষাণ রেড্ডি

    অন্যদিকে, নিরাপত্তারক্ষীদের তৎপরতায় জম্মু ও কাশ্মীরে ভয়াবহ জঙ্গি হামলার ছকও বানচাল করা গিয়েছে। পুলওয়ামায় উদ্ধার হয়েছে ৩০ কেজি বিস্ফোরক। কাশ্মীর পুলিশ সূত্রে খবর, বুধবার দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা (Pulwama) জেলার সার্কুলার রোড সংলগ্ন এলাকায় টহল দিচ্ছিলেন নিরাপত্তারক্ষীরা। তখনই তাহাব ক্রসিং এলাকায় একটি আইইডি নজরে আসে তাঁদের। বিস্ফোরকটির ওজন ছিল ২৫ থেকে ৩০ কিলোর মধ্যে। 

    কাশ্মীর পুলিশের আইজিপি বিজয় কুমার জানিয়েছেন, স্বাধীনতা দিবসের আগে জঙ্গিরা নাশকতা ঘটাতে পারে বলে আগেই সতর্ক করেছিলেন গোয়েন্দারা। ফলে পুলিশ ও সেনার যৌথবাহিনী সতর্ক রয়েছে। ইতিমধ্যে আইইডিটিকে নিষ্ক্রিয় করতে বম্ব স্কোয়াড ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে। উল্লেখ্য, স্বাধীনতা দিবসের প্রাক্কালে উপত্যকায় এহেন বিপুল পরিমাণের বিস্ফোরক উদ্ধার ও জঙ্গিদের তৎপরতায় রীতিমতো উদ্বেগ ছড়িয়েছে নিরাপত্তা মহলে।

  • Mudhol hounds: প্রধানমন্ত্রীর নিরাপত্তায় ‘আত্মনির্ভরতা’! দেশীয় সারমেয় মুধল হাউন্ডে ভরসা, জানেন এর বৈশিষ্ট্য

    Mudhol hounds: প্রধানমন্ত্রীর নিরাপত্তায় ‘আত্মনির্ভরতা’! দেশীয় সারমেয় মুধল হাউন্ডে ভরসা, জানেন এর বৈশিষ্ট্য

    মাধ্যম নিউজ ডেস্ক: এই প্রথম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Modi) নিরাপত্তায় থাকা স্পেশাল প্রোটেকশন গ্রুপ (SPG) তে অন্তর্ভূক্ত করা হল দেশি জাতের মুধল হাউন্ড (Mudhol Hound) কুকুর। প্রধানমন্ত্রীর স্বপ্নের মেক ইন ইন্ডিয়া (Make In India) প্রকল্পের ছবি ধরা পড়ল তাঁর নিরাপত্তার ক্ষেত্রেও। সাধারণ ভাবে বিশেষ বিশেষ ব্যক্তিদের নিরাপত্তার কাজে জার্মান শেফার্ড ব্যবহার করা হয়। তবে, বিশেষজ্ঞদের অভিমত জার্মান শেফার্ডের থেকে অনেক পারদর্শী মুধল হাউন্ড। জার্মান শেফার্ডের যে কাজ করতে ৯০ সেকেন্ড সময় লাগে, সেই কাজ মাত্র ৪০ সেকেন্ডে করতে পারে এই দেশি জাতের কুকুরটি।

    এর আগে ‘মন কি বাত’ অনুষ্ঠানে এই প্রজাতির কুকুরের প্রশংসা করেছিলেন প্রধানমন্ত্রী। ভারতের বিভিন্ন প্রজাতির কুকুরের কথা উল্লেখ করে মোদি বলেছিলেন, ‘আত্মনির্ভর ভারত’-এ পোষ্যের ক্ষেত্রেও দেশীয় প্রজাতির দিকে নজর দেওয়াটা দরকার। মুধল হাউন্ড আর হিমাচলি হাউন্ড বেশ ভাল জাতের কুকুর বলে দাবি করেছিলেন মোদি। জানিয়েছিলেন সেনাবাহিনীতেও এই প্রজাতির কুকুরকে ব্যবহার করার কথা। এবার তাঁর নিরাপত্তার দায়িত্বে সেই মুধল হাউন্ড। সূত্রের খবর, বাগালকোট থেকে দুটি পুরুষ সারমেয় শাবক SPG-তে আনা হয়েছে। 

    আরও পড়ুন: ফের মুম্বইয়ে জঙ্গি-নাশকতার ছক! মিলল অস্ত্রবোঝাই নৌকা, কী বলছেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী

    একসময় বিরোধীদের মুধল প্রজাতির কুকুরের থেকে জাতীয়তাবাদের শিক্ষা নিতে বলেছিলেন নরেন্দ্র মোদি। এবার কর্নাটক, গুজরাটের ভোটের আগে নরেন্দ্র মোদির দেখভালে সেই মুধল হাউন্ডই। আত্মনির্ভর ভারতই যদি মন্ত্র হয়, তবে পোষ্যের ক্ষেত্রেও ভারতীয় প্রজাতির কথা ভেবে দেখার আর্জি জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। দেশের ভিআইপিদের মধ্যে এখন শুধুমাত্র প্রধানমন্ত্রীর নিরাপত্তার ব্যবস্থা করে এসপিজি। 

    মুধল হাউন্ড (Mudhol Hound) প্রজাতির কুকুরের আদি বাসস্থান দক্ষিণ ভারতের কর্নাটকের বাগালকোট (Bagalkot)। কর্নাটকের বিভিন্ন এলাকায় করওয়ানি নামেও ডাকা হয় এই শিকারি কুকুরকে। শিকারের সহজাত ক্ষমতাই এই প্রজাতির কুকুরকে অন্য দেশি কুকুরের থেকে আলাদা করেছে। মুধল হাউন্ড (Mudhol Hound) প্রজাতির কুকুর খুব অনুগত। এদের শক্ত চোয়ালে একবার শিকার ধরা পড়ে গেলে, তার নিস্তার পাওয়া কার্যত অসম্ভব।

  • Modi on Har Ghar Jal campaign: সরকার গঠন সহজ কিন্তু দেশ গঠন…! জানুন কী বললেন প্রধানমন্ত্রী

    Modi on Har Ghar Jal campaign: সরকার গঠন সহজ কিন্তু দেশ গঠন…! জানুন কী বললেন প্রধানমন্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: সরকার গঠন করা অনেক সহজ কাজ। কিন্তু দেশ গঠন করতে গেলে চাই কঠোর পরিশ্রম। দেশকে ভালবেসে সবটা উজাড় করে দিতে হবে। দেশের মানুষের স্বার্থে নিরলস পরিশ্রম করতে হবে। ভাবতে হবে, কাজ করতে হবে। এমনই অভিমত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। শুক্রবার ‘হর ঘর জল’ অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময়  তিনি বলেন, সরকার গঠন করতে এত পরিশ্রমের প্রয়োজন হয় না, তবে দেশ গঠনের জন্য কঠোর পরিশ্রম অপরিহার্য।”

    আরও পড়ুন: প্রধানমন্ত্রীর নিরাপত্তায় ‘আত্মনির্ভরতা’! দেশীয় সারমেয় মধুল হাউন্ডে ভরসা, জানেন এর বৈশিষ্ট্য

    দেশের বিরোধী দলগুলিকে আক্রমণ করে মোদি বলেন, “যারা দেশের কথা চিন্তা করে না, তারাই দেশের সমস্যার প্রতি উদাসীন থাকে।” গত আট বছরে এনডিএ সরকারের প্রচেষ্টার প্রশংসা করে মোদি জানান, সরকার গঠন করা সহজ, কিন্তু বিজেপি দেশ গঠনের পথ বেছে নিয়েছে… যা কঠোর পরিশ্রমের কাজ।  প্রধানমন্ত্রী বলেন, “আমরা (বিজেপি সরকার) দেশ গঠনের পথ বেছে নিয়েছি। তাই, আমরা সর্বদা কাজ করছি।” বিরোধী দলগুলোকে কটাক্ষ করে তিনি আরও বলেন, “যারা জাতির কথা চিন্তা করে না, তারা এসব সমস্যার প্রতি কোনও উদ্বেগ বা আগ্রহ দেখায় না। তারা জলের ব্যবস্থা করার জন্য বড় বড় প্রতিশ্রুতি দিতে পারে, কিন্তু কখনোই দূরদৃষ্টি নিয়ে কাজের কাজ করবে না।”

    আরও পড়ুন: বকেয়া বিল, অন্ধকারে ডুববে ১৩টি রাজ্য! জানুন তালিকায় কোন কোন জায়গা

    প্রধানমন্ত্রী আজ একটি ভিডিও বার্তার মাধ্যমে জল জীবন মিশনের অধীনে ‘হর ঘর জল’ উৎসবে ভাষণ দেন। গোয়ার পানাজিতে আয়োজিত ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত এবং কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত। প্রধানমন্ত্রী বলেন, “আজ দেশের ১০ কোটি গ্রামীণ পরিবারকে পাইপযুক্ত বিশুদ্ধ জলের সুবিধার সঙ্গে সংযুক্ত করা হয়েছে। এটি সরকারের প্রতি ঘরে জল পৌঁছে দেওয়ার প্রচারের একটি বড় সাফল্য।” প্রধানমন্ত্রী জন্মাষ্টমী উপলক্ষ্যেও দেশবাসীকে শুভেচ্ছা জানান।

     

LinkedIn
Share