Author: শুভ্র চট্টোপাধ্যায়

  • Commonwealth Games: লক্ষ্যের লক্ষ্যভেদ! কমনওয়েলথে পুরুষদের ব্যাডমিন্টন সিঙ্গলসে সোনা ভারতের

    Commonwealth Games: লক্ষ্যের লক্ষ্যভেদ! কমনওয়েলথে পুরুষদের ব্যাডমিন্টন সিঙ্গলসে সোনা ভারতের

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রথম গেমে হেরে গিয়েও সোনালি প্রত্যাবর্তন লক্ষ্যের (Lakshya Sen)। কমনওয়েলথ গেমস (Commonwealth Games) ব্যাডমিন্টনের ফাইনালে ১৯-২১, ২১-৯, ২১-১৬ গেমে বিপক্ষ মালয়েশিয়ার জে ইয়ংকে হারিয়ে সোনা জিতলেন লক্ষ্য সেন। প্রথমে পিছিয়ে পড়লেও স্নায়ুর জোরে পরের দু’টি গেমে দুর্দান্ত ভাবে ঘুরে দাঁড়িয়ে লক্ষ্যপূরণ করলেন লক্ষ্য। এরই সঙ্গে কমনওয়েলথ গেমসে ২০টি সোনা হয়ে গেল ভারতের। বার্মিংহামের এনইসি অ্যারেনায় ফাইনালে বিশ্বমানের ব্যাডমিন্টন দেখতে পেলেন দর্শকরা।

    এর আগে বিশ্ব চ্যাম্পিয়নশিপ এবং অল ইংল্যান্ডে পদক জিতেছেন লক্ষ্য। এ বার কমনওয়েলথেও পদক পেয়ে গেলেন। প্রথম প্রয়াসেই সোনা! তাঁকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। দলগত ইভেন্টে খুব একটা ভাল না খেললেও, সিঙ্গলসে শুরু থেকেই ভাল খেলছিলেন লক্ষ্য। ফাইনালেও একই রকম ছন্দে দেখা গেল উত্তরাখণ্ডের ব্যাডমিন্টন খেলোয়াড়কে। 

    আরও পড়ুন: অধরা স্বপ্নপূরণ! কমনওয়েলথে সিঙ্গলসে সোনা জয় সিন্ধুর

    ২০ বছর বয়সী লক্ষ্য সেন উত্তরাখণ্ডের আলমোরার বাসিন্দা। এদিন ইংয়য়ের বিরুদ্ধে প্রথম গেমে হেরে যান লক্ষ্য। ভারতের খেলোয়াড়ের কৌশল নিয়ে তখন সন্দিহান অনেকেই। এর পর দ্বিতীয় গেম থেকে তিনি ফিরে আসেন ফর্মে। তৃতীয় গেমে কিছুটা পিছিয়ে পড়লেও শেষ পর্যন্ত লক্ষ্য সেন কামব্যাক করেন। কমনওয়েলথ গেমসের শেষদিনে ব্যাডমিন্টন সিঙ্গলস থেকে পরপর দুটো সোনার পদক এল। লক্ষ্যের আগে মহিলাদের সিঙ্গলসে কমনওয়েলথ গেমসে প্রথমবার পিভি সিন্ধু সোনা  জেতেন। এরপর লক্ষ্য  সোনা জেতায় নিউ জিল্যান্ডকে টপকে পদক তালিকায় চার  নম্বরে থাকা নিশ্চিত করল ভারত।

     

  • T Raja Singh: গ্রেফতারের কয়েক ঘণ্টার মধ্যেই জামিন পেলেন টি রাজা! বিজেপি সাসপেন্ড করল তেলঙ্গানার বিধায়ককে

    T Raja Singh: গ্রেফতারের কয়েক ঘণ্টার মধ্যেই জামিন পেলেন টি রাজা! বিজেপি সাসপেন্ড করল তেলঙ্গানার বিধায়ককে

    মাধ্যম নিউজ ডেস্ক: নবিকে নিয়ে অসাংবিধানিক মন্তব্যের জেরে  তেলঙ্গানার (Telengana) সাসপেন্ডেড BJP বিধায়ক টি রাজা সিংয়ের (T Raja Singh) জামিন মঞ্জুর করল আদালত। নবিকে নিয়ে বিতর্কিত মন্তব্যের পর তাঁকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়ার কয়েক ঘণ্টা পরই মুক্তি দেওয়া হল তেলঙ্গানার বিধায়ককে। আদালতের তরফে বলা হয়, গ্রেফতার করার ক্ষেত্রে ভারতীয় আইনের অনুচ্ছেদ ৪১ মানা হয়নি,তাই তাঁর জামিনের নির্দেশ দেওয়া হয়েছে। 

    টি রাজার আইনজীবী করুণা সাগর জানিয়েছেন, আদালতে জামিনের আবেদন জানিয়েছিলেন তিনি। সেকশন ৪১ এ মানা হয়নি বলে দাবি করে জামিন চেয়েছিলেন। একাধিক ধারায় মামলা হয়েছিল টি রাজার বিরুদ্ধে। যার মধ্যে ছিল ১৫৩ এ (ধর্মের নামে দুই গোষ্ঠীর মধ্যে শত্রুতা), ২৯৫ এ (কোনও বিশেষ ধর্মের ভাবাবেগে আঘাত করা), ৫০৫ (২) (হিংসা বা ঘৃণা ছড়াতে পারে এমন মন্তব্য ছড়ানো), ৫০৬ (অপরাধমূলক হুমকি)। টি রাজা সিংয়ের জামিনে উত্তাল হয়ে ওঠে হায়দরাবাদ (Hyderabad)। তাঁর বিরুদ্ধে কঠোর পদক্ষেপের আর্জি জানিয়ে সরব হয় মুসলিম সংগঠনগুলি।  বিক্ষোভকারীদের উপর লাঠিচার্জ করতে হয় পুলিশকে।

    আরও পড়ুন: নিয়ম-রীতিকে বুড়ো আঙুল দেখিয়ে বিহারের মন্দিরে অহিন্দু মন্ত্রী! ক্ষুব্ধ বিজেপি, কী বলছে মন্দির কর্তৃপক্ষ

    অভিযোগ , একটি ১০ মিনিটের ভিডিয়োতে স্ট্যান্ড-আপ কমেডিয়ান মুন্নাওয়ার ফারুকির সমালোচনা করেছিলেন টি রাজা। সেই ভিডিয়ো প্রকাশের পর থেকেই বিতর্ক তৈরি হয়। বিধায়ক টি রাজার বিরুদ্ধে সোমবার রাতে হায়দরাবাদের একাধিক থানায় বহু মানুষ বিক্ষোভ প্রদর্শন করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দ্রুত পদক্ষেপ করে পুলিশ। মঙ্গলবার সকালেই তাঁকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়ার পরই তাঁকে সাসপেন্ড করে বিজেপি। তাঁকে ১০ দিনের মধ্যে উত্তর দিতে বলা হয়েছে। 

     টি রাজার জামিনের প্রতিবাদ জানিয়ে মুসলিম সংগঠনের সদস্যরা রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করে। পরিস্থিতি সামাল দিতে পুরানা পুল এলাকায় লাঠিচার্জ করতে বাধ্য হয় পুলিশ। চারমিনার (Charminar) চত্বরেও বিক্ষোভ অবস্থান চলে। ঘটনাস্থলে যান ডেপুটি কমিশনার এবং অতিরিক্ত ডেপুটি কমিশনার।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • US naval ship: ‘মেক ইন ইন্ডিয়া’র সাফল্য! এই প্রথমবার মেরামতির জন্য ভারতে মার্কিন রণতরী

    US naval ship: ‘মেক ইন ইন্ডিয়া’র সাফল্য! এই প্রথমবার মেরামতির জন্য ভারতে মার্কিন রণতরী

    মাধ্যম নিউজ ডেস্ক: এই প্রথমবার। মেরামতির জন্য মার্কিন রণতরী (US naval ship) ভারতের উপকূলে! অবিশ্বাস্য মনে হলেও সত্যি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Modi) মেক ইন ইন্ডিয়া (Make in India) প্রকল্পের সাফল্য প্রত্যক্ষ করছে দেশ। ভারতীয় প্রযুক্তির উপর ভরসা রাখছে বিশ্ব। এই ছবিই দেখতে চেয়েছিল আপামর ভারতবাসী।

    কূটনৈতিক মহলের অভিমত, চিনের সঙ্গে সম্পর্ক যত তিক্ত হচ্ছে, ততই ভারত-মার্কিন বোঝাপড়া দৃঢ় হচ্ছে। আর তারই অঙ্গ হিসেবে এই প্রথমবার মার্কিন রণতরী ভারতের বন্দরে এসে ভিড়ল। তাও আবার মেরামত সম্পর্কিত কাজে। ইউএসএনএস চার্লস ড্রিউ (Charles Drew) নামে মার্কিন নৌবাহিনীর একটি মালবাহী জাহাজ চেন্নাইয়ের কাট্টুপল্লি বন্দরে  (Kattupalli in Chennai ) এসেছে। ওখানে মেরামতির জন্য আপাতত ১১ দিন ওই জাহাজটির থাকার কথা রয়েছে।

    আরও পড়ুন: স্বাধীনতা দিবসের আগে দিল্লিতে গ্রেফতার আইএস জঙ্গি! আতঙ্ক রাজধানীতে

    প্রতিরক্ষা মন্ত্রকের এক কর্তা জানিয়েছেন, এই প্রথম মার্কিন নৌবাহিনীর কোনও জাহাজ ভারতের বন্দরে এসে ভিড়ল। এল অ্যান্ড টি  (Larsen & Toubro’s) জাহাজ মেরামতি কারখানার সঙ্গে ওদের একটি চুক্তি হয়েছে। যার অঙ্গ হিসেবে ভারতের ওই কোম্পানি মার্কিন জাহাজের মেরামতি ও রক্ষণাবেক্ষণের কাজ করবে বলে জানান তিনি। একইসঙ্গে তিনি জানান, এই ঘটনায় ভারত-মার্কিন সম্পর্কের এক নতুন দিগন্ত খুলে গেল। বোঝাই যাচ্ছে, আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের জাহাজ মেরামতের প্রযুক্তির উপর ভরসা করে বড় বড় দেশগুলিও। একমাত্র এদেশেই সুলভ মূল্যে অত্যাধুনিক নৌ প্রযুক্তিতে মেরামতির কাজ হয়। এখানে বিভিন্ন প্রকারের জাহাজ মেরামতির জন্য আধুনিক সরঞ্জাম ও দক্ষ কারিগরও রয়েছে।

    আরও পড়ুন: পিছিয়ে গেল চিনা জাহাজের শ্রীলঙ্কায় প্রবেশ, ভারতের অনুরোধে পাশে দাঁড়াল শ্রীলঙ্কা সরকার

    মার্কিন নৌ বাহিনীর জাহাজকে চেন্নাই বন্দরে স্বাগত জানাতে সেখানে উপস্থিত ছিলেন দেশের প্রতিরক্ষা সচিব অজয় কুমার এবং ভাইস চিফ অ্যাডমিরাল এস এন ঘোরমাড়ে। চেন্নাইয়ের মার্কিন কনসাল জেনারেল জুডিথ রাভিন এবং সেদেশের প্রতিরক্ষা দূত রিয়ার অ্যাডমিরাল মাইকেল বেকারও উপস্থিত ছিলেন বন্দরে।

  • Commonwealth Games: বয়স বাধা নয়! টেবিল টেনিসে সোনা শরথের, কমনওয়েলথে পদক তালিকায় ৪-এ ভারত

    Commonwealth Games: বয়স বাধা নয়! টেবিল টেনিসে সোনা শরথের, কমনওয়েলথে পদক তালিকায় ৪-এ ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: শেষবার কমনওয়েলথের আসর থেকে ভারত ৬৬টি পদক এনেছিল। এ বার সেই সংখ্যাটা দাঁড়িয়েছে ৬১টিতে। যদিও শ্যুটিং বাদ পড়েছে। ২০২২ কমনওয়েলথে ভারত মোট ২২টি সোনা, ১৬টি রুপো এবং ২৩টি ব্রোঞ্জ পেয়েছে। পদক তালিকায় এবার চার নম্বরে শেষ করল ভারত। শেষদিনে ভারতের হয়ে দুরন্ত পারফরম্যান্স দেখান ব্যাডমিন্টন তারকারা। মহিলাদের ব্যাডমিন্টন সিঙ্গলসে সোনা জিতেছেন পিভি সিন্ধু। এরপর পুরুষদের সিঙ্গলসে সোনা পান লক্ষ্য সেন। শেষবেলায় পুরুষদের ব্যাডমিন্টন ডাবলসে সোনা জিতেছেন ভারতের সাত্ত্বিক সাইরাজ রঙ্কিরেড্ডি এবং চিরাগ শেট্টি জুটি। সোমবার ফাইনালে তাঁরা ইংল্যান্ডের সিন ভেন্ডি এবং বেন লেনকে পরাজিত করেন।

    আরও পড়ুন: লক্ষ্যের লক্ষ্যভেদ! কমনওয়েলথে পুরুষদের ব্যাডমিন্টন সিঙ্গলসে সোনা ভারতের

    অন্যদিকে টেবিল টেনিসেও সোনা ফলান ৪০ বছরের ‘তরুণ’ অচিন্ত্য শরথ কমল। বার্মিংহাম কমনওয়েলথ গেমসে পুরুষদের টেবিল টেনিস সিঙ্গলসে সোনা জিতলেন ভারতের এই কিংবদন্তি তারকা। সোমবার ফাইনালে তিনি লিয়াম পিচফোর্ডকে ১১-১৩, ১১-৭, ১১-২, ১১-৬, ১১-৮ ব্যবধানে পরাজিত করেছেন।  প্রথম থেকেই হোম ফেভারিট পিচফোর্ডকে চাপে রাখেন শরথ কমল। তবে যোগ্য টক্কর দেন ইংরেজ। ১৩-১১ পয়েন্টে জিতেও যান প্রথম গেম। কিন্তু তারপর থেকে খেলার রাশ ধরে নেন ভারতীয় লেজেন্ড। দ্বিতীয় গেম জেতেন ১১-৭ পয়েন্টে। তৃতীয় গেমে কার্যত তিনি ইংরেজ প্লেয়ারকে দাঁড়াতেই দেননি। জেতেন ১১-২ পয়েন্টে। শরথের টপ স্পিন, ব্যাক হ্যান্ড প্রভৃতি অস্ত্রের কোনও উত্তর ছিল না পিচফোর্ডের কাছে। চতুর্থ গেমেও একই চিত্রনাট্য। তবে কিছুটা হলেও প্রতিরোধ গড়ে তুলতে পেরেছিলেন পিচফোর্ড। ১১-৬ পয়েন্টে সেই গেমটি জেতেন ভারতীয় তারকা। ১৬ বছর আগে মেলবোর্নে সিঙ্গলসে শেষ সোনা জিতেছিলেন শরথ কমল। এ বার ফের জিতলেন। শুধু সিঙ্গলস নয় সব মিলিয়ে বার্মিংহামে তিনটি সোনা পেলেন ভারতীয় টিটি-র কিংবদন্তি তারকা। মেনস টিম ইভেন্ট, মিক্সড ডাবলস ও সিঙ্গলসে সোনা পেলেন শরথ।

    আরও পড়ুন: স্বপ্নপূরণ! কমনওয়েলথে ব্যাডমিন্টন সিঙ্গলসে সোনা জয় সিন্ধুর

    তবে শেষদিনে লজ্জার সামনে ভারতীয় হকি দল। এদিন ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল ভারত (Ind vs Aus)। কিন্তু অজিদের সামনে কেমন যেন হারিয়ে যায় ভারতের ছেলেরা। হকিতে স্বপ্নভঙ্গ হয় ভারতের। ৭-০ গোলে ভারতকে হারিয়ে সোনা জিতে নেয় অস্ট্রেলিয়া। রুপোতেই সন্তুষ্ট থাকতে হয় ভারতকে। গতবারের সোনাজয়ী অস্ট্রেলিয়ার মুহূর্মুহূ আক্রমণের সামনে খড়কুটোর মতো উড়ে যায় ভারতের রক্ষণ। ১৯৯৮ সালে কমনওয়েলথ গেমসে (CWG 2022) হকি অন্তর্ভুক্ত হয়। তারপর থেকে প্রত্যেকবারই সোনা জিতেছেন অজিরা।

  • Commonwealth Games: কমনওয়েলথে রুপো সিন্ধুদের! ক্রিকেটে সেমিফাইনালে যেতে আজ বার্বাডোজের বিপক্ষে জয়ই লক্ষ্য ভারতের

    Commonwealth Games: কমনওয়েলথে রুপো সিন্ধুদের! ক্রিকেটে সেমিফাইনালে যেতে আজ বার্বাডোজের বিপক্ষে জয়ই লক্ষ্য ভারতের

    মাধ্যম নিউজ ডেস্ক: লন বলের সঙ্গে টেবিল টেনিসের টিম গেমে সোনা তুলে নিয়েছে ভারত। তাই দেশবাসী ধরেই নিয়েছিলেন মালয়েশিয়াকে হারিয়ে ব্যাডমিন্টনে সোনা জিতে নেবেন সিন্ধুরাও। কিন্তু যাবতীয় হিসেবকে ভুল প্রমাণ করে সোনা জিতে নিল মালয়েশিয়া। রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হল ভারতকে। তবে সিন্ধুদের এই সাফল্যকেও খাটো করে দেখছে না দেশবাসী। ভারতীয় মিক্সড টিমকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। ট্যুইটারে  মোদি লেখেন, “কমনওয়েলথে (CWG 2022) ভারতের এই সাফল্যই ব্যাডমিন্টনকে আগামীদের কাছে আরও বেশি জনপ্রিয় করে তুলবে।” ট্যুইটারে শ্রীকান্তদের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও। দলের লড়াইকে কুর্নিশ জানিয়েছেন তিনি। এদিকে আজ সেমিফাইনালে পৌঁছতে বার্বাডোজের বিরুদ্ধে জয়কেই পাখির চোখ করেছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। আবার এদিনই পুল বি-এর ম্যাচে মনপ্রীত সিংয়ের হকি দলের মুখোমুখি হবে কানাডা। 

    হকি

    মহিলাদের হকিতে ভারত বনাম কানাডা, দুপুর ৩.৩০

    পুরুষদের হকিতে ভারত বনাম কানাডা, সন্ধ্যা ৬.৩০

    ভারোত্তোলন

    পুরুষদের ১০৯ কেজি বিভাগে নামবেন লভপ্রীত সিংহ, দুপুর ২

    মহিলাদের ৮৭ কেজি বিভাগে নামবেন পূর্ণিমা পাণ্ডে, সন্ধ্যা ৬.৩০

    পুরুষদের ১০৯ কেজি প্লাস বিভাগে নামবেন গুরদীপ সিংহ, রাত ১১

    আরও পড়ুন: চেন্নাইয়ে দাবা অলিম্পিয়াডে যোগ দিয়ে তালিবান পতাকা হাতে ছবি পোস্ট আফগান প্রতিযোগীর

    টেবিল টেনিস

    মহিলা সিঙ্গলসে সাহানা রবি বনাম ফেইথ ওবাজুবায়ে, দুপুর ৩.১০

    মহিলা সিঙ্গলসে সোনালবেন পটেল বনাম সুই বেইলি, দুপুর ৩.১০

    মহিলা সিঙ্গলসে ভাবিনা পটেল বনাম ড্যানিয়েলা দি তোরো, দুপুর ৩.১০

    পুরুষ সিঙ্গলসে রাজ আলাগর বনাম জর্জ উইনধাম, বিকেল ৪.৫৫

    মহিলা সিঙ্গলসে সাহানা রবি বনাম গ্লোরিয়া গার্সিয়া ওং, রাত ৯.৪০

    মহিলা সিঙ্গলসে সোনালবেন পটেল বনাম আমান্দা শারকে, রাত ১০.১৫

    মহিলা সিঙ্গলসে ভাবিনা পটেল বনাম ফেচুকুদে কেউয়ি, রাত ১০.১৫

    পুরুষ সিঙ্গলসে রাজ আলাগর বনাম ইসায়ু ওগুনকুলে, রাত ১২.০০

    বক্সিং

    মহিলাদের ৪৫-৪৮ কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে নীতু বনাম নিকোল ক্লাইড, বিকেল ৪.৪৫

    পুরুষদের ৫৪-৫৭ কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে হুসামুদ্দিন মহম্মদ বনাম ট্রাইয়েগেন মর্নিং, বিকেল ৫.৪৫

    মহিলাদের ৪৮-৫০ কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে নিখাত জরিন বনাম হেলেন জোন, রাত ১১.১৫

    মহিলাদের ৬৬-৭০ কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে লভলিনা বরগোহাঁই বনাম রসি একেলস, রাত ১২.৪৫

    পুরুষদের ৭৫-৮০ কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে আশিস কুমার বনাম অ্যারন বাওয়েন, দুপুর ২.০০

    আরও পড়ুন: কমনওয়েলথ গেমসে জোড়া সোনা ভারতীয় পুরুষ টিটি, মহিলা লন বল দলের

    স্কোয়াশ

    মিক্সড ডাবলসের রাউন্ড অফ ৩২-এ জ্যোৎস্না চিনাপ্পা-হরিন্দর পাল সিংহ সাধু বনাম ইয়েহেনি কুরুপ্পু-রবিন্দু লাকসিরি, দুপুর ৩.৩০

    মহিলাদের সিঙ্গলসে সুকন্যা সারা কুরুভিল্লা বনাম মেরি ফাঙ্গ আ ফাট, সময় চূড়ান্ত হয়নি

    পুরুদের ব্রোঞ্জের ম্যাচে নামবেন সৌরভ ঘোষাল, রাত ৯.৩০

    অ্যাথলেটিক্স

    মহিলাদের শটপুট ফাইনালে নামবেন ভারতের মনপ্রীত কৌর, রাত ১২.৩৫

    ক্রিকেট

    মহিলাদের টি-টোয়েন্টি ম্যাচে ভারত বনাম বার্বাডোজ, রাত ১০.৩০

    জুডো

    মহিলাদের ৭৮ কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে নামবেন তুলিকা মান, সময় চূড়ান্ত হয়নি

    পুরুষদের ১০০ কেজি বিভাগের এলিমিনেশনে নামবেন দীপক দেশওয়াল, সময় চূড়ান্ত হয়নি

    লন বোলিং

    পুরুষদের সিঙ্গলস সেকশনালে মৃদুল বরগোহাঁই বনাম ক্রিস লক, দুপুর ১

    মহিলাদের পেয়ার্সে ভারত বনাম নিস, দুপুর ১

    পুরুষদের সিঙ্গলস সেকশনালে মৃদুল বরগোহাঁই বনাম লেন ম্যাকলিন, বিকেল ৪

    মহিলাদের পেয়ার্সে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, বিকেল ৪

    পুরুষদের ফোর্সে ভারত বনাম কুক আইল্যান্ড, সন্ধ্যা ৭.৩০

    মহিলাদের ট্রিপলসে ভারত বনাম নিউয়ে, সন্ধ্যা ৭.৩০

    পুরুষদের ফোর্সে ভারত বনাম ইংল্যান্ড, রাত ১০.৩০

  • Commonwealth Games: কুস্তিতে কিস্তিমাত! তিনটি সোনা একটি  রুপো কমনওয়েলথের আসরে দীপক, সাক্ষী, বজরংদের জয়জয়কার

    Commonwealth Games: কুস্তিতে কিস্তিমাত! তিনটি সোনা একটি রুপো কমনওয়েলথের আসরে দীপক, সাক্ষী, বজরংদের জয়জয়কার

    মাধ্যম নিউজ ডেস্ক:  কমনওয়েলথের আসরে কুস্তিতে কিস্তিমাত করল ভারতীয়েরা। শুক্রবার গেমসের অষ্টম দিন একাধিক ইভেন্টে সাফল্য পেলেন ভারতীয় অ্যাথলিটরা। তবে পদকে ভরিয়ে দিলেন কুস্তিগীররা। কুস্তিতে তিনটি সোনা, একটি রুপো ও দুটি ব্রোঞ্জ পদক আনে ভারত। কানাডার ম্যাকনেইলকে ৯-২-এ হারিয়ে দেশকে চলতি গেমস থেকে সপ্তম সোনাটি এনে দেন বজরং পুনিয়া। দাপটের সঙ্গে ফাইনাল ম্যাচ জিতে সোনা জেতেন বজরং। পুরুষদের ৬৫ কেজি ফ্রিস্টাইল বিভাগে ৯-২ ব্যবধানে কানাডিয়ান প্রতিপক্ষ লাচলান ম্যাকনিল উড়িয়ে দেন বজরং। এই নিয়ে গেমসে তৃতীয়বার পদক জিতলেন ভারতীয় তারকা কুস্তিগীর। তাঁকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

    গেমস থেকে ভারতের অষ্টম ও নবম সোনা এল কুস্তিগীর সাক্ষী মালিক এবং দীপক পুনিয়ার হাত ধরে। মহিলাদের ৬২ কেজি ফ্রিস্টাইল বিভাগে কানাডার প্রতিপক্ষ অ্যানা গোডিনেজ গঞ্জালেসকে হারিয়ে সোনা জেতেন সাক্ষী। 

    চির প্রতিপক্ষ পাকিস্তানকে হারিয়ে সোনা জেতেন দীপক। পুরষদের ৮৬ কেজির ফ্রিস্টাইলের ফাইনালে দীপক পুনিয়ার প্রতিপক্ষ ছিলেন পাকিস্তানের মহম্মদ ইনাম। ৩-০ ব্যবধানে পাক প্রতিপক্ষকে হারিয়ে দেন তিনি।

    তবে একটুর জন্য সোনা হাতছাড়া হল অংশু মালিকের। প্রথমবার কমনওয়েলথের মঞ্চে নেমেই মহিলাদের ৫৭ কেজি ফ্রিস্টাইল বিভাগে রুপো ঘরে তোলেন তিনি। নাইজেরিয়ার প্রতিপক্ষের বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যান তিনি। তবে ফাইনাল বাউট শেষ হয় ৪-৭-এ। আর তাতেই এবারের মতো সোনা জয়ের স্বপ্নভঙ্গ হয় তাঁর। উল্লেখ্য, নাইজেরিয়ার প্রতিপক্ষ দু’বারের কমনওয়েলথ গেমসে সোনাজয়ী।

    আরও পড়ুন: স্কোয়াশে ইতিহাস সৌরভের! কমনওয়েলথে ব্রোঞ্জ পদক বাংলার ছেলের

    মহিলাদের ৬৮ কেজি বিভাগের ব্রোঞ্জ পদকের ম্যাচে ভারতের দিব্যা কাকরান জেতেন। ব্রোঞ্জ পদক ম্যাচে তাঁর প্রতিপক্ষ ছিল টোঙ্গার টাইগার লিলি ককার। মাত্র ২৬ সেকেন্ডে ‘ভিকট্রি বাই ফল’- এ ব্রোঞ্জ ম্যাচ জিতে নেন দিব্যা কাকরান। দিব্যার পাশাপাশি ভারতকে ব্রোঞ্জ এনে দিয়েছেন মোহিত গ্রেওয়াল। পুরুষদের ১২৫ কেজি ফ্রিস্টাইলে জামাইকার অ্যারন জনসনকে হারিয়ে দিয়ে ব্রোঞ্জ পেয়েছেন ভারতের মোহিত।

  • Paris Olympic: অচিন্ত্য না জেরেমি! জানেন অলিম্পিকে ভারতের প্রতিনিধি কে

    Paris Olympic: অচিন্ত্য না জেরেমি! জানেন অলিম্পিকে ভারতের প্রতিনিধি কে

    মাধ্যম নিউজ ডেস্ক: কমনওয়েলথের আসর থেকে দুজনেই দেশকে সোনা এনে দিয়েছেন। দুই বন্ধুরই পাখির চোখ প্যারিস অলিম্পিক। কিন্তু নিয়মের ফাঁদে যে কোনও একজনই অলিম্পিক (Paris Olympic) অ্যারিনায় দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে পারবেন। জেরেমি লালরিনুঙ্গা (Jeremy Lalrinnunga)  ও অচিন্ত্য শিউলি (Achinta Sheuli)। ২০ বছর বয়সি অচিন্ত্য শিউলি পুরুষদের ৭৩ কিলোগ্রাম ভারোত্তলন বিভাগে কমনওয়েলথে (CwG 2022) সোনার পদক জয় করেন। অচিন্ত্য স্ন্যাচ বিভাগে ১৪৩ কেজি ওজন তুলেছেন। পাশাপাশি ক্লিন অ্যান্ড জার্ক বিভাগে তিনি ১৭০ কিলোগ্রাম ওজন তুলে দেশের হয়ে এক নয়া রেকর্ড গড়েন। মোট ৩১৩ কেজি ওজন তুলে ইতিহাস গড়েন বঙ্গসন্তান। অন্যদিকে, ভারতের মাত্র ১৯ বছর বয়সি তরুণ ওয়েট লিফটার জেরেমি লালরিনুঙ্গা কমনওয়েলথ গেমসে সোনা জয় করেন পুরুষদের ৬৭ কিলোগ্রাম ওজন বিভাগে। তিনি স্ন্যাচ বিভাগে সবথেকে বেশি ১৪০ কিলোগ্রাম ওজন তুলেছেন। ক্লিন অ্যান্ড জার্ক বিভাগে তিনি ১৬০ কিলোগ্রাম ওজন তোলেন।

    যুব অলিম্পিকে সোনার পদক জয় করেছিলেন জেরেমি। এবার তাঁর লক্ষ্য প্যারিস অলিম্পিক। কিন্তু সমস্যা অলিম্পিকে ৬৭ কেজি বিভাগটি নেই। জেরেমিকে লড়তে হবে ৭৩ কেজি বিভাগে। যেখানে যেতে গেলে বিশ্ব ভারোত্তলন চ্যাম্পিয়নশিপে  জেরেমির লড়াই হবে অচিন্ত্যর সঙ্গে। অচিন্ত্য ৭৩ কেজি বিভাগেই খেলেন। চলতি বছরের নভেম্বরে কলম্বিয়ায়  বসবে বিশ্ব ভারোত্তলন চ্যাম্পিয়নশিপের আসর। সেখানকার ফলাফলের উপর ভিত্তি করেই নির্ধারিত হবে কে প্যারিসের বিমানে উঠবেন। 

    আরও পড়ুন: মায়ের ছেঁড়া শাড়িতেই নিরাপদ সোনাজয়ীর পদক! জানেন অচিন্ত্যকে কী বললেন মা

    কমনওয়েলথে জয়ের পরই অচিন্ত্য বলেন, ”আমার জীবনের বড় প্রাপ্তি, যখন পোডিয়ামে ভারতের তেরঙা সবার উপরে উঠেছে। জাতীয় সঙ্গীত বেজেছে। প্যারিস অলিম্পিক্সে এ রকমই সাফল্য তুলে আনাই এখন আমার পাখির চোখ।” অচিন্ত্য জানান, এই লক্ষ্য পূরণ করার জন্য কোনওভাবেই উৎসবে ডুব দেবেন না তিনি। কিছুদিনের মধ্যেই পুনেতে গিয়ে জাতীয় অ্যাকাডেমিতে যোগ দেবেন। নেমে পড়বেন প্র্যাক্টিসে।”

    জেরেমিও এখন আইজলে নিজের বাড়িতে রয়েছেন। আগামী সপ্তাহেই জাতীয় শিবিরে যোগ দেবেন তিনি। জেরেমি বলেন, “বিশ্ব চ্যাম্পিয়নশিপে অন্য বিভাগে খেলতে নামবেন তিনি। তাই আগে থেকেই প্রস্তুতি নিতে হবে। একটুও সময় নষ্ট না করে নিজের সেরাটা দেওয়াই লক্ষ্য তাঁর।”

  • Commonwealth Games: স্কোয়াশে ইতিহাস সৌরভের! কমনওয়েলথে ব্রোঞ্জ পদক বাংলার ছেলের

    Commonwealth Games: স্কোয়াশে ইতিহাস সৌরভের! কমনওয়েলথে ব্রোঞ্জ পদক বাংলার ছেলের

    মাধ্যম নিউজ ডেস্ক: অচিন্ত্য শিউলির পর ফের বাংলায় (Bengal) এল পদক (Medal)। সৌরভ ঘোষালের (Sourav Ghosal) হাত ধরে কমনওয়েলথ গেমসে (CWG) স্কোয়াশের সিঙ্গলসে প্রথম ভারতের ঝুলিতে পদক এল। এককথায় ব্রোঞ্জ (Bronze) পদক জিতে ইতিহাস গড়লেন কলকাতার বছর ৩৫-এর সৌরভ। যাবতীয় আবেগ আর উচ্ছ্বাসকে ধরে রেখে যেন নিজেকে মেলে ধরলেন তিনি। সৃষ্টি হল ইতিহাস। ম্যাচ শেষে তাই কেঁদে ফেললেন সৌরভ। বাংলার ছেলেকে পদক জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Modi)। ট্যুইটবার্তায় প্রধানমন্ত্রী বলেন, ‘আন্তর্জাতিক মঞ্চে সৌরভের এই সাফল্য দেশের যুব সম্প্রদায়কে স্কোয়াশের প্রতি আগ্রহী করে তুলবে।’

    সৌরভের ব্রোঞ্জ জয়কে বাহবা না দিয়ে উপায় নেই। এমন একজনকে  যা স্মরণীয় করে রাখার মতো। বিশ্বের প্রাক্তন শীর্ষ স্থানাধিকারী ও কমনওয়েলথ গেমসে সোনা পাওয়া ইংল্যান্ডের জেমস উইলসট্রপকে হারিয়ে পদক পেয়েছেন সৌরভ। খেলার ফল ছিল ১১-৬, ১১-১ ও ১১-৪। বাংলার এই পদকজয়ীকে শুভেচ্ছা জানিয়ে ট্যুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

    বার্মিংহ‌্যামে আসার আগে সৌরভ ট্রেনিং নিয়েছিলেন বিশ্বের প্রাক্তন শীর্ষ স্থানাধিকারী গ্রেগরি গলটিয়েরের কাছে। লক্ষ্য ছিল টেকনিককে আরও নিখুঁত করে তোলা। স্কোয়াশে ইংরেজদের হারানো এমনিতেই কঠিন। তার উপর ইংল্যান্ডের মাটিতে জিতে আসা মোটেই সহজ কথা নয়। কিন্তু সেই অসাধ্যসাধন করলেন এমন একজনের বিপক্ষে যার ছ’টা কমনওয়েলথের পদক রয়েছে। জেমস উইলসট্রপের সঙ্গে গত ন’বারের সাক্ষাতে মাত্র একবার জিতেছিলেন সৌরভ।

    আরও পড়ুন: আশা করি এবার একটা সিনেমা দেখার সময় পাবে! অচিন্ত্যর প্রশংসায় মোদি

    স্কোয়াশে সিঙ্গলসে পদক জয়ের পর এদিন সৌরভ বলেন, “পরিকল্পনা অনুযায়ী খেলে পদক জিতলাম। সিঙ্গলসে পদক জয় নিঃসন্দেহে বড় ব্যাপার। আরও ভাল খেলার চেষ্টা চালিয়ে যাব।” 

  • Uma Maheswari:  অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এন টি রামারাওয়ের কন্যা কে উমা মাহেশ্বরীর অস্বাভাবিক মৃত্যু

    Uma Maheswari: অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এন টি রামারাওয়ের কন্যা কে উমা মাহেশ্বরীর অস্বাভাবিক মৃত্যু

    মাধ্যম নিউজ ডেস্ক: অবিভক্ত অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তেলেগু দেশম পার্টির প্রতিষ্ঠাতা প্রায়ত এনটি রামা রাওয়ের (Former Andhra Pradesh Chief Minister NT Rama Rao) কন্যার ঝুলন্ত দেহ উদ্ধার হল। সোমবার জুবিলি হিলসে (Jubilee Hills) এনটি রামা রাওয়ের কনিষ্ঠ কন্যা কণ্ঠমানেনি উমা মাহেশ্বরীর (K Uma Maheshwari) বাড়িতেই তাঁর নিথর দেহ উদ্ধার হয়। প্রাথমিক তদন্তে অনুমান এটি আত্মহত্যা৷ তেলেগু দেশম পার্টি প্রতিষ্ঠাতা প্রয়াত এটিআর-এর পরিবারে এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা রাজ্যে। মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। 

    তেলুগু দেশম পার্টির প্রতিষ্ঠাতা এনটিআর-এর চার কন্যার মধ্যে তিনিই সর্বকনিষ্ঠ ছিলেন। তিনি অন্ধ্রপ্রদেশেরই প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুরও শ্যালিকা ছিলেন। সোমবার হায়দরাবাদের জুবিলি হিলস-এর বাড়িতে তাঁর শোওয়ার ঘরে সিলিং ফ্যান থেকে ঝুলন্ত অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়। পুলিশ পরে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। 

    আরও পড়ুন: দিল্লিতে আরও এক মাঙ্কি পক্সে আক্রান্তের হদিশ, বিদেশ যাওয়ার ইতিহাস নেই রোগীর

    পরিবার সূত্রে জানা গিয়েছে, গত কয়েকমাস ধরে তিনি শারীরিক সমস্যায় ভুগছিলেন এবং তার জন্য চিকিৎসাও চলছিল। তবে আত্মহত্যার সঠিক কারণ জানা যায়নি। প্রাথমিক তদন্তের পর পুলিশের ধারণা, তিনি মানসিক অবসাদে ভুগছিলেন। হায়দরাবাদের পুলিশ কমিশনার সি ভি আনন্দ জানিয়েছেন, কোনও সুইসাইড নোট-ও পাওয়া যায়নি। পরিজনরা জানাচ্ছেন, এমনিতে স্বামীর সঙ্গে থাকতেন উমা। কিন্তু বর্তমানে একাই ছিলেন। সম্ভবত স্বামী গত কিছু দিন বাইরে। গত রবিবার ছোট মেয়ে-জামাই এসে দেখা করে যায় তাঁর সঙ্গে। তার পর কী হল ঠাওর করতে পারছেন না কেউই। তবে প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, দুপুর ১২টা নাগাদ ঘরে ঢুকে ভিতর থেকে তালা বন্ধ করে দেন তিনি। পরে জোর করে দরজা ভাঙতে হয়। তত ক্ষণে সব শেষ। 

    আরও পড়ুন: সঞ্জয় রাউতকে চার দিনের ইডি হেফাজতে পাঠাল আদালত, খেতে পারবেন বাড়ির খাবার, ওষুধ

    ১৯৮২ সালে টিডিপি গড়ে তোলার পর কংগ্রেসের একচ্ছত্র আধিপত্যকে খর্ব করে অবিভক্ত অন্ধ্রপ্রদেশে ক্ষমতায় এসেছিল এনটিআর-এর তেলুগু দেশম পার্টি। ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক মাসের মধ্যে ১৯৯৬ সালে ৭২ বছর বয়সে তিনি মারা যান। উমার মৃত্যুর খবর পেয়েই জুবিলি হিলসে উমার বাসভবনে ছুটে যান প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেত্রী দুগ্গুবতী পুরন্দেশ্বরী। আসেন টিডিপি প্রেসিডেন্ট ও অন্ধ্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু-র স্ত্রী নারা ভুবনেশ্বরীও। দুগ্গুবতী এবং নারা, দুজনেই সম্পর্কে উমার বোন। মর্মান্তিক খবর পেয়ে ছুটে এসেছিলেন এন চন্দ্রবাবু নাইডু, তাঁর ছেলে নারা লোকেশ-সহ বহু আত্মীয় পরিজন।

  • Har Ghar Tiranga: প্রোফাইলে তেরঙ্গা! নিজে ছবি বদল করে সকলকে এই কর্মসূচিতে আহ্বান জানালেন প্রধানমন্ত্রী

    Har Ghar Tiranga: প্রোফাইলে তেরঙ্গা! নিজে ছবি বদল করে সকলকে এই কর্মসূচিতে আহ্বান জানালেন প্রধানমন্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: স্বাধীনতা দিবসের আগে সকলকে সোশ্যাল মিডিয়া প্রোফাইল ছবি হিসেবে জাতীয় পতাকা ব্যবহার করার জন্য আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Modi)। আজ ২ আগস্ট থেকেই এই অভিযান শুরু করার আর্জি জানান তিনি। নিজের প্রোফাইলের ছবি বদলে তার সূচনাও করেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “২ অগস্ট পিঙ্গালি বেঙ্কাইয়াজির জন্মদিন। তিনিই আমাদের জাতীয় পতাকার নকশা তৈরি করেছিলেন। তাঁর প্রতি আমি আমার শ্রদ্ধার্ঘ্য জানাই।” সকলেই যেন এই কাজে এগিয়ে আসেন, আহ্বান মোদির।

    স্বাধীনতার ৭৫ তম বার্ষিকীতে ‘আজাদি কা অমৃত মহোৎসব’ এর অংশ হিসেবে এবছর বেশ কয়েকটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এদিন প্রধানমন্ত্রী বলেন, ‘এটি একটি গণ আন্দোলনে পরিণত হচ্ছে। আসুন আমরা আমাদের বাড়িতে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এই আন্দোলনকে আরও এগিয়ে নিয়ে যাই।’ গত রবিবার তাঁর ‘মন কি বাত’ রেডিও সম্প্রচারে মোদি জনগণকে ২ থেকে ১৫ আগস্টের মধ্যে সোশ্যাল মিডিয়া প্রোফাইলে জাতীয় পতাকার ছবি রাখার আহ্বান জানিয়েছিলেন। সেই মতোই এদিন নিজের প্রোফাইল পিকচার বদলান মোদি। 

    I pay homage to the great Pingali Venkayya on his birth anniversary. Our nation will forever be indebted to him for his efforts of giving us the Tricolour, which we are very proud of. Taking strength and inspiration from the Tricolour, may we keep working for national progress.

     প্রধানমন্ত্রীর কথায়, “আজাদি কি অমৃত মহোৎসব অনুষ্ঠানের আওতায় একটি বিশেষ আন্দোলন হচ্ছে– হর ঘর তিরঙ্গা। এই বিষয়ে আমার একটি পরামর্শ রয়েছে। প্রত্যেকের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে তিরঙ্গা লাগানো হোক। এই আন্দোলনকে আরও এগিয়ে নিয়ে যেতে আমাদের বাড়িতে জাতীয় পতাকা তোলা হোক।” প্রধানমন্ত্রীর মতোই প্রোফাইল পিকচারে তেরঙ্গা ব্যবহার করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় প্রেসিডেন্ট জে পি নাড্ডা।

    আরও পড়ুন: নতুন আইএসআইএস মডিউলের খোঁজ, ছয় রাজ্যে তল্লাশি চালাল এনআইএ

LinkedIn
Share